Home Blog Page 2848

ডাক্তার-নার্সদের থাকা-খাওয়ার বিলে অনিয়মের অভিযোগ ঠিক নয় : স্বাস্থ্যমন্ত্রী

0

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডাক্তার ও নার্সদের থাকা-খাওয়ার বিলে যে অনিয়মের অভিযোগ উঠেছে তা ঠিক নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে বিরোধীদলের সংসদ সদস্যদের বিভিন্ন সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী একথা জানান।
এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তার ও নার্সদের থাকা-খাওয়ার বিলে যে অনিয়মের অভিযোগ উঠেছে তা সঠিক নয় বলে জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের এখানে দুর্নীতি করার কোনো সুযোগ নেই। ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালের বিলে অনিয়মের কথা বলা হয়েছে। এই হাসাপাতালের ৩৭শ লোক ৫০টি হোটেলে এক মাস থেকেছেন। আমি বিল দেখেছি। পার রুমের ভাড়া ১১শ টাকা, দিনে তিনবার খাবারের জন্য ৫শ টাকা খরচ হয়েছে। সংসদে যে হিসাবে দিয়ে অভিযোগ করা হলো এটা সঠিক না।
তিনি বলেন, ডাক্তার নার্সরা প্রথমে আক্রান্ত হয়েছেন কারণ তারা পিপিই কীভাবে পরতে হয় জানতো না। আমরা তাদের প্রশিক্ষণ দিয়েছি। পেশেন্ট গাইড, লিফলেট, ব্যানার করেছি। প্রতিদিন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। মানুষকে করোনা সম্পর্কে সচেতন করেছি।
‘আমাদের একটি টেস্ট ল্যাব ছিল। দেড় মাসে আমরা ৬৮টি ল্যাব করেছি। কোটি কোটি মানুষকে তো আর টেস্ট করতে পারবো না। দেশে ৪শ ডেন্টিলেটর রয়েছে। কাজে লাগে মাত্র ৫০টি। সাড়ে তিন শটি পড়ে থাকে। যারা ভেন্টিলেশনে যান দেখা গেছে তারাই মারা গেছেন। কোনো হাসপাতালে সেবা পাচ্ছে না এমন কোনো বিষয় নেই। আমাদের ১৪ হাজার বেড আছে, রোগী আছে ৪ হাজার। মানুষ যদি সচেতন হয়, মাস্ক পরে, সামাজিক দূরত্ব বজায় রাখে তাহলে সংক্রমণ কমে যাবে।’
‘আমরা কিছু করিনি এটা ঠিক না। বসুন্ধরা হাসপাতাল বানালাম কীভাবে। মাত্র ২৫ দিনে ২ হাজার বেডের হাসপাতাল বানিয়েছি। আমরা কোথাও যাইনি এটা ঠিক নয়।’

৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল বেরোতে পারে বিকেলে

0

আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হতে পারে।

জানা গেছে, এরইমধ্যে ফল তৈরির সকল কাজ সম্পন্ন হয়েছে। আজ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জরুরি সভা ডাকা হয়েছে। সভায় অনুমোদন হলে বিকেলেই প্রকাশ হতে পারে ফল।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চেষ্টা চলছে আজ ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের। এ জন্য বিকেল ৩টায় পিএসসি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। সভায় চেয়ারম্যান স্যারের সভাপতিতে পিএসসির সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। তিনি বলেন, সভায় ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তাব অনুমোদন হলে বিকেলের মধ্যে এ ফল প্রকাশ করা হবে। প্রার্থীরা তাদের ফল পিএসএসির ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানতে পারবে।

গত ২৯ জুলাই থেকে ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়। গত ৯ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়। গত ১ জুলাই ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে পাস করেন ৯ হাজার ৮৬২ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ জন প্রার্থী।

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় গত বছরের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফলাফল প্রকাশ করা হয়। এতে আবেদন করেন ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী।

উদ্ধার হলো ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড

0

বুড়িগঙ্গায় ডুবে যাওয়ার ২৬ ঘণ্টা পর উদ্ধার হয়েছে লঞ্চ মর্নিং বার্ড। আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টার দিকে উদ্ধার করা হয় লঞ্চটি।

এর আগে কিছুক্ষণ বিরতির পর সকাল সাড়ে ৮টার দিকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। একপর্যায়ে সকাল ১১টার দিকে এয়ার লিফ্টিং ব্যাগ দিয় ভাসিয়ে তোলা হয় লঞ্চটিকে।

গতকাল সোমবার সকালে রাজধানীর শ্যামবাজার এলাকার বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায় ছোট আকারের লঞ্চ মর্নিং বার্ড। মুন্সীগঞ্জের কাঠপট্টি থেকে সদরঘাটে এসে নোঙর করতে যাচ্ছিল মর্নিং বার্ড। ময়ূর-২ লঞ্চটিও চাঁদপুর থেকে সদরঘাটে এসে যাত্রী নামিয়ে ভিন্ন স্থানে নোঙর করতে যাচ্ছিল।

ডুবে যাওয়া লঞ্চটি থেকে এ পর্যন্ত ৩২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া লঞ্চডুবির প্রায় ১৩ ঘণ্টা পর রাত ১০টার দিকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। নদীতে ভেসে ওঠার পর কোস্ট গার্ডের কর্মীরা তাঁকে তুলে নেন। উদ্ধার করার পর তিনি অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে তাঁর জ্ঞান ফিরে আসে। তাকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর দায়ী ব্যক্তি বা সংস্থাকে শনাক্তকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় উল্লেখ করে সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের লক্ষ্যে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটি আগামী সাত দিনের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে।

বুড়িগঙ্গা সেতুতে প্রত্যয়ের ধাক্কা; ফাটলের শঙ্কায় যান চলাচল বন্ধ

0

পোস্তগোলায় বুড়িগঙ্গা নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ (প্রথম বুড়িগঙ্গা সেতু) এ ধাক্কা খেয়েছে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। এতে ফাটলের শঙ্কায় দেখা দেয়ায় সোমবার সন্ধ্যা থেকে সেতুটির একপাশের লেনে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরবর্তীতে রাতে সেতুটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, পরীক্ষা-নিরীক্ষা করে সেতুর যানচলাচল খুব দ্রুতই স্বাভাবিক করার চেষ্টা করা হবে।
সোমবার রাজধানীর সদরঘাটে ডুবে যাওয়া লঞ্চ ‘মর্নিং বার্ড’ উদ্ধারে যাচ্ছিল উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। সেতুর উচ্চতা কম হওয়ায় জাহাজটি শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তাড়াহুড়ায় সেটির উর্ধ্বঅংশ সেতুর সাথে ধাক্কা লেগেছে। এতে সেতুটিতে ফাটল তৈরির শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
এজন্য সতর্কতার অংশ হিসেবে প্রথমসে সেতুর একপাশের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী গোটা সেতুটিতে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। বিশেষজ্ঞরা পরিদর্শন করার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বুড়িগঙ্গায় লঞ্চডুবি : দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চলছে

0

দ্বিতীয় দিন সকাল থেকে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চের আশপাশে লাশের সন্ধানে কাজ করছেন ডুবুরিরা। তবে সকালে আর কোনো লাশ উদ্ধার হয়নি। এদিকে ডুবে যাওয়া লঞ্চটিকে বেঁধে রেখে টেনে তোলার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে ফায়ার সার্ভিসের পরিদর্শক রাসেল শিকদার এ তথ্য জানান।
তিনি বলেন, ফায়ার সার্ভিস, নৌবাহিনীসহ বিভিন্ন বাহিনীর ডুবুরিরা কাজ করছেন। তবে সকালে এখনো কোনো লাশ উদ্ধার হয়নি।
এমএল মর্নিং বার্ড নামের ওই লঞ্চটি সোমবার সকালে মুন্সীগঞ্জের কাঠপট্টি থেকে যাত্রী নিয়ে সদরঘাটের দিকে আসছিল। শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় ময়ূর-২ নামের আরেকটি বড় লঞ্চের ধাক্কায় সেটি ডুবে যায়। সোমবার দুপুর পর্যন্ত উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ৩০টি মৃতদেহ উদ্ধার করেন। এ ছাড়া স্থানীয়রা আরও দুজনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লঞ্চডুবির প্রায় ১৩ ঘণ্টা পর রাত সোয়া ১০টার দিকে একজনকে জীবিত উদ্ধারের কথা জানায় ফায়ার সার্ভিস। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।
বিআইডব্লিটিএর নেতৃত্বে ডুবে যাওয়া লঞ্চটিকে তীরের কাছাকাঠি নিয়ে আনা হয়েছে সকালের দিকে। দূরন্ত নামের একটি ছোট উদ্ধারকারী জাহাজ নিয়ে আসা হয়েছে এ কাজে সহায়তার জন্য। উদ্ধারকারী দলের সঙ্গে কথা বলে জানা গেছে, নদীর ৬০-৭০ ফুট গভীরে উল্টে থাকা লঞ্চটিকে টেনে তুলতে ১০টি এয়ার লিফটিং ব্যাগ ব্যবহার করা হয়েছে। একেকটি ব্যাগ ৮ টন ওজন তুলতে পারে।
এদিকে মঙ্গলবারও বুড়িগঙ্গার তীরে ভিড় করেছেন স্বজনহারা মানুষেরা। অনেকে নৌকা ভাড়া করে নদীর মাঝখানেও জড়ো হচ্ছেন তল্লাশির স্থানের কাছে।
এ দুর্ঘটনায় ‘অবহেলাজনিত মৃত্যু’ ঘটানোর অভিযোগ এনে ইতোমধ্যে ময়ূর-২ লঞ্চের মালিক, মাস্টারসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে নৌ-পুলিশ।

করোনা : ওয়ারী লকডাউন করতে ঢাকা দক্ষিণ সিটিকে চিঠি

0

রাজধানীর ওয়ারীর কয়েকটি এলাকা রেড জোনে লকডাউন বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এই চিঠি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পাঠানো হয়েছে। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক।
তিনি বলেন, আমরা সাড়ে ৫টার পর আমাদের ৪১ নং ওয়ার্ড ওয়ারীকে লকডাউন করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি চিঠি পেয়েছি। যখন চিঠিটা পেয়েছি তখন অফিস বন্ধ হয়ে গেছে। তাই চিঠির বিষয়ে পরবর্তী কার্যক্রম আগামীকাল গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, ওয়ারীকে লকডাউন করার জন্য আমাদের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। আমরা আগেও একটি লকডাউন বিষয়ক সভা করেছি। এই চিঠি পাওয়ার পর দ্বিতীয় সভা ডাকা হতে পারে। আগামীকাল মেয়র মহোদয় এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব নাজনীন ওয়ারেস সই করা ওই চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদফতরের কেন্দ্রীয় কারিগরি গ্রুপের গত ২২ জুন তারিখে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারী এলাকার নিম্ন বর্ণিত অংশকে লাল অঞ্চল (রেড জোন) হিসেবে বাস্তবায়নের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ হতে অনুরোধ করা হয়েছে।
চিঠিতে ওয়ারীর লকডাউন এলাকার আউটার রোডের বর্ণনায় বলা হয়েছে টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, ঢাকা-সিলেট হাইওয়ে (জয়কালী মন্দির থেকে বালধা গার্ডেন)। আর ইনার রোডের বর্ণনায় বলা হয়েছে লালমিনি রোড, হরে রোড, ওয়ার রোড, রানকিন রোড ও নওয়াব রোড ‘রেড জোন’ হবে।
এ অবস্থায় রেড জোন লকডাউন বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারিকৃত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) এর সঙ্গে প্রেরণ করা হলো। পাশাপাশি স্বাস্থ্য অধিদফতরের প্রস্তাবনা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪১ নং ওয়ার্ডের উল্লেখিত রেড জোন এলাকায় লকডাউন বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, করোনা মোকাবিলায় বেশি আক্রান্ত এলাকাকে রেড (লাল), অপেক্ষাকৃত কম আক্রান্ত এলাকাকে ইয়োলো (হলুদ) ও একেবারে কম আক্রান্ত বা আক্রান্তমুক্ত এলাকাকে গ্রিন (সবুজ) জোন হিসেবে চিহ্নিত করছে সরকার। রেড জোনকে ১৪ থেকে ২১ দিনের জন্য লকডাউন করা হচ্ছে, সেখানে থাকছে সাধারণ ছুটি।
গত ২১ জুন মধ্যরাতে ১০ জেলার ২৭টি এলাকা ও পরদিন ২২ জুন ৫ জেলার ১২ এলাকাকে রেড জোন হিসেবে তালিকাভুক্ত করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সর্বশেষ গত ২৩ জুন দেশের চার জেলার ৭টি এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়। করোনা আক্রান্ত সবচেয়ে বেশি ঢাকায় থাকলেও সেখানে এখনও রেড জোন ঘোষণা করা হয়নি। তবে পরীক্ষামূলকভাবে রাজধানীর পূর্ব রাজাবাজারকে রেড জোন ঘোষণা করে সেখানে লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে।

ফুটেজ দেখে মনে হচ্ছে এটি দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড: নৌ প্রতিমন্ত্রী

0

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ক্যামেরার সিসিটিভির ফুটেজ দেখে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা যদি পরিকল্পিত হয় এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ছাড় দেওয়া হবে না।’
সোমবার (২৯ জুন) সদরঘাটে যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার স্থান এবং উদ্ধার কার্যক্রম পরিদর্শনকালে একথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়, বিআইডব্লিউটিএ’র নৌ দুর্যোগ তহবিল থেকে লঞ্চ দুর্ঘটনায় মৃত প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা করে দেওয়া হবে।
তাৎক্ষণিকভাবে দাফনের জন্য বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে ১০ হাজার করে টাকা এবং ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।
এসময় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং নৌপুলিশের ডিআইজি মো. আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

২৫ হাজার শ্রমিকের বাধ্যতামূলক ছুটিতে সম্মতি নেতাদের: শ্রম প্রতিমন্ত্রী

0

২৫ হাজার পাটকল শ্রমিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সরকারি সিদ্ধান্ত মেনে নিয়েছেন শ্রমিকরা। সোমবার শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সিবিএ নেতৃবৃন্দ। তবে কবে থেকে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে, সে বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি বৈঠকে।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের পাওনাদি পরিশোধের বিষয়টি পর্যবেক্ষণ করবে মন্ত্রণালয়। এর আগে সকালে মিল বন্ধ না করাসহ সব পাওনা পরিশোধের দাবি জানিয়ে আন্দোলন করে পাটকল শ্রমিকরা।

অব্যাহত লোকসানে টালমাটাল। অবশেষে ভার বইতে না পেরে শ্রমিক-কর্মচারীর দীর্ঘ দিনের আশঙ্কা বাস্তবে রূপ নিলো বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঘোষণায়। রোববার রাষ্ট্রায়ত্ত্ব সব পাটকল পাবলিক-প্রাইভেট পার্টনারশীপে ছেড়ে দেয়া ও ২৫ হাজার শ্রমিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর ঘোষণা দেন তিনি।

তার ঘোষণার পরই আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক ও সিবিএ নেতারা। সোমবার ঢাকার ডেমরায় পাটকল শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি না করলেও ক্ষোভ জানান সরকারের এমন সিদ্ধান্তে। দাবি জানান, বকেয়া সব পাওনা পরিশোধের।

শ্রমিকদের একজন বলেন, ‘আমরা কোনো কিস্তি মানি না। আমাদের এক চেকে টাকা দিবে কারখানা চালু অবস্থায়।’

আরেক শ্রমিক বলেন, ‘আমাদের সংসার যে কীভাবে চলে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না।’

আরেকজন বলেন, ‘একসাথে ২৫-২৬ মিল বন্ধ করা এ জীবনে দেখিনি। এ সরকার যে উদ্যোগ নিছে এই মহামারির সময় তা বিশাল অন্যায়।’

খুলনায় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নিজ নিজ মিলগেটে অবস্থান নেন ৯টি পাটকল শ্রমিক ও তাদের সন্তানরা। পরে মানববন্ধনে, পাটকল বন্ধ না করে লোকসানে জড়িদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

এদিকে দেশব্যাপী শ্রমিকদের বিক্ষোভের প্রেক্ষিতে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন শ্রমিক নেতারা। এক ঘণ্টার বৈঠকের পর সরকারের সিদ্ধান্ত মেনে নেয়ার কথা জানান তারা। আর শ্রম প্রতিমন্ত্রী জানান, পাওনা পরিশোধ ঠিকমতো হচ্ছে কি না তার পর্যবেক্ষণ করবে মন্ত্রণালয়।

বাংলাদেশ পাটকল করপোরেশন, বিজেএমসির আওতাধীন ২৬টি মিলে বর্তমানে ২৫ হাজার স্থায়ী শ্রমিকসহ পাওনা বকেয়া রয়েছে এমন শ্রমিকের সংখ্যা প্রায় ৩৪ হাজার।

সোলাইমানি হত্যায় ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরানের একটি আদালত। সোমবার (২৯ জুন) এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

তেহরানের প্রসিকিউটর আলি আলকাসিমেহর জানান, শুধু ট্রাম্প নয়, হত্যা ও সন্ত্রাসী কার্যক্রমের দায়ে আরো অন্তত ৩০ মার্কিনির বিরুদ্ধে কার্যক্রমের অভিযোগ আনা হয়েছে। তিনি জানান ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য তদবির করছে ইরান।

এর মাত্র কয়েকমাস আগেই ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলেইমানির গাড়িবহরে ড্রোন হামলা করে যুক্তরাষ্ট্র। বাগদাদ বিমানবন্দরের সামনের রাস্তায় সেই হামলায় নিহত হন জেনারেল কাশেম সোলাইমানি।

তবে ইন্টারপোলের রেড নোটিশ জারির করার সম্ভাবনা খুব কম। কারণ সংস্থাটির নির্দেশিকায় রাজনৈতিক প্রকৃতির কোনও হস্তক্ষেপ বা কর্মকাণ্ডে ইন্টারপোল জড়িত হতে পারবে না।

বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন তৈরি করল চীন

0

করোনাভাইরাস প্রথম ধরা পড়ে চীনে। এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটির বেশি। এতে মারা গেছে ৫ লক্ষাধিক মানুষ।

এই ভাইরাস মোকাবেলায় বিশ্বের শতাধিক গবেষণা প্রতিষ্ঠান ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে। এর মধ্যে অক্সফোর্ডের ভ্যাকসিন এগিয়ে আছে বলে খবর প্রকাশিত হয়েছিল।

কিন্তু সবাইকে ছাড়িয়ে এবার করোনার ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে চীন। সোমবার (২৯ জুন) এ খবর দিয়েছে ইয়াহু নিউজ। খবরে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনীর গবেষণা শাখা এবং স্যানসিনো বায়োলজিকসের (৬১৮৫.এইচকে) তৈরি একটি কোভিড-১৯ ভ্যাকসিন মানব শরীরে প্রয়োগের অনুমতি পেয়েছে।

তবে আপাতত ভ্যাকসিন শুধুমাত্র সেনাবাহিনীর মধ্যে ব্যবহার করা হবে। স্যানসিনো বলেছে, চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন গত ২৫ জুন এডি৫-এনকোভ ভ্যাকসিনটি সৈন্যদের দেহে এক বছরের জন্য প্রয়োগের অনুমোদন দিয়েছে। স্যানসিনো বায়োলজিকস এবং একাডেমি অফ মিলিটারির একটি গবেষণা ইনস্টিটিউট যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার স্যানসিনো বায়োলজিকস এক বিবৃতিতে জানিয়েছে, ভ্যাকসিনটি চীনের বাইরেও পরীক্ষামূলক প্রয়োগ হচ্ছে। ইতিমধ্যে কানাড়ায় পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদনে দেয়া হয়েছে। তবে চীনের লজিস্টিক সাপোর্ট বিভাগের অনুমোদনের আগে এটি ব্যাপকভাবে সাধারণ মানুষের শরীরে প্রয়োগ করা হবে না।

খবরে বলা হয়েছে, বাণিজ্যিক কারণে ভ্যাকসিনটি সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা হবে না। এমনকি সেনাবাহিনীর সদস্যদের এই ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক কিনা তাও প্রকাশ করা হয়নি।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ভ্যাকসিনটি প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় দারুণভাবে সফল হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ভ্যাকসিনটি বাণিজ্যিকভাবে সফল হবে কিনা তা নিশ্চিত করে কিছু বলা হয়নি।