Home Blog Page 2842

ঢাকা মেডিক্যালে খরচের প্রতিবেদন চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

0

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে কর্মরতদের থাকা-খাওয়ার খরচের বিস্তারিত প্রতিবেদন চেয়েছে স্বাস্থ্যমন্ত্রণালয়।

দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যসচিব মোহাম্মদ আবদুল মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান।

মোহাম্মদ আবদুল মান্নান আরও জানান,’আমরা লিখিত একটা রিপোর্ট চেয়েছি। একটা ওভারঅল রিপোর্ট তিনি দিবেন। দেয়ার পরই জানা যাবে এখানে অনিয়ম হয়েছে কিনা। কতজন ডাক্তার প্রতিদিন তাদের টেককেয়ার করেছে এবং কোন শ্রেণির ডাক্তার, মেডিক্যাল অফিসার থেকে প্রফেসার পর্যন্ত প্রত্যেকেরই পরিসংখ্যান আমি নিয়েছি।’

জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে কোরবানির হাট বাতিল করলেন মেয়র আতিক

0

জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে কয়েক কোটি টাকার ইজারা দেওয়া হাটও বন্ধ করে দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (০২ জুলাই) বিকেলে এক ভিডিও বার্তার মাধ্যমে মেয়র এসব কথা বলেন।

তিনি বলেছেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর অনেকের কাছ ফোন আসছে, যে ঢাকায় যদি সব হাট বন্ধ করে দেন তাহলে আমাদের কি হবে? এটি যেমন বাস্তব সত্য, গ্রামের ওই মানুষগুলো ঈদুল আজহায় গরু বিক্রি করেই জীবন-জীবিক নির্বাহ করে। আবার শহরে ভেতর যদি হাট বসানো হয় এটিও মানুষের স্বাস্থ্যর জন্য কোভিড-১৯ এর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই কিছু পরিবর্তন করতে হয়েছে।

এসময় কয়েকটি হাটের বিষয় তুলে ধরে মেয়র বলেন, ডিএনসিসির আফতাব নগরের হাট এবার বসছে না। যদিও আমরা ওখান থেকে এক কোটির বেশি ইজারা পেয়েছি, তবে এই হাট হবে না। এছাড়া তেজাগাঁও সাত রাস্তায় যে হাট বসতো সেটিও বন্ধ থাকবে।

অন্যদিকে উত্তরাবাসীর জন্য বিশেষ করে উত্তর ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নং সেক্টরের মধ্যে একটি বড় হাট ছিল। যেটির ইজারা ছিল প্রায় ৪ কোটি ৭০ লাখ টাকা। এটিও এবার বসবে না। তবে উত্তরাবাসীর জন্য ১৭ নং সেক্টরের বিন্দাবন এলাকায় যেখানে বসতি নেই সেখানে হাট থাকবে।

এছাড়া গাবতলীর স্থায়ী হাটে পশু কেনা বেচা হবে। আর মোহাম্মদপুর এলাকার জন্য রায়েরবাজার কবরস্থানের পাশে বছিলা হাট, বাউনিয়াতে বসতে পারে। এছাড়া সাঈদ নগর, কাওলা, ডুমনী, ময়নার টেক ও ভাটারা এলাকায় হাট বসবে। মিরপুরের ভাষানটেক হাট বন্ধ থাকবে, মিরপুর ৬ নং ইস্টার্ণ হাউজিং হাটও বন্ধ থাকবে।

মেয়র হাটে আগতদের উদ্দেশে বলেন, বয়স্করা হাটে আসবেন না। বাচ্চারাও যেন হাটে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি ইজারাদারদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনার জন্য বলা হয়েছে। হাটে একটি গরু থেকে অন্য গরুর দূরত্ব কমপক্ষে ৫ ফুট রাখতে বলা হয়েছে। একই সঙ্গে হাটে হাত ধোয়ার ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

হাটের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য ডিএনসিসির একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে বলেও জানান মেয়র। এবার ইজারাদারদের অধিক সর্তক থাকতে হবে বলে জানান মেয়র।

এদিকে কোরবানীর পর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়ে মেয়র বলেন, পূর্বের ন্যায় এবারও ২৪ ঘণ্টার মধ্যে কোরবানি বর্জ্য অপসারণ করা হবে। এজন্য নগরবাসীর সহায়তা লাগবে। নির্দিষ্ট স্থানে কোরবানি করলে নির্দিষ্ট জায়গায় বর্জ্য ফেললে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা দ্রুত সেই বর্জ্য অপসারণ করতে পারবে।

