Home Blog Page 2821

দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা দুদকের আছে : কাদের

0

স্বাস্থ্য খাতসহ সব খাতের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যেখানেই দুর্নীতি হবে সেখানেই তদন্ত করে ব্যবস্থা গ্রহণে দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা রয়েছে। প্রয়োজনে নিজের মন্ত্রণালয়ের যে কোনো অনিয়মের বিরুদ্ধেও তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণে কোনো বাধা নেই।
আজ রবিবার (১২ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বিষোদগার ছাড়া এ সংকটে কী করেছে বিএনপি এমন প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব বরাবরের মতো অভিযোগ করেছেন জনগণের জীবন জীবিকার ওপর সরকারের নাকি কোনো দায়দায়িত্ব নেই। আমি প্রশ্ন রাখতে চাই- জীবন ও জীবিকার চাকা সচল রাখতে শেখ হাসিনা সরকার যখন নানামুখী সিদ্ধান্ত নিয়েছিল তখন আপনারা সমালোচনা করেছিলেন কেন? লকডাউনের জন্য চাপ তৈরি করে এখন তিনি জনগণের জীবিকার কথা বলছেন। বিএনপির সুবিধাবাদী রাজনৈতিক চরিত্র এবং ডাবল স্ট্যান্ডার্ড ইতোমধ্যে জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে।
তিনি বলেন, সরকারের অবহেলা আর অজ্ঞতার জন্য নাকি পরিস্থিতি এমন হয়েছে। আমি জানতে চাই করোনা মহামারিতে বিশ্বের কোন দেশ বিদ্যমান সুবিধা দিয়ে সফলতা পেয়েছে? কোন দেশ হিমশিম খাইনি? সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জনগণকে সাথে নিয়ে সংকট মোকাবেলার। আপনারা তো বলেছিলেন রাস্তায় রাস্তায় মানুষ মরে পড়ে থাকবে। সেটি এখনো হয়নি বলে কি আপনাদের গাত্রদাহ? সরকার সীমাবদ্ধতা সত্ত্বেও বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে কাজ করছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনারা বিষোদগার ছাড়া এ সংকটে কী করেছেন? সরকারকে সহযোগিতা দিয়েছেন জনকল্যাণে? যাদের সময় দেশ দুর্নীতিতে অতলে ছিল, দুর্নীতিবাজদের ছিল অভয়ারণ্য, যারা নিজেদের গঠনতন্ত্র থেকে ৭-ধারা বিভক্ত করে দুর্নীতিবাজদের নেতৃত্বে এনেছে। আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। ক্ষমতায় থাকতে দুর্নীতির বিচার করেনি- তাদের মুখে দুর্নীতির কথা বলা ভূতের মুখে রাম নাম।
তিনি বলেন, শেখ হাসিনার সততা সর্বজন বিদিত। তিনি পেরেছেন নিজ উদ্যোগে দুর্নীতিবিরোধী অভিযান চালাতে। শুদ্ধি অভিযান এগিয়ে নিতে। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে অনিয়মের বিরুদ্ধে দাঁড়াতে। বিএনপির দুর্নীতি লালন, সৃজন, সংক্রমণ ও বিকাশ ছাড়া আর কী করেছে? জনগণের কাছে আজ সবই দিবালোকের মতো পরিষ্কার।

