Home Blog Page 2845

লন্ডন গেলেন অর্থমন্ত্রী

0

চোখের ফলোআপ চিকিৎসা করাতে লন্ডন গেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বুধবার (১ জুলাই) ব্যক্তিগত সফরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন। সঙ্গে তার স্ত্রীও রয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, চিকিৎসার জন্য অর্থমন্ত্রী লল্ডন গেছেন। দেশে ফিরতে এবার তার কিছুটা সময় লাগবে। করোনা মহামারিতে লল্ডন পৌঁছানোর পর অর্থমন্ত্রীকে সেখানে সপরিবারে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হতে পারে। এরপর তিনি চিকিৎসকের পরামর্শ নেবেন। লন্ডনে অর্থমন্ত্রীর মেয়ে থাকেন।

অনুমোদন পেল মিনিস্টার সার্জিক্যাল মাস্ক

0

দেশে উচ্চমানের ‘মেল্ট ব্লন’ সমৃদ্ধ ‘ট্রিপল লেয়ার সার্জিক্যাল মাস্ক’ নিয়ে এসেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। যা প্রায় ৯৯ শতাংশ ভাইরাস প্রতিরোধক। সম্প্রতি বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডকে সার্জিক্যাল মাস্ক উৎপাদন ও বাজারজাতকরণের অনুমতি দিয়েছে।

আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড জানায়, মিনিস্টার সার্জিক্যাল মাস্ক মেল্ট ব্লন সমৃদ্ধ ৩ স্তরের প্রটেক্টিভ যা প্রায় ৯৯% ব্যাকটেরিয়ারোধক ক্ষমতাসম্পন্ন। এটি করোনা ভাইরাসসহ অন্যান্য রোগ-জীবাণু থেকে সুরক্ষা নিশ্চিত করবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশেষজ্ঞরা মনে করছেন, মাস্ক ব্যবহারের ফলে বায়ুদূষণ, হাঁচি বা কাশি থেকে এবং হাত থেকে মুখে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব। তবে বর্তমানে ভালোমানের মাস্কের চাহিদার তুলনায় সরবরাহ একেবারেই কম। এজন্যই মিনিস্টার দেশের এই ক্রান্তিলগ্নে মানুষের কথা ভেবে এই সার্জিক্যাল মাস্ক উৎপাদন করেছে, যা বাজারে প্রাপ্ত অন্যান্য মাস্কের তুলনায় অনেক মানসম্মত এবং সাশ্রয়ী মূল্যে মিনিস্টারের যেকোনো বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, মিনিস্টার সার্জিক্যাল মাস্ক হাই কোয়ালিটি এবং মেল্ট ব্লন সমৃদ্ধ ট্রিপল লেয়ার। তিনি তাদেরকে সুলভ মূল্যে এই সার্জিক্যাল মাস্ক বাজারে দেয়ার জন্য আহবান জানাচ্ছেন।

তার আহ্বানে সাড়া দিয়ে মিনিস্টার হাই-টেক পার্ক লি. এর চেয়ারম্যান ও এফবিসিসিআই এর ডিরেক্টর জনাব এম এ রাজ্জাক খান (রাজ) বাজারে সুলভ মূল্যে মাত্র ১০ টাকায় এই মাস্ক সরবরাহ করার কথা ঘোষণা করে বলেন, কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নয় বরং মানব সেবার জন্য এবং মানুষের জন্য মিনিস্টার পণ্য এই স্লোগানকে সামনে রেখে আমরা মানুষের জন্যে সুলভ মুল্যে এই মাস্ক পৌঁছে দেয়ার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছি।

সুশান্তের আত্মহত্যা: অভিনেত্রী সঞ্জনা সাংভিকে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

0

১৪ জুন মুম্বাইয়ে বান্দ্রার নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় ভারতের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কিন্তু অনেকেই ভেবেই উঠতে পারছেন না সুশান্ত সিং রাজপুত কেন এমন পদক্ষেপ নিলেন।

