Home Blog Page 2830

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হুমকি চীন : এফবিআই প্রধান

0

মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) প্রধান ক্রিস্টোফার রে বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য ভবিষ্যতে দীর্ঘ মেয়াদে সবচেয়ে বড় হুমকি চীন। ওয়াশিংটনে হাডসন ইন্সটিটিউটে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে বসবাসরত চীনা নাগরিকদের জোরপূর্বক সেসব দেশ থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এমনকি করোনাভাইরাস নিয়ে মার্কিন গবেষণার সঙ্গেও যুক্ত হওয়ার চেষ্টা করেছিল চীন।

এফবিআই প্রধান বলেন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র হওয়ার জন্য নানাভাবে তারা পাঁয়তারা চালিয়েছে। এজন্য বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের ওপর খবরদারি করার অপচেষ্টা চীন করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি আরো বলেন, নানাভাবে মানবাধিকার লঙ্ঘন করছে চীন সরকার। নিজেদের নাগরিকদের যারা বিদেশে ভালো মর্যাদা নিয়ে কাজ করছেন, জোর করে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে চীন।

তিনি আরো বলেন, চীন সরকার টার্গেট পূরণের জন্য যুক্তরাষ্ট্রে লোক পাঠিয়েছিল। তাদের বলা ছিল, অপশন দু’টি। হয় লক্ষ্যে পৌঁছাতে হবে, অন্যথায় আত্মহত্যা করতে হবে।

সূত্র : বিবিসি

নিজে করোনা আক্রান্ত হয়েও বিতর্কে ব্রাজিলের প্রেসিডেন্ট

0

আমি সম্পূর্ণ সুস্থ। ইচ্ছে করছে সামনে গিয়ে একটু হাঁটতে। কিন্তু চিকিৎসকরা নিষেধ করেছেন। তাই হাটতে পারছি না। করোনা ধরা পড়ার পরে এ ভাবেই সাংবাদিক বৈঠক করে নিজের স্বাস্থ্যের খবর জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন খেতেও শুরু করে দিয়েছেন। যদিও করোনার চিকিৎসায় আদৌ হাইড্রক্সিক্লোরোকুইন কাজ করে কি না, তা নিয়ে অনেক বিতর্ক আছে।

ব্রাজিলে যখন করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে, তখন প্রধানমন্ত্রী বলেছিলেন, ব্রাজিলে অন্তত ৭০ শতাংশ মানুষের করোনা হবেই। কোনও ভাবেই তা আটকানো যাবে না। কিন্তু করোনা আটকানোর জন্য কোনও কোনও প্রদেশের স্থানীয় প্রশাসন যে ভাবে লকডাউনের কথা বলছে, তাতে অর্থনীতি ধসে পড়বে বলে হুঁশিয়ারি জানিয়েছিলেন তিনি। সাধারণ মানুষ আরও সমস্যায় পড়বেন। গোড়া থেকেই করোনা ভাইরাসকে ‘সাধারণ ফ্লু’য়ের সঙ্গে তুলনা করেছেন তিনি। বলেছেন, তিনি একজন প্রাক্তন খেলোয়াড়। কোনও ভাবেই তাকে করোনা ছুতে পারবে না।

কিন্তু শেষ রক্ষা হলো না। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনা হয়েছিল। তিনিও প্রথম পর্যায়ে করোনাকে বিশেষ গুরুত্ব দিতে চাননি। এ বার আক্রান্ত হলেন বলসোনারো। করোনা ধরা পড়ার কয়েক দিন আগে পর্যন্তও সমর্থকদের মাঝে থেকেছেন প্রেসিডেন্ট। তাদের সঙ্গে হাত মিলিয়েছেন। মাস্ক ছাড়া ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রেসিডেন্টের মাধ্যমে তার সহকর্মী এবং সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে করোনা। সমস্যা হলো, করোনা ধরা পড়ার পরেও আইসোলেশনের ন্যূনতম নিয়ম মানছেন না বলসোনারো। যদিও প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ব্যক্তিদের বক্তব্য, সোমবার রাত থেকেই জ্বর আসে বলসোনারোর। তার পর থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে সকলের সঙ্গে কথা বলছেন তিনি। কাউকে কাছে আসতে দিচ্ছেন না।

