Home Blog Page 2815

মাশরাফির করোনা নেগেটিভ হলেও স্ত্রীর এখনও পজিটিভ

0

অবশেষে করোনা নেগেটিভ সনদ পেয়ে গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুইদিন আগে তিনি পরীক্ষার স্যাম্পল জমা দিয়েছিলেন আজ এসেছে রিপোর্ট। তবে ম্যাশের স্ত্রী সুমনা হক এখনও করোনা পজিটিভ হয়ে আছেন। আজ রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এসব তথ্য দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার কনোরাভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজকে রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’
‘শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনও পজিটিভ। তবে সবার দোয়ায় সে ভালো আছে। তার জন্য দোয়া প্রার্থনা করছি। বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি। যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। একসঙ্গে থেকে করোনাভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’

করোনার নমুনা পরীক্ষা বাড়াতে ওবায়দুল কাদেরের আহবান

0

করোনার নমুনা পরীক্ষা আরও বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘গত কয়েক দিেেন আমরা লক্ষ্য করেছি করোনার নমুনা পরীক্ষা ক্রম কমছে। আবার পরীক্ষিত নমুনা বিবেচনায় আক্রন্তের শতকরা হার বেশি। যা আগের হিসাবে প্রায় চার ভাগের একভাগ নমুনা পরীক্ষার বাহিরে আক্রান্ত রোগী থাকা অধিকতর ঝুঁকিপূর্ণ এবং সংক্রমণ ছড়াতে পারে দ্রুত। তাই আমি নমুনা পরীক্ষা আরও বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করছি। ল্যাব গুলোর সক্ষমতা অনুযায়ি নমুনা পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী প্রেরণে স্বাস্থ্য বিভাগের কার্যকর ও দ্রুত উদ্যোগ প্রত্যাশা করছি।’
ওবায়দুল কাদের আজ মঙ্গলবার সংসদ ভবনের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।
করোনা পরীক্ষা নিয়ে কোনও ধরণের অনিয়ম সহ্য করা হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা পরীক্ষার ভুয়া সনদ যেমন উদ্বেগ বাড়িয়েছে, তেমনি বিদেশে দেশের ইমেজ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই এ ধরণের অপকর্ম নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। ভবিষ্যতে আর কোনও প্রতিষ্ঠান যেন এ ধরণের অপরাধ করতে না পারে, সেজন্য সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর আহ্বান জানাচ্ছি।
ওবায়দুল কাদের বলেন, ‘করোনার নমুনা পরীক্ষা ক্রমশ কমছে। আবার পরীক্ষিত নমুনা বিবেচনায় আক্রান্তের শতকরা হার বেশি। মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিভাগের মাঝে সমন্বয়ের অভাব আছে বলে গণমাধ্যমের খবর বেরিয়েছে। সে অনুযায়ী করোনার চিকিৎসা, সংক্রমণ রোধ এবং অন্যান্য রোগের চিকিৎসা অব্যাহত রাখতে সুসমন্বয় প্রতিষ্ঠা জরুরি।’
দলীয় নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ প্রদান করে ওবায়দুল কাদের বলেন, দেশের প্রায় ১৫ জেলায় বন্যা দেখা দিয়েছে। এছাড়া অন্যান্য জেলায়ও বন্যা ছড়িয়ে পড়তে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই দুর্যোগে অসহায় মানুষকে সহায়তা করে আসছে। সে ধারাবাহিকতায় দলের নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি।
বন্যার পানিতে মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ফসল, গবাদি পশুসহ অন্যান্য সম্পদ নষ্ট হচ্ছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সরকার পানিবন্দি মানুষকে ইতোমধ্যে সরিয়ে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্গত এলাকার মানুষের মাঝে রান্না করা খাবার সরবরাহ এবং মানবিক সহায়তায় প্রশাসনকে সহযোগিতার জন্য আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানান ওবায়দুল কাদের।
বন্যার পানিতে মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ফসল,গবাদিপশুসহ অন্যান্য সম্পদ বিনষ্ট হচ্ছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সরকার পানিবন্দি মানুষকে ইতিমধ্যেই সরিয়ে নিয়েছে আশ্রয় কেন্দ্রে এবং প্রায় এক হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
বিভিন্ন জেলায় কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, ক্রেতা-বিক্রেতার অবাধ বিচরণ এবং স্বাস্থ্যবিধির প্রতি অবহেলায় পরিস্থিতিকে ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘পশুরহাটের ইজারা গ্রহীতা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগসহ সবার প্রতি পশুরহাটে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর কঠোরতা প্রদর্শনের অনুরোধ রইলো।