প্রাথমিকে পদোন্নতি পাচ্ছেন ১৮ হাজার শিক্ষক

0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষকদের স্থায়ীকরণের কার্যক্রম শুরু হয়েছে। গ্রেডেশন লিস্ট (জ্যেষ্ঠতা তালিকা) সংগ্রহ করা হচ্ছে।
চলতি (জুলাই) মাস থেকে ধাপে ধাপে দায়িত্বে থাকা সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হবে। আগামী মাসের মধ্যে দেশের ১৮ হাজার শিক্ষককে পদোন্নতির আওতায় আনা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে আজ রবিবার (১২ জুলাই) ডিপিইর মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, সারাদেশে প্রায় ১৮ হাজারের মতো বিদ্যালয়ে জ্যেষ্ঠতার ভিত্তিকে সহকারী শিক্ষকদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য আসনে প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে বসানো হয়েছে। ইতোমধ্যে তাদের জ্যেষ্ঠতার ভিত্তিতে চূড়ান্তভাবে পদোন্নতি কার্যক্রম শুরু হয়েছে। মাঠ কর্মকর্তার কাছে দায়িত্বে থাকা শিক্ষকদের গ্রেডেশন তালিকাসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে বলা হয়েছে। ইতোমধ্যে কিছু শিক্ষকদের কাগজপত্র এসেছে। সেসব একত্রিত করে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিয়ে জেলাভিত্তিক প্রজ্ঞাপন জারি করা হবে। অন্যদেরও কাগজপত্র অধিদফতরে চলে আসলে আগামী আগস্ট মাসের মধ্যে জেলাভিত্তিক সকলকে পদোন্নতির আওতায় আনা হবে।
তিনি বলেন, করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪০ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শূন্য আসনের বিপরীতে প্রধান শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়াও শুরু হবে।
জানা গেছে, দেশের ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৮ হাজার সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আরও ২০ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।
মামলাজনিত কারণে স্থায়ী নিয়োগ দেয়া সম্ভব না হওয়ায় ২০১৮ সালের ২৩ মে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য স্থানে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের দায়িত্ব দেয়ার ঘোষণা দেন। এর পর দেশের ৬৪ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক শূন্য বিদ্যালয়ে পদায়ন কার্যক্রম শুরু করা হয়। প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করার পর বর্তমানে চলতি দায়িত্ব পাওয়া ব্যক্তিদের স্থায়ীভাবে প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রম শুরু হয়েছে।

করোনায় আরও ৪৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৬৬

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৩৫২ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৬৬৬ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জন।
আজ রবিবার (১২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১১ হাজার ২১০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৫৯টি নমুনা। এ নিয়ে দেশে মোট ৯ লাখ ৪০ হাজার ৫২৪টি নমুনা পরীক্ষা করা হলো। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৬৬৬ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮৩ হাজার ৯৭৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৩৫২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৫৮০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৯৩ হাজার ৬১৪ জনে।
গত ২৪ ঘণ্টায় যে ৪৭ জন মারা গেছেন, তাদের ৩৬ জন পুরুষ এবং ১১ জন নারী। তাদের মধ্যে ১০ বছরের বেশি বয়সী একজন, ২০ বছরের বেশি বয়সী দুইজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন, ষাটোর্ধ্ব ১৪ জন, সত্তরোর্ধ্ব ছয়জন এবং ৮০ বছরের বেশি বয়সী দুইজন ছিলেন। ২৩ জন ঢাকা বিভাগের, ছয়জন চট্টগ্রাম বিভাগের, চারজন রাজশাহী বিভাগের, চারজন সিলেট বিভাগের, ছয়জন খুলনা বিভাগের, দুইজন রংপুর বিভাগের এবং দুইজন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন। ৪৩ জন মারা গেছেন হাসপাতালে এবং চারজনের মৃত্যু হয়েছে বাসায়।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২৪ দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৫৪ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫০ দশমিক ৯৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।
বুলেটিনে ডা. নাসিমা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ২৮ লাখ ৫৬ হাজারের বেশি। মৃতের সংখ্যা ৫ লাখ ৬৮ হাজার প্রায়। তবে প্রায় পৌন ১ কোটি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

অবশেষে প্রকাশ্যে মাস্ক পরলেন ট্রাম্প

0

করোনা মহামারীর শুরুর পর শনিবার প্রথমবারের মত জনসম্মুখে মাস্ক পরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে আহত সেনা এবং স্বাস্থ্যসেবা কর্মীদের সাথে দেখা করার সময় মাস্ক পরেন ট্রাম্প।

