Home Blog Page 2808

কাল থেকে সপ্তাহের পাঁচ দিনই বসছে ভার্চুয়াল আপিল বিভাগ

0

আগামীকাল রবিবার (১৯ জুলাই) থেকে সপ্তাহের পাঁচ দিনই বসবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ভার্চুয়াল পূর্ণাঙ্গ বেঞ্চ।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতি সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার বসবে দেশের সর্বোচ্চ আদালত।

এ বিষয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে আজ শনিবার (১৮ জুলাই) আবারো বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এরআগে গত ১৪ জুলাই একই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তিতেও ১৯ জুলাই থেকে সাপ্তাহিক ছুটির দুই দিন ছাড়া সপ্তাহে পাঁচ দিন আপিল বিভাগ বসার কথা বলা হয়।

এরও আগে গত ১১ রাতে জুলাই এক বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, সপ্তাহে দুইদিন (সোম ও বৃহস্পতিবার) বসবে আপিল বিভাগ। এই নির্দেশনার পরদিন ১২ জুলাই রবিবার ও ১৬ জুলাই বৃহস্পতিবার বসেছিল আপিল বিভাগের ভার্চুয়াল পূর্ণাঙ্গ বেঞ্চ।

আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঁঞার স্বাক্ষরে আজ শনিবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান বিচারপতি দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০ এবং অত্র কোর্ট কর্তৃক প্রণীত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে স্বাভাবিক বিচারকার্য পরিচালিত হবে মর্মে অনুমোদন প্রদান করেছেন।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘আপিল বিভাগের ভার্চুয়াল কোর্টে আগামী ১৯ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সোয়া একটা পর্যন্ত শুনানি গ্রহণ করা হবে। এই দিনগুলোতে সুপ্রিম কোর্টের দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে।’

সর্বশেষ গত ১২ মার্চ সশরীরে বসেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। পরদিন ১৩ মার্চ থেকে সুপ্রিম কোর্টে শুরু হয় অবকাশকালীন ছুটি। এই ছুটি শেষ হওয়ার আগেই দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। এ অবস্থায় গত ২৬ মার্চ থেকে সারা দেশে নিয়মিত আদালত বন্ধ হয়ে যায়। এ প্রেক্ষাপটে ভার্চুয়াল আদালত চালু করতে গত ৯ মে আদালতে তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০ নামে গেজেট প্রকাশ করে।

এই অধ্যাদেশের ক্ষমতাবলে ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে আদালতকে মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক গ্রহণ, আদেশ বা রায় দেওয়ার ক্ষমতা দেওয়া হয়। পরদিন ১০ মে সুপ্রিম কোর্টসহ সারা দেশে ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য ‘প্র্যাকটিস নির্দেশনা’ এবং আইনজীবীদের জন্য ‘ভার্চুয়াল কোর্টরুম ম্যানুয়াল’ প্রকাশ করা হয়। এরপর ১১ মে থেকে ভার্চুয়াল আদালত কার্যক্রম শুরু হয়। প্রথমে শুধুমাত্র সীমিত আকারে নির্দিষ্ট কিছু আদালতে জামিন আবেদনের শুনানি শুরু হয়। পরবর্তীতে ৩০ মে-এর পর আদালতের সংখ্যা ও এখতিয়ার বাড়ানো হয়েছে।

এরপর থেকে আপিল বিভাগের চেম্বার জজ আদালতসহ সারা দেশে আদালতগুলোতে নির্ধারিত নিয়ম অনুসরণ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় আপিল বিভাগের ভার্চুয়াল পূর্ণাঙ্গ বেঞ্চ বসার সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনা জয় করে বাসায় ফিরলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

0

করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক।

গতকাল শুক্রবার (১৭ জুলাই) করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার পর আজ শনিবার (১৮ জুলাই) সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বারিধারায় অবস্থিত নিজ বাসভবনে ফিরেছেন প্রতিমন্ত্রী। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ।

পানিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগামী কয়েকদিন বিশ্রামের পর যথারীতি অফিস করবেন বলে আশা করছেন প্রতিমন্ত্রী।

এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনায় আক্রান্ত হন। ইতোমধ্যে তারা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে কয়েকদিন ধরে নিজের বাসায় আইসোলেশনে ছিলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়।

ন্যাটো জোটের সামরিক মহড়ার জবাবে সামরিক মহড়ার নির্দেশ পুতিনের

0

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সামরিক মহড়ার জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে আলাদা সামরিক মহড়া চালানোর জন্য সশস্ত্র বাহিনীকে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন।
তিনি নিজ দেশের সশস্ত্র বাহিনীর যুদ্ধ করার সক্ষমতা যাচাই করে দেখার জন্য পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে শুক্রবার এ মহড়া চালানোর নির্দেশ দেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে তাৎক্ষণিকভাবে সামরিক মহড়া শুরু হয়েছে। এতে নৌ, বিমান ও স্থলবাহিনী অংশগ্রহণ করছে। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের পাশাপাশি উত্তরাঞ্চলীয় নৌবহর এ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।
এর আগে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপ সচিব দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট সামরিক মহড়া চালিয়েছে এবং রাশিয়া নিশ্চিতভাবে এর উপযুক্ত জবাব দেবে।

ভারতে ২৪ করোনা আক্রান্ত ৩৫ হাজার, মৃত্যু প্রায় ৭০০

0

ইউরোপ-আমেরিকার পর করোনার পরবর্তী ‘হটস্পটে’ পরিণত হয়েছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে প্রায় ৭শ করোনা রোগীর। আক্রান্ত হয়েছেন আরও প্রায় ৩৫ হাজার।
আজ শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬৭১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭৩ জনে। একই সময়ে দেশটিতে করোনা সংক্রমিত হয়েছেন আরও ৩৪ হাজার ৮৮৪ জন। মোট করোনা শনাক্ত দাঁড়িয়েছে ১০ লাখ ৩৮ হাজার ৭১৬ জন।
প্রসঙ্গত, করোনা মোকাবিলায় ‘কেরালা মডেল’ বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। এই প্রাণঘাতী ভাইরাসের বাড়বাড়ন্ত রুখতে সে রাজ্যের সরকারের রণকৌশলের সাফল্যের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
তবে এই সাফল্যের মধ্যেই উদ্বেগের খবর রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে শুক্রবার কেরালা সরকার জানিয়েছে। তিরুবনন্তপুরম জেলার উপকূলবর্তী তিনটি এলাকায় গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। আর তাতেই শঙ্কিত বিভিন্ন মহল।
গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৮০০ জন করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে কেরালায়। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের সাম্প্রতিক এক সমীক্ষা রিপোর্ট বলছে, ১ সেপ্টেম্বরের মধ্যে ভারতে করোনায় আক্রান্ত হতে পারেন ৩৫ লাখ মানুষ! শুধু তাই নয়, করোনার সংক্রমণের সঙ্গে সঙ্গে মৃত্যুমিছিলও দ্রুত দীর্ঘ হবে।
সমীক্ষা রিপোর্ট বলছে, সেপ্টেম্বরের শুরুর দিকেই ভারতে মৃত্যু হতে পারে ১ লাখ ৪০ হাজার মানুষের। তবে, দেশটিতে যদি করোনা সংক্রমণ ছড়ানোর লাগাম টেনে ধরা যায়, তাহলে হয়তো কিছুটা কমানো যেতে পারে এই সংখ্যা।
রিপোর্ট অনুযায়ী, খুব ভালোভাবে সংক্রমণ রোখার চেষ্টা হলেও ভারতে সেপ্টেম্বরের মধ্যে আক্রান্ত হতে পারেন ২০ লাখ মানুষ। কিন্তু সে সময়ও দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা থাকবে প্রায় ৪ লাখ ৭৫ হাজার। খুব কম করে হলেও মৃত্যু হবে ৮৮ হাজার মানুষের।
খবর দ্য হিন্দু

