Home Blog Page 2828

করোনায় আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৩৬০

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২ হাজার ২৩৮ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৩৬০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৮৬২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। ১৫ হাজার ৬৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯ লাখ ৪ হাজার ৭৮৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৩৬০ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪১ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ২৩৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ৭০৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৮৪ হাজার ৫৪৪ জনে।
গত ২৪ ঘণ্টায় যে ৪১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ১২ জন। এদের মধ্যে হাসপাতালে মারা যান ৩৮ জন এবং বাসায় মৃত্যু হয় তিনজনের।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ২৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৪০ শতাংশ। রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮ দশমিক ১৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।
করোনাভাইরাস থেকে নিজেকে ও পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি পালনের আহ্বান জানানো হয় বুলেটিনে।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন প্রায় ১ কোটি ২২ লাখ। মৃতের সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ছাড়িয়েছে। তবে পৌনে ৭১ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

দোহা থেকে ১৫৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা

0

করোনা পরিস্থিতির কারণে কাতারের রাজধানী দোহায় আটকে পড়া ১৫৯ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দোহা থেকে ১৫৯ জন যাত্রী নিয়ে সকাল ৭টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। দোহায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।

কভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি আটকে আছে। বাংলাদেশ ও কাতার সরকারের সহযোগিতায় দোহা থেকে আজ আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনলে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স কভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লী, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

ব্রিটিশ ভিসা আবেদন কেন্দ্র খুলছে রবিবার

0

দীর্ঘ প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আগামী রবিবার (১২ জুলাই) থেকে বাংলাদেশে আবারও ব্রিটিশ ভিসাসেবা স্বাভাবিক হচ্ছে। ওইদিন খুলছে বাংলাদেশে ব্রিটিশ ভিসা আবেদন কেন্দ্রগুলোও।

করোনা পরিস্থিতির কারণে গত ২৫ মার্চ থেকে এখানে ব্রিটিশ ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে।

আউটসোর্সিং প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল গতকাল বুধবার জানায়, আগামী রবিবার থেকে ব্রিটিশ ভিসা ও ইমিগ্রেশন পর্যায়ক্রমে তাদের কার্যক্রম শুরু করছে। যাঁরা এর আগে নির্ধারিত তারিখে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য উপস্থিত হতে পারেননি তাঁরা নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য তাঁদের অ্যাকাউন্ট লগইন করতে পারেন।

আর যাঁরা অতীতে ভিসা আবেদন সম্পন্ন করেও আবেদন কেন্দ্রের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেননি তাঁরা গতকাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ পেয়েছেন।

কেনিয়ায় করোনা ভয়ংকর, ২০২১ এর জানুয়ারি পর্যন্ত সব স্কুল বন্ধ

0

ভয়ংকর হচ্ছে করোনা। আর সেই কারণে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় সমস্ত স্কুল আগামী বছর জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে। সে দেশের স্কুলগুলোতে ফাইনাল পরীক্ষা সাধারণত নেওয়া হয় অক্টোবর-নভেম্বরে। চলতি বছরের সেই সমস্ত পরীক্ষাও বাতিল করা হয়েছে। খবর বিবিসি’র।

সাংবাদিকদের কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ মাগোহা বলেছেন, প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলোতে ক্লাস আগামী বছর জানুয়ারিতে শুরু হবে। যেভাবে করোনা প্রকোপ শুরু হয়েছে তাতে স্কুল খোলা মানে বিপদ বাড়ানো বলে মনে করেন সে দেশের শিক্ষামন্ত্রী।

শুধু তাই নয়, বাচ্চাদের আরো বিপদের মুখে ঠেলে দেওয়া বলে মনে করেন তিনি। অন্যদিকে, মার্চের মাঝামাঝি সময় থেকে স্কুল বন্ধ থাকায় সব স্কুলের ২০২০ শিক্ষাবর্ষও বাদ পড়বে বলে জানান তিনি। সরকারি-বেসরকারি সব স্কুলের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে। কেনিয়ায় জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত স্কুলের শিক্ষাবর্ষ ধরা হয়। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চললে সে দেশের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো সেপ্টেম্বরেই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

