Home Blog Page 2858

আমেরিকার দেশগুলোতে করোনার সংক্রমণ এখনো শিখরে পৌঁছেনি : হু

0

আমেরিকার দেশগুলোতে করোনার সংক্রমণ এখনও শিখরে পৌঁছেনি । বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে এ কথা বলেছে।
একই সঙ্গে সংস্থাটি বলেছে, এক সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে করোনার সংক্রমণ এক কোটিতে দাঁড়াতে পারে।
ডব্লিউএইচও প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস র্ভাচুয়াল সংবাদ সম্মেলনে বলেন, মহামারির প্রাদুর্ভাবের প্রথম মাসে ১০ হাজারেরও কম রোগীর খবর সংস্থাকে জানানো হয়। শেষ মাসে তা ৪০ লাখে পৌঁছায়।
তিনি বলেন, আমরা ধারণা করছি আগামী এক সপ্তাহে সংক্রমিত রোগীর সংখ্যা এক কোটিতে পৌঁছাবে।
টেডরস আরও বলেন, বিনয়ের সঙ্গে আমরা এটা মনে করিয়ে দিচ্ছি যে ভ্যাকসিন ও চিকিৎসা সম্পর্কিত বিষয়ে গবেষণা অব্যাহত থাকলেও ভাইরাস দমন ও জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা আমাদের জরুরি দায়িত্ব।
গত ডিসেম্বরে চীনের উহানে করোনা ছড়ানোর পর থেকে বিশ্বব্যাপী এ পর্যন্ত অন্তত চার লাখ ৭৭ হাজার ৫শ লোক মারা গেছে এবং আক্রান্ত হয়েছে প্রায় ৯৩ লাখ লোক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিচালক মাইকেল রায়ান সতর্ক করে বলেছেন, আমেরিকার দেশগুলোতে ভাইরাসটি এখনো ব্যাপকভাবে ছড়াচ্ছে। বিশেষ করে মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে সংক্রমণ তীব্র।এজন্যে নতুন করে দেশব্যাপী লকডাউনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
তবে তিনি সতর্ক করে বলেন, আমেরিকার অনেকগুলো দেশেই সংক্রমণ এখনো শিখরে পৌঁছেনি। এর ফলে সেসব দেশে আগামী দিনগুলোতে সংক্রমণ এবং মৃত্যু অব্যাবহতভাবে চলতে থাকবে।
এদিকে সীমিত আকারে হজ পালনের সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
টেডরস বলেন, স্বাস্থ্যই আগে সকল দেশের জন্যে এই কঠোর সিদ্ধান্তের জন্যে এটি আরো একটি উদাহরণ।
উল্লেখ্য, সৌদি কর্তৃপক্ষ করোনার কারণে এবার এক হাজার লোককে হজ করার অনুমতি দিচ্ছে। গত বছর এ সংখ্যা ছিল ২৫ লাখ।

করোনাকালে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা

0

করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়।
৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ১১ হাজার ১৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৮৪ হাজার ১২২ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৭৬৭ এবং উপকারভোগী লোকসংখ্যা ছয় কোটি ৯৮ লাখ ৯৭ হাজার ৬৫০ জন।
নগদ বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ১২৩ কোটি টাকা। এর মধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৮৬ কোটি ৪৫ লাখ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৯৫ লাখ ৭৯ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা চার কোটি ২৩ লাখ ৭৯ হাজার।
এদিকে শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৭ কোটি ১৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২৪ কোটি ২১ লাখ ১৯ হাজার ৬০৬ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা সাত লাখ ৭৭ হাজার ৫২৫ টি এবং উপকারভোগী লোকসংখ্যা ১৬ লাখ ১৮ হাজার ৪২১ জন।

মানুষকে বাঁচানোই এখন একমাত্র রাজনীতি : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ সংকটকালে সরকার ও আওয়ামী লীগ কোনো রাজনীতি করছে না। করোনার সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানোই হচ্ছে এখন একমাত্র রাজনীতি।’
আজ বৃহস্পতিবার (২৫ জুন) তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সরকারি-বেসরকারি হাসপাতালগুলো যখন করোনা আক্রান্ত রোগীদের সেবাদানে সর্বোচ্চ চেষ্টা করছে, ফ্রন্ট লাইন এ কর্মরত যোদ্ধারা যখন জীবনবাজি রেখে কাজ করছে, তখন কিছু হাসপাতাল, ক্লিনিক যে কোনো সাধারণ সেবায় গেলেও বাধ্যতামূলক করোনা টেস্ট করাচ্ছে কিংবা করোনার রিপোর্ট ছাড়া চিকিৎসা দিচ্ছে না।

