Home Blog Page 2863

সানিয়ার সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন শোয়েব

0

ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক উঁচু তারে বাঁধা। যদিও দুই দেশের এই সম্পর্কের চাপানো তোড় কোনো সমস্যা করেনি সানিয়া মির্জা-শোয়েব মালিকের বিয়েতে। ২০০৮ সালে সানিয়ার সঙ্গে শোয়েবের বিয়ে হয় হায়দরাবাদে। ভারতীয় টেনিস তারকার সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারের এই বিয়ে নিয়ে অবশ্য কম আলোচনা হয়নি।

এতদিন পরে সানিয়াকে বিয়ের প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন শোয়েব। তিনি জানান, সঙ্গী কোন জায়গার, দুই দেশের সঙ্গে সম্পর্ক কেমন- এই সব বিষয়গুলোর সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই। আপনি যখন কোনো মানুষকে বিয়ে করেন কিংবা ভালোবাসেন, তখন সেটাই সবচেয়ে বড় হয়ে যায়।

এ দিকে পাঁচ মাস দেখা হয়নি বউ-বাচ্চার সঙ্গে! তবে এরই মধ্যে বিশেষ অনুমতি পেয়ে গেছেন শোয়েব মালিক। পাকিস্তান সুপার লিগ (পিসিএল) খেলার জন্য শোয়েব মালিক ছিলেন পাকিস্তানে। কিন্তু ১৭ মার্চ থেকে পিসিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। অপর দিকে সেই সময় সানিয়া মির্জা ছিলেন ভারতে।

লকডাউনের জেরে তিনিও আর পাকিস্তানে ফিরতে পারেননি। আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি থাকায় সানিয়া ও ছেলে ইজহানের সঙ্গে দীর্ঘদিন দেখা হয়নি শোয়েব মালিকের। পিসিবি থেকে মালিককে বিশেষ অনুমতি দেওয়ায় কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন।

করোনা : আরও ৫ জেলার ১২ এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

0

করোনাভাইরাসের (কোভিড-১৯) অতি ঝুঁকিতে থাকা দেশের আরও ৫ জেলার ১২ এলাকাকে রেড জোন হিসেবে তালিকাভুক্ত করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া,নরসিংদী ও কুষ্টিয়ার ১২টি রেড জোন অঞ্চলে সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জারি করেছে।

এর আগে গতকাল মধ্যরাতে চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুরের ২৭টি রেড জোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জারি হয়।
আদেশে বলা হয়, রেড জোন ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে। এই ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত থাকবে।
এছাড়া রেড জোন ঘোষিত এলাকায় অবস্থিত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে।
সাধারণ ছুটি চলাকালে এসব এলাকার লোকজনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির বাইরে থাকবে বলে আদেশে বলা হয়েছে।
আদেশ অনুযায়ী এসব এলাকায় ২১ জুন থেকে বিভিন্ন মেয়াদে সাধারণ ছুটি থাকবে। কোন কোন রেড জোনে কোন ২১ দিন সাধারণ ছুটি থাকবে আদেশে তাও নির্ধারণ করে দেয়া হয়েছে।

স্বর্ণের বাজার চড়া, প্রতি ভরি ৭০ হাজার টাকা

0

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণে দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
প্রতি ভরি স্বর্ণে পাঁচ হাজার ৭১৫ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাজুস। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৬৯ হাজার ৮৬৭ টাকা।
সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। আগামীকাল মঙ্গলবার থেকে স্বর্ণের নতুন দর কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে দেশের বাজারেও বাড়ছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী ২২ ক্যারেট প্রতি প্রাম স্বর্ণের মূল্য পাঁচ হাজার ৯৯০ টাকা, ২১ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৫৭ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য চার হাজার ৯৭০ টাকা, সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য চার হাজার ৮৫ টাকা, ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) প্রতি গ্রাম রুপার মূল্য ৮০ টাকা।
সোমবার আন্তর্জাতিক বাজারে লেনদেনের শুরুতেই প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ১৭৫২ ডলারে ওঠেছে। এতে সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ৫৮ শতাংশ এবং মাসের ব্যবধানে ১ দশমিক ৩৪ শতাংশ বাড়ল স্বর্ণের দাম। আর বছরের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে ২৩ দশমিক ৪৮ শতাংশ। গত বছরের শেষের দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১৪৫৪ ডলার। এরপর করোনাভাইরাসের প্রকোপের মধ্যে ফেব্রুয়ারিতে ১৬৬০ ডলারে উঠে যায়।

প্যাকেজ ঋণ বিতরণে তদারকি বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

0

করোনার প্রাদুর্ভাবের ক্ষতি কাটিয়ে উঠতে কটেজ, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দিতে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এই প্যাকেজের আওতায় উদ্যোক্তারা ৪ শতাংশ সুদে ঋণ পাবেন। কিন্তু নানা জটিলতায় বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ বিতরণ করছে না। তাই ঋণ বিতরণ বৃদ্ধির জন্য তদারকী বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তদারকি বাড়ানোর উদ্দেশ্যে মাসিকভিত্তির পরিবর্তে পাক্ষিকভিত্তিতে ঋণ বিতরণের তথ্য জানাতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সিএমএসএমই খাতে প্রনোদনা প্যাকেজের ঋণ বিতরণে আশানুরুপ গতি আনতে সক্ষম হয়নি। তাই সার্বক্ষনিক তদারকীর স্বার্থে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ তদারকী আরও জোরদার করা আবশ্যক। এ জন্য এই প্যাকেজের ঋণ বিতরণ সংক্রান্ত তথ্য প্রতিমাসের পরিবর্তে পাক্ষিকভিত্তিতে পরবর্তী ৫ দিনের মধ্যে জানাতে হবে। অর্থাৎ প্রথম পাক্ষিকের তথ্য সংশ্লিষ্ট মাসের ২০ তারিখের মধ্যে এবং দ্বিতীয় পাক্ষিকের তথ্য পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে জানাতে হবে।
উল্লেখ্য, করোনা মোকাবেলায় উদ্যোক্তাদের সহায়তা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ২০ হাজার কোটি টাকার প্যাকেজের ১০ হাজার কোটি পূন:অর্থাযন করবে কেন্দ্রীয় ব্যাংক। এই প্যাকেজ থেকে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তারা ৪ শতাংশ সুদে ঋণ পাবেন। তবে ব্যাংক সুদ পাবে ৯ শতাংশ। বাকী ৫ শতাংশ সুদ সরকার ভর্তৃকী দেবে। উদ্যোক্তারা অভিযোগ করে আসছেন, কাগজপত্রসহ নানা জটিলতায় আবেদন করে তারা ঋণ পাচ্ছেন না। বাণিজ্যিক ব্যাংকের এমডিরা স্বীকার করেছেন বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে ঋণ দিতে দেরি হচ্ছে।

অনুমোদনহীন টিআরপি সরকারের কাছে গ্রহণযোগ্য নয় : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘অনুমোদনহীন টিআরপি সরকারের কাছে গ্রহণযোগ্য নয়, এক্ষেত্রে একটি শৃঙ্খলা অবশ্যই আনতে হবে।’
সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এখন কে কাকে টিআরপি দেয়, সেটি আমাদের জানা নেই। টিআরপি যারা করছে তারা কোথা থেকে অনুমতি নিয়েছে, কে তাদেরকে লাইসেন্স দিয়েছে সেটি অনেকের প্রশ্ন। কারণ বাংলাদেশে টিআরপি নির্ধারণের জন্য সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান নেই।’
‘আগে যেমন ক্যাবল নেটওয়ার্কে টিভি চ্যানেলের সিরিয়াল সামনের দিকে রাখার জন্য, এমনকি টিভি চ্যানেল যাতে বিভিন্ন এলাকায় দেখা যায়, সেজন্যও নানা ধরণের অশুভ প্রতিযোগিতা ছিল, অনৈতিকতার আশ্রয় নেয়া হতো, সেটি আমরা বন্ধ করেছি’ উল্লেখ করেন ড. হাছান।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা জানতে পেরেছি, অনুমোদনহীন প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানগুলো টিআরপি নির্ধারণ করে, সেখানেও অশুভ, অসুস্থ প্রতিযোগিতা হয়, যা কোনোভাবেই কাম্য নয়।’
ভারত, শ্রীলংকা এবং ইউরোপের দেশগুলোতে টিআরপি কিভাবে নির্ধারণ হয় সরকার তা পরীক্ষা-নিরীক্ষা করছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সবচেয়ে বড় টেলিভিশন শিল্পের দেশ ভারতে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি সংস্থা আছে সেই সংস্থা টিআরপি ঠিক করে দেয়।
তথ্যমন্ত্রী আরও জানান, ‘এ বিষয়ে অ্যাটকো (অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স), ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার এবং অন্যান্য অংশীজন যারা আছে, তাদের সাথে আলোচনা করে আমরা এখানে অবশ্যই খুব সহসা একটি শৃঙ্খলা নিয়ে আসা হবে।’
এ সময় অবৈধ ও অনৈতিক ওয়েবসিরিজের বিষয়ে বলতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, ওয়েবসিরিজ, সিনেমা বা যে কোনো কিছু নির্মাণ ও প্রচার করার ক্ষেত্রে আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের দিকে অবশ্যই খেয়াল রাখতে হয়। আমাদের একটি কৃষ্টি এবং সংস্কৃতি আছে, আমাদের সমাজের একটি মূল্যবোধ আছে। এটি অনেক সময় অনেকে মাথায় রাখেন না।
বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে হবে এ দোহাই দিয়ে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে অবজ্ঞা করে কোনো কিছু করা কখনোই সমীচীন নয়, আইনানুযায়ীও সেটি দণ্ডনীয় অপরাধ, বলেন ড. হাছান।

দ্বিতীয়বার পরীক্ষাতেও করোনা পজিটিভ সারওয়ার আলম

0

দ্বিতীয়বার নমুনা পরীক্ষার ফলাফলেও করোনা পজিটিভ এসেছে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের। এদিকে তার শারীরিক অবস্থারও কিছুটা অবনতি হয়েছে। সোমবার (২২ জুন) গণমাধ্যমকে জানান, শরীরে ব্যথা, কাশি থাকলেও জ্বর বা শ্বাসকষ্ট নেই। এ সময় তিনি দেশের মানুষের কাছে দোয়া চান।

সারওয়ার আলম বলেন, গত বৃহস্পতিবার আবারও করোনার ফলাফল পজেটিভ এসেছে। এ নিয়ে দ্বিতীয় টেস্টেও পজেটিভ এলো। শরীরে ব্যথা, কাশি আছে। তবে জ্বর বা শ্বাসকষ্ট নেই।

সন্তানরা কেমন আছে জানতে চাইলে তিনি বলেন, ওরা এখন পর্যন্ত ভালো আছে।

এ সময় সারওয়ার তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া চান। গত ১২ জুন রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয় র‌্যাবের এই কর্মকর্তার। তবে পরদিন সকালে সেটি ঠিক হয়ে যায়।

গত ৬ জুন রাতে করোনা শনাক্তের বিষয়ে জানতে পারেন সারওয়ার আলম। এরপর থেকে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তার আগে সারওয়ারের স্ত্রী সানজিদা লিন্ডা করোনা আক্রান্ত হন। তবে সম্প্রতি তিনি সুস্থ হয়ে উঠেছেন।

মাশরাফীর আপাতত কোন সমস্যা নেই: প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

0

নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার শারীরিক অবস্থার অবনতি হয়নি। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, সাবেক অধিনায়ক মাশরাফীর আপাতত কোন সমস্যা নেই।

এদিনে স্বাস্থ্যের অবস্থা ভালো আছে বলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজেও জানিয়েছেন ম্যাশ। তবে সামান্য শ্বাসকষ্ট থাকায়, রেগুলার চেকআপের জন্য তাকে নেয়া হতে পারে হাসপাতালে। সেখানে একটি এক্সরে করার কথাও রয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কের।

করোনায় আক্রান্ত মাশরাফি! এ নিয়ে একটা অজানা আতঙ্ক গ্রাস করে প্রতিনিয়ত। ভয়ে গা শিউরে উঠে অপয়া কোন কিছুর শঙ্কায়! মনের অজান্তেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা চলে যায় লক্ষ্য কোটি ভক্তের। দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরুক টাইগার ক্রিকেটের বরপুত্র।

হাটুর সাতটি সার্জারিও ম্যাশকে দমাতে পারেনি ২২ গজ থেকে। বজ্র কঠিন মনোবলে সকল প্রতিবন্ধকতা ঠেলে তিনি ফিরেছেন ভোরের সূর্য হয়ে। তবে আলোক উজ্জল ঝলমলে আকাশে হঠাৎই মেঘের আনাগোনা। ভালো নেই প্রিয় কাপ্তান, এমন গুঞ্জন ঢেকে দিতে চায় সোনালী রোদ্দুর।

মাশরাফির দমযন্ত্র কেমন কাজ করছে, মুলত এটা জানার জন্যই হাসপাতাল ভাবনা। চিকিৎসকের পরামর্শে সেটা নিতান্তই একটা রেগুলার চেকআপ। খুব বেশি হলে হতে পারে একটি এক্সরে। এমনটাই খবর ঘনিষ্ট সুত্রের। আর এখানেই মেলে কানাঘুসার ডালপালা।

কোভিড নামের ক্ষুদ্র অনুজীব ম্যাশের দেহে বাসা বেধে খুব একটা সুবিধা করতে পারেনি। বরং শুরুর দিনের চেয়ে এখন আরো ভালো অনুভব করছেন তিনি। ১০১ থাকা জ্বর নেমে গেছে ৯৯ ডিগ্রিতে। তবে সাবধানতা তার পুরোনো শত্রু শ্বাসকষ্ট নিয়ে।

ভারতীয় মিডিয়ায় ‘খয়রাতি’ শব্দের ব্যবহার ছোট মানসিকতার পরিচয়

0

ভারতের সঙ্গে যখন চীনের দোটানা তুঙ্গে তখনই বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য বিনা শুল্কে রফতানির সুযোগ দেয় চীন। তবে চীনের দেয়া এমন সুবিধাকে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে ‘খয়রাতি’ উল্লেখ করে যে খবর প্রকাশ করা হয়েছে, সেটা ‘ছোট মানসিকতার পরিচয়’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, এটা খয়রাতি নয়। তাছাড়া এই বিষয়ে ভারত সরকার কোনো কিছু বলেনি। তবে দেশটির কয়েকটি পত্রিকা আপত্তিকর ভাষায় মন্তব্য করেছে। তারা এমন শব্দ ব্যবহার করেছে যা কোনোভাবেই ব্যবহার করা উচিত নয়।

তিনি বলেন, এ বিষয়ে ভারতীয় কয়েকটি পত্রিকার প্রতিবেদন আমাদের নজরে এসেছে। চীনের দেয়া সুবিধা সম্পর্কে যে শব্দের ব্যবহার তারা করেছে তা একেবারেই অগ্রহণযোগ্য। তবে এর বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে চাই না বলেও জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন যে সুবিধা দিয়েছে তা আমাদের কূটনৈতিক সম্পর্কের দীর্ঘদিনের ফসল। অনেকদিন ধরেই আমরা এই সুবিধা চীনের কাছে চেয়ে আসছিলাম।

ড. মোমেন বলেন, আমরা চীন এমনকি প্রতিবেশী ভারতের কাছেও এ ধরনের সুবিধা চেয়েছি। চীন খুবই উপযুক্ত সময়ে অন্যান্য এলডিসিভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশকে এই সুবিধা দিয়েছে। চীনের সাথে আমাদের বাণিজ্যিক ঘাটতি অত্যন্ত বেশি। আশা করি আট হাজারের বেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা সেই ঘাটতি কিছুটা হলেও কমিয়ে আনবে।

উল্লেখ্য, এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টে চিনে ৩০৯৫টি বাংলাদেশ পণ্য শুল্কমুক্ত। এবার নতুন করে ছাড় দেওয়ায় চীনে শুল্কহীন হল ৮২৫৬টি বাংলাদেশি পণ্য। চীন সরকার জানিয়েছে, স্বল্পোন্নত দেশের আর্থিক উন্নয়নে সুবিধা দেওয়া হয়েছে। তবে শুল্ক ছাড় ছাড়াও বাংলাদেশে বিনিয়োগও বাড়িয়েছে চীন।

মাসখানেক আগে কোভিড-১৯ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আলোচনার কথাও এক প্রকার আফসোসের সুরে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমটি।

সরকার আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে: স্বাস্থ্য মন্ত্রী

0

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সোমবার বলেছেন, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে সরকার আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দেবে।
তিনি বলেন, ‘করোনায় আক্রান্তের হার এভাবে বৃদ্ধি পেতে থাকলে আরও দুই হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেয়া হবে। পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের কাজও বর্তমানে চলমান রয়েছে। করোনা পরিস্থিতি আগামীতে যেরকম হবে সরকার সেভাবেই বুঝেশুনে পদক্ষেপ নেবে।’
চীন থেকে আগত ১০ জন প্রতিনিধিকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, চীন করোনা ভ্যাকসিন নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের কাজে অগ্রগতিও অনেক। এই ভ্যাকসিন আবিষ্কার হলে সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে পাঠাবে বলে চীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। চীনের আক্রান্ত সময়ে বাংলাদেশ যেভাবে পাশে ছিল চীন সরকার সেই উদারতার প্রেক্ষিতে বাংলাদেশের জন্য সবার আগে সহায়তার হাত বাড়িয়ে দেবে।
প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, কোভিড-১৯ প্রতিরোধে বাংলাদেশের কাজে চীনা দল সন্তুষ্ট হয়েছে, তবে কভিড মোকাবিলায় আরও কিছু জায়গায় উন্নতি করার সুযোগ রয়েছে বলেও প্রতিনিধি দল সরকারকে জানিয়েছে। ‘আমরাও সামনের দিনগুলোতে চিহ্নিত জায়গাগুলো নিয়ে আরও কাজ করবো।’
কীট প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘চাহিদা অনুযায়ী পরিমানে কীট পাওয়া যাচ্ছে না। কারণ বর্তমান বিশ্বের সব দেশেই কীটের চাহিদা রয়েছে। তবে যা মজুদ আছে তাতে ঘাটতি হওয়ার কথা না। কোনো কারণে সংকট তৈরি হলেও তা খুব দ্রুতই মেটানোর ব্যবস্থা সরকারের হাতে নেয়া রয়েছে। কাজেই কীট নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই।’
করোনায় যে হারে প্রতিদিন রোগী বৃদ্ধি পাচ্ছে তাতে মানুষ অধিক সচেতন না হলে সব হাসপাতাল করোনা রোগীতে পরিপূর্ণ হয়ে যাবে। একারণে করোনা মোকাবিলায় দেশের মানুষকে আরও বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে। পাশাপাশি কোরোনা মোকাবিলায় স্বাস্থ্যখাতে বাজেট আরও বাড়ানো প্রয়োজন বলেও স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন।
অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত লি জিমিং ভ্যাকসিন আবিষ্কার হলে তা সবার আগে বাংলাদেশ পাবে বলে নিশ্চিত করে বক্তব্য দেন।
ব্রিফিংকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, চীন থেকে আগত প্রতিনিধি, স্বাস্থ্যখাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসসিসির গুরুত্বপূর্ণ তিন পদে রদবদল

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশল বিভাগের তিনটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে।
সোমবার ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এই অফিস আদেশটি জারি করা হয়৷

অফিস আদেশ মতে, পরিবেশ জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুন্সি মোহাম্মদ আবুল হাসেমকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) সিভিল সার্কেলে বদলি করা হয়েছে।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) সিভিল সার্কেলের কাজী মো বোরহান উদ্দিনকে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল এবং নিজ দায়িত্বসহ তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর/যান্ত্রিক), বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত দায়িত্বে বদলি করা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল এবং নিজ দায়িত্বসহ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে থাকা খাইরুল বাকেরকে পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) দায়িত্ব দেয়া হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি হওয়া অফিস আদেশে ‘বদলি হওয়া কর্মকর্তারা কোনো প্রকল্পের দায়িত্ব বা অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত থাকলে তা বহাল থাকবে’ বলে উল্লেখ করা হয়।