Home Blog Page 2806

সিএনজি’র লাইসেন্স নিয়েও প্রতারণা, পকেটে পুরেছেন ৯১ লাখ টাকা

0

প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনীতিক পরিচয়ে চট্টগ্রামের এক ব্যবসায়ীর ২০০ সিএনজিচালিত অটোরিকশার ঢাকায় চলার লাইসেন্স পাইয়ে দেওয়ার কথা বলে ৯১ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন মো. সাহেদ ওরফে সাহেদ করিম। সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের ভুয়া পরিপত্র ধরিয়ে দিয়ে ‘মেসার্স মেগা মটরস’ নামের ওই প্রতিষ্ঠানকে উল্টো বিপদে ফেলেন এই ধূর্ত প্রতারক।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, মেগা মটরসের গুদাম থেকে দুটি চেসিস নম্বরের (একটি গাড়ির একটি নম্বরই থাকে) অবৈধ ১৭টি অটোরিকশা জব্দ করে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তখন সাহেদ ‘বিশেষ পরিচয়’ দিয়ে চাপে ফেলে অটোরিকশাগুলো ছাড়িয়ে নেন। পুলিশ সদর দপ্তরের সিকিউরিটি সেল তাঁর ‘হাতের মুঠোয়’ বলে হুমকিও দেন। সাহেদের করা অভিযোগে ওই সেলের চার পুলিশ কর্মকর্তাকে উল্টো বিপদে পড়তে হয়েছে। তাঁদের মধ্যে সহকারী উপপরিদর্শক আজমীর শরীফ ও সাদেক মো. নাজমুল হককে লঘুদণ্ড দেওয়া হয়। আর তৎকালীন উপপরিদর্শক আফতাব হোসেন ও রাজেস বড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ এখনো তদন্তাধীন।

সম্প্রতি সাহেদের বিভিন্ন অপকর্ম প্রকাশের পর গত ১৩ জুলাই মেসার্স মেগা মটরসের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের চাচাতো ভাই সাইফুদ্দিন বাদী হয়ে ৯১ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলা করেন। থানার ওসি সদীপ কুমার দাশ জানান, প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগেই সাহেদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

সূত্র জানায়, চট্টগ্রাম মহানগরীর খোয়াজনগরে মেগা মটরসের গুদামে ২০১৬ সালের ৫ নভেম্বর অভিযান চালিয়ে অটোরিকশা জব্দ করার পাশাপাশি আটক করা হয় প্রতিষ্ঠানটির মালিক জিয়া মো. জাহাঙ্গীর ও ম্যানেজার জাহেদকে। উপপরিদর্শক আফতাব হোসেন ও রাজেস বড়ুয়ার নেতৃত্বাধীন টিম ওই অভিযান চালায়। পরে অতিরিক্ত উপকমিশনার হুমায়ুন কবিরও অভিযানস্থলে যান। অটোরিকশাগুলো ছাড়াতে ওই দিন অনেক প্রভাবশালী ব্যক্তি পুলিশের কাছে তদবির করেন। পরে চাপ তৈরি করে অটোরিকশাগুলো ছাড়িয়ে নেন। ক্ষিপ্ত হয়ে পর দিন ৬ নভেম্বর চট্টগ্রামে গিয়ে নগর পুলিশের তৎকালীন অতিরিক্ত কমিশনারকে সাহেদ প্রশ্ন করেন, ‘ঢাকা থেকে ফোন করার পরও কেন অটোরিকশা ছাড়াতে তাঁকে চট্টগ্রামে আসতে হলো।’

১৬ হাজার ৮৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪৮টি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে

0

দেশে ৪৮টি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে। এসব কেন্দ্র থেকে মোট ১৬ হাজার ৮৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (এমপি) শনিবার বার্তা সংস্থা বাসস-কে বলেন, ‘নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রগুলো পর্যায়ক্রমে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। মুজিববর্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতি এবং প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে শেখ হাসিনার অঙ্গীকার পূরণে এই প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে।’
এই প্রতিশ্রুতি পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, এছাড়াও ২ হাজার ৭৮৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম আরো ১২টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষরের জন্য প্রক্রিয়া চলছে। এছাড়া, ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ছয়টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা অদূর ভবিষ্যতে ১৯ হাজার ১শ’ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরো ১৬টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি।’ তিনি আরো বলেন, মাস্টারপ্ল্যান অনুযায়ী পরিকল্পিতভাবেই উন্নয়ন কর্মসূচিগুলো বাস্তবায়িত হচ্ছে।
নসরুল বলেন, বিদ্যুৎ বিভাগ সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন, নির্ভরযোগ্য ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।’
বিদ্যুৎ মন্ত্রণালয় জানায়, সরকার দেশে জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্প, মধ্যম ও দীর্ঘ-মেয়াদী পরিকল্পনা গ্রহন করেছে। তাদের আন্তরিক প্রচেষ্টায় দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩ হাজার ৪৩৬ মেগাওয়াটে পৌঁছেছে। দেশে ৯৭ শতাংশ মানুষ এখন বিদ্যুতের আওতায় এসেছে।
কক্সবাজার জেলার মহেশখালীতে যৌথ উদ্যোগে ১০ হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন কয়লা-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পদক্ষেপ নেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, দ্বীপটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহন করা হয়েছে।
এদিকে, পাবনার রূপপুরে ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকাজ দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে।
২০৪১ সাল নাগাদ ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনার অংশ হিসেবে সরকার ইতোমধ্যে ক্যাপটিভ ও নবায়নযোগ্য বিদ্যুৎসহ দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা মোট ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করতে সক্ষম হয়েছে।
নসরুল হামিদ বলেন, ‘মোট উৎপাদনের ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানী থেকে পাওয়ার লক্ষ্যে আমরা সৌর বিদ্যুৎ উৎপাদনের ওপর জোর দিচ্ছি। এখন পর্যন্ত আমরা ৬৩০.৯৬ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ পেতে সক্ষম হয়েছি।’
তিনি আরো বলেন, এছাড়াও ৫৮ লাখ সোলার হোম সিস্টেমের মাধ্যমে গ্রিড বহির্ভূত এলাকার বাসিন্দাদের কাছে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
বিদ্যুৎ মন্ত্রণালয় জানায়, বর্তমানে দেশে মোট ১১ হাজার ১১৯ সার্কিট কিলোমিটার ট্রান্সমিশন লাইন এবং ৫ লাখ ৬০ হাজার কিলোমিটার বিদ্যুৎ বিতরণ লাইন রয়েছে।

ভ্রমণে ২৩ জুলাই থেকে করোনামুক্তির সনদ বাধ্যতামূলক

0

সরকারি নির্দেশ অনুযায়ী আগামী ২৩ জুলাই থেকে বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ গমনকারীদের জন্য কভিড-১৯ পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়েছে। সে কারণে বিদেশ গমনেচ্ছু বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীদেরকে সরকার ঘোষিত কভিট -১৯ পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাবলী প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোন নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘন্টা পূর্বে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে; নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে; কভিড-১৯ পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন; নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন; বিদেশ যাত্রীদের কভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে তিন হাজার ৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে চার হাজার ৫০০ টাকা ফি প্রদান করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬টি সরকারি হাসপাতাল/প্রতিষ্ঠানে কভিড টেস্ট করাতে হবে। এরমধ্যে (SBMC) Sher E Bangla Medical College, Barisal; (BITID) Bangladesh Institute of Tropical & Infectious Diseases, Chattagram; (CoxMC) Cox’sbazar Medical College (IEDCR Field Laboratory); (CuMC) Cumilla Medical College, Cumilla; (NILMRC) National Institute of Laboratory Medicine & Referral Centre, Dhaka; (NPML-IPH) Institute of Public Health, Dhaka; (NIPSOM) National Institute of Preventive & Social Medicine, Dhaka; Narayanganj 300 Bed Hospital, Narayanganj; (KMC) Khulna Medical college, Khulna; (KuMC) Kustia Medical College, Kustia; (MMC) Mymensingh Medical College, Mymensingh; (SZRMC) Shahid Ziaur Rahman Medical College, Bogura; (RMC) Rahshahi Medical College, Rajshahi; M Abdur Rahim Medical College, Dinajpur; (RpMC) Rangpur Medical College, Rangpur; (SOMC) Sylhet MAG Osmani Medical College, Sylhet.
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন, বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com বিমান কল সেন্টার : ০১৭৭৭৭১৫৬১৩-১৬

