Home Blog Page 2839

বাইকে লেখা স্বাধীনতার দাবি, সন্ত্রাসবাদে অভিযুক্ত হংকংয়ের তরুণ

0

মোটরসাইকেলে হংকংয়ের স্বাধীনতার চিহ্ন বহন করে পুলিশের সামনে দিয়ে যাচ্ছিলেন এক তরুণ। পুলিশ তাকে বিচ্ছন্নতাবাদী এবং সন্ত্রাসী সন্দেহে আটক করেছে।

হংকংয়ে চীনের চাপিয়ে দেওয়া নিরাপত্তা আইনে এ ধরনের অভিযোগে প্রথম কাউকে আটক করা হলো। আর এ ঘটনায় আন্তর্জাতিক মহল যথেষ্ট উদ্বিগ্ন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

সমালোচকরা বলছেন, নিরাপত্তা আইন ভঙ্গ করলে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখেছে চীন। হংকংয়ের বাসিন্দারা যেন কখনোই স্বাধীনতার দাবিতে সোচ্চার হয়ে উঠতে না পারে, সেজন্য চীন এ ধরনের হীন চক্রান্ত করেছে বলেও মনে করেন তারা।

জানা গেছে, ২৩ বছর বয়সী টং ইয়ং কিট’কে আটকের পর বেধড়ক মারধর করেছে পুলিশ। গত বুধবার তাকে আটক করা হয়েছে।

তার বাইকে লেখা ছিল, হংকংকে মুক্ত করাই আমাদের বিপ্লবী চেতনা।

সূত্র : আল-জাজিরা

ঢাকায় ফের চালু হলো এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট

0

করোনা পরিস্থিতির কারণে প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর ঢাকায় ফের ফ্লাইট চালু করেছে সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন্স এয়ার অ্যারাবিয়া।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গতকাল শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট শারজাহ থেকে যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ৪০ মিনিট পর রাত ১টা ২০ মিনিটে যাত্রী নিয়ে শারজাহ বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে ফ্লাইটটি।

এর আগে ঢাকায় ফ্লাইট শুরু করেছে কাতার এয়ারওয়েজ ও এমিরেটস এয়ারলাইন্স। তবে ৩ জুলাই থেকে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট শুরু করার কথা থাকলেও ২ জুলাই হঠাৎ করে ঢাকায় ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দেয় তারা।

করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা ওঠার পর যে চারটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে, এয়ার অ্যারাবিয়া তার মধ্যে অন্যতম।

আপাতত তিন গন্তব্যে উড়বে বিমান

0

লন্ডন, দুবাই ও আবুধাবি রুটে আন্তর্জাতিক সিডিউল ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরবর্তীতে অনুমতি পেলে অন্যান্য গন্তব্যেও ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটি।

আজ শনিবার (৪ জুলাই) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে বলা হয়, লন্ডন, দুবাই ও আবুধাবি ছাড়া সব আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এর মধ্যে ম্যানচেস্টার রুটে ১৫ জুলাই, সিঙ্গাপুর ও কুয়লালামপুরে ৩১ আগস্ট ও বাকি সব আন্তর্জাতিক রুটে ৩০ জুলাই পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত থাকবে।

কভিড-১৯ মহামারির কারণে গত ৩০ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিয়মিত আন্তর্জাতিক রুটে সর্বশেষ ফ্লাইট পরিচালনা করে। ২১ জুন লন্ডনে সপ্তাহে একটি ফ্লাইট চলাচল শুরু করেছে বিমান। দুবাইয়ে ৬ জুলাই ও আবুধাবিতে ৭ জুলাই থেকে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থাটি।

বিএসএমএমইউতে শুরু হলো করোনা রোগী ভর্তি

0

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে শুরু হয়েছে করোনা রোগী ভর্তি কার্যক্রম। রোগীরা সরাসরি ১০তলা কেবিন ব্লকে এসে নিয়ম অনুযায়ী সেখান থেকেই ভর্তি হচ্ছেন।