চিকিৎসা না পাওয়ার অভিযোগ নেই: হাইকোর্টকে স্বাস্থ্য অধিদফতর

0

চিকিৎসা না দিয়ে সাধারণ রোগী হাসপাতাল থেকে ফেরত পাঠানোর কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে স্বাস্থ্য অধিদফতর। তবে ঐ প্রতিবেদনে বলা হয়েছে, কোনো হাসপাতালে চিকিৎসা না দিয়ে রোগী ফেরত পাঠানোর অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আদালতের নির্দেশনানুযায়ী, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক মো. আমিনুল হাসানের স্বাক্ষরে হাইকোর্টকে দেয়া এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়।

রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইয়াদিয়া জামান জানান, স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, দেশের সব হাসপাতালে রোগীদের চিকিৎসা হচ্ছে। কাউকে ফেরত দেয়া হচ্ছে না। কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকা ও গণমাধ্যমে লক্ষ করছি, এমন ঘটনার খবর বহু প্রকাশ পাচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় গত ১১ জুন দেশের সকল সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহে কোভিড ও ননকোভিড রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেয়। তাছাড়া অধিদফতরের হাসপাতাল শাখা থেকে ১৮ জুন দেশের সকল হাসপাতাল ক্লিনিকসমূহকে নির্ধারিত ফি’র (ইউজার ফি) বিনিময়ে (কোভিড-১৯) রোগীর চিকিৎসা অব্যাহত রাখার জন্য এবং ২৯ জুন সকল বেসরকারি হাসপাতালসমূহে সকল ধরনের রোগীদের (কোভিড/নকোভিড এরিয়া চিহ্নিত/বিভাজন পূর্বক) সকল ধরনের চিকিৎসা প্রদানের অনুমোদন প্রাপ্ত ওআরটি পিসিআরের সুবিধা সম্বলিত যে কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকে নিদিষ্ট ফি’র বিনিময়ে চিকিৎসা প্রদানের নির্দেশ দেয়া হয়।

এসব নির্দেশ পালনে অপারগতা প্রকাশকারী/ ব্যর্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পেলে তাদের রেজিস্ট্রেশন স্থগিত/ বাতিলের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে স্মারকে উল্লেখ করা হয়। তবে এখন পর্যন্ত এ ধরনের অভিযোগ পাওয়া যায়নি তাই কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে এ ধরনের বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ৫০ বা তার অধিক শয্যার বেসরকারি হাসপাতালে (যেমন-স্কয়ার, এভার কেয়ার, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল ইত্যাদি) নির্দেশনা মেনে কোভিড-১৯ ও নন কোভিড রোগীদের পৃথকভাবে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

শুনানিতে রিটকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক, অ্যাডভোকেট ইয়াদিয়া জামান, অ্যাডভোকেট এএম জামিউল হক ফয়সাল, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান ও মাহফুজুর রহমান মিলন।

