Home Blog Page 2837

দেশে ৪ হাজার ৯৫৭ চিকিৎসক ও নার্স-স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

0

রাজধানীসহ সারাদেশে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৫৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৬৯৪ চিকিৎসক, ১ হাজার ৩৪৪ নার্স এবং হাজার ৯১৯ স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬১ চিকিৎসকের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জুলাই) বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, করোনাকালে সংক্রমিত হওয়া চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে অনেকে সুস্থ হয়ে কাজে ফিরেছেন।
বিএমএ নেতারা বলেন, করোনায় যারা মারা গেছেন তাদের জন্য কান্না নয়, বরং তাদের বীরত্বগাঁথা ও সাহসী আত্মোৎসর্গ আমাদেরকে গৌরবান্বিত করেছে এবং আগামীর দুর্গম যাত্রায় আমাদের আলোর পথ দেখিয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত যে ৬১ চিকিৎসক মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন বিএমএম সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী।

চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে প্রবীণ আইনজীবীর মৃত্যু

0

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামের প্রবীণ আইনজীবী আবুল কালাম আজাদ (৭৩) মারা গেছেন। শুক্রবার রাত ১২টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শনিবার দুপুর চন্দনাইশ উপজেলার গ্রামের বাড়িতে তাঁকে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিরি সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দীন জানান, ২৩ জুন করোনা উপসর্গ নিয়ে তিনি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ২৫ জুন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মোক্তার আহমদ ও সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দীন।

চীনের সঙ্গ না ছাড়লে পাকিস্তানকে একঘরে করবে সারা বিশ্ব

0

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা কমানোর পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তান যদি শিগগিরই চীন সংক্রান্ত নীতিতে বদল না আনে তাহলে গোটা বিশ্ব ইসলামাবাদকে বেইজিংয়ের সঙ্গে একঘরে করবে বলেও সতর্ক করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চীন যেভাবে হিমালয়ে নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে তাতে বিশ্বের বেশিরভাগ দেশই অসন্তুষ্ট হয়েছে বলে মনে করছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি তারা অনুভব করতে পেরেছে যে করোনার কারণে চীনের বিরুদ্ধে ক্ষোভ ফুঁসছে বিশ্বের শক্তিধর দেশগুলো। তাই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চীন নীতিতে পরিবর্তন আনার জন্য পরামর্শ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরকে। অবিলম্বে ইমরান খানের সঙ্গে আলোচনা করে বিষয়টি বাস্তবায়িত করতে বলা হয়েছে।

বেশ কিছুদিন ধরেই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো পাকিস্তানি বিমানকে ইউরোপের মাটিতে নামতে দিচ্ছে না। পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে বারবার অনুরোধ করা হলেও কর্ণপাত করেননি তারা।

এই ঘটনা পাকিস্তানের চীনকে অন্ধভাবে সমর্থনের ফল বলেই মনে করছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। শুধু তাই নয়, ভারতের প্রতি আগ্রাসী মনোভাব দেখানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন চীনকে একঘরে করার প্রক্রিয়া শুরু করেছে বলে খবর পেয়েছেন তাঁরা।

সূত্র: সংবাদপ্রতিদিন।

ক্রাইস্টচার্চে ৫১ মুসল্লিকে হত্যা করা ট্যারান্টের সাজা আগামী মাসে

0

গত বছরের ১৫ মার্চ শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে অবস্থানরত মুসল্লিদের ওপর বন্দুক নিয়ে আকস্মিক হামলা চালায় ব্রেন্টন। নির্বিচারে গুলি করে হত্যা করা হয় ৫১ জনকে। এই হত্যা মামলায় হামলাকারীকে দোষী সাব্যস্ত করেছেন দেশটির আদালত। ২৪ আগস্ট তার সাজা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের বিচারক ক্যামেরন ম্যান্ডের।