অভিনেতা শেখর সুমন, দেশটির সাংসদ মনোজ তিওয়ারি, এলজিপি নেতা চিরাগ পাসোয়ান এরই মধ্যেই সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার সিবিআই তদন্তের দাবি করেছেন ৷ অন্যদিকে মুম্বাই পুলিশও তদন্ত শুরু করেছে।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সুশান্ত সিং রাজপুত ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ গতকাল মঙ্গলবার সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’র শীর্ষ অভিনেত্রী সঞ্জনা সাংভিকে প্রায় ৯ ঘণ্টা জেরা করেছে ৷ বান্দ্রা পুলিশ স্টেশনে ৯ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদে পুলিশ শুটিং সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। শুটিং-এর সময়ে #মিটু আরোপের ফলে মানসিক অবসাদ দেখা দিয়েছিল সুশান্তের সেই বিষয়েও পুলিশ জেরা করেছে বলেই জানা গেছে ৷ ২০১৮ সালে ‘দিল বেচারার’ জন্য নির্বাচিত হয়েছিলেন তিনি ৷ শুটিং সেটেই প্রথমবার আলাপ হয়েছিল সঞ্জনা ও সুশান্তের ৷ #মিটু সংক্রান্ত বিষয়ে তিনি কিছু জানতেন না এমনটাই জানিয়েছেন সঞ্জনা ৷

২০১৮ সালে #মিটু ক্যাম্পেন চলছিল ৷ একটি গুজব ছড়িয়ে ছিল সুশান্ত তাকে আপত্তিকরভাবে ছুঁয়ে ছিলেন ৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সঞ্জনা সাংভি জবাবও দিয়েছেন ৷ তবে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা কাণ্ডে একে একে পুলিশ জিজ্ঞাসাবাদের কাজ শুরু করেছেন ৷

সূত্র: নিউজ এইটিন।

ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’-এ যুক্ত হলেন ফরিদুর রেজা সাগর

0

মোস্তফা সরয়ার ফারুকীর তারকাবহুল প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’ এ প্রযোজক হিসেবে যুক্ত হলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। বুধবার কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা ফারুকী।

ফারুকী বলেন, নির্মাণের শুরু থেকেই সাগর ভাই (ফরিদুর রেজা সাগর) আমার পাশে ছিলেন। সবসময় সমর্থন জানিয়েছেন। এমনকি আমার প্রথম চলচ্চিত্র ‘ব্যাচেলর’সহ মেড ইন বাংলাদেশ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ও পিঁপড়াবিদ্যাতেও প্রযোজক হিসেবে ছিলেন তিনি। আমার প্রথম আন্তর্জাতিক প্রজেক্টে তাঁকে পাশে পাওয়া নিশ্চয় আনন্দের।

ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’-এ যুক্ত হওয়া প্রসঙ্গে ফরিদুর রেজা সাগর বলেন, আমরা প্রথম থেকেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলোর পাশে থাকার চেষ্টা করে আসছি। টরেন্টো, বুসান, রটার্ডামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও আমাদের ছবি গেছে। নেটফ্লিক্সেও আমাদের একাধিক ছবি রয়েছে। ফারুকীর প্রথম ছবি নির্মাণের সময় থেকেই আমরা ওকে সমর্থন দিয়ে এসেছি। ‘নো ল্যান্ডস ম্যান’ ফারুকীর প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র। তাই এবারও তাকে সমর্থন দিতে তার পাশে থাকবো, এটাই স্বাভাবিক।

চলতি বছরের শুরুতেই শুটিং সম্পন্ন হয়েছে দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আন্তর্জাতিক ছবি ‘নো ল্যান্ডস ম্যান’। শুরু থেকেই একের পর এক চমক দিয়েছেন নির্মাতা। সর্বশেষ চমক দিয়েছেন, ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমানকে যুক্ত করে। যিনি এই ছবির সংগীত পরিচালনার পাশাপাশি সহপ্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন।

গেল নভেম্বর ও ডিসেম্বর নাগাদ এই চলচ্চিত্রের ৭০ ভাগ শুটিং সম্পন্ন হয়েছে নিউ ইয়র্কে। বাকি অংশের চিত্রায়ন হয়েছে অস্ট্রেলিয়া ও ভারতে। ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন বলিউডের মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এছাড়া বাংলাদেশ থেকে আছেন তাহসান ও অস্ট্রেলিয়া থেকে অভিনয় করেছেন মেগান মিশেল।

