Home Blog Page 2835

জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের অবস্থা সঙ্কটজনক

0

সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন মাত্র ক’দিন আগে। ক্যান্সারের সাথে লড়াই করে সুস্থ হয়ে দেশে ফেরার পরেও যেন পুরোপুরিও সুস্থ হতে পারেননি। তাঁর অবস্থা এখন সঙ্কটাপন্ন। দিন দিন তার অবস্থার অবনতি হচ্ছে, দিতে হচ্ছে অক্সিজেন সাপোর্ট। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের খালাতো ভাই রেমন্ড তপু।

রেমন্ড তপু কালের কণ্ঠকে বলেন, ‘দাদা (এন্ড্রু কিশোর) দু’দিন ধরে কথা বলতে পারছেন না। আমার সাথে পরশুদিনও কথা হলো। অনেক শক্তভাবেই কথা বললেন। প্রাঞ্জলও মনে হচ্ছিল। দাদাকে। কিন্তু কাল থেকে দাদা কথা বলতে পারছেন না। এন্ড্রু কিশোর দাদা রাজশাহীতেই তাঁর বোন ডা. শিখা বিশ্বাসের বাসায় রয়েছেন। বাসার নিচেই দিদির ক্লিনিক রয়েছে। সেখান থেকে চিকিৎসার তত্ত্বাবধান করা হচ্ছে।’

শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে এন্ড্রু কিশোর অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তাঁর শরীরে নন-হজকিন লিম্ফোমা নামের ব্লাড ক্যানসার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তাঁর চিকিৎসা শুরু হয়। এই কয়েক মাস ধরে সিঙ্গাপুরে তাঁর চিকিৎসা চলে।
এন্ড্রু কিশোরের চিকিৎসায় সহায়তার হাত বাড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যয়বহুল এই চিকিৎসার খরচ জোগাতে বিক্রি করে দেন রাজশাহী শহরে তাঁর কেনা ফ্ল্যাটটি। শিল্পীর পরিবারের পাশাপাশি সংগীতশিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, বেশ কিছু প্রতিষ্ঠান এবং প্রবাসীরা এগিয়ে এসেছেন। গেল ফেব্রুয়ারিতে সিঙ্গাপুর বিজনেস সোসাইটি এবং বাংলাদেশ চেম্বারের আয়োজনে সিঙ্গাপুরের স্থানীয় গেটওয়ে থিয়েটার হলে আয়োজন করা হয় ‘এন্ড্রু কিশোরের জন্য ভালোবাসা’ শিরোনামের সংগীতানুষ্ঠান। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমীন, মিতালী মুখার্জি, মোমিন বিশ্বাস, জাহাঙ্গীর সাঈদ ও মিলিয়া সাবেদ।

এন্ড্রু কিশোরের এক ছেলে ও এক মেয়ে। তাঁরা দুজনেই অস্ট্রেলিয়া থাকেন। মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞা সিডনিতে গ্রাফিকস ডিজাইন ও ছেলে জে এন্ড্রু সপ্তক মেলবোর্নে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করছেন।

সংগীতজীবনের শুরুতে আবদুল আজিজ বাচ্চুর অধীনে প্রাথমিকভাবে সংগীতচর্চা শুরু করেন এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে তাঁর প্লেব্যাক যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে আলম খান সুরারোপিত ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রের ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মধ্য দিয়ে। এরপর তাঁর গাওয়া অনেক গান জনপ্রিয় হয়। বাংলা চলচ্চিত্রের গানে অবদান রাখার জন্য তিনি কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

ট্রাম্পের বিপক্ষে দাঁড়ানোর ঘোষণা দিলেন কার্দাশিয়ানের স্বামী কেনি

0

সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নভেম্বরেই হবে প্রেসিডেন্ট পদের জন্য লড়াই। আর এবার প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন কিম কার্দাশিয়ানের স্বামী ব়্যাপার কেনি ওয়েস্ট। এক টুইট বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন।

কেনি ওয়েস্ট বলেন, এখন সময় এসেছে ঈশ্বরের ওপর বিশ্বাস করেই এখন আমেরিকার সকল প্রতিশ্রুতি রাখতে পারি, ঐক্যের প্রতি দৃষ্টি ঠিক রেখে আমাদের ভবিষ্যত গড়তে হবে।। আমি আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী।’

