Home Blog Page 2844

সীমান্তে উত্তেজনা কমাতে বৈঠকেই ভরসা, লাদাখ যাচ্ছেন রাজনাথ-নারাভানে

0

গালওয়ান সংঘর্ষের পর একের পর এক বৈঠক হচ্ছে। তবে সীমান্তে উত্তেজনা এখনো কমেনি। গত মঙ্গলবার চৌশলে ইন্দো-চীন সেনা কমান্ডারদের তৃতীয় বৈঠকেও ‘প্রকৃত সমাধানসূত্র’ বের হয়নি।

নিয়ন্ত্রণরেখা থেকে সেনাবাহিনী সরানোর বিষয়ে এখনো সেনাবাহিনী এবং কূটনৈতিক স্তরে বেশ কয়েকটি বৈঠক প্রয়োজন বলেই মনে করছে ভারতের সেনাবাহিনী।

গত মঙ্গলবার চৌশল সীমান্তে প্রায় ১১ঘণ্টার ম্যারাথন বৈঠক চলে। সেখানে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ১৪ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরেন্দ্র সিংহ ও চীনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দক্ষিণ জিংজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্টের চিফ মেজর জেনারেল লিউ লিন।

জানা গেছে, পর্যায়ক্রমে এবং ধাপে ধাপে কিভাবে সেনাবাহিনী সরিয়ে নেওয়া হবে, দু’পক্ষে সেই বিষয়টিই অগ্রাধিকার দেওয়া হয় আলোচনা পর্বে।

তবে পরিস্থিতি ঠিক কোন পথে তার রেশ বুঝতে শুক্রবারই লাদাখ যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান এম এম নারভানে।

জানা গেছে, লাদাখ সীমান্তে মোতায়েন করা সেনাবাহিনীর সঙ্গে কথা বলবেন মন্ত্রী। পরবর্তী কৌশল এবং পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন সেনা কমান্ডারদের সঙ্গেও।

প্রসঙ্গত, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত-চীন সংঘর্ষের পর এই প্রথম লাদাখ যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ। এই বৈঠকে থাকবেন নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে জোশি।

এদিকে বেইজিং থেকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজান সাংবাদিকদের বলেন, উভয় পক্ষ কমান্ডার-স্তরের আলোচনার দফায় দফায় ঐক্যমত বাস্তবায়নের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। অশান্ত পরিস্থিতির অচলাবস্থা কাটানোরও চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, চীন এ বিষয়কে স্বাগত জানাচ্ছে। আমরা আশা করছি একই লক্ষ্যে ভারত এবং চীন উভয়পক্ষই কাজ করবে। সামরিক এবং কূটনৈতিক স্তরের মাধ্যমে এই যোগাযোগ অব্যাহত থাকবে। আশা করা যায় পরিস্থিতি ঠিক হবে এবং সীমান্তের উত্তাপও কমবে।

আগের অবস্থায় ফিরে যাওয়া আর হবে না

0

বৈশ্বিক মহামারি পরবর্তী বিশ্বে আর আগের অবস্থায় ফিরে যাওয়া হবে না। অবকাঠামো, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার নতুন সব বিষয় সামনে নিয়ে এসেছে কভিড-১৯ সঙ্কট। বিশ্বব্যাপী সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনকে অন্যান্য সময়ের চেয়ে অনেক দ্রুত ত্বরান্বিত করেছে কভিড-১৯ বৈশ্বিক মহামারি।

নরওয়েভিত্তিক বহুজাতিক টেলিযোগাযোগ কম্পানি ও বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের মূল অংশীদার টেলিনর তাদের এক গবেষণায় নতুন তিনটি পূর্বাভাস তুলে ধরে হয়েছে যা ভূমিকা রাখবে আমাদের নতুন বিশ্ব গঠনের। আজ বুধবার এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।

এ বিষয়ে টেলিনর রিসার্চের ভাইস প্রেসিডেন্ট গর্ম আন্দ্রিয়াস গিরননেভেত বলেন, ‘এই বৈশ্বিক মহামারি আমাদের দেখিয়েছে সকল উদ্ভাবনের মূলেই রয়েছে প্রয়োজনীয়তা। এটা স্পষ্ট যে, আমরা যেভাবে আমাদের শহর, প্রতিষ্ঠান ও সমাজ পরিচালনা করি সেখানে ব্যাপক পরিবর্তন আসবে। পেন্ডুলামের কাটা এখন পরিবর্তনের দিকে।’

