Home Blog Page 2810

সাহেদ সাবরিনা আরিফের বিরুদ্ধে তদন্তে নামল এনবিআর

0

করোনার ভুয়া পরীক্ষার সঙ্গে জড়িতদের রাজস্ব পরিশোধ সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। হিসাবে গরমিল পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে প্রচলিত রাজস্ব আইনে মামলা করা হবে।

এরই মধ্যে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম, জেকেজির চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরী ও তাঁর স্বামী আরিফ চৌধুরীর রাজস্বসংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে বিভিন্ন কর অঞ্চলে আয়কর নথি তলব করা হয়েছে।

এনবিআর সূত্র জানায়, এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) সাহেদ, সাবরিনা ও আরিফের আয়, ব্যয়, স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাবের সব তথ্য খতিয়ে দেখবে। এসব ব্যক্তির কী কী ব্যবসা আছে এবং সেসব ব্যবসা থেকে সঠিক হিসাবে ভ্যাট পরিশোধ করেছেন কি না তা যাচাই করবে এনবিআর ভ্যাট গোয়েন্দা শাখা ভ্যাট নিরীক্ষা ও তদন্ত অধিদপ্তর।

এ তিনজনের সম্পদ বৃদ্ধির পরিমাণ, স্থাবর-অস্থাবর সম্পদ এবং আয়-ব্যয়ের হিসাবে সমন্বয় আছে কি না তা দেখবেন এনবিআর কর্মকর্তারা। তাঁরা অর্থ পাচার করেছেন কি না তা গুরুত্বসহকারে দেখা হবে।

ঘাড় ও কাঁধে ছুরিকাঘাতের কারণে মৃত্যু হয়েছে ফাহিমের: ময়নাতদন্ত রিপোর্ট

0

নিউ ইয়র্কে নিজ অ্যাপার্টমেন্টে হত্যার শিকার ফাহিম সালেহর শরীরে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘাড় ও কাঁধে ছুরির আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে বলছে ময়নাতদন্তের রিপোর্ট । বৃহস্পতিবার নিউ ইয়র্ক শহরের চিফ মেডিক্যাল এক্সামিনারের কার্যালয় থেকে এ তথ্য জানানে হয়।

মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার নিজ অ্যাপার্টমেন্ট থেকে পাঠাও-এর সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ’র ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে প্রকৃত হত্যার রহস্য জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

স্থানীয় পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ফুটেজে ফাহিমকে সর্বশেষ অ্যাপার্টমেন্টের লিফটে উঠতে দেখা গেছে এবং ওই লিফটে তার সঙ্গে সম্পূর্ণ কালো পোশাক পরা একজনকে প্রবেশ করতে দেখা গেছে। লিফটটি সোজা তার অ্যাপার্টমেন্ট ইউনিটে গিয়ে থেমেছে।

ওই কালো পোশাক পরা ব্যক্তিকেই সম্ভাব্য খুনি হিসেবে ধারণা করছে পুলিশ। তারা বলছে, অপরাধীর কাছে একটা স্যুটকেস ছিল। পরনে ছিল স্যুট, হাতে গ্লাভস ও মাথায় হ্যাট। মঙ্গলবার ফাহিমের মরদেহের পাশেই একটি ইলেকট্রিক করাত মেশিনের সন্ধান পায় পুলিশ। খণ্ডবিচ্ছিন্ন অঙ্গগুলো পাওয়া যায় পাশেই রাখা একটি প্লাস্টিক ব্যাগে।

ফাহিম সালেহর জন্ম ১৯৮৬ সালে। যুক্তরাষ্ট্রের বেন্টলি বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন সিস্টেম পড়াশোনা করতেন তিনি। ২০১৪ সালে নিউ ইয়র্ক থেকে ঢাকায় ফিরে যৌথভাবে ‘পাঠাও অ্যাপ’ চালু করে নতুন প্রজন্মের উদ্যোক্তা হিসেবে খ্যাতি লাভ করেন। নিহত ফাহিম সালেহ বাংলাদেশের রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও ছাড়াও নাইজেরিয়ায় ‘গোকান্ডা’ নামে আরেকটি রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম চালু করেন।

