Home Blog Page 2860

করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৬২

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৫৮২ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৪৬২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২২ হাজার ৬৬০ জন।
আজ বুধবার (২৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ হাজার ২৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৪৩৩টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৬ লাখ ৬০ হাজার ৪৪৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৪৬০ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ২২ হাজার ৬৬০ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ১ হাজার ৫৮২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৩১ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৯ হাজার ৬৬৬ জন।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের ৩৪ জন পুরুষ, তিনজন নারী। তাদের মধ্যে ১১ থেকে ২০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের দুজন, ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন, ষাটোর্ধ্ব নয়জন এবং সত্তরোর্ধ্ব আটজন রয়েছেন। ১০ জন ঢাকা বিভাগের, নয়জন চট্টগ্রাম বিভাগের, ছয়জন রাজশাহী বিভাগের, সাতজন খুলনা বিভাগের, তিনজন ময়মনসিংহ বিভাগের এবং একজন করে বরিশাল ও রংপুরে বিভাগের। ৩৪ জন মারা গেছেন হাসপাতালে এবং তিনজনের মৃত্যু হয়েছে বাসায়।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক ০৭ শতাংশ। এখন পর্যন্ত রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৪৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে আরও ৭৪৯ জনকে এবং এ পর্যন্ত আইসোলেশনে নেয়া হয়েছে ২১ হাজার ৮৬১ জনকে। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫১৮ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন আট হাজার ৭০৩ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১৩ হাজার ১৫৮ জন।
গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে দুই হাজার ৬৩১ জনকে, এ পর্যন্ত কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে তিন লাখ ৪৭ হাজার ২৯১ জনকে। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ৮১৭ জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মোট ছাড় পেয়েছেন দুই লাখ ৮৩ হাজার ৩৩১ জন। বর্তমানে হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৩ হাজার ৯০৭ জন।
করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা সুলতানা।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৪ লাখ ৮০ হাজারের বেশি। তবে ৫০ লাখ ৬০ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

যুক্তরাষ্ট্রে কয়েকদিনে ভয়াবহ রূপ নেবে করোনা : অ্যান্থনি ফাউসি

0

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯৩ লাখ ৫৯ হাজার আটশ ১৮ জন এবং মারা গেছে চার লাখ ৮৯ হাজার আটশ ৮০ জন।

তার মধ্যে কেবল যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৪ লাখ ২৪ হাজার চারশ ৯২ জন এবং মারা গেছে এক লাখ ২৩ হাজার চারশ ৭৬ জন। সারাবিশ্বে করোনায় ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় যুক্তরাষ্ট্র এক নম্বরে রয়েছে। প্রতিদিনই সে দেশে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের জন্য নতুন সতর্কবার্তা দিলেন সে দেশের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকটিয়াস ডিজিসের প্রধান ডা. অ্যান্থনি স্টিফেন ফাউসি।

ফাউসি বলেছেন, আগামী কয়েকদিনে যুক্তরাষ্ট্রে করোনা ভয়াবহ আকার ধারণ করবে। বর্তমানে কিছু অঙ্গরাজ্যে করোনাভাইরাসের বিরক্তিকর উত্থান দেখছে জাতি। তবে সামনের দিনগুলোতে এ সংক্রমণ আরো ভয়াবহ রূপ ধারণ করবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার অ্যান্থনি ফাউসি বলেছেন, কয়েকদিন আগেও একদিনে নতুন করে ৩০ হাজার আক্রান্ত হওয়ার চিত্র দেখা গেছে। এই চিত্রটা আমার কাছে খুবই কষ্টদায়ক।

তিনি আরো বলেন, বর্তমানে টেক্সাস, ফ্লোরিডা, আরিজোনাসহ অন্যান্য অঙ্গরাজ্যে করোনার যে ঢেউ দেখছি, সেটা কয়েকদিন কিংবা সপ্তাহের ভেতরে ভয়াবহ রূপ ধারণ করবে।

ফাউসি আরো জানান, করোনা পরীক্ষা কমিয়ে দেওয়ার জন্য কাউকে কোনো ধরনের নির্দেশ দেওয়া হয়নি। ‌আমি যতদূর জানি, কাউকে পরীক্ষা কমিয়ে দেয়ার জন্য বলা হয়নি। প্রকৃতপক্ষে, আমরা পরীক্ষার হার আরো বাড়িবে দেব বলেও জানান তিনি।

