Home Blog Page 2853

ওয়ারীতে পরীক্ষামূলক রেড জোন বাস্তবায়নে চিঠি

0

ঢাকার ওয়ারীর নির্ধারিত এলাকা চিহ্নিত করে সেখানে পরীক্ষামূলক রেড জোন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ শনিবার দুপুরে নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা বলেন, ওয়ারীর নির্ধারিত এলাকা চিহ্নিত করে সেখানে পরীক্ষামূলক রেড জোন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। পূর্ব রাজাবাজারে রেড জোন চলমান আছে পরামর্শক কমিটির গাইডলাইন অনুসারে। স্থানীয় পরিস্থিতি বিশ্লেষণ করে যেখানে যেমন তেমনভাবেই প্রয়োজনে রেড জোন বাস্তবায়নের কাজ চলমান।

‘প্রেসক্রিপশন ছাড়া কাউকে প্লাজমা দেওয়া হবে না’

0

ঢাকা উওর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কাউকে প্লাজমা দেওয়া হবে না। প্লাজমা যে দান করবেন আর যে গ্রহণ করবেন তারা প্রত্যেকেই প্রত্যেকের পরিচয় জানবেন। এটা নিয়ে আমরা কোনো ভান্ত ধারণা রাখতে চাই না। প্লাজমা নিয়ে একটি অসাধু চক্র মাঠে নেমেছে। এ অসাধু চক্রকে ভাঙার জন্যই আজ এ প্লাজমা সাপোর্ট সেন্টার।

আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবনে ‘প্লাজমা সাপোর্ট সেন্টার’র উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

প্লাজমা দিয়ে যদি করোনাভাইরাস আক্রান্ত একটি রোগীর প্রাণ বাঁচে এর থেকে মহৎ কাজ আর হতে পারে না উল্লেখ করে মেয়র আতিকুল বলেন, এর মাধ্যমে অনেক পরিবার বেঁচে যাবে। প্লাজমা সাপোর্ট সেন্টার একটি সেতুবন্ধন। এ সেন্টার মানুষের জন্য কাজ করবে। পয়সা কামানো বা ব্যবসা করা আমাদের কাজ না।

মেয়র বলেন, যে সমস্ত যুবক করোনা থেকে সুস্থ হয়েছেন। তারা যেন ৬০০ মিলিগ্রাম প্লাজমা ডোনেট করেন করোনা আক্রান্ত রোগীদের। এ ৬০০ মিলিগ্রাম প্লাজমা দিয়ে তিনজন রোগীকে সুস্থ করা সম্ভব। প্লাজমা দিয়ে অনেক করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আশরাফুল হক, বাঁধন ফাউন্ডেশন চেয়ারম্যান রকিব আহমদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার মামুন প্রমুখ।

আরো ৩৪ মৃত্যু, শনাক্ত ৩,৫০৪

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন তিন হাজার ৫০৪ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৬৯৫ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন এক লাখ ৩৩ হাজার ৯৭৮ জন।

আজ শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এঁরা ৩২ জন পুরুষ এবং দুইজন নারী। এঁদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৬৯৫ জনের।

জানানো হয়, নতুন যে ৩৪ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন, খুলনা বিভাগের একজন, রাজশাহী বিভাগের চারজন, সিলেট বিভাগের চারজন এবং রংপুর বিভাগের দুইজন। হাসপাতালে মারা গেছেন ৩০ জন এবং বাসায় চারজন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১৮৫ জন। এ নিয়ে দেশের করোনা সংক্রমণ থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩১৮ জন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৫৯টি। একই সময় পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৫ হাজার ১৫৭টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে তিন হাজার ৫০৪ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন এক লাখ ৩৩ হাজার ৯৭৮ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে সাত লাখ ১২ হাজার ৯৮টি।

ব্রিফিংয়ের শুরুতেই জানানো হয়, করোনা সন্দেহে নমুনা পরীক্ষায় আরো একটি বেসরকারি ল্যাব সংযোজিত হয়েছে। এটি হলো ঢাকার বাইরে চট্টগ্রামে অবস্থিত শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রাইভেট) লিমিটেড। এ নিয়ে বর্তমানে ঢাকাসহ সারা দেশে মোট ল্যাবের সংখ্যা দাঁড়াল ৬৭টিতে। গত ২৪ ঘণ্টায় দেশের এসব ল্যাবের মধ্যে ৫৮টি ল্যাবের নমুনা পরীক্ষার ফল এসেছে বলে জানানো হয় ব্রিফিংয়ে।

সারা দেশের করোনা হাসপাতাল সম্পর্কে তথ্যে বলা হয়, ঢাকা মহানগরীতে সাধারণ শয্যার সংখ্যা চার হাজার ২৯৩টি এবং আইসিইউ শয্যার সংখ্যা ৭৯টি, সারা দেশে সাধারণ শয্যার সংখ্যা ১২ হাজার ৭৩টি, সারা দেশে আইসিইউ শয্যার সংখ্যা ২৭৫টি এবং সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ১১ হাজার ৪৪৫টি।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৭২৬ জনকে। একইসময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৫৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন ২৪ হাজার ৯৩ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯ হাজার ৮২৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৪ হাজার ২৬৭ জন।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ৩১২ জন। একইসময় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ৫২০ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট তিন লাখ ৩৬ হাজার ৭০২ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই লাখ ৭৭ হাজার ১৫৭ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৬৩ হাজার ৯১৩ জন।

সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত ৬২৯টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩১ হাজার ৯৯১ জনকে সেবা প্রদান যায় বলে জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে এক লাখ ৬৬ হাজার ৩৬৯টি। এ নিয়ে এ পর্যন্ত হটলাইনে এক কোটি ৩৪ লাখ ৪৪ হাজার ৫৩৪ জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা বেড়েছে আরো একজন। এ নিয়ে এখন মোট প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৪০৩ জনে। এ ছাড়া বর্তমানে স্বেচ্ছাসেবক হিসেবে হটলাইনে চার হাজার ২১৭ জন চিকিৎসক স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানানো হয় বুলেটিনে।

খুনের রাজনীতির মাধ্যমেই বিএনপির উত্থান : তথ্যমন্ত্রী

0

বিএনপির জন্ম হত্যার রাজনীতির মাধ্যমে এবং তারাই ক্রসফায়ার-গুম-খুন শুরু করেছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বিএনপিনেতা রুহুল কবির রিজভী আহমেদের সাম্প্রতিক মন্তব্য ‘ক্রসফায়ার-গুম-খুনে রাষ্ট্র অমানবিক হয়ে উঠছে’ এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

গণমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যান উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে প্রতি বছর ৩১৭ জনের বেশি ক্রসফায়ারে, গুম হয়ে মৃত্যুবরণ করেছে। একই পরিসংখ্যান অনুযায়ী বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে এ সংখ্যা ১৮৭। এটা ঠিক যে, অপরাধীরা অনেক সময় বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। আমাদের দল কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না।

‘আর প্রকৃত সত্য হলো, খুনের রাজনীতির মাধ্যমেই বিএনপির উত্থান’, উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান নিজের ক্ষমতা নিষ্কন্টক করার জন্য হাজার হাজার সেনাসদস্যকে হত্যা করেছেন, তিনি বঙ্গবন্ধু হত্যার সাথে যুক্ত। আর বিএনপি যখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতাসীন, তখনই ক্রসফায়ার চালু করে। অর্থাৎ খুনের রাজনীতির মাধ্যমেই যাদের উন্মেষ ও প্রতিষ্ঠা, যারা দেশে গুম-খুনের রাজনীতি শুরু করেছিল, তারা যখন এধরণের কথা বলে, তখন তা হাস্যকর হয়ে দাঁড়ায়।’

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যে দৃষ্টান্ত তৈরি করেছে এবং করোনা মহামারিতে দেশের খেটে-খাওয়া মানুষের প্রতি রাষ্ট্রের পক্ষ থেকে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তা সারাবিশ্বের সামনে মানবিকতার পরম উদাহরণ উল্লেখ করেন ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বিএনপি এ ধরণের কোনো উদাহরণ তৈরি করতে পারেনি বরং ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে লাখ লাখ মানুষের প্রাণহানির পর সংসদে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া চরম দায়িত্বহীনভাবে বলেছিলেন, যত মানুষ মারা যাবার কথা ছিল, তত মারা যায়নি।

এ সময় আক্ষেপ করে তথ্যমন্ত্রী বলেন, মানুষ আশা করেছিল, করোনার এসময়ে বিএনপি বাদানুবাদের রাজনীতি থেকে বেরিয়ে আসবে। কিন্তু প্রকৃতপক্ষে তারা তাদের চিরাচরিত মিথ্যাচার আর বিষোদগারের রাজনীতি ত্যাগ করতে ব্যর্থ হয়েছে। এমনকি তারা মানুষের পাশেও দাঁড়ায়নি। করোনা মহামারির মধ্যে লোকদেখানো ত্রাণ বিতরণের ফটোসেশনের মধ্যেই তাদের কার্যক্রম সীমিত রেখেছে।

বিএনপি নেতা-কর্মীদের করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার নিয়ে তাদের মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী ড. হাছান করোনায় আক্রান্ত সকলের দ্রুত সুস্থতা ও মৃত্যুবরণকারী সকলের আত্মার শান্তি কামনা করে সাংবাদিকদের বলেন, বিশ্লেষকরা যা বলছেন, দেশে করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যুহার ১.২৮ শতাংশ আর মির্জা ফখরুল সাহেব বলেছেন, তাদের ২৮৪ জন আক্রান্ত ও ৭৩ জন মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের মৃত্যুহার ২১ শতাংশ- এ নিয়ে আপনাদের মতো আরো অনেকেই প্রশ্ন রেখেছেন।

করোনায় ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৩ মৃত্যু

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন রয়েছেন।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৬৯৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫০৪ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, খুলনা বিভাগে একজন, রাজশাহী বিভাগে চারজন, সিলেট বিভাগে চারজন এবং রংপুর বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, হাসপাতালে মৃত্যু হয়েছে ৩০ জনের এবং বাড়িতে মৃত্যু হয়েছে চার জনের।

করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন বাণিজ্যমন্ত্রী

0

করোনাভাইরাসে আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনা জয় করে বাসায় ফিরেছেন। কোনরকম জটিলতা না থাকায় আজ শনিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো হাসপাতাল) থেকে তিনি বাসায় যান। তবে ডাক্তারের পরামর্শ অনুসারে তাঁকে আরো ১৫ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আজ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী তুহিন কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেন।

তুহিন জানান, চিকিৎসকরা প্রতিনিয়ত স্যারকে চিকিৎসা দিয়েছেন। এর মধ্যে আরো কয়েকবার করোনা টেস্ট করেছেন। প্রতিবারই রেজাল্ট নেগেটিভ এসেছে। এছাড়া বর্তমানে স্যারের শরীরে কোনো সমস্যা নেই। তাই আজ দুপুরে ডাক্তাররা তাকে হাসপাতাল থেকে ছাড় দিয়েছেন।

করোনায় আক্রান্ত হয়ে শারীরিকভাবে খুব বেশি অসুস্থ না হলেও গত ১৭ জুন সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালে থাকাকালীন যাঁরা খোঁজখবর নিয়েছেন বাণিজ্যমন্ত্রী তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চান মন্ত্রী।

৯৪ জনপ্রতিনিধির বিরুদ্ধে অনুসন্ধান চালাবে দুদক

0

করোনা পরিস্থিতিতে সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে দুর্নীতির অভিযোগে দেশের বিভিন্ন জেলার ৯৪ জনপ্রতিনিধির (ইউপি চেয়ারম্যান, মেম্বার) বিরুদ্ধে অনুসন্ধান চালাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রকৃত উপকারভোগীদের বঞ্চিত করে বিভিন্ন সুবিধা গ্রহণ ও ত্রাণ আত্মসাতের অভিযোগ রয়েছে এসব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে।

আজ রবিবার (২৭ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের অভিযোগ ব্যবস্থাপনা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক এ কে এম সোহেলের নেতৃত্বাধীন যাচাই-বাছাই কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ওই ৯৪ জনপ্রতিনিধির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি ত্রাণ আত্মসাৎ, ভুয়া মাস্টাররোলের মাধ্যমে সরকারি চাল আত্মসাৎ, সরকারি ১০ টাকা কেজি দরের চাল বিতরণ না করে কালোবাজারে বিক্রি, জেলেদের ভিজিএফ-এর চাল আত্মসাৎ, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে স্বজনপ্রীতি ও অনিয়ম, উপকারভোগীদের ভুয়া তালিকা প্রণয়ন করে খাদ্য বান্ধব কর্মসূচির খাদ্যসামগ্রী আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

অভিযুক্ত ৯৪ জনপ্রতিনিধির মধ্যে ৩০ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ৬৪ জন ইউপি সদস্য রয়েছেন। ইতোমধ্যে সাময়িকভাবে তাঁদেরকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির বিভিন্ন দুর্নীতির অভিযোগে এরইমধ্যে ২১টি মামলা দায়ের করেছে দুদক। এসব মামলায় অনেকে গ্রেপ্তারও হয়েছেন। মামলাগুলোর তদন্ত চলছে। নতুন করে এই ৯৪ জনপ্রতিনিধির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

করোনা পরিস্থিতিতে সরকারের ত্রাণ সহায়তা অব্যাহত

0

করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে সারা দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারা দেশে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল ২৬ জুন পর্যন্ত সারা দেশে চাল বরাদ্দ দেওয়া হয়েছে দুই লাখ ১১ হাজার ১৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৮৬ হাজার ৭৮৯ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা এক কোটি ৬২ লাখ আট হাজার ৪৪৩ এবং উপকারভোগীর সংখ্যা সাত কোটি ১১ লাখ ১৮ হাজার ৯৫২ জন।

শিশুখাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য নগদ বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ১২৩ কোটি টাকা। এর মধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেওয়া হয়েছে ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৮৭ কোটি ৯৫ লাখ ৫২ হাজার ৬৩৩ টাকা। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা ৯৬ লাখ ৩৫ হাজার ৭৯৪ এবং উপকারভোগী মানুষের সংখ্যা চার কোটি ২৭ লাখ ২০ হাজার ৪৭৩ জন।

শিশুখাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ২৭ কোটি ১৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২৪ কোটি ৯৮ লাখ ৬৯ হাজার ২৪১ টাকা। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা আট লাখ সাত হাজার ৪২টি এবং উপকারভোগী মানুষের ১৬ লাখ ৮৮ হাজার ৫৫৯।

করোনাভাইরাস নিয়ে ‘গুরুতর সমস্যার’ মুখে যুক্তরাষ্ট্র : ফাউচি

0

যুক্তরাষ্ট্র নতুন করোনাভাইরাস নিয়ে ‘গুরুতর সমস্যায়’ পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।
দুই পর হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সের প্রথম ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।
ফাউচি বলেছেন, সবাই একসঙ্গে সংক্রমণ ঠেকাতে পারলেই কেবল যুক্তরাষ্ট্র থেকে নতুন করোনাভাইরাসকে দূর করা যাবে।
ব্রিফিংয়ে প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা রুখতে ‘আরও কার্যকর পদক্ষেপ’ নেয়ার ওপর জোর দিলেও দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স কোভিড-১৯ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ‘অগ্রগতির’ প্রশংসা করেছেন। অথচ বৃহস্পতিবারই দেশটিতে একদিনে সর্বোচ্চ ৪০ হাজার ১৭৩ রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ২৪ লাখ পেরিয়ে গেছে, মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ২৫ হাজার। এ সংখ্যা বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে বেশি।
শুক্রবারের ব্রিফিংয়ে হোয়াইট হাউস টাস্কফোর্সের সদস্যরা উপসর্গ না থাকলেও তরুণদের ভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় অংশ নিতে অনুরোধ করেছেন।
সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে সংক্রমণ ও হাসপাতালে রোগী ভর্তির ঊর্ধ্বগতি দেখে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পই টাস্কফোর্সের ব্রিফিং আয়োজন করতে বলেছেন বলে পেন্স জানিয়েছেন।
প্রাণঘাতী এ ভাইরাসের প্রকোপ বাড়ায় এরই মধ্যে টেক্সাস, ফ্লোরিডা ও অ্যারিজোনা অঙ্গরাজ্য অর্থনীতি সচলে বিধিনিষেধ আরও শিথিলের পথ থেকে সরে এসেছে।
অনেকে বলছেন, শনাক্তকরণ পরীক্ষার আওতা বাড়ায় রোগীর সংখ্যা বাড়ছে। কিন্তু কর্মকর্তারা জানিয়েছেন, তারা কিছু কিছু এলাকায় পরীক্ষা অনুপাতে শনাক্ত রোগীর সংখ্যাও বেশি পাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা এখন বলছেন, দেশটিতে প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের ১০ গুণ পর্যন্ত হতে পারে।
ব্রিফিংয়ের শুরুতে হোয়াইট হাউস করোনাভাইরাস টাস্ক ফোর্সের সমন্বয়ক ড. ডেবোরাহ বার্ক্স নির্দেশনা মেনে চলায় তরুণদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘আগে আমরা তাদের ঘরে থাকতে বলেছিলাম, এখন তাদের নিজেদের দেহে ভাইরাসের উপস্থিতি আছে কিনা, তা পরীক্ষা করাতে বলছি।’
শনাক্তকরণ পরীক্ষার নির্দেশনায় ‘বড় ধরনের পরিবর্তন আসায়’ কর্মকর্তারা এখন উপসর্গবিহীন এবং মৃদু আক্রান্তদেরও চিহ্নিত করতে পারবেন বলে জানিয়েছেন এ মার্কিন বিশেষজ্ঞ।
ব্রিফিংয়ে ড. ফাউচি দেশের কোনো এলাকায় সংক্রমণ বাড়লে, তা সমগ্র যুক্তরাষ্ট্রের ওপরই প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন। দক্ষিণ ও পশ্চিমের অঙ্গরাজ্যগুলোতে ভাইরাসের উত্থানের পেছনে কোথাও কোথাও আগেভাগে বিধিনিষেধ শিথিল, কোথাও নির্ধারিত সময়ে বিধিনিষেধ তুললেও ‘নিয়মমাফিক পদক্ষেপ’ না নেয়া এবং মার্কিন নাগরিকদের নির্দেশনা মেনে না চলাকে দায় দিয়েছেন।
ড. ফাউচি বলেন, ‘মানুষই অন্য মানুষকে সংক্রমিত করছে। আপনিই হয়ত এমন কাউকে ভাইরাস পৌঁছে দিচ্ছেন, যিনি তুলনামূলক বেশি ঝুঁকিতে আছেন। আপনার যেমন নিজের প্রতি দায়িত্ব আছে, তেমনি সমাজের প্রতিও আছে। আমরা যদি এ প্রাদুর্ভাব থামাতে চাই, পুরোপুরি থামাতে চাই, তাহলে আপনাদের বুঝতে হবে যে আপনারাও এ প্রক্রিয়ারই অংশ।’
পেন্স তার বক্তৃতায় কয়েক মাস আগেও নিউইয়র্ক, নিউজার্সির মতো যেসব এলাকা ভাইরাসের ‘হটস্পট’ ছিল, সেখানে সংক্রমণ মোকাবেলায় ‘অসাধারণ অগ্রগতির’ কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘আমরা ভাইরাসের বিস্তারকে শ্লথ করে দিয়েছি, সংক্রমণের ঊর্ধ্বগতির রেখাকে সমতল করেছি, জীবন বাঁচিয়েছি।’

সমুদ্র সম্পদের সর্বোচ্চ ব্যবহারে সহযোগিতা চাইল বাংলাদেশ

0

আর্থ-সামাজিক উন্নয়নে সুনীল অর্থনীতি বা ব্ল ইকোনমির সম্ভাবনাগুলো পরিপূর্ণভাবে কাজে লাগাতে নিজস্ব সমুদ্রসীমার বাইরে বৈশ্বিক সমুদ্র সম্পদ আহরণের ক্ষেত্রে ন্যায়সঙ্গত অংশীদারিত্বের কথা তুলে ধরল বাংলাদেশ।
শনিবার (২৭ জুন) জাতিসংঘে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের জন্য আয়োজিত ‘সমুদ্রতলের সম্পদে টেকসই উন্নয়ন ঘটিয়ে প্রাপ্ত সুবিধার ন্যায়সঙ্গত বণ্টন : স্বল্পোন্নত, ভূ-বেষ্টিত স্বল্পোন্নত এবং উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর সুযোগ’ শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
সমুদ্র-তলদেশ বিষয়ক আন্তর্জাতিক কর্তৃপক্ষ ও স্বল্পোন্নত, ভূ-বেষ্টিত স্বল্পোন্নত এবং ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জোটের সভাপতিরা এ ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করেন।
সেখানে গভীর সমুদ্রে খনন নিয়ন্ত্রণ বিষয়ক আইনগত কাঠামোর উন্নয়ন, খনিজ সম্পদ অনুসন্ধানের জন্য চুক্তিবদ্ধকরণ এবং বিশেষ করে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে স্বল্পোন্নত, ভূ-বেষ্টিত স্বল্পোন্নত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারে এমন সক্ষমতা বিনির্মাণে আইএসএ যে পদক্ষেপগুলো বাস্তবায়ন করেছে তা সদস্য দেশগুলোর সামনে তুলে ধরেন আন্তর্জাতিক সমুদ্রতলদেশ কর্তৃপক্ষের সেক্রেটারি-জেনারেল মাইকেল ডব্লিউ লজসহ ব্রিফটির অন্যান্য প্যানেলিস্ট।
রাষ্ট্রদূত ফাতিমা বলেন, বাংলাদেশ সমুদ্র সম্পদের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়টিতে অগ্রাধিকার দিচ্ছে আর সুনীল অর্থনীতি এক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে। সক্ষমতা বিনির্মাণ, জ্ঞান বিনিময়, বিশেষ করে প্রশিক্ষণ, বিকল্প কারিগরি কর্মী তৈরি, গবেষণা ও অধ্যয়নের সুযোগ সৃষ্টিসহ এসব বিষয়ে উন্নয়নশীল দেশগুলো যাতে সহযোগিতা পায় তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।
উন্নয়নশীল দেশগুলো যাতে সমুদ্র সম্পদ আহরণ করে তাদের কাজে লাগাতে পারে সে লক্ষ্যে বিনিয়োগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।