Home Blog Page 2817

বিদেশিদের করোনা চিকিৎসায়ও তালিকাভুক্ত হাসপাতাল ছিল রিজেন্ট

0

করোনা রোগীদের চিকিৎসার নামে রিজেন্ট হাসপাতালের প্রতারণার শিকার হয়েছেন দেশের বহু মানুষ। একইভাবে প্রতারিত হতে পারতেন বিদেশিরাও।

কেননা, করোনায় সংক্রমিত হলে ঢাকার বিদেশি কূটনীতিক ও নাগরিকদের জন্য ঢাকার যে চারটি হাসপাতাল প্রস্তুত করা হয়েছিল, তার মধ্যে ছিল আলোচিত রিজেন্ট হাসপাতালও। তবে হাসপাতালটির প্রতারণা থেকে রক্ষা পেয়েছেন বিদেশিরা। কেননা, তারা কেউই ওই হাসপাতালে যাননি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হলে বিদেশি কূটনীতিক ও নাগরিকদের জন্য সরকার থেকে চারটি হাসপাতাল নির্ধারণ করা হয়। এর মধ্যে দুটি ছিল সরকারি আর দুটি বেসরকারি হাসপাতাল। বেসরকারি হাসপাতালের মধ্যে একটি ছিল আলোচিত মো. সাহেদ ওরফে সাহেদ করিমের মালিকানাধীন রিজেন্ট হাসপাতাল।

সূত্র জানায়, ঢাকার বিদেশি কূটনীতিক ও নাগরিকদের করোনা চিকিৎসায় প্রস্তুত করা হয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। হাসপাতালটি দেখিয়ে কূটনীতিকদের আশ্বস্তও করে পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও বিদেশিদের চিকিৎসায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রস্তুত করা হয়। আর বেসরকারি হাসপাতালের তালিকায় ছিল এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) ও রিজেন্ট।

করোনা রোগীদের চিকিৎসার নামে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে গত সোমবার (৬ জুলাই) রাতে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‍্যাব। এতে করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ মেলে। অন্তত ছয় হাজার ভুয়া করোনা পরীক্ষার সনদ পাওয়ার প্রমাণ পাওয়া যায় অভিযানে।

পরদিন মঙ্গলবার রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে মামলা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. শাহেদসহ ১৭ জনকে আসামি করা হয়।

মামলার আসামিরা হলেন হাসপাতালের চেয়ারম্যান মো. শাহেদ (৪৩), ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজ (৪০), অ্যাডমিন আহসান হাবীব (৪৫), এক্সরে টেকনিশিয়ান হাসান (৪৯), মেডিক্যাল টেকনোলজিস্ট হাকিম আলী (২৫), রিসিপশনিস্ট কামরুল ইসলাম (৩৫), রিজেন্ট গ্রুপের প্রজেক্ট অ্যাডমিন রাকিবুল ইসলাম (৩৯), রিজেন্ট গ্রুপের এইচআর অ্যাডমিন অমিত অনিক (৩৩), গাড়িচালক আব্দুস সালাম (২৫), এক্সিকিউটিভ অফিসার আব্দুর রশীদ খান জুয়েল (২৮), হাসপাতাল কর্মচারী তরিকুল ইসলাম (৩৩), স্টাফ আব্দুর রশিদ খান (২৯), স্টাফ শিমুল পারভেজ (২৫), কর্মচারী দীপায়ন বসু (৩২) এবং মাহবুব (৩৮)। অপর দু’জনের নাম জানা যায়নি।

১৭ জন আসামির মধ্যে এমডি মাসুদ পারভেজসহ আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রিজেন্ট চেয়ারম্যান শাহেদসহ ৯ জন পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে র‍্যাব।

মঙ্গলবার রোগী স্থানান্তরের পর উত্তরা ও মিরপুরের দুটি হাসপাতালই সিলগালা করে দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এদিন সিলগালা করা হয় রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ও।

আগের দিন সোমবার রাতে চালানো অভিযানে অননুমোদিত র‌্যাপিড টেস্টিং কিট ও সাহেদের গাড়ি জব্দ করা হয়। র‌্যাবের অভিযানে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কে অবস্থিত রিজেন্ট হাসপাতাল লিমিটেডের বিরুদ্ধে বহু অপকর্মের তথ্য-প্রমাণ মিলেছে।