সূত্র : বিবিসি

করোনাভাইরাসে প্রবাসে ১২৩৮ বাংলাদেশির মৃত্যু

0

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশেও প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর মিছিল থেমে নেই। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসে কমিউনিটি ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী আজ বুধবার (২৪ জুন) পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে অন্তত ১ হাজার ২৩৮ বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছেন।
জানা গেছে, বিশ্বের মধ্যে সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছেন। বুধবার পর্যন্ত শুধু সৌদি আরবেই করোনায় মৃত্যু হয়েছে অন্তত ৪১৫ বাংলাদেশির। বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি করোনা ভাইরাসের ঝুঁকির মুখে রয়েছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা। এ ছাড়া সেখানে আরও কয়েকশ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
সৌদি আরবের পর সবচেয়ে বেশি প্রবাসী নাগরিক মারা গেছেন যুক্তরাজ্যে। সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৩০৬ বাংলাদেশি। সৌদি আরব ও যুক্তরাজ্যে করোনায় সবচেয়ে বেশি প্রকোপ বেশি সংখ্যক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ২৭২ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে ১০৪, কুয়েতে ৪৫, ওমানে ২০ জন, কাতারে ১৮, ইতালিতে ১৪, কানাডায় ৯ জন, বাহরাইনে ৯ জন, সুইডেনে ৮, ফ্রান্সে ৭, স্পেনে ৫, লিবিয়ায় ১, পর্তুগালে ১, গাম্বিয়ায় ১, দক্ষিণ আফ্রিকায় ১, মালদ্বীপে ১ ও কেনিয়ায় ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

আইসিডিডিআর,বিতে করা যাবে করোনা পরীক্ষা

0

আইসিডিডিআর,বিতে শুরু হতে যাচ্ছে করোনা পরীক্ষা। ২৬ জুন থেকে সেখানে নমুনা পরীক্ষা শুরু হবে। নমুনা দেওয়ার ২৪-৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ বুধবার (২৪ জুন) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৬ জুন থেকে আইসিডিডিআর,বির ডায়াগনস্টিক সেন্টারে কোভিড-১৯ এর টেস্ট শুরু হবে। এ জন্য http://covid19test.icddrb.org ওয়েবসাইট ভিজিট করে নিবন্ধন ফরম পূরণ করতে হবে। এ ওয়েব অ্যাপ্লিকেশনটি সন্ধ্যা ৬টার সময় খুলে দেওয়া হবে।
সরকার নির্ধারিত সাড়ে ৩ হাজার টাকা দিয়ে এ টেস্ট করানো যাবে। টাকা ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা অনলাইন ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে। টেস্টের জন্য গলা এবং নাকের গভীর থেকে থেকে শ্লেষ্মা সংগ্রহ করা হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। আর ২৪-৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আইসিডিডিআর,বি ল্যাবরেটরি সায়েন্সেস অ্যান্ড সার্ভিসেস ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক ড. দীনেশ মন্ডল বলেন, রোগীদের এবং কর্মীদের নিরাপত্তা আমাদের কাছে অগ্রগণ্য বিষয়। তাই কোভিড-১৯ রোগীদের উন্নতমানের সেবা প্রদান করতে আমরা আমাদের ডায়াগনস্টিক সেন্টারটিকে পুনঃসংস্কার করেছি।
তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে টেস্টের প্রক্রিয়া চালু করলেও পরবর্তী সময় সর্বস্তরের মানুষের জন্য আরও সহজ প্রক্রিয়াতে একে রূপান্তর করা হবে।
আইসিডিডিআর,বি মার্চ থেকে বিনামূল্যে স্বাস্থ্য অধিদফতর থেকে দেওয়া নমুনা পরীক্ষা করে আসছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ২৭ হাজারের বেশি নমুনা পরীক্ষা করেছে।

বাংলাদেশ থেকে ফ্রান্সের পথে ২৪৬ যাত্রী

0

ঢাকা থেকে ২৪৬ যাত্রী নিয়ে প্যারিস রওনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট।
আজ বুধবার (২৪ জুন) বেলা ১১টা ৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।
প্যারিসগামী এই ফ্লাইটের যেতে ৫৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও সেখানে স্থায়ীভাবে বসবাসকারী যাত্রীকে সিলেট থেকে ঢাকায় নিয়ে এসেছে নভোএয়ার। বুধবার সকালে বিশেষ ফ্লাইটের মাধ্যমে প্যারিসগামী এসব যাত্রীদের ঢাকায় আনা হয়। বিশেষ ফ্লাইটটি সকাল সোয়া ৭টায় ঢাকায় পৌঁছায়।

লাদাখের বিরোধপূর্ণ এলাকা থেকে সেনা সরানোর সিদ্ধান্ত

0

লাদাখের গালওয়ান সীমান্তে চীন ও ভারতের মধ্যে সংঘর্ষের ঘটনায় হতাহতের জেরে সেখানকার পরিস্থিতি বেশ উত্তপ্ত। তবে গতকাল মঙ্গলবার দুই দেশই সিদ্ধান্ত নিয়েছে- পূর্ব লাদাখ থেকে পিছু হঠার ব্যাপারে।