ব্রেন্টনের মামলার রায় আগেই ঘোষণা করার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস সংকটের কারণে দেরি হচ্ছে বলে শুক্রবার নিউজিল্যান্ড সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে। এর মধ্যে নিউজিল্যান্ডে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে। দেশটিতে সামাজিক দূরত্ব নেমে চলার বিধিও উঠিয়ে নেওয়া হচ্ছে। ফের চালু হচ্ছে ব্রেন্টনের মামলার রায় কার্যক্রমও। নিউজিল্যান্ডের সুপ্রিম কোর্টের বিচারক ক্যামেরন ম্যান্ডের জানিয়েছেন, ২৪ আগস্ট ঘোষণা করা হবে ট্যারেন্টের সাজা।

শুক্রবার এক বিবৃতিতে ম্যান্ডের বলেছেন, ‘নিউজিল্যান্ডে এখন কভিড-১৯-এর সংক্রমণ না থাকায় আমাদের আদালতও স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে। জনসাধারণ, বিশেষ করে নিউজিল্যান্ডে বসবাসরত ভিকটিম ও তাদের পরিবার আদালতের অধিবেশনে উপস্থিত হতে পারবেন।’

এর আগে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ৫১ জনকে হত্যার পাশাপাশি আরো ৪০ জনকে হত্যাচেষ্টা এবং সন্ত্রাসবাদের অভিযোগ ছিল ট্যারান্টের বিরুদ্ধে, যার সবগুলোই স্বীকার করেছে ট্যারেন্ট। ২৬ মার্চ আদালতে অল্পসংখ্যক মানুষের উপস্থিতিতে ক্রাইস্টচার্চের আদালতে ব্রেন্টন তার দোষ স্বীকার করে। যদিও এর আগে সব অভিযোগই অস্বীকার করেছিল হামলাকারী।

তদবির নয়, বদলি হবে নিয়মতান্ত্রিক উপায়ে : আইজিপি

0

পুলিশ অফিসার এবং বাহিনীর জন্য বাস্তবসম্মত বদলি ও পদায়ন নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে বদলির তদবির কালচার বিদায় করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আজ শনিবার বিকেলে রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আয়োজিত বিশেষ অপরাধ ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমপির সব থানার ওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি জানান, ইতোমধ্যে গতানুগতিক ধারা পাল্টে বদলিতে আনা হয়েছে নতুনত্ব। অধিকাংশ পুলিশ অফিসার এবং সদস্য সন্তানদের লেখাপড়ার সুবিধার কথা বিবেচনা করে ঢাকার বাইরে যেতে চান না, এই সংকট নিরসনের লক্ষে ঢাকার বাইরে বিভাগীয় শহরে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগের কথা জানান আইজিপি।

দেশের বিভাগীয় পর্যায়ে পুলিশের চাকরিকে আর্কষণীয় করতে বিভাগীয় শহরগুলোতে পুলিশ সদস্যদের জন্য মানসম্মত চিকিৎসা সুবিধা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ড. বেনজীর আহমেদ বলেন, করোনাভাইরাসের এ সময়ে গত তিন মাসে পুলিশ বদলে গেছে। পুলিশ জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে। জনগণের অকুণ্ঠ সমর্থন ও বিশ্বাস অর্জন করেছে। করোনায় পুলিশ জনগণের পাশে গিয়ে যেভাবে সেবা দিয়েছে, এর বেশিরভাগই পুলিশের কাজ ছিল না। কিন্তু পুলিশ এ কাজটি করেছে একান্তই নিজের দায়িত্ববোধ থেকে।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের পর পুলিশ এতো সম্মান, এতো মর্যাদা আর কখনো পায়নি, গত তিনমাসে যা পেয়েছে। এখন জনগণ পুলিশের পক্ষে কথা বলছে, পুলিশের জন্য লিখছে, যারা কথায় কথায় পুলিশের সমালোচনা করতেন, তারাও আজ পুলিশের পক্ষে হৃদয় উজাড় করে বলছেন, পুলিশকে সমর্থন করেছেন। যে সম্মান-মর্যাদা আমরা গত তিন মাসে পেয়েছি তা টাকা দিয়ে কেনা যায় না, মানুষের ভালোবাসা পেতে হলে মানুষের সাথে থাকতে হয়, তাদের কাছে যেতে হয়, মানুষকে ভালোবাসতে হয়।

তিনি বলেন, জনগণের পুলিশ হতে হলে এ বাহিনীকে সব ধরনের দুর্নীতিমুক্ত হতে হবে। পুলিশে কোনো দুর্নীতিবাজের ঠাঁই নেই। মাদকের সাথে কোনো পুলিশ সদস্যের সম্পর্ক থাকবে না। পুলিশকে হতে হবে মাদকমুক্ত। পুলিশকে যেতে হবে জনগণের দোরগোড়ায়।

করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসায় গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে আইজিপি বলেন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে মাত্র দুই সপ্তাহে ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল থেকে ৫০০ শয্যার কভিড হাসপাতালে পরিণত করা হয়েছে। করোনা পরীক্ষার জন্য মাত্র ১২ দিনে পিসিআর মেশিন স্থাপন করা হয়েছে। ঢাকায় একটি হাসপাতাল ভাড়া করা হয়েছে। ঢাকার বাইরে বিভাগীয় হাসপাতাল আধুনিকায়ন করা হয়েছে।

তিনি বলেন,শুধু তাই নয়, পুলিশ সদস্যদের সংক্রমণের ঝুঁকি এড়াতে আবাসন ব্যবস্থা এবং ডিউটিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে পুলিশ সদস্যদের আক্রান্ত হওয়ার সংখ্যা কমেছে এবং মৃত্যু হার হ্রাস পেয়েছে।

আইজিপি আশা প্রকাশ করে বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে কাজ করলে আরও ভালো কিছু করা সম্ভব। আসুন, আমরা পরিবর্তিত হই, দেশকে পরিবর্তন করি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলি।

আইজিপি বক্তব্যের শুরুতে করোনায় দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী ৪৬ পুলিশ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি তাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনাও জানান। আইজিপি এসব পরিবারের অংশ হিসেবে সুখে-দুঃখে তাদের সাথে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

0

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। ২০৪১ সালের উন্নত বাংলাদেশের জন্য প্রয়োজন মানবিক গুণসম্পন্ন দক্ষ মানব সম্পদ। আজকের এই প্রশিক্ষিত কর্মকর্তারাই উন্নত বাংলাদেশ গড়বে। নিজেদের মনোবল চাঙা রেখে উন্নত বিশ্বের একটি দেশের কর্মকর্তা হিসেবে নিজেদের প্রস্তুত করুন।

আজ শনিবার তার বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইন্সটিউট আয়োজিত ‘ডেসকোতে নবনিযুক্ত ৩২ জন সহকারী প্রকৌশলীর বুনিয়াদি প্রশিক্ষণ’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ বিদ্যুৎ ক্ষেত্রে যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে সেখানে আরো দক্ষ জনশক্তি প্রয়োজন। এ কারণেই বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের মতো একটি প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইন্সটিউটকে আমরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের বিতরণ, সঞ্চালন ও উৎপাদন কম্পানিগুলো অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে। প্রকৌশলীদেরও সক্ষমতা বাড়াতে হবে।

দক্ষতা অর্জরে পাশাপাশি গ্রাহক সন্তুষ্টির উপরও জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, একজন গ্রাহক যেন সেবা পেতে এসে কোনো অবস্থাতেই হয়রানির শিকার না হন এদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

বুনিয়াদী প্রশিক্ষণ গত ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ শুরু হয়েছিল যা এপ্রিলের ২৩ তারিখ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কভিড-১৯ এর কারণে চলমান কোর্সটি মাঝপথে বন্ধ হলে পরবর্তীতে ৪ জুন হতে ভার্চুয়াল মাধ্যমে পুনরায় আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণে ডেসকোর নবনিযুক্ত ৩২ জন সহকারী প্রকৌশলী অংশ গ্রহণ করেছেন। ১১টি মডিউলে মোট ৬০ কর্মদিবসে প্রশিক্ষণটি সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণে দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তা, বিভিন্ন সংস্থা কম্পনির অভিজ্ঞ কর্মকর্তা ও কর্পোরেট প্রশিক্ষকগণ প্রশিক্ষণ প্রদান করেছেন। ভ্যার্চুয়াল প্লাটফরমে প্রশিক্ষণ চালু হওয়ায় দেশের বাইরে থেকে খ্যাতনামা অধ্যাপক, অর্থনীতিবিদ, বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞগণ বক্তব্য প্রদান করে প্রশিক্ষণকে সমৃদ্ধ করেছেন।

বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইন্সটিউটের রেক্টর মোঃ মাহবুব-উল-আলমের সভাপতিত্বে ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যের মাঝে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও বিদ্যুৎ সচিব ডঃ সুলতান আহমেদ বক্তব্য রাখেন।

বিশ্বসেরা এখন শতাব্দী সেরা

0

ছিলেন বিশ্বসেরা অল-রাউন্ডার। আইসিসির নিষেধাজ্ঞার কারণে তিনি এখন কোথাও নেই। তারপরেও সাকিব আল হাসান আছেন স্বমহিমায়। তার কীর্তির কারণেই চারদিকে এখনও চলছে সাকিব বন্দনা। তিনি সম্প্রতি নির্বাচিত হয়েছেন ওয়ানডে ফরম্যাটে ২১ শতকের দ্বিতীয় সেরা ক্রিকেটার। একই সাথে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের এই তালিকায় সাদা পোশাকে সাকিবের অবস্থান ষষ্ঠ স্থানে। বাংলাদেশের ক্রিকেটের ‘পোস্টার বয়ের’ মুকুটে যুক্ত হলো আরেকটি পালক।

ক্রিকেটের পরিসংখ্যান সংস্থা ক্রিকভিজ ও উইজডেন মাসিকে সাকিব ‘মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার’ বা এমভিপি মনোনিত হয়েছেন। মাঠের খেলায় ক্রিকেটারদের প্রভাবের বিচারে এই মনোনয়ন দেওয়া হয়। ইংল্যান্ডের সাবেক অল রাউন্ডার এন্ড্রু ফ্লিন্টফ ওয়ানডে ক্রিকেটের এমভিপি নির্বাচিত হয়েছেন। টেস্টে এই খেতাবে ভুষিত হয়েছেন মুত্তিয়া মুরলিধারন। বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞায় থাকা সাকিব অবশ্য টি-টোয়েন্টি ফরম্যাটের তালিকায় ঠাঁই পাননি।

জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা জিএম কাদের সাকিবকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এই অল-রাউন্ডার ফের দেশের ভাবমুর্তি বাড়িয়ে দিয়েছেন। তিনি এক অভিনন্দন বার্তায় বলেন,’ মাসিক উইজডেনে ২১ শতকের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে সাকিব বিশ্ব দরবারে আরো একবার বাংলাদেশের ভাবমুর্তিকে উজ্জ্বল করেছেন। তিনি আবারো আমাদের গর্বিত করেছেন। তার এই অর্জন দেশের নতুন প্রজন্মকে উৎসাহিত করবে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সাকিবের এই অর্জনে অভিনন্দন জানিয়ে বলেন, ‘কোভিড-১৯ ভাইরাসের সঙ্গে আমরা যখন লড়াই করছি তখন সাকিবের এই অর্জনটি আমাদের কাছে সুখবর হয়ে এসেছে। সাকিবের এই অর্জনটি বিশ্ব ক্রিকেটে আরো একবার বাংলাদেশের ভাবমূর্তি উজ্ঝল করেছে। অসাধারণ এই অর্জনের জন্য আমি সাকিব আল হাসানকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি অতীতের মত তিনি ফের মাঠে এসে আলোড়ন সৃষ্টি করবেন।’

বোলিংয়ে স্বামী কিপিংয়ে স্ত্রী : ক্রিকেটে বিরল দৃশ্য

0

মাঝেমধ্যেই বিচিত্র সব ঘটনার জন্ম হয় ক্রিকেটে। মাঝেমধ্যে এমন কিছু ঘটনা ঘটে, যা রীতিমতো বিরল। যেমন একই ম্যাচে স্বামী-স্ত্রীর খেলা! ইউরোপিয়ান ক্রিকেট সিরিজ (ইসিএস) টি-টেন লিগের কুমারফিল্ড লেগে ঘটেছে এ ঘটনা। স্বামী ফিন সদরাঙ্গানি যখন বল করছিলেন, তখন উইকেটের পেছনে গ্লাভস পরে দাঁড়ানো স্ত্রী শরন্য সদরাঙ্গানি।