বগুড়া ও যশোরের দুই আসনে ভোটগ্রহণ চলছে

0

জাতীয় সংসদের যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। চলবে টানা বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে ভোটের এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যান চলাচলের ওপরও আরোপ করা হয়েছে বিধি-নিষেধ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ইতোমধ্যে নির্বাচন এলাকায় অবস্থান নিয়েছেন।

ভোটের কারণে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কায় কমিশনের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান ইতোমধ্যে ভোট বর্জন করছে বিএনপি। তবে বিএনপির প্রার্থীদ্বয়ের মনোনয়নপত্র বৈধ হওয়ায় এবং তারা প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে নির্বাচন বর্জন করায় ব্যালট পেপারে তাদের নাম ও প্রতীক রাখা হয়েছে।

করোনা পরিস্থিতির মধ্যে ভোটগ্রহণ করায় মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। মাস্ক না পরলে কাউকেই ভোট দিতে দেবে না বলে জানিয়েছেন ইসি সচিব মো. আলমগীর।

বগুড়া-১ আসন
মনোনয়নপত্র বাছাইয়ের পর আসনটির উপ-নির্বাচনের বৈধ ছয় প্রার্থীকে প্রতীক বরাদ্দ করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সাবেক সংসদ সদস্য আবদুল মান্নানের সহধর্মিণী সাহাদারা মান্নান (নৌকা), বিএনপির একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ), জাতীয় পার্টির মোকছেদুল আলম (লাঙ্গল), প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. রনি (বাঘ), বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম (বটগাছ) ও স্বতন্ত্র ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (ট্রাক)।

এ নির্বাচনে মোট ৩ লাখ ১৭ হাজার ৫৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ভোটগ্রহণ করা হবে ১২২টি ভোটকক্ষে।

গত ১৮ জানুয়ারি সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপর শূন্য আসনে নির্বাচনের জন্য ১৬ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

যশোর-৬ আসন
এ আসনে বৈধ তিন প্রার্থী প্রতীক পেয়েছিলেন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদারকে (নৌকা), বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ (ধানের শীষ) ও জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান হাবিব (লাঙ্গল)।

দুই লাখ ৪ হাজার ৩৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন এ আসনে। ভোটগ্রহণ করা হবে ৭৯টি ভোটকেন্দ্রে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ইসমাত আরা সাদেক জয়ী হন। চলতি বছরের ২১ জানুয়ারি তিনি মারা যান। এরপর শূন্য আসনে নির্বাচনের জন্য ১৬ ফেব্রুয়ারি তফসিল দেয় ইসি।

এই দুই আসনেই ভোটগ্রহণের কথা ছিল গত ২৯ মার্চ। কিন্তু করোনার কারণে ভোটের এক সপ্তাহ আগে ২১ মার্চ নির্বাচন স্থগিত করা হয়। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে ১৮০ দিন সময় শেষ হয়ে আসায় করোনার মধ্যেই আবার ভোটের সিদ্ধান্ত দেয় ইসি।

নির্বাচন সুষ্ঠু করতে কেন্দ্র প্রতি ১৭ থেকে ১৯ জনের ফোর্স মোতায়েন রয়েছে। এক্ষেত্রে সাধারণ কেন্দ্রে পুলিশ, আনসারের সর্বনিন্ম ১৭জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সর্বোচ্চ ১৯ জন সদস্য আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন উপলক্ষে উল্লিখিত শূন্য আসনের নির্বাচনে সাধারণ ভোটকেন্দ্রে পুলিশ, আনসার ও ভিডিপি এবং গ্রাম পুলিশের ১৭ থেকে ১৯ জন করে সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটগ্রহণের আগে-পরে মোট চার দিনের জন্য দায়িত্ব পালন করছেন।

এছাড়া নির্বাচনে দায়িত্ব পালন করছে ১৬ প্লাটুন বিজিবি, ১৬ টিম র‌্যাব, পুলিশ-এপিবিএন-আনসারের ৩৩টি মোবাইল টিম, ১৭টি স্ট্রাইকিং টিম ও দুটি রিজার্ভ স্ট্রাইকিং টিম। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনী তদন্ত কমিটি, ৭৮ জন নির্বাহী হাকিম, চারজন বিচারিক হাকিমও কাজ করছেন।