টেলিনরের গবেষণা দলের তথ্যে যে গুরুত্বপূর্ণ তিনটি পূর্বাভাস উঠে এসেছে তা হচ্ছে- ১. নতুন অবকাঠামো নতুনভাবে কাজের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। যারা এতদিন অফিসে বসে কাজ করতেন, এই বৈশ্বিক মহামারির কারণে তারা বাসা থেকেই কাজ করছেন। এই বিষয়টি মানুষকে নতুন সম্ভাবনার ভাবাচ্ছে যে, প্রথাগত অফিস অতোটা প্রয়োজনীয় নয়। অনেকেই দূরবর্তী স্থান থেকে কাজ করার বিষয়টির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে শুরু করেছেন। বাড়ি থেকে কিংবা কাজের পরিবেশ বজায় রেখে বাড়ির নিকটবর্তী দূরত্ব থেকে কাজ করছেন। এ পরিবর্তনকে ত্বরান্বিত করছে বৈশ্বিক মহামারি। বাড়ি কিংবা নিরপেক্ষ কর্মপরিবেশ থেকে কাজ করার ক্ষেত্রে কর্মীদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সরকার আরো বেশি ডিজিটাল এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে শহরগুলোকে কীভাবে সংগঠিত করা যায় তা নতুন করে চিন্তা-ভাবনা শুরু করবে।

এক্ষেত্রে নতুন কাজের ক্ষেত্র কর্মীদের শহরের নানা প্রান্তে এবং আবাসিক এলাকার কাছাকাছি থাকতে সহায়তা করবে, যা যাতায়াতের সময় বাঁচাবে। যাতায়াতের পরিমাণ কমলে সময় বাঁচবে এবং এর ফলে রাস্তায় ট্রাফিকও কমে যাবে; যা দূষণের পরিমাণ কমাতে, বায়ু ও জনস্বাস্থ্যের মান উন্নয়নে এবং উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। সর্বোপরি, বৈশ্বিক মহামারি পরবর্তী সময়ে শহরগুলোতে প্রথাগত অফিস কম দেখা যাবে। এর বিপরীতে নতুন কাজের ক্ষেত্র বাড়বে। ফলে শহর হবে পরিবেশবান্ধব এবং পথচারীদের চলাচলে সহায়ক।

২. করোনাভাইরাসের কারণে লকডাউনের প্রভাব গিয়ে পড়েছে অর্থনীতির ওপর। ইতিমধ্যেই, কভিডের কারণে চাকরির বাজার সঙ্কুচিত হলেও মহামারির কারণে উদ্ভূত চাহিদা এবং অভিবাসন সম্পর্কিত নতুন সীমাবদ্ধতার কারণে আমরা নতুন ধরনের চাকরির সম্ভাবনাও দেখছি। চাকরি হারানো কর্মী ও নতুন মানবসম্পদের চাহিদা পূরণের ক্ষেত্রে প্রথাগত পদ্ধতিতে নিয়োগ বেশ দীর্ঘসময় নেবে এবং এক্ষেত্রে দক্ষতারও যুগোপযোগী পরিবর্তন প্রয়োজন। আমাদের অনুমান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আরো কার্যকরী উপায়ে কর্মী নিয়োগের বিষয়ের ক্ষেত্রে রূপান্তর ঘটাবে।

নিয়োগকর্তা ও সম্ভাব্য প্রার্থীদের তথ্যগুলো বিশ্লেষণ করে অ্যালগরিদম স্বয়ংক্রিয়ভাবে যাচাই-বাছাই করে অনুপযুক্ত প্রার্থীকে বাদ দেবে এবং উপযুক্ত প্রার্থীকে নিয়োকর্তার সঙ্গে সংযুক্ত করবে। এআই’র দ্রুত ও নির্ভুল প্রক্রিয়ায় শুধুমাত্র চাকরি প্রত্যাশী ও নিয়োগকর্তার অর্থ ও সময়ই বাঁচাবে না, পাশাপাশি সঠিক কর্মী ও নিয়োগকর্তার যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানে উপযুক্ত কর্মী হারানো সম্ভাবনা কমিয়ে আনবে।

৩. সংক্রামক রোগ প্রসারের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে ডাটা ক্রমান্বয়েই গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠছে। জরুরি জনস্বাস্থ্যের পরিস্থিতিতে দায়িত্বশীল উপায়ে এবং বেনামে টেলকো ডাটা ব্যবহার করা হতে পারে। এর আগে বাংলাদেশ এবং পাকিস্তানে ডেঙ্গু ও ম্যালেরিয়া বিস্তারের পূর্বাভাস নিয়ে টেলিনরের গবেষণা প্রমাণ করে যে, অজ্ঞাতভাবে সংগ্রহ করা নেটওয়ার্কের তথ্য রোগ বিস্তার মডেলের নির্ভুল হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে। পাশাপাশি, সরকার ও স্বাস্থ্য কর্তৃপক্ষকে প্রতিরোধ পদক্ষেপ গ্রহণে এবং ত্রাণ প্রচেষ্টা জোরদারে লক্ষ্য নির্ধারণে সহায়তা করে। এক্ষেত্রে, যারা সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নিয়ে চিন্তিত তাদের নিশ্চিত করা হবে যে, অবস্থানগত তথ্য শুধুমাত্র মানুষের গতিবিধি সম্পর্কে সামগ্রিক ধারণা দেয় এবং দলীয়ভাবে এ তথ্য সংগ্রহ করা হয়।

গতিবিধি বিশ্লেষণ রোগ পূর্বাভাসের চেয়েও বেশি তথ্য প্রদানের সম্ভাবনা রয়েছে। এ তথ্য স্মার্ট সিটি পরিকল্পনা, পরিবেশগত বিশ্লেষণে সহায়তাসহ শিল্পখাত- যেমন ভ্রমণ খাতের প্রবৃদ্ধিতে সহায়তা করতে পারে। এক্ষেত্রে সম্ভাবনা অসীম।

এ বিষয়ে গর্ম আন্দ্রিয়াস গিরননেভেত বলেন, ‘কভিড-১৯ এর বৈশ্বিক মহামারি আমাদের সবাইকে প্রচলিত ধারণার বাইরে ভাবতে সহায়তা করছে। পাশাপাশি আমাদের কাজ এবং আমরা গ্রাহকদের যে সেবা দিই ও সমাজে যে ভূমিকা রাখি সেক্ষেত্রে পরিবর্তনকে ত্বরান্বিত করছে। আমাদের সামাজিক ও অর্থনৈতিক আচরণে পরিবর্তন আসবে। তাই সরকার ও নেতৃবৃন্দের জন্য এখনই সময় নতুন করে ভাববার। যেহেতু আমরা করোনাভাইরাস পরবর্তী ভবিষ্যতের দিকে আগাচ্ছি, এক্ষেত্রে মূল্যায়ন করতে হবে কি বন্ধ করা উচিৎ, কি শুরু করা উচিৎ এবং কোন বিষয়গুলো ত্বরান্বিত করা প্রয়োজন।’

ক্ষতিগ্রস্ত বুড়িগঙ্গা সেতু মেরামতে সময় লাগবে ১৫ দিন

0

উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’-এর ধাক্কায় ক্ষতিগ্রস্ত বুড়িগঙ্গা সেতুর ‘ভারী মেরামত’ প্রয়োজন হবে। সেতুটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ১৫ দিন লাগতে পারে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

আজ বুধবার সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান জানান, সেতুর ক্ষতিগ্রস্ত অংশ স্টিলের জাল দিয়ে ঘিরে আপাতত সীমিত যান চলাচল শুরু করলেও পণ্যবাহী যান চলাচল শুরু করতে মেরামত পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে ব্রিজের বেশ ক্ষতি হয়েছে। বুধবার আরেকটি বিশেষজ্ঞ দলের নিচ থেকে ক্ষতিগ্রস্ত অংশ দেখে স্থায়ী মেরামতের ব্যাপারে পরামর্শ দেওয়ার কথা ছিল। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় তা সম্ভব হয়নি। আলট্রা এক্সরে, সাউন্ড মেশিন ইত্যাদি যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করা হবে ব্রিজটির কতটুকু ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, বিশেষজ্ঞ দল নিচ থেকে ক্ষতিগ্রস্ত অংশ দেখার পর সিদ্ধান্ত দেবে, কীভাবে সেতুটি মেরামত করা যায়। আমরা সেই অনুযায়ী কাজ শুরু করব। কোন ধরনের মেরামত, হালকা না ভারী, তা তা বিশেষজ্ঞ দল সিদ্ধান্ত দেবে।

উল্লেখ্য, গত সোমবার সকালে বড় একটি লঞ্চের ধাক্কায় সদরঘাটের কাছে বুড়িগঙ্গায় মর্নিং বার্ড নামের একটি ছোট লঞ্চ ডুবে গেলে ৩৪ জন মারা যান। ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের জন্য নারায়ণগঞ্জ থেকে রওনা হওয়া উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ এর ক্রেনের ধাক্কায় সেতুর গার্ডারের ওই অংশে ফাটল দেখা দেয়।

এরপর সোমবার রাত ৮টা থেকে ওই সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যা থেকে সেতুতে সীমিতভাবে যান চালানো হচ্ছে।

জেনোয়ার জালে রোনালদোর দুর্দান্ত গোল, জুভেন্টাসের সহজ জয়

0

ইতালিয়ান ফুটবল লিগে জয় পেয়েছে জুভেন্টাস। জেনোয়াকে ৩-১ গোলে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। মঙ্গলবার দিবাগত রাতে জেনোয়ার মাঠের এই জয়ে লিগ শিরোপা জয়ের পথে আরও এগিয়ে গেছে সারি’র শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই জেনোয়াকে চেপে ধরে জুভেন্টাস। তবে প্রথমার্ধে গোলের দেখা পাননি রোনালদোরা। বিরতির পর ৫০তম মিনিটে কুয়াদরাদোর পাস থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতরে জায়গা করে নিয়ে কোনাকুনি শট করেন দিবালা। তার শট ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি গোলরক্ষক পেরিন।

৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। পিয়ানিচের বাড়ানো বল একাই টেনে নিয়ে জেনোয়ার ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শট নেন রোনালদো, আর পরাস্ত করেন পেরিনকে। ২৫ গজ দূর থেকে নেওয়া রোনালদোর বুলেট গতির শট নেওয়া বলটি স্থান পায় জালে। রোনালদোর এই গোলে জুভেন্টাস এগিয়ে যায় ২-০তে। ৭৩তম মিনিটে ব্যবধান বাড়ান কস্তা। ডি-বক্সের বাইর থেকে কোনাকুনি শটে দারুণ এক গোল করেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

৭৬তম মিনিটে জেনোয়ার আন্দ্রে পিনামোন্তি একটি গোল শোধ করলেও তা ব্যবধান কমানো ছাড়া কাজে আসেনি। এই জয়ে সিরি আ’র ২৯ ম্যাচ শেষে ২৩ জয় আর তিনটি করে ড্র এবং হারে ৭২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর দল জুভেন্টাস।

ঘরে চিকিৎসা নিয়েই অপুর করোনা জয়

0

ঘরে চিকিৎসা নিয়েই করোনা জয় করলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল ইসলাম অপু। একইসাথে সেরে উঠেছেন তার বাবা-মাও। তিনজনই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই ছিন্নমূল মানুষের সেবায় কাজ করছিলেন অপু। আর এই সামাজিক কাজ করতে গিয়ে অপু নিজেই আক্রান্ত হন, আক্রান্ত হন তার বাবা-মাও। তবে ঘরে পারিবারিক চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিয়ে তিনজনই সুস্থ হয়ে উঠেছেন। দ্বিতীয় নমুনা পরীক্ষায় সবার ফলই নেগেটিভ এসেছে।

আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে অপু বলেন, সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। আব্বুকে নিয়ে বেশি টেনশন ছিল, তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তখন নিজের অসুস্থতা ভুলে যাওয়ার চেষ্টা করেছি। কারণ, বাবা-মা আগে। তবে সব মিলিয়ে খুব বাজে অভিজ্ঞতা হল।

মেসির ৭০০ গোল!

0

মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। পেশাদার ক্যারিয়ারে ৭০০ গোলের মালিক হলেন তিনি। আরো তিন ম্যাচ আগেই ৬৯৯ গোলে পৌঁছে গিয়েছিলেন। এর পর শুধু অপেক্ষার পালা। অবশেষে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৭০০ গোলের চূড়ায় বসলেন।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে মুখোমুখি দাঁড়ায় বার্সেলোনা। শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। তিনবার পেনাল্টির বাঁশি বাজিয়েছেন রেফারি। এ ম্যাচেই পেনাল্টি থেকে প্যানেনকা শটে পেশাদার ক্যারিয়ারে ৭০০তম গোলটি করলেন মেসি। এখনও খেলছেন এমন দ্বিতীয় ফুটবলার হিসেবে ৭০০ গোল করলেন মেসি। ৭০০ গোল করা অন্য ফুটবলার হলেন আরেকা সেনসেশন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার চেয়ে ১১২ ম্যাচ কম খেলেই ৭০০ গোল করে ফেলেছেন মেসি। এই মাইলফলকে পৌঁছতে রোনালদোর লেগেছিল ৯৭৪ ম্যাচ। অন্যদিকে মেসি খেললেন ৮৬২ ম্যাচ। তবে প্রতিযোগিতামূলক ফুটবলে সর্বোচ্চ ৮০৫ গোলের রেকর্ড রয়েছে চেক-অস্ট্রিয়ান কিংবদন্তি জোসেফ বিকানের। এছাড়া পেশাদার ক্যারিয়ারের গোলসংখ্যায় এগিয়ে থাকাদের মধ্যে রয়েছেন ব্রাজিলের রোমারিও (৭৭২), ফুটবল সম্রাট পেলে (৭৬৭), হাঙ্গেরির কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস (৭৪৬), জার্মান কিংবদন্তি গার্ড মুলার (৭৩৫) এবং ক্রিশ্চিয়ানো রোনালদো (৭২৯)।

বার্সেলোনার জার্সি গায়ে চাপিয়েই তিনি ৯০ শতাংশ গোল করেছেন, যেটা সংখ্যায় ৬৩০। এ জার্সিতে খেলেছেন ৭২৪টি ম্যাচ। আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে মেসির গোলসংখ্যা ১৩৮ ম্যাচে ৭০টি। এর পাশাপাশি ক্যারিয়ারে ৩০০টির বেশি গোল এসিস্টও করেছেন তিনি।

৩ হাজার পরিবারকে ৬ দফা খাদ্য সহায়তা দিয়েছেন ডিপজল

0

মনোয়ার হোসেন ডিপজল একজন খল অভিনেতা হিসেবে আলোচিত-সমালোচিত যেমন; আবার ‘চাচ্চু’ ধরনের সিনেমার জন্য নিজের অন্য একটি চেহারাও দৃশ্যমাণ করেছেন দেশীয় চলচ্চিত্র দর্শকদের মাঝে। আর ব্যক্তি ডিপজল কেমন? সেটা হয়তো আপেক্ষিক। কখনো ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার হিসেবে সমালোচিত হয়েছেন আবার মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসাও পেয়েছেন।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণের সময় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে দেশের অনেক তারকাই এগিয়ে আসেন। আবার অনেক শীর্ষ তারকারাও কোয়ারেন্টিন থেকে আলোর মুখ দেখেননি। অর্থাৎ মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়নি। দেশীয় চলচ্চিত্রের শীর্ষ তালিকায় থাকা বেশ কয়েকজন চিত্রনায়ক এ জন্য নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়েন।

তবে এদিক থেকে একজন খল অভিনেতা হয়েও মনোয়ার হোসেন ডিপজল ছিলেন অনন্য। গত রমজান মাসে চলচ্চিত্র শিল্পী সমিতিতে ডিপজল নগদ দুই লাখ টাকা প্রদানসহ ৬ দফা শিল্পীদের খাদ্য সহায়তা প্রদান করেছেন।

‘শিল্পী সমিতিতে তো অল্প কয়েকজন মানুষ, ৩০০-৪০০ হইবো। ওইটা কোনো সমস্যা না। শিল্পী গো লিগা সমস্যা হইবো না। তয় আমি আমার এলাকায় যতটুক পারছি দিছি। এহন তো দুর্যোগ তেমন নাই। আবার মানুষজন বিপদে পড়লে আমি হেল্প করমু’- কালের কণ্ঠের সাথে আলাপকালে এভাবেই ব্যক্ত করছিলেন করোনাকালের সহায়তা সম্পর্কে।

ডিপজল বলেন, ‘আল্লাহ আমারে যতটুকু দিছে আমি সেইখান থিকা যতটুকু পারমু দিমু। সামনে কুরবানি আইতাছে। এইবার বেশি কুরবানি দিমু না। যতটুক না দিলেই হয় না, ততটুক দিমু। তয় এই ভাইরাসের কথা তো কওন যায় না। কুরবানির আগে যদি চইলা যায় তয় এইবার আমি আরো বেশি কইরা কুরবানি দিমু। গরু রেডি রাখছি, হয়তো আরো কিছু কিনতে হইবো।’

ডিপজল সহায়তা করেছেন মিরপুর, গবতলী এলাকার ( ঢাকা উত্তরের ৯ নম্বর ওয়ার্ড) দেড় হাজার পরিবারকে। কার্যত লকডাউনের সময় প্রতিটি পরিবারকে ৬ দফা সহায়তা করেছেন। যার প্রতিটি দফায় ৫ কেজি চাল, ডাল, লবণ ও আনুষাঙ্গিক প্রয়োজনীয় জিনিসঅপত্র দিয়েছেন। একইভাবে দেড় হাজার পরিবারকে সসহায়তা দিয়েছেন সাভারের ফুলবাড়িয়া এলাকায়।

ডিপজল বুধবার দুপুরে কালের কণ্ঠকে বলেন, ‘আসলে ভাই আমি তো শুধু চলচ্চিত্রের মানুষের কথা ভাবতাছি আর অন্য মানুষের কথা ভাবতাছি না, এমুন তো না। আমি আমার এলাকার মানুষজনের পাশে সব সমায় ছিলাম, আছি। দ্যাশের মানুষ আমারে অভিনেতা হিসাবে চিনে।, কিন্তু আমি তৈ জনগণের প্রতিনিধি আছিলাম। তাগো লিগা তো আমার কর্তব্য আছে। সাভারের ফুলবাড়িয়া এলাকায় আমার শুটিং স্পট আছে। তার আশেপাশে খুব বেশি মানুষ নাই। আমি দেড় হাজারের মতো পরিবার পাইছি। তাগো লিগা আমি বিভিন্ন সময় প্রয়োজন মতো চাউল ডাউল পাডাইছি।’

ফুলবাড়িয়াতেও ডিপজল ৬ দফা সহায়তা করেছেন বলে জানা গেছে। যার মধ্যে প্রতি দফায় ৫ কেজি চাল, ডাল, তেল লবণ সহ আনুষাঙ্গিক দ্রব্যাদি ছিল। চলচ্চিত্র নিয়েও চিন্তিত ডিপজল বললেন, ‘এই সংকট কাইটা যাউক তারপরে দেহা যাউক আমগো ফিল্মের কী হয়। আমি আমার দিক থন সর্বোচ্চ হেল্প করুম।’

১৫ জুন, ১৯৫৮ সালে ঢাকার মিরপুরের বাগবারিতে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবরের হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে তার। তিনি ফাহিম শুটিং স্পট, এশিয়া সিনেমা হল, পর্বত সিনেমা হল, জোবেদা ফিল্মস, পর্বত পিকচার্স-২, ডিপজল ফুড ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী তিনি বাংলাদেশের চলচ্চিত্রে সক্রিয়। প্রথমে খল চরিত্রে অভিনয় করলেও চাচ্চু চলচ্চিত্রের মাধ্যমে তিনি ভালো চরিত্রে অভিনয় শুরু করেন। এছাড়াও মা-বাবাকে হারানোর বেদনা থেকে তিনি একটি বৃদ্ধাশ্রমও গড়ে তুলেছেন।

সীমান্তে ২০ হাজার চীনা সেনা, যুদ্ধের জন্য প্রস্তুত নয়াদিল্লিও!

0

ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বাড়ছেই। তবে উত্তেজনা কমাতে পূর্ব লাদাখের চুসুল-মলডো সীমান্তে বৈঠকে বসেছিল দু’দেশ। কিন্তু বৈঠকে সমাধান সূত্র পাওয়া যায়নি। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ২০ হাজার সেনা মোতায়েন করেছে চীন। তবে পিছিয়ে নেই ভারতও। কোনো ঝুঁকি না নিয়ে যুদ্ধের প্রস্তুতি সেরে রাখছে নয়াদিল্লি।

ভারতের সংবাদ সংস্থা এএনআইর এক প্রতিবেদনে বলা হয়, এর আগে তিব্বতে দু’টি চীনা সেনার ডিভিশন মোতায়েন করা ছিল। এবার মূল চীনা ভূখণ্ডের সুদূর প্রান্ত থেকে প্রায় দুই হাজার কিলোমিটারের সফর শেষে এসে পৌঁছেছে আরও দু’টি চীনা ডিভিশন। দ্রুত গতিতে সীমান্তে এগিয়ে যাওয়ার জন্য এদের সঙ্গে রয়েছে সাঁজোয়া গাড়ির সম্ভার ও হামলা চালানোর জন্য ভারি হাতিয়ার। শুধু তাই নয়, সীমান্ত থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে জিনজিয়াং প্রদেশেও একটি ডিভিশন (১০ থেকে ১২ হাজার সেনা সদস্য) তৈরি রেখেছে চীনা বাহিনী। নির্দেশ পেলে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সীমান্তে উপস্থিত হবে চীনা ডিভিশনটি।

এদিকে, চীনা গতিবিধির ওপর নজর রেখে তৈরি ভারতও। পূর্ব লাদাখে অতিরিক্ত দু’টি ডিভিশন মোতায়েন করেছে ভারতীয় সেনাবাহিনী। পাশাপাশি দৌলত বেগ ওলডিতে মোতায়েন থাকা ‘আরমরড ব্রিগেড’কে মদত দিতে তড়িঘড়ি করে বিমানবাহিনীর পণ্যবাহী বিমানে উড়িয়ে আনা হয়েছে বিএমপি-২ ও টি-৯০ ভীষ্ম ট্যাংকও।

শুধু তাই নয়, কারাকোরাম গিরিপথ থেকে গালওয়ান উপত্যকায় চীনের যুদ্ধ প্রস্তুতি নজরে রেখে আর একটি ডিভিশন মোতায়েন করার কথাও ভাবছে ভারত। বর্তমানে পূর্ব লাদখের নিরাপত্তার দায়িত্ব রয়েছে কারু স্থিত ‘ত্রিশূল ইনফ্যান্টরি ডিভিশন’র হাতে।

উত্তেজনা কমাতে সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চললেও আগ্রাসন থামছে না চীনের। এবার ভারতের উদ্বেগ বাড়িয়ে উপগ্রহ থেকে তোলা চিত্রে সাফ দেখা গেছে লাদাখে প্যাংগং লেকের ধরে সেনা মোতায়েন করেছে চীন। ফিঙ্গার ৪ থেকে আর ভারতীয় সেনাদের টহল দিতে দিচ্ছে না চীনারা। ফিঙ্গার ৪ নামক সীমান্ত পর্যন্ত এসে নির্মাণ কাজও শুরু করেছে চীনের পিপল‌স লিবারেশন আর্মি (পিএলএ)।

সূত্র: সংবাদ প্রতিদিন।

আমরা চীনকে উপযুক্ত জবাব দিতে চাই : মমতা

0

চীনের সঙ্গে উত্তেজনা নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, কয়েকটি অ্যাপ বাতিলই যথেষ্ট নয়, আমরা চীনকে উপযুক্ত জবাব দিতে চাই। দেশের স্বার্থে ভারতের কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ গ্রহণ করবে, তাতে তৃণমূল কংগ্রেস পূর্ণ সমর্থন দেবে বলেও জানিয়েছেন মমতা।

আজ এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে সমর্থন জানিয়ে আসছি, কিন্তু একদিকে আমাদের আগ্রাসী হতে হবে, অন্যদিকে কূটনৈতিক প্রক্রিয়াও জারি রাখতে হবে।

ভারত-চীন সীমান্তে উত্তেজনা চরমে। মঙ্গলবার দুদেশের পক্ষ থেকে সেনা পর্যায়ের বৈঠকেও উত্তেজনা নিরসনের তেমন কোনো সমাধান সূত্র মেলেনি। এর মাঝেই বেইজিংকে ধাক্কা দিতে ভার্চুয়াল স্ট্রাইক করেছে দিল্লি।

ভারতের নিরাপত্তা ও অখণ্ডতার স্বার্থে সোমবার ৫৯টি চীনা অ্যাপকে বাতিল বলে ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। দিল্লির এই পদক্ষেপকে ‘গভীর উদ্বেগজনক’ বলে জানিয়েছে চীন।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

করোনার দ্বিতীয় ধাক্কায় কাজ হারাতে পারে ৩৪ কোটি মানুষ : আইএলও

0

করোনাভাইরাস সংক্রমণের প্রথম ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। লকডাউনে স্থবির ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ, যাতায়াত, সেবা। ঘরবন্দি বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ। এরই মধ্যে করোনার সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় পর্বের সংক্রমণ শুরুর পূর্বাভাস দিচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। তাদের দাবি, দ্বিতীয় পর্বের ধাক্কা হবে আরো ভয়াবহ। বিশ্বে কোটি কোটি মানুষ কাজ হারাবে।

আইএলও সতর্ক করে দিয়ে বলেছে, যদি এ বছরেই আরো একটা করোনা সংক্রমণের ধাক্কা আসে, তাহলে বিশ্বের ১১.৯ শতাংশ ওয়ার্কিং আওয়ার শেষ হয়ে যাবে। অর্থাৎ কাজ হারাতে পারে ৩৪০ মিলিয়ন বা ৩৪ কোটি মানুষ।

ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের পঞ্চম এডিশনে বলা হয়েছে, কর্মসংস্থানের ক্ষেত্রে বছরের বাকি দিনগুলোর ভবিষ্যৎ আনিশ্চিত। ২০২০-এর প্রথমার্ধেই যে ক্ষতি হয়েছে, তা আগে থেকে অনুমান করা সম্ভব হয়নি। দ্বিতীয়ার্ধে সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব হবে কি না, তা স্পষ্ট নয়। যদি প্রথমার্ধ থেকে শিক্ষা নিয়ে পরের ধাপে কিছুটা স্বাভাবিক হওয়ার পথে এগোনো যায়, তা সত্ত্বেও ১১.৯ শতাংশ ওয়ার্কিং আওয়ার নষ্ট হবে।

গত কয়েক সপ্তাহে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে ছবিটা উঠে এসেছে, তা খতিয়ে দেখা যাচ্ছে যে এ বছরের দ্বিতীয় ভাগে কোথায় কত কর্মসংস্থান হারানোর আশঙ্কা রয়েছে। তাতে দেখা যচ্ছে, আমেরিকায় ওয়ার্কিং টাইম নষ্ট হতে পারে ১৮.৩ শতাংশ, ইউরোপ ও সেন্ট্রাল এশিয়ায় ১৩.৯ শতাংশ, এশিয়া প্যাসিফিকে ১৩.৫ শতাংশ, আরবে ১৩.২ শতাংশ ও আফ্রিকায় ১২.১ শতাংশ।

সংস্থার সমীক্ষায় আরো উঠে এসেছে, কিভাবে মহামারির জেরে প্রভাবিত হয়েছেন মহিলা কর্মীরা। ফলে আগামী দিনে কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সত্যিই যদি করোনার দ্বিতীয় সংক্রমণের ধাক্কা আসে, তাহলে বিশ্ব পরিস্থিতি কেমন হবে, তা ভাবতেও ভয় হয়। উন্নত দেশগুলোর অবস্থা যেখানে শোচনীয়, সেখানে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর অবস্থা কেমন হবে সেটা সহজেই অনুমেয়। ফলে আগামী দিন ধনী-গরিব সবার জন্যই কঠিন হবে।

সূত্র : আইএলও।