Home Blog Page 2833

আয়মান সাদিককে হত্যার হুমকির তদন্তে পুলিশ

0

ইউটিউবার এবং অনলাইনে শিক্ষাদান কর্মসূচি পরিচালনা বিষয়ক পেইজ টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আয়মান সাদিককে হত্যার হুমকি দেয়া হয়েছে। একই সাথে হত্যার হুমকি দেয়া হয়েছে টেন মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা সাকিব বিন রশীদকেও।
এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এক ভিডিওতে আয়মান সাদিক বলেন, “ফেসবুক, ইউটিউবসহ অনেক জায়গায় আমাকে মেরে ফেলার জন্য বলা হচ্ছে। টেন মিনিট স্কুলের অনেক মানুষকে মেরে ফেলার জন্য বলা হচ্ছে। টেন মিনিটস স্কুলকে বয়কট করার জন্য বলা হচ্ছে।”
“ইনডিরেক্টলি না ডিরেক্টলি বলা হচ্ছে এই মুরতাদকে যেখানেই আপনারা পাবেন, তাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন এবং শত শত না হাজার হাজার মানুষ সেটা শেয়ার করছে।”
গত জুন মাসে টেন মিনিটস স্কুলের দুটি ভিডিও যেগুলো ঋতুস্রাব ও সম্মতির মতো বিষয়গুলো নিয়ে করা হয়েছিল সেই ভিডিও দুটি নিয়ে সমালোচনা করেন এক শ্রেণীর মানুষ। এই ভিডিও দুটি ইসলাম পরিপন্থী বলেও অভিযোগ তোলা হয়। সাথে বলা হয় যে, তারা সমকামিতাকে সমর্থন করেন।
“আমাকে বলা হচ্ছে আমি নব্য মিশনারি, আমি কাফিরদের এজেন্ট, আমি পশ্চিমা অপসংস্কৃতি প্রচার করার এজেন্ট,” এক ভিডিও বার্তায় জানান মি. সাদিক।
এর জের ধরে চলতি মাসের শুরুতে অর্থাৎ দোসরা জুলাই টেন মিনিট স্কুলের ভেরিফায়েড পেইজ থেকে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেন।
সেখানে তিনি জানান, “ঋতুস্রাব ও সম্মতি নিয়ে করা ওই দুইটি ভিডিও অনেকের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কারণে তারা দুঃখিত এবং ক্ষমা-প্রার্থী।”
সাথে ভিডিও দুটি তাদের সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেয়া হয়েছে বলেও জানান।
বিবৃতিতে তিনি বলেন, “ওই দুটি ভিডিওর উদ্দেশ্য কখনোই ইসলাম বিরোধী কোনও মতবাদকে প্রচার করা ছিল না। কিন্তু আমাদের ভিডিও দুইটির মেসেজ অনেকের ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা যেভাবে সবাইকে এই সম্পর্কে অবগত করার চেষ্টা করেছিলাম সেই মেসেজটা আমরা পুরোপুরি দিতে পারিনি। এর দায়ভার আমার প্রতিষ্ঠান এবং আমার উপর বর্তায় এবং এর জন্য আমি ক্ষমা-প্রার্থী।”
এদিকে মৃত্যুর হুমকি দেয়ার পর এ বিষয়ে কোন ধরণের আইনি ব্যবস্থা নেয়া হয়েছে কিনা এমন প্রশ্নে টেন মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা সাকিব বিন রশিদ বলেন, “ব্যক্তিগতভাবে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করছি। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কোন ব্যবস্থা আমরা গ্রহণ করতেছি না। অফিসিয়াল কোন জিডি এখনো করা হয়নি।”
আয়মান সাদিক ও সাকিব বিন রশীদের বিরুদ্ধে ধর্ম অবমাননাসহ আরো যেসব অভিযোগ উঠেছে এ বিষয়ে তাদের বক্তব্য জানতে চাওয়া হলে সাকিব বিন রশীদ বলেন যে, এ বিষয়ে এরইমধ্যে বিবৃতিতে তাদের বক্তব্য তুলে ধরেছেন তারা।
টেন মিনিটস স্কুল অনলাইনে শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষা, সফটওয়্যার ও পেশাদার দক্ষতা বিষয় নানা ধরণের ভিডিও বিনামূল্যে পাওয়া যায়। একই নামে একটি অ্যাপও রয়েছে। যা মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়।
এদিকে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রাণনাশের হুমকি দেয়ার বিষয়ে কোন ব্যবস্থা নেয়া হয়েছে কিনা এবিষয়ে জানতে চাওয়া হলে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন, ফেসবুক এবং ইউটিউবে হত্যার হুমকির ভিডিও নজরে আসার পর এ বিষয়ে আয়মান সাদিকের সাথে যোগাযোগ করেছেন তারা। আনুষ্ঠানিক অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
তবে এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ স্ব-উদ্যোগে গ্রেফতার করার ঘটনা রয়েছে উল্লেখ করে এ ঘটনায় এমন কোন পদক্ষেপ নেয়া হবে কিনা জানতে চাইলে মি. ইসলাম বলেন, যারা হত্যার পোস্ট দিয়েছে তাদের আগে খুঁজে বের করতে হবে, তারপর গ্রেফতার।
“যারা পোস্ট করছে তারা অনেকেই দেশের বাইরে থেকে করছে, অনেকেই ছদ্মনামে করছে। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি। তারপর ব্যবস্থা।”
পুলিশের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, যে কাউকে অন্য কেউ যদি প্রাণনাশের হুমকি দেয় এবং তার জীবন সংকটের মুখে পড়ে সে বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে আমলে নিয়ে এবিষয়টি তদন্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।
“এ বিষয়টিও দৃষ্টিতে এসেছে এবং অবগতিতে আছে এবং এটি নিয়ে আমরা কাজ করছি,” বলেন মি. রানা।