মার্চে শিক্ষার্থীরা স্কুলে যাওয়া বন্ধ করার পর থেকে সরকার পরিচালিত কেনিয়া ইনস্টিটিউট অফ কারিকুলাম ডেভলপমেন্ট রেডিও, টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে স্কুলের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছিল। এর মাধ্যমে কিছু শিক্ষার্থী সিলেবাস অনুযায়ী পাঠ সম্পূর্ণ করতে পারলেও অনেকেই এই প্রযুক্তিগত সুবিধার আওতায় ছিলেন না।

গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেনিয়াতে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত আট হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। ১৬৪ জন মারা গিয়েছে মারণ এই ভাইরাসের ছোবলে। সম্প্রতি কয়েকদিনে নতুন সংক্রমণও বেড়েছে।

ভারত সীমান্তে রাস্তার কাজে ফের বাধা নেপালের

0

নেপাল সীমান্তে ভারতের একটি রাস্তা তৈরির কাজে ফের বাধা দিয়েছে নেপাল। এবার নেপাল সীমান্তবর্তী ভারতের বিহার রাজ্যে রাস্তা তৈরির কাজে বাধা দিয়েছে দেশটি। এর আগেও সীমান্তে ভারতের রাস্তা তৈরির কাজে বাধা দিয়ে রীতিমতো কাজ বন্ধ করতে বাধ্য করেছে নেপাল।

ভারতের বিহার রাজ্যে প্রশাসন জানিয়েছে, সীমান্তের কাছে একটি রাস্তা মেরামতের কাজ চলছে। আর তা নিয়েই আপত্তি জানিয়েছে নেপাল। নেপালের এমন ব্যবহারে রীতিমত চমকে গিয়েছে বিহার প্রশাসন।

নেপাল সীমান্তবর্তী বিহারে সীতামারি-ভিটামোর রোডের কাজ চলছিল। বিহারের সীতামারি জেলায় অবস্থিত ওই রাস্তা। সেই কাজ হঠাৎ থামিয়ে দিতে বলে নেপাল।

বিহারের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তের কাছাকাছি ওই রাস্তা। সেই রাস্তা চওড়া করতে আপত্তি জানিয়েছে নেপাল। বিহারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই সমস্যা সমাধানের অনুরোধ জানানো হয়েছে।

কিছুদিন আগেও বন্যা রুখতে বিহার সরকারের বেশ কয়েকটি কাজে বাধা দিয়েছে নেপাল।

লাদাখে চীনা আগ্রাসনের পর থেকেই ভারতজুড়ে প্রতিবেশী ওই দেশ থেকে আমদানি করা সব দ্রব্য বয়কটের ডাক ক্রমেই তীব্র হচ্ছে। এরই মধ্যেই ভারতের প্রতিবেশী দেশ নেপালের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে।

ভারতের বেশ কয়েকটি এলাকা নিজেদের মানচিত্রে তুলে এনেছে নেপাল। কাঠমান্ডুর দাবি, ওই এলাকাগুলি নেপালেরই অংশ। এমনকী নেপাল সংসদে তাঁদের নয়া মানচিত্র পাস করিয়েও নেওয়া হয়েছে। যদিও নেপালের এই দাবিকে পাত্তা দেয়নি ভারত।

নেপালের এই আপত্তির কারণে বিহারের এক মন্ত্রী উদ্বেগের কথা জানিয়েছেন। বিহারের গা ঘেঁষেই রয়েছে নেপাল সীমান্ত। বর্ষা শুরুর আগে থেকেই বিহার সরকারের তরফে সীমান্ত লাগোয়া এলাকায় বন্যা রুখতে বেশ কিছু কাজ চলছে। সেসব কাজে প্রতি মুহূর্তে বাধা দিচ্ছে নেপাল। যার কারণে বন্যা রোধে নেওয়া ওই প্রকল্পের কাজ চালাতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বিহার রাজ্য সরকারের।

নেপালের এই আচরণের তীব্র নিন্দা করেছেন বিহারের ওই মন্ত্রী। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। যদিও এ বিষয়ে কোনো সাড়া মেলেনি। সূত্র : কলকাতা ২৪।

করোনা: রোমে ঢুকতে দেওয়া হচ্ছে না ১২৫ বাংলাদেশিকে

0

ইতালির রোম বিমানবন্দরে কাতার এয়ারওয়েজ থেকে নামতে দেওয়া হচ্ছে না ঢাকা থেকে আসা ১২৫ জন বাংলাদেশিকে। কাতার এয়ারওয়েজেই তাদের ফিরতে হবে দোহায় কিংবা ঢাকাতে, জানিয়ে দেওয়া হয়েছে দেশটির চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত।