করোনাকালে পুলিশ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে: আইজিপি

0

পুলিশ বাহিনীকে উন্নত দেশের উপযোগী আধুনিক ও জনবান্ধব করে গড়ে তুলতে কাজ করছেন বলে বলেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
বাংলাদেশ পুলিশকে জনবান্ধব, আধুনিক ও যুগোপযোগী বাহিনীতে পরিণত করার লক্ষ্যে ইনোভেশন অ্যান্ড বেস্ট প্র্যাকটিস শাখা আয়োজিত পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত সব পর্যায়ের পুলিশ সদস্যদের মতামত গ্রহণ বিষয়ক পাঁচ দিনের কর্মশালার বৃহস্পতিবার (২ জুলাই) শেষ দিন ছিল। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
তিনি তাঁর স্বপ্ন বাস্তবায়নে কনস্টেবল থেকে শুরু করে সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের মতামত জানতে চান। আইজিপি সবার মতামত নিয়ে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে পুলিশকে এমন এক জায়গায় নিয়ে যেতে চান, যাতে জনগণ পুলিশকে প্রকৃত অর্থেই ভালবাসে, সম্মান করে, শ্রদ্ধা জানায়; যা‌তে জনগ‌ণের হৃদ‌য়ে দীর্ঘ‌মেয়াদী ও স্থায়ী আসন ক‌রে নিতে পা‌রে বাংলা‌দেশ পু‌লিশ।
বর্তমান করোনাকালে পুলিশের ভূমিকা উল্লেখ করে আইজিপি বলেন, দেশে করোনা সংক্রমণের প্রথম দিন থেকেই কোন ধরনের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর জন্য অপেক্ষা না করে জীব‌নের ঝুঁকি নি‌য়ে বাংলাদেশ পুলিশের সদস্যগণ জনগণের পাশে গিয়ে দাঁড়িয়েছে। ফলে অনেক পুলিশ সদস্য নিজের অজান্তেই করোনা আক্রান্ত হয়েছেন, জীবন দিয়েছেন ৪৪ জন সম্মুখযোদ্ধা বীর পুলিশ সদস্য।
বর্তমা‌নে পু‌লিশ সদস্য‌দের জন্য পর্যাপ্ত প‌রিমান সুরক্ষা সামগ্রী র‌য়ে‌ছে উ‌ল্লেখ ক‌রে আইজিপি ব‌লেন, আমরা করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে মাত্র দুই সপ্তাহে ২৫০ থেকে ৫০০ বেডের কোভিড হাসপাতালে রূপান্তর করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় ঢাকায় আধুনিক চিকিৎসা সুবিধা সম্পন্ন একটি হাসপাতাল ভাড়া করা হয়েছে। করোনা পরীক্ষার জন্য মাত্র ১২ দিনে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে বিভাগীয় পুলিশ হাসপাতালেও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ন্যায় একই প্রটোকলে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা করা হচ্ছে। এর ফলে পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন, তাদের মৃত্যুর হার কমছে।
চলমান করোনায় জনগণের সেবায় পুলিশের অনন্য অবদানের কথা উল্লেখ করে আইজিপি বলেন, বর্তমান করোনাকালে পুলিশ যেভাবে জনগণের কাছে গিয়েছে, তাদের পাশে থেকেছে, তাদেরকে সুরক্ষা দিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। শুধু বাংলা‌দে‌শ থে‌কে নয়, বিশ্বের বিভিন্ন প্রা‌ন্তের মানুষও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের প্রশংসা করছে। পুলিশ প্রধান হিসেবে এ জন্য আমি অত্যন্ত গর্বিত।
তিনি বলেন, করোনায় পুলিশ শুধু কোয়ারেন্টাইন, লকডাউনই বাস্তবায়ন করেনি। অসহায় মানুষের বাসায় খাবার পৌঁছে দিয়েছে, অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেছে। করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলে যখন স্বজনরা কেউ এগিয়ে আসেনি, তখন পুলিশ তাদের জানাজার আয়োজন, দাফন এবং সৎকারের ব্যবস্থা করেছে। এসব দায়িত্ব পুলিশের নয়, পুলিশকে এ দায়িত্ব দেয়াও হয়নি। কিন্তু পুলিশ কেন এটা করেছে ? পুলিশ কাজটি নিজেদের মানবিক দায়িত্ববোধ থেকে করেছে। এজন্য মাত্র তিন মাসে পুলিশ মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বাংলাদেশ পুলিশের এ ভূমিকার প্রশংসা করেছেন।
আই‌জি‌পি বলেন, ৫০ বছর আগে মহান মুক্তিযুদ্ধ দেশ সেবায় পুলিশের জন্য একটা সুযোগ তৈরি করেছিল। ৫০ বছর পর করোনা আবার জনগণের কাছে যাওয়ার একটা সুযোগ নিয়ে এসেছে।
আইজিপি প্রশ্ন রেখে বলেন, এক সময় করোনা চলে যাবে, তখন কি হবে ? আমরা কি আগের অবস্থায় ফিরে যাবো ? তিনি বলেন, না, আমরা যেখানে গিয়েছি সেখান থেকে আর ফিরে আসবো না। সেখান থেকে আরও এগিয়ে যাব। তিনি বলেন, মানুষের ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা কেনা যায় না, অর্জন করতে হয়।
বেনজীর বলেন, জনগণের পুলিশ হতে হলে জনগণকে ভালবাসতে হবে। তাদের জন্য কাজ করতে হবে, তাদের কাছে যেতে হবে। দমন পীড়ন থেকে বেরিয়ে এসে আইনি সক্ষমতাকে কাজে লাগাতে হবে। পুলিশকে সকল ধরনের দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে। কোন পুলিশ সদস্য মাদকের সাথে যুক্ত থাকতে পারবে না, মাদকমুক্ত পুলিশ তথা দেশ গড়ে তুলতে হবে।
আইজিপি বলেন, বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে পুলিশ ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে সাধারণ থ্রি-নট-থ্রি রাইফেল দিয়ে আধুনিক অস্ত্রে সজ্জিত পাকহানাদার বাহিনীকে মোকাবেলা করেছে‌। মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প-২০২১ ও ২০৪১ বাস্তবায়নের অন্যতম সারথী হিসেবে দেশের জন্য রক্ত দিয়ে গড়া এ বাহিনীকে উন্নত দেশের উপযোগী করে গড়ে তোলা হবে।
আইজিপি তাঁর বক্তব্যের শুরুতে, করোনা ভাইরাস সংক্রমণ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে শহীদ পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি তাদের পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। যেসব পুলিশ সদস্য অসুস্থ রয়েছেন তাদের দ্রুত রোগমুক্তি কামনা করেন আইজিপি।