ট্র্রাম্প বলেন, ‘আমি বরাবরই মাস্কের বিরুদ্ধে। কিন্তু আমার মতে, এটা পরার জন্য একটা নির্দিষ্ট সময় ও স্থান রয়েছে। যখন আপনি হাসপাতালে থাকবেন, বিশেষ করে এ রকম নির্দিষ্ট অংশে, যখন আপনার অনেক সৈনিক ও মানুষজনের সঙ্গে কথা বলতে হবে, যাদের কেউ কেউ মাত্রই অপারেশন থেকে ফিরেছেন, তখন মাস্ক পরা খুব ভালো ।’

এর আগে একাধিক বার ট্রাম্প বলেছিলেন, তিনি মাস্ক পরবেন না। এমনকি মাস্ক পরার জন্য ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে নিয়েও ব্যাঙ্গ করেছেন তিনি। তবে গেল সপ্তাহে ফক্স বিজনেস নেটওয়ার্কের সঙ্গে সাক্ষাৎকারের সময় ট্রাম্প বলেছিলেন, ‘আমি পুরোপুরি মাস্কের পক্ষে।’তিনি আরও যোগ করেন যে, মাস্ক পরলে তাকে দেখতে অনেকটা ‘লোন রেঞ্জারের’ মতো লাগে। লোন রেঞ্জার হচ্ছেন আমেরিকান কল্পকাহিনীর একজন নায়ক, যিনি পশ্চিমা আমেরিকায় অপরাধীদের বিরুদ্ধে লড়াই করতেন।

গত এপ্রিল মাসে যখন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সবাইকে জনসম্মুখে মাস্ক পরার সুপারিশ করে তখন ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি এটি পরবেন না।

সোফিয়াকে মসজিদ ঘোষণার পর বহির্বিশ্বকে এরদোয়ান বললেন, এটা তুরস্কের ব্যাপার!

0

তুরষ্কের আয়া সোফিয়াকে মসজিদে রুপান্তর করার সিদ্ধান্তে আন্তজার্তিক অঙ্গনের নিন্দাকে প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তিনি বলেন তার দেশের সার্বভৌম অধিকার রয়েছে। এর আগেও তিনি আয়া সোফিয়াকে মসজিদ হিসাবে নামকরণের জন্য বারবার আহ্বান জানিয়েছিলেন এবং ২০১৮ সালে আয়া সোফিয়ায় গিয়ে কুরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেন।

শনিবার এক ভিডিও কনফারেন্সে এরদোয়ান বলেন, যারা নিজের দেশে ইসলামফোবিয়ার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয় না, তুরস্কের সার্বভৌম অধিকার ব্যবহার করার ইচ্ছাকে তারাই তাকে আক্রমণ করছে। ষষ্ঠ শতকে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানের সময়ে তৈরি করা হয় আয়া সোফিয়া৷ ১৪৫৩ সালে অটোমানরা কনস্টান্টিনোপল জয়ের পর দ্বিতীয় সুলতান মেহমেদ এই ক্যাথিড্রালটিকে মসজিদে রূপান্তর করেন৷ আধুনিক তুরস্কের স্থপতি মুস্তফা কামাল আতাতুর্ক এটিকে জাদুঘরে পরিণত করেন ১৯৩৫ সালে৷ এরপর থেকে তুরষ্কের অসম্প্রদায়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল আয়া সোফিয়া। শুক্রবার এক ডিক্রিতে সই করার মাধ্যমে এরদোয়ান আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে ঘোষণা দেন।