‘ফেসভ্যালু’ ব্যবহার করেছেন সাবরিনা: ডিবি পুলিশ

0

জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ও বরখাস্ত কার্ডিয়াক সার্জন ডা. সাবরিনা আরিফ চৌধুরী তার ফেসভ্যালু বা চিকিৎসক পরিচিতি ব্যবহার করে বিভিন্ন কাজ বাগিয়ে আনতো জেকেজির নামে। এই কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন। এসময় তিনি বলেন, ‘ডা. সাবরিনা তার ফেসভেল্যুটাকে ক্যাপিটালাইজড করেছে। চিকিৎসক হিসেবে স্বাস্থ্য অধিদফতরসহ বিভিন্ন জায়গায় যে তার পরিচিতি রয়েছে সেটা দিয়েই সে প্রতারণা করেছে। করোনার এই সময়ে সে একটি প্রজেক্ট তৈরি করেছে। তারা যে প্রজেক্ট অনুযায়ী করোনাভাইরাস আক্রান্তদের কাছ থেকে যেভাবে নমুনা সংগ্রহ ও সেবা দেওয়ার কথা ছিল, তারা সেভাবে দেয়নি।’

তিনি আরও বলেন, ‘এই তদন্তের প্রথম দিকে রয়েছে, আমরা তদন্ত করে যদি ক্রিমিনাল অফেন্স পাই সে বিষয়ে ক্রিমিনাল রেকর্ডে নিয়ে আসবো। আর যেগুলো বিভাগীয় অপরাধ ও অনিয়ম সেগুলো আমরা লিখিত অবস্থায় স্বাস্থ্য অধিদফতর ও মন্ত্রণালয়ে জানাবো।’

পুলিশ কর্মকর্তা বাতেন বলেন, ‘সাবরিনা নিশ্চই কোনো না কোনো জায়গায় সহযোগিতা পেয়েছে। আমাদের তদন্তের জন্য যারা সংশ্লিষ্ট তাদের অবশ্যই আমরা জিজ্ঞাসাবাদ করবো।’ নানা প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন বলেন, ‘সরকারি চাকরি করে এমন কোনো কর্মকর্তা যদি তার দায়িত্বের ব্যতায় কিছু করে করে থাকে তাহলে তার বিরুদ্ধে তার সংশ্লিষ্ট দফতর ব্যবস্থা নিতে পারে।’

তিনি বলেন, ‘আমরা তার বিষয়ে যে তথ্য পেয়েছি সেটি স্বাস্থ্য অধিদফতর ও মন্ত্রণালয়ে লিখবো। তারা দেখবেন এটা ক্রিমিনাল অফেন্স নাকি বিভাগীয় অফেন্স। তারা যদি ক্রিমিনাল কোনো অফেন্সের ব্যবস্থার জন্য আমাদের কাছে আসেন, অবশ্যই আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো।’

স্টোকস বিশ্বসেরা, সাকিব দ্বিতীয় : আকাশ চোপড়া

0

আইসিসির নিষেধাজ্ঞায় আছেন সাকিব আল হাসান, যিনি বছরের পর বছর তিন ফরম্যাটেই বিশ্বের সেরা অল-রাউন্ডারের জায়গাটি দখলে রেখেছিলেন। তার অনুপস্থিতিতে ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া দাবি করেছেন, ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা বেন স্টোকসই বর্তমানে তিন ফরম্যাটে বিশ্বের সেরা অল-রাউন্ডার।

ওল্ড ট্র্যাফোর্ডে চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে স্টোকস ১৭৬ রানের ইনিংস খেলেছেন। তার ইনিংস সাজানো ছিল ১৭টি বাউন্ডারি আর ২টি ওভার বাইন্ডারিতে। এই নান্দনিক ইনিংস দেখে আকাশ চোপড়া বলেছেন, ‘এই মুহূর্তে ক্রিকেটের তিন ফরম্যাটে বিশ্বের একনম্বর অল-রাউন্ডার বেন স্টোকস। এ নিয়ে আমার মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। টেস্টে গত দুই বছরে তার গড় ৪৩, ওয়ানডেতে ৫৯। তিন ফরম্যাটেই তার বোলিং গড়ও বেশ ভালো। সব বিবেচনায় স্টোকসই বিশ্বের সেরা অল-রাউন্ডার।’

গত বছর ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে স্টোকসের ব্যাট সঠিক সময়ে গর্জে উঠেছিল। সেই কারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের বিশ্বকাপ জয় সম্ভব হয়েছিল। আকাশ চোপড়ার চোখে স্টোকসের পর দ্বিতীয় বিশ্বসেরা অল-রাউন্ডার হলেন সাকিব আল হাসান। তিন নম্বরে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। আইসিসির নিষেধাজ্ঞা শেষে সাকিব মাঠে ফিরলে, বেন স্টোকসের সঙ্গে তার লড়াইটা বেশ জমবে।