এই টুইটার নিয়ে ইতোমধ্যে হইচই পড়ে গেছে পুরো যুক্তরাষ্ট্রে। কেননা এতে লাইক পড়েছে প্রায় ৬ লাখ ৫৪ হাজার। রিটুইট হয়েছে প্রায় সাড়ে ৩ লাখ। এই টুইট পোস্ট ক্রমশ ছড়িয়ে পড়ছে মার্কিনিদের টুইটার দেয়ালে। কেননা কিম কার্দাশিয়ান বিভিন্ন সময় নানা কথা ও আচরণের কারণেই আলোচনার কেন্দ্রে চলে আসেন। তাই বলে তার স্বামী কেনি ওয়েস্ট এমন একটি ঘোষণা দিয়ে দেবেন তা হয়তো কল্পনাও করেননি কেউ।

ঠিক মার্কিন সাম্রাজ্যে বর্ণবাদ আন্দোলন ও বর্ণবৈষম্য সোচ্চার সব শ্রেণীর মার্কিনিরা, সেই সময়ে একজন কৃষ্ণাঙ্গের ব্যক্তির নিকট থেকে এমন ঘোষণা খুব ইতিবাচক ভাবেই নিয়েছে দেশটির জনগণ।

ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসাবেই পরিচিত ছিলেন কেনি, কিন্তু আচমকা ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী আসরে নামার ঘোষণা দিলেন এই তারকা ব়্যাপার। তাও প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র মাস চারেক আগে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর প্রধান বিরোধী,ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেনের বিরুদ্ধে নির্বাচনী ময়দানে লড়াই করতে হবে কেনি ওয়েস্টকে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্বাধীন প্রার্থীদের মনোনয়ন জমার কোনও সময়সীমা অনেক স্টেটেই এখনও বেঁধে দেওয়া হয়নি। এর আগে বহুবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাত্ করেছেন কেনি ওয়েস্ট ও তাঁর পত্নী কিম কার্দাশিয়ান। ২০১৮ সালে কেনির হোয়াইট হাউস ভ্রমণ নিয়ে কম চর্চা হয়নি। সেই সময় লাল রঙের টুপিতে ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ স্লোগান সহ ট্রাম্পকে আলিঙ্গনরত কেনির ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সংবাদমাধ্যমের সামনে কেনি ওয়েস্ট ট্রাম্পের উদ্দেশ্যে বলেছিলেন ‘এই মানুষটাকে আমি ভালোবাসি’।

আবারও বর্ষসেরা ক্রিকেটার ডি কক

0

দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন দেশটির সীমিত ওভারের অধিনায়ক কুইন্টন ডি কক। একই সাথে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন তিনি। করোনাভাইরাসের কারণে ভার্চুয়াল এক অনুষ্ঠানে গতকাল শনিবার নিজেদের ক্রিকেটের সেরা খেলোয়াড়দের নাম ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

২০১৭ সালে প্রথমবার দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন ডি কক। এবার দ্বিতীয়বারের মতো এই পুরস্কার উঠল তার হাতে। তিনিই হলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে ষষ্ঠ ক্রিকেটার যার হাতে দুই বার বর্ষসেরার পুরস্কার উঠেছে। ডি ককের আগে মাখায়া এনটিনি, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জক ক্যালিস ও কাগিসো রাবাদা দুই বার করে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন।

বর্ষসেরা ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন লুঙ্গি এনগিডি। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এনরিখ নর্টি। গত জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে এক ইনিংসে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। প্রমিলা ক্রিকেটে সেরার পুরস্কার জিতেছেন লরা ওলভারডট। ২১ বছর বয়সী ডান-হাতি এই ব্যাটসম্যান গত বছর ৯টি ওয়ানডেতে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৩৫ রান করেন।

করোনার মধ্যে বিশ্বকাপ হবে দুঃস্বপ্নের মতো : মাইক হাসি

0

করোনাভাইরাসে দিশেহারা বিশ্বের দুইশর বেশি দেশ। দিন-দিন সংক্রমণের হার বাড়ছেই। কবে এই সংক্রমণ শেষ হবে, তা কোনো সমাধান এখনও বের করতে পারেনি কেউই। তবে এরমধ্যেই চলতি সপ্তাহ থেকে শুরু হচ্ছে ক্রিকেট। ক্রিকেট মাঠে ফিরলেও, আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হবে দুঃস্বপ্ন বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক বাঁ-হাতি ব্যাটসম্যান মাইক হাসি।

ভারতের একটি ওয়েবসাইট হটস্পটের সাথে অনলাইন সাক্ষকারে হাসি বলেন, ‘অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমি সত্যিই চিন্তিত। এই পরিস্থিতিতে কিভাবে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব, আমার বোধগম্য নয়। এই পরিস্থিতিতে বিশ্বকাপ নিয়ে চিন্তা করাও দুঃস্বপ্ন।’

করোনা পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব, তবে বিশ্বকাপের মতো বড় আসর সম্ভব নয় বলে জানালেন হাসি, ‘বর্তমান সময়ে দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব। কারণ দ্বিপাক্ষিক সিরিজে একটি দলকে আমন্ত্রণ করা যায় এবং সিরিজও খেলা যায়। সিরিজ খেলতে এসে একটি দলকে ১৪ দিনের আইসোলেশনে রেখে, স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে সিরিজ আয়োজন করা যায়। কিন্তু বিশ্বকাপের মত আসরে ১০-১২টি দলকে এনে, এতগুলো খেলোয়াড়কে কিভাবে ১৪ দিনের আইসোলেশনে রাখা যাবে? এর সঠিক উত্তর আমার জানা নেই।’

এছাড়াও বিশ্বকাপে ম্যাচ অনেকগুলো। বিভিন্ন ভেন্যুতে, অনেকগুলো ম্যাচ খেলতে হবে দলগুলোকে। এভাবে বিশ্বকাপ আয়োজনের কোন সুযোগই দেখছেন না হাসি, ‘বিশ্বকাপে ম্যাচ অনেকগুলো। এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে খেলতে যাওয়াটা কোনোভাবেই সম্ভব নয়।’
এত সমস্যার কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করাই সবচেয়ে ভালো বলে জানান হাসি, ‘আমি মনে করি, সবদিক দিয়ে সমস্যা ঘিরে আছে। তাই বিশ্বকাপের মত এত বড় আসর এবার স্থগিতই করা উচিত। এই বিশ্বকাপ নিয়ে সকলেরই স্বপ্ন থাকে। তাই এবারের বিশ্বকাপটি ২০২১ বা ২০২২ সালে আয়োজন করা যেতে পারে।’

স্বার্থ-সংঘাতের অভিযোগ : বড় বিপদে সৌরভ!

0

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর বিরুদ্ধে এবার স্বার্থ সংঘাতের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সৌরভ গাঙ্গুলী জেএসডব্লিউ সিমেন্ট (জিন্দাল স্টিল ওয়ার্কস) এর টি শার্ট পড়ে নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ছবি পোস্ট করেন। তিনি সেই কম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার। এদিকে জেএসডব্লিউ গ্রুপের স্পোর্টস শাখা জিএমআর গ্রুপের সঙ্গে জোট বেঁধে আইপিএলের দিল্লি ক্যাপিটালস দলের মালিকানা স্বত্ব কিনেছে। প্রশ্ন উঠেছে, সৌরভ সেই কম্পানির ব্যান্ড অ্যাম্বাসেডার হতে পারেন কিনা।

সৌরভ বোর্ড সভাপতি হওয়ার আগে দিল্লি ক্যাপিটালস দলের মেন্টরের ভূমিকা পালন করেছেন। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ খণ্ডন করতে গিয়ে সৌরভ বলেছেন, ‘আমি কীভাবে বোর্ডের কার্যক্রমকে প্রভাবিত করলাম? আমি জেএসডব্লিউ স্পোর্টসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার নই। তাছাড়া সিমেন্ট কম্পানি কিন্তু দিল্লি ক্যাপিটালসের স্পনসরও নয়। আমি ওদের ক্রিকেটীয় কাজকর্মের সঙ্গেও জড়িত নই। সেটা হলে অবশ্যই স্বার্থ-সংঘাতের বিষয় হতো। কিন্তু এর মধ্যে আমি অন্তত কোনো স্বার্থ সংঘাতের ইস্যু দেখতে পাচ্ছি না।’

বিসিসিআইয়ের সংবিধানে উল্লেখ আছে যে, যখন বোর্ড, আইপিএল ফ্র্যাঞ্চাইজি অথবা কোনো সদস্য এমন কোনো সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়, যার কোনো অংশীদার, সহযোগী সংস্থা, আত্মীয়, অথবা ঘনিষ্ট সহযোগীর স্বার্থ জড়িত থাকে, সেক্ষেত্রে তা স্বার্থ সংঘাত বলে বিবেচিত হবে। প্রসঙ্গত, জেএসডব্লিউয়ের ওয়েবসাইট অনুযায়ী, জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট প্রাইভেট লিমিটেড সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পার্থ জিন্দাল দিল্লি আইপিএল ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্টের অংশ। আইপিএলের নিলাম তো বটেই দিল্লি ক্যাপিটালসের ম্যাচে ডাগ আউটেও নিয়মিত দেখা যায় পার্থ জিন্দালকে।

গত বছর অক্টোবরে বিসিইসিআই সভাপতি নির্বাচিত হওয়ার আগে সৌরভ তিনি দিল্লি ক্যাপিটালসের মেন্টর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। যদিও তিনি বিভিন্ন ক্রিকেট সংস্থার হয়ে বিজ্ঞাপনের কাজ চালিয়ে যান। বর্তমানে তিনি অনলাইন ফ্যান্টাসি ক্রিকেট লিগ মাই-১১ সার্কেল এর হয়ে এন্ডোর্সমেন্টের কাজ চালিয়ে যাচ্ছেন। এর আগে একাধিকবার সৌরভ স্বার্থ সংঘাতের বিরুদ্ধে মুখ খুলেছেন। তার মতে, এই আইন থাকলে দেশের ক্রিকেট সাবেক ক্রিকেটারদের সার্ভিস পাবে না।

আনোয়ার খান মডার্ণে চমৎকার চিকিৎসা পেয়েছি : বদি

0

করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন কক্সবাজার উখিয়া ও টেকনাফ আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদি। তিনি রাজধানীর আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ প্রসঙ্গে আব্দুর রহমান বদি বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন আমি করোনামুক্ত, সম্পূর্ণ সুস্থ। আমি আনোয়ার খান মডার্ণ হাসপাতালে ভর্তি ছিলাম এবং সেখান থেকে আজকে রিলিজ নিয়ে আসলাম।’
তিনি বলেন, ‘আমি আনোয়ার হোসেন খান এমপিকে ধন্যবাদ জানাই। কারণ উনার ওখানে থেকে আমি খুবই চমৎকার চিকিৎসা সেবা পেয়েছি।’
এর আগে করোনায় আক্রান্ত হয়ে গত ১৯ জুন তিনি রাজধানীর আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হোন।

লকডাউনে ওয়ারী : সোমবার থেকে কড়া নজরদারি

0

লকডাউনের দ্বিতীয় দিন চলছে ওয়ারীতে। এইদিনে অনেকেই বাইরে বের হওয়ার চেষ্টা করেন। তবে প্রথমদিনের তুলনায় আজ কিছুটা কমেছে এ প্রবণতা। ধীরে ধীরে সবাই লকডাউন মেনে চলবেন বলে আশা প্রকাশ করেন স্বেচ্ছাসেবকরা। তারা বলছেন, দ্বিতীয় দিন ঢিলেঢালা হলেও সোমবার থেকে কঠোর নজরদারি চলবে।
আজ রোববার (৫ জুলাই) লকডাউন এলাকা ঘুরে দেখা যায়, প্রত্যেকটি প্রবেশপথ বন্ধ রয়েছে। জরুরি চলাচলের জন্য হট কেক গলি এবং ওয়ারী থানার পাশে র‌্যানকিন স্ট্রিট খুলে রাখা হয়েছে। এই দুই গেট দিয়ে মানুষ ভেতরে প্রবেশ করছে এবং বাইরে বের হচ্ছে। ওষুধের দোকান, সুপার শপ, হাসপাতাল খোলা রয়েছে। সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ময়লা-আবর্জনা সংগ্রহ করছেন।
ওই এলাকায় তিনটি হাসপাতালের রোগীসহ স্বজনরা গেট দিয়ে প্রবেশ করছেন। তবে রোগীর সঙ্গে দুজনের বেশি কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অনেক গৃহকর্মী বাইরে থেকে এসে বাসায় কাজ করেন। তাদের অনেককে দেখা গেছে বাসায় কাজ করার জন্য তারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন। স্বেচ্ছাসেবকদের কাছে অনুমতি চাইছেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা মো. সাঈদ বলেন, আমরা মাইকিং করে এলাকার বাসিন্দাদের অনুরোধ করছি, অপ্রয়োজনে বাসার বাইরে বের না হতে। গতকালের তুলনায় আজ বাইরে যাওয়ার প্রবণতা কিছুটা কমেছে। গতকাল অনেকে বের হলেও আজ দেখেছি ১৫/২০ জনের মতো বের হয়েছেন। যারা বের হন তাদের অনেকে ব্যবসা বা চাকরি করেন। তাদের অনুরোধ করেছি বের না হতে।
স্বেচ্ছাসেবক সাঈদ বলেন, গতকাল থেকেই কোনও গৃহকর্মীকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আজ কিছুটা ছাড় দেওয়া হলেও আগামীকাল থেকে আমরা আরও কঠোর হবো।
স্বেচ্ছাসেবক মো. সিয়াম বলেন, ভেতরে শিশু হাসপাতালসহ তিনটি হাসপাতাল রয়েছে। যেখানে রোগী আসা যাওয়া করছে। হাসপাতাল কর্তৃপক্ষকে নতুন রোগী ভর্তি না করার অনুরোধ করা হয়েছে। যারা ভর্তি আছেন তারা আস্তে আস্তে চলে যাচ্ছেন। ভেতরে প্যাসিফিক, লাজফার্মাসহ বিভিন্ন ফার্মেসি রয়েছে। সেখান কর্মচারীদের খাতায় নাম লিখে ভেতরে প্রবেশ ও বের হতে দেওয়া হচ্ছে। এলাকার লোকজনের খাবারের বিষয়টি খেয়াল রেখে, মীনা বাজার, ফুড পান্ডা আর স্বপ্ন এর কর্মচারীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ওয়ারীর টিপু সুলতান রোড, যোগীনগর রোড ওজয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন (আউটার রোড) এবং লারমিনি স্ট্রিট, হেয়ার স্ট্রিট, ওয়্যার স্ট্রিট, র‌্যাংকিং স্ট্রিট ও নবাব স্ট্রিট (ইনার রোড) লকডাউনের আওতায় রয়েছে।
প্রসঙ্গত, ৪ জুলাই থেকে ২১ দিনের লকডাউন শুরু হয়েছে ওয়ারীতে।

জুন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬১

0

করোনা মহামারির মধ্যে সারাদেশে সীমিতভাবে গণপরিবহন চলছে। তবে এর মাঝেও থেমে নেই সড়ক দুর্ঘটনা। রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে জুন মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ২৯৭টি। এতে নিহত হয়েছেন ৩৬১ জন এবং আহত হয়েছেন ৩৪৮ জন। নিহতদের মধ্যে ৩২ শিশু ও নারী রয়েছে ৫৭ জন।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোড সেফটি ফাউন্ডেশন এই তথ্য জানায়।
৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে বলে জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। ১০৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯৪ জন, যা মোট নিহতের ২৬.০৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৪.৬৮ শতাংশ। দুর্ঘটনায় ৭৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১.০৫ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৪৯ জন, অর্থাৎ ১৩.৫৭ শতাংশ। এই সময়ে ১১টি নৌ-দুর্ঘটনায় ৫৬ জন নিহত ও ২৩ জন নিখোঁজ হয়েছেন। ৬টি রেল দুর্ঘটনায় নিহত ৭ জন।
গত মে মাসের তুলনায় জুন মাসে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি উভয়ই বেড়েছে। মে মাসে ২১৩ টি দুর্ঘটনায় ২৯২ জন নিহত হয়েছিলেন। এই হিসাবে জুন মাসে দুর্ঘটনা ৩৯.৪৩% এবং প্রাণহানি ২৩.৬৩% বেড়েছে। দুর্ঘটনায় ১৮ থেকে ৬০ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ২৭৭ জন, অর্থাৎ ৭৬.৭৩%।
সড়ক দুর্ঘটনার জন্য ফিটনেসবিহীন গাড়ি, দ্রুতগতি, অদক্ষ চালক, চালকের শারীরিক ও মানসিক অবস্থা, বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাসহ ১০টি কারণ তুলে ধরে রোড সেফটি ফাউন্ডেশন।
প্রতিবেদনে দুর্ঘটনার হার কমিয়ে আনতে দক্ষ চালক বাড়ানো, সব মহাসড়কে রোড ডিভাইডার, চালকদের কাজের সময় নির্ধারণ, চালকের বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট করা, বিআরটিএর সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন পরামর্শ দেয় সংস্থাটি।

পাটকল শ্রমিকদের মজুরি মেটাতে বরাদ্দ ৫৮ কোটি টাকা

0

রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকলের শ্রমিকদের জুন মাসের বকেয়া মজুরি পরিশোধ করতে ৫৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। বরাদ্দকৃত অর্থ শ্রমিকদের নিজ নিজ অ্যাকাউন্টে চেকের মাধ্যমে দেওয়া হবে।
আজ রোববার (০৫ জুলাই) অর্থ মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দ করে।
অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয় পরিচালন ঋণ হিসেবে এ টাকা বরাদ্দ দিয়েছে। বরাদ্দকৃত অর্থ ২০১৯-২০ অর্থবছরের বিজেএমসি’র মিলগুলোর জন্য বর্ণিত খাত ব্যতীত অন্য কোন খাতে ব্যয় করা যাবে না। বিজেএমসি’কে শ্রমিকদের সুনির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে চেকের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে।
বরাদ্দকৃত অর্থ বিজেএমসি’র অনুকূলে পরিচালন ঋণ হিসেবে গণ্য হবে, যা আগামী ২০ বছরে (৫ বছরের গ্রেস পিরিয়ডসহ) ৫ শতাংশ সুদে ষান্মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। আর এ জন্য অর্থ বিভাগের সঙ্গে বিজেএমসিকে একটি ঋণ চুক্তি সম্পাদন করতে হবে।
চিঠিতে বিশেষভাবে বলা হয়েছে, বরাদ্দ দেওয়া অর্থ কেবলমাত্র শ্রমিকদের বকেয়া মজুরি খাত ব্যতীত অন্য কোন খাতে ব্যয় করা যাবে না। বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করতে হবে। বিধি বহির্ভূতভাবে কোন অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন।
এর আগে, গত শুক্রবার বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, মজুরি কমিশন-২০১৫ অনুযায়ী পাটকল শ্রমিকদের জুন মাসের মজুরি আগামী সপ্তাহে তাদের ব্যাংক হিসাবে পরিশোধ করা হবে। প্রতিশ্রুতি অনুযায়ী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অওতাধীন বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন আলিম জুট মিল বাদে অন্যান্য পাটকলের শ্রমিকদের জন্য ৫৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
উল্লেখ্য, পাটকল শ্রমিকদের নোটিশ মেয়াদের অর্থাৎ জুলাই-আগস্টের ৬০ দিনের মজুরিও উভয় মাসে যথারীতি পরিশোধ করা হবে। পিএফ, গ্র্যাচুইটি ও গোল্ডেন হ্যান্ডশেক সুবিধাসহ অবশিষ্ট সকল পাওনার ৫০ শতাংশ স্ব স্ব ব্যাংক হিসাবে এবং বাকি ৫০ শতাংশ স্ব স্ব নামে সঞ্চয়পত্র আকারে সেপ্টেম্বর মাসের মধ্যে পরিশোধ করা হবে। সব ক্ষেত্রেই মজুরি কমিশন-২০১৫ এর ভিত্তিতেই পাওনা হিসাব করা হবে। ২০১৪ সাল থেকে অবসরপ্রাপ্ত শ্রমিকদের (৮ হাজার ৯৫৪ জন) প্রাপ্য সকল বকেয়া, বর্তমানে কর্মরত শ্রমিকদের (২৪ হাজার ৮৮৬ জন) প্রাপ্য বকেয়া মজুরি, শ্রমিকদের পিএফ জমা, গ্র্যাচুইটি এবং সেই সাথে গ্র্যাচুইটির সর্বোচ্চ ২৭ শতাংশ হারে অবসায়ন সুবিধা একসাথে শতভাগ পরিশোধ করা হবে।
এ জন্য সরকারি বাজেট থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা দেওয়া হবে। অবসায়নের পর মিলগুলি সরকারি নিয়ন্ত্রণে পিপিপি/যৌথ উদ্যোগ/জিটুজি/লিজ মডেলে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। নতুন মডেলে পুনঃচালুকৃত মিলে অবসায়নকৃত বর্তমান শ্রমিকেরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবেন। একই সাথে এসব মিলে নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। সকল শ্রমিককে অবশ্যই পুনর্বাসন করা হবে।

তথ্যপ্রযুক্তি ব্যবহারে আইনজীবীদের প্রশিক্ষণ দেয়া হবে : আইনমন্ত্রী

0

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, শুধু বিচারক নয়, তথ্যপ্রযুক্তি ব্যবহারে আগামী সপ্তাহ থেকে আইনজীবীদেরও প্রশিক্ষণ প্রদান করা হবে।
আজ রবিবার সহকারী জজদের অনলাইন লার্নিং-এ ৪০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সেও উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (জাটি) মহাপরিচালক বিচারপতি খন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন আইন সচিব গোলাম সারোয়ার, জাটির পরিচালক (প্রশিক্ষণ) গোলাম কিবরিয়া।
৪৪ জন সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চার মাস ব্যাপি এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। এ প্রশিক্ষণ গত ১ জানুয়ারি শুরু হয়। করোনাভাইরাস জনিত পরিস্থিতির কারণে দেশে সাধারণ ছুটি ঘোষণা করায় গত ২২ মার্চ এ প্রশিক্ষণ মূলতবি করা হয়। এখন অবশিষ্ট প্রশিক্ষণ অনলাইন লার্নিং পদ্ধতিতে সমাপ্ত হবে।
আইনমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিচারকদের অনলাইন লার্নিং পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদান একটি শুভসূচনা। তথ্য প্রযুক্তি ব্যবহারের একটি মাইলফলক। ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর স্বপ্নপূরণে আরো একটি সাফল্য।
আইনমন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের এখনো সুনির্দিষ্ট ওষুধ আবিষ্কার হয়নি। ফলে বিশ্বব্যাপী আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতিতে একসাথে কাজ করা, স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎও বন্ধ রয়েছে। এ মহামারি সংক্রমণ থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।
আনিসুল হক বলেন, পরিস্থিতি বিবেচনায় পৃথিবী সচল রাখতে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ বিচার বিভাগ। জনগণের বিচার পাবার লক্ষ্যে প্রধানমন্ত্রী বিদ্যমান পরিস্থিতিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল কোর্ট চালুর উদ্যোগ নেন। সে অনুযায়ী আদালতে তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ করা হয়। এখন এটি আইনে পরিনত করার প্রক্রিয়া চলছে। আইনমন্ত্রী বলেন, ভার্চুয়াল কোর্ট স্বাভাবিক বিচার ব্যবস্থার বিকল্প নয়। বিশেষ পরিস্থিতির কারণে এটি করা হয়েছে।
তিনি বলেন, করোনায় ইতোমধ্যে দেশে একজন বিচারক, আইনজীবী, বিভিন্ন শ্রেণি-পেশার ১৯৯৭ জন মৃত্যুবরণ করেছেন। আইনমন্ত্রী করোনায় এ পর্যন্ত মৃত সবার আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি বলেন, করোনা সংকটে বিচারকরা ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে কাজ করছেন। বিচার বিভাগ সচলে বিচারকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তাই এ প্রশিক্ষণ বিচারকদের দক্ষ করতে সহায়ক হবে। আইনমন্ত্রী বলেন, ই-জুডিশিয়ারি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটি নিশ্চিতে বিচারকদের প্রস্তুত হতে হবে।
তিনি বলেন, বিদ্যমান করোনা সংকট মোকাবেলায় সরকার বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রম পরিচালনা করছে। বিভিন্ন ক্ষেত্রে প্রণোদনাসহ দেশব্যাপী ত্রাণ কার্যক্রম ও সহায়তা চালিয়ে যাচ্ছে।
আইন সচিব বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে বদ্ধ পরিকর। চলমান ক্রান্তিকালের জন্য গঠিত ভার্চুয়াল আদালত এ পর্যন্ত ৪৯ হাজার ৭৫০ জনকে জামিন মঞ্জুর করেছে। এ সংক্রান্ত অধ্যাদেশ আইনে পরিনত হবে বলে তিনি জানান।
তিনি বিচার বিভাগের সংশ্লিষ্ট করোনাভাইরাস জনিত আক্রান্তদের চিকিৎসায় আইনমন্ত্রীর নেয়া সার্বিক পদক্ষেপের প্রশংসা করেন।
আজ ৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত এ প্রশিক্ষণ অনলাইন লার্নিং চলবে।