ফাহিমের পরিবারের পক্ষ থেকে তার হত্যার ন্যায়বিচারের দাবি জানানো হয়েছে। সেই সাথে এই অপরাধের সবকিছু উন্মোচন করার আহ্বান জানানো হয়েছে।

ঢাবির সাবেক ভিসি এমাজউদ্দীন আহমদ আর নেই

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

আজ শুক্রবার সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

আজ ভোর রাতে স্ট্রোক করার পর ল্যাবএইড হাসপাতালে নেয়া হলে ছয়টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক এমাজউদ্দীন।

প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ ১৯৩২ সালের ১৫ ডিসেম্বর তৎকালীন মালদাহ (চাঁপাইনবাবগঞ্জ ও ভারতের কিছু অংশ) জেলায় জন্মগ্রহণ করেন।

মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে, ১৯৫২ এর পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ছাত্রনেতা হিসেবে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ কারাবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং উপাচার্য (১ নভেম্বর ১৯৯২-৩১ আগস্ট ১৯৯৬) হিসেবে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) ভিসি হিসেবেও দায়িত্ব পালন করেন।

দীর্ঘ ৪০ বছর ধরে তুলনামূলক রাজনীতি, প্রশাসন-ব্যবস্থা, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, দক্ষিণ এশিয়ার সামরিক বাহিনী সম্পর্কে গবেষণা করেছেন। তাঁর লিখিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। দেশ বিদেশের খ্যাতনামা জার্নালে তার প্রকাশিত গবেষণামূলক প্রবন্ধের সংখ্যা শতাধিক।

করোনায় মারা গেলেন রাষ্ট্রপতির ছোট ভাই

0

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই করোনাভাইরাসে মারা গেছেন। তিনি সিএমএইচের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তিনি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (১৭ জুলাই) রাত পৌনে ২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বঙ্গভবন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আবদুল হাইয়ের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই করোনা পরীক্ষা করলে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এরপর ৫ জুলাই তাকে ঢাকা সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এরপর আজ শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

‘বিয়ের পিঁড়িতে’ বসছেন কাজল আগরওয়াল

0

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। মিষ্টি হাসি আর মায়াবী চেহারা দিয়ে জয় করে নিয়েছেন হাজারো ভক্তদের মন। এই অভিনেত্রী কাজ করেছেন জনপ্রিয় সব নায়কের সঙ্গে। ব্যক্তি জীবনে এখনো সিঙ্গেল রয়েছেন। এবার শোনা যাচ্ছে বিয়ের করতে যাচ্ছেন এ অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অরঙ্গবাদের এক শিল্পপতিকে বিয়ে করছেন কাজল আগরওয়াল। অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। খুব শিগগির অভিনেত্রীই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
গত বছর অক্টোবরে একটি অনুষ্ঠানে হাজির হয়ে কাজল জানিয়েছিলেন, খুব শিগগির বিয়ে করতে চান তিনি। আর তার মনের মানুষকে অবশ্যই পজেটিভ, যত্নশীল ও ধার্মিক হতে হবে। তার এই বক্তব্য আর চলতি বিয়ের গুঞ্জনে অনেকেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিচ্ছেন।
এদিকে, বর্তমানে কাজলের হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। চিরঞ্জীবীর সঙ্গে কোরাতালা শিবা পরিচালিত ‘আচার্য’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় অভিনয় করছেন তিনি। আর মুক্তির অপেক্ষায় রয়েছে ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি।

জায়েদ খানকে বয়কট সিদ্ধান্তে একাত্মতা মৌসুমী‌র

0

ঢাকাই চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সম্মিলিত সিদ্ধান্তে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কট করা হ‌য়ে‌ছে। বুধবার (১৫ জুলাই) আ‌য়ো‌জিত এক সংবাদ স‌ম্মেল‌নে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে চলচ্চিত্র পাড়ায় আলোচনা যখন চরমে, তখনই জায়েদ খানকে বয়কট করার সিদ্ধান্তে একাত্মতা প্রকাশ করেছেন চিত্রনায়িকা মৌসুমী।