করোনায় আক্রান্ত হওয়ার পরে প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন, তিনি হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন। দেশের ভিতরেই বহু বিশেষজ্ঞ এর প্রতিবাদ করে বলেছেন, ভুল চিকিৎসা পদ্ধতি অবলম্বন করছেন বলসোনারো। যদিও প্রেসিডেন্টের চিকিৎসকদের বক্তব্য, ওষুধটি কাজ করছে। জ্বর পুরোপুরি না কমলেও বলসোনারোর শারীরিক অবস্থা স্থিতিশীল।

ব্রাজিলে করোনা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। আক্রান্তের সংখ্যা খানিকটা হলেও কমেছে। কিন্তু দেশের এক বড় অংশের মানুষের দাবি, সরকার এবং প্রশাসন করোনা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিশেষজ্ঞদের একাংশেরও তাই অভিমত।

মানবপাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার : প্রধানমন্ত্রী

0

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌’বর্তমান আওয়ামী লীগ সরকার মানবপাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে মানবপাচারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির মুখোমুখি করা হয়েছে। অন্যদেরও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’
আজ বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এসংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। এর আগে সাত দিন বিরতির পর সকাল ১১টায় সংসদের মুলতবি বৈঠক শুরু হয়।
সরকারদলীয় সংসদ সদস্য বেনজীর আহমদ-এর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশে কর্মহীন হয়ে পড়া বাংলাদেশি কর্মীরা যাতে করোনা পরবর্তী সময়ে পুনরায় কাজে নিয়োগ পেতে পারে, সেজন্য বিদেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এই অন্তর্বর্তী সময়ে বিদেশের বাংলাদেশ মিশনের শ্রমকল্যাণ শাখার মাধ্যমে আমরা দুস্থ ও কর্মহীন হয়ে পড়া প্রবাসী কর্মীদের মাঝে প্রায় ১১ কোটি টাকার ওষুধ, ত্রাণ ও জরুরি সামগ্রী বিতরণ করেছি।
এসময় প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে চাকরিচ্যুত হয়ে কিংবা অন্য কোনো কারণে বিদেশফেরত কর্মীদের সহজ শর্তে ঋণ প্রদানের জন্য আমরা ইতোমধ্যেই প্রবাসী কল্যাণ ব্যাংকের অনুকূলে ৫০০ কোটি টাকার বরাদ্দ অনুমোদন করেছি। এছাড়া, করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে বিদেশ প্রত্যাগত কর্মীদের এবং প্রবাসে করোনায় মৃত কর্মীর পরিবারের উপযুক্ত সদস্যকে প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে ও সহজ শর্তে বিনিয়োগ ঋণ প্রদানের জন্য আমরা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ২০০ কোটি টাকার তহবিল গঠন করেছি। এ সংক্রান্ত নীতিমালা ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিদ্যমান নীতিমালা অনুযায়ী শুধুমাত্র বৈধ ও নিবন্ধিত অভিবাসী মৃত কর্মীর পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে এর তহবিল থেকে ক্ষতিপূরণ বাবদ তিন লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় বর্তমানে করোনাভাইরাসে মৃত্যুবরণকারী নিবন্ধিত ও অনিবন্ধিত নির্বিশেষে সকল প্রবাসী কর্মীর পরিবারকে পুনর্বাসনের জন্য আমরা তিন লাখ টাকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মধ্যপ্রাচ্যের দেশসমূহ থেকে প্রবাসী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চাপ অব্যাহত রয়েছে। তবে এ চাপ প্রশমিত করার জন্য আমাদের সরকার বিভিন্নমুখী কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে।
শেখ হাসিনা বলেন, চলাচলের অনুমতির বিষয়ে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং কুটনৈতিক তৎপরতার অংশ হিসেবে আমি কতিপয় রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের নিকট এ বিষয়ে চিঠি দিয়েছি। এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও এয়ারলাইন্সের আবেদনের পরিপ্রেক্ষিতে সীমিত পরিসরে ঢাকা-কুয়ালালামপুর রুটে বিমান চলছে। ১০ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যৌথভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। আমাদের সরকারের গৃহীত খাদ্য ও চিকিৎসা কূটনীতির আওতায় বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা সরঞ্জামাদি এবং ‌ওষুধ পাঠানো হয়েছে।
করোনাকালে দেশে আসা শ্রমিকদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশী অন্যান্য দেশে যেখানে প্রায় লক্ষাধিক প্রবাসী শ্রমিক ফিরে এসেছেন, সেখানে আমাদের দেশে এখন পর্যন্ত মাত্র ২২ হাজার প্রবাসী শ্রমিক দেশে ফিরে এসেছেন। বর্তমান আওয়ামী লীগ সরকারের গৃহীত সময়োচিত কূটনৈতিক উদ্যোগের ফলে ফিরে আসা প্রবাসীর সংখ্যা এখনও কম রয়েছে। আমাদের সরকার ফিরে আসা প্রবাসী কর্মীদের টেকসই পুনর্বাসনের লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ এবং প্রবাসীদের যথাযথ সহায়তা প্রদানের জন্য একটি ডাটাবেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী বলেন, যারা পুনরায় বিদেশে যেতে সক্ষম তাদের জন্য উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রবাসীদের বিদেশে চাকরি ধরে রাখা, নতুন নতুন প্রফেশনে যোগদান, কৃষিক্ষেত্রে নিয়োগ এবং এন্টারপ্রেইনার হিসেবে গড়ে তোলার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সংসদ নেতা বলেন, বাংলাদেশি নাগরিকদের বিদেশে গমনাগমনের সুবিধার্থে আমরা ইতোমধ্যে কাতার এয়ারওয়েজ, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া এবং এমিরেটসকে বাংলাদেশে নিয়মিত বিমান চলাচলের অনুমতি প্রদান করেছি। তাছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-লন্ডন রুটে বিমান চালু করা হয়েছে। মালয়েশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।
সংসদ নেতা আরো বলেন, করোনা চলাকালে পাসপোর্ট অধিদপ্তরে প্রাপ্ত ২ লাখ ১৫ হাজার আবেদনের অধিকাংশ পাসপোর্ট মুদ্রণ করে আমরা বিদেশের বিভিন্ন মিশনে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়া পাসপোর্ট না থাকার কারণে বাংলাদেশের কোনো নাগরিক যাতে হয়রানির শিকার না হন সেজন্য যেসব পাসপোর্ট মুদ্রণের অপেক্ষায় রয়েছে তা দ্রুত মুদ্রণ করে প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