জেলবন্দি ভারতীয় কবি ভারাভারা রাও করোনায় আক্রান্ত

0

করোনায় আক্রান্ত হয়েছেন জেলবন্দি ভারতীয় কবি-সমাজকর্মী ভারাভারা রাও। প্রায় দুইবছর ধরে মুম্বাইয়ের তালোজা জেলে বন্দি রয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল জানায়, ৮০ বছর বয়সি ভারাভারার অসুস্থতার খবর মিলেছিল গত সপ্তাহেই। এর কয়েক দিন পর দক্ষিণ মুম্বাইয়ের সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই কভিড রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানায় চিকিৎসকরা।
২০১৮ সালের জানুয়ারি মাসে ভিমা-কোরেগাঁও এলাকায় এক দলিত সমাবেশকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা। উগ্রপন্থী একটি গোষ্ঠী ও দলিতদের সংঘর্ষে উত্তাল হয়ে উঠে মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। এই ঘটনার পর ভারতের বিভিন্ন প্রান্তের নয়জন মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশ। তাদের বিরুদ্ধে এলগার পরিষদ মামলা রুজু হয়। চার্জশিটে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন তারা। যদিও এ বিষয়ে কোনো সাক্ষ্যপ্রমাণ এখনো হাজির করতে পারেনি পুলিশ।
ওই বছর আগস্ট মাসে পুনের পুলিশ প্রথম গ্রেপ্তর করেছিল ভারাভারা রাওকে। তবে আদালতের নির্দেশে প্রমাণের অভাবে ছাড়া পান। নভেম্বরে ফের গ্রেপ্তার হন তিনি। প্রাথমিকভাবে পুনের ইরাভাদা কারাগারে বন্দি রাখার পরে মুম্বাইয়ে স্থানান্তর করা হয়।
এক মাস আগেই বিশেষ আদালতে খারিজ হয়ে যায় এ কবির জামিনের আবেদন। বম্বে হাইকোর্টে আবারও আবেদন করা হলেও তা এখনো এজলাসে ওঠেনি।
শেষ শুনানিতেই বৃদ্ধ কবির শারীরিক অবস্থার অবনতির কথা এবং করোনা সংক্রমণের আশঙ্কার কথা জানানো হয়েছিল আদালতে। কিন্তু সে সব আমলে নেননি বিচারক। পরিবারের দাবি— অসুস্থ ও বৃদ্ধ ভারাভারা রাওয়ের চিকিৎসাটুকুও করাচ্ছে না হাসপাতাল। অভিযোগ, তাকে জেলেই মেরে ফেলার পরিকল্পনা করা হচ্ছে।
শেষমেশ বারবার পরিবার ও আইনজীবীদের তরফে আবেদন জানানোর পরে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেজে হাসপাতালের ডিন ডক্টর রণজিৎ মানকেশ্বর সংবাদমাধ্যমকে জানান, বৃহস্পতিবারই রাওয়ের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে আসে। তিনি করোনা আক্রান্ত হয়েছেন।
গত এপ্রিল মাসে প্রায় চল্লিশ জন বিশিষ্ট লেখক করোনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে রাওয়ের মুক্তির অনুরোধ করেন।

