Home Blog Page 2862

৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।
আজ মঙ্গলবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।
স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এসময় মাস্ক হ্যান্ডগ্লাভসসহ স্বাস্থ্যবিধিতে নির্দেশিত উপকরণ ব্যবহার করতে দেখা যায় দলটির নেতাদের।
উল্লেখ্য, ক্ষমতাসীন আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন যাত্রা করা আওয়ামী লীগ ৭১ বছর পূর্ণ করল মঙ্গলবার।

প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের জন্য কাজ করছে আ.লীগ : শেখ হাসিনা

0

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের জন্য কথা বলে গেছে, মানুষের জন্য সংগ্রাম করে গেছে, মানুষের জন্য কাজ করছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনির্ধারিত আলোচনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এর আগে আজ সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের অষ্টম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপনা করা হয়েছে বলে ঘোষণা দেন স্পিকার। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনির্ধারিত আলোচনায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আজকে এই দিনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রতিজ্ঞা এদেশকে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ হিসেবেই গড়ে তুলব। জাতির পিতার স্বপ্ন পূরণ করব। মানুষের কল্যাণে আমরা কাজ করে যাব। আজকের দিনে জাতির পিতার কাছে এটাই আমাদের অঙ্গীকার।
তিনি বলেন, জাতির পিতা শারীরিকভাবে আমাদের মাঝে নেই। কিন্তু তার যে আকাঙ্ক্ষা, তা আমাদের পূরণ করতে হবে। তার অস্তিত্ব আমাদের রন্ধ্রে রন্ধ্রে আছে। এক সময় তাকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে। কিন্তু মুছে ফেলা যায়নি। সত্যকে ইতিহাস থেকে মুছে ফেলা যায় না।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের জন্য কাজ করে জানিয়ে শেখ হাসিনা বলেন, একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, বাংলাদেশের মানুষ কিছু পেয়েছে।
করোনা ভাইরাস সংকট কাটিয়ে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে আশা প্রকাশ করে তিনি বলেন, করোনা ভাইরাসে দুঃখ-কষ্ট মানুষের আছে। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমাদের ছাত্রলীগ, কৃষক লীগসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা মানুষের পাশে আছে।
আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার কথা উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, আজকের দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য গুরুত্বপূর্ণ ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলার পতন ঘটিয়ে বাংলার স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল, সেই স্বাধীনতার সূর্যকে উদিত করে বাংলাদেশ আওয়ামী লীগ।
তিনি বলেন, পলাশীর প্রান্তরে স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই সূর্য উদিত হয়েছে ১৯৭১ সালে।
বিভিন্ন আন্দোলন সংগ্রামে জীবন দেওয়া নেতাকর্মীদের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী যারা জীবন দিয়েছে আমি তাদের কথা স্মরণ করি। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
করোনা ভাইরাস পরিস্থিতির কারণে মুজিববর্ষ উদযাপন কর্মসূচি সীমিত করার মতো আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনও সীমিত করে অনলাইনে করার কথা জানিয়ে তিনি বলেন, সীমিত আকারে আমরা এটি উদযাপন করছি।
দলটির দীর্ঘ সংগ্রামের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের এই ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে যে অর্জন সেটা হচ্ছে- বাংলাদেশের স্বাধীনতা। জাতি স্বাধীন হিসেবে মর্যাদা পেয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া।
তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য জাতির পিতা রাষ্ট্র পরিচালনার যখন দায়িত্ব পেলেন, যুদ্ধ-বিধ্বস্ত দেশটিকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঠিক সে সময় সেই আরেক মীরজাফর মোশতাক এবং জিয়ার চক্রান্তে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এর মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত হয়ে গেল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলেছেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকেই ভাষা আন্দোলন থেকে শুরু করে সব ধরনের আন্দোলনে কাজ করে গেছে। ১৭৫৭ সালে ২৩ জুন পলাশীর আম্রকাননে সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে যুদ্ধে হেরে যান। সেখানে মীরজাফর আলী খান বেঈমানি করেছিল। তার ফলে কিন্তু এই পতন ঘটে। অর্থাৎ তখন সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা উড়িষ্যাসহ এই অঞ্চলের শাসক। সেই স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল পলাশীর যুদ্ধে আম্রকাননে।
তিনি বলেন, আর ২৩ জুন প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ। আর সেই আওয়ামী লীগ আবার সেই সূর্য উদয় করে। আওয়ামী লীগের সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে।

বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক শুরু

0

৭ দিন বিরতির পর চলমান সংসদের অষ্টম ও বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১ টায় স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়েছে।
১৫ জুন সম্পূরক বিল পাস হওয়ার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৩ জুন পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করেন। করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় এই সংক্ষিপ্ত বাজেট অধিবেশন আরো সংক্ষিপ্ত করা হয়। এজন্য দীর্ঘ এ মুলতবি। ৩০ জুন আগামী অর্থ বছরের বাজেট পাস হবে।
সংসদের চলমান অধিবেশনের কার্যদিবসগুলোয় অংশ নেবেন এমন সদস্যকে নমুনা পরীক্ষার জন্য বলা হয়েছে। এসব এমপি পর্যায়ক্রমে এই অধিবেশনে যোগ দেবেন।
এর আগে সংসদের কর্মরতদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হলেও এমপিদের ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না।

সংকটে মানুষের পাশে দাঁড়ানো আ.লীগের ঐতিহ্য : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দেশের যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। গত সাত দশক ধরে আওয়ামী লীগ সংকটে মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে।
আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শ্রদ্ধা নিবেদন শেষে তার সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন শেষ সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। তার শ্রদ্ধা নিবেদনের পর দলের অঙ্গ-সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শৃদ্ধা নিবেদন করেন। এ সময় তারা সামাজিক দূরত্ব বজায় রাখেন।
১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ। জন্মলগ্নে এই সংগঠনের নাম ছিল ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’। সংগঠনটির প্রথম কমিটিতে মাওলানা ভাসানী সভাপতি ও শামসুল হক সাধারণ সম্পাদক এবং জেলে থাকা অবস্থায় যুগ্ম-সম্পাদক নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান।

আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

0

আজ ২৩ জুন। ১৯৪৯ সালের এই দিনে ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে জন্ম নেয়া দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধসহ সব আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেয়া দলটি এবার পা রাখছে ৭২ বছরে। দীর্ঘ এই পথচলায় এসেছে বাধা-বিপত্তি-দুর্যোগ-দুর্বিপাক।
১৯৪৭ সালে সম্পূর্ণ পৃথক দুটি ভূখণ্ড, স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতির অঞ্চল নিয়ে পাকিস্তান প্রতিষ্ঠার মাত্র ৪ মাস ২০ দিনের মাথায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি তখনকার তরুণ নেতা শেখ মুজিবুর রহমান গঠন করেন সরকারবিরোধী ছাত্র সংগঠন পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় পরের বছর ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার স্বামীবাগে কেএম দাস লেনের রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে গঠন করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। মওলানা আবদুল হামিদ খান ভাসানী সভাপতি, টাঙ্গাইলের শামসুল হক সাধারণ সম্পাদক, শেখ মুজিবুর রহমানকে (কারাবন্দি ছিলেন) যুগ্ম-সাধারণ সম্পাদক করে গঠিত হয় আওয়ামী (মুসলিম) লীগের প্রথম কমিটি।
১৯৫৫ সালে এই দল ধর্মনিরপেক্ষতাকে আদর্শ হিসেবে গ্রহণ করে। দলের নামকরণ হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ।’ মুক্তিযুদ্ধের পর ‘পূর্ব পাকিস্তান’ বাদ গিয়ে দলটি ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামে কার্যক্রম শুরু করে। এ দলের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে বাংলার জনগণকে বাঙালি জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ করে স্বাধিকার আদায়ের জন্য ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করেন। সেই ৬ দফা আন্দোলনের পথ বেয়েই ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭০-এর নির্বাচনে বাঙালির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ ও ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
স্বাধীনতার পর ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর অনেকটা অস্তিত্ব সংকটেই পড়ে আওয়ামী লীগ। এর মধ্যে আবদুল মালেক উকিল-জোহরা তাজউদ্দীনের দৃঢ়তায় সংকট কাটিয়ে উঠতে শুরু করে দলটি। ১৯৮১ সালে দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরতে সক্ষম হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯৬ সালে তার নেতৃত্বেই ২১ বছর পর সরকার গঠন করে আওয়ামী লীগ। ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে আবার সরকার গঠন করে দলটি। এরপর টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

পূর্ব রাজাবাজারে লকডাউনের মেয়াদ বাড়ল আরও ৭ দিন

0

করোনাভাইরাসের কারণে রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
আজ মঙ্গলবার (২৩ জুন) রাজাবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান আতিকুল ইসলাম।
এ সময় মেয়র আতিকুল ইসলাম জানান, ২১ দিন শেষে এই এলাকার বিস্তারিত তুলে ধরবে স্বাস্থ্য অধিদপ্তর।
এ ছাড়া সংক্রামক বর্জ্য ও অন্য বর্জ্য আলাদাভাবে ফেলার আহ্বান জানিয়ে মেয়র বলেন, সংক্রামক বর্জ্য ও অন্য আবর্জনার একসঙ্গে ফেললে সংক্রমণ আরও বাড়বে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান আতিকুল ইসলাম।
সংক্রামক বর্জ্য ফেলার জন্য করোনা আক্রান্ত রোগীদের বাসায় সিটি করপোরেশন বিশেষ ব্যাগ পৌঁছে দেবে বলেও জানান মেয়র। ৭ জুলাইয়ের পর কোনো বাসা-বাড়িতে একসাথে সংক্রামক ও সাধারণ বর্জ্য পেলে ওই বাড়ি থেকে সিটি কর্পোরেশন কোনো বর্জ্য নেবে না বলেও জানান উত্তর সিটি করপোরেশনের মেয়র।
করোনাভাইরাসের সংক্রমণরোধে গত ৯ জুন মধ্যরাত থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় ১৪ দিনের জন্য পরীক্ষামূলক লকডাউন করা হয়। এ এলাকায় করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুরুতে এ এলাকায় ১৪ দিনের জন্য লকডাউন করা হয়। তখন বলা হয়েছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ২১ দিন করা হবে।

খয়রাতি’র জন্য ক্ষমা চেয়েছে আনন্দবাজার

0

কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা একটি প্রতিবেদনে ‘খয়রাতি’ শব্দ ব্যবহার করার জন্য ক্ষমা চেয়েছে।
আজ মঙ্গলবারের (২৩ জুন) পত্রিকায় ‘ভ্রম সংশোধন’ দিয়ে ক্ষমা চায় আনন্দবাজার কর্তৃপক্ষ।
আনন্দবাজার ভ্রম সংশোধন শিরোনামে লিখেছে, ‘লাদাখের পরে ঢাকাকে পাশে টানছে বেজিং’- শীর্ষক খবরে খয়রাতি শব্দের ব্যবহারে অনেক পাঠক আহত হয়েছেন বলে জানিয়েছেন। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত ও নিঃশর্ত ক্ষমাপ্রার্থী।’
গত ২০ জুন আনন্দবাজার পত্রিকায় ‘লাদাখের পরে ঢাকাকে পাশে টানছে বেজিং’- শীর্ষক এক প্রতিবেদনের শুরুতেই ‘বাণিজ্যিক লগ্নি আর খয়রাতির সাহায্য ছড়িয়ে বাংলাদেশকে পাশে পাওয়ার চেষ্টা চীনের নতুন নয়’ বলে লেখা হয়। এ নিয়ে বাংলাদেশের অনেক নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে আনন্দবাজার পত্রিকার নানা সমালোচনা করছেন।
গত ২১ জুন আনন্দবাজার পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি কুদ্দুস আফ্রাদ এই রিপোর্টের প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি স্পষ্ট করে জানাতে চাই, এ রিপোর্ট আমার লেখা নয়। আমি নিজে এ রিপোর্টের প্রতিবাদ জানাচ্ছি। রিপোর্ট নিয়ে বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়ার কথা কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।

সুশান্তের ভক্তদের পাশে সালমান খান

0

সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা নিয়ে চলছে বিতর্ক, অভিযোগ। নেপোটিজম বিতর্কে আরও একবার আলোচনায় উঠে এসেছে, প্রশ্নের মুখে পড়েছেন করণ জোহর, সলমন খানসহ অভিনেতা, পরিচালক ও প্রতিষ্ঠানের নাম।

শুধু সুশান্তের হয়ে তার ভক্তরাই নন, ইন্ডাস্ট্রির মধ্য থেকেও পক্ষপাতিত্বের আঙুল উঠেছে তাদের দিকে। এ বিতর্কের মধ্যেই সালমান একটি টুইট করেছেন তার নিজের ভক্তদের উদ্দেশে। সেখানে নিজের ভক্তদের উদ্দেশ্যে সালমান লিখেছেন, ‘এই সময়ে সুশান্তের ফ্যানদের পাশে থাকুন। ওদের অভিযোগ, অভিশাপ কিংবা কটূক্তিতে কিছু মনে করবেন না, তার পিছনের আবেগটা বুঝতে চেষ্টা করুন। প্রিয়জনকে হারানোর যন্ত্রণা ভয়ঙ্কর, তাই এই মুহূর্তে সুশান্তের ভক্ত ও পরিবারের পাশে থাকার চেষ্টা করুন।’

প্রসঙ্গত, গত সপ্তাহান্ত থেকেই সুশান্তের ফলোয়ার ও ভক্তদের একটি দল রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে। সালমান খান, করণ জোহরের বিরুদ্ধে তদন্তের দাবিতে তাদের কুশপুত্তলিকা ও ছবিও পোড়ায় তারা। সোশ্যাল মিডিয়াতেও নিরন্তর লড়াই চলছে বিভিন্ন পক্ষের। এরই মধ্যে আবার সোশ্যাল মিডিয়ায় উল্লেখযোগ্য ভাবে ফলোয়ার কমে গিয়েছে করণ জোহর, আলিয়া ভাট ও সালমান খানের। সোনম কাপুর তার পাওয়া ‘হেট মেসেজ’-এর স্ক্রিনশট পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। কয়েকজন স্টারকিড আবার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি থেকে বিরত থাকাই শ্রেয় মনে করছেন।

এদিকে, পুলিশ সুশান্তের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে। যশ রাজ ফিল্মসের কনট্র্যাক্ট হাতে এসেছে পুলিশের। তা ছাড়া সুশান্তের চিকিৎসক, প্রেমিকা রিয়া চক্রবর্তীসহ আরও ১৫ জনের বয়ান খতিয়ে দেখা হচ্ছে

জাস্টিন বিবারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

0

যৌন হেনস্থার অভিযোগ উঠল জনপ্রিয় গায়ক জাস্টিন বিবারের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিবার জানিয়েছেন, তিনি এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন।
রিপোর্টে প্রকাশ, ২০১৪ সালে জাস্টিন বিবার নাকি এক মহিলার যৌন হেনস্থা করেছেন। যে অভিযোগ প্রকাশ্যে আসার পরই জোর শোরগোল শুরু হয়ে যায়। এরপরই বিষয়টি নিয়ে মুখ খোলেন বিবার নিজে। সোশ্যাল হ্যান্ডেল ট্যুইটারে একের পর এক ট্যুইট করে ওই মহিলার সমস্ত অভিযোগ নস্যাত করে দেন বিবার।

তিনি বলেন, এই ধরনের অভিযোগ নিয়ে তিনি কখনও মুখ খুলতে চান না। কিন্তু যৌন হেনস্থার বিষয়টি সম্পূর্ণ আলাদা। সেই কারণে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পরই বিষয়টি নিয়ে মুখ খুলবেন বলে মনস্থির করেন বলে জানান বিবার। শুধু তাই নয়, এই অভিযোগকে তিনি কোনওভাবেই হালকাভাবে নিচ্ছেন না। সেই কারণে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন বলে জানান বিবার।

সুশান্তের ম্যানেজার ও ফ্ল্যাট মেট সিদ্ধার্থ পিঠানিকে পুলিশের জেরা

0

আটদিন পরেও সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরটা এখনও মেনে নেওয়া কঠিন তার পরিবার ও অনুরাগীদের কাছে। গোটা দেশ কার্যত শকড এই এই তারকার অকালমৃত্যুতে। ৩৪ বছরেই পাহাড়প্রমাণ খ্যাতি,এত ভক্তের ভালোবাসা, পরিবার, উজ্বল ভবিষ্যত-সবকিছু অচিরেই ছেড়ে কেন আত্মহননের মতো চরম সিদ্ধান্ত সুশান্ত নিলেন বুঝে উঠতে পারছেন না কেউই! এর মধ্যেই সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার মামলায় রবিবার জেরার মুখে পড়ল প্রয়াত অভিনেতার ক্রিয়েটিভ ম্যানেজার তথা ফ্ল্যাট মেইট সিদ্ধার্থ পিঠানি।
১৪ জুন, রোববার সুশান্তের বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। শেষ দশদিনে অভিনেতার সঙ্গে যে সকল মানুষের যোগাযোগ হয়েছে সকলেই জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। গত বৃহস্পতিবার সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে প্রায় দশ ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

পিঙ্কভিলা সূত্রে খবর, রিয়া পুলিশকে নিজের বয়ানে জানিয়েছেন-সিদ্ধার্থ পিঠানির ওই ফ্ল্যাটে থাকা নিয়েই নাকি সুশান্তের সঙ্গে তার মনোমালিন্য হয়েছিল। এর আগেও বান্দ্রা পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে সিদ্ধার্থকে। এর আগেই সিদ্ধার্থ পিঠানি পুলিশকে জানিয়েছিলেন , ৪ মাস সুশান্তের সঙ্গে ছিলেন না তিনি। ২০১৯ সালের অক্টোবর মাসে সুশান্তের সঙ্গে তাঁর পেশাগত সম্পর্ক ছিন্ন হয় তবে চলতি বছর জানুয়ারি মাসে ফের একবার তাঁকে নিজের টিমে সিদ্ধার্থকে শামিল করেন সুশান্ত।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেবে কোনও উল্লেখযোগ্য সূত্র এখনও অধরা পুলিশের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। তবে মেলেনি সুইসাইড নোট। তবে সুশান্ত যে ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন তা নিশ্চিত করেছে পুলিশ।তদন্তে নেমে ইতিমধ্যেই ১৬ জনের বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশ।

সুশান্তের মৃত্যুর পর, গত সোমবার প্রয়াত অভিনেতাকে নিয়ে একটি ইনস্টাগ্রাম পোস্ট লেখেন সিদ্ধার্থ পিঠানি।একটি পুরোনো ছবি পোস্ট করে লেখেন, আমরা অপেক্ষা করছিলাম তোমার হোম টাউনের ফ্লাইট ধরব বলে,তুমি আমাদের নিজের মোবাইলে ভিডিয়ো দেখাচ্ছিলে। স্টেজে তোমার এক লাইভ পারফরম্যান্স থেকে একটা ডকুমেন্ট্রি সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের।তারপর একটা ক্রিকেট ম্যাচ। একজন ভাই, বন্ধু,শিক্ষক এবং মেন্টর।আমি নিশ্চিত তুমি কোথাউ একটা আছো ওই অ্যানড্রোমিডা ছায়াপথটার আশেপাশে। এই মহাবিশ্বের পথে তোমার জার্নিটা শুভ হোক। তোমার আত্মার শান্তি কামনা করি সুশান্ত স্যার, বুড্ডা মিস ইউ’।