Home Blog Page 2857

বিদ্যুতের বিলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

0

৭ দিনের মধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ ও বিতরণকারী কোম্পানির বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও অগ্রগতির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, সাতদিনের ভিতর অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রদানের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। কোনো অবস্থায় অতিরিক্ত বিল গ্রহণ করা যাবে না। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়।

সভায় বিতরণ কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকগণ দুঃখ প্রকাশ করে বলেন, অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রদান সংক্রান্ত বিষয়টি নিয়ে সংস্থাগুলো পৃথক পৃথক ভাবে গণমাধ্যমের মাধ্যমে গ্রাহকদের কাছে ব্যাখ্যা করবেন।

এডিপি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

১৪ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদফতর

0

দুর্নীতি দমন কমিশনের নির্দেশনার প্রায় সাড়ে ৬ মাস পর দুর্নীতি, প্রতারণা ও চক্রান্তের অভিযোগে চৌদ্দটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করলো স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রশাসন এ নির্দেশ দেন। সময় সংবাদের হাতে আসা নথি বিশ্লেষণ করে দেখা যায় এই প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটার ১৩১ কোটি টাকা আত্মসাৎ করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকা মেডিকেল কলেজ, হাসপাতাল ও প্রতিষ্ঠানের এমএসআর, ভারী মেশিন ও সামগ্রী কেনা কাটায় অনিয়ম ও দুর্নীতির ওঠা অভিযোগ তদন্ত করে ২০১৯ সালের ১২ই ডিসেম্বর চৌদ্দটি ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করতে মন্ত্রীপরিষদ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠান দুদক সচিব।

এর ১৭৮ দিন পর এ মাসের ৬ তারিখ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ক্রয় ও সংগ্রহ অধিশাখা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, কেন্দ্রীয় ঔষাধাগারের পরিচালকে দুদকের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিতে চিঠি দেন।

নথিতে দেখা যায়, ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতি করে ১৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৯টি মামলা রয়েছে। ২০১৮ ও ১৯ সালে মামলাগুলো করে দুদক।

ঢাকা-বেইজিং বাণিজ্য যোগাযোগ বাড়ানো হবে : চীনা রাষ্ট্রদূত

0

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, চীনা বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের মধ্যে দিয়ে বাংলাদেশি রপ্তানিকারক এবং চীনা ভোক্তা উভয়ই উপকৃত হবেন।

আজ বুধবার চীনা এই কূটনীতিক বলেন, ‘চীনে ১৪০ কোটি জনসংখ্যার বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের ফলে বাজার আরো বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। বাংলাদেশের রপ্তানিকারক ও চীনা ভোক্তা উভয়ই এতে উপকৃত হবেন এবং দুই দেশের বাণিজ্যিক সংযোগ বাড়াতে সহায়তা করবে।’

শুল্কমুক্ত পণ্যের তালিকায় বিদ্যমান তিন হাজার ৯৫টি পণ্যের সঙ্গে বাংলাদেশের আরো পাঁচ হাজার ১৬১টি পণ্য যুক্ত করায় ফলে রপ্তানি করা পণ্যের ৯৭ শতাংশ এ সুবিধা পাবে। যা ১ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে।

চীনা রাষ্ট্রদূত বলেন, সুষ্ঠু নীতির সমন্বয়ের ফলে এবং আমাদের অবকাঠামো সংযোগ সমর্থিত হওয়ার ক্ষেত্রে এটা একটি ভালো উদ্যোগ।

এদিকে, চীনে নতুন করে পাঁচ হাজারের বেশি পণ্য শুল্কমুক্ত প্রবেশের অনুমতি পাওয়ায় বাংলাদেশে এটিকে অর্থনৈতিক কূটনীতির সাফল্য হিসাবে মনে করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলছেন, আমাদের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসাবে এবং বাংলাদেশ ও চীনের মধ্যেকার চিঠি আদান প্রদানের সাফল্য দেখতে পেয়ে আমরা আনন্দিত।’

রাষ্ট্রদূত জিমিং বলেন, এশিয়া ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো সংস্থার মধ্যে অংশীদারিত্ব তৈরির মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে আর্থিক যোগাযোগ ক্রমাগত উন্নত হচ্ছে।

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিযুক্ত হলেন বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড ইনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন এবং দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য মহোদয়ের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাসরীন আহমেদ উপ-উপাচার্য (শিক্ষা) এর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড ইনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন এবং দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালেকে উপ-উপাচার্যের শূন্য পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো।