আরও ৩৫ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল

0

আরও ৩৫ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২-এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬৬তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ গেজেট বাতিল করা হয়েছে।
যে ৩৫ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল হয়েছে তারা হলেন- পাবনার মো. ইসরাইল, মো. জাহাঙ্গীর আলম, মো. ইয়াকুব আলী, মো. আকতার আলী রাঙ্গা, মো. আমিরুজ্জামান খান খোকা ও মো. আবু তাহের, মো. ফজলুর রহমান, মো. নওশের আলী, মো. আ. জলিল শেখ, মো. আজিজুর রহমান ও মো. মজিবুর রহমান।
কুমিল্লার শামছুল হক, ঠাকুরগাঁয়ের আব্দুর রহমান, নরসিংদীর মো. সিরাজুল ইসলাম, ফরিদপুরের সুশীল কুমার পাল, নওগাঁর মো. আনিসুর রহমান ও লক্ষীপুরের মো. আবুল কালামের গেজেট বাতিল করা হয়েছে।
নারায়ণগঞ্জের মো. আবুল কালাম, আব্দুর রহমান, মো. আলী হোসেন, মো. শাহাব উদ্দিন, মো. লিয়াকত আলী, মো. আলী, আব্দুল বাতেন, মো. ইছাক মিয়া, মো. নূর মোহাম্মদ মোল্লা, মো. গিয়াস উদ্দিন, খন্দকার আবু জাফর, মো. কামাল হোসেন ও মো. শফিকুর রহমান বেপারীর মুক্তিযোদ্ধা গেজেটও বাতিল হয়েছে।
গেজেট বাতিলের তালিকায় আরও রয়েছেন চাঁদপুরের সুলতান আহাম্মদ তপাদার ও মো. ইলিয়াস খান।
এর আগে বিমান বাহিনী ও বিজিবির এক হাজার ১৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে বলে গত ৭ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল।

সপরিবারে করোনায় আক্রান্ত সিরাজগঞ্জের পুলিশ সুপার

0

সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার রাতে তাদের করোনা পজিটিভ ধরা পড়ে। এ দিন রাতেই তিনি স্থানীয় সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত কয়েকদিন আগে তার স্ত্রী ও মেয়েও করোনায় আক্রান্ত হন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
দ্রুত আরোগ্য কামনায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান অফিসার এসএম হুমাযুন কবীর জানান, সিরাজগঞ্জে এ পর্যন্ত চিকিৎসক, পুলিশ, আইনজীবী, ব্যাংকার, পোস্টাল স্টাফ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীসহ মোট এক হাজার ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১০ জন মারা গেছেন।

বিশেষ ফ্লাইটে সৌদি থেকে ফিরলেন ৪০৯ বাংলাদেশি

0

সৌদি আরবে আটকা পড়া ৪০৯ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে তাঁরা সৌদি আরবে আটকা পড়েছিলেন বলে জানা যায়।

আজ শুক্রবার বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটযোগে সৌদি আরবের জেদ্দা থেকে তাঁরা সকাল ৮টা ৫০ মিনিটে দেশে পৌঁছেছেন। বাংলাদেশ বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সৌদি আরব থেকে করোনামুক্ত সার্টিফিকেট নিয়ে বিমানের বিশেষ ফ্লাইটে করে ৪০৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বাংলাদেশ ও সৌদি সরকারের যৌথ প্রচেষ্টায় বিমানের বিশেষ ফ্লাইটে এই যাত্রীদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার সৌদি আরবের জেদ্দা থেকে ৪০৯ জন যাত্রী নিয়ে সকাল ৮ট ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। এরমধ্যে সৌদি প্রবাসী বাংলাদেশি শ্রমিকরাও রয়েছেন। এসব যাত্রী ঢাকায় পৌঁছলে বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও কর্মীরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। যাত্রীদের প্রত্যেকের কাছে সৌদি আরবের করোনামুক্ত সার্টিফিকেট থাকায় ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে বিমানবন্দর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়।

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার করোনা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে’

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। অনেকেই ঘরে বসে টেলিভিশনে উঁকি দিয়ে সমালোচনা করেন। তাঁরা ঘর থেকেও বের হন না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সবারই সম্মিলিত প্রচেষ্টায় মহামারি দুর্যোগ মোকাবেলা করার জন্য আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানে যাঁরা সাড়া দিয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

তথ্যমন্ত্রী আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বাস্থ্য খাতে জেকেজি ও রিজেন্ট গ্রুপের অনিয়মগুলো সরকারই উদ্ঘাটন করেছে। কোনো পত্রিকার রিপোর্ট দেখে বা বিরোধী দল বলেছে এ রকম অনিয়ম হচ্ছে- সে কারণে এটি উদ্ঘাটন হয়নি উল্লেখ করে ড. হাছান বলেন, এখানে যাতে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি না থাকে, সে জন্য সরকারই উদঘাটন করেছে। অবশ্য আমি ব্যক্তিগতভাবে মনে করি, স্বাস্থ্য অধিদপ্তরের এ ব্যাপারে আরেকটু সতর্ক হওয়া প্রয়োজন ছিল।

শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের উদ্যোগে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০০টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান, চট্টগ্রাম মেরিন সিটি মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালকে কভিড-১৯ হাসপাতালে রূপান্তরের আনুষ্ঠানিক ঘোষণা, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধন ও কক্সবাজার জেলায় দুটি অ্যাম্বুল্যান্স প্রদান অনুষ্ঠানে তথ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য দেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদের সভাপতিত্বে ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রাম বিএমএ’র সভাপতি ডা. মুজিবুল হক, সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী, এস আলম গ্রুপের প্রতিনিধি আকিজ উদ্দিন প্রমুখ।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশে মানুষের ঘনত্ব পৃথিবীর মধ্যে সর্বোচ্চ। পৃথিবীর ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহর অন্যতম। নানা প্রতিকূলতা ও স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে পৃথিবীর উন্নত দেশগুলোর চেয়ে পিছিয়ে থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের কারণে করোনাভাইরাসে মৃত্যুর হার পৃথিবীর যে কয়টি হাতেগোনা দেশে সবচেয়ে কম, তার মধ্যে বাংলাদেশ অন্যতম।

হাছান মাহমুদ বলেন, অনেকে বলতে পারেন মৃত্যুহার ইউরোপে বেশি, এই অঞ্চলে কম। এই অঞ্চলেও বাংলাদেশে মৃত্যুর হার আমাদের উপমহাদেশে ভারত ও পাকিস্তানের চেয়েও কম। এটি সম্ভব হয়েছে নিশ্চয়ই নেতৃত্বে গতিশীলতার কারণে।

তিনি বলেন, শুরুতে চট্টগ্রামে অনেক সংকট ছিল। কিন্তু আল্লাহর রহমতে সবার সম্মিলিত প্রচেষ্টায় বর্তমানে চট্টগ্রামে সেই সংকট নেই। আইসিইউ নিয়ে হাহাকার ছিল। কিন্তু এখন আইসিইউ বেড খালি পড়ে আছে। হাই ফ্লো নেজাল ক্যানোলার স্বল্পতা ছিল, সেটিও সরকারি-বেসরকারি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা গোছাতে সক্ষম হয়েছি।

ব্যক্তিগতভাবে অনেকেই এগিয়ে এসেছেন। সিটি মেয়রও একটি আইসোলেশন সেন্টার খুলেছেন। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ভাই ডাক্তার বিদ্যুৎ বড়ুয়াসহ চট্টগ্রামের অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ও সংগঠক এগিয়ে এসেছেন উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আজকে আমরা বিভিন্ন উন্নত দেশে দেখতে পাচ্ছি, তারা করোনাভাইরাসের কাছে কত অসহায়। তাদের অর্থনৈতিক ও সামরিক সামর্থ্য কোনো কিছুই কাজ করছে না। আজকে বিশ্বব্যাপী প্রশ্ন দেখা দিয়েছে, আমরা কি সমরসজ্জার জন্য বেশি ব্যয় করব নাকি এ ধরনের আরো ভাইরাস ভবিষ্যতে আসতে পারে সে জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী রিসার্চ আরো বাড়াব।

তথ্যমন্ত্রী বলেন, বিশ্বে এই ভাইরাসই শেষ ভাইরাস নয়, পৃথিবীর সমসাময়িক ইতিহাস যদি দেখি- বহু ভাইরাস এসেছে এবং অতীতে কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছে। এখনো করোনাভাইরাসের কারণে পাঁচ লাখের বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। পৃথিবীতে যখন ১০০ কোটি জনসংখ্যা ছিল তখন পৃথিবীর পাঁচ ভাগ মানুষ মৃত্যুবরণ করেছে ভাইরাসের কারণে। ভবিষ্যতেও এ রকম ভাইরাস আরো আসতে পারে।

হাছান মাহমুদ বলেন, যেখানে স্ত্রী স্বামীর লাশ ধরছেন না, বাবার সৎকারে ছেলে এগিয়ে আসছে না, তখন চট্টগ্রামে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন লাশ দাফন ও সৎকারে এগিয়ে এসেছে। আমার নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন শুধু মুসলমান সম্প্রদায়ের লাশ নয়, হিন্দু-বৌদ্ধসহ সবার লাশ তারা সৎকার করছে। যেসব স্বেচ্ছাসেবী সংগঠন আইসোলেশন সেন্টার প্রতিষ্ঠা করে সংকট মোকাবেলায় এগিয়ে এসেছে, তাদেরও ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী।

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ একজন প্রচারবিমুখ মানুষ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সব সময় মানুষকে সহায়তা করেন, কিন্তু প্রচার করেন না তিনি। তাঁর এই উদ্যোগ নিয়ে আমার সঙ্গে ফোনে কথা হয়। আমি তাঁকে বরং পরামর্শ দিয়েছিলাম, এসব কাজ প্রচার করতে, যাতে অন্যরা উৎসাহিত হয় ও এগিয়ে আসে।

হাছান মাহমুদ বলেন, চট্টগ্রামের শিল্পপ্রতিষ্ঠানগুলোর অনেকেই এগিয়ে এসেছে, আরো অনেকেই এগিয়ে আসার কথা ছিল। আশা করি তারাও এগিয়ে আসবে, যারা এখনো হাত প্রসারিত করেনি, তারাও হাত প্রসারিত করবে। তাহলে আমরা সম্মিলিতভাবে এই সংকট মোকাবেলা করতে পারব।

‘হিংসা-বিদ্বেষের কারণে পৃথিবীতে বহু মানুষ বাস্তুচ্যুত হচ্ছে’

0

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ আগামীতে পৃথিবীতে টেকসই শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে চায়। পৃথিবীতে যুদ্ধ, বিগ্রহ ও অশান্তি কমাতে হলে ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে একে অপরের প্রতি বিদ্বেষ কমাতে হবে। হিংসা-বিদ্বেষের কারণে পৃথিবীতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। মিয়ানমারের ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী বাস্তুচ্যুত হওয়ার কারণও হিংসা-বিদ্বেষ।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে সামার সেমিস্টার ২০২০-এ ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ভার্চুয়াল নবীনবরণ অনুষ্ঠানে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আজ শুক্রবার (১৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. মোমেন বলেন, তথ্য প্রযুক্তি খাতে দক্ষদের জন্য সারা বিশ্বে কর্মসংস্থানের বাজার উন্মুক্ত রয়েছে। এক্ষেত্রে দেশের শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে। তথ্য প্রযুক্তিখাতে বর্তমানে বাংলাদেশে প্রায় ৬ লাখ দক্ষ জনবল আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতার কারণে বাংলাদেশ এ খাতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দেশের উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষা। শিক্ষা দুর্বল হলে নীতি, রাষ্ট্রীয় আইন-কানুন দুর্বল হয়, দেশ পিছিয়ে যায়। এ কারণে গুণগতমানের শিক্ষার গুরুত্ব সবসময়। শিক্ষা ছাড়া উন্নত জীবন সম্ভব নয়। আত্মবিশ্বাস এবং বর্তমান সময়কে সর্বোচ্চ ব্যবহার করতে পারলে সফলতা আসবে। অতীত থেকে প্রেরণা নিতে হবে। কিন্তু অতীত নিয়ে বসে থাকা চলবেনা। ভবিষ্যতের নিরাপদ জীবনযাপনের জন্য এখন পরিশ্রম করতে হবে।

এ সময় যথাযথ শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলে শিক্ষার্থীরা এই দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

ভার্চুয়াল নবীনবরণ অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো: রেজাউল করিম, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা এ. এন. এম মেশকাত উদ্দীন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফখরুদ্দীন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও নবাগত শিক্ষার্থীরা।