Home Blog Page 2805

আগামী ৯ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু

0

আগামী ৯ আগস্ট থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে। আগামী ১৫ সেপ্টেম্বর এই ভর্তি কার্যক্রম চলবে।

আজ রবিবার বিকেলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ বলেন, ‘এবার শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। এসএমএসের মাধ্যমে আবেদনের সুযোগ থাকছে না। শিক্ষার্থীরা ১০টি কলেজ পছন্দ করতে পারবেন। আবেদনের ক্রমানুসারে কলেজ নিশ্চিত করবে আন্তঃশিক্ষা বোর্ড। চলতি সপ্তাহের মধ্যেই আবেদনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।’

সূত্র জানায়, মে মাসের প্রথম সপ্তাহে এসএসসি ও সমমানের ফল প্রকাশের কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারনে তা প্রকাশ হয় ৩১ মে। এবারের পরীক্ষায় ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। করোনার প্রাদুর্ভাবের কারনে এসএসসির ফল প্রকাশের পরও ভর্তি কার্যক্রম শুরু করতে পারছিলো না আন্তঃশিক্ষা বোর্ড। তবে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরুর দিনক্ষণ ঠিক করলো শিক্ষা মন্ত্রনালয়।

জানা যায়, প্রতি বছর ১ জুলাই থেকে সারাদেশে আনুষ্ঠানিক ভাবে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়। কিন্তু এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে কলেজে ভর্তি প্রক্রিয়াই শুরু করা সম্ভব হয়নি।

গণমাধ্যমকর্মীদের এড়িয়ে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

0

নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত রিজেন্ট হাসপাতালের বিষয়ে তথ্য নিতে স্বাস্থ্য অধিদপ্তরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি অনুসন্ধানী দল আসার বিষয়ে কথা বলতে রাজি হননি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

আজ রবিবার (১৯ জুলাই) প্রায় দেড় ঘণ্টা ধরে দুদকের ওই দল স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান করে এবং অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করে।

বৈঠক শেষে দুদকের দলনেতা ও সংস্থার উপপরিচালক আবু বকর সিদ্দিক গণমাধ্যমের সঙ্গে কথা বললেও কথা বলতে রাজি হননি অধিদপ্তরের মহাপরিচালক। কথা বলার জন্য গণমাধ্যমকর্মীরা তাঁকে অনুরোধ করলে তিনি জানান, দুদকের অনুসন্ধান চলছে বিধায় কথা বলবেন না।

এর আগে রবিবার দুপুর ১টা ৫০ মিনিটে হঠাৎ করেই আবু বকর সিদ্দিকীর নেতৃত্বে দুদকের চার সদস্য স্বাস্থ্য অধিদপ্তরে আসেন। ১টা ৫৫ মিনিটে তাঁরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের কক্ষে প্রবেশ করেন। পরে ৩টা ২৫ মিনিটে তাঁরা তাঁর কক্ষ থেকে বের হন। বৈঠক চলাকালে কাউকে বের হতে এবং বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

করোনা সংকটেও বিএনপি নেতারা দেশবিরোধী অপপ্রচারে লিপ্ত

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনার এই বৈশ্বিক সংকটেও বিএনপি নেতারা দায়িত্বশীল ভূমিকা পালন না করে দেশবিরোধী অপপ্রচারে লিপ্ত।

তিনি বলেন, বিএনপি দেশে ও বিদেশে যে ষড়যন্ত্র রাজনীতিতে বিশ্বাসী তা আবারো প্রমাণ হলো। বৈশ্বিক এ সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে বিএনপি নেতারা দেশবিরোধী অপপ্রচারে লিপ্ত। মিথ্যাচারের ঢোলক বাজিয়ে দেশের মানুষের বিরুদ্ধে অপপ্রচার করাই তাদের রাজনীতি।

ওবায়দুল কাদের আজ রবিবার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে সামসময়িক বিষয় নিয়ে আয়োজিত এক আনলাইন ভিডিও বার্তায় এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের বিরোধিতা করতে গিয়ে বিএনপি দেশের বিরুদ্ধে নেমেছে। দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে। এসব কারণে দলটি দিন-দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং রাজনীতিতে অপ্রসঙ্গিক হয়ে পড়েছে।

বিএনপির এক নেতার ইতালিতে দেশ বিরোধী বক্তব্যে প্রবাসীরা বিক্ষুব্ধ হয়েছেন জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, একটি অনলাইন গণমাধ্যমের প্রতিবেদনে দেখলাম ইতালির বিএনপির সাবেক সভাপতি দেশের গণমাধ্যমকে দেওয়া দেশ বিরোধী অসত্য বক্তব্যে প্রবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। পত্রিকার রিপোর্ট অনুযায়ী এ বিএনপি নেতা সাক্ষাৎকারে বলেছে বাংলাদেশে নাকি দশ লাখ লোক আক্রান্ত। কোনো চিকিৎসা নেই দেশে। ১০ হাজার মানুষ ইতালির পথে রয়েছে। যারা ইতালি যাচ্ছে এবং তাদের সবার কাছে না কি ভুয়া রিপোর্ট আছে। আন্তর্জাতিক অঙ্গনে দেশকে ছোট করা।