আজ শনিবার (৪ জুলাই) সকাল ৮টায় এ ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. কনক কান্তি বলেন, বিএসএমএমইউ হাসপাতালের কেবিন ব্লকের পুরো ভবন করোনা ইউনিট করা হয়েছে। আজ সকাল ৮টা থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এজন্য সেখানে রয়েছে সেন্ট্রাল অক্সিজেনের পাশাপাশি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ)। আনুমানিক ২৫০ জন করোনা রোগীকে চিকিৎসা দেওয়া যাবে এ কেবিন ব্লকে। রোগীরা আউটডোর থেকে নয়, সরাসরি কেবিন ব্লকে এসে নিয়ম অনুযায়ী সেখান থেকেই ভর্তি হচ্ছেন।

ডা. কনক আরো বলেন, আমাদের বেতার ভবনকে আইসোলেশন সেন্টার করা হয়েছে। সেখানে ১২০ জন রোগী থাকতে পারবেন। তবে সেখানে আপাতত সেন্টাল অক্সিজেন করা হচ্ছে না, সিলিন্ডার অক্সিজেন থাকবে।

বিএসএমএমইউ পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন বলেন, সকাল থেকেই হাসপাতালের কেবিন ব্লকে করোনা ভাইরাস রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। কেবিন ব্লকের সপ্তম তলায় ২১টি আইসিইউ শয্যা রয়েছে। এছাড়া অষ্টম তলায় ১৬টি এইচডিইউ বেড আছে। কেবিন ব্লকে ভর্তি রোগীদের এক, দুই, তিন ও চতুর্থ তলায় রাখা হবে। এছাড়া বেতার ভবনে আমাদের আইসোলেশন সেন্টার প্রস্তুত রয়েছে।

করোনার কবলে ২২১ বিচারক-কর্মচারী

0

দেশের নিম্ন আদালতে দায়িত্বরত ৪০ জন বিচারক করোনাভাইরাসে আক্রান্ত। এছাড়া সুপ্রিম কোর্টের ৪৫ জন এবং নিম্ন আদালতের ১৩৬ জন কর্মচারী আক্রান্ত হয়েছেন।

সবমিলে আক্রান্ত বিচারক ও কর্মচারীর সংখ্যা ২২১ জন। তবে আক্রান্তদের মধ্যে ১৭ জন বিচারক এরইমধ্যে সুস্থ হয়েছেন। একজন মারা গেছেন। আর একজন বিচারক এখনো হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ২১ জন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

গতকাল শুক্রবার (৩ জুলাই) পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

দেশের অধস্তন আদালতের সব বিচারক বা সহায়ক কর্মকর্তা-কর্মচারীর করোনাভাইরাস সংক্রান্ত তথ্য জানতে চেয়ে ১৪ জুন সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সারা দেশে চিঠি দেওয়ার পর ৩ জুলাই পর্যন্ত এই তথ্য এসেছে সুপ্রিম কোর্টের কাছে। ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচার কাজ পরিচালনা এবং দায়িত্ব পালনের সময় বিচারক ও কর্মচারীরা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

এদিকে করোনা আক্রান্তদের বিষয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র। আর আক্রান্ত কর্মচারীদের চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট জেলা বিচারকদের বলা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে।

করোনা চিকিৎসায় স্বয়ংসম্পূর্ণ কক্সবাজার সদর হাসপাতাল

0

কক্সবাজার জেলা সদরের আড়াই শ শয্যার হাসপাতালটি এখন করোনা রোগীদের উন্নত চিকিৎসা সেবা দিতে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। হাসপাতালটিতে ইতিমধ্যে স্বাস্থ্য সেবায় যুক্ত হয়েছে আইসিইউ, এইচডিইউ, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা (অক্সিজেন মেশিন) সহ বাড়ানো হয়েছে আইসোলেশন সেন্টারও। শিগগিরই যুক্ত হতে যাচ্ছে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টও। সেই সাথে বাড়ানো হচ্ছে আরো আইসোলেশন বেড।