বিএনপির এমপিরা বাজেটের কপি ছিঁড়ে সংসদ অবমাননা করেছেন

0

আওয়ামী লীগের সাধালণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দলীয় এমপিরা বাজেট প্রত্যাখ্যান করার নামে অনুমোদিত বাজেটের কপি ছিঁড়ে ফেলে দিয়ে সংসদের প্রতি চরম অবমাননা করেছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে আয়োজিত আনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন পরবর্তী প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সংম্মেলনের আয়োজন করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনারা দেখেছেন, বিএনপি দলীয় সংসদ সদস্যরা এই বাজেট প্রত্যাখ্যান করার নামে সংসদ ভবনের সামনে মহান সংসদ কর্তৃক অনুমোদিত বাজেটের কপি ছিঁড়ে ফেলে দিয়েছেন। এটি মহান সংসদের প্রতি চরম অবমাননা। এটি তাদের শপথ ভঙ্গেরও শামিল। আমরা এর তীব্র নিন্দা জানাই। জাতির এই ক্রান্তিকালে তারা দায়িত্বশীল আচরণ করেননি। তারা চেয়েছিলেন, সংসদ যাতে কোনো বাজেট পাস না করে।

তিনি বলেন, বাজেট ছাড়া একটি রাষ্ট্র তারা দেখতে চেয়েছিলেন। তারা দেশে একটি হতাশাজনক অবস্থা দেখতে চেয়েছিল। আমরা মানুষের মধ্যে আশার আলোর সঞ্চার করতে পেরেছি, যা এই পেনডেমিক পরিস্থিতিতে অত্যন্ত প্রয়োজন।

ওবায়দুল কাদের বলেন, বাঙালির সকল অর্জনের পেছনে রয়েছে আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ শুধু বাংলাদেশের জন্য রাজনৈতিক স্বাধীনতাই এনে দেয়নি, এই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে যা যা করা প্রয়োজন ছিল তার সবকিছুই করেছে। আওয়ামী লীগের নেতৃত্বেই দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এদেশের জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি অর্জিত হয়েছে। স্বাধীনতা ও মুক্তির প্রতীক আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই বাংলাদেশের অগ্রগতি হয়।

তিনি বলেন, মোটা দাগে বলতে গেলে, বাঙালি জাতি হিসেবে এ পর্যন্ত যা কিছু পেয়েছে, তার সবকিছুই দিয়েছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দূরদর্শী ও বিচক্ষণ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের সব অর্জন শেখ হাসিনার কারণেই। এ দেশের সব মানুষের কল্যাণের কথা, বিশেষভাবে দরিদ্র-অসহায় মানুষদের কথা, প্রিয় নেত্রীর চিন্ত-চেতনায় সবসময় থাকে। পিতার মতো এ দেশের মানুষকে ভালোবেসে তিনি তার পুরো জীবন উৎসর্গ করেছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ বাজেট করোনার বিদ্যমান সংকটকে দেশের ভবিষ্যৎ অর্থনীতিকে অধিকতর বহুমুখীকরণের সুযোগ সৃষ্টি ও নতুন সম্ভাবনায় রূপ দেওয়ার বাস্তবসম্মত প্রত্যাশার দলিল। করোনাভাইরাসে সৃষ্ট সংকটময় পরিস্থিতিকে সম্পূর্ণভাবে বিচার-বিশ্লেষণ করে সংকটকালীন ও সংকট পরবর্তী সম্ভাব্য অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার গতিপথ নির্ণয়ের লক্ষ্যকে সামনে রেখেই গৃহীত হয়েছে এবারের বাজেট।

তিনি বলেন, এটি জীবন-জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রেখে দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনা সরকারের সময়োচিত সাহসী চিন্তার ফসল। আওয়ামী লীগের পক্ষ থেকে করোনাভাইরাসের প্রকোপে বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শীর্ষক যুগোপযোগী ও জনকল্যাণমুখী বাজেট অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন।