ওবায়দুল কাদের বলেন, লাখ-লাখ প্রবাসীদের অস্বস্তিকর অবস্থায় ফেলে দেওয়া, এমন অসত্য তথ্য ইতালির গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ওখানকার প্রবাসীরা ক্ষুব্ধ। বিএনপি নেতার ভিডিও ইতালির লেগা নর্দ দলের নেতা মাতেও সালভিনি তার ফেসবুকে শেয়ার করেছে বলে ওই রিপোর্টে বলা হয়েছে।

বাংলাদেশি নাগরিকদের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিদেশ ভ্রমণের পূর্বে সরকার নির্ধারিত ষোলটি প্রতিষ্ঠানটিকে করোনার সনদ গ্রহণ করতে হবে। নির্ধারিত প্রতিষ্ঠান থেকে পরীক্ষা করানোর জন্য বিদেশগামী ভাই-বোনদের আমি অনুরোধ করছি। আমাদের কিছুসংখ্যক জনশক্তির অবহেলা এবং তথ্য গোপনের ফলে ২/৩টি দেশে অবস্থানরত প্রবাসীরা অস্বস্তিতে পড়েছে। এমন অপ্রত্যাশিত পরিস্থিতি আমরা চাই না।

সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ বিষয়ে মানুষের ভীতি কমে যাওয়ার কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে করোনা সংক্রমণ বিষয়ে জন মানুষের মাঝে ভয়-ভীতি কমে গেছে। নমুনা পরীক্ষা সংখ্যাগত বিচারে কমেছে। কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা লক্ষণ ও সংক্রমণ লুকিয়ে অনেকে চলাফেরা করছেন কিন্তু পরীক্ষা করাচ্ছেন না। অপরদিকে নমুনার সংখ্যা কমলেও আক্রান্তের হার শতকরা হিসেবে বাড়ছে।

দরিদ্রদের বিনামূল্যে নমুনা পরীক্ষার বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেকে মনে করছেন অসহায় দরিদ্র মানুষকে ফি দিয়ে পরীক্ষা করাতে হবে বলে নমুনা পরীক্ষা থেকে দূরে থাকছে। করোনার অভিঘাতে অনেক মানুষ এখনো কর্মহীন অসহায়। দরিদ্র মানুষের আর্থিক অক্ষমতার কথা বিবেচনা করে ফি ছাড়া পরীক্ষার সুযোগ প্রদানের বিষয়টি বিবেচনার জন্য আমি সংশ্লিষ্টদের অনুরোধ জানাচ্ছি।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মকর্তাদের বেতন প্রদানে পরিচালনা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সারাদেশে বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে লাখ-লাখ শিক্ষক-কর্মচারী কর্মরত। সরকারি ও এমপিওভুক্ত ছাড়াও বিশাল একটি অংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত। এসকল শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়। এ সংকট কালে প্রধানমন্ত্রী তাদের কথা মনে রেখে ইতিমধ্যে অনুদান দিয়েছেন। কিন্তু প্রতিষ্ঠানসমূহ দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষক-কর্মচারী কষ্টকর জীবন যাপন করছেন। এ অবস্থায় আমি বেসরকারি ব্যক্তি উদ্যোগে পরিচালিত কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান স্কুল-কলেজ ও মাদ্রাসার পরিচালনা সংশ্লিষ্টদের কষ্ট করে হলেও শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।

সাহেদের সঙ্গে কারা জড়িত ছিল তদন্ত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, অনেকের মনে প্রশ্ন সাহেদের মতো সমস্ত ভুয়া লোক কীভাবে সরকারের সঙ্গে কাজ করে কিংবা সরকার কীভাবে এদের স্বীকৃতি দেয়। সেটা আমরা তলিয়ে দেখছি। যদিও অনেকের মনেই সন্দেহ আছে, সেগুলো আমরা খুব সিরিয়াসলি নিয়েছি।

আজ রবিবার দুপুরে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) অডিটোরিয়ামে করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদের সঙ্গে কারা কারা জড়িত ছিল, কার সহযোগিতায় এই জায়গাটিতে তিনি (সাহেদ) আসছে সবকিছুই আমরা তদন্ত করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার সব করেছেন।

সাংবাদিকদের বেতনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি যখন মফস্বলে যাই তখন সাংবাদিকদের যে দুরবস্থাটা দেখি, সেই অভিজ্ঞতাও আমার আছে। একটা আইডি কার্ড সাংবাদিক ভাইদেরকে দিয়ে বলে দেয় বেতন আজীবনই বাকি।