ইতালির বার্তা সংস্থা আনসা ১২৫ বাংলাদেশিকে রোমে নামতে না দিয়ে দোহাতে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে।

এর আগে গত মঙ্গলবার ইতালির বার্তা সংস্থা আনসা জানায়, কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশ থেকে সকল ফ্লাইট নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ থেকে যাওয়া একটি ফ্লাইটে ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়।

মাস্ক-পিপিই দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে : দুদক সচিব

0

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয়ে দুর্নীতির সঙ্গে সরকারি কর্মকর্তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মুহাম্মদ দিলোয়ার বখত।
আজ বুধবার (০৮ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত বলেন, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে পিপিই-মাস্ক দুর্নীতির সঙ্গে জড়িতদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অনুসন্ধানে সরকারি-বেসরকারি পর্যায়ে যাদেরই নাম আসবে, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এ দুর্নীতির সঙ্গে কোন সরকার কর্মকর্তা জড়িত আছেন কিনা সেটিও খতিয়ে দেখা হবে।
এর আগে মাস্ক-পিপিই ক্রয় দুর্নীতির অভিযোগে বুধবার (০৮ জুলাই) সকাল থেকে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক এবং তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোং লিমিটেডের সমন্বয়কারী (মেডিকেল টিম) মো. মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করে দুদক। একই অভিযোগে বুধবার সংস্থাটি তলব করে এলান করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনকে। তবে করোনায় আক্রান্তের কারণ দেখিয়ে হাজির না হয়ে সময় চান তিনি।
বৃহস্পতিবার মেডিটেক ইমেজিং লি. এর পরিচালক মো হুমায়ুন কবির এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান ও লেক্সিকোন মার্চেন্ডাইজ ও টেকনোক্র্যাট লিমিটেডের মালিক মো. মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।

ঈদে বোনাস নিয়ে বড় সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা

0

আসছে ঈদুল আজহার সম্ভাব্য দিন ১ আগস্ট ধরে বার্ষিক বর্ধিত জুলাই মাসে গৃহীত মূল বেতন বা পেনশনের ভিত্তিতে উৎসবভাতা প্রদান করতে হবে। ঈদুল আজহা যদি ৩১ জুলাই হয় তাহলে তা পরবর্তী মাসের বেতন বা পেনশন থেকে বর্ধিত টাকা সমন্বয় করতে হবে।
অর্থ মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়কে এই তথ্য জানিয়েছে।
আজ বুধবার অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। এছাড়া এবারের কোরবানির ঈদ ১ আগস্ট হলে বার্ধিত বোনাসে সরকারের অতিরিক্ত ব্যয় ১৩০ থেকে ১৪০ কোটি টাকা বাড়বে বলেও জানা গেছে।
প্রসঙ্গত, চাঁদ ওঠার ওপর ভিত্তি করে আসন্ন ঈদুল আজহা আগামী ৩১ জুলাই কিংবা ১ আগস্ট হতে পারে। তবে ১ আগস্ট ঈদ হলে বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্টসহ এক মাসের মূল বেতন ও বোনাস পাওয়ার কথা ছিল সরকারি চাকরিজীবীদের। ৩১ জুলাই ঈদ হলে ইনক্রিমেন্ট ছাড়া এক মাসের মূল বেতন ও বোনাস পেতেন তারা। সেই প্রেক্ষিতে ঈদের দিন হিসাব করে বোনাস দেয়া নিয়ে জটিলতায় পড়ে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। অর্থ মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে সিদ্ধান্ত জানতে চেয়ে গত ৫ জুলাই চিঠি দেয় হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়।
২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের প্রতি বছর ১ জুলাই থেকে বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট কার্যকর হয়। অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ স্মারক অনুযায়ী, যে মাসে উৎসব অনুষ্ঠিত হবে তার পূর্ববর্তী মাসে আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থ সরকারি কর্মকর্তা-কর্মচারী উৎসবভাতা হিসেবে পাবেন। পেনশনারদের উৎসবভাতা প্রদানের ক্ষেত্রেও পূর্ববর্তী মাসের আহরিত পেনশনের সমপরিমাণ উৎসবভাতা প্রদানের অনুরূপ নির্দেশনা রয়েছে। ঈদুল আজহা যদি ১ আগস্ট ঈদ হয় তাহলে সরকারি চাকরিজীবীরা বোনাস পাবেন বার্ষিক বর্ধিত জুলাইয়ের মূল বেতনের সমান। যদি ঈদ ৩১ জুলাই হয় তাহলে তারা বোনাস পাবেন জুন মাসের মূল বেতনের সমান।
এ বিষয়টি সুরাহার জন্য গত ৫ জুলাই অর্থ সচিবের কাছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ স্মারক অনুযায়ী, যে মাসে উৎসব অনুষ্ঠিত হবে তার পূর্ববর্তী মাসে আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থ সরকারি কর্মকর্তা-কর্মচারী উৎসবভাতা হিসেবে পাবেন। পেনশনারদের উৎসবভাতা প্রদানের ক্ষেত্রেও পূর্ববর্তী মাসের আহরিত পেনশনের সমপরিমাণ উৎসবভাতা প্রদানের অনুরূপ নির্দেশনা রয়েছে।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, আসন্ন ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ আগামী ১ আগস্ট। যেহেতু উৎসব চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ঈদুল আজহা ৩১ জুলাইও অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের উৎসবভাতা গত মাসের আহরিত মূল বেতন বা পেনশনের ওপর পরিশোধিত হবে নাকি জুলাই মাসের মূল বেতন বা পেনশনের ওপর ভিত্তি করে প্রদেয় হবে সে বিষয়ে জটিলতা সৃষ্টি হয়।

ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, ‘ইতিহাস কেউ মুছে ফেলতে পারে না, কোনও না কোনভাবে সেটা সামনে আসবেই। আজকে সেই নামটা (বঙ্গবন্ধু) আবারও ফিরে এসেছে।’
তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষ যাতে সঠিক ইতিহাসটা জানতে পারে সেজন্য তাঁর সরকার সব ধরনের ব্যবস্থা নিলেও একাত্তরে পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুর বন্দিজীবনের কোন তথ্যই পাওয়া যায়নি। কেননা, বঙ্গবন্ধুই নিজেই সে কষ্টের কথা কাউকে জানাতে চাননি।
প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা আজ দুপুরে জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে (বাজেট) তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হকের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘কারাগারের রোজনামচা ’৬৬ সালে জাতির পিতা গ্রেফতার হবার পর কারাগারে বসে লেখা। যেটা ছিল ’৬৮ সাল পর্যন্ত। যার একটি ছোট অংশ সে সময় ক্যান্টনমেন্টে বন্দি অবস্থায় তিনি লিখেছিলেন। তবে, একাত্তর সালের কোন লেখা নেই, পাইনি।’৭১ সালে তিনি যে কারাগারে ছিলেন তার আমরা কিছু জানি না।’
‘তাঁর সে সময়ের কারাজীবনের কোন কষ্ট, কোন দুঃখ, কোন যন্ত্রণার কথা কখনই তিনি বলেননি। যতটুকু জেনেছি তাঁর লেখা পড়ে, এর বাইরে আর কোন কিছু জানতে পারিনি,’ বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের দিনলিপি’ এবং ‘আমার দেখা নয়া চীন’ বই এবং লেখনি থেকে জাতির পিতার জীবনের অনেক তথ্য পাওয়া গেলেও একাত্তর সালের কোন তথ্য পাওয়া যায়নি।
এ সময় ড. শিরীন শারমিন চৌধুরী স্পীকারের দায়িত্ব পালন করছিলেন। শেখ হাসিনা বলেন, ‘রেহানা ছোট ছিল বিধায় এসব বিষয়ে সে বাবাকে অনেক সময় জিজ্ঞেস করতো, যা আমরা সাহস পেতাম না। এই কয়েকদিন আগেও তাঁকে জিজ্ঞেস করেছি, তুই কিছু শুনিস নাই?’
‘-আব্বাকে জিজ্ঞেস করেছি, তিনি বলেন তোর শোনা লাগবে না, শুনলে তোরা সহ্য করতে পারবি না। কাজেই আমি (বঙ্গবন্ধু) বলব না,’ রেহানার এই বক্তব্য উদ্ধৃত করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সে সময়ের শুধুমাত্র একটা লাইন পাওয়া যায় আইযুব খানের একটি ডায়েরিতে, যেটা অক্সফোর্ড থেকে বের হয় সেখানে বলা হয়-‘বঙ্গবন্ধুকে যখন আদালতে আনা হোত তিনি আসতেন, তাঁকে বসতে দিলে বসতেন এবং তিনি কোর্টে এসে দাঁড়িয়েই নাকি জয় বাংলাদেশ বলতেন এবং বলতেন আমাকে যা কিছু করার করো, কিন্তু আমার যেটা করার আমি করে ফেলেছি-বাংলাদেশের স্বাধীনতা, এখন বাংলাদেশ স্বাধীন হবে।’
সরকার প্রধান বলেন, তবে, এর বাইরে সে সময়ে বঙ্গবন্ধুর আর কোন তথ্য বা লেখনি তিনি পাননি। যদিও এখনও এ বিষয়ে চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ১৯৬৫ সাল থেকে ’৭৭ সাল পর্যন্ত মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডিক্লাসিফাইয়েড রিপোর্টস পুরোটা তিনি সংগ্রহ করেছেন। যেখানে বাংলাদেশের বিষয়টা
