Home Blog Page 2859

খাদ্য সংকট মোকাবিলায় কৃষিতে বড় প্রকল্প চান কৃষিমন্ত্রী

0

করোনার প্রভাব মোকাবিলায় কৃষিতে বড় প্রকল্পের ওপর গুরুত্বারোপ করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, করোনার প্রভাবে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় কৃষিখাতে বাস্তবধর্মী সমন্বিত বড় প্রকল্প গ্রহণ করতে হবে।

বুধবার কৃষিমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় অনলাইন সভায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মহামারি করোনার প্রভাবে মোকাবিলা করে কৃষিই সকলকে বাঁচিয়ে রাখতে পারে। এ সময়ে অর্থনীতির যত ক্ষতিই হোক ঘরে খাবার থাকলে অন্তত জীবনটা বাঁচানো যাবে। আর সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী কৃষি মন্ত্রণালয় করোনার প্রকোপের শুরু থেকেই সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মন্ত্রণালয় থেকে শুরু করে মাঠ পর্যন্ত সকল কর্মকর্তা-কর্মচারি জীবনের ঝুঁকি নিয়ে কৃষকের পাশে থেকে কাজ করছে।’

কৃষিমন্ত্রী বলেন, নতুন নতুন প্রযুক্তি বা জাত উদ্ভাবন করে ফেলে রাখলে চলবে না। সময়াবদ্ধ পরিকল্পনা গ্রহণ করে যত দ্রুত সম্ভব সেসব জাতকে মাঠ পর্যায়ে কৃষকের কাছে নিয়ে যেতে হবে।

এসময় লবণ-সহিষ্ণু ধানের জাতকে অতিদ্রুত দক্ষিণাঞ্চলের উপকূলীয় কৃষকের কাছে নিয়ে যাওয়ার তাগিদ দেন মন্ত্রী।

সভায় জানানো হয়, বর্তমান অর্থবছরে মে, ২০২০ পর্যন্ত অর্জিত জাতীয় গড় অগ্রগতি অপেক্ষা এ মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি বেশি হয়েছে। ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত এডিপিতে কৃষি মন্ত্রণালয়ের আওতায় মোট ৭৮টি প্রকল্প বাস্তবায়নাধীন আছে। এসব প্রকল্পের অনুকূলে মোট বরাদ্দ আছে ১৭৬৩ কোটি ৯৪ লাখ টাকা। এ অর্থবছরে মে, ২০২০ পর্যন্ত সময়ে অর্থ অবমুক্ত হয়েছে ১২৮৯ কোটি ৫৪ লাখ টাকা, যা মোট সংশোধিত বরাদ্দের ৭৩ শতাংশ এবং অর্থ ব্যয় হয়েছে ১০৪২ কোটি ৫৬ লাক টাকা, যা বরাদ্দের ৫৯ শতাংশ।

এছাড়া, করোনা পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বসতবাড়ি ও অনাবাদি পতিত জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকল্পে সবজি ও ফল চাষাবাদের লক্ষ্যে ১৭৪ কোটি ৯৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে যা শিগগিরই অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাটানো হবে বলে জানানো হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান সঞ্চালনায় সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংস্থাপ্রধানসহ প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

সৌদিতে ইয়েমেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

0

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ও কিং সালমান বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এ হামলা চালানো হয়। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সৌদি আরবের গভীরে হামলার জন্য তারা ব্যালিস্টিক ও পাখাযুক্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছেন।
রাজধানী রিয়াদের আরো কিছু সামরিক ঘাঁটি ও দক্ষিণাঞ্চলীয় নাজরান এবং জিজান প্রদেশের অনেকগুলো অবস্থানে হামলা চালানো হয়েছে।
ইয়েমেনি বিদ্রোহীদের দাবি, ইয়েমেনের ওপর সৌদি আরব যে বর্বর আগ্রাসন চালাচ্ছে এবং অন্যায় অবরোধ দিয়ে রেখেছে তার জবাবে আজকের হামলা চালানো হয়। সৌদি আরবের আগ্রাসন বন্ধ এবং অবরোধ অবসান না হওয়া পর্যন্ত এমন হামলা আরো হবে।