শুক্রবার দুপুরে শ্রীম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) কর্তৃক জেলা প্রশাসনকে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন হস্তান্তর অনুষ্ঠানে এসব তথ্য উঠে আসে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, করোনা রোগীদের চিকিৎসায় কক্সবাজার জেলা সদর হাসপাতাল এখন অনেকটা স্বয়ংসম্পূর্ণ। এখন হাসপাতালে ১৮ বেডের আইসিইউ-এইচডিইউ, ৪টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা (অক্সিজেন মেশিন) রয়েছে। যা দ্বারা সংকটাপন্ন করোনা রোগীদের জীবন রক্ষা করা যাবে। তবে একটি অসুবিধা রয়েছে; সেটি হলো অক্সিজেন রিফিল করা। যা এখন চট্টগ্রাম থেকে করতে হয়। যদি অক্সিজেন রিফিলের ব্যবস্থা কক্সবাজারে করা যায় তাহলে দুর্ভোগ অনেকটা লাঘব হবে।

শ্রীম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর মহাসচিব মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, কক্সবাজারে করোনা রোগীদের চিকিৎসায় নানা সংকট রয়েছে। এই সংকট নিরসনে কিছুটা হলেও এগিয়ে এসেছে চিংড়ি পোনা হ্যাচারি মালিকদের সংগঠন শ্রীম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তাই করোনা রোগীদের চিকিৎসা এই হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন দেয়া হয়েছে।

শ্রীম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি ও কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, করোনা চিকিৎসায় যে অপ্রতুলতা তা অনেকটা কেটে যাচ্ছে। আমাদেরটিসহ এই পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালে ৪টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা যুক্ত হয়েছে। আর কয়েকটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা দিবে বলে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি প্রতিশ্রুতি দিয়েছে। ফলে করোনায় সংকটাপন্ন রোগীদের বাঁচাতে এখন চিকিৎসকরা সরঞ্জামাদি পাচ্ছে। ফলে সংকট কেটে যাচ্ছে। তিনি আরো বলেন, অক্সিজেন রিফিলের জন্য যে অসুবিধা হচ্ছে; এটা যাতে সংকট নিরসন করা যায় তারও উদ্যোগ নেয়া হবে।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহাবুবর রহমান বলেন, করোনা মহামারী শুরু হয়েছে এটা কবে শেষ হবে এটা কেউ জানে না। তবে পরম করুণাময়ের কাছে কামনা করি, দ্রুত সময়ের মধ্যে যেন কক্সবাজার, তথা বাংলাদেশ এবং বিশ্ববাসীকে এই করোনা গ্রাস থেকে যেন মুক্তি দেন। তারই ধারাবাহিকতা শ্রীম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুক্রবার আরো একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা যুক্ত হচ্ছে স্বাস্থ্য বিভাগে। তারা শুরু থেকে সুরক্ষা সামগ্রী, অক্সিজেন ও নানা সরঞ্জাম দিয়ে স্বাস্থ্য বিভাগকে সহযোগিতা করে আসছে। তাদের প্রতি স্বাস্থ্য বিভাগের কৃতজ্ঞতা প্রকাশের শেষ নেই। তবে তাদের কাছে আরো অনুরোধ ভবিষ্যতেও যাতে এই সহযোগিতা অব্যাহত রাখে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, করোনা মহামারীতে গত ৩ মাসে কক্সবাজার সদর হাসপাতালে আইসিইউ-এইচডিইউ’র ১৮টি বেড পেয়েছি। যেটা এখনো অনেক জেলাতেই হয়ে উঠেনি। অতিপ্রয়োজনীয় হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা যুক্ত হয়েছে; সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট সংযোজন প্রক্রিয়া শেষ হবার পথে। এ ছাড়া রামু ও চকরিয়ায় ৫০ শয্যার আইসোলেশন শুরু হলেও সেটা এখন বাড়িয়ে ৭৫ শয্যা করা হয়েছে।

উখিয়া ও টেকনাফে ১৯০০ বেডের আইসোলেশনের মধ্যে ৫০০ বেড ইতিমধ্যে কাজ করছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সৈকতের পাশে ২০০ শয্যার আইসোলেশন সেন্টার করা হয়েছে। সেখানেও চিকিৎসা সেবা চলছে। সুতরাং বলা যায়, করোনায় সংকটাপন্ন রোগীদের বাঁচাতে কক্সবাজার এখন ভরসা জায়গায় পরিণত হচ্ছে এবং চিকিৎসা ব্যবস্থারও অমূল্য পরিবর্তন হচ্ছে।

সংক্ষিপ্ত আলোচনা সভার পর হিল ডাউন সার্কিট হাউজে কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনের কাছে এই মেশিনটি হস্তান্তর করেন সংগঠনটির সভাপতি ও সাংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এবং মহাসচিব মোহাম্মদ নজিবুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা, মাহাবুবুর রহমান, জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীন আব্দুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে মৃত্যুর হার ভারত-পাকিস্তানের চেয় কম : তথ্যমন্ত্রী

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারের ভুল যে কেউ ধরিয়ে দেবে। একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এটি থাকতে হবে। আমরা সেটিতে বিশ্বাস করি। আমরা মনে করি সমালোচনা কাজ করার ক্ষেত্রে সহায়ক। কিন্তু অন্ধের মতো সমালোচনা বা ‘যারে দেখতে নাই তার চলন বাঁকা’ সেই মনোবৃত্তি থেকে সমালোচনা কখনো সহায়ক নয়।

আজ শুক্রবার (৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত সাংবাদিকদের মাঝে করোনাকালীন সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর কোনো দেশ এই করোনাভাইরাস মোকাবেলার জন্য প্রস্তুত ছিল না। আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে মোকাবেলা করার চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত করোনাভাইরাসের কারণে বাংলাদেশে মৃত্যুর হার ভারত পাকিস্তানের চেয় কম, ইউরোপ আমেরিকার চেয়ে অনেক কম। আমরা যদি সঠিকভাবে মোকাবেলা করতে না পারতাম মৃত্যুর হারতো ভারত পাকিস্তানের চেয়ে অন্তত বেশি হতো। আসুন আমরা সবাই মিলে এই মহামারিকে মোকাবেলা করি। আমাদের দেশ ও অর্থনীতিকে রক্ষা করি, আমাদের উন্নয়ন অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে। সেই লক্ষ্যে আমরা যেন কাজ করি।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএফইউজে’র সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মহসিন কাজী প্রমূখ।

ড. হাছান মাহমুদ বলেন, করোনাভাইরাস শুরু হবার পর অনেকেই শঙ্কা-আশঙ্কার কথা বলেছিলেন। অনেক ধরণের বিশেষজ্ঞ নানা ধরণের মত দিয়েছিলেন। কিন্তু অনেকের ধারণা ও মতামত ভুল প্রমাণিত হয়ে আজকে করোনাভাইরাসের সাড়ে তিন মাসে বাংলাদেশে আল্লাহর রহমতে একজন মানুষও নাখেয়ে মৃত্যুবরণ করেনি। অনেকে আশা করেনি এ ধরণের সাহায্য সরকারের পক্ষ থেকে দেয়া হবে। কিন্তু সরকার মোবাইল ফোনে মানুষের কাছে টাকা পৌঁছে দিয়েছে। মসজিদের ইমামদের কাছে টাকা পৌঁছে দিয়েছে। প্রায় ৭ কোটি মানুষ সরাসরিভাবে সরকারের সহায়তা পেয়েছে। আমাদের দল আওয়ামী লীগের পক্ষ থেকেও ১ কোটি ২৫ লাখ মানুষের কাছে ত্রাণ পৌঁছানো হয়েছে। মানুষের জন্য ত্রাণ তৎপরতা করতে গিয়ে দলের অনেক নেতা ও মন্ত্রী-এমপি আক্রান্ত হয়েছে, কেন্দ্রিয় কমিটির তিন নেতা মৃত্যুবরণ করেছেন।

তিনি বলেন, করোনাভাইরাস মহামারির এই পরিস্থিতিতে সমগ্র পৃথিবীর সবরাষ্ট্রগুলো পর্যুদস্ত। বলা হচ্ছে চায়না খুব ভালোভাবে এটাকে মোকাবেলা করেছে। কিন্তু প্রথম দিকে চায়নাও এই ভাইরাসকে অস্বীকার করেছে। যে ডাক্তার এই ভাইরাসের সন্ধান দিয়েছিল তাকে গ্রেপ্তার করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে মিসাইল এন্টিমিসাইল কোনোটিই কাজ করছে না। তাদের সামরিক ও অর্থনৈতিক শক্তি কোনোটাই কাজে লাগছে না, ইউরোপের দেশগুলোতে মৃত্যুর মিছিল হয়েছে। পৃথিবীর কোনো দেশ মুক্ত থাকেনি। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে শারীরিকভাবে সুরক্ষা দেয়ার জন্য প্রথম থেকে কাজ করে যাচ্ছেন। একই সাথে মানুষ যাতে না খেয়ে না থাকে মানুষের যাতে অসুবিধা না হয় সেজন্য তিনি ব্যাপক ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

ড. হাছান মাহমুদ বলেন, করোনাভাইরাসের শুরুতে চট্টগ্রামে চিকিৎসা ক্ষেত্রে নানা সমস্যা ছিল। আমি তিনবার এসে এখানে সমন্বয় মিটিং করেছি। চট্টগ্রামের প্রশাসন ও সমস্ত মন্ত্রী এমপিরাও ছিল। পরিস্থিতি দু’মাস আগে যা ছিল তারচেয়ে এখন অনেক ভালো হয়েছে। সাংবাদিকদের জন্য ইউএসটিসির বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, কভিড-১৯ জনিত পরিস্থিতিতে সাংবাদিকদের সহায়তা করার জন্য প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করলে তিনি আমাকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। প্রথমে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২ কোটি ৩১ লাখ টাকা বরাদ্দ দিয়েছিলাম। এরপর তথ্য মন্ত্রণালয়ের অব্যয়িত অর্থ থেরেক আরো ২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। মোট ৪ কোটি ৩১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি বলেন, সাংবাদিক নেতৃবৃন্দের সাথে দফায় দফায় আলোচনা করে কারা সহায়তা পাবেন তারা নির্ধারণ করে দিয়েছেন। সাংবাদিক ইউনিয়ন গুলোই তালিকা করেছেন। যারা ইউনিয়নের বাইরে আছেন তাদের জন্য ডিসির সুপারিশ নিয়ে অন্তর্ভুক্তের অপশন রাখা হয়েছে। প্রথম দফায় ১ হাজার ৫০০ সাংবাদিকদের এই সহায়তার আওতায় আনা হয়েছে। সেখানে চট্টগ্রাম থেকে ২৫০ জন সাংবাদিক পাচ্ছেন। এবারে যারা বাদ যাবে অসহায় দুঃস্থ তারা পরবর্তিতে পাবে।

তথ্যমন্ত্রী বলেন, নবম ওয়েজবোর্ড ঘোষণা না করার জন্য তথ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুইটা মামলা হয়েছে। তথ্য সচিব দুই মামলাতেই আসামি। প্রথম মামলা করা হলো তথ্য মন্ত্রণালয় এটা করার অধিকার রাখে না। পরবর্তিতে করা হলো পূর্বের মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত এটা অগ্রবর্তী করা যাবে না। এটা ঘোষণা করাই একটা চ্যালেঞ্জ ছিল। পত্রিকার সম্পাদক-মালিক পক্ষ নবম ওয়েজ বোর্ডের বাস্তবায়নের ক্ষেত্রে যেভাবে এগিয়ে আসার প্রয়োজন ছিল সেভাবে আসেনি, এটি অত্যন্ত দুঃখজনক।

চাকরিজীবীকে শুধু চাকরিজীবী নয় মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, করোনাকালে বিভিন্ন মিডিয়ার মালিক পক্ষকে প্রথম থেকে অনুরোধ জানিয়ে আসছিলাম যাতে কোনো সাংবাদিককে চাকুরিচ্যুত করা না হয় এবং পাওনা যাতে পরিশোধ করা হয়। এতদসত্ত্বেও যেখানে প্রধানমন্ত্রী মানবিকতার উদাহরণ দিয়েছেন সেখানে অনেক জায়গা থেকে অনেকে মানবিকতা দেখাতে পারেননি। এটি অত্যন্ত দুঃখজনক।