ওবায়দুল কাদের বলেন, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ও কর্মোদ্যোগ বিশ্বখ্যাত দ্য ইকোনমিস্ট, ফোর্বস, ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামসহ অন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। দ্য ইকোনমিস্ট গত ২ মে গবেষণামূলক এক প্রতিবেদনে ৪টি মানদণ্ডের ভিত্তিতে ৬৬টি উদীয়মান সফল অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নবম। প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজের প্রতিফলন ঘটেছে বাজেটে।

বিনা খরচে অক্সিজেন সেবা

0

করোনায় সংকটে মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ। কেউ খাবার নিয়ে আবার কেউ অর্থ সহায়তা দিয়ে মানুষকে সহযোগিতা করছে। তবে করোনার আক্রান্ত রোগীর চিকিৎসা সুবিধার্তে ব্যতিক্রমী এক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে ছাত্রলীগের তিনজন নেতা। সংকটাপন্ন বা মুমূর্ষ রোগীর জন্য চালু করেছে ‘জয় বাংলা অক্সিজেন সেবা’। ফোন করলে অক্সিজেনের সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন তারা। এই সুবিধা নিতে রোগীর কোনো খরচ নেই। কেবল ফোন করে জানালে অল্প সময়ে রোগী বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছে।

উদ্যোক্তারা জানান, অক্সিজেনের চাহিদার বেশির ভাগ দরিদ্র মানুষ। অনেকের অক্সিজেন কিংবা অক্সিজেন সিলিন্ডার কেনার সামর্থ্য নেই। ফোন পেলেও বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে।

এই উদ্যোক্তা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সদ্য সাবেক স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকসুর সদস্য রফিকুল ইসলাম সবুজ।

তাঁরা জানান, করোনার সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালে রোগীর চাপ বেশি। মুমূর্ষ রোগীর অক্সিজেনের প্রয়োজন হলেও পাচ্ছে না আবার অনেকের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় অক্সিজেন সুবিধা নিতে পারছে না। হাসপাতালে সুবিধা না পেয়ে বাড়তি দামের কারণে অনেকে অক্সিজেন সিলিন্ডার কিনতে পারছে না। এতে অনাকাঙ্খিতভাবে অনেক মানুষের মৃত্যু ঘটছে। অসহায় ও সংকটে পড়া মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ। রাজধানীর যেকোনো এলাকা থেকে ০১৬২৩০০০১০০, ০১৬৭৭১২৫৭৫৮, ০১৭২৫৩৪৩০৩৮ নম্বরে ফোন করলে তাৎক্ষণিকভাবে রোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হচ্ছে।

তাঁরা জানান, ব্যক্তিগত উদ্যোগ, বন্ধু-বান্ধব ও ও শুভাকাঙ্খীদের আর্থিক সহায়তায় প্রাথমিকভাবে ১২টি অক্সিজেন সিলিণ্ডার দিয়ে যাত্রা হয়। নতুন করে এক ব্যবসায়ী আরও ১০ সিলিন্ডার উপহার দিয়েছে। এখন সবমিলিয়ে ২২টি অক্সিজেন সিলিণ্ডারের মাধ্যম্যে সেবা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ১৬টি সিলিন্ডার রাজধানীর বিভিন্ন জায়গা রোগীদের বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। সেবামূলক এই কাজে কোনো ফি কিংবা জামানত নেই। চিকিৎসকের ব্যবস্থাপত্র ও জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি সেবা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে সিলিন্ডার ফেরত দিতে হবে।

প্রথমবার অক্সিজেন সেবায় সিলিন্ডার ও অক্সিজেন বিনামূল্যেই দেওয়া হচ্ছে। দ্বিতীয়বার কোনো রোগীর অক্সিজেন প্রয়োজন হলে নিজেদেরকে অক্সিজেন রিফিল করতে হবে। অক্সিজেনের প্রয়োজন শেষ হলে সিলিন্ডার ফেরত দিতে হবে।

সাদ বিন কাদের চৌধুরী জানান, দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে। শুধু করোনাভাইরাস আক্রান্ত রোগীই নন, অন্যান্য রোগীর জন্যও অক্সিজেনের প্রয়োজন হলে বিনামূল্যে জয় বাংলা অক্সিজেন সেবা দেওয়া হবে।

সবুর খান কলিন্স বলেন, ‘করোনাভাইরাস সারা দেশে মরাত্মক আকার ধারণ করেছে। বিশ্বের অনেক উন্নত দেশই হিমশিম খেয়েছে। পরিস্থিতি সামাল দিতে এখনও খাচ্ছে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, তার সাধ্যমত করোনা পরিস্থিতি সামাল দিচ্ছে। তবে সম্পদের অপ্রতুলতার কারণে অনেক ক্ষেত্রে কাঙ্খিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। অক্সিজেন কমে যাওয়া করোনা ভাইরাসের ভয়াবহ পর্যায়। অক্সিজেন কমার ফলে মানুষ মারাও যেতে পারে। কিন্তু সবক্ষেত্রে সবসময় অক্সিজেন সহজলভ্য নাও হতে পারে। অক্সিজেনের অভাবে যেন কেউ মারা না যান সেইজন্য ক্ষুদ্র সামর্থ্য নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি। যার যার অবস্থান থেকে এগিয়ে আসলে আশা করি অক্সিজেনের অভাবে কেউ মারা যাবে না।’

এক সপ্তাহের মধ্যে অনলাইনে ক্লাস শুরু করবে জবি

0

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী এক সপ্তাহের মধ্যে অনলাইনে ক্লাস শুরু করবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার উপাচার্য মীজানুর রহমানের সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস গ্রহণ করার বিষয়ে এক অনলাইন মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অনলাইনের ক্লাসের বিষয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তগুলো হলো- আগামী এক সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউট অনলাইন ক্লাস শুরু করবে। অনলাইন ক্লাসের ভিডিওগুলো Youtube / facebook প্ল্যাটফর্মেও Upload করতে হবে যেন শিক্ষার্থীরা যেকোনো সময় তা দেখতে পারে; করোনাভাইরাস (COVID – 19 Pandemic) পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার আগে সেমিস্টার চলমান ছিল, সে সেমিস্টারের অসম্পন্ন থিওরিটিক্যাল ক্লাসগুলো এবং চতুর্থ বর্ষ ও মাস্টার্স-এর শেষ সেমিস্টারের থিওরিটিক্যাল ক্লাস আগস্ট, ২০২০-এর মধ্যে সম্পন্ন করতে হবে। সেপ্টেম্বর ২০২০ থেকে পরবর্তী সেমিস্টারের থিওরিটিক্যাল ক্লাস শুরু করতে হবে; প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউট স্ব-স্ব একাডেমিক কমিটির মিটিংয়ের মাধ্যমে ক্লাস রুটিনসহ ক্লাস গ্রহণ সংক্রান্ত অন্যান্য বিষয় নির্ধারণ করবে এবং শিক্ষার্থীদের জানানোর ব্যবস্থা নেবেন; মিডটার্ম কোনো পরীক্ষা অনলাইনে নেওয়া যাবে না। তবে Assignment অনলাইনে নেওয়া যাবে; অনার্স চতুর্থ বর্ষের ক্লাস সম্পন্ন হওয়ার পর মাস্টার্স প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করতে হবে; শিক্ষার্থীদের থিসিস জমা ও ইন্টার্নশিপের বিষয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যান / পরিচালক মহোদয় একাডেমিক কমিটির মাধ্যমে ব্যবস্থা নেবেন; On Campus ক্লাস শুরু হলে Refreshment Class-এর জন্য তিন সপ্তাহ সময় দেওয়া হবে এবং তখন ব্যাবহারিক ক্লাসও গ্রহণ করা হবে; নেটওয়ার্কিং অ্যান্ড আইটি দপ্তর প্ল্যাটফর্ম তৈরি করাসহ অনলাইনে ক্লাস গ্রহণ সংক্রান্ত কারিগরি / আইটি সংক্রান্ত সহায়তা প্রদান করবে; অনলাইন ক্লাস গ্রহণের সুবিধার্থে প্রত্যেক শিক্ষার্থীর কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছানোর জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা দ্রুত বাস্তবায়নের জন্য সভায় আহ্বান জানানো হয়।

তৈরি পোশাক রপ্তানি খাত বাংলাদেশের অর্থনীতির ‘লাইফ-লাইন’

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তৈরি পোশাক রপ্তানি খাত বাংলাদেশের অর্থনীতির ‘লাইফ-লাইন’। এই খাতসহ বৈশ্বিক মহামারি মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে রাজধানীর সচিবালয়ের নিজ দপ্তর থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের সল্টগোলায় ৫০ শয্যার বিজিএমইএ কভিড-১৯ ফিল্ড হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে হাসপাতালটির উদ্বোধন করেন। বিজিএমইএ’র সভাপতি রুবানা হক, প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম ও বোর্ড সদস্যবৃন্দ উদ্বোধনী সভায় অংশ নেন।

চট্টগ্রামে ৫০ শয্যার বিজিএমইএ কভিড-১৯ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করায় তথ্যমন্ত্রী বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএ’কে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, করোনার শুরুতে চট্টগ্রামে রোগীদের স্বাস্থ্যসেবা দেয়ার ক্ষেত্রে অনেক প্রতিকূলতা, সীমাবদ্ধতা ছিল। কিন্তু আমরা ক্রমাগতভাবে সমন্বয় সভা করে প্রশাসন, পুলিশ, ব্যবসায়ী-স্বেচ্ছাসেবী সবাইকে ঐক্যবদ্ধ করেছি। সে কারণে আগের পরিস্থিতি এখন নেই। অনেক উত্তরণ ঘটেছে। আইসিইউ, ভেন্টিলেটরসহ যে সুবিধাগুলোর অপ্রতুলতা ছিল, আমরা সেই সংকট সমাধান করতে সক্ষম হয়েছি।

উপস্থিত সাংবাদিকরা এ সময় কুয়েতে মানবপাচারের দায়ে সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলকে গ্রেপ্তারের ফলে সেখানে কর্মী রপ্তানি ব্যাহত হবে কি না এমন প্রশ্নের উত্তরে ড. হাছান মাহমুদ বলেন, কুয়েতের তদন্তে সেখানকার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদদের সম্পৃক্ততা বেরিয়ে এসেছে। তাদের সম্পৃক্ততা, সহযোগিতা ছাড়া এই কাজগুলো হতো না। সুতরাং তারাও সমভাবে দায়ী। সুতরাং এ ঘটনায় আমাদের শ্রমবাজারে অর্থাৎ কুয়েতে কর্মী রপ্তানীর ক্ষেত্রে আমাদের ওপর কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না।

৮ দিনের মাথায় মেহেরপুরের ডিসি বদল

0

এক সপ্তাহের মাথায় দেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুরের ডিসি বদলের সিদ্ধান্ত নিলো সরকার।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মেহেরপুরের নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে মুনসুর আলম খানকে। তিনি কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের একান্ত সচিব (পিএস) হিসেবে কর্মরত অস্থায় ডিসি পদায়ন পেলেন।

এর আগে গত ২৫ জুন দেশের নয়টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। এর মধ্যে মেহেরপুরের ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শহিদুল ইসলাম চৌধুরীকে। আর মেহেরপুরের ডিসি আতাউল গনিকে টাঙ্গাইলের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। টাঙ্গাইলের ডিসি শহীদুল ইসলামকে ঢাকার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। শহিদুল ইসলাম মেহেরেপুরের ডিসি হিসেবে যোগ দেওয়ার আগেই তার জায়গায় মুনসুর আলম খানকে নিয়োগ দেওয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে নিয়োগ দেওয়া নতুন ডিসিদের মধ্যে দুই-তিনজনের বিষয়ে বিভিন্ন অভিযোগ আসছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, ছাত্রজীবনে কারা কোন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন সেসব বিষয়। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই ডিসি বদল হয়েছে বলে জানা গেছে। আরো কোন বদল হবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

সংসদের সামনে বাজেটের কপি ছেঁড়া বিএনপির ঔদ্ধত্যের নতুন প্রকাশ

0

সংসদের সামনে বাজেটের কপি ছেঁড়া বিএনপির ঔদ্ধত্যের নতুন বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা পেট্রল বোমা নিক্ষেপ করে মানুষকে হত্যা করেছিল। পেট্রল বোমা নিক্ষেপের কর্মসূচি যে রাজনৈতিক দল দেয়, সংসদের সামনে গিয়ে তাদের বাজেটের কপি ছিঁড়ে ফেলা খুব স্বাভাবিক। যে উদ্ধত আচরণ তারা সবসময় করে আসছে, সেটিরই নতুন বহিঃপ্রকাশ হচ্ছে সংসদের সামনে গিয়ে বাজেটের কপি ছিঁড়ে ফেলা।

মন্ত্রী বলেন, বিএনপি যে এবারই বাজেট প্রত্যাখ্যান করছে তা তো নয়, গত ১১ বছর ধরে প্রতিবারই তারা বাজেট প্রত্যাখ্যান করছে এবং প্রতিবারেই বলেছে বাজেট বাস্তবায়নযোগ্য না, জনগণের কল্যাণে আসবে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু গত ১১ বছর ধরে সমস্ত বাজেটই বাস্তবায়িত হয়েছে এবং বাস্তবায়নের হার ৯৭-৯৮ শতাংশ। সেই বাজেটগুলো বাস্তবায়নের প্রেক্ষিতে দেশের দারিদ্র্য কমে অর্ধেকে নেমেছে। মানুষের মাথাপিছু আয় সাড়ে তিনগুণ বৃদ্ধি পেয়েছে, জিডিপি প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে। দেশ খাদ্যে উদ্বৃত্ত হয়েছে, স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের পথে উন্নীত হয়েছে। এটিই হচ্ছে বাস্তবতা। কিন্তু তারা কোনোবারেই বাজেট গ্রহণ করতে পারেনি।

ড. হাছান বলেন, বিএনপি সেখানে বলেছে, মাত্র একদিন বাজেট নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু আসলে তা নয়, পুরো বাজেট সেশনেই কিন্তু বাজেটের ওপর বক্তৃতা হয়েছে। তারা নিজেরা বাজেট অধিবেশনে অংশগ্রহণ করেনি, বাজেট অধিবেশনে যে আলোচনা হয়েছে সেটিও ঠিকমত খেয়াল রাখেনি। সে কারণেই তারা এ ধরণের ভুল বক্তব্য দিয়েছে। এই পরিস্থিতিতে প্রতিদিন সংসদ চালানো সম্ভবপর নয়। পৃথিবীর কোনো দেশে সেটি হচ্ছে না। আমাদের দেশে এখন করোনাভাইরাস প্রায় তুঙ্গে, প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার মানুষ আক্রান্ত হচ্ছে, গড়ে প্রায় ৪০ জন বা তার বেশি মানুষ মৃত্যুবরণ করছে। এই সময় তো সংসদ প্রতিদিন চালানো সম্ভবপর নয়, এই বাস্তবতা তারা বুঝেও এ ধরণের অসত্য, অপ্রাসঙ্গিক কথাগুলো বলে।

সাংবাদিকরা এ সময় কুয়েতে মানবপাচারের দায়ে সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপলু গ্রেপ্তারের ফলে সেখানে কর্মী রপ্তানি ব্যাহত হবে কি না এমন প্রশ্নের উত্তরে ড. হাছান বলেন, কুয়েতের তদন্তে সেখানকার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদদের সম্পৃক্ততা বেরিয়ে এসেছে। তাদের সম্পৃক্ততা, সহযোগিতা ছাড়া এই কাজগুলো হতো না, সুতরাং তারাও সমভাবে দায়ী। সুতরাং এ ঘটনায় আমাদের শ্রমবাজারে অর্থাৎ কুয়েতে কর্মী রপ্তানীর ক্ষেত্রে আমাদের ওপর কোনো প্রভাব পড়বে বলে আমি মনেকরি না।

করোনা পরীক্ষার ফি নিয়ে সমালোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, এটি নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমি স্বাস্থ্যমন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি এটি পুণর্বিবেচনা করার জন্য। তবে একেবারেই বিনামূল্যের কারণে অনেক সময় যাদের প্রয়োজন নেই তারাও পরীক্ষা করে। কিন্তু গরিব মানুষ যাতে প্রয়োজনে বিনামূল্যে পরীক্ষা করাতে পারে, সেটি নিয়ে তার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি।

এর আগে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের সল্টগোলায় ৫০ শয্যার বিজিএমইএ কভিড-১৯ ফিল্ড হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন। তিনি বলেন, বৈশ্বিক মহামারি মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই। এ উদ্যোগে সম্পৃক্ত হবার জন্য তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তৈরি পোশাক রপ্তানি খাত বাংলাদেশের অর্থনীতির ‘লাইফ-লাইন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে হাসপাতালটি উদ্বোধন করেন। বিজিএমইএ’র সভাপতি রুবানা হক, প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম ও বোর্ড সদস্যবৃন্দ উদ্বোধনী সভায় অংশ নেন।

ড. হাছান মাহমুদ জানান, করোনার শুরুতে চট্টগ্রামে রোগীদের স্বাস্থ্যসেবা দেয়ার ক্ষেত্রে অনেক প্রতিকূলতা, সীমাবদ্ধতা ছিল, কিন্তু আমরা ক্রমাগতভাবে সমন্বয় সভা করে প্রশাসন, পুলিশ, ব্যবসায়ী-স্বেচ্ছাসেবী সবাইকে ঐক্যবদ্ধ করেছি, সে কারণে আগের পরিস্থিতি এখন নেই, অনেক উত্তরণ ঘটেছে। আইসিইউ, ভেন্টিলেটরসহ যে সুবিধাগুলোর অপ্রতুলতা ছিল, আমরা সেই সংকট সমাধান করতে সক্ষম হয়েছি বলে জানান তিনি।