ওবায়দুল কাদের বলেন, কিছু হাসপাতাল রোগী ভর্তি না করার নানা ছলচাতুরির আশ্রয় নিচ্ছে। এ মুহূর্তে এটি মোটেও সমীচীন নয়।
তিনি বলেন, বর্তমানে ৬৮টি জেলায় করোনা টেস্ট করা হচ্ছে, সরকার পর্যায়ক্রমে প্রতিটি জেলায় টেস্টের সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে নেতিবাচক ও অন্ধ সমালোচনা-নির্ভর রাজনীতির জন্য বিএনপিরই পিঠ দেয়ালে ঠেকে গেছে। বক্তৃতা বিবৃতির মাধমে সরকারের সমালোচনা করা ছাড়া বিএনপির এখন আর কোনো রাজনীতি নেই, অসহায় মানুষ থেকে তাদের অবস্থান এখন যোজন যোজন দূরে।
রাজনৈতিক দলগুলোকে নিয়ে যারা সমন্বয়ের কথা বলেন তাদের উদ্দেশে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন পৃথিবীর কোথাও কি এমন নজির আছে?
মন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে চিকিৎসা সেবা প্রদান রাজনীতিবীদের কাজ নয়, যাদের দরকার, সে সব বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করা হয়েছে, তাদের মতামত নিয়েই সিদ্ধান্ত প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনার কারণে এপ্রিলের বিদ্যুৎতের বাড়তি বিলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক মে মাসের বিলের সাথে বাড়তি বিল সমন্বয় করা হবে।

ভ্রাম্যমাণ আদালতে শিশুদের সাজা অবৈধ ঘোষণার রায় প্রকাশ

0

ভ্রাম্যমাণ আদালতে শিশুদের সাজা দেওয়া অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে ১২১ শিশুকে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজাও বাতিল করা হয়েছে।
রায় প্রদানকারী বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিল স্বাক্ষরের পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বুধবার (২৪ জুন) রাতে ৩১ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) ব্যারিস্টার আব্দুল হালিম ও অ্যাডভোকেট ইশরাত হাসান রায় প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়ে বলা হয়েছে, শিশুর বিরুদ্ধে যেকোনো অভিযোগের বিচার শুধু শিশু আদালতেই হতে হবে। ভ্রাম্যমাণ আদালত দূরের কথা, নিম্ন আদালতের কোনো বিচারক শিশুদের বিচার করলেও তা হবে বেআইনি।
কোনো অপরাধে প্রাপ্তবয়স্ক ও শিশু একত্রে জড়িত থাকলেও শিশুর বিচার শুধু শিশু আদালতই করবে। অন্য কোনো আদালত দণ্ড দিলে তা অবৈধ হবে। শিশুদের মোবাইল কোর্ট কোনো দণ্ড দিতে পারবে না। কারণ মোবাইল কোর্ট কোনো শিশুকে দণ্ড দিলে তা সংবিধানের ৩০ ও ৩৫ অনুচ্ছেদে মৌলিক ও মানবাধিকার লঙ্ঘিত হবে। ১২১ শিশুকে দণ্ডদানের ক্ষেত্রেও মৌলিক ও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।
গত ১১ মার্চ এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট রায় দেন।
আদালত রায়ে বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে একইসময়ে ওই ১২১ শিশুকে যে প্রক্রিয়ায় সাজা দেওয়া হয়েছে তা মানবাধিকারের লঙ্ঘন ও অমানবিক। একইসঙ্গে এই ধরনের সাজাপ্রদান আমাদের বিচারিক প্রক্রিয়া সম্পর্কে বহির্বিশ্বে দেশের সুনামকে ব্যাহত করেছে। তাই এখনই তা বন্ধ করতে হবে।
গত বছরের ৩১ অক্টোবর ভ্রাম্যমাণ আদালতের দেওয়া দণ্ডে যশোর ও টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে অন্তরীণ ১২১ শিশুকে মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট।
একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিশুদের দেওয়া দণ্ড ও আটকাদেশ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আদালতের আদেশে পরে এসব শিশুদের মুক্তি দেওয়া হয়।
‘আইনে মানা, তবু ১২১ শিশুর দণ্ড’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি নজরে নিয়ে আদালত শিশুদের মুক্তির নির্দেশ ও রুল জারি করেন। প্রতিবেদনটি আদালতের নজরে এনে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম ও অ্যাডভোকেট ইশরাত হাসান।

বিশেষ ফ্লাইটে পর্তুগাল গেলেন ২৩০ প্রবাসী

0

করোনা পরিস্থিতিতে সাধারণ ফ্লাইট বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে পর্তুগালে গেলেন ২৩০ জন বাংলাদেশি। তবে তাদের সবার পর্তুগালের রেসিডেন্ট কার্ড রয়েছে।

বুধবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে করে ফ্লাইটটি। তবে তার আগে ১৫ ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর অনুমতি মেলে ফ্লাইটটি পরিচালনার। পর্তুগালের লিসবনে রওনা হয় ফ্লাইটটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

১৯৩০-এর পর সবচেয়ে বড় মন্দার মুখে বিশ্ব : আইএমএফ

0

দুই মাস আগে যা ধারণা করা হচ্ছিল, বিশ্ব অর্থনীতিতে তার চেয়েও ব্যাপক ও গভীর ক্ষত তৈরি করেছে করোনাভাইরাস মহামারী। এ মন্দার মধ্যে বৈশ্বিক উৎপাদন যতটা সংকুচিত হবে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল গত এপ্রিলে পূর্বাভাস দিয়েছিল, এখন তা আরও বেশি সংকুচিত হবে বলে তারা মনে করছে। আইএমএফের পূর্বাভাস সত্যি হলে ১৯৩০-এর দশকের মহামন্দার পর এ বছর সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দার কবলে পড়তে যাচ্ছে বিশ্ব।
২০১৯ সালে বিশ্বের গড় উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছিল ২.৯ শতাংশ। জানুয়ারিতে করোনাভাইরাসের প্রকোপ যখন কেবল চীনে ব্যাপক মাত্রা পেতে শুরু করেছে, তখন আইএমএফ ২০২০ সালে বিশ্বের জন্য ৩.৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।
কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে চীন এপ্রিলের শুরুতে মহামারী পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এলেও ততদিনে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। দেশে দেশে লকডাউনে উৎপাদন ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে।
বিশ্ব যে বড় ধরনের মন্দার কবলে পড়তে যাচ্ছে, আইএমএফ এপ্রিলেই সে পূর্বাভাস দিয়েছিল। তখন তারা বলেছিল, ২০২০ সালে বিশ্বের গড় উৎপাদন আগের বছরের তুলনায় ৩.৩ শতাংশ হ্রাস পেতে পারে। আরও দুই মাস পেরিয়ে বিশ্বের অধিকাংশ দেশ এখন বিধিনিষেধ তুলে নিয়ে অর্থনীতির চাকা সচল করার চেষ্টায় আছে। কিন্তু অনেক উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশে ভাইরাস সংক্রমণের গ্রাফ এখনও ঊর্ধ্বমুখী।
গত দুই মাসের লকডাউনের মধ্যে দেশে দেশে উৎপাদন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার হিসাব করে আইএমএফ এখন বলছে, ২০২০ সালে বিশ্বের গড় উৎপাদন আগের বছরের তুলনায় হ্রাস পাবে ৪.৯ শতাংশ।
১৯৩০-এর দশকের মহামন্দার সময় বিশ্বের উৎপাদন ১০ শতাংশ সংকুচিত হয়ে পড়েছিল। সেই হিসাবে আসন্ন পরিস্থিতিকে ত্রিশের মহামন্দার পর সবচেয়ে বাজে সংকট হিসেবে দেখছে আইএমএফ।
বুধবার প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের জুন আপডেট বলছে, মহামারীর ধকল কাটিয়ে উঠতে পারলে ২০২১ সালে হয়ত উৎপাদন বাড়বে, তবে তার গতি হবে ধীর। এখন তারা আগামী বছরের জন্য ৫.৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে, যদিও এপ্রিলে তাদের প্রাক্কলন ছিল ৫.৮ শতাংশ।
মহামারীর ধাক্কা ২০২১ সালে নতুন করে দেখা দিলে প্রবৃদ্ধি আরও কমবে। আর এই হিসাবও যদি ঠিক থাকে, তাতে দুই বছরে বিশ্ব অর্থনীতিতে ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১২ ট্রিলিয়ন ডলার।
আইএমএফ বলছে, বিশ্বের অনেক দেশ এখন একসঙ্গে তাদের অর্থনীতি সচল করার চেষ্টায় আছে। কিন্তু বিধিনিষেধ এবং সামাজিক দূরত্বের নিয়মের কারণে বিনিয়োগ আর ভোগের পরিমাণে স্বাভাবিকভাবেই বড় ধাক্কা লেগেছে।
এ সংস্থার প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা মোটেও বিপদমুক্ত হইনি। দুনিয়াজোড়া লকডাউন থেকে আমরা এখনও পুরোপুরি বের হতে পারিনি। সামনে যে গভীর অনিশ্চয়তা, নীতি নির্ধারকদের সে জন্য অনেক বেশি সজাগ থাকতে হবে।’
তিনি বলেন, সংকট মোকাবিলায় ধনী দেশগুলো ১০ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা ঘোষণা করায় এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো ক্ষতি প্রশমনের বিভিন্ন উদ্যোগ নেওয়ায় বহু কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠানের দেউলিয়া হওয়া এখন পর্যন্ত ঠেকিয়ে রাখা গেছে। কিন্তু সামনের দিনগুলোতে আরও অনেক সহায়তার প্রয়োজন হবে।

বাহরাইন থেকে দেশে ফিরলেন ৪১৩ প্রবাসী

0

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে গত রাতে ৪১৩ জন বাহরাইন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন।
বুধবার দিনগত রাত দেড়টায় চার্টার্ড ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার দিনগত রাত দেড়টায় বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছে।
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারেননি এসব প্রবাসী বাংলাদেশি। এ অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ফিরলেন।

যুক্তরাষ্ট্র ক্ষমা চাইলে আলোচনায় রাজি ইরান: রুহানি

0

রানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ক্ষমা চাইলে আলোচনার টেবিলে বসতে রাজি আছে ইরান।

আজ বুধবার (২৪শে জুন) রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ কথা বলেন। খবর রয়টার্স।

খবরে বলা হয়, ইরানি প্রেসিডেন্ট জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ইরানের সমস্যা নেই। তবে এ উদ্যোগ তখনই সম্ভব হবে যখন যুক্তরাষ্ট্র তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইবে। যখন ওয়াশিংটন পরমাণু চুক্তি’র প্রতিশ্রুতিগুলো পূরণ করবে। পাশাপাশি, চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে প্রস্তুত থাকবে।

হাসান রুহানি আরো বলেন, তেহরানকে আলোচনায় বসতে ওয়াশিংটন যেসব আহ্বান জানায় তা নিছকই মিথ্যাচার আর শব্দের খেলা।

২০১৫ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) স্থায়ী পাঁচ সদস্য দেশ ও জার্মানির সঙ্গে পরমাণু চুক্তি করে ইরান। তবে ওই চুক্তির বিরোধিতা করে ট্রাম্প নির্বাচনের আগেই জানান, ইরানের ক্রমবর্ধমান প্রভাব বিস্তার রোধ এবং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণে কিছু নেই ওই চুক্তিতে।

যার ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে মিত্র দেশগুলোর পরামর্শ উপেক্ষা করেই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন।

করোনা নিয়ে বিএনপি ও বিশেষজ্ঞদের আশঙ্কা ভুল প্রমাণিত: তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারের সময়োচিত পদক্ষেপের কারণেই করোনা পরিস্থিতি নিয়ে বিএনপি ও কিছু বিশেষজ্ঞের শঙ্কা-আশঙ্কা ভুল প্রমাণ হয়েছে।

বুধবার (২৪ জুন) অপরাহ্নে সচিবালয়ে নিজ দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম বিভাগের চতুর্থ সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, হুইপ শামসুল হক চৌধুরী, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন সঞ্চালিত এ সভায় অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন।

মন্ত্রী বলেন, আজকে বাংলাদেশ তিন মাসের বেশি সময় ধরে প্রায় সবকিছু বন্ধ। এখন সীমিত আকারে খুললেও সবকিছু চালু হয়নি। সরকারের সঠিক এবং সময়োচিত পদক্ষেপ ও একইসাথে ব্যাপক ত্রাণ তৎপরতার কারণেই তিন মাসে বাংলাদেশে একজন মানুষও অনাহারে মারা যায়নি। দেশে কোথাও খাদ্যের জন্য হাহাকার নেই। খাদ্যের জন্য হাহাকারের সম্ভাবনা নিয়ে অনেক বিশেষজ্ঞ মত দিয়েছেন, তাদের সেই মত ভুল প্রমাণিত হয়েছে। চিকিৎসা সেবার ক্ষেত্রেও সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছে এবং আরো নতুন নতুন পদক্ষেপ নেয়া হচ্ছে এবং এগুলো ক্রমান্বয়ে বৃদ্ধি করা হচ্ছে। আমরা যদি এভাবে এগিয়ে যেতে পারি, পরম সৃষ্টিকর্তার আর্শিবাদে আমরা এই মহামারি নিয়ন্ত্রণ করতে পারবো।