এই চিত্রনায়িকা বলেন, ‘চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর সিদ্ধান্তে আমি একাগ্রতা প্রকাশ করছি। চলচ্চিত্রের স্বার্থে আমাদের এই সিদ্ধান্ত মেনে নিতে হবে। চলচ্চিত্র একটি সামষ্টিক শিল্প মাধ্যম। এখানে একক কর্তৃত্ব বা একক স্বেচ্ছাচারিতার কোনো জায়গা নেই।’

মৌসুমী আরও বলেন, ‘শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিভিন্ন সময়ে বিভিন্ন শিল্পীর সঙ্গে নানা বিষয়ে স্বেচ্ছাচারিতা দেখিয়েছেন। অনেকেই তা মুখ বুঝে সহ্য করেছেন। আবার অনেকেই প্রতিবাদী হয়েছেন। তার বিভিন্ন অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেই, আমি শিল্পী সমিতির বিগত নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু নির্বাচনে আমার সঙ্গে যা হয়েছে, সেটা প্রতিটা চলচ্চিত্র কর্মীই জানেন। যাই হোক, আমি চাই এই সংগঠনের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে যেসব অনিয়ম হচ্ছে তাও বন্ধ হোক। তাদের মাধ্যমে আবার চলচ্চিত্রের সোনালী সুদিন ফিরে আসুক।’

প্রসঙ্গত, বুধবার (১৫ জুলাই) আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘চলচ্চিত্র নির্মাণে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি নির্মাণ ব্যয় কমানোর লক্ষ্যে এবং সুষ্ঠ পরিবেশ ও আস্থা ফিরিয়ে আনতে এ বছরের শুরুর দিকে আমরা চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠন একত্রে মিলিত হয়ে ‘চলচ্চিত্র নির্মান সংক্রান্ত নীতিমালা প্রনয়ন কমিটি’ নামে একটি কমিটি গঠন করি। সব সমিতি এই কমিটির নীতিমালার সাথে একমত পোষণ করলেও শুধুমাত্র ব্যক্তি স্বার্থের কারণে চলচ্চিত্র শিল্পী সমিতি এর বিরোধিতা করে। আমরা তাদেরকে বোঝানোর জন্য বেশ কয়েকজন অত্যন্ত শ্রদ্ধেয় সিনিয়র শিল্পীদের নিয়ে একটা সভা করি। যাদের অধিকাংশই আবার শিল্পী সমিতির সম্মানিত উপদেষ্টা। তারাও আমাদের নীতিমালাকে প্রশংসা করেন এবং চলচ্চিত্রের স্বার্থে নীতিমালাটিকে মেনে নেবার জন্য শিল্পী সমিতির নেতৃবৃন্দকে অনুরোধ করেন। কিন্তু তারপরও শিল্পী সমিতির নেতৃবৃন্দ আমাদের সকলের মতামতের ভিত্তিতে তৈরী নীতিমালাকে মেনে নেননি।’

গুলজার বলেন, ‘আমরা বিশ্বস্তসূত্রে জানতে পেরেছি, এই নীতিমালার সবচেয়ে বেশি বিরোধিতা করছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তার কারণেই শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ অন্যান্য সকল সমিতি কর্তৃক প্রনয়নকৃত নীতিমালা মেনে নিতে পারছেন না।’

মিশা সওদাগরের বিষয়ে এ নেতা বলেন, ‘চলচ্চিত্র নির্মাণে শৃঙ্খলা আনতে ও নির্মাণ ব্যয় কমাতে গত অক্টোবরে একটি নীতিমালা প্রণয়ন করেছে প্রযোজক সমিতি। এটি বাস্তবায়ন হলে চলচ্চিত্র নির্মাণের খরচ ন্যূনতম ১৫ লাখ টাকা কমে যাবে। বিষয়টি নিয়ে একটি শুটিং ফ্লোরে অপ্রীতিকর ঘটনা ঘটান মিশা। তখন প্রযোজক সমিতি তার বিরুদ্ধে অ্যাকশন নেয়। এটা লকডাউনের আগের ঘটনা। তখন জানানো হয়, প্রযোজক সমিতির কোনও সদস্য মিশাকে নিয়ে কোনও ছবি করবেন না বা তাকে নিয়ে কেউ অনুমোদন নিতে এলে, তার ছবিটি অনুমোদন করা হবে না। সেই নিষেধাজ্ঞা এখনও বলবৎ আছে।’

অনন্ত জলিলের সিনেমা থেকে বাদ পড়লেন হিরো আলম

0

কথা দিয়েও কথা রাখতে পারেননি অনন্ত জলিল । তার সিনেমা থেকে বাদ দিয়েছেন হিরো আলমকে। বৃহস্পতিবার (১৬ জুলাই) হিরো আলমকে ফোন দিয়ে জানিয়ে দিলেন তার ছবি থেকে বাদের কথা।

বিষয়টি নিশ্চিত করে হিরো আলম ওরফে আশরাফুল আলম বলেন, ‘একটু আগে অনন্ত জলিল ভাই আমাকে ফোন দিয়ে বললেন আমি তার ছবি থেকে বাদ। আমিও বললাম ঠিক আছে। আমি অত কারণ শুনতে চাইনি। কারণ আমাকে তো তিনি আর এমনি নেননি, জনপ্রিয়তা আমার ছিল বলেই নিয়েছিলেন।’

কী কারণে বাদ? এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘(বুধবার) চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সংবাদ সম্মেলনে আমাকে ডাকা হয়। সেখানে আমি সকলের অনুরোধে কিছু কথা বলি। আমাকে বলা হলো জায়েদ খান ভাইয়ের সঙ্গে কদিন আগের দ্বন্দ্ব নিয়ে। আমি তেমন কিছু বলিনি। আমি শুধু বলেছি, আমি চলচ্চিত্রে কাজ করি, কিন্তু জায়েদ ভাই আমাকে চেনে না বলেছেন, এটা আমার দুঃখ লেগেছে।’

হিরো আলম বলেন, এই প্রসঙ্গে অনন্ত জলিল আমাকে বলেছেন, ‘তুমি কেন কথা বললে প্রযোজক সমিতিতে? ঐ প্রযোজক কি তোমাকে ছবি দেবে? তুমি বেশি বোঝো কেন? তোমাকে জায়েদের বিপক্ষে কথা বলতে কে বলেছে? আমি তো তোমাদের মিটমাট করে দিয়েছি। তারপরেও কেন তুমি কথা বলতে গেছ। তোমাকে আমার ছবিতে কাজ করতে হবে না। তুমি বাদ। আমি একটু পরে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়ে দিচ্ছি।’

হিরো আলমকে ছবিতে নেয়া প্রসঙ্গে অনন্ত জলিল এক সাক্ষাৎকারে বলেন, ‘হিরো আলম একটা পর্যায়ে চলে গেছে। তাকে তো আর ছোটখাট চরিত্রে নেয়া যাবে না। এখন আমি একটি যৌথ প্রযোজনার ছবি নিয়ে কাজ করছি। এতে অনেক ছোটখাটো চরিত্র রয়েছে। যেখানে হিরো আলমকে নিতে পারি না। সে যেহেতু একটা পর্যায়ে চলে গেছে তাই তাকে আগামী ছবিতে তাকে বড় চরিত্রে নেব। আমি যেহেতু কথা দিয়েছি, অবশ্যই নেব।’

কোনো দুর্নীতিবাজকে সরকার ক্ষমা করবে না: স্বাস্থ্যমন্ত্রী

0

করোনাভাইরাস দুযোর্গের সময় মানুষের সাথে যারা প্রতারণা করে, মানুষের আস্থা ভঙ্গ করে, মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে ছিনিমিনি খেলে তাদের সরকার মাফ করবে না বলে সাফ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

তিনি বলেছেন, ‘করোনার সময় বাংলাদেশের স্বাস্থ্য সেবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান ভালো কাজ করছে। যে দুটি প্রতিষ্ঠান প্রতারণা করেছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তারা যে অন্যায় করেছে তার শাস্তি পাবে। কোন দুর্নীতিবাজকে সরকার ক্ষমা করবে না।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা গড়াপাড়া নিজ বাড়িতে স্বাস্থ্যমন্ত্রী তার প্রয়াত বাবা কর্নেল এমএ মালেকের ২০তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সামাজিক দূরত্ব মেনে স্মরণ সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন ছাড়া বক্তব্য দেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটোসহ অনেকেই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস একটি নতুন দুর্যোগ। এ সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। করোনাকালীন দেশে ৭৫টি ল্যাব নির্মিত হয়েছে। আমাদের স্বাস্থ্য সেবা অন্য যেকোনো দেশের চেয়ে ভালো। আপনার দেখেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে, তারপরও কিছু ব্যক্তি সমালোচনা করছেন। তাদের কাজ হলো ভালো কাজকেও সমালোচনা করা। এসব সমালোচনাকে ভয় পাওয়ার কারণ নেই।’

ইংল্যান্ড সফরে দল ঘোষণা অস্ট্রেলিয়ার

0

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলছে ইংল্যান্ড। এরপর টি-২০ ও টেস্ট খেলবে পাকিস্তানের বিপক্ষে। তাদের দেখা-দেখি এবার ইংল্যান্ড সফরের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়াও। সেপ্টেম্বরে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চাই অজিরা। সেজন্য প্রাথমিক ২৬ জনের দলও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ওই দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা তিন ক্রিকেটার। তারা হলেন-দ্যানিয়েল স্যামস, রাইলি মেরেদিত্ত এবং জোসে ফিলিপে। এছাড়া গত অক্টোবরের পরে আন্তর্জাতিক ক্রিকেট না খেলা গ্লেন ম্যাক্সওয়েলও ফিরেছেন প্রাথমিক দলে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাহী ব্যবস্থাপক বেন ওলিভার জানান, আমরা ইংলিশ ক্রিকেট বোর্ড ও সরকারের নীতি-নির্ধারকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। এই সময়ে ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত প্রাথমিক দল তাদের অনুশীলন শুরু করতে পারবে। ক্রিকেট ফিরলেও আমরা ক্রিকেটার, কোচিং স্টাফ ও দর্শকদের সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ ‍গুরুত্ব দেব।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক এই দলটা দীর্ঘমেয়াদি চিন্তায় দিয়েছেন বলে জানান। নতুন তিনজন ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে। অস্ট্রেলিয়ার হয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যত দেখেন সিএ নির্বাচক। এখন থেকে তাদের নিয়ে চিন্তা করলে সামনের টি-২০ বিশ্বকাপ এবং ২০২৩ বিশ্বকাপের আগে তার প্রস্তুত হয়ে উঠবে বলে উল্লেখ করেন তিনি।

অস্ট্রেলিয়ার ঘোষিত প্রাথমিক দল: শেন অ্যাবোট, অ্যাস্টন আগার, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জজ হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুচানে, নাথান লায়ন, মিশেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, রাইলি মেরেদিত্ত, মাইকেল নেসের, জোসে ফিলিপে, দ্যানিয়েল স্যামস, ডি’আর্চি শর্ট, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিশেল স্টার্ক, মার্কোস স্টইনিস, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

ঈদে পোশাককর্মীদেরও কর্মস্থল ত্যাগে মানা

0

সরকারি ছুটির সঙ্গে মিল রেখেই আসন্ন ঈদুল আজহাতে তৈরি পোশাকসহ শিল্প-কারখানার শ্রমিকদের ছুটি ৩ দিন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একইসাথে ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো তৈরি পোশাক কারখানার শ্রমিকরাও তাদের কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলে জানান তিনি।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আসন্ন ঈদের ছুটি তিন দিনই থাকছে। এই ছুটি বাড়ানো হবে না। ছুটিকালীন সময়ে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এ ছুটিকালীন তিন দিন পোশাক কারখানার শ্রমিকরাও তাদের কর্মস্থল ত্যাগ করতে পারবেন না
শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের ইতোমধ্যে জুন মাসের বেতন দেয়া হয়ে গেছে। জুলাই মাসের বেতন-ভাতা, বোনাসের বিষয়ে বিজিএমইএ শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে বসে পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত নেবেন।
এ বিষয়ে জানতে চাইলে শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, রোববার প্রতিমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও শ্রমিক প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
সভায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, বিজিএমইএ, বিকেএমইএ নেতৃবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৩ জুলাই মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আসন্ন ঈদুল আজহার ছুটি বাড়ানো হবে না, ছুটি ৩ দিনই থাকবে। ঈদের ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে বলেও জানান তিনি।