এ আর রহমানের মতো এই চলচ্চিত্রে প্রযোজক হিসেব যুক্ত আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা ও আমেরিকান প্রযোজক শ্রীহরি সাঠে। এছাড়াও কো-প্রডিউসার হিসেবে আছে বঙ্গবিডি।

‘নো ল্যান্ডস ম্যান’-এর চিত্রনাট্য ইতোমধ্যে একাধিক ফেস্টিভ্যালে ফান্ড জিতে নিয়েছে। এটি ২০১৪ সালে বুসান ফিল্ম ফেস্টিভালে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়। একই বছর নভেম্বরে ভারতের এনএফডিসি আয়োজিত ফিল্ম বাজারে শ্রেষ্ঠ প্রজেক্টের পুরস্কার লাভ করে এবং ডিসেম্বরে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অফ আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড-এর যৌথ উদ্যোগে দেয়া অ্যাপসা ফিল্ম ফান্ড লাভ করে।

করোনায় আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭৭৫

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৮৮৮ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৭৭৫ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জন।
আজ বুধবার (১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৮৯৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৮ হাজার ৮৭৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৭ লাখ ৮৪ হাজার ৩৩৫টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৭৭৫ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৯ হাজার ২৯৮ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪১ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৮৮৮ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৮৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৬২ হাজার ১০৮ জনে।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের ৩৮ জন পুরুষ, তিনজন নারী। তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন,পঞ্চাশোর্ধ্ব ১২ জন, ষাটোর্ধ্ব ১১ জন, সত্তরোর্ধ্ব সাতজন, ৮০ বছরের বেশি বয়সী একজন এবং শতবর্ষী একজন রয়েছেন। ২৩ জন মারা গেছেন হাসপাতালে এবং বাড়িতে মৃত্যু হয়েছে ১৮ জনের। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে পাঁচজন, বরিশাল বিভাগে তিনজন, সিলেট বিভাগে দুজন এবং রংপুর বিভাগে একজন মারা গেছেন।
বুধবারের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ০৩ শতাংশ। আর রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪১ দশমিক ৬১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে আরও ৯৫৫ জনকে এবং এ পর্যন্ত আইসোলেশনে নেয়া হয়েছে ২৭ হাজার ৫৪২ জনকে। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৫৫ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১১ হাজার ৯৯৫ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১৫ হাজার ৫৪৭ জন।
গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে দুই হাজার ৪২৯ জনকে, এ পর্যন্ত কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে তিন লাখ ৬৬ হাজার ২৯৫ জনকে। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ৪১৪ জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মোট ছাড় পেয়েছেন তিন লাখ দুই হাজার ৪১৩ জন। বর্তমানে হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৩ হাজার ৮৮২ জন।
ডা. নাসিমা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ প্রয়োজনীয় পরামর্শ দেশবাসীর উদ্দেশে তুলে ধরেন।
চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ৫ লাখ ১৪ হাজারের বেশি। তবে ৫৮ লাখ ১২ হাজারের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুরহাট সংক্রমণের হার আরও বাড়িয়ে দেয়ার আশঙ্কা রয়েছে। তাই এ বিষয়ে গভীরভাবে চিন্তা করে কার্যকর গাইডলাইন তৈরি করা হচ্ছে। প্রয়োজনে পশুরহাটের সংখ্যা কমিয়ে আনতে হবে।
আজ বুধবার (১ জুলাই) ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যত্রতত্র পশুরহাটের অনুমতি দেওয়া যাবে না। কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করলে কোরবানির পশুরহাট স্বাস্থ্যঝুঁকি ভয়ানক মাত্রায় নিয়ে যেতে পারে। আমি এ বিষয়ে সংশ্লিষ্টদের আগেই করণীয় নির্ধারণের আহ্বান জানাচ্ছি। মহাসড়ক ও এর আশপাশে পশুরহাটের অনুমতি দেওয়া যাবে না।
সেতুমন্ত্রী বলেন, দেশের নয়টি জেলায় বন্যা দেখা দিয়েছে। করোনার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানের রেশ না কাটতেই বন্যার পানিতে ডুবে যাচ্ছে বসতবাড়ি, কৃষকের ফসল, মানুষের স্বপ্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী বন্যাকবলিত জেলায় পাঠানো হচ্ছে ত্রাণ সহায়তা। সবাইকে ঐক্য ও সাহসিকতার সঙ্গে এসব দুর্যোগ উত্তরণে কাজ কারার আহ্বান জানাই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশাসনের পাশাপাশি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক ও জনবান্ধব আওয়ামী লীগ নেতাকর্মীদের আহ্বান জানান।
তিনি বলেন, নানান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ইতোমধ্যে বাংলাদেশ যে সক্ষমতা দেখিয়েছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই ধারাবাহিকতায় এবারও অসহায় মানুষের পাশে থেকে দুর্যোগ মোকাবিলায় সক্ষম হব ইনশাআল্লাহ।

জঙ্গিরা করোনার সময়ও প্রচারণা চালাচ্ছে : ডিএমপি কমিশনার

0

ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক মহামারি করোনার কারণে মানুষ স্বাভাবিকভাবে বেশি সময় বাসায় থাকছেন। এখন বাসায় ধর্মীয় সাইটগুলোতে বেশি ভিজিট করছে মানুষ। এই সুযোগ নিয়ে জঙ্গিরা কন্টিনিয়াসলি করোনার মধ্যেও ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে।
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলায় নিহতদের শ্রদ্ধা জানানো শেষে বুধবার (১ জুলাই) এ কথা বলেন তিনি।
হলি আর্টিজান হামলার ওই ঘটনার পরে বাংলাদেশ পুলিশের নিরাপত্তা ব্যবস্থা যেমন ঢেলে সাজানো হয়েছে, একইভাবে জঙ্গিবাদে যারা জড়িত তাদের সক্ষমতা, ক্ষমতা সম্পর্কেও আমাদের একটা সুস্পষ্ট ধারণা হয়েছে জানিয়ে কমিশনার বলেন, সাতজন সাজাপ্রাপ্ত জঙ্গি আপিল করেছে, আপিলের শুনানি এখনও শুরু হয়নি, এই প্রক্রিয়াটি হয়তো করোনার পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তা শুরু হবে।
তিনি বলেন, হলি আর্টিজান হামলার পর থেকে একের পর এক আমরা জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দিয়েছি এবং ওদের সক্ষমতা যে পর্যায়ে ছিল, সেটি এখন একেবারে সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে। এখন তারা যে সমস্ত ইম্প্রভাইজ বা বোমা বানায়, তাদের বড় এক্সপার্ট যারা ছিল তাদের সবাই আমাদের হাতে ধরা পড়েছে। জেলে আছে। অনেকে বিভিন্ন অভিযানে নিহত হয়েছে। তাই এখন সে ধরনের সক্ষমতা তাদের নেই।
শফিকুল ইসলাম বলেন, আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, জঙ্গিরা এখন অনলাইনে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে। কিন্তু তেমন কোনো মানুষকে এই জঙ্গিবাদের দিকে উদ্বুদ্ধ করতে পেরেছে বা সংঘবদ্ধভাবে আবার এদেশে জঙ্গিবাদের কার্যক্রম পরিচালনা করার জন্য যে সাংগঠনিক ব্যবস্থার প্রয়োজন সেখানে কোনো সংগঠন গড়ে তুলতে পেরেছে, সে রকম কোনো তথ্য আমাদের কাছে নেই।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