তিনি আরো বলেন, করোনার শুরু থেকেই দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আজ সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান। অনুরূপভাবে সেটিও দিয়েছেন প্রধানমন্ত্রী।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ প্রমুখ।

করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪৫৯

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৬১৮ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৪৫৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৪ হাজার ৫২৫ জন।
আজ রবিবার (১৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৯৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ৬২৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ২৮ হাজার ২৯৯টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৪৫৯ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪ হাজার ৫২৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৬১৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫৪৬ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১১ হাজার ৬৪৪ জনে।
গত ২৪ ঘণ্টায় মৃতদের পুরুষ ২৯ জন এবং নারী আটজন। তাদের মধ্যে ২০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন, ষাটোর্ধ্ব ২০ জন, সত্তরোর্ধ্ব চারজন, ৮০ বছরের বেশি বয়সী একজন এবং ৯০ বছরের বেশী বয়সী একজন ছিলেন। ১৫ জন ছিলেন ঢাকা বিভাগের, আটজন চট্টগ্রাম বিভাগের, সাতজন খুলনা বিভাগের, তিনজন রাজশাহী বিভাগের, দুজন সিলেট বিভাগের এবং একজন করে ছিলেন রংপুর ও ময়মনসিংহ বিভাগের।
আজকের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২৪ দশমিক ১৪ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ৮৯ শতাংশ। মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।
বরাবরের মতো বুলেটিনে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ৪৪ লাখ ৩০ হাজারের বেশি। মৃতের সংখ্যা ৬ লাখ ৫ হাজার প্রায়। তবে সোয়া ৮৬ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

মধ্যরাতে সাহেদকে নিয়ে অভিযানে ডিবি, অস্ত্র-মাদক উদ্ধারের দাবি

0

করোনা পরীক্ষা ও চিকিৎসার নামে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে নিয়ে গভীর রাতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকার মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে মদ, ফেনসিডিল ও পিস্তল উদ্ধার এবং একটি গাড়ি জব্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় দুইটি মামলা হয়েছে বলে জানান তিনি।

মাহবুব আলম জানান, গতকাল মধ্যরাতে সাহেদকে নিয়ে উত্তরার ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডের ৬২ নম্বর বাসার সামনে অভিযান চালান ডিবি সদস্যরা। সেখানে সাহেদের নিজস্ব সাদা প্রাইভেট কার ছিল। প্রাইভেট কারটিতে তল্লাশি চালিয়ে পাঁচ বোতল বিদেশি মদ, ১০ বোতল ফেনসিডিল ও একটি পিস্তল উদ্ধার করে। একটি গুলিও উদ্ধার করা হয়। এরপরই অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়।এই থানায় এ পর্যন্ত সাহেদের বিরুদ্ধে পাঁচটি প্রতারণাসহ মোট সাতটি মামলা হলো।

গত বুধবার (১৫ জুলাই) সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর বেইলি ব্রিজের পাশ থেকে বোরকা পরা অবস্থায় সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে করোনা রোগীদের চিকিৎসার নামে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে গত সোমবার (৬ জুলাই) রাতে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‍্যাব। এতে করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ মেলে। অন্তত ছয় হাজার ভুয়া করোনা পরীক্ষার সনদ পাওয়ার প্রমাণ পাওয়া যায় অভিযানে।

পরদিন মঙ্গলবার রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে মামলা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাহেদসহ ১৭ জনকে আসামি করা হয়।

সাভারে জেএমবির ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব

0

ঢাকার সাভার উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা-আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত অভিযানে সাভারের ভাটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এ তথ্য কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

শাহজালালে ৯২ লাখ টাকার স্বর্ণসহ একজন আটক

0

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৮৫০ গ্রাম ওজনের ১৬টি সোনার বারসহ সৌদি ফেরত একজনকে আটক করেছে ঢাকা কাস্টম। উদ্ধারকৃত এসব সোনার দাম প্রায় সাড়ে ৯২ লাখ টাকা।

গতকাল শনিবার বিকেলে সৌদি আরবের জেদ্দা থেকে আসা মোহাম্মদ জসিম নামের ওই যাত্রীকে স্বর্ণসহ আটক করা হয়েছে।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. শরীফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকেল সাড়ে ৫টায় জেদ্দা থেকে আসা ফ্লাইটের যাত্রী মোহাম্মদ জসিমকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। তার সাথে থাকা ব্যাগ স্ক্যানিং করে চারটি প্রসাধন সামগ্রীর কৌটায় বিশেষ কৌশলে লুকানো ১৬টি সোনার বার পাওয়া যায়।

স্বাস্থ্য সরঞ্জাম কেনায় দুর্নীতি: কেন্দ্রীয় ঔষধাগারের তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