এই সিদ্ধান্তে ইউনেস্কো, যুক্তরাষ্ট্র, গ্রিসসহ বিভিন্ন দেশ প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছে৷ মসজিদে রূপান্তরের বিরোধীতা আগে থেকে করে আসছিল অর্থডক্স খ্রিস্টানরা৷ তুরস্কের সঙ্গে গ্রিসের সম্পর্কের আরেক দফা অবনতি ঘটারও সম্ভাবনা দেখা দিয়েছে এ কারণে৷ দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস এরদোয়ানের সিদ্ধান্তটির কড়া নিন্দা জানিয়েছেন৷ তিনি বলেন, যারা আয়া সোফিয়াকে বিশ্ব ঐতিহ্যের অপরিহার্য হিসেবে বিবেচনা করেন এটি তাদের সবার জন্যই ক্ষোভের৷ এই সিদ্ধান্তে শুধু গ্রিসের সঙ্গে নয়, ইউরোপীয় ইউনিয়ন, ইউনেস্কো এবং গোটা বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে তুরস্কের সম্পর্কে প্রভাব ফেলব।

রাশিয়ার সংসদের উচ্চ কক্ষের উপ-প্রধান ভ্লাদিমির জাবারোভ তুরস্ক ভুল সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে বলেন, এটিকে মসজিদে রূপান্তর মুসলিম বিশ্বের জন্য কোন কিছু বয়ে আনবে না, এর মাধ্যমে দেশগুলোর কোন ঐক্য তৈরি হবে না, বরং উলটো দিকে তাদের সংঘাতের পথে ঠেলে দিল৷

তুরস্কের এই সিদ্ধান্তকে হতাশামূলক বলছে যুক্তরাষ্ট্র৷ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তুরস্কের সরকার আয়া সোফিয়াকে সব দর্শানার্থীর জন্য উন্মুক্ত রাখার কথা বলেছে৷ সেখানে কারো প্রবেশেই যাতে বাধা তৈরি না হয় সে বিষয়ে কি করা হবে যুক্তরাষ্ট্র সেই পরিকল্পনা জানার অপেক্ষায় আছে৷ এর আগে গত সপ্তাহে তুরস্ককে এমন সিদ্ধান্ত না নেয়ার আহবান জানিয়েছিল পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

৪০ কার্যদিবসে নিম্ন আদালতে জামিন পেলেন ৭৮০৭৩ আসামি

0

ভার্চুয়াল আদালতে জামিন আবেদনের ওপর শুনানি শুরু হওয়ার পর থেকে গত বৃহস্পতিবার (৯ জুলাই) পর্যন্ত ৪০ কার্যদিবসে সারা দেশে নিম্ন আদালত থেকে শিশুসহ ৭৮ হাজারের বেশি আসামিকে জামিন দেওয়া হয়েছে।

জামিন পাওয়া আসামিদের মধ্যে কারাবন্দি ৫৪ হাজার ৬৭৭ জনকে জামিন দেওয়া হয়েছে। আর গত এক সপ্তাহে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ২৩ হাজার ৩৯৬ জন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, নিম্ন আদালতে গত ১১ মে থেকে গত ৯ জুলাই পর্যন্ত ভার্চুয়াল শুনানি নিয়ে কারাবন্দি ৫৪ হাজার ৬৭৭ জনকে জামিন দেওয়া হয়েছে। এই সময় এক লাখ সাত হাজার ৩৭টি জামিন আবেদন নিষ্পত্তি করে এ জামিন দেওয়া হয়। জামিনপ্রাপ্তদের মধ্যে ৬৫১টি শিশুও রয়েছে। এছাড়া ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ থেকেও বেশ কিছু জামিন আদেশ হয়েছে।

একইসঙ্গে গত ৪ জুলাই ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের সুযোগ সৃস্টি হওয়ায় ৫ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত পাঁচ কার্যদিবসের ওই আদালত থেকে ৬৫৮৮টি মামলায় সশরীরে আত্মসমর্পণকারী ২৩ হাজার ৩৯৬ আসামি জামিন পেয়েছেন।
সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ রবিবার (১২ জুলাই) এসব তথ্য জানানো হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ১১ মে থেকে ২ জুলাই পর্যন্ত গত ৪০ কার্যদিবসে এক লাখ সাত হাজার ৩৭টি জামিনের আবেদন নিষ্পত্তি করে ৫৪ হাজার ৬৭৭ কারাবন্দির জামিন মঞ্জুর করা হয়। আর গত ৫ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত পাঁচ কার্যদিবসে ১১ হাজার ৫১৪টি জামিন আবেদন নিষ্পত্তি করে ৪৯১৫ জনের জামিন মঞ্জুর করা হয়।

এরমধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন আদালতে ১৩৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭১০ জন, রংপুর বিভাগে ৩৩০ জন, বরিশাল বিভাগে ২১৫ জন, রাজশাহী বিভাগে ৯০৪ জন, খুলনা বিভাগে ৬৯৩ জন, সিলেট বিভাগে ২৩৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩৭৪ জনের জামিন মঞ্জুর করা হয়। একইসময় সারা দেশে শিশু আদালত থেকে ৪৩টি শিশু এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল থেকে ৭০ জনকে জামিন দেওয়া হয়েছে।

করোনা সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে সারা দেশে নিয়মিত আদালত বন্ধ। এ প্রেক্ষাপটে ভার্চুয়াল আদালত চালু করতে গত ৯ মে আদালতে তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০ নামে গেজেট প্রকাশ করে। এরপর ১১ মে থেকে ভার্চুয়াল আদালত কার্যক্রম শুরু হয়। সারা দেশে আদালতগুলোতে নির্ধারিত নিয়ম অনুসরণ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করা হচ্ছে। আর গত ৫ জুলাই থেকে সশরীরে আত্মসমর্পণ করেও জামিন পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

সব নিম্ন আদালতেই আত্মসমর্পন করা যাবে

0

বিভিন্ন ফৌজদারি মামলায় যেসব আসামি বা আসামিরা পুলিশী গ্রেপ্তার এড়াতে ফেরারি জীবনে ছিলেন বা আত্মগোপনে ছিলেন সেসব আসামি এখন থেকে দেশের এখতিয়ার সম্পন্ন সকল নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে পারবেন। স্বাস্থ্যবিধি মেনে আত্মসমর্পণের এই সুযোগ দিয়ে এ বিষয়ে আজ রবিবার একটি নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট।

এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী মামলা করারও সুযোগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জারি করা বিজ্ঞপ্তির শর্তানুযায়ী, আত্মসমর্পণ বা নালিশী মামলা করার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরতে হবে মাস্ক। এজলাস কক্ষে ছয়জনের বেশি ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন না। প্রত্যেককে কমপক্ষে ছয় ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। আত্মসমর্পণকারী একজন আসামির পক্ষে আদালত কক্ষে সর্বোচ্চ দুইজন আইনজীবী শুনানিতে অংশ নিতে পারবেন। আর নালিশী মামলা করার ক্ষেত্রে শুধুমাত্র আবেদনকারী ও তার আইনজীবী আদালত কক্ষে উপস্থিত থাকতে পারবেন। অভিযোগকারীকে পরীক্ষা করার পর তার জবানবন্দী গ্রহণ করতে হবে। এরপর অভিযোগকারীর স্বাক্ষর গ্রহণ ও আদেশ দেবেন আদালত। এরপর অভিযোগকারী ও আইনজীবী আদালত কক্ষ ত্যাগ করবেন। এর দুই মিনিট পর পরবর্তী আবেদনকারী ও তার আইনজীবী আদালত কক্ষে প্রবেশ করবেন।

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে নিয়মিত আদালত বন্ধ থাকায় গত ১১ মে থেকে ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে আসামির জামিনের আবেদনের ওপর শুনানির ব্যবস্থা করা হলেও পলাতক আসামির আত্মসমপর্ণের কোনো সুযোগ ছিল না। এ বিষয়ে আইনজীবীদের অব্যাহত দাবির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট শুধুমাত্র ম্যাজিস্ট্রেট আদালতে আসামির আত্মসমর্পনের বিষয়ে গত ৪ জুলাই বিজ্ঞপ্তি জারি করে। এখন সকল অধস্তন আদালতে আত্মসমর্পনের সুযোগ সৃষ্টি করা হলো।

আত্মসমর্পনের সাত শর্ত

আত্মসমর্পণের বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে জারি করা সাত দফা নিদের্শনায় বলা হয়েছে, স্বাস্থ্যবিধি এবং শারীরিক ও সামাজিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করে মামলায় অভিযুক্ত ব্যক্তি/ব্যক্তিগণ অধস্তন আদালতে আত্মসমর্পণ করতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিজ্ঞ বিচারক/ম্যাজিস্ট্রেট স্বাস্থ্যবিধি প্রতিপালন, শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে প্রয়োজনীয় কার্য পদ্ধতি নির্ধারণ করবেন।

(১) বিজ্ঞ বিচারক/ম্যাজিস্ট্রেট আত্মসমর্পণ আবেদন দাখিল এবং শুনানি কার্যক্রমের পদ্ধতি ও সময়সূচি এমনভাবে নির্ধারণ ও সমন্বয় করবেন যাতে আদালত প্রাঙ্গণে এবং আদালত ভবনে কোনরূপ জনসমাগম না ঘটে। আদালত প্রাঙ্গণে এবং এজলাস কক্ষে প্রত্যেককে কমপক্ষে ছয় ফুট শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে এবং সকল প্রকার জনসমাগম পরিহার করতে হবে।

(২) আদালত প্রাঙ্গণ এবং আদালত ভবনে জনসমাগম এড়াতে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক আত্মসমর্পনের আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন সংশ্লিষ্ট বিচারক/ম্যাজিস্ট্রেট। এ বিষয়ে একটি তালিকা সম্বলিত বিজ্ঞপ্তি আদালত এবং আইনজীবী সমিতির নোটিশ বোর্ডে প্রচারের ব্যবস্থা করবেন।

(৩) একটি মামলায় অভিযুক্ত ব্যক্তির পক্ষে সর্বোচ্চ দুইজন আইনজীবী শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন। এজলাস কক্ষে একত্রে ছয়জনের অধিক লোকের সমাগম করা যাবেনা। তবে একই মামলায় একাধিক আত্মসমর্পণকারী অভিযুক্ত ব্যক্তি থাকলে এজলাস কক্ষের ডকে সর্বোচ্চ পাঁচজন অভিযুক্ত ব্যক্তি অবস্থান করতে পারবেন। এক্ষেত্রে প্রয়োজনে বিজ্ঞ বিচারক/ম্যাজিস্ট্রেট উক্তরূপ মামলা একাধিক ভাগে/সেশনে শুনানি করতে পারবেন এবং সম্পূর্ণ শুনানি সম্পন্ন করে আইনানুগ আদেশ প্রদান করবেন। মামলা শুনানির সময়ে এজলাস কক্ষের বাইরে আদালতের বারান্দায় বা করিডরে জনসমাগম সম্পূর্ণরুপে নিষিদ্ধ।

(৪) আত্মসমর্পণ আবেদন শুনানির সময় অভিযুক্ত ব্যক্তি এবং তার পক্ষে নিযুক্ত আইনজীবী ব্যতীত অন্য কোনো আইনজীবী আদালত কক্ষে অবস্থান করতে পারবেন না। একটি আত্মসমর্পণ আবেদন শুনানি শেষে সংশ্লিষ্ট আইনজীবীরা কক্ষ ত্যাগ করার পর বিজ্ঞ বিচারক/ম্যাজিস্ট্রেট পরবর্তী আত্মসমর্পণের আবদেন শুনানির জন্য গ্রহণ করবেন।

(৫) এজলাস কক্ষে প্রত্যেককে মাস্ক পরতে হবে। আদালতে প্রবেশের সময় প্রত্যেক ব্যক্তির তাপমাত্রা পরীক্ষা করার ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ শারীরিক দূরত্ব কঠোরভাবে নিশ্চিত করতে তাৎক্ষণিক যেকোনো পরিস্থিতি বিবেচনায় ম্যাজিস্ট্রেট প্রয়োজনবোধে আত্মসমর্পণ দরখাস্ত শুনানি করা হতে বিরত থাকাসহ অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

(৬) এই নির্দেশনা ইতিপূর্বে জারি করা বিগত ৪ জুলাই তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তি/ব্যক্তিগণের আত্মসমর্পনের আবেদন দাখিল ও শুনানি সংক্রান্ত প্রাকটিস নির্দেশনার পরিপূরক হিসেবে গণ্য হবে।

(৭) এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

ই-নথিতে শীর্ষস্থানে শিল্প মন্ত্রণালয়

0

মধ্যম ক্যাটাগরির ১৫টি মন্ত্রণালয়ের মধ্যে ই-নথি ব্যবস্থাপনায় চলতি বছরের জুন মাসেও শিল্প মন্ত্রণালয় শীর্ষ স্থান অর্জন করেছে। এ নিয়ে পরপর চারবার এবং এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৫ বার ই-নথিতে শিল্প মন্ত্রণালয় প্রথম স্থান অধিকার করল।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম গত জুন পর্যন্ত সময়ের তথ্য পর্যালোচনা করে একটি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে শীর্ষস্থান দখল করেছে শিল্প মন্ত্রণালয়।

পাশাপাশি ই-নথি ব্যবস্থাপনায় ছোট ক্যাটাগরির ১৮৫টি সরকারি দপ্তর বা সংস্থার মধ্যে জুন মাসে দ্বিতীয় স্থানে রয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়।

উল্লেখ্য, ডিজিটাল পদ্ধতিতে সেবাদান প্রক্রিয়ায় শিল্প মন্ত্রণালয় শুরু থেকে এগিয়ে রয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেও শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/সংস্থাগুলোতে ভার্চুয়াল কনফারেন্সিংয়ের মাধ্যমে স্বাভাবিক সময়ের মতো সকল কাজ চলেছে। রুটিন মাফিক সব ধরনের পূর্ব নির্ধারিত সভা, মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ), কর্মকর্তাদের ব্যক্তিগত কর্মপরিকল্পনা (আইএপি) এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর (এডিপি) অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ই-ফাইলিংয়ের মাধ্যমে দৈনন্দিন কর্মকাণ্ড ও সিদ্ধান্ত গ্রহণ অব্যাহত রয়েছে। এর ফলে মন্ত্রণালয় সংশ্লিষ্ট অংশীদারগণ দ্রুত সেবা পাচ্ছেন।

কর্মকর্তা-কর্মচারিদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং ধারাবাহিক মনিটরিংয়ের ফলে শিল্প মন্ত্রণালয়ের ই-নথি কার্যক্রম এবং ডিজিটাল সেবাদানে এ সাফল্য এসেছে।

১১৩ স্থাপনায় এডিসের লার্ভা পেল ডিএনসিসি

0

এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে গতকাল শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) চিরুনি অভিযানের সপ্তম দিনে ১৩ হাজার ৪৯১টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ১১৩টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৭ হাজার ৮৩০টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়।

অভিযানের সপ্তম দিন ১৪টি মামলায় মোট ২ লক্ষ ১৩ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। ৪ জুলাই দশ দিনব্যাপী শুরু হওয়া চিরুনি অভিযানে শনিবার পর্যন্ত মোট ৯২ হাজার ৯৩১টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৬৭৭টিতে এডিসের লার্ভা এবং ৫৫ হাজার ৯৬৫টিতে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়।

উত্তরা অঞ্চলে (অঞ্চল-১) মোট ১ হাজার ৭৪টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ২০টিতে এডিস মশার লার্ভা লার্ভা পাওয়া গেলে ৭টি মামলায় মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৮৯৬টি স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়।