করোনা পরিস্থিতিতে সরকারের ত্রাণ সহায়তা অব্যাহত

0

করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার । এ পর্যন্ত সারা দেশে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
আজ বুধবার এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়ে বলা হয় , ৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩০ জুন পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ১১ হাজার ১৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৯১ হাজার ৮৩৮ মেট্রিক টন । এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ৬৫ লাখ ৯১ হাজার ২৮৯ এবং উপকারভোগী লোকসংখ্যা সাত কোটি ২৮ লাখ ৯ হাজার ৮৯০ জন ।
শিশুখাদ্যসহ অন্যান্য সামগ্রী ক্রয়ের জন্য নগদ বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ১২৩ কোটি টাকা । এরমধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৯১ কোটি ৩২ লাখ ২৯ হাজার ৪২৯ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৯৮ লাখ ৬৮ হাজার ১৬২ এবং উপকারভোগী লোকসংখ্যা চার কোটি ৩৫ লাখ ৫৯ হাজার ৭৩১ জন।
শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৭ কোটি ১৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২৫ কোটি ৮৪ লাখ ২৯ হাজার ১৩ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা আট লাখ ২৯ হাজার ১১৫ এবং উপকারভোগী লোকসংখ্যা ১৭ লাখ ২৩ হাজার ৬৭৩ জন।

লঞ্চডুবির ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে : নৌ প্রতিমন্ত্রী

0

ঢাকার বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় তদন্ত কমিটি নির্দিষ্ট সময়ে প্রতিবেদন জমা দেবে উল্লেখ করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।
আজ বুধবার (১ জুলাই) দেশের প্রধান সমুদ্রবন্দরের কর্মীদের করোনা চিকিৎসার জন্য ৬০ শয্যার বিশেষায়িত ইউনিট ও নতুন হাসপাতাল ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা জানান।
এসময় নৌ প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের আওতায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, বে টার্মিনাল, পিসিটিসহ অনেক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তাই বন্দরের জন্য শুধু উদ্ধারকারী জাহাজ নয়, হেলিকপ্টার কেনারও পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ১০ বছরে চট্টগ্রাম বন্দর বিশ্বের সেরা ১০০ কনটেইনার হ্যান্ডলিংকারী বন্দরের তালিকায় ৬৪ তম অবস্থানে এসেছে। আমরা চাই ৩০-৫০ তম অবস্থানের মধ্যে চলে আসতে।
তিনি আরো বলেন, বন্দরের সঙ্গে জড়িতদের সাহসী পদক্ষেপের কারণে করোনাকালে অপারেশন একমুহূর্তের জন্যও বন্ধ হয়নি। পৃথিবীর কোনো দেশ প্রস্তুত ছিলো না কোভিড-১৯ এর জন্য। উন্নত দেশেও স্বাস্থ্যসেবা থমকে গেছে। বাংলাদেশের মানুষের সাহসিকতা ও সরকারের সাহসী ব্যবস্থাপনা ছিলো।
‘একটি ল্যাব দিয়ে যাত্রা শুরু হয়েছিলো আমাদের। আমরা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে গেছি। বিস্ময়কর নেতৃত্বে এ সংকট মোকাবিলা করছেন দেশের মানুষ। কোভিড-১৯ আমাদের অর্থনীতিতে যে ধাক্কা দিয়েছে তা কাটিয়ে এগিয়ে যেতে চেষ্টা চলছে’- যোগ করেন তিনি।
নৌ প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের লাইফ লাইন। চট্টগ্রামের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। কোভিড-১৯ চিকিৎসায়ও সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামবাসীর পাশে থাকবে বন্দর।

করোনায় আরো ২ চিকিৎসকের মৃত্যু

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খ্যাতিমান গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজিস্ট ডা. মোহসীন কবীরসহ আরও ২ জন চিকিৎসক মারা গেছেন।
মৃত অপরজন হলেন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের পেডিয়াট্রিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোলাম সারোয়ার।
ডা. মোহসীন কবীর রাজধানীর ইমপালস হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি বিভাগের চিফ কনসালটেন্ট ছিলেন। আজ বুধবার ভোররাতে ইমপালস হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
অন্যদিকে, ভোর ৪টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডা. গোলাম সারোয়ার।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম-সম্পাদক ডা. রাহাত আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ডা. মোহসীন কবীর ময়মনসিংহ মেডিকেল কলেজের ২২তম ব্যাচের ছাত্র ছিলেন। আর ডা. গোলাম সারোয়ার চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের ছাত্র ছিলেন।
এফডিএসআরের হিসাব অনুযায়ী, এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৫৭ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৮ জন চিকিৎসক।