চিকিৎসা শুধু ধনাঢ্য ব্যক্তিদের জন্য নয়, চিকিৎসা সবার জন্য এবং সরকার সেটি নিশ্চিত করেছে উল্লেখ করে ড. হাছান বলেন, সরকার ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশে জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে সামর্থ্য অনুযায়ী সমস্ত মানুষের জন্য চিকিৎসা নিশ্চিত করেছে।

চট্টগ্রামের করোনা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বিভাগীয় কমিশনার জানিয়েছেন চট্টগ্রাম বিভাগে আইসিইউ বেড ১৯৬টি। এরমধ্যে কিছু বেড খালিও আছে। অর্থাৎ এখানে শুরুতে যে সংকট ছিল, এখন তা নেই। চট্টগ্রামের রোগীরা যাতে আরো ভালোভাবে চিকিৎসা সুবিধা পায় সেজন্য আমরা সর্বোত্তভাবে চেষ্টা করছি, চট্টগ্রামে নিয়মিত সমন্বয় সভা করছি। স্থানীয়ভাবে বিষয়গুলো দেখভাল করার জন্য বিভাগীয় কমিশনারের নেতৃত্বে যে কমিটি করে দেয়া হয়েছে, তারাও কষ্ট করে অনেক কাজ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয় কোভিড-১৯ টেস্টের ব্যবস্থা করে যে উদাহরণ তৈরি করেছে, অন্য বিশ্ববিদ্যালয়গুলো তাদেরকে অনুসরণ করবে বলে আমি আশা করি।

মন্ত্রী এ সময় চট্টগ্রামে করোনা মোকাবিলায় সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি সংস্থা এবং প্রয়োজনে লাশ দাফনের কাজে এগিয়ে আসা মানুষ ও সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানান।

জীবন এবং জীবিকা রক্ষা দুটির মধ্যে সমন্বয় করেই নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সেজন্য এখন এলাকাভিত্তিক রেড জোন চিহ্নিত করা হচ্ছে, বলেন তথ্যমন্ত্রী।

স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি বলেন, চিহ্নিত এলাকায় যেসব বিধিনিষেধ মেনে চলা প্রয়োজন, আমাদেরকে অবশ্যই কঠোরভাবে সেগুলো মানতে হবে। তাহলেই আমাদের পক্ষে নিজেদেরকে, নিজের পরিবারকে, নিজের কাছের জনদেরকে সুরক্ষা দেয়া, সর্বোপরি মহামারি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

একদিন না যেতেই হাফিজ করোনা নেগেটিভ!

0

দুই দফা টেস্টে পাকিস্তানের ১০ জন ক্রিকেটারের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার মধ্যে গতকাল মঙ্গলবারই করোনা ধরা পড়ে সাতজনের শরীরে। যাদের মধ্যে ছিলেন মোহাম্মদ হাফিজও। কিন্তু ব্যক্তিগতভাবে টেস্ট করালে হাফিজের শরীরে করোনা ধরা পড়েনি।

আজ বুধবার হাফিজ নিজেই জানান তার করোনা নেগেটিভ আসার কথা। এক টুইটে হাফিজ লিখেন, ‘গতকাল পিসিবির ফলাফল মোতাবেক করোনা পজিটিভ হওয়ায় আমি নিজের সন্তুষ্টির জন্য পরিবারের সবাইকে নিয়ে ব্যক্তিগতভাবে দ্বিতীয়বার পরীক্ষা করাই। আলহামদুলিল্লাহ্‌। আমি এবং আমার পরিবারের সবার ফলাফল নেগেটিভ এসেছে। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুক।’

গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে। এর আগে ইংল্যান্ড সফরের স্কোয়াডে থাকা শাদাব খান, হারিস রউফ এবং হায়দার আলী করোনায় আক্রান্ত হয়েছেন।

পিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন করে আক্রান্ত হওয়া ৭ ক্রিকেটার হলেন- ফখর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান এবং ওয়াহাব রিয়াজ।