এন্ড্রু কিশোরের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃখ প্রকাশ

0

না ফেরার দেশে চলে গেলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, এন্ড্রু কিশোর তার গানের মাধ্যমে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় তার বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন আটবারের চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই প্লেব্যাক সম্রাট।
সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে গত ১১ জুন রাতে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেই জন্মস্থান রাজশাহীতে চলে যান তিনি। তার দেখভাল করছিলেন বোনজামাই চিকিৎসক ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস। জনপ্রিয় এই শিল্পীর চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তা করেছিলেন।

এন্ড্রু কিশোরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

0

বিশিষ্ট সংগীত শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার (৬ জুলাই) রাষ্ট্রপতি এক শোকবার্তায় এন্ড্রু কিশোরের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বঙ্গভবন প্রেস উইং থেকে একথা জানানো হয়।
বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর সোমবার ৬টা ৫৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন তিনি ক্যানসারে ভুগছিলেন।

রিজার্ভ থেকে দেশের উন্নয়ন প্রকল্পে ঋণ নেয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর

0

দেশে বর্তমানে রেকর্ড পরিমাণ ৩৬ বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে। তিন মাসের আমদানি খরচ হাতে রেখে এই রিজার্ভ থেকে ঋণ নেয়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এমন প্রস্তাব দেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

একনেকে প্রধানমন্ত্রীর আজকের প্রস্তাব তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ বিলিয়ন ডলার। সর্বকালের রেকর্ড এটা। প্রধানমন্ত্রী বলেন, আমরা বিদেশ থেকে ডলারে ঋণ নিই। আমরা নিজেদের টাকা তো নিজেরাই ঋণ দিতে পারি। সরকার নিজেই ঋণ নিতে পারে। বাংলাদেশ ব্যাংক আমাদের পক্ষে, জনগণের পক্ষে এই টাকা সংরক্ষণ করে। রিজার্ভ তাদের আয়ত্তেই আছে। ওখান থেকে আমরা প্রকল্পের জন্য ঋণ নিতে পারি।’

এম এ মান্নান আরও বলেন, ‘তার (প্রধানমন্ত্রী) নির্দেশনা হলো যে, এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক চিন্তাভাবনা করে খুঁটিনাটি দেখবে। অর্থনৈতিক প্রভাব কী হতে পারে। যেমন প্রধানমন্ত্রীর ধারণা, সাধারণ তিন মাসের আমদানি ব্যয় হাতে রাখা নিরাপদ। তিন মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ বিদেশি টাকা যদি হাতে থাকে, তাহলে স্বস্তিদায়ক মনে করা হয়। সুতরাং তিনি মনে করেন যে, আমদানি ব্যয়ের যুক্তিসঙ্গত পরিমাণ হাতে রিজার্ভ রেখে বাকিটা অভ্যন্তরীণ নিজেদের অর্থে নিজেরাই ঋণ নিতে পারি এবং তুলে দিতে পারি।’

রিজার্ভ থেকে প্রকল্পের জন্য ঋণ নেয়ার যৌক্তিকতা নিয়ে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে আমি এটা মনে করি। আমি সমর্থন করি দুটো কারণে। একটা হলো আমাদের নিজস্ব টাকা ডান হাত থেকে বাম হাতে আনলাম। আবার ডান হাতে ফেরত দেব। এটা আগে নিশ্চিত করতে হবে, যাতে ফেরত যায়। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত, বিদেশ থেকে ঋণ নেয়ার ক্ষেত্রে অনেক শর্ত থাকে, এটা-সেটা থাকে, সেগুলো মানতে হয়। মানতে গিয়ে ব্যয় বেড়ে যায়। ঋণচুক্তি সই করার পরে প্রক্রিয়া করতে অনেক সময় দেখা যায়, এক থেকে দেড় বছর পার হয়ে যায়। তখন আমরা ক্ষতিগ্রস্ত হই। ডলারের মান বেড়ে যায়, টাকার মান কমে যায়। আমাদের নিজেদের টাকা হলে নিজেরাই খরচ করবো। ভয়ের কারণটা হলো যে ডলারটা দেব, তা ফেরত আসতে হবে। এখানে যদি ওই ধরনের কোনো ভীতি থাকে, যেটা ব্যাংকে আমাদের নন-পারফর্মিং (ঋণখেলাপি) ঋণের ক্ষেত্রে দেখেন। তাহলে আমি হাত দেব না। ওটা নিশ্চিত হয়ে আমি করতে রাজি আছি। আমি মনে করি, এটা সম্ভব।’

আরেক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এটা তার অর্ডার নয়। তিনি একটা আইডিয়া তুলে ধরেছেন আলোচনার জন্য। তারপর আমরা সিদ্ধান্তে আসবো।’

রাজধানীর শেরে-বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট দেয়া হবে: শিক্ষামন্ত্রী

0

করোনাভাইরাস মহামারির কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর মধ্যে প্রায় সকল ক্লাসেরই পরীক্ষার সময় উত্তীর্ণ হয়েছে। শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে অনলাইনভিত্তিক ক্লাস-পরীক্ষাকে গুরুত্ব দেয়া হচ্ছে।

অনলাইনে ক্লাস-পরীক্ষার জন্য ইন্টারনেট বাধ্যতামূলক। এজন্য শিক্ষার্থীদের বাড়তি ব্যয় করতে হচ্ছে। আবার অনেকে ইন্টারনেট ব্যবহারের সুযোগও পাচ্ছে না। এজন্য শিক্ষার্থীদের বিনামূল্যে বা স্বল্পমূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেয়ার জন্য আলোচনা করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ বিষয়ে তিনি বলেছেন, বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘদিন যাবত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা কার্যক্রমকে চালিয়ে নিতে আমরা অনলাইন শিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করছি। ইতোমধ্যে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর পক্ষেই ইন্টারনেটের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট প্রদান অথবা স্বল্পমূল্যে ইন্টারনেট প্যাকেজ দেয়া যায় কি না সে বিষয়ে মোবাইল অপারেটর কোম্পানি সমূহের সাথে আলোচনা চলছে।

সোমবার (০৬ জুলাই) বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির আয়োজনে বর্তমান বৈশ্বিক সংকটকালে শিক্ষা বিষয়ে আমাদের করণীয়’ শীর্ষক এক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি সংকটই আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে দেয়। চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হলে তথ্য ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। তাই আমাদের হয়তো কিছুদিনের মধ্যে ডিজিটাল শিক্ষা কার্যক্রমে যেতে হতো। করোনা আমাদেরকে এক্ষেত্রে এগিয়ে দিয়েছে। আমরা এখন অনলাইন শিক্ষা কার্যক্রমসহ অফিস-আদালতে বিভিন্ন মিটিং এবং দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধ থাকবে। অল্প সময়ের মধ্যে আমরা সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠে নতুন এই বাস্তবতার সাথে অভ্যস্ত হয়ে উঠব। করোনা পরবর্তী সময়েও স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের সাথে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, শিক্ষার বিস্তার এবং মেধাবি জাতি তৈরিতে ইন্টারনেটকে ব্যয় নয়, এটিকে রাষ্ট্রের বড় বিনিয়োগ হিসেবে দেখতে হবে। ভবিষ্যত শিক্ষার ক্ষেত্র কেবলমাত্র ক্লাসরুম কেন্দ্রিক হবে না। প্রচিলিত চক-ডাস্টার পদ্ধতির সাথে ক্লাসরুম ব্যবস্থা ডিজিটাল করতে হবে। অন্যথায় চতুর্থ শিল্প বিপ্লবের জন্য মানব সম্পদ তৈরি করতে পারব না।

এদিকে করোনা পরিস্থিতি কত দিনে স্বাভাবিক হতে পারে তা এখনো নিশ্চিত নয় সংশ্লিষ্টরা। ফলে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়েও উদ্বেগে শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্যরা। ফলে পরীক্ষা ছাড়াই স্কুল ও কলেজ শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণের চিন্তা করছে সংশ্লিষ্টরা।

জানা গেছে, আগামী মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে পরীক্ষা ছাড়া স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের পরবর্তী ক্লাসে উন্নীত করা হতে পারে। প্রাথমিক বিদ্যালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, ১৫ থেকে ২৩ এপ্রিলের মধ্যে প্রথম সাময়িক, ৯ থেকে ২০ আগস্টের মধ্যে দ্বিতীয় সাময়িক এবং ২ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা হওয়ার কথা।

এন্ড্রু কিশোরের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

0

সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ এক শোকবার্তায় তিনি ক্ষণজন্মা এ শিল্পীর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী দেশবরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর আজ ০৬ জুলাই ২০২০ সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় তাঁর বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে ৩০ কোটি টাকা

0

লিবিয়ায় মানব পাচারের ঘটনা তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিআইডি। তারা ৩৬ জন পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতদের মাঝে একটি এজেন্সির একজন পিয়নও রয়েছেন। সেই পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে ২০-৩০ কোটি টাকা রয়েছে বলে জানতে পেরেছেন সিআইডির তদন্তাকারীরা।

আজ সোমবার ( ৬ জুলাই) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে এক ব্রিফিংয়ে এ তথ্য দিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান।

সিআইডির কার্যক্রমের বিষয়ে ব্রিফিংয়ে জানানো হয়। লিবিয়ার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, লিবিয়ায় বাংলাদেশের ২৬ জন নিহত হয়েছেন। ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশের বিভিন্ন থানায় ২৬ টি মামলা হয়েছে। যার মধ্যে ১৫ টি মামলার তদন্ত করছে সিআইডি।

এসব মামলায় এ পর্যন্ত ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্য সিআইডি ৩৬ জনকে গ্রেপ্তার করেছে। একজন পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে ২০-৩০ কোটি টাকা পাওয়া গেছে।

ঢাকা ছেড়েছে ১ লাখ পরিবার, একটু কম টাকার বাসার খোঁজে বহুজন

0

করোনা পরিস্থিতিতে অনেক মানুষ কাজ হারিয়েছে, নেমে গেছে দরিদ্রের কাতারে। অবস্থার চাপে অনেকেই বাসা ছেড়ে দিয়েছে বা দিচ্ছে। ছেড়ে দিয়েছে রাজধানীও। আবার রাজধানীতেই টিকে থাকার জন্য অনেক মধ্যবিত্ত পরিবার কম টাকার বাসায় যাচ্ছে। বলা হচ্ছে, এরই মধ্যে প্রায় এক লাখ ভাড়াটিয়া রাজধানী ছেড়েছে। এ কারণে রাজধানীর অলিগলিতে এখন ঝুলছে অসংখ্য ‘টু লেট’। অনেক বাড়িওয়ালা ভাড়া কমিয়েও ভাড়াটিয়া পাচ্ছে না।

সংকটময় এ অবস্থার চিত্র পাওয়া গেল ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহরানে সুলতান বাহারের কথায়। তিনি বলেন, ‘করোনার সময়ে শুধু রাজধানী থেকে এক লাখের বেশি পরিবার চলে গেছে। যারা আছে তারাও কম টাকায় থাকার জন্য বাসা খুঁজে বেড়াচ্ছে। চলতি মাসের পর ঢাকার চিত্র আরো বদলাবে।’ তিনি দাবি জানান, ‘এমন পরিস্থিতিতে যদি অন্তত তিন মাসের বাসা ভাড়া, বিদ্যুৎ ও গ্যাস বিল মওকুফ না করা হয়, তবে সংকট বাড়বে। যেসব ভাড়াটিয়া টিকে আছে তাদের ভাড়াও সহনীয় করার বিষয়ে ভাবা উচিত।’

সংশ্লিষ্টরা বলছেন, বছরের পর বছর বাড়িভাড়া বেপরোয়াভাবে বাড়ানো হয়েছে। এতে মানুষের আয়-ব্যয়ের প্রকট অসামঞ্জস্য দেখা দেয়। করোনার সময় পরিস্থিতি আরো খারাপ হওয়ায় নিরুপায় হয়ে মানুষ ঢাকা ছাড়ছে, তাতে তৈরি হচ্ছে ভাড়াটিয়া সংকট। অনেক মধ্যবিত্ত পরিবার টিকে থাকতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সংকট সামনের দিনগুলোতে আরো প্রকট হতে পারে।

ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) একটি সমীক্ষায় বলা হয়েছে, গত ২৫ বছরে রাজধানীতে বাড়িভাড়া বেড়েছে প্রায় ৪০০ শতাংশ। একই সময়ে নিত্যপণ্যের দাম বেড়েছে ২০০ শতাংশ। অর্থাৎ এই সময়ে নিত্যপণ্যের দামের তুলনায় বাড়িভাড়া বৃদ্ধির হার প্রায় দ্বিগুণ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে কামরাঙ্গীরচর লোহার ব্রিজের ওপরে কথা হয় শাহ আলম নামে এক মার্কেটিং কর্মকর্তার সঙ্গে। তিনি বলেন, ‘আজিমপুর বটতলার একটি বাসায় পরিবার নিয়ে থাকতাম। বাসা ভাড়া ছিল ১৩ হাজার টাকা। বেতনের তুলনায় বেশি ভাড়ার বাসা হলেও চলে যাচ্ছিল। কিন্তু করোনার সময় প্রতিষ্ঠান থেকে বেতন অর্ধেক করা হয়েছে। তাই এই মাস থেকে কামরাঙ্গীরচর ইসলামনগর এলাকায় একটি দুই রুমের বাসায় উঠেছি।’ আজিমপুর, মধ্য বাসাবো, শহীদনগর এলাকায় নতুন বাসার সন্ধানে থাকা কয়েকজন জানান নিজেদের কষ্টের কথা। ক্ষুদ্র ব্যবসায়ী ইসমাঈল হোসাইন বলেন, ‘এক যুগেরও বেশি সময় ধরে ঢাকায় আছি। মাত্র কয়েক মাসের ব্যবধানে শূন্য হয়ে গেলাম। গলির ব্যবসায়ীদের খবর কেউ নিচ্ছে না। এই শহরে টিকে থাকার ব্যয় এত বেশি। যার বাস্তব চিত্র দেখলাম এই ভয়াবহ সময়ে।’

