Home Blog Page 2847

পাকিস্তানের টেস্ট ক্রিকেটার ওয়াজির আর নেই

0

বার্ধক্যজনিত কারণে মারা গেলেন পাকিস্তানের বর্ষীয়ান ক্রিকেটার খালিদ ওয়াজির। যুক্তরাজ্যের চেস্টারে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। পাকিস্তানের হয়ে ২টি টেস্ট খেলেছেন ওয়াজির। তারপরও তার নাম ঢুকে গেছে ইতিহাসের পাতায়। ১৯৫২ সালে ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলে পাকিস্তান। সেটি ছিল ৫ ম্যাচের সিরিজ। এর দুই বছর পর ১৯৫৪ সালে ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় টেস্ট সিরিজে খেলেছিলেন ওয়াজির।

লর্ডসে ওই সিরিজের প্রথম টেস্ট দিয়েই ওয়াজিরের অভিষেক হয়েছিল। সেসময় তিনি ছিলেন দেশের দ্বিতীয় সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার। তাঁর চেয়ে কম বয়সে অভিষেক হয়েছিল হানিফ মোহাম্মদের। জাতীয় দলের হয়ে ওই একটি সিরিজই খেলতে পেরেছিলেন ওয়াজির। সুযোগ পান মাত্র দুটি ম্যাচে। ৩ ইনিংসে মাত্র ১৪ রান করে বাদ পড়েন। ৪ ম্যাচের সিরিজ ইংল্যান্ডের সাথে ১-১ সমতায় শেষ করে পাকিস্তান।

ইংল্যান্ডের মত শক্তিশালী দলের বিপক্ষে ওই সময়ের পাকিস্তানের সিরিজ ড্র করা বড় ঘটনাই বটে। তাই সিরিজটি পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। টেস্ট অভিষেক হওয়ার আগে মাত্র দুটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন ওয়াজির। এরপর তিনি ১৮টি প্রথম শ্রেণীর ম্যাচে ব্যাট হাতে ২৭১ রান ও ১৪টি উইকেট শিকার করেন। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজের পর আরও জাতীয় দলে ডাক পাননি ওয়াজির।

অনুশীলনের অনুমতি পেলেন ডি কক-ডু প্লেসিসরা

0

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এখনো মাঠে গড়াতে পারেনি ব্যাট-বলের লড়াই। আগামী মাসে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেট শুরুর কথা। পাশাপাশি অনেক দেশও স্বাস্থ্যবিধি মেনে খেলোয়াড়দের ফিটনেসের উন্নতির জন্য অনুশীলন শুরু করেছে। এবার সেই তালিকায় নাম উঠল ক্রিকেট দক্ষিণ আফ্রিকার। সরকারের কাছ থেকে তারা অনুশলীনের অনুমতি পেয়েছে। অনুশীলনের জন্য ৪৪ জন খেলোয়াড়কে নির্বাচন করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

চলতি মাসের মাঝামাঝি সময়ে তিন দলের একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু দেশটির সরকার সেই অনুমতি দেয়নি। কারণ করোনা পরিস্থিতির উন্নতি হয়নি। অবশেষে দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে অনুশীলন শুরুর অনুমতি পেল ডি কক-ডু প্লেসিসরা। আগামী বৃহস্পতিবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) খেলোয়াড়দের সাথে আলোচনায় বসবে।

এক সংবাদ বিজ্ঞেপ্তিতে সিএসএ জানিয়েছে, ‘হাই পারফরম্যান্স ট্রেনিং স্কোয়াড আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরুর অনুমতি পেয়েছে। সোমবারই ক্রীড়া, স্বাস্থ্য এবং আর্টস অ্যান্ড কালচার মন্ত্রণালয় থেকে অনুশীলনের অনুমতি এসেছে।’ গত মার্চে ভারত সফরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সিরিজ চলাকালীন ভারতে করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় মাঝপথেই সেই সিরিজ পণ্ড হয়ে যায়। দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছে প্রায় আড়াই হাজার মানুষ।

হাসপাতালের ৪০ শতাংশ করোনা বেড এখনও খালি : স্বাস্থ্যমন্ত্রী

0

দেশের হাসপাতালগুলোতে মোট ১৪ হাজার বেড শুধু করোনা আক্রান্ত রোগীদের জন্য নির্ধারণ করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তার মধ্যে ৪০ শতাংশ বেড এখনও খালি রয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী সেশনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এমন নয় যে দেশের কোনো হাসপাতালে রোগীরা চিকিৎসা পাচ্ছেন না। আজ পর্যন্ত ৬০ শতাংশ বেড পূর্ণ হয়েছে এবং এখনও ৪০ শতাংশ বেড খালি রয়েছে। করোনা রোগীদের জন্য আমরা ১৪ হাজার বেড নির্দিষ্ট করে দিয়েছি।’
মন্ত্রী বলেন, কোভিড -১৯ রোগীদের জন্য উচ্চ-প্রবাহের অক্সিজেন লাইন প্রয়োজন। সরকার এক হাজার উচ্চ-প্রবাহের অক্সিজেন সিস্টেম এবং ১০ হাজার নতুন অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হোটেল ও খাদ্য ব্যয় সংক্রান্ত অনিয়মের অভিযোগ সম্পর্কে মন্ত্রী বলেন, ‘অভিযোগগুলো সঠিক নয়, কারণ ৫০টি হোটেলে প্রায় ৩ হাজার ৭০০ লোক একমাস অবস্থান করেছেন। তাদের জন্য ৫০০ টাকা খাদ্য ব্যয় হিসাবে দেয়া হয়েছিল। দিনে তিনবার খাবারের জন্য- সকাল দুপুর ও রাতের খাবারের জন্য। আর প্রতিটি রুমের ভাড়া প্রতিদিনের ভাড়া ছিল এক হাজার ১০০ টাকা ।’
ব্যয়গুলো এত বেশি ছিল না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যে খাদ্য ব্যয় (অভিযোগে) বলা হয়েছিল, তা সঠিক নয়।’
জাহিদ মালেক বলেন, এখন ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের (পিপিই) মান সম্পর্কে কোনো অভিযোগ নেই। সরকার ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালে ৩০ লাখ পিপিই পাঠিয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন প্রতিটি বেসরকারি হাসপাতালে (করোনায় আক্রান্তদের) চিকিৎসা করা হচ্ছে, যদিও তাদের সার্ভিস চার্জ কিছুটা বেশি। তবে সরকার বেসরকারি মেডিকেল হাসপাতালের সার্ভিস চার্জ ঠিক করে দেবে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রথমদিকে চিকিৎসার জন্য ভেন্টিলেটর দরকার ছিল, কিন্তু এখন মনে হচ্ছে ভেন্টিলেটরগুলোর দরকার নেই। ‘আমরা প্রায় ৪০০টি ভেন্টিলেটরের ব্যবস্থা করেছি, যার ৫০টিও ব্যবহার করা হয়নি।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মহাপরিচালক হলেন সাব্বির বিন শামস

0

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর প্রধান নির্বাহী পরিচালক সাব্বির বিন শামসকে তিন বছরের জন্য চুক্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার (৩০ জুন) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
অপর আদেশে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিয়োজিত মো. আজিজুর রহমার চৌধুরীর চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। ৩০ মে বা যোগদানের তারিখ থেকে এ মেয়াদ বাড়ানোর আদেশ কার্যকর হবে।
এছাড়া আশরাফুল আলম পপলুকে দুই বছরের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে ফের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বিএনপির এমপি হারুনের আসল চেহারা বের হয়ে এসেছে : আইনমন্ত্রী

0

বিএনপির এমপি হারুনুর রশীদ সবকিছু নিয়ে পাকিস্তান যেতে চান বলে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তার আসল চেহারা বের হয়ে এসেছে।’
আজ মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে ‘আইন মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবি’র বিষয়ে ছাঁটাই প্রস্তাবের ওপর হারুনুর রশীদের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
এর আগে, এমপি হারুন বলেছেন, ‘স্বাধীনতার প্রায় ৫০ বছর পার হয়েছে। কিন্তু এখনো আমাদের দেশে বিচার ব্যবস্থা স্বাধীন হয়নি। বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে স্বাধীনতার আগে যে লক্ষ্য-উদ্দেশ্য ছিল, তা আমরা পূরণ করার জন্য আইন করবো। সেই ব্যবস্থা নেবো।’ এই সময় সরকারি দলের এমপিরা প্রতিবাদ করলে হারুন বলেন, ‘হ্যাঁ, পাকিস্তান আমলে। স্বাধীনতা-উত্তর পাকিস্তান আমলের কথা বলেছি। স্বাধীনতার পূর্বের কথা বলছি।’
জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এমপি হারুন একাই পাকিস্তান যেতে চান না, সব কিছু নিয়ে যেতে চান। আমরা সেখানে যাবো না। সেখানে ন্যায়বিচার ছিল না। আমরা ন্যায়বিচার দিয়েছি।’
বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ‘আমরা কী দেখেছি, তা তাকে বলা দরকার। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর ইনডিমিনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘আজকে এমপি হারুন সংসদে বলছেন, ন্যায়বিচারের কথা! শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধু হত্যার মামলা শেষ করেছে। এর মাধ্যমে ন্যায় বিচার হয়েছে।’ মানবতাবিরোধী অপরাধীদের বিচারের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

করোনাকালেও লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, ছয়মাসে বেড়েছে চারবার

0

স্বর্ণ আমদানিতে শুল্ক কমানোর পর এবার বাজেটে প্রত্যাহার করা হয়েছে মূল্য সংযোজন কর ভ্যাট। তবে এর কোন প্রভাব নেই বাজারে। উল্টো করোনাকালেও লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। চাহিদা কম থাকা অবস্থায় এই দাম বৃদ্ধিকে অযৌক্তিক বলছেন গ্রাহকরা। তবে ব্যবসায়ীদের দাবি, এতে তাদের ভূমিকা নেই। স্বর্ণের দাম নিয়ন্ত্রণে সক্রিয় আন্তর্জাতিক চক্র।
চলতি বছরেই ৬ মাসে দাম বেড়েছে চারবার। শেষ ধাপে ভরিতে বেড়েছে প্রায় ৬ হাজার টাকা। জানুয়ারির তুলনায় ১০ হাজার ৬৭২ টাকা বেশিতে বিক্রি হচ্ছে প্রতি স্বর্ণ। করোনা প্রভাবের মধ্যেও দাম বৃদ্ধির বিষয়টি অনেকটাই অজানা গ্রাহকদের কাছে।
লকডাউনের মধ্যে এক দফা বাড়ে স্বর্ণের। তবে শেষ দফায় দাম বৃদ্ধিতে কমেছে বিক্রির পরিমাণ। বিক্রেতারা বলছেন, এমনিতেই করোনার ভয়ে অনেকে বের হচ্ছে না ঘর থেকে। যা দু’একজন আসছেন তারাও দাম শুনে ফিরে যাচ্ছেন।
ব্যবসায়ীরা বলছেন, করোনার প্রভাবে বিনিয়োগের জায়গা কমে যাওয়ায় অনেকেই এখন স্বর্ণ কিনে মজুদ করছেন যে কারণে বাড়ছে দাম।
ব্যবসায়ী নেতাদের দাবি, স্বর্ণের দাম নিয়ন্ত্রণের বিষয়টি তাদের হাতে নেই। এটি নিয়ন্ত্রণ করে আন্তর্জাতিক চক্র। দাম বৃদ্ধিতে তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত।
আমদানি পর্যায়ে শুল্ক প্রত্যাহারে অনেকেই স্বর্ণ আমদানিতে আগ্রহী হচ্ছেন। সরাসরি আমদানি শুরু হলে আন্তর্জাতিক বাজারের চেয়ে ভরিতে অন্তত ৫ হাজার টাকা কমানো সম্ভব হবে বলে জানায় ব্যবসায়ী নেতারা।

করোনায় রেকর্ড ৬৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬৮২

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৮৪৭ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৬৮২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন।
আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৮৬৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৪২৬টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৭ লাখ ৬৬ হাজার ৪৬০টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৬৮২ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৬৪ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৮৪৭ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮৪৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৫৯ হাজার ৬২৪ জনে।
তিনি বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ প্রয়োজনীয় পরামর্শ তুলে ধরেন। বিশেষ করে করোনার এই দুঃসময়ে গর্ভবতী মায়েদের করণীয় তুলে ধরা হয় বুলেটিনে।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ৫ লাখ ৮ হাজারের বেশি। তবে পৌনে ৫৭ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

জাতীয় সংসদে নির্দিষ্টকরণ বিল-২০২০ পাস

0

উন্নয়ন ও অনুন্নয়ন খাতে সরকারের প্রয়োজনীয় ব্যয় নির্বাহের লক্ষ্যে ২০২০-২১ অর্থবছরের জন্য সংযুক্ত তহবিল থেকে ৭ লাখ ৫৯ হাজার ৬৪২ কোটি ৪৪ লাখ ২১ হাজার টাকা ব্যয় করার কর্তৃত্ব দিয়ে আজ মঙ্গলবার সংসদে নির্দিষ্টকরণ বিল-২০২০ সর্বসম্মতিক্রমে পাস করা হয়েছে।
২০২০ সালের ৩০ জুন সমাপ্য অর্থবছরের জন্য সরকারের অনুমিত ব্যয় নির্বাহের লক্ষ্যে সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্বদানের জন্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ সংসদে এই নির্দিষ্টকরণ বিল-২০২০ উত্থাপন করে পাসের প্রস্তাব করেন।
মন্ত্রীগণ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট ৫৯টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন। এই মঞ্জুরি দাবি প্রস্তাবগুলো সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয়। বিরোধীদলের পক্ষ থেকে এসব দাবির যৌক্তিকতা নিয়ে মোট ৪২১টি ছাঁটাই প্রস্তাব আনা হয়।
এর মধ্যে ২টি দাবির ওপর বিরোধী দল আনীত ছাঁটাই প্রস্তাবের ওপর সংশ্লিষ্ট সদস্যগণ বক্তব্য দেন। এই ছাঁটাই প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে কন্ঠ ভোটে নির্দিষ্টকরণ বিল ২০২০ পাস হয়।

আবুধাবীতে আটকে পড়া ১৪০ বাংলাদেশি দেশে ফিরলো

0

করোনভাইরাস মহামারির প্রাদুর্ভাবের কারণে আবুধাবীতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে এনেছে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট।
আজ মঙ্গলবার (৩০ জুন) আবুধাবীর স্থানীয় সময় ভোর ৫টায় ১৪০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে বেলা ১১টা ৪২ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আবুধাবীতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।
বিষয়টি নিশ্চিত করে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিল বহু সংখ্যক বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কোনোভাবেই দেশে ফিরে আসতে পারছিল না তারা। এ অবস্থায় বাংলাদেশ ও ইউএই সরকারের সহযোগিতায় আবুধাবী থেকে মঙ্গলবার আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।
আবুধাবী থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছে।
ইতোমধ্যে ইউএস-বাংলা কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লি, কুয়ালালামপুর, ব্যাংকক, দুবাইতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

ওয়ারীতে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা

0

আগামী ৪ জুলাই থেকে ২৫শে জুলাই পর্যন্ত রাজধানীর ওয়ারীর ৪১ নম্বর ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র তাপস বলেন, ‘লকডাউনের সময় ওই ওয়ার্ডের দুটি পথ ছাড়া সব পথ বন্ধ থাকবে। ওষুধের দোকান বাদে অন্য সকল দোকান বন্ধ থাকবে।’ এছাড়া ই-কমার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে বাসিন্দাদের কাছে নিত্যপণ্য সরবরাহ করার কথাও জানান মেয়র।

লকডাউনে যেসব এলাকা বন্ধ থাকবে সেগুলো হচ্ছে টিপু সুলতান রোড, ওয়্যার রোড, লালমিনি রোড, র‌্যাংকিং স্ট্রিট, হরে রোড, নওয়াব রোড। এছাড়া জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন পর্যন্ত সড়ক বন্ধ থাকবে।