স্থানীয় সরকার পদ্ধতিকে ঢেলে সাজানো প্রয়োজন: প্রধানমন্ত্রী

0

স্থানীয় সরকার পদ্ধতি অনেক দিন হয়ে গেছে, তাই এটাকে ঢেলে সাজানো প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা প্রেস ব্রিফিংয়ে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি জানান, বৈঠকে ৪ হাজার ২৫ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনে নতুন অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ ও উন্নয়ন (ফেজ-১)’ প্রল্পের অনুমোদন দেওয়া হয়। এসময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সরকারি তহবিল থেকে এ প্রকল্পের সব ব্যয় মেটানোর সুপারিশ করেন।
এবার আমাদের টাকা নেই উল্লেখ করে মেয়র বলেন, এ প্রকল্পের সব টাকা দিয়ে দেন। পরবর্তীতে আমাদের সংস্থার নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে সচেষ্ট থাকবো।
এরপর বিষয়টি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তার বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন- ডিএনসিসি স্থানীয় সরকারের আওতায়। আপনারা নাগরিকদের সুযোগ সুবিধা দিচ্ছেন। রাজস্ব আদায় করতে পারছেন না কেন? উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি করপোরেশন স্থানী সরকারের আওতায়। এখন আমাদের সময় এসেছে এগুলো (স্থানীয় সরকার) ঢেলে সাজানোর। একদিকে এরা বলে, আমরা (স্থানীয় সরকার) স্বাধীন, অন্যদিকে আবার টাকা ওঠাতে পারে না। কেন্দ্রীয় সরকার থেকে সহায়তা চায়। এই দুইটাতো একসঙ্গে চলতে পারে না। আপনি যদি স্বাধীন হন, তাহলে স্বাধীনভাবেই চলেন। স্থানীয় সরকারের চলমান পদ্ধতি দীর্ঘ দিনের, এটা এখন ঢেলে সাজাতে হবে।
প্রকল্প বাস্তবায়নে অর্থ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কোভিডের কারণে টাকা শর্টেজ হবে, তারপরও প্রকল্প বাস্তবায়ন করতে হবে। আমাদের সবাইকে মিতব্যয়ী হতে হবে, ব্যয় সাশ্রয় করতে হবে। এমনকি গাড়ি কেনার বিষয়েও একটা বিধি-নিষেধ এসেছে। আগে আমরা সভা-সমিতি করতাম, চা-কেক খেতাম, কিন্তু (ব্যয় কমাতে) এখনতো আমরা সবাই এমনটি করি না। আমরাতো এখন সভা করি ডিজিটালি, যার যার ঘরে বসে। সুতরাং এখানেও অনেক টাকা সাশ্রয় হবে। প্রকল্পের কাজে বিদেশে যেতে হতো, এখন প্রয়োজন হয় না। গাড়ি-ঘোড়া ক্রয়, বিদেশ ভ্রমণসহ সব ব্যাপারে আমাদের সাশ্রয়ী হতে হবে।
যেখানে-সেখানে সেতু নির্মাণ না করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন এমন একটি পরিস্থিতি দাঁড়িয়েছে, সবাই ঘরে ঘরে সেতু চান। কিন্তু এতে অর্থনৈতিক ও পরিবেশগত দুই দিক থেকেই ক্ষতি হয়। তাই এখন থেকে সেতু নির্মাণ প্রকল্পের বিষয়ে ভালোভাবে খতিয়ে দেখতে হবে। সেতু এভাবে বানাতে থাকলে নদী মরে যাবে।
প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম, হাওর ও চরাঞ্চলসহ দেশের প্রত্যন্ত সব এলাকাতেও বিদ্যুতের আলো পৌঁছে দিতে হবে।

ঈদুল আজহার জামাত নিয়ে সরকারের ১৩ নির্দেশনা

0

আসন্ন পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত মসজিদে আদায় এবং কোলাকুলি না করাসহ ১৩ দফা নির্দেশনা দিয়েছে সরকার।
এই ব্যাপারে আজ মঙ্গলবার (১৪ জুলাই) ধর্ম মন্ত্রণালয় নির্দেশনা জারি করেছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটি এসব নির্দেশনা বাস্তবায়ন করবেন।

নির্দেশনার মধ্যে রয়েছে, করোনাভাইরাসের কারণে মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদুল আজহার নামাজের জামাত ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে কাছের মসজিদে আদায় করতে হবে। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত আদায় করা যাবে। ঈদের নামাজের জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিস্কার করতে হবে।
মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন। ওজু করে মসজিদে আসতে হবে এবং ওজুর সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।
মসজিদে ওজুর স্থানে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে। জামাতে আগত মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে। মসজিদে রাখা জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে এবং এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে।
শিশু, বৃদ্ধ, যেকোনো ধরনের অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামাতে অংশগ্রহণ করবেন না। সর্বসাধারণের সুরক্ষার জন্য স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।
জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো যাবে না। নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য খতিব ও ইমামগণকে অনুরোধ করা হলো।
খতিব, ইমাম, মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসনকে বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করার কথাও বলা হয় এই নির্দেশনায়। এ ছাড়া পশু কোরবানির ক্ষেত্রে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

রিজেন্ট গ্রুপের এমডি গ্রেপ্তার

0

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের প্রতারণা কাজের অন্যতম সহযোগী রিজেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে গাজীপুরের কাপাসিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এ তথ‌্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ‌্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাসুদ পারভেজকে গ্রেপ্তার করা হয়। তিনি রিজেন্ট গ্রুপের চেয়ারম‌্যান মো. সাহেদের সব অপকর্মের অন্যতম সহযোগী। তিনি সব সময় সাহেদের সঙ্গে থাকতেন।
উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলার ২ নম্বর আসামি মাসুদ পারভেজ। রিজেন্ট হাসপাতালে অভিযানের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় মাসুদ পারভেজের অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা উত্তর সিটিতে বসবে ৬টি পশুর হাট

0

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ছয়টি পশুরহাট বসবে। এর মধ্যে একটি স্থায়ী ও বাকি পাঁচটি অস্থায়ী। স্থায়ী হাটটি বসবে গাবতলীতে।

অস্থায়ী হাটগুলো হচ্ছে- উত্তরা ১৭ নম্বর সেক্টরে বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ ভবন পর্যন্ত খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, ৪৩ নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রিজ সংলগ্ন মস্তুল ডুমনি বাজারমুখী রাস্তার উভয় পাশের খালি জায়গা, ভাটারা (সাঈদনগর) পশুরহাট এবং উত্তরখান মৈনারটেক হাউজিং প্রকল্পের খালি জায়গা। এছাড়া করোনার সংক্রমণ রোধে ই-কমার্স অব বাংলাদেশের (ই-ক্যাব) সহায়তায় অনলাইনে পশু কিনে অনলাইনের মাধ্যমে কোরবানি, মাংস প্রক্রিয়াকরণ এবং বাসায় পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, দরপত্র আহ্বানের পরও জনস্বার্থে ছয়টি হাটের ইজারা বাতিল করা হয়। ইজারা বাতিল হাটগুলো হচ্ছে- বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাবনগর), ভাষানটেক রাস্তার অব্যবহৃত ও পরিত্যক্ত অংশ ও পাশের খালি জায়গা, উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ নম্বর ব্রিজের পশ্চিম অংশ এবং ২ নম্বর ব্রিজের পশ্চিম পাশের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের খেলার মাঠ, মিরপুর-৬ নম্বর সেকশনের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা এবং মোহাম্মদপুর বুদ্ধিজীবী সড়ক সংলগ্ন বছিলা হাট।

পশুরহাট ঈদের দিনসহ মোট পাঁচদিন চালু থাকবে। নির্ধারিত তারিখের বেশি দিন হাট বসানো যাবে না। কোরবানির পশুর হাটের নির্ধারিত সীমানা বহাল থাকবে। সীমানার বাইরে কোনো হাট বসানো যাবে না। ইজারা গ্রহীতা নিজ ব্যবস্থাপনায় হাটের চৌহদ্দি সংরক্ষণপূর্বক চৌহদ্দির বাইরে যাতে পশুর হাট প্রসারিত না হয় তা নিশ্চিত করবে। পশুর বিক্রয় মূল্যের উপর সরকার অনুমোদিত শতকরা পাঁচ টাকা হারে হাসিল আদায় করতে হবে। ইজারা গ্রহীতা নিজ খরচে বাজারে দৃশ্যমান একাধিক স্থানে সর্বসাধারণের অবগতির জন্য চার্ট প্রদর্শনের ব্যবস্থা করবেন। ইজারা গ্রহীতা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দপ্তরে যোগাযোগ করে হাট চলাকালীন সময়ে হাট এলাকায় নিজ খরচে পুলিশ-আনসার মোতায়েনের ব্যবস্থা নেবে। এছাড়া হাটের নিরাপত্তার জন্য নিজস্ব কর্মী নিযুক্ত করবে। হাটের মধ্যে যত্রতত্র ময়লা আর্বজনা ফেলে রাখা যাবে না। নির্দিষ্ট স্থানে ময়লা আর্বজনা রাখতে হবে।

সাহেদের বিভিন্ন তথ্য চেয়ে ৯ প্রতিষ্ঠানে দুদকের চিঠি

0

সাহেদ করিমের দুর্নীতি অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক, এনবিআরসহ ৯ প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুদক।

এসব প্রতিষ্ঠানকে সাহেদের ব্যাংক হিসাব, আয়কর নথিসহ তার ব্যবসার তথ্য দ্রুত সরবরাহ করতে বলেছে দুদক। দুদক সচিব বলছেন, প্রমাণ পাওয়া মাত্র সাহেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নানা প্রতারণার মাধ্যমে বিপুল সম্পদ করার অভিযোগ রয়েছে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে। এনিয়ে সোমবার অনুসন্ধানে নামে দুদক।

মঙ্গলবার, দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি টিম স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে রিজেন্ট হাসপাতালের লাইসেন্সের হাল নাগাদ কপি তলব করে। একইসঙ্গে করোনার নমুনা পরীক্ষার চুক্তিপত্র ও বিভিন্ন বিল পরিশোধের কপিও চাওয়া হয়। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠানো চিঠিতে রিজেন্ট হাসপাতাল ও গ্রুপের নামে-বেনামে থাকা বিভিন্ন ব্যাংকের হিসাব, সাহেদের ব্যক্তিগত হিসাব ও তার পরিবারের সদস্যের নামে থাকা বিভিন্ন অ্যাকাউন্টের তথ্যও চাওয়া হয়।

শুধু স্বাস্থ্য অধিদপ্তর আর বাংলাদেশ ব্যাংক নয়। রাজস্ব বোর্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, জয়েন্ট স্টক কোম্পানিজসহ আরো সাতটি প্রতিষ্ঠানে সাহেদের বিষয়ে দুদক তথ্য চেয়েছে বলেও জানান দুদক সচিব দিলোয়ার বখত। সাহেদের দুর্নীতি অনুসন্ধানে শিগগিরই কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করবে দুদক।

‘স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সমস্যা নেই’

0

স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের কাছে মন্ত্রণালয় প্রশাসনিকভাবে কোনো কাজের ব্যাখ্যা চাইতেই পারে, এটি সরকারি কাজের একটি অংশ। জেকেজি ও রিজেন্ট হাসপাতালের অনৈতিক কর্মকাণ্ড কতটুকু হয়েছে তা সরকার খতিয়ে দেখছে। কেউ দোষী সাব্যস্ত হলে তার কঠোর বিচার করতে হবে এবং প্রশ্রয়দানকারীদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে মিডিয়া কর্মীদের সঙ্গে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে অধিদপ্তরের কোনো সমস্যা চলছে কি-না এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অধিদপ্তরের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সমস্যা নেই। দুটি’ই সরকারের অঙ্গ প্রতিষ্ঠান। দুটি প্রতিষ্ঠানই বর্তমানে কোভিড-১৯ এর দুর্যোগ মোকাবিলায় দিন-রাত কাজ করে যাচ্ছে। জেকেজি ও রিজেন্ট হাসপাতালের সাম্প্রতিক কর্মকাণ্ডের ব্যাপারে ব্যাখ্যা দিতে মন্ত্রণালয় থেকে অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। এটি সরকারের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের একটি অংশ মাত্র। মন্ত্রণালয় ও অধিদপ্তরের সমস্যার কোনো ব্যাপার এটি নয়।

পরে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূরের সাথে আলাদা বৈঠক করেন। মন্ত্রী বৈঠকে সচিবদের দেশের সকল ক্লিনিক ও হাসপাতালে সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছে কি-না সে ব্যাপারে তৎপর থাকার নির্দেশ দেন। পাশাপাশি, কোনো ক্লিনিক ও হাসপাতাল অনৈতিক কোনো কর্মকাণ্ড হলে তা দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

গোয়েন্দা কার্যালয়ে সাবরিনাকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

0

ভুয়া করোনা টেস্ট রিপোর্ট তৈরির অভিযোগে গ্রেফতার ডা. সাবরিনা চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মামলায় ৩ দিনের রিমান্ডে আছেন তিনি। এর আগে সোমবার রাতে মামলাটি তেজগাঁও থানা থেকে তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সকালে তেজগাঁও থানার ওসি সালাহউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার ডা. সাবরিনা আরিফকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে চার দিনের রিমান্ড চেয়ে একটি প্রতিবেদন দাখিল করে তেজজগাঁও থানার ওসি (অপারেশন) হাসনাত খন্দকার। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে জেকেজির বিরুদ্ধে করা মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেছেন, মামলার আসামি ডা. সাবরিনা আরিফ জেকেজি হেলথ কেয়ার নামক প্রতিষ্ঠানের চেয়ারম্যান। তিনি তার প্রতিষ্ঠানের মাধ্যমে মামলার ঘটনায় জড়িত সহযোগী আসামিদের নিয়ে সরকারি প্রতিষ্ঠানের নাম এবং লোগো ব্যবহার করে প্রতারণার মাধ্যমে করোনা সংক্রমণের বিষয়ে পজিটিভ জাল রিপোর্ট সরবরাহ করে টাকা আত্মসাৎ করেন।

ডা. সাবরিনার মামলা ডিবিতে স্থানান্তর

0

করোনাভাইরাস পরীক্ষার ভুয়া সাটিফিকেট প্রদান জালিয়াতির সাথে জড়িত মামলায় গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনাকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি-মিডিয়া) উপকমিশনার ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার দুপুরে সাবরিনাকে আটক করা হয় এবং মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পরে সোমবার আদালত সাবরিনার তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।

জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ডা. সাবরিনার স্বামী আরিফুল চৌধুরীসহ ছয়জনের বিরুদ্ধে জাল কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট তৈরির অভিযোগে তেজগাঁও থানায় এ মামলাটি দায়ের করা হয়েছিল।

এ মামলায় ডা. সাবরিনার স্বামী আরিফুল চৌধুরী, হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজিনা পাটোয়ারীসহ গুলশানের কনফিডেন্স টাওয়ারের জেকেজি হেলথকেয়ারের অফিস থেকে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

করোনার ভুয়া রিপোর্ট প্রদানের কেলেঙ্কারি প্রকাশিত হওয়ায় আলোচনায় আসেন জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী।

প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সাবরিনার স্বামী আরিফ চৌধুরীসহ ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।