করোনা শনাক্তে প্রতারণায় কঠোর অবস্থানে সরকার : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাস শনাক্তের জন্য নমুনা পরীক্ষা, সনদ দেওয়া ও প্লাজমা ডোনেশনসহ বিভিন্ন ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান প্রতারণার আশ্রয় নিয়েছে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে আছে।
আজ বুধবার রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি বলেন, করোনা সংকটকালে অসাধু চক্র প্রতারণার আশ্রয় নিচ্ছে, মানুষ ঠকাচ্ছে। সরকার এসব প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে আছে। এ ধরনের প্রতারণা মানুষের অসহায়ত্ব নিয়ে নির্মম বাণিজ্য ছাড়া কিছু নয়।
তিনি বলেন, কিছু মানুষ সংক্রমণের তথ্য লুকিয়ে, তথ্য গোপন করে চলাফেরা করছে। শুধু তাই নয়, করোনা নেগেটিভ সনদ নিয়ে বিদেশে গিয়ে এয়ারপোর্টে পজিটিভ হিসেবে চিহ্নিত হচ্ছে। বিদেশে যাওয়ার এই তীব্র প্রতিযোগিতা এবং সত্য গোপন রাখায় বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে। তারা লাখ লাখ প্রবাসীকে অবিশ্বাস আর অনিশ্চয়তার আঁধারে ঠেলে দিচ্ছে।
ঈদে করোনার বিস্তার রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সমাগম এড়িয়ে চলতে হবে নিজের ও পরিবারের স্বার্থে। পশুর হাট, বাস, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন, ফেরিঘাট, শপিংমল, কাঁচাবাজারসহ প্রতিটি স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরিবারের সাথে ঈদ করার আনন্দযাত্রা যেন বিষাদযাত্রায় রূপ না নেয় সে বিষয়ে সচেতন থাকতে হবে।
এ সময় ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র হিসেবে আমির হোসেন আমুর নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

১৪ দলের মুখপাত্র নির্বাচিত হলেন আমির হোসেন আমু

0

কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র নির্বাচিত হলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
আজ বুধবার জাতীয় সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সরকারি বাসভবন থেকে দেওয়া এক ভিডিও বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান।
ভিডিও বার্তায় তিনি জানান, ১৪ দলের শরীক নেতাদের সম্মতিক্রমে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমির হোসেন আমুকে এ দায়িত্ব দেন। আমু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে এ দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন করবেন বলে শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেছেন বলে ওবায়দুল কাদের উল্লেখ করেন।
গত ১৩ জুন করোনাভাইরাসে আক্রান্তের পর ব্রেইন স্ট্রোক করে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মারা যান। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির আগ পর্যন্ত জোটের মুখপাত্র হিসেবে তিনিই ১৪ দলের বৈঠক আয়োজনসহ বক্তৃতা-বিবৃতি দিয়ে আসছিলেন। তবে নাসিমের মৃত্যুর পর জোটের মুখপাত্রের জায়গাটি এতদিন ফাঁকাই ছিলো।
বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে ২০০৫ সালের ১৫ জুলাই তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বে ২৩ দফার ভিত্তিতে বাম প্রগতিশীল জোট ১১ দল, আওয়ামী লীগ, জাসদ ও ন্যাপ মিলে ১৪ দলীয় জোটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর আগে থেকে রাজপথে জোট সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে সক্রিয় ছিল এসব দল। শুরুতে এই জোটের সমন্বয়ক ছিলেন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিল। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় এলে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পান দলটির প্রবীণ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি কয়েকটি বৈঠকও করেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে মুখপাত্রের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম।

জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু

0

টানা ১ সপ্তাহ বিরতির পর আজ বুধবার সকাল ১১টায় জাতীয় সংসদের মূলতবি অধিবেশন শুরু হয়েছে।
করোনা স্বাস্থ্যবিধি মেনে বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্নোত্তরে অংশ নিচ্ছেন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, আজকের অধিবেশনে বহুল আলোচিত ভার্চুয়াল আদালত বিলটি পাসের কথা রয়েছে। গত ২৩ জুন ভার্চুয়াল আদালত সংক্রান্ত ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল-২০২০’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে ৫ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বলা হয়। দেশের আইন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ২৮ জুন বিলটি চূড়ান্ত করা হয়। পরদিন ২৯ জুন সংসদে প্রতিবেদন জমা দেওয়া হয়। বিলটি পাসের মাধ্যমে প্রয়োজনের তাগিদে প্রয়োজনের তাগিদে সীমিত পরিসরে ভার্চুয়াল আদালত চালু রাখা যাবে।
সংশ্লিষ্টরা জানান, অধিবেশনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ৬৫ বছরের সর্বোচ্চ বয়সসীমা দুই বছর বাড়িয়ে ‘বাংলাদেশ ব্যাংক (অ্যামেনমেন্ট) অ্যাক্ট-২০২০’ বিল উত্থাপিত হবে। এছাড়া ‘মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) বিল-২০২০’ নামে আরো একটি বিল উত্থাপনের কর্মসূচী রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রশ্নোত্তর এবং জরুরী জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, গত ১০ জুন শুরু হওয়া চলতি অধিবেশনে ৩০ জুন ২০২০-২০২১ অর্থবছরের বাজেট পাস হয়েছে। এ পর্যন্ত মাত্র ৭ কার্যদিবস অধিবেশন চলছে। আগামীকাল বৃহস্পতিবার অধিবেশন সমাপ্ত হওয়া কথা রয়েছে।

দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৫৩ বাংলাদেশি

0

বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের কারণে কারফিউ ও লকডাউনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৫৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
বুধবার (০৮ জুলাই) ভোর সাড়ে ৪টার কে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দুবাইতে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমান বাহিনীর কল্যাণ ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোায়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।
যে ১৫৩ বাংলাদেশি দুবাই থেকে ফিরেছে তাদের প্রত্যেকেই কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক রুটে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ রয়েছে। এরইমধ্যে সরকারের বিশেষ উদ্যোগে বিভিন্ন দেশে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
এদিকে দুবাই থেকে এ নিয়ে তৃতীয় ধাপে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।
গেল ৩ মাসে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ এশিয়ার বিভিন্ন দেশে আটকা পড়া কয়েক হাজার বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার।

আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত : শাকিব খান

0

দেশের শীর্ষ নায়ক শাকিব খান এন্ড্রু কিশোরের অনেক গানে ঠোঁট মিলিয়েছেন। স্বাভাবিকভাবে প্রিয় এই শিল্পীকে হারিয়ে শোকাহত শাকিব।

শাকিব খান নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শোক জানিয়ে লিখেছেন, দেশবরেণ্য সংগীতশিল্পী, প্লেব্যাক সম্রাট ‌‘এন্ড্রু কিশোর’ এর মৃত্যুর মাধ্যমে বাংলাদেশের সংগীত আরও একজন লিজেন্ডকে হারালো।

এই ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয়। যেখানেই থাকবেন ভালো থাকবেন রোমান্টিক গানের মাস্টার ভয়েস। এমন গুণীজনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে হেরে গেছেন জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন এন্ড্রু কিশোর। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ১৮ সেপ্টেম্বর তাঁর শরীরে নন-হজকিন লিম্ফোমা নামক ব্লাড ক্যানসার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তাঁর চিকিৎসা শুরু হয়। সেখানে কয়েক মাস একনাগাড়ে তাঁর চিকিৎসা চলে। চিকিৎসারত অবস্থায় তিনি নিজের ইচ্ছায় দেশে ফিরতে চেয়েছিলেন। বলেছিলেন, ‘আমি আমার দেশে গিয়ে মরতে চাই, এখানে নয়।’

১১ জুন বিকেলে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরেন তিনি। ফিরে যান রাজশাহীতে, যেখান থেকে শুরু। নিজের শহর রাজশাহীর মহিষবাথান এলাকায় বোনের বাড়িতে শেষ হলো তাঁর জীবনের গল্প, পৃথিবী ছেড়ে বিদায় নিলেন তিনি।

অবশ্য মাঝে চিকিৎসায় কিছু সাড়া মেলে। এ বছরের এপ্রিলে সেসব শেষ করে চিকিৎসকেরা জানিয়েছিলেন, এখন আর দরকার নেই, শুধু ওষুধ খেতে হবে। দেশে ফিরে যেতে পারবেন এন্ড্রু কিশোর। তাঁর স্ত্রী জানান, মে মাসের ১৩ তারিখ দেশে ফেরার জন্য টিকিট কেনা হয়েছিল। কিন্তু এন্ড্রু কিশোর শারীরিকভাবে ভীষণ দুর্বল বোধ করছিলেন। তাই বাতিল করা হলো যাত্রা। চিকিৎসক জানিয়েছিলেন, এই দুর্বলতা কেমোর ধকল। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। চিকিৎসক আশ্বস্ত করায় ১০ জুন ফেরার টিকিট কেনা হয়। কিন্তু ২ জুন হঠাৎ আবার অসুস্থ হয়ে যান শিল্পী। পরদিন রাতে কাঁপুনি দিয়ে জ্বর আসে। হাসপাতালে ভর্তি করানো হয় ৪ জুন। কোনো ওষুধই আর কাজ করছিল না শরীরে। পিইটি স্ক্যান হয় ৯ জুন। সে রিপোর্টে দেখা গেল, লিম্ফোমা ভাইরাস ডান দিকের লিভার ও স্পাইনালে ছড়িয়ে গেছে। শরীরের বিভিন্ন জায়গাতেও অল্প অল্প দেখা যাচ্ছে। সিঙ্গাপুরের চিকিৎসকেরা জানিয়ে দিলেন, আর কিছুই করার নেই।

বিদ্যুৎ বিলের জন্য কিডনি বেচতে চান আরশাদ!

0

অনেক দেশের নাগরিকরাই অভিযোগ করেছেন স্বাভাবিকের চেয়ে বিদ্যুতের বিল বেশি এসেছে করোনায় ঘরবন্দি সময়। অনেকের ক্ষেত্রে বিলের পরিমাণ ছিল একেবারেই মাত্রাতিরিক্ত। ভারতে বিদ্যুৎ বিলের এই বিড়ম্বনা এরই মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

করোনার কারণে তিন মাস বিদ্যুৎ বিল স্থগিত রাখতে সংস্থাগুলোকে অনুরোধ করেছিল ভারতের মহারাষ্ট্র সরকার। সেই অনুরোধ প্রাধান্য দিয়ে মার্চ থেকে মে মাসের বিল পাঠায়নি কোনো বিদ্যুৎ বণ্টনকারী সংস্থা। তবে গত জুন থেকে বিদ্যুৎ বিল আসা শুরু হয়। বিদ্যুৎ বিলের অঙ্ক দেখে মাথায় হাত উঠছে সবার। যার মধ্যে রয়েছেন বলিউডের অনেক তারকাও।

ইতিমধ্যে মুম্বাই শহরের বিদ্যুৎ ব্যবহারকারী হিসেবে বিল নিয়ে বিরক্ত হয়ে টুইট করা শুরু করেছেন তাপসী পান্নু থেকে হুমা কুরেশিসহ অনেকেই। এ তালিকায় আছেন আরশাদ ওয়ারসিও। তিনি অন্যদের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলের কাগজ দেখিয়েই ক্ষান্ত হননি। এ নিয়ে মুখ খুলে সরাসরি সাক্ষাৎকারও দিয়েছেন গণমাধ্যম বম্বে টাইমসে।

সাক্ষাৎকারটি আরশাদ নিজের টুইটারে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ধন্যবাদ বম্বে টাইমস। অনুগ্রহ করে আমার পেইন্টিংগুলো কিনুন। আদানি পাওয়ারকে বিদ্যুতের বিল পরিশোধ করতে পরের মাসের জন্য আমার একটা কিডনি বরাদ্দ রাখলাম।’

তার টুইট দেখে হেসে খুন হচ্ছেন নেটিজেনরা। অনেকে তার রসিকতার প্রশংসাও করছেন। তবে ভারতজুড়ে বিদ্যুৎ বিল নিয়ে যে বাজে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাও প্রকট হয়ে উঠলো আরশাদ ওয়ারসির পোস্টে।

করোনায় আক্রান্ত অভিনেত্রী সুমলতা

0

ভারতের বিজেপি’র হেভিওয়েট নেত্রী, সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের পর আরও এক সাংসদ-অভিনেত্রী করোনাভাইরাসে আক্রান্ত হলেন। সোমবার কর্নাটকের সাংসদ অভিনেত্রী সুমলতা অম্বরীশের করোনা ধরা পড়েছে। সুমলতা এদিন নিজেই ঘোষণা করেন, তিনি কভিড-১৯ পজিটিভ। রিপোর্ট পজিটিভ জানার পরেই বাড়িতে কোয়ারানটিনে থেকে চিকিত্‍‌সা করাচ্ছেন।

কর্নাটকের মন্ড্যার সাংসদ এদিন বলেন, ‘গত শনিবারই (৪ জুলাই) আমার মৃদু উপসর্গ দেখা দেয়। সারাদিন ধরে মাথাব্যথা করছিল। সেইসঙ্গে গলায় খুসখুসানি ছিল। উপসর্গ ভালো না ঠেকায় কভিড টেস্ট করানোর সিদ্ধান্ত নিই। রবিবার টেস্ট করালে, সোমবার রিপোর্ট পজিটিভ আসে।’ চারপাশে করোনা সংক্রমণের মধ্যেও নিজের কেন্দ্রে চষে বেরিয়েছেন সুমলতা অম্বরীশ। তাঁর ধারণা, এই ঘোরাঘুরির কারণে তিনি ভাইরাস সংক্রামিত হয়েছেন।

অভিনেভীর কথায়, ‘ঈশ্বরের কৃপায় আমার ইমিউনিটি শক্তি যথেষ্ট ভালো। আমি আশাবাদী, আপনাদের আশীর্বাদে খুব দ্রুত সুস্থ হয়ে উঠব।’ গত কয়েক দিনে কার কার সান্নিধ্যে এসেছেন, সরকারি কর্তৃপক্ষকে তার বিশদ জানিয়েছেন বলেও উল্লেখ করেন অম্বরীশ।

তিনি ব্যক্তিগত ভাবেও আবেদন জানিয়েছেন, গত কয়েক দিনে তাঁর সঙ্গে যাদের দেখা হয়েছে, তাঁরা যেন সামান্য লক্ষণেও করোনা টেস্ট করিয়ে নেন। কর্নাটকের এই সাংসদ-অভিনেত্রীর কথায়, এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জিততে হলে, পরীক্ষা করোনাটা জরুরি। সূত্র-এইসময়