করোনায় আক্রান্ত বিজেপি নেত্রী লকেট

0

করোনায় আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। নিজের টুইটারে করা এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি নিজেই। এরপর সাথে সাথেই কলকাতার বিজেপি অফিস কার্যত বন্ধ হয়ে গেছে।

জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে এক সপ্তাহ ধরেই অসুস্থ ছিলেন লকেট এবং কয়েক দিন আগে তার নমুনা পাঠানো হয়েছিল কভিড টেস্টের জন্য। শুক্রবার জানা গেছে, করোনায় আক্রান্ত তিনি।

টুইটারে লকেট লেখেন, ‘সামান্য জ্বর আছে, এক সপ্তাহ ধরেই নিজেকে আইসোলেশনে রেখেছি আমি। এমনিতে সব ঠিক আছে, সময়মতো জানাব।’ লকেটের করোনা ধরা পড়ার পরেই বিজেপির অফিস কার্যত বন্ধ করে দিয়েছে রাজ্য নেতৃত্ব। কিছু সূত্র জানিয়েছে, আরো কিছু রাজ্য নেতার করোনা উপসর্গ দেখা দিয়েছে।

করোনা মোকাবেলায় ভারত সরকারের পক্ষ থেকে লকডাউন জারি করার পর অধিকাংশ রাজনৈতিক দল কর্মসূচিতে রাশ টেনেছিল। কিন্তু বিজেপি নেতারা বন্দনামূলকভাবে সক্রিয় ছিলেন।

পশ্চিমবঙ্গের এক বিজেপি নেতা জানিয়েছেন, পার্টির রাজ্য অফিসে প্রতিদিন অনেক নেতাকর্মীর সমাগম হতো। অনেক ক্ষেত্রেই তারা মাস্ক পরে আসতেন, তবে সামাজিক দূরত্ব মানতেন না। লকেটের করোনা ধরা পড়ার পর আশা করি, তাদের জ্ঞান ফিরবে। বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু জানিয়েছেন, বিজেপির অফিস এখন কার্যত বন্ধ থাকবে।

দিল্লির দাঙ্গা : ‘জয় শ্রীরাম’ না বলায় ৯ মুসলিমকে খুন

0

‘জয় শ্রীরাম’ না বলায় দিল্লি দাঙ্গায় ৯ জনকে খুন হতে হয়েছিল বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ওই ঘটনায় দিল্লি পুলিশের দেওয়া চূড়ান্ত চার্জশিটে। আর নিহতদের সবাই ছিলেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের।

চার্জশিটে বলা হয়েছে. হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে হামলাকারীরা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখত। বিভিন্ন এলাকার আমজনতাকে ধরে তাদের পরিচয় জানতে চাইত। ভিন্ন ধর্মাবলম্বী হলে তাদের ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হতো। কেউ তা বলতে অস্বীকার করলে খুন পর্যন্ত করত ওই অভিযুক্তরা।

চার্জশিটে আরো বলা হয়েছে, ২৫ ফেব্রুয়ারি রাতে হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘কট্টর হিন্দু একতা’ তৈরি করা হয়েছিল। যেখানে প্রায় ১২৫ জন সদস্য ছিল। কোন এলাকায় কারা অশান্তি ছড়াবে, কিভাবে অশান্তি ছড়ানো হবে, কে কে থাকবে সেই এলাকায়, এমনকি অস্ত্রের জোগানও মিলত এই গ্রুপে। তবে গ্রুপের ক্রিয়েটর, অর্থাৎ যে এই গ্রুপটি তৈরি করেছিল সে এখনো ধরা-ছোঁয়ার বাইরে বলে চার্জশিটে উল্লেখ করেছে দিল্লি পুলিশ। তারা আরো জানিয়েছে, ৮ মার্চ ৪৭ জন গ্রুপটি ছেড়ে দিয়েছিল।

