Home Blog Page 2807

‘ছাত্রজীবনে ঢাকা গেলে কমলাপুর বৌদ্ধ বিহারে থাকতাম, খেতাম’

0

‘আমি যখন ছাত্রজীবনে ঢাকায় যেতাম তখন আমি কমলাপুর বৌদ্ধ বিহারে থাকতাম। সেখানকার গুরুভান্তে সদ্যঃপ্রয়াত শুদ্ধানন্দ মহাথেরোর বাড়ি আমাদের এলাকায়। আমার বাবার সমসাময়িক। আমি তাঁকে পিতার মতো শ্রদ্ধা করতাম, উনিও আমাকে সন্তানের মতো আদর করতেন। এটার মধ্যে কোনো খাদ ছিল না। দিনের বেলা না খেলেও রাতের বেলা সেখানে খেতাম। এ কথা আমি ঢাকায় বৌদ্ধ মন্দিরসহ সবখানে বলেছি।’

নিজের জীবনের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ টেনে কথাগুলো বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে সব ধর্মের নেতাদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

তিনি বলেন, মানুষ বড় হলে অতীতের কথা বলে না, ভুলে যায়। আপনাদের দোয়া ও আশীর্বাদে আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী আমাকে একবার প্রতিমন্ত্রী, দুবার কেবিনেট মন্ত্রী করেছেন। গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। যাঁরা আমাকে নানাভাবে স্নেহ দিয়েছেন, বড় করেছেন, তাঁদের কথা আমি ভুলতে পারি না। তার মধ্যে অন্যতম শুদ্ধানন্দ মহাথের। আমার ছোটকালে একজন শিক্ষক ছিলেন মৌলভী আবদুর রহমান। তিনি আমাকে দশ বছর পড়িয়েছেন। আমার জীবনের সমস্ত নীতি-নৈতিকতার অনেক কিছু আমি তাঁর কাছে শিখেছি।

তিনি বলেন, কদিন আগে রাঙ্গুনিয়ার উন্নয়নের জন্য আমাকে সরকার থেকে এক কোটি টাকার বরাদ্দ দিয়েছে। তখন আমি ভাগ করে সেখান থেকে চল্লিশ লাখ টাকা দিয়েছি মন্দির, বিহারসহ ধর্মীয় উপাসনালয়ের জন্য। প্রধানমন্ত্রীকে বলে স্বজন কুমার তালুকদার বড়ুয়াকে পরপর দুবার বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। একইভাবে পরপর তিনবার হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য করেছিলাম শ্রীযুক্ত রাখাল চন্দ্র দাশগুপ্তকে।

মন্ত্রী বলেন, রাঙ্গুনিয়ায় ইসলাম ধর্মের জন্যও অনেক কাজ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ব্যক্তিগত উদ্যোগে একটি করে নতুন মসজিদ করা হয়েছে। শতাধিক মসজিদভিত্তিক মক্তব করা হয়েছে। প্রতিটি মাদরাসায় ভবন নির্মাণ করা হয়েছে। বিশেষভাবে টাকা এনে হিন্দুধর্মীয় মন্দির ও বৌদ্ধ বিহারগুলোর উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রুহুল আমিন আলকাদেরী, রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ধর্মসেন মহাস্থবির, সাধারণ সম্পাদক সুমঙ্গল মহাথের, রাঙ্গুনিয়া বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি জ্ঞানবংশ মহাথের, সৈয়দবাড়ি ধর্মপ্রবর্তন বিহারের অধ্যক্ষ পরমানন্দ থের।

হিন্দুধর্মীয় পুরোহিত সুজন চক্রবর্তী, অসীম চক্রবর্তী, চট্টগ্রাম ও পার্বত্য আঞ্চলিক চার্জ সংঘের প্রধান পালক রেভারেন্ড সহখরীয় বৈরাগী, রাঙ্গুনিয়ার বেতাগী আস্তানা শরীফের পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ, সরফভাটা মোয়াবিনুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আবুল বয়ান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাওলানা আইয়ুব নুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার প্রমুখ।