সেনা কমান্ডার পর্যায়ে দীর্ঘ বৈঠকের পর চীন ও ভারত সিদ্ধান্ত নিয়েছে- পূর্ব লাদাখের বিরোধপূর্ণ এলাকাগুলো থেকে দু’দেশই সেনা সরিয়ে নেবে।

তবে এ ব্যাপারে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নির্ভরযোগ্য সেনা সূত্রগুলোর বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, পূর্ব লাদাখে দুই বাহিনী ঠিক কিভাবে পিছিয়ে যাবে, বা কবে থেকে বাহিনী সরিয়ে নেওয়ার কাজ হবে, সেসব খুঁটিনাটি দুই বাহিনী পরে ঠিক করবে।

চীনের সরকারি সংবাদপত্র পিপলস ডেইলি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এক টুইট বার্তায় জানিয়েছে, দুই সেনা কমান্ডারের মধ্যে দ্বিতীয় বৈঠকটি প্রমাণ করে যে আলাপ আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে নিতে এবং উত্তেজনা কমিয়ে ফেলতে চাচ্ছে ভারত ও চীন।

বৈঠকে ভারতের পক্ষ থেকে ১৪ কোরের লেফটেন্যান্ট জেনারেল হারিন্দার সিং ছিলেন এবং চীনের পক্ষ থেকে ছিলেন তিব্বত সামরিক জেলার কমান্ডার মেজর জেনারেল লিউ লিন। বৈঠকে ভারত দাবি করেছে, গালওয়ান উপত্যকায় পূর্ব পরিকল্পিত হামলা চালিয়েছে চীন।

এসব নিয়ে যেমন বিস্তারিত আলোচনা হয়েছে, ভারতের প্রস্তাব অনুসারে দুই দেশের সেনা সংখ্যা কমানোর ব্যাপারেও আলোচনা হয়েছে বৈঠকে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে চীন ও ভারতের মধ্যে বহু দশক ধরেই পরস্পরবিরোধী দাবি আছে।

সূত্র : বিবিসি বাংলা

একলা চলো নীতি করোনা নির্মূল করতে পারবে না : গুতেরেস

0

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয়হীনতার সমালোচনা করলেন জাতিসংঘ প্রধান। তিনি সতর্ক করে বলেছেন, অনেক দেশের ‘একলা চলো নীতি’ করোনা ভাইরাস নির্মূল করতে পারবে না।
মার্কিন বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ কথা বলেন।
করোনা যুদ্ধে জয়ী হওয়ার পথ বাতলে দিয়ে তিনি বলেন, দেশগুলোকে বোঝানো প্রয়োজন যে ‘একা একা সিদ্ধান্ত নেওয়ায় তারা পরিস্থিতি আরও নিয়ন্ত্রণহীন করে ফেলছে।’ এই মহামারি রোধে বৈশ্বিক সমন্বয় হতে পারে মূল চাবিকাঠি।
গুতেরেস বলেছেন, কোভিড-১৯ শুরু হয়েছিল চীনে। তার পর তা ইউরোপ হয়ে উত্তর আমেরিকা ছড়ায় এবং এখন দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও ভারতে থাবা বসিয়েছে করোনা। যে কোনো মুহূর্তে দ্বিতীয় ঢেউ আসতে পারে বলাবলি হচ্ছে। এবং কোভিড সামাল দেওয়ার বেলায় দেশগুলোর মধ্যে একেবারেই সমন্বয় নেই।
তিনি বলেন, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো দেশগুলোকে বোঝাতে হবে যে তাদের একসঙ্গে করা, তাদের সামর্থ্যকে সামগ্রিক রূপে আনাই কেবল মহামারির বিরুদ্ধে সমন্বিতভাবে লড়াই করা নয়। কিন্তু সবার কাছে চিকিৎসা ও টিকা পৌঁছে দিতে এবং পরীক্ষার ব্যবস্থা করতে একসঙ্গে কাজ করেও আমরা এই মহামারিকে হারাতে পারি।

এসএমই ডাটাবেজ শিগগিরই আপডেট করা হবে: শিল্পমন্ত্রী

0

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে সুরক্ষার লক্ষ্যে প্রণোদনা প্যাকেজের সুফল নিশ্চিত করতে এসএমই ডাটাবেজ শিগগিরই আপডেট করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

কোভিড-১৯ অথনৈতিক সংকট এবং বাংলাদেশের এসএমই শিল্পখাত শীর্ষক এক ভার্চুয়াল সংলাপে অংশ নিয়ে শিল্পমন্ত্রী এ কথা বলেন বলেন।