২৯ জুন অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে যে চার্জশিট জমা দেওয়া হয়েছে, তাতে ৯ জনের খুনের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। সেই ৯ জন হলেন- হামজা, আমিন, ভুরে আলী মুরসালিন, আস মুহাম্মদ, মুশারফ, আকিল আহমেদ, হাসিম আলী ও আমির খান।

চার্জশিটে বলা হয়েছে, ‘২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাতে গঙ্গাবিহার এলাকায় যতীন শর্মা, ঋষভ চৌধুরী, বিবেক পাঞ্চাল, লোকেশ সোলাঙ্কি, পঙ্কজ শর্মা, প্রিন্স, সুমিত চৌধুরী, অঙ্কিত চৌধুরী ও হিমাংশু ঠাকুর অন্যান্য দাঙ্গাকারীর সঙ্গে সক্রিয় ছিল। তারা ওই ৯ জন মুসলিমকে খুন করেছে।’

কিভাবে হত্যা করা হয়েছিল তাদের? এ প্রসঙ্গে পুলিশ চার্জশিটে জানিয়েছে, ধর্ম জানার জন্য রাস্তায় সাধারণ মানুষকে ধরে ধরে নাম জানতে চাইত দাঙ্গাকারীরা। এমনকি, পরিচয় মিলিয়ে দেখত পরিচয়পত্রের সঙ্গে। ভিন্ন ধর্মাবলম্বী হলেই ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হতো। বলতে অস্বীকার করলেই কপালে জুটত বেধড়ক মার। এমনকি মারতে মারতে খুনও করে ফেলা হতো।

সূত্র : সংবাদ প্রতিদিন।

কলকাতায় অতি গোপনে বিসিজি টিকার ‘করোনা টেস্ট’

0

আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন বাজারে ছাড়া হতে পারে দেশটিতে তৈরি প্রথম করোনভাইরাসের ভ্যাকসিন। ভারত বায়োটেক ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন নিয়ে আসছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। প্রতিষ্ঠানটি আবার করোনার টিকা হিসেবে কলকাতা শহরে শুরু করছে বিসিজি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল।

শুক্রবার প্রথম দিনেই ৪০ জন সুস্থ ও প্রাপ্তবয়স্ক ব্যক্তির কভিড পরীক্ষা নেগেটিভ রিপোর্ট আসার পর তাদের শরীরে দেওয়া হলো ব্যাসিলাস কালমেট গুইরিন (বিসিজি) ভ্যাকসিন। এই ট্রায়াল যাতে প্রকাশ্যে না আসে তার জন্য যথেষ্ট সাবধানতা নেওয়া হয়েছে। যারা ভ্যাকসিন নেবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে। এমনই কঠোর নিয়ম মেনে চলছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের শাখা সংস্থা নাইসেড যে ব্যক্তির নাম পাঠাচ্ছে, তাদের শারীরিক পরীক্ষার পর বিসিজি প্রতিষেধক দেওয়া হচ্ছে। নাইসেড জানিয়েছে, প্রথম দিনেই ৪৫ জনকে প্রতিষেধক দেওয়া হয়। এই পদ্ধতিকে বলা হয়, ’ডবল লাইন কন্ট্রোল ট্রায়াল’।

মূলত কভিড ওয়ার্ডে কর্মরত নার্স, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের এই প্রতিষেধক দেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ -এর বিশেষজ্ঞদের অভিমত, করোনা ভাইরাসকে কাবু করতে অত্যন্ত কার্যকর ভূমিকা নিতে পারে বিসিজি।

ভ্যাকসিন দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্মার্ট ফোনে একটি অ্যাপ যুক্ত করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী তাদের সঙ্গে এই অ্যাপ থেকে যোগাযোগ করা হবে। করোনায় ফ্রন্টলাইন যোদ্ধাদের ওপর এই ভ্যাকসিন কতটা কার্যকর হয়, তার ওপর ভিত্তি করে ভবিষ্যতে সাধারণ মানুষের পর এটি প্রয়োগ করা হবে এই প্রতিষেধক বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ।

সূত্র: সংবাদপ্রতিদিন।