শর্তসমূহ হলো-
১. উপ-উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ ৪ বছর হবে।
২. উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবে।
৩. তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
৪. তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
৫. মহামান্য রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চার মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

ঢাকাসহ ৯ জেলায় নতুন ডিসি

0

দেশের নয়টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর মধ্যে বর্তমান দুজন ডিসিকে এক জেলা থেকে আরেক জেলায় বদলি করা হয়েছে। বাকিগুলোতে প্রশাসন ক্যাডারের উপসচিব পর্যায়ের সাতজন কর্মকর্তাকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা জেলার নতুন ডিসি হিসেবে আসছেন টাঙ্গাইলের বর্তমান ডিসি মো. শহীদুল ইসলাম। আর টাঙ্গাইলে ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মেহেরপুরের ডিসি মো. আতাউল গনি।

এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শহীদুল ইসলাম চৌধুরীকে মেহেরপুরে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নিবাহী কর্মকর্তা মীর নাহিদ আহসানকে মৌলভীবাজার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খানকে যশোরে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ খোরশেদ আলম খানকে নোয়াখালী, জননিরাপত্তা বিভাগের উপসচিব আব্দুল জলিলকে রাজশাহী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. জিয়াউল হককে বগুড়া এবং বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক রহিমা খাতুনকে মাদারীপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কয়েকটি জেলায় বর্তমান ডিসি পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হওয়ায় এসব পদে পরিবর্তন আনা হয়েছে।

বুয়েটের নতুন ভিসি ড. সত্য প্রসাদ মজুমদার

0

অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বুয়েটের ভিসি হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন। ডিবিসিকে নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক ড. মিজানুর রহমান।

এর আগে তিনি বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ও ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বপালন করেছেন।

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ থেকে ১৯৮১ সালে স্নাতক ও ১৯৮৫ সালে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ১৯৮১ সালে তিনি উক্ত বিভাগে প্রভাষক পদে যোগদান করেন।

১৯৯১ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আই আই টি) খারাগপুর থেকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন তিনি।

বিশেষ ফ্লাইটে ৪১৪ প্রবাসীর মানামা হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা

0

বাহরাইনে ৪১৪ জন প্রবাসী বাংলাদেশিকে নিয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার উদ্দেশ্যে মানামা ত্যাগ করেছে।

বাহরাইনে যে সকল প্রবাসী স্বাস্থ্যগত কারণে এবং পারিবারিক জরুরি প্রয়োজনে দেশে ফিরতে চেয়েছিলেন তাদের অনুরোধে বাংলাদেশ দূতাবাস এই বিশেষ ফ্লাইটের আয়োজন করেছে।

এতে অনেক অসুস্থ রোগী এবং যারা বিশেষ অর্থকষ্টে ভুগছিলেন, তারা দেশে ফেরার সুযোগ পেয়েছেন।

রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলামের নিবিড় তত্ত্বাবধায়নে জমাকৃত আবেদনপত্রগুলো বিশেষ জরুরি অবস্থার নিরিখে বাছাই করার পর এবং এদেশের ইমিগ্রেশন হতে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর একটি তালিকা তৈরি করা হয়, যাদেরকে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য সার্টিফিকেটের ভিত্তিতে টিকিট কাটার অনুমতি প্রদান করা হয়।

যাত্রীদের মধ্যে প্রায় ৭০ জন প্রবাসী ছিলেন অসুস্থ রোগী এবং আরও ৪০ জন ছিলেন বাহারাইন কারাগার হতে মুক্তিপ্রাপ্ত কয়েদি।

বাংলাদেশ দূতাবাস প্রবাসী কল্যাণ তহবিল থেকে অসুস্থ রোগীদের ১৮ জনের পূর্ণ বিমান ভাড়া এবং প্রায় ৫০ জনের আংশিক বিমান ভাড়া বহন করেছে। মুক্তিপ্রাপ্ত কয়েদিদের পূর্ণ বিমান ভাড়া বহন করেছে বাহরাইন সরকার। বিমানটি ঢাকায় আনুমানিক রাত ১টায় অবতরণ করবে।

স্বাস্থ্যবিধি মেনেই এবার কোরবানির পশুর হাট বসবে: স্থানীয় সরকার মন্ত্রী

0

করোনা সংক্রমণ রোধে সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই এবছর পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে একথা জানান তিনি।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে এবার কোরবানির পশুর হাট বসা নিয়ে দ্বিধা ছিল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪টি অস্থায়ীসহ ১৬টি কোরবানির পশুর হাট বসবে। অন্যদিকে, উত্তর সিটি করপোরেশনে হাট বসবে গাবতলীসহ বারোটি। যে সংখ্যা গত বছরের প্রায় সমান। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে কোরবানির পশুর হাট ইজারার জন্য বিজ্ঞপ্তিও দেয়া হয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, পশুর হাটে মানুষের সমাগম বাড়লে স্বাস্থ্য বিধি মানা হবে না, বরং ঝুঁকির আশঙ্কাই বেশি।

আমি যেখানে বসব সেখানেই অফিস: স্বাস্থ্যমন্ত্রী

0

করোনা মহামারীর এই সময়ে নিরুত্তাপ স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রীর অনিয়মিত উপস্থিতি, একান্ত সচিব ও জনসংযোগ কর্মকর্তাসহ অনেকে করোনা আক্রান্ত হওয়ায় আটকে আছে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বৃহস্পতিবার (২৫ জুন) গণমাধ্যম বিষয়টি নজরে আনলে নড়েচড়ে বসেন মন্ত্রীসহ পুরো মন্ত্রণালয়। শুরু হয় ফাইল চালাচালি, কার্যালয়ে আসেন মন্ত্রীও। পরে সময় সংবাদকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বাড়িতে বসেই অনলাইনে সব কাজ সারছেন তারা।

শূন্য, ফাঁকা করিডর। করোনার এ দুর্যোগের সময় সবচেয়ে বেশি তৎপর থাকার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, সেখানকার এমন অবস্থা বহু কথা বলে।

মন্ত্রণালয়ের দুই সচিব করোনার কারণে আইসোলেশানে। আক্রান্ত বহু কর্মকর্তা। তাদের তালিকায় আছেন মন্ত্রীর একান্ত সচিব, জনসংযোগ কর্মকর্তাসহ অনেকে৷ সচিবালয়ের বাইরে হঠাৎ হঠাৎ নানা কর্মসূচিতে যোগ দিলেও গত বেশ কিছুদিন ধরেই মন্ত্রণালয়ে অনিয়মিত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবারও (২৫ জুন) দেখা গেল একই চিত্র। তিনি কখন আসবেন কিংবা আসবেন কিনা এমন তথ্য জানা নেই কারো।

বেলা সাড়ে ১১টা দিকে খবর আসে, মন্ত্রী আসছেন। প্রাণহীন স্বাস্থ্য মন্ত্রণালয় হয়ে ওঠে সক্রিয়। জমে থাকা ফাইল নিয়ে ছুটোছুটি করতে থাকেন কর্মকর্তারা। গাছে পানি দিয়ে চেষ্টা চলে পরিবেশ সতেজ করার।

অবশেষে দুপুর ১২টার আগেই মন্ত্রণালয়ে আসেন তিনি। মন্ত্রণালয়ে তিনি অনিয়মিত, এমন প্রশ্নের উত্তরে নীরব মন্ত্রী।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে তার কক্ষে কথা হয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে। তার দাবি, ঘরে বসেই দাপ্তরিক সব কাজ সারছেন তিনি। আটকে নেই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। স্বাস্থ্য মন্ত্রণালয় নিস্ক্রিয় থাকার অভিযোগও অস্বীকার করেছেন তিনি।

তিনি বলেন, আমরা যারা আছি, তাদেরকে সুস্থ থেকেই কাজ করতে হবে। যারা অসুস্থ তারা তো এক মাস আসতে পারে না। কাজ কিন্তু থেকে নেই, কাজ চলছে। একটা ফাইলও আটকে নেই, সব ফাইল আপডেটেড। এখন অফিস সব জায়গায়, এই এক জায়গায় তো অফিস না। যেখানে বসবো আমি, সেখানেই অফিস। আমাদের তো কিছু করার নেই। কারণ সবাই আক্রান্ত হয়ে গেছে। তাই ভুল প্রচারটা ঠিক নয়, এটা উদ্দেশ্যপ্রণোদিত। এর আগে গত বছরও ডেঙ্গুর প্রকোপের সময় দেশের বাইরে বেড়াতে গিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯৪৬

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৬২১ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৯৪৬ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫৮৬টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছুসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৯৯৯টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৬ লাখ ৭৮ হাজার ৪৪৩টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ৯৪৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৯২ শতাংশ। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬২১-এ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮২৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ হাজার ৪৯৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৬৭ শতাংশ।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্তআক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৪ লাখ ৮০ হাজারের বেশি। তবে ৫০ লাখ ৬০ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।