অক্টোবরে প্রিমিয়ার লিগে দর্শক ফিরবে : বরিস জনসন

0

২০২০-২১ মৌসুম শুরু হলে প্রিমিয়ার লিগে দর্শক ফেরার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়েই দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় ফুটবল মাঠে গড়ালেও সেখানে কোন দর্শকের উপস্থিতি ছিল না। বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গতকাল শুক্রবার জানিয়েছেন অক্টোবরে স্টেডিয়ামগুলোতে ইংলিশ সমর্থকদের ফেরানোর লক্ষ্য স্থির করেছেন তিনি।

সাংবাদিকদের কাছে জনসন বলেছেন, ‘আগামী ১ আগস্ট থেকে কিছু কিছু ক্ষেত্রে জনসমাগমের অনুমতির বিষয়টি নিয়ে বিবেচনা করছি। এর মধ্যে স্টেডিয়ামও রয়েছে। তবে অক্টোবরে পুরোপুরি খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

চলতি মৌসুমে বেশিরভাগ দলেরই আর মাত্র দুটি ম্যাচ বাকি রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ শেষ হওয়ার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রিমিয়ার লিগের ২০২০-২১ মৌসুম শুরু হওয়ার কথা রয়েছে। আগামী ২৪ জুলাই এ সংক্রান্ত সভায় তারিখটি চূড়ান্ত হবে।

এর আগে বৃহস্পতিবার ইতালিয়ান ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাডাফোরা সেপ্টেম্বরে স্টেডিয়ামগুলোতে দর্শক প্রবেশের অনুমতির ব্যপারে ইতিবাচক মন্তব্য করেছেন। যদিও স্প্যানিশ স্বাস্থ্যমন্ত্রী সান্তিয়াগো ইলা বর্তমান পরিস্থিতির নিরিখে দর্শকদের উপস্থিতি নিয়ে এখনো শঙ্কায় রয়েছেন।

কাল থেকে সীমিত আকারে শুরু টাইগারদের অনুশীলন

0

অনেক আগেই মিরপুরের মাঠে অনুশীলনের অনুমতি চেয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু পরিস্থিতি বিবেচনায় বিসিবি তা নাকচ করে দেয়। চলমান করোনা পরিস্থিতির মাঝে সম্প্রতি মুশফিকসহ অনেক ক্রিকেটারই আউটডোরে অনুশীলন শুরু করে দিয়েছেন। বিসিবিও শেষ পর্যন্ত অনুমতি দিয়েছে। আগামীকাল রবিবার থেকে দেশের চার স্টেডিয়ামে শুরু হচ্ছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। আপাতত ৯ জন ক্রিকেটার মাঠে যেতে পারবেন।

রাজধানীর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম দিন অনুশীলন করবেন মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, মোহাম্মদ মিঠুন। সোমবার যোগ দেবেন ইমরুল কায়েস। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুশীলন করবেন অফ স্পিনার নাঈম হাসান।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন অনুশীলন করবেন পেসার সৈয়দ খালেদ আহমেদ ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করবেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান এবং মেহেদি হাসান।

ক্রিকেটারদের অনুশীলনের জন্য আপাতত ১৯ থেকে ২৬ জুলাই পর্যন্ত সূচি তৈরি করে দিয়েছে বিসিবি। প্রত্যেককে আলাদা করে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। মিরপুরের ইনডোরে নেটে ব্যাটিং করার সুবিধা থাকলেও কোনো নেট বোলার থাকবে না। বোলিং মেশিনকে প্রতিপক্ষ বানাতে হবে। ঢাকার বাইরের তিন ভেন্যুতে শুধু রানিং আর জিম করার সুযোগ পাবেন ক্রিকেটাররা। অনুশীলনের সময় মাস্ক, গ্লাভস পরা, একটু পরপর স্যানিটাইজার ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মগুলো কঠোরভাবে মানতে হবে।

ঈদে ট্রেনের সংখ্যা বাড়ছে না : রেলমন্ত্রী

0

আসন্ন কোরবানির ঈদে মানুষদের বাড়ি না ফিরতে অনুরোধ জানিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আপনারা নিজ নিজ কর্মস্থল এলাকায় অবস্থান করে ঈদ উদযাপন করুন। কারণ এবারের ঈদে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে না। আজ শনিবার সকালে গাজীপুর-ঢাকা তৃতীয় ও চতুর্থ রেললাইন প্রকল্পের কাজ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন ট্রেন পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে ট্রেন চলাচল করে। তাই জয়দেবপুর থেকে ঢাকা যাতায়তের ক্ষেত্রে এই জংশনকে ডাবল লেনে এবং টঙ্গী থেকে ঢাকা পর্যন্ত চার লেনে উন্নীত করা হচ্ছে। ভবিষ্যতে গাজীপুরের জন্য আলাদা ট্রেনের ব্যবস্থা করা হবে। সে পরিকল্পনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওযের মহাপরিচালক মো. শামসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. মিয়াজাহান, রেলের পূর্বাঞ্চলের জিএম সরদার শাহাদাত আলী, রেলমন্ত্রীর একান্ত সচিব মো. আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৫৫৭ কোটি টাকার বাজেট অনুমোদন

0

২০২০-২০২১ অর্থবছরের জন্য রাজস্ব ও উন্নয়নসহ জাতীয় বিশ্ববিদ্যালয় সিনেট ৫৫৬ কোটি ৯৯ লাখ ৮৩ হাজার টাকার বাজেট অনুমোদন করেছে। আজ শনিবার জুম অ্যাপসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ২২তম বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। বাজেট পেশ ও অনুমোদন ছাড়াও অধিবেশনে বার্ষিক প্রতিবেদন, গত অধিবেশনের কার্যবিবরণী, নতুন দপ্তর ও পদ সৃষ্টি অনুমোদন হয়।

অধিবেশনে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, অ্যারোমা দত্ত, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিন আহমদ, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, জনপ্রশাসন সচিব মো. ইউসুফ হারুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ‘করোনাভাইরাস মানব জাতির অস্তিত্বের প্রতি হুমকি স্বরূপ। এতে আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। এ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে।’

নৌবাহিনী প্রধান হলেন মোহাম্মদ শাহীন ইকবাল

0

সরকার নতুন নৌবাহিনী প্রধান হিসেবে রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসিকে নিয়োগ দিয়েছেন। আজ শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ২৫ জুলাই অপরাহ্ন থেকে তিনি ভাইস এডমিরাল পদে পদোন্নতি পূর্বক বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে দ্বায়িত্বভার গ্রহণ করবেন। আগামী ২০২৩ সালের ২৪ জুলাই পর্যন্ত নৌবাহিনীর প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করবেন তিনি। তিনি বর্তমান নৌপ্রধান এডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।

আইএসপিআর জানায়, রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল ১৯৮০ সালের ১ জুন নৌবাহিনীতে যোগ দেন এবং ১৯৮২ সালের ১ ডিসেম্বর তারিখে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি নৌবাহিনী ফ্রিগেটসহ সকল শ্রেণির জাহাজ ও গুরুত্বপূর্ণ ঘাঁটি কমান্ড করেছেন। তাছাড়া তিনি নৌ সদরে সহকারী নৌ প্রধান (অপারেশান্স), সহকারী নৌ প্রধান (পার্সোনেল), পরিচালক নৌ অপারেশান্স, পরিচালক নৌ গোয়েন্দা, চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, খুলনা নৌ অঞ্চলের অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে পালন করেন।

দীর্ঘ চাকরি জীবনে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও সামরিক কৌশলগত শিক্ষা অর্জন করেছেন। তিনি প্রতিটি প্রশিক্ষণে উচ্চতর গ্রেডিং অর্জন এবং কৃতিত্বের স্বাক্ষর রাখায় নৌবাহিনী প্রধানের কাছ থেকে সর্বোচ্চ প্রশংসা প্রাপ্তসহ নানা ধরনের সম্মানে ভূষিত হন। তিনি যুক্তরাষ্ট্র হতে নেভাল স্টাফ কোর্স, মেরিটাইম কম্পোনেন্ট কমান্ডার ফ্ল্যাগ অফিসার কোর্স, ইন্টারন্যাশনাল সারফেস ওয়ারফেয়ার কোর্স, ভারত হতে এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার কোর্স এবং মিরপুর ন্যাশনাল ডিফেন্স কলেজ হতে এনডিসি কোর্সসহ দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করেন।

২০১৩ সালে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারের দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ-ভারতের মধ্যে সমুদ্রসীমা নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বিচারক ও বিশ্লেষক দলের সাথে কাজ করেন এবং তাদের সুরক্ষা নিশ্চিত করেন।

২০১৭ সালে বলপূর্বক বাস্তচ্যুত মায়ানমার নাগরিকদের পুনর্বাসনের জন্য ভাসান চর প্রকল্পের বাস্তবায়নে অন্যতম মুখ্য ভূমিকা পালন করেন।

রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার আদিবাস কুমিল্লায়। পারিবারিক জীবনে তিনি মিসেস মনিরা রওশন আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র ছেলে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত এবং তার স্ত্রী ইউএনএফপিএতে গবেষক হিসেবে কাজ করছেন।