0

মাস্ক ও পিপিইসহ নিম্নমানের স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহের ঘটনায় অভিযোগ তদন্তে বাংলাদেশ কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) এক চিকিৎসকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয়ে আজ রবিবার (১৯ জুলাই) সকাল ১০টা থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল।

যাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে তারা হলেন সিএমএসডির সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. শাহজাহান, সাবেক ডেস্ক কর্মকর্তা ডা. সাব্বির আহম্মেদ, স্টোর কর্মকর্তা কবির আহম্মেদ।

দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য এসব তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১২ জুলাই তিন অভিযুক্তকে তলব করে নোটিশ পাঠানো হয়। এরই মধ্যে মাস্ক-পিপিই ক্রয় দুর্নীতির অনুসন্ধানে মেসার্স জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, তমা কনস্ট্রাকশনের সমন্বয়কারী (মেডিক্যাল টিম) মো. মতিউর রহমান ও মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক মো. হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে করোনা চিকিৎসায় নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে।

এছাড়া অভিযোগ ওঠে সিএমএসডির ৯০০ কোটি টাকার কেনাকাটায় দুর্নীতি ও অনিয়মের। গত ১০ জুন এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

আজ থেকে সপ্তাহের পাঁচ দিনই বসছে ভার্চুয়াল আপিল বিভাগ

0

আজ রবিবার (১৯ জুলাই) থেকে সপ্তাহের পাঁচ দিনই বসছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভার্চুয়াল পূর্ণাঙ্গ বেঞ্চ।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতি সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার বসবে দেশের সর্বোচ্চ আদালত।

এ বিষয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে গতকাল শনিবার (১৮ জুলাই) আবারো বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এরআগে গত ১৪ জুলাই একই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তিতেও ১৯ জুলাই থেকে সাপ্তাহিক ছুটির দুই দিন ছাড়া সপ্তাহে পাঁচ দিন আপিল বিভাগ বসার কথা বলা হয়। এরও আগে গত ১১ রাতে জুলাই এক বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, সপ্তাহে দুইদিন (সোম ও বৃহস্পতিবার) বসবে আপিল বিভাগ। এই নির্দেশনার পরদিন ১২ জুলাই রবিবার ও ১৬ জুলাই বৃহস্পতিবার বসেছিল আপিল বিভাগের ভার্চুয়াল পূর্ণাঙ্গ বেঞ্চ।

আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঁঞার স্বাক্ষরে শনিবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান বিচারপতি দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০ এবং অত্র কোর্ট কর্তৃক প্রণীত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে স্বাভাবিক বিচারকার্য পরিচালিত হবে মর্মে অনুমোদন প্রদান করেছেন।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘আপিল বিভাগের ভার্চুয়াল কোর্টে আগামী ১৯ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সোয়া একটা পর্যন্ত শুনানি গ্রহণ করা হবে। এই দিনগুলোতে সুপ্রিম কোর্টের দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে।’

সর্বশেষ গত ১২ মার্চ সশরীরে বসেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। পরদিন ১৩ মার্চ থেকে সুপ্রিম কোর্টে শুরু হয় অবকাশকালীন ছুটি। এই ছুটি শেষ হওয়ার আগেই দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। এ অবস্থায় গত ২৬ মার্চ থেকে সারা দেশে নিয়মিত আদালত বন্ধ হয়ে যায়। এ প্রেক্ষাপটে ভার্চুয়াল আদালত চালু করতে গত ৯ মে আদালতে তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০ নামে গেজেট প্রকাশ করে।

ওই অধ্যাদেশের ক্ষমতাবলে ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে আদালতকে মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক গ্রহণ, আদেশ বা রায় দেওয়ার ক্ষমতা দেওয়া হয়। পরদিন ১০ মে সুপ্রিম কোর্টসহ সারা দেশে ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য ‘প্র্যাকটিস নির্দেশনা’ এবং আইনজীবীদের জন্য ‘ভার্চুয়াল কোর্টরুম ম্যানুয়াল’ প্রকাশ করা হয়। এরপর ১১ মে থেকে ভার্চুয়াল আদালত কার্যক্রম শুরু হয়। প্রথমে শুধুমাত্র সীমিত আকারে নির্দিষ্ট কিছু আদালতে জামিন আবেদনের শুনানি শুরু হয়। পরবর্তীতে ৩০ মে-এর পর আদালতের সংখ্যা ও এখতিয়ার বাড়ানো হয়েছে।

এরপর থেকে আপিল বিভাগের চেম্বার জজ আদালতসহ সারা দেশে আদালতগুলোতে নির্ধারিত নিয়ম অনুসরণ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় আপিল বিভাগের ভার্চুয়াল পূর্ণাঙ্গ বেঞ্চ বসার সিদ্ধান্ত নেওয়া হয়।