করোনায় বিএমএ নেত্রী ডা. আইরিন জামানের মৃত্যু

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ডা. আইরিন জামান। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ডা. আইরিন জামানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

বিএমএ চট্টগ্রাম শাখা সূত্রে জানা গেছে, কয়েকদিন যাবত তাকে আইসিইউ রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। তিনি কুমিল্লা মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) তথ্য অনুযায়ী, ডা. আইরিন জামানের মৃত্যু নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৬৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ১০ জন চিকিৎসক।

জঙ্গি সন্দেহে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিল ভারতের গোয়েন্দারা

0

ভারতে বিভিন্ন সময় হামলা চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে সন্দেহভাজন ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, দক্ষিণ ভারতে আত্মঘাতী হামলা চালানোর মতো আইএস জঙ্গি গোষ্ঠী রয়েছে। যে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট তৈরি করা হয়েছে, তারা তামিলনাড়ু, কর্নাটকে একাধিক জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত। চার্জশিটে নাম রয়েছে সন্দেহভাজন আইএস জঙ্গি খাজা মহিউদ্দিনের। তাকে সেই ২০১৭ সাল থেকে হন্যে হয়ে খুঁজছে গোয়েন্দারা। তামিলনাড়ুতে এক পুলিশ কর্মকর্তার খুনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা।

তদন্তকারী কর্মকর্তারা বলছেন, এই মহিউদ্দিন আবার আইএস কমান্ডার হাজা ফাকরুদ্দিনের ঘনিষ্ঠ ব্যক্তি। এই হাজা প্রথম ভারতীয় যে আইএসে যোগ দিয়েছিল ২০১৪ সালে। হাজা ফাকরুদ্দিন ও খাজা মহিউদ্দিন দু’জনেই তামিলনাড়ুর কুড্ডালোরের বাসিন্দা।

বেঙ্গালুরুতে নতুন করে আইএসের আস্তানা তৈরি করেছে মহিউদ্দিন, এমনটাই দাবি গোয়েন্দা কর্মকর্তাদের। সেখানে তার সঙ্গে রয়েছে মেহবুব পাসা নামে আইএসেরই সন্দেহভাজন আরেক সদস্য।

তদন্তকারীরা বলছেন, সন্দেহভাজন জঙ্গিরা আগে ‘আল হিন্দ’ গোষ্ঠী নামে একটি সংগঠন তৈরি করেছিল। দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় নাশকতা চালায় এই গোষ্ঠী। পরে ইসলামিক স্টেটের মূলধারার সঙ্গে মিশে যায়। ফেব্রুয়ারি মাস থেকে কর্নাটকের ১৫টি জায়গায় তল্লাশি অভিযান চালায় এনআইএ।

গোয়েন্দারা বলছেন, এই ১৭ জনের একে অপরের সঙ্গে যোগাযোগ রয়েছে। তামিলনাড়ু, কর্নাটকের নানা জায়গায় হিন্দু প্রভাবশালী নেতাদের হত্যা, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, নাশকতামূলক কাজকর্মের সঙ্গে যোগসূত্র রয়েছে। মনে করা হচ্ছে আইএস সংগঠন থেকেই অর্থ ও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র পাঠানো হয় তাদের।

মেহবুব পাসা বেঙ্গালুরুর বাসিন্দা। খাজা মহিউদ্দিন ও সাদিক বাসার সঙ্গে মিলে আল-হিন্দ সংগঠনকে নতুনভাবে জাগিয়ে তোলার চেষ্টা করছে। এই সাদিক বাসা আরেক সন্দেহভাজন আইএস জঙ্গি। যার নাম রয়েছে এনআইএ-র চার্জশিটে।

শ্রীলঙ্কায় বিস্ফোরণের পর জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) গোয়েন্দারা যখন এই তথ্য ফাঁস করে দেন যে, আইএস-ই ওই ঘটনায় জড়িত, তখন থেকেই কেরালা, কর্নাটক, তামিলনাড়ুর নানা জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়।

গোয়েন্দারা জানান, ইরাক ও সিরিয়ায় আইএসের শক্তি প্রায় শেষ হয়ে যাওয়ার পর কেরালা, কর্নাটকে ওই সন্ত্রাসবাদী সংগঠন তাদের শক্ত ভিত গড়ে তোলার চেষ্টা করছে। যুব সম্প্রদায়কে দলে টানারও চেষ্টা করছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

আরো ৩৯ মৃত্যু, শনাক্ত ৩,০৯৯

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন তিন হাজার ৯৯ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই হাজার ৩৯১ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জন।

আজ সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এঁরা ৩০ জন পুরুষ এবং ৯ জন নারী। এঁদের বয়স ০ (শূন্য) থেকে ১০ বছরের মধ্যে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই হাজার ৩৯১ জনের।

এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁদের মধ্যে পুরুষ এক হাজার ৮৯০ জন এবং নারী ৫০১ জন। আর বয়স বিবেচনায় এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁরা ০ (শূন্য) থেকে ১০ বছরের মধ্যে ১৫ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ২৮ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৭৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৬৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৪৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭১৪ জন এবং ষাটোর্ধ এক হাজার ৪২ জন।

জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যে ৩৯ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, ময়মনসিংহ বিভাগের একজন, খুলনা বিভাগের সাতজন, বরিশাল বিভাগের তিনজন, রংপুর বিভাগের দুইজন এবং সিলেট বিভাগের দুইজন। হাসপাতালে মারা গেছেন ৩৪ জন এবং বাসায় পাঁচজন।

বিভাগ অনুযায়ী এ পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন তাঁরা ঢাকা বিভাগের এক হাজার ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগের ৬২৩ জন, রাজশাহী বিভাগের ১২১ জন, খুলনা বিভাগের ১২৮ জন, বরিশাল বিভাগের ৮৮ জন, সিলেট বিভাগের ১০৫ জন, রংপুর বিভাগের ৭৫ জন এবং ময়মনসিংহ বিভাগের ৫৬ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ৭০৩ জন। এ নিয়ে দেশের করোনা সংক্রমণ থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৩১৭ জন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৩৫৮টি। একই সময় পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১২ হাজার ৪২৩টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে তিন হাজার ৯৯ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ৫২ হাজার ৯৪৭টি।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৭৬৫ জনকে। একইসময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭১৩ জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন ৩৭ হাজার ২৭০ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৯ হাজার ৮৯৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৩৭১ জন।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ৪০১ জন। একইসময় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ২৭৩ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট তিন লাখ ৯৬ হাজার ২৫৫ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন তিন লাখ ৩৪ হাজার ৪৪ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৬২ হাজার ২১১ জন।

সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত ৬২৯টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩১ হাজার ৯৯১ জনকে সেবা প্রদান যায় বলে জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে এক লাখ ৭৭ হাজার ৫৩৬টি। এ নিয়ে এ পর্যন্ত ফোনকল গ্রহণ করা হয়েছে এক কোটি ৬২ লাখ ৩০ হাজার ৪৯০টি। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

প্লাটফর্ম মুক্তপাঠ-এ অনলাইনে সেবা দেওয়ার জন্য গত ২৪ ঘণ্টায় যুক্ত হয়েছেন আরো তিনজন চিকিৎসক। এ নিয়ে এই বিভাগে বর্তমানে মোট প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা ১৬ হাজার ৪৭৭ জন। এ ছাড়া বর্তমানে স্বেচ্ছাসেবক হিসেবে হটলাইনে চার হাজার ২১৭ জন চিকিৎসক স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানানো হয় বুলেটিনে।

অনিয়ম করে সম্পদের পাহাড় করলে ব্যবস্থা : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন, জনগণের বুকের গভীরে রয়েছে এর শেকড়। দলে এসে দলের নাম ভাঙিয়ে অনিয়মের আশ্রয় নিয়ে কাউকে ভাগ্য বদলাতে দেওয়া যাবে না।

আজ সোমবার সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। এ বিষয়ে শেখ হাসিনা সরকার স্ব-প্রণোদিত হয়ে দুর্নীতি উদঘাটন করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসছে। ক্যাসিনো বিরোধী অভিযান থেকে শুরু করে ত্রাণ কার্যক্রম,স্বাস্থ্যখাতসহ যেখানেই অনিয়ম দুর্নীতি, সেখানেই কঠোর অবস্থানে সরকার।

তিনি বলেন, করোনার এই পরিস্থিতিতে জনগণকে বাঁচানোর লক্ষ্যে সর্বাত্বক কাজ করছে সরকার ও আওয়ামী লীগ। ইতোমধ্যে সকল রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে ক্ষেত্রবিশেষ সীমিত করে জনগণের দুর্দশা কমানো, সংক্রমণ রোধ এবং জীবিকার নিরাপত্তা বিধানকে রাজনীতি হিসেবে নিয়েছে।

বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে সমালোচনার নামে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে রাজনৈতিক বিচ্ছিন্নতাকাল উদযাপন করছে। তারা জনগণের দুর্দশা, অসহায়ত্ব চোখে দেখে না। বিএনপি সার্কাসের হাতির মতো নেতিবাচকতার বৃত্তে ঘুরপাক খাওয়া আর চিরাচরিত মিথ্যাচারকে রাজনৈতিক কৌশল হিসেবে নিয়েছে। জনগণ এখন আর তাদের মিথ্যাচারে বিভ্রান্ত হয় না বলেও মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের আরো সতর্কতা প্রয়োজন ছিল : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজধানীর রিজেন্টে হাসপাতালের সাহেদ বা জেকেজিকে করোনা ইস্যুতে সম্পৃক্ত করার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের অবশ্যই সতর্কতা প্রয়োজন ছিল। এ ধরনের দুষ্টু চক্রের ফলে মানুষের মনে বিরূপ প্রভাব পড়ে ও আস্থার অভাব তৈরি হয়। অনেক মানুষ এ চক্রের ফলে ভুক্তভোগী হয়েছেন।

আজ সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিমত দেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সাহেদের বিষয় বা জেকেজির বিষয়ে কোনো পত্রিকায় রিপোর্টের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হয়েছে তা কিন্তু নয়। সরকার নিজেই এখানে কোনো অনিয়ম হচ্ছে কিনা, সেটি খতিয়ে দেখার পরিপ্রেক্ষিতে বিষয়গুলো উঠে এসেছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, জেকেজির প্রধান নির্বাহী ও চেয়ারম্যান দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। সাহেদের দুটি হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়েছে। এসব ব্যাপারে মামলা হয়েছে। সাহেদকেও গ্রেপ্তার করার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ়ভাবে বলা হয়েছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এদেরকে এই কাজের সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের আরও সতর্ক হওয়ার অবশ্যই প্রয়োজন ছিল।

মন্ত্রী বলেন, সরকার দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে নানা পদক্ষেপ নিয়েছে মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য। বাংলাদেশে যখন প্রথম করোনা রোগী শনাক্ত হয় তখন মুজিববর্ষের সব অনুষ্ঠান স্থগিত করেছে। একই সঙ্গে আমাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। করোনা প্রতিরোধে সরকার শুরু থেকে যা যা করার দরকার সব করে এসেছে। আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করা হয়েছে মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে করোনায় মৃত্যুর হার অনেক কম। এটা সম্ভব হয়েছে সরকারের যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলে। সরকার এ কাজটি আরো সুচারুভাবে করতে চায় বিধায় এ খাতের অনিয়ম দুর্নীতিগুলো উৎঘাটন করে সে সবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বলে জানা তিনি।

দুর্নীতির কোনো জায়গায় ছাড় নয় : স্বাস্থ্য সচিব

0

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান বলেছেন, প্রতিদিন দুর্নীতির বিরুদ্ধে উদ্যোগ গ্রহণ করছি আমরা। করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট তৈরির ঘটনায় ডা. সাবরিনাকে বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্যের ডিজির কাছে ব্যাখা চাওয়া হয়েছে।
তিনি বলেন, শুধু ঢাকাতে নয়, নারায়ণগঞ্জেও যদি এমন কোনো অনিয়মের তথ্য থাকে আমাদের জানান। মিডিয়াই আমাদের ভরসা। দুর্নীতির কোনো জায়গায় ছাড় দিতে চাচ্ছি না। একদিন, এক ঘণ্টা, এক মিনিটও দুর্নীতির সঙ্গে থাকতে চাই না আমি।
আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্য সচিব বলেন, আমাদের কাছে তথ্য-প্রমাণ আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা বসে থাকব না। সবচেয়ে বড় কথা সত্য যেন বের হয়ে আসে। আমরা সত্যের সঙ্গে থাকতে চাই। যারা অপরাধ করবে তারা আইনের আওতায় আসবে। আমাদের অনেক সময় তথ্যউপাত্ত পেতে অনেক দেরি হয়, সেটি আপনাদের কাছে থাকলে আমাদের জানাবেন।
আব্দুল মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলেছেন এদেশে দুর্নীতির কোনো স্থান নেই। দুর্নীতি দমন কমিশনও এসব নিয়ে কাজ করছে। আমি নির্ভয়ে বলতে চাই, যারা অপরাধ করবে তারা যে প্রতিষ্ঠানই হোক না কেন বা যে ব্যক্তিই হোক না কেন দেখার বিষয় না, আমরা অপরাধ দেখে প্রতিষ্ঠান একেবারে সিলগালা করে দেব।
তিনি বলেন, নারায়ণগঞ্জ করোনার শুরু থেকে হটস্পটে পরিণত হয়েছিল। নারায়ণগঞ্জ এখন একটা পর্যায়ে এসেছে। এখানে যারা স্বাস্থ্যসেবা ও করোনা নিয়ে কাজ করছেন তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতে আজ এখানে এসেছি। ডাক্তাররা ফ্রন্টলাইন যোদ্ধা; তাই তাদের কাছে এসেছি তাদের কথা শুনতে। এতে তাদের মনোবল ফিরে আসবে। তাদের ডেকে ঢাকায় নিয়ে কথা বলার চাইতে তাদের কাছে এসে আমি কথা শুনবো বলেই এখানে আসা। তাদের কাছ থেকেই আমি জানব সমস্যাগুলো কোথায়, যাতে মানুষ সেবা পায় এবং জনগণের সেবা নিশ্চিত করা যায়।

যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল আর নেই

0

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গত ১৪ জুন নুরুল ইসলামের করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিনই তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। করোনায় তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়। বিশিষ্ট এই শিল্পোদোক্তার চিকিৎসায় এভারে কেয়ারের ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুদের নেতৃত্ব ১০ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়। এর বাইরে চীনের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসাপাতালের ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক টেলিকনফারেন্সের মাধ্যমে পরামর্শ দিয়েছেন।

তার স্ত্রী সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বর্তমান জাতীয় সংসদের এমপি সালমা ইসলাম। ছেলে শামীম ইসলাম, রোজালিন ইসলাম, মনিকা ইসলাম এবং সনিয়া ইসলাম যমুনা গ্রুপের পরিচালক।

কুয়েতে নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান

0

মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত এস এম আবুল কালামের স্থলাভিষিক্ত হবেন।

রাষ্ট্রদূত হিসেবে এস এম আবুল কালামের চুক্তির মেয়াদ এ মাসেই শেষ হচ্ছে। মানবপাচার, অর্থপাচার ও শ্রমিক নিপীড়নের অভিযোগে কুয়েতের কারাগারে আটক সংসদ সদস্য (এমপি) কাজী সহিদ ইসলাম পাপুলের বিষয়ে এক মাসের বেশি সময়েও তিনি কুয়েত সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য ঢাকায় জানাতে পারেননি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সম্প্রতি কুয়েতে নতুন রাষ্ট্রদূত পাঠানোর কথা সাংবাদিকদের জানিয়েছিলেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে।

মেজর জেনারেল মো. আশিকুজ্জামান ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি ইনস্ট্রাশানাল, স্টাফ ও কমান্ড পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিয়েরা লিওন, আইভরি কোস্ট ও কঙ্গোতে জাতিসংঘের তিনটি শান্তি সহায়ক মিশনেও দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের আগে তিনি বাংলাদেশে ন্যাশনাল ডিফেন্স কলেজে সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ‘মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ’ ও ‘মাস্টার্স অব স্ট্র্যাটেজিক স্টাডিজ’ অর্জন করেছেন।