ইসিএস টি-টেন লিগে প্রথম নারী ক্রিকেটার হিসেবে খেলে ইতিহাস গড়েছেন শরন্য। তিনি এবং তাঁর স্বামী দুজনই কেএসভি ক্রিকেট দলের হয়ে খেলেছেন। ফিন হলেন অফস্পিনার আর শরন্য উইকেটকিপার ব্যাটসম্যান। তাঁদের একই দলে খেলা ও বোলিং-কিপিংয়ের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই দম্পতিকে নিয়ে আরো একটি বিশেষ ঘটনা আছে। বিয়ের পর সাধারণত স্ত্রীরা স্বামীর পদবি ব্যবহার করলেও ফিন ক্লেইসল শরন্যকে বিয়ে করে হয়েছেন শরন্য সদরাঙ্গানি।

শুক্রবার কুমারফিল্ড লেগের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। যার মধ্যে ২টিই ছিল কেএসভির। ফাইনাল ম্যাচে ১৭ রানের জয়ে চ্যাম্পিয়ন হয়ে স্বামী-স্ত্রীর দল। তবে শরন্য কিপিং করেছেন সেমিফাইনাল ম্যাচে। এ ম্যাচে এক ওভার বোলিং করে ১৬ রান খরচ করেছেন তার স্বামী ফিন। এর আগে এসসি ইউরোপা ক্রিকেট দলের বিপক্ষেও ফিনের বোলিংয়ে কিপিং করেছেন শরন্য। সেই ম্যাচে ২ ওভারে মাত্র ৯ রান খরচায় ২ উইকেট শিকার করেছিলেন ফিন।

মঈন-বেয়ারস্টোকে ছাড়া ইংল্যান্ড দল ঘোষণা

0

অল-রাউন্ডার মঈন আলী ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ১৩ সদস্যের দলে তো জায়গা হয়নিই, এমনকি ৯জনের রিজার্ভ স্কোয়াডেও জায়গা হয়নি মঈন ও বেয়ারস্টোর!

গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলা বেশিরভাগ খেলোয়াড়ই দলে জায়গা ধরে রেখেছেন। প্রথমে টেস্টে দলকে নেতৃত্ব দিবেন অল-রাউন্ডার বেন স্টোকস। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্ট খেলবেন না নিয়মিত টেস্ট অধিনায়ক জো রুট। ইংল্যান্ডের ৮১তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হবে স্টোকসের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টকে সামনে রেখে নিজেদের মধ্যে তিন দিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে ইংল্যান্ড। ওই ম্যাচে ছিলেন মঈন-বেয়ারস্টো। অনুশীলনে নিজেদের মেলে ধরতে পারেননি দলের দুই অভিজ্ঞ খেলোয়াড়। রুট না থাকায় বেয়ারস্টোর দলে থাকার বড় সুযোগ ছিল। কিন্তু অনুশীলন ১১ ও ৩৯ রান করে সেই সুযোগ হারিয়েছেন বেয়ারস্টো।

গত আগস্টে বার্মিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন মঈন। অনুশীলন ম্যাচে দুই ইনিংসেই তিনি উইকেটশূন্য ছিলেন। অনুশীলন ম্যাচে নিজেদের মেলে ধরেছেন জোফরা আর্চার ও মার্ক উড। তাই জেমস অ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকসের সাথে এই দুজন থাকছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোঁড়ালির ইনজুরিতে পড়েছিলেন অ্যান্ডারসন। তবে সুস্থ হয়ে আবারও মাঠে ফিরেছেন তিনি।

উইকেটের পেছনে দায়িত্ব পালন করবেন জশ বাটলার। দলে সুযোগ হয়নি বেন ফোকসের। রিজার্ভ স্কোয়াডে আছেন তিনি। সম্প্রতি দলের কোচ ক্রিস সিলভারউড বলেছিলেন, বাটলারের সাথে ব্যাক-আপ উইকেটরক্ষক হিসেবে দলে থাকবেন ফোকস। অনুশীলনে উইকেটশুন্য থাকলেও, অ্যান্ডারসনের সাথে বোলিং আক্রমণ শুরুর জন্য অটোমেটিক চয়েস হিসেবে দলে আছেন স্টুয়ার্ট ব্রড। তাদের পেস আক্রমণের সঙ্গী হবেন আর্চার-উড ও ওকস। আগামী ৮ জুলাই থেকে সাউদাম্পটনে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

প্রথম টেস্টের জন্য ইংল্যান্ড দল : বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, ডোমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জশ বাটলার, জ্যাক ক্রলি, জো ডেনলি, ওলি পোপ, ডম সিবলি, ক্রিস ওকস ও মার্ক উড।

রিজার্ভ : জেমস ব্রেসি, স্যাম কারান, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ওলি রবিনসন ও ওলি স্টোন।

‘মাধ্যমিকে সাইন্স, আর্টস, কমার্স নামে গ্রুপ বিভাজন থাকবে না’

0

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী আমাদের বিশ্ববিদ্যালয় সমূহকে কারিকুলাম পরিবর্তন করতে হবে। আমাদের উদ্যোক্তরা অনেক ক্ষেত্রে বলে থাকেন তারা দক্ষ জনশক্তি পাচ্ছেন না। তাই বিদেশ থেকে দক্ষ লোকবল নিয়ে আসতে হয়। আবার চাকরিপ্রার্থীরা অনেক সময় বলে থাকেন তারা চাকরি পাচ্ছেন না। দুই পক্ষের মধ্যে গ্যাপ তা পূরণ করতে বিশ্ববিদ্যালয় সমুহকে উদ্যোগ নিতে হবে। ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী জনশক্তি তৈরি করতে হবে। এজন্য ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিংকেজ খুবই জরুরি।

আজ শনিবার বাংলাদেশ স্টিম (সাইন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স) সোসাইটি আয়োজিত রেজিলিয়েন্স রিকভারি অফ ন্যাশনাল ইকনোমি থ্রু সাইন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ডিউরিং পোস্ট কভিড ১৯ এ্যরা শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যামেস্ট্রি বিভাগের প্রফেসর ড. আল-নকীব চৌধুরী সভাপতিত্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের প্রফেসর ড. আজিজুল মাওলার সঞ্চালনায় এই ওয়েবিনারে আরো সংযুক্ত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি সত্য প্রসাদ মজুমদার, আলোচনায় অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের মনমথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম এম. মাতবর, ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সাইন্স ব্যাঙ্গালোরের প্রতিনিধি ড. সঞ্জীব কে শ্রীভাস্টাভা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিসি প্রফেসর ফায়েকুজ্জামান, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. লুৎফুল হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফারজানা ইসলামসহ বাংলাদেশের প্রায় ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ। মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম

প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী আরো বলেন, বিজ্ঞান শিক্ষাকে শুধুমাত্র মেধাবীদের মাঝে সীমাবদ্ধ রাখা যাবে না। সকল শিক্ষার্থীকে কমপক্ষে এসএসসি পর্যন্ত বাধ্যতামূলকভাবে বিজ্ঞান শিক্ষা গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে মাধ্যমিক পর্যায়ে সাইন্স, আর্টস, কমার্স নামে কোনো বিভাজন থাকবে না। উন্নত বিশ্বে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে একই ধারায় পড়াশোনা করতে হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা পছন্দের বিষয় অধ্যয়ন করে।

উপমন্ত্রী আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় সমূহ অসংখ্য গ্রাজুয়েটস তৈরি করছে যাদের কোনো কারিগরি দক্ষতা নাই। ফলে অনেক গ্রাজুয়েটস এর কর্মসংস্থানের ব্যবস্থা হয় না এবং আমাদের বিপুল সংখ্যক জনশক্তি শ্রমবাজারের বাহিরে থেকে যায়। এই অবস্থা চলমান থাকলে আমরা ভিশন ২০৪১ এবং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করতে পারব না। পাশাপাশি চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হব না। এ সমস্ত বিষয় বিবেচনায় নিয়ে সরকার গ্রাজুয়েটস দের রিস্কিল করার চিন্তাভাবনা করছে। এজন্যেই কারিগরি শিক্ষার ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতা তুলে দেয়ার চিন্তা ভাবনা করছে সরকার।