জানা গেছে, কম টাকায় নতুন বাসার সন্ধান করছে অনেক মধ্যবিত্ত পরিবার। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জর নিমাইকাশারী এলাকার বাসিন্দা হাম্মাদ সোহাগ বলেন, ‘একটু নিরিবিলি আর কম খরচের জন্য আমি তিন বছর আগে এই এলাকায় থাকতে শুরু করি। করোনার কারণে এখন এই এলাকায় ভাড়াটিয়াদের উপস্থিতি বাড়ছে। মাত্র সাত হাজার থেকে আট হাজার টাকার মধ্যে তিন রুমের বাসা পাওয়া যায়।’ রাজধানীর আজিমপুর ছাপড়া মসজিদ এলাকায় থাকতেন কুষ্টিয়ার ছেলে আজাদুর রহমান। একটি ছোট প্রতিষ্ঠানে চাকরির বেতন, পাশাপাশি টিউশনি করে চলে যেত। কিন্তু কয়েক মাস টিউশনি বন্ধ আর অফিসের বেতনও ঠিকঠাক না পেয়ে এলোমেলো হয়ে গেছে তাঁর জীবন। রাজধানীতে টিকে থাকতে তাই জুনের শুরুতে উঠেছেন রাজধানীর মাদারটেক এলাকার একটি বাসায়। আগে যেখানে একাই বাসা ভাড়া বাবদ গুনতেন সাত হাজার টাকা, এখন দুজন মিলে একই খরচে থাকছেন।

করোনায় আরও ৪৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩২০১

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৯৬ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ২০১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন।
আজ সোমবার (৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

বিএনপি আজগুবি তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই করোনাকালেও বিএনপি আজগুবি তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে।
আজ সোমবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি দুর্নীতিতে পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। লুটপাটের জন্যই নির্বাচন ও রাজনীতিতে জনগণের কাছে তারা প্রত্যাখ্যাত হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, তাদের কথা শুনে মনে হয় পূর্নিমার রাতেও বিএনপি অমবশ্যার অন্ধকার দেখতে পায়। এ সময় বিএনপিকে বিভাজন ও বৈরিতার রাজনীতি পরিহার করে করোনা প্রতিরোধের লড়াইয়ে সহযোগিতা করারও আহ্বান জানান ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিবাজ যেই হোক, শেখ হাসিনা সরকার শূন্য সহিষ্ণুতা নীতিতে অটল।
যশোর ও বগুড়া উপনির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনাকলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বিশ্বের অনেক দেশেই জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। তারপরও বলবো এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। সরকারের এতে কোনো হাত নেই।
সেতুমন্ত্রী দিনদিন সরকার সুরক্ষাসামগ্রী বাড়াচ্ছে, ভেন্টিলেশন ব্যবস্থা, ডাক্তার সংখ্যা বৃদ্ধি করছে জানিয়ে বলেন, সরকারের সমন্বিত ও দক্ষতার করণেই এসব হচ্ছে অথচ বিএনপির কার্যক্রম শুধু বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ।