Home Blog Page 2855

সারা দেশে ৩০ কার্যদিবসে প্রায় ৪৫ হাজার আসামির জামিন

0

সারা দেশে নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে গত ৩০ কার্যদিবসে শিশুসহ প্রায় ৪৫ হাজার জনকে জামিন দেওয়া হয়েছে। এরমধ্যে গত সপ্তাহে (৫ কার্যদিবস) জামিন দেওয়া হয়েছে ৫৬০০ জনকে।

আজ শুক্রবার সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ১১ মে থেকে ২৫ জুন পর্যন্ত গত ৩০ কার্যদিবসে ৮৪ হাজার ৬৫৭টি জামিনের আবেদন নিষ্পত্তি করে ৪৪ হাজার ৮০২ জনের জামিন মঞ্জুর করা হয়। এর মধ্যে শুধুমাত্র গত ২১ জুন থেকে মধ্যে ২৫ জুন পর্যন্ত ৫ কার্যদিবসে ১১ হাজার ৫৪১টি আবেদনের নিষ্পত্তি করে ৫৬০০ আসামির জামিন মঞ্জুর করা হয়। এর আগের সপ্তাহে জামিন দেওয়া হয়েছিল ৬০৪৭ জনকে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ২১ জুন থেকে ২৫ জুন পর্যন্ত ৫ কার্যদিবসে ঢাকা বিভাগের বিভিন্ন আদালতে ২৯১৭টি আবেদন নিষ্পত্তি করে ১৩২৪ জন, চট্টগ্রাম বিভাগে ২১০২টি আবেদন নিষ্পত্তি করে ৮৪৯ জন, রংপুর বিভাগে ১০১৯টি আবেদন নিষ্পত্তি করে ৩৯৫ জন, বরিশাল বিভাগে ৪২৯টি আবেদন নিষ্পত্তি করে ২০৮ জন, রাজশাহী বিভাগে ১৫১৬টি আবেদন নিষ্পত্তি করে ৭২৫ জন, খুলনা বিভাগে ১৩৩৬টি আবেদন নিষ্পত্তি করে ৭১৭ জন, সিলেট বিভাগে ৬৫৭টি আবেদন নিষ্পত্তি করে ২৯৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৩৫৭টি আবেদন নিষ্পত্তি করে ৯৯৬ জনের জামিন মঞ্জুর করা হয়। একইসময়ে সারাদেশে শিশু আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল থেকে ৯৩ জনকে জামিন দেওয়া হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে সারা দেশে নিয়মিত আদালত বন্ধ। এ প্রেক্ষাপটে ভার্চুয়াল আদালত চালু করতে গত ৯ মে আদালতে তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০ নামে গেজেট প্রকাশ করে। এই অধ্যাদেশের ক্ষমতাবলে ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে আদালতকে মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক গ্রহণ, আদেশ বা রায় দেওয়ার ক্ষমতা দেওয়া হয়। এর পরদিন ১০ মে সুপ্রিম কোর্টসহ সারাদেশে ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য ‘প্র্যাকটিস নির্দেশনা’ এবং আইনজীবীদের জন্য ‘ভার্চুয়াল কোর্টরুম ম্যানুয়াল’ প্রকাশ করা হয়। পাশাপাশি সুপ্রিম কোর্ট প্রশাসন নিম্ন আদালতের শুধুমাত্র জামিন শুনানি করতে নির্দেশ দিয়ে একইদিন পৃথক একটি বিজ্ঞপ্তি জারি করে।

এরপর ১১ মে থেকে ভার্চুয়াল আদালত কার্যক্রম শুরু হয়। প্রথমে শুধুমাত্র সীমিত আকারে নির্দিষ্ট কিছু আদালতে জামিন আবেদনের শুনানি শুরু হয়। পরবর্তীতে ৩০ মে’র পর আদালতের সংখ্যা ও এখতিয়ার বাড়ানো হয়েছে। এরপর থেকে সুপ্রিম কোর্টসব সারা দেশে আদালগুলোতে নির্ধারিত নিয়ম অনুসরণ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করা হচ্ছে।

আনসার বাহিনীর ৬৩২ সদস্য করোনায় আক্রান্ত, সুস্থ ৩৫৮

0

আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনা যুদ্ধে সম্মুখভাগে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে। এ পর্যন্ত আনসার বাহিনীতে ৭ জন কর্মকর্তাসহ করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩২ জন। পাশাপাশি সুস্থ হয়েছেন ৩৫৮ জন

আজ শুক্রবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাসে এ বাহিনীর সর্বমোট ৬৩২ জন সদস্য আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে রয়েছেন কর্মকর্তা ৭ জন, ব্যাটালিয়ন আনসার ২০৪ জন, মহিলা আনসার ৩ জন, সাধারণ আনসার ৩৯৪ জন, কর্মচারী ৫ জন, ভিডিপি সদস্য ৭ জন, বিশেষ আনসার ৪ জন, উপজেলা প্রশিক্ষক ২ জন, উপজেলা প্রশিক্ষিকা ২ জন এবং হিল আনসার ৪ জন। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৪০১ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ২৩১ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ পর্যন্ত কর্মকর্তাসহ মোট ৩৫৮ জন সদস্য সুস্থ হয়েছেন, সুস্থতার হার ৫৬ শতাংশের চেয়ে বেশি। সুস্থ হয়েছেন কর্মকর্তা ২ জন, ব্যাটালিয়ন আনসার ৯৫ জন, সাধারণ আনসার ২৫২ জন, কর্মচারী ২ জন, মহিলা আনসার ২ জন, ভিডিপি সদস্য ১ জন, উপজেলা আনসার কমান্ডার ১ জন এবং বিশেষ আনসার ৩ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসায় শতভাগ সুস্থ সদস্যরাই কর্মক্ষেত্রে যোগদান করে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন থানা/ক্যাম্প/হোটেল/হোম কোয়ারেন্টাইনে আছেন ১৩৪ জন। করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৭ জন সদস্য। করোনায় আক্রান্ত হয়ে এ বাহিনীতে মৃত্যুবরণ করেছেন তিন জন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ সম্মুখভাগে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের প্রতি বিশেষ নজরদারী বাড়াতে বলেছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এর পাশাপাশি আক্রান্ত সদস্যদের দ্রুত সুস্থ করে তোলার বিষয়েও তিনি সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া করোনায় আক্রান্ত

0

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‌কয়েক দিন আগে আমাদের দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনাভাইরাস টেস্ট করিয়েছেন। টেস্টে রিপোর্ট পজিটিভ এসেছে।

ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজের সরকারি বাসায় থেকেই বিপ্লব বড়ুয়া চিকিৎসা নিচ্ছেন বলে জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

ক‌রোনায় প্রাণ গেল বাংলাদেশ ব্যাংক উপদেষ্টার

0

ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা ও সাবেক ডেপুটি গভর্নর আল্লাহ মালিক কাজেমী মারা গেছেন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে। তিনি জানান, বিকেল ৫টা ৬ মিনিটে আল্লাহ মালিক কাজেমী ইন্তেকাল করেন। তার মৃত্যুতে কেন্দ্রীয় ব্যাংক পরিবার শোকাবহ। আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি।

বাংলাদেশ ব্যাংক জানায়, হার্টের সমস্যা নিয়ে আল্লাহ মালিক কাজমী হাসপাতালে ভর্তি হলেও তার করোনা পজিটিভ ধরা পড়ে। সর্বশেষ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

এদিকে আল্লাহ মালিক কাজমীর মৃত্যুতে গভর্নর ফজলে কবির শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুর খরবে কেন্দ্রীয় ব্যাংকে শোকের ছায়া নেমে এসেছে।

আল্লাহ মালিক কাজেমী বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদ যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্বে পালন করেন, তখন (২০০১ সাল থেকে ২০০৫ সালে) ডেপুটি গভর্নর ছিলেন। এরপর আল্লাহ মালিক কাজেমী সফলভাবেই তার পেশাগত জীবনের প্রথম পাঠ শেষ করেন। তবে ড. ফখরুদ্দিন আহমদ তার মেয়াদের শেষ দিকে এসে বিশিষ্ট এই ব্যাংকারকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার চিন্তা করেন। পরে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড তার নিয়োগ নীতিগতভাবে অনুমোদন দেয়। তবে নানা জটিলনায় নিয়োগ পেতে দেরি হয়।

এরপর তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব পান ড. ফখরুদ্দিন আহমদ। ওই সময়ে গভর্নর ছিলেন ড. সালেহউদ্দিন আহমদ। ফখরুদ্দিন আহমদ তখন আল্লাহ মালিক কাজেমীর নিয়োগ চূড়ান্ত করেন। এরপর থেকে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন কাজেমি।

সবশেষ আল্লাহ মালিক কাজেমী কেন্দ্রীয় ব্যাংকের চেইঞ্জ ম্যাজেনমেন্ট অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভ্যন্তরীণ অর্থনীতি, বিশ্ব অর্থনীতিসহ অর্থনীতির নানা গতি প্রকৃতি অত্যন্ত দক্ষভাবে পর্যালোচনা করতে পারতেন কাজেমী। বিশেষ করে মুদ্রানীতি প্রণয়ন থেকে বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় তার পরামর্শকে গুরুত্ব দিতেন গভর্নরসহ কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারকরা।

এর আগে কভিড-৯ আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক (‌জেডি) শেখ ফরিদ উদ্দিন সোয়াদ মারা যান। তি‌নি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছি‌লেন।

দুবাই থেকে ফিরলেন আরো ২৬৪ বাংলাদেশি

0

দুবাই থেকে দেশে ফিরেছেন আরো ২৬৪ বাংলাদেশি। আজ শুক্রবার বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) দিনগত রাতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ২৪৩ বাংলাদেশি দেশে ফেরেন।

ইফার সাবেক ডিজি সামীম আফজালের দাফন সম্পন্ন

0

তিন দফা জানাজা শেষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার নিজ গ্রাম তারোয়ায় মসজিদ মাদরাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছ ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের লাশ। আজ শুক্রবার জুমার নামাজের পর পিতা মাতার কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে মরহুমের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন তার ভাগিনা ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী।

জানাজায় আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজিমুল হায়দার, থানার ওসি, আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সি, উপজেলার সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান প্রমুখ অংশগ্রহণ করেন। মরহুমের পারিবারিক সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।

সামীম মোহাম্মদ আফজাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তার স্ত্রী, এক কন্যা রয়েছে। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুর পর রাতে মরহুমের কভিড-১৯ পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ এসেছে। রাত ১টার পর তার লাশ নগরীর মোহাম্মদপুর জহুরি মহল্লার বাসায় নিয়ে যাওয়া হয়। শুক্রবার বাদ ফজর মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া মাদরাসা মসজিদ ময়দানে সামাজিক দূরত্ব বজায় রেখে মরহুম সামীম আফজালের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা বজলুর রহমান সরকার। মরহুমের নামাজে জানাজায় ইসলামিক ফাউন্ডেশনের কেউ উপস্থিত ছিলেন না।

মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় সকাল ৮টায় রাজধানীর নারিন্দ মশুরিখোলা শাহ সাহেব বাড়ি মসজিদ মাদরাসা ময়দানে। এতে ইমামতি করেন নারিন্দা মশুরিখোল দরবার শরীফের পীর ছাহেব হযরত মাওলানা শাহ আহসানুজ্জামান। ইফার মহাপরিচালক আনিস মাহমুদসহ সর্বস্তরের মুসল্লিরা মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন।

সামীম মোহাম্মদ আফজালের মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি এবং ধর্ম সচিব মো. নুরুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এ ছাড়া তার মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান মহাপরিচালক আনিস মাহমুদ ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালকের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

এদিকে সামীম মোহাম্মদ আফজালের রূহের মাগফিরাত কামনায় ইসলামিক ফাউেন্ডশনের পক্ষ থেকে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে সাবেক মহাপরিচালকের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মো. মহিবুল্লাহিল বাকি নদভী।

সামীম মোহাম্মদ আফজাল ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ইসলামিক ফাউেন্ডশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে দীর্ঘ ২৫ বছর জেলা ও দায়রা জজসহ বিচার বিভাগীয় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন সামীম মোহাম্মদ আফজাল।

করোনাভাইরাসে জনতা ব্যাংকের আরেক কর্মকর্তার মৃত্যু

0

ক‌রোনায় আক্রান্ত হয়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের বগুড়া শাখার কর্মকর্তা এ কে এম শাহজাহান আলীর (৫৫) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি জনতা ব্যাংক বগুড়া করপোরেট শাখার সিনিয়র অফিসার হিসাবে কর্মরত ছিলেন। এ নিয়ে করোনায় জনতা ব্যাংকের তিন কর্মকর্তার মৃত্যু হলো।

জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) সানাউল হক জানিয়েছেন, নমুনা পরীক্ষায় গত ২৩ জুন তিনি করোনা পজিটিভ হন। তিনি বাসায়ই চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার তার শরীরে অক্সিজেনের মাত্রা অস্বাভাবিক পর্যায়ে কমে আসতে শুরু করে। অবস্থা খারাপ হলে বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

করোনায় মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যানের মৃত্যু

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার দুপুর ২টায় আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মার্কেন্টাইল ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মো. আবদুল হামিদ সোহাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তি‌নি চি‌কিৎসাধীন অবস্থায় দুপুরে মারা গে‌ছেন। ক‌রোনায় আক্রান্ত ছি‌লেন।

সেলিম শরীয়তপুর জনকল্যাণ সমিতি ও বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির আজীবন সদস্য, শরীয়তপুর শিক্ষা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মেম্বার, আব্দুর রাজ্জাক এবং মোহা. সেলিম ট্রাস্টি ফাউন্ডেশনের চেয়ারম্যান।

এদিকে ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত ব্যাংকার আক্রান্তের সংখ্যা পাঁচ শতাধিক ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৪ জনের।

করোনায় আরও ৪০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮৬৮

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৬৬১ জন।
একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৮৬৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন।
আজ শুক্রবার (২৫ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪৯৮টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে। এখন পর্যন্ত বাংলাদেশে মোট পরীক্ষা হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৪১টি নমুনা।
গত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ৬৩৮ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ৫৩ হাজার ১৩৩ জন।
তিনি ৬৬টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ২৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৪৯৮টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ছয় লাখ ৯৬হাজার ৯৪১টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৮৬৮ জনের মধ্যে। শনাক্তের হার ২০ দশমিক ৯১ শতাংশ। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৩০ হাজার ৪৭৪ জনে।
নতুন করে যে ৪০ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ৯জন। এ নিয়ে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে দেশে মোট মারা গেলেন ১ হাজার ৬৬১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ২৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৩৮ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৫৩ হাজার ১৩৩জন। সুস্থতার হার ৪০ দশমিক ৭২শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৪০ জনের বয়স বিশ্লেষণে দেখা যায়- ১ থেকে ১০ বছরের ১ জন, ত্রিশোর্ধ্ব ৩ জন, চল্লিশোর্ধ্ব ৬ জন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন, ষাটোর্ধ্ব ১৪ জন, সত্তরোর্ধ্ব ৩ জন, আশি বছরের বেশি বয়সী ১ জন রয়েছেন।
তাদের মধ্যে ১৪ জন ঢাকা বিভাগের, ১২ জন চট্টগ্রাম বিভাগের, ৩ জন সিলেট বিভাগের, ৪ জন খুলনা বিভাগের, বরিশাল বিভাগের ৪ জন ও রংপুরে বিভাগের ৩ জন রয়েছেন।
যে ৪০ জন মারা গেছেন তাদের মধ্যে ৩১ জন হাসপাতালে এবং ৯ জনের মৃত্যু হয়েছে বাসায়।

ফের আইসিইউতে নেওয়া হলো সাহারা খাতুনকে

0

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আবারও হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়েছে ৷

আজ শুক্রবার সকালে সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁর হার্টবিট পাওয়া যাচ্ছিল না। চিকিৎসকরা পাঞ্চ করে হার্টবিট ফিরিয়ে আনেন। এর পর সকাল ১১টার দিকে তাকে এইচডিইউ থেকে আবারও আইসিইউতে নেওয়া হয়েছে।

তার ভাগিনা মজিবর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়।

মজিবর রহমান বলেন, শুক্রবার (২৬ জুন) সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। উনার হার্টবিট পাওয়া যাচ্ছিল না। পাঞ্চ করে হার্টবিট ফিরিয়ে আনা হয়। এর পর সকাল ১১টার দিকে তাকে এইচডিইউ থেকে আবারও আইসিইউতে নেওয়া হয়েছে।

জ্বর, এ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।