দেশে করোনা সংকট উত্তরণের লক্ষ্যে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই), বিল্ড এবং পলিসি এক্সচেঞ্জের যৌথ উদ্যোগে গঠিত পলিসি ডেভলপমেন্ট প্ল্যাটফর্ম ‘রিসারজেন্ট বাংলাদেশ’ এ সংলাপের আয়োজন করে।

শিল্পমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের সহায়তায় এসএমই ফাউন্ডেশন এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই ডাটাবেজ আপডেট করবে।

এর ফলে তৃণমূল পর্যায়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা প্রণোদনার সুফল পাবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

শিল্পমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত এসএমই উদ্যোক্তাদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার সুবিধা নিশ্চিত করতে ইতোমধ্যে জেলা পর্যায়ে মনিটরিং কার্যক্রম চালু হয়েছে।

প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করতে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে এবং এ কমিটি কাজ শুরু করেছে, বলেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

করোনা পরিস্থিতিতে বিদ্যমান কর্মসংস্থান ধরে রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরি সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মন্ত্রী বলেন, এ চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতির প্রাণ শক্তি হিসেবে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

হুমায়ুন আরও বলেন, বর্তমান সরকার করোনা পরিস্থিতিতেও জীবন ও জীবিকা সচল রাখতে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং শিল্পায়ন চালু রাখার বাস্তবসম্মত উদ্যোগ নিয়েছে। পাশাপাশি বিদেশফেরত জনশক্তিকে উৎপাদনশীল এসএমই খাতে সম্পৃক্ত করার চেষ্টা চলছে।

করোনার ফলে পরিবর্তিত পরিস্থিতিতে বিদেশি উৎপাদনমুখী শিল্পকারখানা বাংলাদেশে স্থানান্তরের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, এটি দেশি এসএমই খাতের জন্য নতুন সুযোগ এনে দিয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে এসএমই শিল্পোদ্যোক্তাসহ সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন শিল্পমন্ত্রী।

সংলাপের যৌক্তিক সুপারিশগুলো বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে শিগগিরই উদ্যোগ নেয়া হবে বলে আয়োজকদের আশ্বস্ত করেন তিনি।

আওয়ামী লীগ নেতা আমিন করোনা আক্রান্ত

0

আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার বিকালে তার করোনাভাইরাস পরীক্ষার রেজাল্ট পজেটিভ এসেছে বলে জানান তিনি।
আমিনুল ইসলাম আমিন যমুনা নিউজকে বলেন, আমার শারীরিক অবস্থা ভালো। শুধু হালকা গলাব্যথা আছে। এছাড়া, কোনো ধরনের উপসর্গ নেই।
তিনি বলেন, এছাড়া করোনাভাইরাসের অন্য কোনো উপসর্গ নেই। এখনও সুস্থ আছি। পরীক্ষার ফল আসার পর থেকে বাসায় আইসোলেশনে আছি। পরে পরীক্ষার জন্য স্ত্রী ও দুই মেয়ের নমুনা দেওয়া হয়েছে বলেও জানান আমিন।
সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন তিনি। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে চট্রগ্রামের সাতকানিয়া ও লোহাগড়া উপজেলায় কয়েক দফা ত্রাণসামগ্রী বিতরণ করেন আমিনুল ইসলাম আমিন।

২৬ বিচারক, ৯৭ কর্মকর্তা করোনায় আক্রান্ত

0

ভার্চুয়াল আদালতে কাজ করতে গিয়ে মঙ্গলবার পর্যন্ত অধস্তন আদালতের ২৬ জন বিচারক এবং ৯৭ জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, কর্মকর্তাদের মধ্যে ৭১ কর্মী এবং সুপ্রিম কোর্টের ২৬ কর্মকর্তা রয়েছেন।

এর আগে শনিবার তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত অধস্তন আদালতের ১৫ বিচারক বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র জানান, নওগাঁ জেলা জজ আদালতের অফিস সহকারী মহিউদ্দিন মোহন ও মাদারীপুর জজ আদালতের জারিকারক মো. কাউসার যথাক্রমে শুক্র ও বৃহস্পতিবার কোভিড -১৯ উপসর্গ নিয়ে মারা গেছেন।

এদিকে, দেশে নতুন করে আরও ৩৪১২ জনের শরীরে মহামারি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৪৩ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।

তার দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫৬৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। ৬৫টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২৯২টি নমুনা। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ছয় লাখ ৪৪ হাজার ১১টি।

দেশে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১৯ হাজার ১৯৮ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.৯৪ শতাংশ। সেই সাথে মারা গেছেন মোট এক হাজার ৫৪৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩০ শতাংশ।