Home Blog Page 2826

ত্যাগী ও পরীক্ষিত নেতা হারাল আ. লীগ : কাদের

0

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি এক বিবৃতিতে বলেন, আওয়ামী লীগ একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে হারালো। তিনি সাহারা খাতুনের আত্মার শান্তি কামনা করেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহারা খাতুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে তার ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
গত ২ জুন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। এরপর অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়।
২৬ জুন সকালে তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়। ফের নেয়া হয় আইসিইউতে। এরপর তাকে গত সোমবার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সেযোগে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
অ্যাডভোকেট সাহারা খাতুন গত তিন মেয়াদে ঢাকা-১৮ আসনের নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর প্রথমে স্বরাষ্ট্র এবং পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

ভারতে একদিনেই রেকর্ড ২৬ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত

0

টানা ৬ষ্ঠ দিনের মতো রেকর্ড করোনা রোগী শনাক্ত হলো ভারতে। একদিনে সাড়ে ২৬ হাজার শনাক্তের ঘটনায় মোট আক্রান্ত দাঁড়ালো প্রায় ৮ লাখে। বৃহস্পতিবার পৌনে ৪শ’র বেশি মৃত্যুতে, মোট প্রাণহানি ছাড়িয়েছে ২১ হাজার ৬’শ।
গেলো সপ্তাহে ভারতে করোনায় দিনে গড়ে প্রাণহানি বেড়ে হয়েছে ৪৮৫। ভারতে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের ৪৩ শতাংশের বয়স ৩০ থেকে ৫৯ বছরের মধ্যে। সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে মহারাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে দিল্লি-গুজরাট। নতুন সংক্রমণের কেন্দ্রে রয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িষা, বিহার, গুজরাট, তামিলনাড়ু উত্তর প্রদেশসহ কমপক্ষে ১০ রাজ্য।

এবার পশ্চিম তীরকে একীভূত করার ব্যাপারে ইসরাইলকে সতর্ক করল রাশিয়া

0

জর্দান নদীর পশ্চিম তীরকে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে একীভূত করার ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ইসরাইলের সম্ভাব্য এ পদক্ষেপের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিম তীরের একাংশকে অধিকৃত ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নিলে মধ্যপ্রাচ্যে সহিংসতা বহুগুণে বেড়ে যাবে।
এর ফলে শান্তিপূর্ণ উপায়ে ফিলিস্তিন সংকট সমাধানের আশাও ধুলিস্যাত হয়ে যাবে বলে তিনি সতর্কবাণী উচ্চারণ করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত যে শতাব্দির সেরা চুক্তির ভিত্তিতে ইসরাইল জর্দান নদীর পশ্চিম তীরের একাংশকে একীভূত করতে চায় মস্কো সে পরিকল্পনা মানে না।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত ১৭ মে ঘোষণা করেন, পশ্চিম তীরের একাংশকে ইসরাইলের অন্তর্গত করার সময় এসে গেছে। তিনি সে সময় ঘোষণা করেন ১ জুলাই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। কিন্তু বিশ্বব্যাপী তীব্র প্রতিবাদের কারণে তেল আবিব গত ১ জুলাই সে দখলদার পরিকল্পনা বাস্তবায়ন করা থেকে বিরত থাকে।

উইঘুর মুসলিম নির্যাতনে চীনা কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

0

উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চীনের শক্তিশালী পলিটব্যুরোর সদস্যসহ ৪ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করলো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার, এ সিদ্ধান্ত জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
বিবৃতিতে বলা হয়, ভিসা নিষেধাজ্ঞা জারি করায় এসব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।
জানানো হয়, তাদের বিরূদ্ধে উইঘুরদের ওপর কঠোর নজরদারির অভিযোগ রয়েছে। এছাড়া সংখ্যালঘু মুসলিমদের বন্দি করা এবং জোরপূর্বক দীক্ষাদানের মতো রয়েছে গুরুতর অভিযোগ। তালিকায় রয়েছেন পলিটব্যুরোর সদস্য চেন কুয়াংগু। তিনি জিনজিয়াংয়ে কমিউনিস্ট পার্টির সেক্রেটারি। এছাড়া প্রদেশটির আরও ৩ কর্মকর্তাও রয়েছেন তালিকায়।
যুক্তরাষ্ট্রের দাবি, চীনের জিনজিয়াং প্রদেশে ১০ লাখেরও বেশি মুসলিমকে ক্যাম্পে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। তবে, বেইজিং বরাবরই অভিযোগটি প্রত্যাখ্যান করে আসছে।

শিরোপা পুনরুদ্ধারের পথে এগিয়ে যেতে মাঠে নামছে রিয়াল

0

লা লিগায় শিরোপা পুনরুদ্ধারের পথে এগিয়ে যেতে আজ আবারো মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। যেখানে বাংলাদেশ সময় রাত ২টায় তাদের প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেস।
এক ম্যাচ হাতে রেখে বার্সেলোনার থেকে ১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রিয়াল। তাই আজ জয় পেলে আবারো ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাবে লস ব্লাঙ্কোস। লিগের বাকী ৪ ম্যাচ থেকে ৮ পয়েন্ট পেলেই রেকর্ড ৩৪তম লা লিগা শিরোপা ঘরে তুলবে গ্যালাকটিকোরা। ২০১৬-১৭ সালে সবশেষ লা লিগা শিরোপা জিতেছিলো রিয়াল।
তবে আজকের ম্যাচে দলের অন্যতম সদস্য ভিনিসিয়াসকে না পাবার জোড় সম্ভাবনা রয়েছে। সবশেষ করোনা পরীক্ষায় তার ফলাফলে পজেটিভ/নেগেটিভ কোন কিছুই না আসায় দেখা দেয় সমস্যা। এমনকি দলের সাথে অনুশীলনেও রাখা হয়নি তাকে। তবে রিয়াল কোচ জিদান জানান, আজ ম্যাচের আগেই তার ২য় পরীক্ষার ফল আসবে এবং তাকে মাঠে পাবেন তিনি।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মারা গেছেন

0

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন মারা গেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) থাইল্যান্ডের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

এর আগে ২ জুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় সাহারা খাতুনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়।
এরপর অবস্থার উন্নতি হলে তাকে গত ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাইডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। পরে ২৬ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়।

এরপর তার অধিকতর উন্নত চিকিৎসার জন্য গত ৬ জুলাই চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ড নেওয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে তিনি চিকিৎসা নেন।

২০১১ সালের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ

0

করোনাভাইরাসের মধ্যে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে স্বর্ণের দাম। বেশ কয়েক রেকর্ড দামও বৃদ্ধি পেয়েছে স্বর্ণের। এরই মধ্যে মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স এক হাজার ৮০০ ডলার ছাড়িয়েছে। এটি ২০১১ সালের পর সর্বোচ্চ দামবৃদ্ধি।

বুধবারও স্বর্ণের দামবৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত ছিল। বিশ্বজুড়ে করোনার প্রকোপ অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতি আর্থিক বিনিয়োগ নিয়ে শঙ্কায় রয়েছে বিনিয়োগকারীরা। তাই ব্যাপক হারে স্বর্ণের মজুদ করছেন বিনিয়োগকারীরা। এর ফলে হু হু করে বাড়ছে স্বর্ণের দাম।

মার্কেট ইনসাইডার জানিয়েছে, বুধবার আউন্স প্রতি স্বর্ণের দাম বেঢ়ে এক হাজার ৮০৪.৮০ ডলারে দাঁড়ায়। এর ফলে চলতি বছর এ পর্যন্ত স্বর্ণের দাম ১৯ শতাংশ বেড়েছে। এর আগে ২০১১ সালে বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড এক হাজার ৯২১.১৮ ডলার হয়।

করোনার কারণে চলতি বছরের শুরু থেকেই স্বর্ণের দাম বাড়তে শুরু করে। গত বছরের শেষদিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১৪৫৪ ডলার। এরপর করোনা মহামারির মধ্যে স্বর্ণের দাম বেড়ে ফেব্রুয়ারিতে ১৬৬০ ডলারে দাঁড়ায়।

মার্চে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ১৪৬৯ ডলারে নেমে আসে। তবে মে মাসে দাম বেড়ে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ১৭৪৮ ডলারে ওঠে। এরপর থেকেই মূলত টানা বাড়ছে স্বর্ণের দাম। ফলে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, করোনার কারণে বিনিয়োগকারীদের একটি অংশ নিরাপদ বিনিয়োগের জন্য স্বর্ণ কিনে মজুদ করছে। এ কারণেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

এদিকে আন্তর্জাতিক বাজারের দাম বাড়ার প্রেক্ষিতে ২৩ জুন বাংলাদেশেও নতুন দাম কার্যকর হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬৯ হাজার ৮৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬৬ হাজার ৭১৮ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৭ হাজার ৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন স্বর্ণের দাম ৪৭ হাজার ৬৪৭ টাকা করা হয়েছে।

এবারের এশিয়া কাপ স্থগিত

0

এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে একটা বার্তার অপেক্ষা ছিল এবারের এশিয়া কাপ স্থগিতের ব্যপারে। তাই অনুমেয়ই ছিল নির্দিষ্ট সময়ে যে এশিয়া কাপ হচ্ছে না।

গতকাল বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতির দৈনিক আনন্দবাজার পত্রিকায় দেয়া সাক্ষাতকারে বলেই দিয়েছেন, এবারের এশিয়া কাপ হচ্ছে না। শেষ পর্যন্ত সেটিই হলো।

দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সংসদে জানিয়েছেন যে সরকার কোনো অনিয়ম মানবে না এবং দুর্নীতিবাজ ব্যক্তি যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘এ অনিয়মগুলো আমরা নিশ্চয়ই মানব না। সে যেই হোক তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং তা অব্যাহত থাকবে।’

একাদশ সংসদের অষ্টম অধিবেশনের সমাপনী বক্তব্যে এ স্পষ্ট বার্তা দেন প্রধানমন্ত্রী।

সংসদে বিরোধী দলের উপনেতা জিএম কাদেরসহ কয়েকজন বিরোধী দলীয় সংসদ সদস্য স্বাস্থ্য ও আর্থিক খাতের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুললে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সামরিক শাসকরা ১৯৭৫ সালের পরে তাদের ক্ষমতা কুক্ষিগত করতে বছরের পর বছর মানুষের চরিত্র নষ্ট করার মাধ্যমে সমাজকে কলুষিত করে গেছেন।

‘তারা মানুষকে দুর্নীতি করা, কালো টাকা উপার্জন ও ঋণখেলাপি হওয়া শিখিয়েছেন। সার্বিকভাবে তারা অবৈধভাবে দখল করা ক্ষমতাকে নিষ্কণ্টক করতে সমাজকে কলুষিত করেছেন,’ বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ আগে সাধারণত একটি আদর্শ ও নীতি নিয়ে চলত, কিন্তু সামরিক একনায়করা তাদের ক্ষমতাটাকে নিষ্কণ্টক করতে মানুষের চরিত্র হরণ করেছেন।

তিনি বলেন, ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িতদের দলীয় পরিচয় বিবেচনা না করেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করে। ‘কে কোন দলের সেটি (আমাদের কাছে) বড় কথা নয়।’

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি বন্ধ করতে গিয়ে সরকারকে উল্টো দুর্নীতির দোষ দেয়া হচ্ছে। ‘আমরা (দুর্নীতিবাজদের) ধরছি। আর চোর ধরে যেন আমরাই চোর হয়ে যাচ্ছি।’

তবে, আওয়ামী লীগ সরকার অনিয়ম বন্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে এবং তা অব্যাহত থাকবে বলে জানান শেখ হাসিনা।

কোরবানির জন্য এবছর কোনো পশু আমদানি নয়: প্রাণিসম্পদ মন্ত্রী

0

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বৃহস্পতিবার বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে এবছর বিদেশ থেকে কোনো কোরবানির পশু আমদানির অনুমতি দেবে না সরকার।

হাটে স্বাস্থ্যকর গবাদিপশু সরবরাহ ও বিক্রয় নিশ্চিতকরণ সম্পর্কিত এক অনলাইন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই এ বছর বিদেশ থেকে গবাদিপশু আনতে দেয়া হবে না।’

সম্পূর্ণ স্বাস্থ্যকর উপায়ে পশু কোরবানি করতে সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

‘স্বাস্থ্যকর উপায়ে কোরবানির পশু বিপণন ও বিক্রয়ের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হবে,’ যোগ করেন তিনি।

কোরবানির পশুর হাটে স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা মেনে চলার বিষয়ে সতর্ক করে সবাইকে নৈতিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।

পূর্ববর্তী অভিজ্ঞতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা চাই, হাটে যেন চাঁদাবাজির মতো কোনো ঘটনা না ঘটে। কোরবানির পশু যদি খামার থেকে বিক্রি করা হয় তবে সেখান থেকে টোল সংগ্রহ করা হবে না।’

এছাড়া কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে আশ্বাস দেন তিনি।

প্রাণিসম্পদ পরিষেবা অধিদপ্তরের মতে, এ বছর দেশে প্রায় ১.১৮ কোটি টাকার কোরবানির পশু মজুদ রয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিভিন্ন কর্তৃপক্ষ অনলাইনেও পশু কেনাবেচার ওপর জোর দেয়ার চেষ্টা করছে বলে জানান মন্ত্রী।

অন্যান্যদের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব কাজী ওয়াশি উদ্দিন, প্রাণিসম্পদ সেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল জব্বার সিকদার এ অনুষ্ঠানে অংশ নেন।