বাঁচানো গেলো না ডা. সমিরুলকে

0

ডা. সমিরুল ইসলাম বাবু। তিনি চট্টগ্রামের একজন জনপ্রিয় অর্থোপেডিক বিশেষজ্ঞ। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক। তার হাতে সুস্থ হয়েছে হাজার হাজার রোগী।
করোনা পরিস্থিতিতেও চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন এই চিকিৎসক। ফলশ্রুতিতে করোনায় আক্রান্ত হয়ে আবার প্লাজমা থেরাপিতে করোনা মুক্তও হয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত শত চেষ্টা করেও তাকে বাঁচানো গেলো না।
বুধবার (২৪ জুন) দুপুর আড়াইটার দিকে চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন ডা. সমিরুল ইসলাম বাবু। করোনা মুক্ত হলেও সর্বশেষ কার্ডিয়াক অ্যারেস্টেই তার মৃত্যু ঘটেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের মহাব্যবস্থাপক মোহাম্মদ সেলিম ডা. সমিরুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ডা. সমিরুল ইসলাম দুপুর আড়াইটার দিকে ভেন্টিলেশনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ডের অধীনেই মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ডা. সমিরুলের পারিবারিক সূত্র জানায়, গতমাসে করোনা আক্রান্ত হয়ে প্রথমে ১১দিন নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। পরে তার অবস্থার অবনতি ঘটলে ২১ মে চমেক হাসপতালের একটি কেবিনে ভর্তি করা হয়। ২৬ মে সকালের দিকে তার শরীরের অক্সিজেনের সেচুরেশন কমে যায়। তখন তার অক্সিজেনের চাপ বাড়ানো হয়। ওই দিন সন্ধ্যায় তার শরীরে ২৫০ মি.লি. প্লাজমা দেওয়া হয়।
পরবর্তীতে ৩১ মে রাতে চমেক হাসপাতালের ল্যাবের করোনার দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় ডা. সমিরুলের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। করোনা মুক্ত হলেও তার শারিরীক অবস্থার উন্নতি হচ্ছিল না। পরবর্তীতে তাকে চট্টগ্রামের বেসরকারী মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানেও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড তার চিকিৎসার তদারকি করছিলেন।
দীর্ঘ এক মাসেরও বেশি সময় করোনাসহ অন্যান্য রোগের সাথে যুদ্ধ করে অবশেষে বুধবার ডা. সমিরুল মৃত্যুর কাছে পরাজিত হলেন।

করোনা থেকে সুস্থ হয়েছেন র‍্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

0

করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সারোয়ার আলম লেখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সকলের দোয়ার বদৌলতে COVID 19 (কোভিড-১৯) থেকে মুক্তি পেলাম। কৃতজ্ঞতা আপনাদের সকলের প্রতি।
সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। গত ৬ জুন রাতে ফেসবুকে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে তিনি লেখেন- ‘কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজিটিভ। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।’
তার স্ত্রী ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটে ভর্তি হলেও বাসায় আইসোলেশনে ছিলেন সারোয়ার আলম।
উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণের পর থেকে সারোয়ার আলম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিতে এবং নকল মাস্ক ও গ্লাভসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এছাড়া, রমজান মাসে ভেজাল বিরোধী অভিযানও পরিচালনা করেন তিনি।

উন্নত চিকিৎসায় সাহারা খাতুনকে বিদেশে নেওয়ার সুপারিশ

0

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। এখন তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া যেতে পারে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
বুধবার (২৪ জুন) সাহারা খতুনের ভাগিনা মজিবর রহমান এ তথ্য জানান।
এর আগে সাহারা খাতুনের অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাউ ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়।
মজিবর রহমান বলেন, বুধবার উনাকে নিয়ে গঠিত মেডিকেল বোর্ড মিটিংয়ে বসে। পরে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয় উন্নত চিকিৎসার জন্য উনাকে বিদেশে নেওয়া যেতে পারে। বোর্ডের সুপারিশ করা কাগজপত্র প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।
জানা যায়, এদিকে সাহারা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি মোটামুটি কথা বলতে পারছেন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক আছে। মাঝে মধ্যে অক্সিজেন প্রয়োজন হয়। তবে এখনো মুখে খাবার দেওয়া হচ্ছে না।
এর আগে জ্বর, এ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার উন্নতি হলে তাকে বেডে দেওয়া হয়েছিল। কিন্তু বৃস্পতিবার (১৮ জুন) অবস্থার অবনতি হয়। শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।

কোনো গ্রাহককে বাড়তি বিল দিতে হবে না : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

0

কোনো গ্রাহককে বিদ্যুতের বাড়তি বিল দিতে হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ বুধবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিদ্যুৎ খাতের বাজেট নিয়ে আয়োজিত এক ভার্চ্যুয়াল সংলাপে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা জানান। সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান এই সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিদ্যুতের ভৌতিক বিল আসার বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ। করোনায় ঘরে বসে বিল তৈরি এবং মাঠ পর্যায়ে কিছু কর্মকর্তার গাফিলতির কারণেই এমনটি ঘটেছে বলেও জানান তিনি। স্থানীয় বিদ্যুৎ অফিসে গেলে এই বিল সমন্বয় করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী।

বুধবার, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘২০২০-২১ অর্থ বছরে বিদ্যুৎখাতের বাজেট: অগ্রাধিকার খাতে বরাদ্দ ও বিকল্প প্রস্তাব শীর্ষক’ এক ভার্চ্যুয়াল আলোচনায় একথা বলেন তিনি।

তিনি বলেন, বিষয়টি আমার নজরে এসেছে, কোনো সমস্যা নেই। নিজ নিজ এলাকার বিদ্যুৎ অফিসে গেলে ঠিক করে দেয়া হচ্ছে। চার কোটি গ্রাহকের মধ্যে আমরা ধরে নিয়েছি চার থেকে পাঁচ লাখ গ্রাহকের একটা সমস্যা তৈরি হয়েছে। কিছু শহর এবং কিছু গ্রাম এলাকায়। কোনো সমস্যা নেই। মিটার তো দেয়াই আছে। প্রয়োজন হলে আগের মাসের মিটার দেখে সমাধান দিতে পারি।

তিনি আরও বলেন, দেশে চার কোটি বিদ্যুৎ গ্রাহকের মধ্যে মাত্র ৩০ লাখ প্রিপেইড মিটার রয়েছে। এ সময় সবার বাড়ি বাড়ি গিয়ে বিল করতে গেলে অনেক মানুষ করোনা ভাইরাস আক্রান্ত হতো। বিষয়টি বিবেচনা করে একটি বিল তৈরি করা হয়েছে। যাদের বিলে অসঙ্গতি রয়েছে তারা আগের মাসের বিল নিয়ে অফিসে গেলে সমন্বয় করে দেওয়া হচ্ছে।

আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

0

আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার।
‘মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে ঢাকার উত্তরায় বিশ্ববিদ্যালয়টি স্থাপন ও পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রফিকুল ইসলাম শরীফকে উত্তরায় বিশ্ববিদ্যালয় পরিচালনার অনুমোদন দিয়ে চিঠি পাঠানো হয়।
অধ্যাপক রফিকুল বর্তমানে রাজধানীর ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের উপাচার্যের দায়িত্বে আছেন।
নতুন এই বিশ্ববিদ্যায়লকে নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হলো ১০৬।
চিঠিতে বলা হয়, ২৩টি শর্তে নতুন এই বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে।
কমপক্ষে তিনটি অনুষদ এবং অনুষদগুলোর অধীনে ছয়টি বিভাগ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি, ছাত্রছাত্রীদের জন্য কমনরুম, সেমিনার কক্ষসহ পর্যাপ্ত অবকাঠামো রাখতে হবে।
প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম সম্পর্কিত একটি পরিকল্পনা প্রণয়ন করে তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে অনুমোদন নিতে হবে বলেও আদেশে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য উদ্যোক্তরা সরকারের কাছে আবেদন করেন।

করোনায় আক্রান্ত তথ্য সচিব

0

তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারের করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল এসেছে। তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন বলে তার দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।
আজ বুধবার (২৪ জুন) মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, তথ্যসচিব গত ২১ জুন পরীক্ষা করান। মঙ্গলবার রিপোর্ট পাওয়া যায়, এতে পজিটিভ রেজাল্ট আসে।
ওই কর্মকর্তা বলেন, তিনি বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
তথ্যসচিবের একান্ত সচিব (পিএস) মো. এনামুল আহসান বলেন, ম্যাডামের করোনার ফল পজিটিভ এলেও কোনো লক্ষণ নেই। তিনি ভার্চ্যুয়ালি অফিস করছেন।
কামরুন নাহারের স্বামী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের করোনা টেস্ট করা হলে ফল নেগেটিভ বলে জানান তার দপ্তরের এক কর্মকর্তা।
এর আগে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর ও তার স্ত্রী পারভীন আক্তার করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন

দেশে বৈদেশিক মুদ্রার রেকর্ড রিজার্ভ

0

প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের রেকর্ড করলো। মঙ্গলবার (২৩ জুন) এ রেকর্ড হয়।
আজ বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। রফতানি আয় কমার পরও রেমিট্যান্স প্রবাহ বাড়ায় এ রেকর্ড হলো বলে জানান তারা।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা বলছেন, এখন বৈধ পথে রেমিট্যান্স আসছে। এ ছাড়া আমদানি ব্যয়ের চাপ কম, দাতা সংস্থা বিশ্ব ব্যাংক, আইএমএফ ও জাইকার বৈদেশিক ঋণ সহায়তা ও বিশ্ব সংস্থার অনুদানের কারণে রিজার্ভ বেড়েছে।
এর আগে গত ৩ জুন পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ রেকর্ড ৩৪ দশমিক ২৩ বিলিয়ন ডলার হয়েছিল। অর্থাৎ এক মাসে দুইবার রিজার্ভের রেকর্ড হলো। এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বরে সর্বোচ্চ ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন (৩ হাজার ৩৬৮ কোটি ডলার) রিজার্ভ অতিক্রম করেছিল। এরপর দীর্ঘদিন ৩১ থেকে ৩২ বিলিয়ন ডলারে ওঠানামা করেছে রিজার্ভ।
করোনাভাইরাসে লকডাউনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে থাকা অনেক প্রবাসীর আয় বন্ধ হয়ে যায়। আবার অচলাবস্থার কারণে অনেকে দেশে অর্থ পাঠাতে পারেননি। এসব কারণে মার্চ ও এপ্রিল দুই মাস রেমিট্যান্সের প্রভাব কমে যায়। কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মে মাসে রেমিট্যান্স পাঠাতে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। গেল মে মাসে ১৫০ কোটি ৩৪ লাখ ডলারের রেমিট্যান্স দেশে পাঠান প্রবাসীরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) এক হাজার ৬৩৬ কোটি ৪৬ লাখ (১৬.৩৬৬ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। আগের বছরের একই সময় পর্যন্ত এসেছিল এক হাজার ৫০৫ কোটি ডলার। এ হিসাবে মে পর্যন্ত রেমিট্যান্স বেশি আছে ১৩১ কোটি ৩০ লাখ ডলার বা ৮ দশমিক ৭২ শতাংশ।
গত ২০১৮-১৯ অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল এক হাজার ৫০৫ কোটি ১০ লাখ (১৫.০৫ বিলিয়ন) ডলার। এ হিসাবে গত বছরের তুলনায় এ বছর দেশের অর্থনীতির অন্যতম প্রধান এই সূচক ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার বা ৮ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। গত ২০১৮-১৯ অর্থবছরের পুরো সময়ে (জুলাই-জুন) এক হাজার ৬৪১ কোটি ৯৬ লাখ ডলার পাঠান প্রবাসীরা।

ডিএসসিসির রাস্তায় কোনো বর্জ্য থাকবে না : মেয়র তাপস

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাস্তাঘাটের উন্মুক্ত স্থানে আর কোনো বর্জ্য থাকবে না বলে ঘোষণা দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ বুধবার (২৪ জুন) ডিএসসিসির ২৯ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদে অন্তর্র্বতীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
মেয়র বলেন, প্রত্যেক ওয়ার্ডে যে ময়লা-আবর্জনা-বর্জ্য থাকবে, সংগ্রহকারীরা এখন সন্ধ্যা ৬টা থেকে বাসাবাড়ি-গৃহস্থালি থেকে সেসব ময়লা আবর্জনা সংগ্রহ করবে। রাত ১০টার মধ্যে সব বর্জ্য এই অন্তর্র্বতীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে (এসটিএস) চলে আসবে। রাত ১০টা থেকে এসব এসটিএস থেকে ময়লা-আবর্জনা আমরা মাতুয়াইলের ভাগাড়ে নিয়ে যাব। সুতরাং রাস্তায় ও উন্মুক্ত স্থানে আমরা আর কোনো ময়লা বরদাশত করবো না, রাস্তায়-উন্মুক্ত স্থানে কোনো বর্জ্য থাকবে না।’
তাপস বলেন, আমরা এরই মধ্যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঢেলে সাজিয়েছি। এখন থেকে যে ওয়ার্ডগুলোতে বর্জ্য স্থানান্তর কেন্দ্র নেই সেই ওয়ার্ডগুলোতেও আমরা বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ করবো। আজ ২৩ নম্বর ওয়ার্ড ও ২৯ নম্বর ওয়ার্ডে আমরা এসটিএস নির্মাণ কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে আমরা একটি করে এসটিএস নির্মাণ করবো।
তিনি বলেন, রাত ৯টা থেকে পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তাঘাট ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে। পানি ছিটিয়ে দেবে এবং ভোর ৬টা থেকে ঢাকা শহর হবে পরিষ্কার-পরিচ্ছন্ন ফকফকা।
পরে ডিএসসিসি মেয়র মালিবাগে (১২ নম্বর ওয়ার্ড) নির্মিতব্য এসটিএস পরিদর্শন করেন। নগরভবন সংলগ্ন সামনের রাস্তা, বঙ্গবাজার, আনন্দবাজার এবং নগর ভবনের পেছনে ফুলবাড়িয়া বাসস্টপ-ওভার সরেজমিন পরিদর্শন করেন এর সমস্যা ও সংকট চিহ্নিত করে এই রাস্তাগুলোকে সচল রাখার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশনা দেন।