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়াল

0

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৭০৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ২ হাজার ৬৬ জন। একই সময়ে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৫৮১ জন।
আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৬৩২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ৯২৩টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ১৭ হাজার ৬৭৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৭০৯ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ২ হাজার ৬৬ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৫৮১ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৩৭৩ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১০ হাজার ৯৮ জনে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২৪ দশমিক ৮০ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ৮৬ শতাংশ। মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৪৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।
বরাবরের মতো বুলেটিনে সবাইকে, বিশেষ করে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান ডা. নাসিমা। তিনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শও দেন।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ৪২ লাখের বেশি। মৃতের সংখ্যা প্রায় ৬ লাখ। তবে পৌনে ৮৫ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

‘কৃষিতে বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে’

0

বন্যা পরিস্থিতিতে কৃষিতে ক্ষয়ক্ষতি মোকাবিলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। কৃষিকে কেন্দ্র করেই দেশের সার্বিক উন্নয়ন এগিয়ে যাবে। সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছেন।
আজ শনিবার তার সরকারি বাসভবন থেকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত ‘কৃষিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অর্থ সহায়তা’ বিতরণ অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বন্যা ও করোনা উদ্ভূত পরিস্থিতিতে ধনবাড়ী উপজেলার হতদরিদ্র ১৫৭টি ব্যক্তি বা পরিবারের মাঝে ৪ লাখ টাকা অর্থ সহায়তার চেক প্রদান করা হয়। এ ছাড়া গৃহনির্মাণের জন্য ৬০ জনকে ঢেউটিন ও ৬০ জনকে ৩ হাজার টাকা করে প্রায় ২ লাখ টাকা বিতরণ করা হয়।
কৃষিমন্ত্রীর পক্ষে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ হীরা। এ অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, আগামী আমন ও রবি মৌসুমে অধিক ফসল উৎপাদনে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। যাতে করে এদেশে খাদ্যের কোন ঘাটতি না হয়। খাদ্যের অভাবে একটি মানুষকেও যাতে করে না খেয়ে থাকতে হয়। কৃষি মন্ত্রণালয় এলক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এর আগে কৃষিমন্ত্রী শুক্রবার অনলাইনে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন আয়োজিত ‘কৃষিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অর্থ সহায়তার’ আওতায় মধুপুর উপজেলার হতদরিদ্র ২৭৮টি পরিবারের মাঝে ৬ লাখ টাকার অর্থ সহায়তার চেক বিতরণ করেন।
কৃষিমন্ত্রীর পক্ষে এসব চেক বিতরণ করেন মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। এ ছাড়া মন্ত্রী উপজেলা পরিষদের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে করোনা টেস্টের স্যাম্পল সংগ্রহের জন্য একটি ‘মোবাইল গাড়ির’ উদ্বোধন করেন।
এ সময় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এড. ইয়াকুব আলী, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী শাহনাজ খুশি

0

শুটিং থেকে ফিরতে গিয়ে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি।
গত বৃহস্পতিবার ঈদের নাটক ‘নসু ভিলেন’-এর দৃশ্যায়নের জন্য পুবাইল যাওয়ার পথে এ দুর্ঘটনায় পড়েন বলে জানিয়েছেন খুশি। দুর্ঘটনার সময় তিনি একাই ছিলেন গাড়িতে।
১৬-১৭ বছর বয়সী এক কিশোর একটি কার্গোবাহী ট্রাক চালিয়ে তার গাড়িকে চাপা দেয় বলে জানান তিনি।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি পোস্ট করে স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী শাহানাজ খুশি।
তিনি লিখেছেন, ‘চার মাস পর করোনার মধ্যে প্রথম শুটিংয়ে যাচ্ছি, খারাপ লাগা নিয়ে পরশু এমন একটা পোস্ট দিয়েছিলাম। নাহ, আমাকে অদৃশ্য করোনা এখনো ছোঁয়নি, আমাকে মৃত্যুর দুয়ারে নিয়েছিল! এই গাড়ির মধ্যে আমি ছিলাম! একেবারেই অলৌকিক কিছু না হলে আমার বাঁচার কথা নয়! আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি বেঁচে আছি, ভালো আছি!’
খুশি আরও লেখেন, কত বড় অরাজকতার মধ্যে আমরা বাস করছি, তা ভুক্তভোগী সবাই জানি। আজ স্বাস্থ্যখাত সামনে এসেছে বলে সাহেদদের মতো অসংখ্য অসংখ্য কালপ্রিট সামনে আসছে, পরিবহন খাতটা দীর্ঘকাল হলোই এমন! প্রতিদিন এমন অসংখ্য দুর্ঘটনায় শেষ হচ্ছে হাজারো পরিবার, খালি হচ্ছে মায়ের কোল, সন্তানের বুক! কিন্তু কোন প্রতিকার নেই। স্বাস্থ্যখাতের চেয়েও আরও দুর্গম, অন্ধকার, অন্যায়ে ঠাসা এ পরিবহনখাত!’
ঘাতক ট্রাক ড্রাইভারের প্রসঙ্গে খুশি লেখেন, ‘গুরুত্বপুর্ণ কথা হলো, ওনার কোনো লাইসেন্স নাই। এমন নাকি চলে, কোন সমস্যা হয় না। আমি আসলে পুরো সেন্সে ছিলাম না, কিছু কিছু কথা আমি ভুলতে পারছি না। পুবাইল পুলিশ, শুটিংয়ের ছেলেরা, আমার বাসার মানুষ সবাই চলে এসেছে। আমি তখন থরকম্প একটা মাংসপিন্ড কেবল। কেউ একজন ক্ষতিপুরণের কথা বলায় ড্রাইভার বলছে, মানুষ মাইরালায় ট্যাহা লাগে না, বাঁইচ্যা আছে, তাও ট্যাহা লাগব!’

আপনারা রোগীদের আস্থা ফিরিয়ে আনুন

0

করোনাভাইরাস সংকটে হাসপাতালগুলোতে চিকিৎসার যথাযথ পরিবেশ তৈরি করে রোগীদের আস্থা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, আমি বলবো, আপনারা রোগীদের আস্থা ফিরিয়ে আনুন, হাসপাতাল মুখি হওয়ার পরিবেশ তৈরি করুণ। হাসপাতালের উপর নানান কারণে রোগীদের আস্থার সংকট তৈরি হওয়ায় রোগী কমছে। তাই আশা করবো আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টরা দায়িত্বশীল ভুমিকা পালন করবেন।

তিনি বলেন, রোগীর অভাবে কোন কোন হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল বন্ধ করে দিতে চাচ্ছে এমন সংবাদ গণমাধ্যমে এসেছে। সংক্রমনের বর্তমান স্তরে রোগীর সংখ্যা কম নয়, তাছাড়া সাধারণ রোগী তো রয়েছে। এ প্রেক্ষাপটে হাসপাতাল বন্ধ রাখা সমাধান নয়।

আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলেন, করোনাভাইরাস সংক্রমণের লাগাম টেনে না ধরতে পারলে সংক্রমণ উচ্চ মাত্রায় পৌঁছে যাবে বলে বিশেষজ্ঞরা আভাস দিয়েছেন৷ আসন্ন ঈদে জনসমাগম যেকোনো মূল্যে এড়িয়ে চলতে হবে। গণপরিবহন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার কিন্তু স্বাস্থ্যবিধি মেনে ঈদ যাত্রায় সবাইকে নিজের সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেককে ঈদযাত্রায় নিজের সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পশুর হাট, লঞ্চ বাস ট্রেন স্টেশন ফেরীঘাট শপিংমলসহ বিভিন্ন জায়গায় আমাদের সর্বোচ্চ সামাজিক দুরত্ব মানার চেষ্টা করতে হবে। মাস্ক পরিধান অবশ্যই করতে হবে। জীবনকে সুরক্ষা দেয়ার জন্য জীবিকা অর্জনে চলাচল যেন জীবন হানির ঝুকিতে না পড়ে সেদিকে আমার সর্বোচ্চ খেয়াল রাখতে হবে।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শুরু থেকেই একটি মহল সরকারের বিরুদ্ধে বিষোদগার করাকেই দেশ ও জনগনের প্রাতি দায়িত্ব পালন হিসেবে ব্রত করে নিয়েছে। অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানকে তারা সহযোগিতা ও সমর্থন না দিয়ে বরং অন্ধ সমালোচনা করছে। সরকার নাকি অনিয়মকারীদের পৃষ্টপোষকতা দিয়েছে।

তিনি বলেন, আমি জানতে চাই আপনাদের সময়তো দুর্নীতি প্রাতিষ্ঠানিক রুপ পেয়েছিল, ছিল দুর্নীতিবাজদের অভয়ারণ্য তখন কি এ ধরণের একটি সাহসী উদ্যোগ নিতে পেরেছিলেন? পেরেছিলেন দলীয় সংকীর্ণতার উধ্বে উঠে কিছু করতে? পারেন নি। যারা গ্রেনেড হামলার বিচার করতে গিয়ে জজ মিয়া নাটক সাজিয়েছে চলমান অভিযানকে নাটক বলে পরিহাস করা তাদের মুখেই মানায়। যারা নাটক করে, নাটক সাজায় তারা সব কিছুতেই নাটক দেখতে পাবেন। এটাই স্বাভাবিক।

ওবাযদুর কাদের বলেন, চলমান অভিযান অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্ব-প্রনোদিত হয়ে নিজ উদ্যোগেই এ সব অভিযান পরিচালনা করেছেন। কোন দল বা মহল এসব অনিয়মের কথা আগে তুলে ধরে নি। সরকারই উদঘাটন করেছে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি বলেন, এ থেকে বুঝা যায় অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা আন্তরিক এবং কঠোর অবস্থান। শেখ হাসিনার কাছে কোন অনিয়ম দুর্নীতি প্রশ্রয় পাবে না। দুর্নীতিবাজদের দুর্বৃত্তদের কোন দলীয় পরিচয় নেই। গুটিকয় মানুষের লোভ প্রতারনার কাছে জনসাধারনের আশা আকাঙ্খা জিম্মি হতে পারে না। তাদের স্বপ্ন সাধনা ও দিনরাত পরিশ্রম বর্ণহীন হতে পারে না।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার এ দেশের জনমানুষের আশা আকাঙ্খাকার প্রত্যাশাকে প্রাধান্য দেয় তাই যারা জনসার্থের বিরুদ্ধে ব্যক্তি স্বার্থ সুরক্ষায় অপপ্রয়াস চালাবে তাদের রক্ষা নাই। জনগণের কাছে তাদের জবাব দিহি তা করতেই হবে। সততা ও নিষ্ঠার প্রতীক হিসেবে দল ও সরকার পরিচালনা করছেন শেখ হাসিনা। এ দেশে রাজনীতিতে সততার প্রতীক বঙ্গবন্ধু পরিবার। তাই শেখ হাসিনা ও সরকারের অর্জন আমরা গুটি কয়েক ব্যক্তির লোভের কাছে প্রশ্নবিদ্ধ হতে দিতে পারি না।

শুদ্ধাচার পুরস্কার পেলেন হিসাব মহানিয়ন্ত্রক জহুরুল ইসলাম

0

কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা, তথ্য প্রযুক্তির ব্যবহার, বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য শুদ্ধাচার পুরস্কার ২০২০ পেলেন হিসাব মহানিয়ন্ত্রক মো. জহুরুল ইসলাম।

সম্প্রতি অর্থ বিভাগের বাজেট ও পরিকল্পনা-১ অধিশাখা এর এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭ এর ৩.৩ অনুচ্ছেদের নির্দেশনা অনুযায়ী অর্থ বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা প্রধান হিসেবে মো. জহুরুল ইসলাম হিসাব মহানিয়ন্ত্রক, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়কে শুদ্ধাচার পুরস্কার ২০২০ প্রদান করা হলো।

এতে বলা হয়, শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭ এর ৭ অনুচ্ছেদের নির্দেশনা অনুযায়ী পুরস্কার হিসেবে একটি সার্টিফিকেট এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রাপ্য হবেন।

এ প্রসঙ্গে জহুরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, শুদ্ধাচার পুরস্কার পাওয়া একটা বিশেষ অর্জন। এ পুরস্কারের জন্য আমি খুশি। আমাদের অডিট ডিপার্টমেন্টে এর আগে কেউই এ শুদ্ধাচার পুরস্কার পাননি। সে হিসেবে এ পুরস্কার আমাদের ডিপার্টমেন্টের জন্য একটা বড় পাওয়া।

মোঃ জহুরুল ইসলাম অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত ১৩ অক্টোবর, ২০১৯ এক অফিস আদেশের মাধ্যমে হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। এ পদের দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি বাংলাদেশ রেলওয়েতে এডিশনাল ডাইরেক্টর জেনারেল (ফাইন্যান্স) পদে কর্মরত ছিলেন।

সবাইকে নিজের সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : ওবায়দুল কাদের

0

আসন্ন ঈদে জনসমাগম যেকোনো মূল্যে এড়িয়ে চলারও আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সবাইকে নিজের সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

আজ শনিবার সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি অসহায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

আসন্ন ঈদ উপলক্ষে পশুর হাট, লঞ্চ, বাস, রেলস্টেশন, ফেরিঘাট, শপিং মলসহ বিভিন্ন জায়গায় সামাজিক দূরত্ব মানার সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে।’

তিনি বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণের লাগাম টেনে না ধরতে পারলে সংক্রমণ উচ্চ মাত্রায় পৌঁছে যাবে বলে বিশেষজ্ঞরা আভাস দিয়েছেন৷ আসন্ন ঈদে জনসমাগম যেকোনো মূল্যে এড়িয়ে চলতে হবে। গণপরিবহন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার কিন্তু স্বাস্থ্যবিধি মেনে ঈদ যাত্রায় সবাইকে নিজের সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও চিকিৎসা অব্যাহত রাখতে আক্রান্তদের পাশে থেকে যারা দিনরাত সেবা দিয়ে মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার শান্তি কামনা করছি৷ যারা সম্মুখসারিতে কাজ করছেন জাতির পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতা জানাই। দেশ ও জাতি আপনাদের এ ত্যাগ চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে, আপনারা অন্যদের বেঁচে থাকার প্রেরণা।’

শুদ্ধি অভিযান নিয়ে বিএনপি নেতাদের সমালোচনা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘যারা দুর্নীতিতে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল তাদের মুখে বর্তমান সরকারের চলমান শুদ্ধি অভিযানকে নাটক বলে পরিহাস করা মানায় না।’

সরকার অনিয়মকারীদের পৃষ্ঠপোষকতা করছে, এমন অভিযোগ প্রত্যাখান করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, দেশ ছিল দুর্নীতিবাজদের অভয়ারণ্য।’

প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের ঢেউটিন ও চেক বিতরণ করলেন পলক

0

নাটোরের সিংড়ায় ঢেউটিন এবং চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে চিকিৎসার জন্য অর্থ সহায়তার চেক ও অগ্নিকাণ্ডসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।

আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে এই ঢেউ টিন এবং অর্থের চেক বিতরণ করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানূর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে দুইজনকে চিকিৎসা বাবদ ৫০ হাজার করে এক লাখ টাকা প্রদান করা হয় এবং ২৪ বান্ডিল ঢেউটিন ও ৭২ হাজার টাকা প্রদান করা হয়। মুজিব বর্ষ উপলক্ষে বিভিন্ন ধরনের ২৫ হাজার গাছের চারা বিতরণ করা হয় এ অনুষ্ঠানে। পরে “পল্লী উন্নয়নে সোনালী সোপান” শীর্ষক মুজিব বর্ষ উপলক্ষে বিআরডিবির ঋণ উৎসবে ঋণগ্রহীতাদের মাঝে অর্থ বিতরণ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

‘করোনার মধ্যেও উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার’

0

‘করোনার মধ্যেও বর্তমান সরকার দেশের উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। সরকারের সঠিক সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ করোনার প্রাথামিক পর্যায় কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।’

আজ শনিবার (১৮ জুলাই) সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বোচাগঞ্জ উপজেলাধীন উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন, মিলনায়তন, রাস্তা প্রশস্তকরণসহ বিভিন্ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও প্রতিমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেন, যেখানে একটি পিসিআর মেশিন দিয়ে আমরা শুরু করেছিলাম সেখানে সারা দেশে ৬০টি মেশিন স্থাপন করা হয়েছে। করোনা হলেই হাসপাতালে যেতে হবে এমন কথা নেই, বাড়িতে থেকেই এর চিকিৎসা সম্ভব। তিনি বলেন, করোনায় বিশ্বের বড় বড় রাষ্ট্রপ্রধানরা দিশেহারা, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী একদিনের জন্যও বিভ্রান্ত হননি। সাহসিকতার সঙ্গে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীরা ছাড়া আর কাউকে মাঠে দেখা যায়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা ছবি তোলার জন্য রাজনীতি করে না, দেশমাতৃকার জন্য রাজনীতি করে। তিনি বলেন, আমরা দেখেছি যখন দুইমাস সাধারন ছুটি ছিল, তখন শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ পাশে দাাঁড়িয়েছে। আমেরিকা, ইতালিসহ বিভিন্ন দেশে করোনায় মৃতদের গণকবর দেওয়া হয়েছে সেখানে আমেদের দেশে ধর্মীয় অনুশাসন মেনে দাফন ও সৎকার করা হয়েছে। করোনায় দেশের একজন কর্মহীন মানুষও না খেয়ে থাকেনি, প্রত্যেক মানুষের কাছে সরকারি ত্রাণ পৌঁছে গেছে।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর প্রমুখ।

পশ্চিমবঙ্গের প্রজ্ঞা ধর্ম পাল্টে ঢাকায় জেএমবির জঙ্গি মোহনা

0

নব্য জেএমবির নারী বাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করার পর বিস্মিত হয়েছেন বাংলাদেশের গোয়েন্দারা। আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুত তাসনিম নামের বছর ২৫-এর এই তরুণী জানিয়েছে, জন্মসূত্রে তিনি হিন্দু ধর্মাবলম্বী প্রজ্ঞা দেবনাথ থাকলেও পরে ধর্ম পরিবর্তন করে নতুন নাম নিয়েছেন।

তার প্রকৃত বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনিয়াখালি থানার পশ্চিম কেশবপুর গ্রামে। জন্মসূত্রে হিন্দু ধর্মাবলম্বী তিনি। নাম ছিল প্রজ্ঞা দেবনাথ। এলাকার এক বন্ধুর প্রভাবে ক্লাস নাইনে পড়ার সময়ে ধর্মান্তরিত হয়ে নতুন নাম গ্রহণ করেন। অনলাইনে তাঁর সঙ্গে আলাপ হয় জেএমবির নারী শাখার প্রধান আসমানি খাতুন আসমার। তারপরে তিনিও জেএমবিতে নাম লেখান।

বাংলাদেশ পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এরপর তিনি কখনও ঢাকা, কখনও পশ্চিমবঙ্গে থাকছিলেন। পশ্চিমবঙ্গ থেকে সংগঠনের চাঁদা তুলে বাংলাদেশ নিয়ে আসতেন তিনি। ওমান প্রবাসী এক বাংলাদেশিকে তিনি টেলিফোনে বিয়ে করেছেন। পুলিশ জানিয়েছে, তার প্রবাসী স্বামীও জঙ্গি সংগঠনটিকে মোটা টাকা দেয়।

শুক্রবারই ঢাকার সদরঘাট এলাকা থেকে মোহনাকে গ্রেপ্তার করা হয়েছে। ভুয়া নথি দিয়ে বাংলাদেশে নাগরিক পরিচয়পত্রও তৈরি করেন তিনি।

হিন্দু ভারতীয় নাগরিক ধর্ম পরিবর্তন করে বাংলাদেশের জঙ্গি সংগঠনে নাম লিখিয়েছে- এমন ঘটনা আগে দেখেননি বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। শুধু তাই নয়, ধরা পড়ার পরেও এতটুকু ঘাবড়াতে দেখা যায়নি এই নারী জঙ্গিকে। পুলিশের সব প্রশ্নের জবাব তিনি ঠাণ্ডা মাথায় দিয়েছেন। কীভাবে সীমান্ত পেরিয়ে অবলীলায় সে দু’দেশে যাতায়াত করতেন, তার বিবরণও জানা গেছে। সূত্র- আনন্দবাজার।