Home Blog Page 2825

বাংলাদেশ গণতন্ত্র চর্চার এক উত্তম উদাহরণ : ডেপুটি স্পিকার

0

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রেখে দৈনন্দিন কাজ অব্যাহত রাখতে হবে। সাম্প্রতিক সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজেট অধিবেশন খুবই সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে, যা পৃথিবীর বহু দেশই সম্পন্ন করতে পারেনি।

আজ শুক্রবার সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনের সুইড বকুলমামুন মাল্টিপারপাস এরিনা ও সুইড আলমগীর এম এ কবির মিলনায়তনে ‘সুইড বাংলাদেশ’ আয়োজিত জাতীয় কাউন্সিলের ৪১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এ কথা বলেন।

সুইড উপদেষ্টা পরিষদের সভাপতি মো. ফজলে রাব্বী মিয়া উদ্বোধনী বক্তৃতায় বলেন, বাংলাদেশ গণতন্ত্র চর্চার এক উত্তম উদাহরণ। এই করোনাকালের মাঝেও নিয়মিত বার্ষিক সাধারণ সভা আয়োজন করে সুইড বাংলাদেশ প্রমাণ করলো তারা একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, তাদের আয়-ব্যায়ের স্বচ্ছতা রয়েছে এবং তারা জবাবদিহিতায় বিশ্বাসী।

বার্ষিক অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত গাওয়া হয় এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে ডেপুটি স্পীকার ‘সুইড রত্নগর্ভা শহীদ জননী খুরশিদ আরা মসজিদ’ ও সুইড বকুলমামুন মাল্টিপারপাস এরিনা উদ্বোধন করেন।

মমতাজ বেগম বকুল স্মারকগ্রন্থের মোড়ক উম্মোচন করে তিনি বলেন, আমার স্ত্রী কিছুদিন আগে আমাকে ছেড়ে চলে গেছেন। তিনি হয়তো বকুল আপার মতো এতটা মানব হিতৈষী ছিলেন না, তবে তিনিও অনেক হিতৈষী ছিলেন। আমার অজান্তেই তিনি জনগণের জন্য অনেক কাজ করতেন।

অনুষ্ঠানের সভাপতি জওয়াহেরুল ইসলাম মামুন ছাড়াও প্রতিষ্ঠানটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‘সতর্কতার মাধ্যমে করোনামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব’

0

করোনাভাইরাসের সংক্রমণরোধে সিলেট মহানগরীসহ দেশবাসীকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন।

আজ শুক্রবার সিলেট মহানগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের জীবাণুনাশক টানেল উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী এ অনুরোধ করেন।

ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি জীবাণুনাশক টানেলের উদ্বোধন করে তার যথোপযুক্ত ব্যবহারেরও অ‍নুরোধ করেন তিনি। ড. মোমেন বলেন, সতর্কতার মাধ্যমে করোনা মহামারি প্রতিরোধ করে আমরা করোনামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব।

সিলেটের বেসরকারি সংস্থা ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে জীবাণুনাশক টানেলগুলো প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটিকর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি নাজমুল হোসেন, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রেজা চৌধুরী ও ডা. হেলাল।

রাতেই দেশে আসছে সাহারা খাতুনের মরদেহ, দাফন শনিবার

0

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মরদেহ আজ শুক্রবার (১০ জুলাই) রাতে ব্যাংকক থেকে ঢাকায় আনা হবে। আগামীকাল শনিবার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাহারা আপার মরদেহ নিয়ে ইউএস বাংলার একটি ফ্লাইট ব্যাংকক সময় রাত ৯টায় বাংলাদেশের উদ্দেশে রওনা হবে। রাতেই সেটি ঢাকায় পৌঁছাবে। এরপর আগামীকাল শনিবার বানানী কবরস্থানে ওনার বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।

তিনি আরো বলেন, জানাজা ও দাফনের সময় এখনও নির্ধারণ করা হয়নি। আমাদের দলের সিনিয়র নেতারা বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, অ্যালার্জিজনিত সমস্যা নিয়ে ২ জুন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা তাকে। তারপর থেকেই অবস্থার অবনতি ঘটে তার। কয়েকদফা আইসিইউতে চিকিৎসা দেওয়ার এক পর্যায়ে গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