রয়েছে। করোনা ভাইরাসের কারণে ঘরে থাকার সুবাদে সেগুলো কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে বের করে প্রিন্ট আউট করছেন এবং সেখানেও পাকিস্তানের কারাগারের কিছু রয়েছে কিনা তিনি দেখছেন।
স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে চলতে হলে দেশের স্বাধীনতা অর্জনের সঠিক ইতিহাস জানা একান্ত ভাবে অপরিহার্য্য উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘এত কষ্ট একজন মানুষ যে একটি দেশের জন্য বা একটা জাতির জন্য করতে পারেন, যার ধারণাও করা যায় না।’
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা মন্ত্রীত্ব ছেড়ে দিয়েছেন সংগঠন করার জন্য, আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য। আর দেশের জন্য তিনি সবকিছুই ছেড়েছিলেন। ইচ্ছা করলেই প্রধানমন্ত্রী হতে পারতেন, ক্ষমতায় যেতে পারতেন। কিন্তু তাঁর মাথায় সবসময় এটাই ছিল যে, তিনি দেশকে স্বাধীন করবেন। এই বাংলাদেশ স্বাধীন হবে সেই চিন্তা থেকেই তাঁর সারাটা জীবনকে তিনি উৎসর্গ করেছেন।
প্রধানমন্ত্রী এ সময় টানা তৃতীয়বারের মত তাঁর সরকারকে নির্বাচিত করাতেই দেশের সঠিক ইতিহাস জনগণের সামনে তুলে ধরার প্রয়াস পেয়েছেন উল্লেখ করে দেশের জনগণকে এজন্য পুণরায় কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণকে তাঁরা ভোট দিয়ে পর পর তিনবার আমাদেরক নির্বাচিত করেছেন। যার ফলে, আমরা ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছি। নইলে মাঝে সরকার পরিবর্তন হলে অনেক কিছু হয়ে যায় যেটা আমরা ’৯৬ থেকে ২০০১ সালের সময় দেখেছি।’
তিনি বলেন, অসমাপ্ত আত্মজীবনীর মত জীবনবৃত্তান্ত দিয়ে জাতির পিতার কিছু স্মৃতিকথা লেখাও তাঁরা সংগ্রহ করতে সমর্থ হয়েছেন এবং সেটিও শিগগিরই মুদ্রনে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা সমস্যার সমাধানে দ্রুত প্রত্যাবাসনের পক্ষে ভারত : জয়শংকর

0

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শংকর বলেছেন, বাংলাদেশ ও মিয়ানমারের প্রতিবেশী হিসেবে ভারত জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনের প্রয়োজনীয়তা অনুভব করে।
তিনি বলেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনেই সকলের মঙ্গল নিহিত।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে সম্প্রতি লেখা এক পত্রে ড. এস. জয়শংকর এসব বিষয় উল্লেখ করেন বলে আজ বুধবার (৮ জুলাই) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে জোরপর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিকতার পরিচয় দিয়েছে তার ভূয়সী প্রশংসা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকার ও জনগণের পাশে থাকার অঙ্গীকার পূনর্ব্যক্ত করেন ড. এস. জয়শংকর। তাছাড়া দু’দেশের উন্নয়নের ক্ষেত্রে পারস্পারিক অংশীদারিত্ব অব্যাহত থাকবে বলেও তিনি পত্রে উল্লেখ করেন।