মিরপুর অঞ্চলে (অঞ্চল-২) মোট ৩ হাজার ২০৩টি স্থাপনা পরিদর্শন করে ১৯টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায় এবং ৪০৮টি স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২টি মামলায় মোট ৫৫ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

মহাখালী অঞ্চলে (অঞ্চল-৩) মোট ১ হাজার ৫০৫টি স্থাপনা পরিদর্শন করে ৩৭টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায় এবং ১ হাজার ৩৪টি স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়। এডিসের লার্ভা পাওয়ায় ৫টি মামলায় ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মিরপুর-১০ অঞ্চলে (অঞ্চল-৪) মোট ১ হাজার ৪৭৩টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ৯টিতে এডিস মশার লার্ভা লার্ভা পাওয়া যায়। এছাড়া ৮৪৯টি বাড়ি/স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়।

কারওয়ান বাজার অঞ্চলে (অঞ্চল-৫) মোট ১ হাজার ৮৮৪টি বাড়ি/স্থাপনা পরিদর্শন করে ৯টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ১ হাজার ৫৩৬টি বাড়ি/স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়।

হরিরামপুর অঞ্চলে (অঞ্চল-৬) মোট ১ হাজার ৪৩৬টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ৭টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ১ হাজার ৮৪টি বাড়ি/স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়।

দক্ষিণখান অঞ্চলে (অঞ্চল-৭) মোট ৯০০টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ৬টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে বাড়ির মালিকদেরকে সতর্ক করে লার্ভা ধ্বংস করা হয়। এছাড়া ৬৯৬টি বাড়ি/স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়।

উত্তরখান অঞ্চলে (অঞ্চল-৮) মোট ৮০৮টি বাড়ি/স্থাপনা পরিদর্শন করে ৩টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়। তবে ৫৪৩টি স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়।

ভাটারা অঞ্চলে (অঞ্চল-৯) মোট ৫৫৩টি স্থাপনা পরিদর্শন করে ২টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। বাড়ির মালিকদেরকে সতর্ক করে লার্ভা ধ্বংস করা হয়েছে। এছাড়া ৩২৪টি স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়।

সাতারকুল অঞ্চলে (অঞ্চল-১০) মোট ৬৫৫টি বাড়ি/স্থাপনা পরিদর্শন করে ১টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে বাড়ির মালিকদেরকে সতর্ক করে লার্ভা ধ্বংস করা হয়। এছাড়া ৪৬০টি বাড়ি/স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়।

চিরুনি অভিযান চলাকালে সম্ভাব্য সকল এডিস মশার প্রজননস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাপূর্বক কীটনাশক ছিটানো হয়েছে এবং জনসাধারণকে এবিষয়ে পরবর্তীতে সতর্ক থাকতে বলা হয়েছে।

এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ডিএনসিসির চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইতালি উপকূলে ৩৬২ বাংলাদেশি উদ্ধার

0

ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ইতালি উপকূল থেকে ৩৬২ বাংলাদেশিকে উদ্ধার করেছে সে দেশের কর্তৃপক্ষ। ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের কাছ থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বাংলাদেশিদের বহনকারী দুটি নৌকার একটিতে ৯৫ জন ও অপরটিতে ২৬৭ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে শনিবার ইতালির সংবাদমাধ্যম দ্য লোকাল জানিয়েছে।

গত দুই দিনে লিবিয়া ও তিউনিসিয়া উপকূল থেকে ৯টি নৌকায় করে ৫ শতাধিক লোক ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে পৌঁছেছেন। এর মধ্যে দুটি নৌকা লিবিয়া থেকে গিয়েছে।

বাংলাদেশিসহ এশিয়া ও আফ্রিকার অভিবাসন প্রত্যাশীরা নৌকাযোগে ইতালি পৌঁছানোর চেষ্টা করেন প্রায়েই। তাদের অনেকেরই নানা দুর্ঘটনায় সাগরে সলিল সমাধি হয়।