‘পুলিশের আধুনিকায়নে সাহারা খাতুনের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

0

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আইজিপি আজ শুক্রবার এক শোকবার্তায় বলেন, বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী সাহারা খাতুন আমৃত্যু দেশ ও দেশের মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। একজন দক্ষ নারী সংগঠক ও আইনজীবী হিসেবে তিনি অসহায় এবং নির্যাতিত নারীদের আইনি সহায়তা দিয়ে তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

আইজিপি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দিল্লিতে জামিন পেলেন তাবলিগের ৮২ জন বাংলাদেশি

0

ভারতে লকডাউনের সময় দিল্লির নিমাজউদ্দিন মারকাজ মসজিদে ইজতেমায় যোগ দেওয়ার অভিযোগে আটক ৮২ বাংলাদেশি জামিন পেয়েছেন। শুক্রবার দিল্লির একটি আদালত এ জামিন মঞ্জুর করে।
ভিসার শর্ত লঙ্ঘন করে ধর্ম প্রচার এবং করোনা মোকাবিলায় সরকারের গাইডলাইন ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছিল এই বাংলাদেশিদের বিরুদ্ধে।
এনডিটিভি অনলাইন জানিয়েছে, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট গুরমোহিনা কাউর প্রত্যেককে ১০ হাজার রুপি করে মুচলেকা দেওয়ার শর্তে জামিন মঞ্জুর করেন। শুনানি চলাকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে উপস্থিত করা হয়েছিল আটক বাংলাদেশিদের।
বাংলাদেশিদের পক্ষে নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আশিমা মন্ডল ও মন্দাকিনি সিং জানিয়েছেন, শুক্রবার আদালতে আত্মপক্ষ সমর্থন করে জবাব দিয়েছেন আসামিরা। এতে তারা দোষ স্বীকার করে লঘুদণ্ডের আবেদন করেছেন।
ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, কোনো অপরাধ সমাজের আর্থ-সামাজিক অবস্থাকে প্রভাবিত না করলে এবং কোনো নারী বা ১৪ বছরের নিচে কোনো শিশুর বিরুদ্ধে অপরাধ না হলে দোষ স্বীকার করা হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

করোনা উপেক্ষা করে সিঙ্গাপুরে শুরু হয়েছে জাতীয় নির্বাচন

0

করোনাভাইরাসের মহামারির বিরুপ প্রভাবে সিঙ্গাপুরের অর্থনীতি মন্দার দিকে ঝুঁকছে এবং কর্মনিরাপত্তা পড়েছে ঝুঁকির মুখে। চাকরি নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে দেশবাসীর। এই পরিস্থিতি সামাল দেওয়ার চ্যালেঞ্জ নিতে শুরু হয়েছে জাতীয় নির্বাচন।
শুক্রবার করোনা উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের ভোট দিতে দেখা গেছে বলে জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।
ভোটারদের প্রত্যেকের মুখে ছিল মাস্ক আর হাতে গ্লাভস। তাদের একজন ৪২ বছর বয়সী মালিনি নাথান, পেশায় কমিউনিকেশন্স এক্সিকিউটিভ। করোনার মধ্যেও ভোট দেওয়ার পক্ষে তিনি, ‘আমি মনে করি মহামারির মধ্যেও ভোট দেওয়া যায়। কারণ এই মুহূর্তে পরিস্থিতি গুরুতর নয় এবং সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে।’
ভাইরাসের চেয়েও মহামারির প্রভাবে সৃষ্ট হওয়া অন্য সংকট নিয়ে চিন্তিত এই কর্মকর্তা, ‘আমি যে বিষয় নিয়ে উদ্বিগ্ন, তা হলো স্বাস্থ্যসেবা, চাকরি নিরাপত্তা ও অবসর।’ নাগরিকদের প্রত্যেককে বিকল্প উপায়ে ভোটের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। একটি পোলিং স্টেশনে কোনও ভোটারকে পাঁচ মিনিটের বেশি থাকতে দেওয়া হয়নি। সেখানে তারা নিজেরাই আইডি কার্ড স্ক্যান করেছেন, তাদের হাত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করেছেন এবং ব্যালট পেপার ধরার আগে ডিসপোজেবল গ্লাভস পরেছেন।
কোভিড-১৯ রোগী ও যারা কোয়ারেন্টাইনে আছেন তারা ভোট দিতে পোলিং স্টেশনে আসেননি। কিন্তু একটি ভ্রাম্যমাণ পোলিং টিম বিদেশ ফেরত ও হোটেলে আইসোলেশনে থাকা সিঙ্গাপুরিয়ানদের রুমে রুমে গেছেন ব্যালট বক্স নিয়ে।

ভোট দেওয়া শেষ হলে স্থানীয় সময় রাত ৮টায় ব্যালট পেপার গণনা করা হবে জানা গেছে। শনিবার প্রকাশ করা হবে চূড়ান্ত ফলাফল।
১৯৬৫ সালে মালয়েশিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর থেকে ক্ষমতায় থাকা সরকারি দল পিপল’র অ্যাকশন পার্টির (পিএপি) প্রত্যাশা নির্বাচনে আবারও বিজয়ী হবেন প্রধানমন্ত্রী লি সিয়েন লুং।
মহামারি শুরুর পর সিঙ্গাপুরে সাড়ে ৪৫ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, মারা গেছেন ২৬ জন।

করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯৪৯

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২ হাজার ২৭৫ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৯৪৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জন।
আজ শুক্রবার (১০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি নতুন যুক্ত একটিসহ মোট ৭৭টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৩৭৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৪৮৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো নয় লাখ ১৮ হাজার ২৭২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৯৪৯ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৭৮ হাজার ৪৪৩ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ২৭৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৬২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৮৬ হাজার ৪০৬ জনে।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, নিহতদের মধ্যে ২৯ জন পুরুষ, আটজন নারী। এ পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ‌্যে ১ হাজার ৭৯৯ জন পুরুষ ও ৪৭৬ জন নারী। নিহত ৩৭ জনের মধ্যে ১২ জন ঢাকা বিভাগের, ১৭ জন চট্টগ্রামের, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের দুইজন করে, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের একজন মারা গেছে।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন রয়েছে

বাংলাদেশসহ ১৩ দেশ থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা

0

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাড়ায় বাংলাদেশসহ বিশ্বের ১৩টি রাষ্ট্র থেকে ইউরোপের দেশ ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ইতালি সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকায় নিষেধাজ্ঞাভুক্ত ১৩টি দেশ হলো- বাংলাদেশ, আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বোসনিয়া, হার্জেগোভিনা, চিলি, কুয়েত, নর্থ ম্যাসিডোনিয়া, মোলডোভা, ওমান, পানামা, পেরু ও ডমিনিকান রিপাবলিক।
বিবৃতির মাধ্যমে দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা বলেন, যারা এ সব দেশে গত ১৪ দিনের মধ্যে ভ্রমণ করেছেন তাদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

সাহারা খাতুনের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

0

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী‌ ও আওয়ামী লী‌গের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড‌ভো‌কেট সাহারা খাতুনের মৃত্যু‌তে গভীর শোক জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
শুক্রবার (১০ জুলাই) শোক বার্তায় বিরোধী দলীয় নেতা বলেন, সাহারা খাতুন ছিলেন সৎ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। গণমানুষের নেতা হিসেবে প্রয়াত সাহারা খাতুনকে দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।
শোক বার্তায় জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, সাহারা খাতুন ছিলেন গণমানুষের জন্য এক নিবেদিত প্রাণ নেতা। তিনি সারাজীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। মানুষের জন্য তার অবদান অক্ষয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে।
তারা সাহারা খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাহারা খাতুন।

সাহারা খাতুনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

0

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রথিতযশা আইনজীবী অ্যাডভোকেট সাহারা খাতুন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এক শোকবার্তায় প্রধান বিচারপতি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহারা খাতুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বৃহস্পতিবার (০৯ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটে সাহারা খাতুন মারা যান।