Home Blog Page 2864

আইনমন্ত্রীর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ

0

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং বাসা থেকে সব দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য এবং বেশ কয়েকজন সংসদ সদস্যের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসার প্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক তার করোনা পরীক্ষা করার আগ্রহ প্রকাশ করেন। এরপর রোববার (২১ জুন) সকালে আইসিডিডিআরবি করোনা পরীক্ষার জন্য তার কাছ থেকে নমুনা সংগ্রহ করে এবং রাতেই তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানিয়ে দেয়।

করোনা পরীক্ষার নেগেটিভ ফল আসায় আইনমন্ত্রী আল্লাহর নিকট শুকরিয়া প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবমুখী ও সাহসী বিভিন্ন পদক্ষেপে বাংলাদেশের জনগণ চলমান করোনা পরিস্থিতি মোকাবিলা করে আবারও দেশের উন্নয়নের গতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে।

মানবিক কাজে বাধা দেওয়া আওয়ামী লীগের নীতি নয় : কাদের

0

বিএনপিকে ত্রাণ কাজে বাধা দেয়া হচ্ছে-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, কোথায় কে বাধা দিয়েছে আপনারা স্পষ্ট করুন, তথ্য-প্রমাণ দিন। অভিযোগ সত্য হলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। মানবিক কাজে বাধা প্রদান আওয়ামী লীগের নীতি নয়।
আজ সোমবার (২২ জুন) জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সরকার নতুন করে করোনার উচ্চঝুঁকি বিবেচনায় বেশ কিছু জেলা ও সিটি করপোরেশনের সুনির্দিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ সকল এলাকায় সর্বসাধারণকে কঠোরভাবে সরকারি নির্দেশনা প্রতি পালনের আহ্বান জানাচ্ছি। অনুরোধ করছি, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার।
তিনি বলেন, সরকার নানা সীমাবদ্ধতা সত্ত্বেও টেস্টিং ক্যাপাসিটি এবং চিকিৎসার সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। ইতোমধ্যে ৬০টির অধিক কেন্দ্রে টেস্ট করা হচ্ছে যদিও আমাদের আরও টেস্ট সেন্টার বাড়ানো প্রয়োজন। চিকিৎসা সরঞ্জাম, সুরক্ষাসামগ্রীসহ অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। (তবে) যত প্রস্তুতিই নেয়া হোক না কেন; বিশ্বব্যাপী আজ একটি অভিন্ন কথাই বিশেষজ্ঞরা বলছেন-সেটি হলো নিজের সুরক্ষা। করোনা প্রতিরোধের সবচেয়ে সেরা কৌশল হিসেবে নিজেকে সচেতন রাখতে হবে, সুরক্ষা দিতে হবে। তাই আসুন, কার্যকর প্রতিরোধ ব্যবস্থা হিসেবে আমরা সুরক্ষার প্রাচীর গড়ে তুলি, নির্মাণ করি সচেতনতার দুর্গ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আপনারা জানেন, বাংলাদেশ সফররত চীনা বিশেষজ্ঞ দলটি সরকারের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর দায়িত্ব পালনের প্রশংসা করেছেন। নমুনা পরীক্ষা কম হচ্ছে বলে তারা মত প্রকাশ করার পাশাপাশি জনগণের সচেতনতার অভাবের কথা বলেছেন। আমি আবারো সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। মনে রাখবেন, এক সেকেন্ডের অবহেলা, হাত ধোয়ার ২০ সেকেন্ডের অলসতা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
দেশবাসীকে উদ্দেশ করে তিনি বলেন, লক্ষণ দেখা দিলে গোপন করবেন না। নিকটস্থ কেন্দ্রে পরীক্ষা করান। অনেকে লক্ষণ গোপন করে স্বাভাবিক চলাফেরার কারণে ভাইরাস ছড়িয়ে পড়ছে সর্বত্র। দয়া করে সবার স্বার্থে ঝুঁকি নেবেন না। অনেকে ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে পাওয়া প্রেসক্রিপশন ফলো করে ভয়ানক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। প্রয়োজনে হটলাইনে যোগাযোগ করুন, টেলিমেডিসিন সেবা গ্রহণ করুন। অযথা সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসা ফলো করবেন না। আপনার সমস্যা অন্যের সঙ্গে না-ও মিলতে পারে। এতে আপনি ঝুঁকিতে পড়বেন।
সেতুমন্ত্রী বলেন, সরকার সারাদেশের বিশেষ করে জেলা পর্যায়ে হাসপাতালে আইসিইউসহ জরুরি সেবা সম্প্রসারণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের উদ্যোগ নিয়েছে। সরকারের পাশাপাশি এ সংকটকালে বেসরকারি উদ্যোগও যোগ করতে পারে নতুন মাত্রা। সামর্থ্যবানরা যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সেভাবে চিকিৎসা কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সহায়তা দিতে পারেন।
এর আগে ওবায়দুল কাদের নোয়াখালীতে স্থাপিত কোভিড-১৯ হাসপাতালের জন্য ব্যক্তিগত তহবিল থেকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মো. আবদুল হামিদের কাছে দুটি আইসিইউ-ভেন্টিলেটর হস্তান্তর করেন।

পুলিশই জনগণের কাছে সেবা নিয়ে যাবে : আইজিপি

0

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশি সহায়তা পেতে জনগণকে এখন পুলিশের কাছে আসতে হয়। এমন একটি ব্যবস্থা চালু করতে চাই, যাতে জনগণকে পুলিশের কাছে আসতে না হয় বরং পুলিশই জনগণের কাছে সেবা নিয়ে যাবে।
রবিবার (২১ জুন) রাতে সারাদেশের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি কথা বলেন।
পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সন্ধ্যার পর সিএমপি, কেএমপি, আরএমপি, বিএমপি, রংপুর মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল রেঞ্জ, স্পেশাল ব্রাঞ্চ, সিআইডি, র‌্যাব পিবিআই, রেলওয়ে, টুরিস্ট, হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সদর দফতর থেকে ভিডিও কনফারেন্স করেন আইজিপি।
করোনাকালে পুলিশের সেবার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘করোনার সময় জনগণকে আমাদের কাছে আসতে হয়নি। আমরা জনগণের কাছে গিয়েছি। তাদের পাশে থেকেছি। তাদের করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে গিয়ে নিজেরা আক্রান্ত হয়েছি। জীবন বিলিয়ে দিয়েছি। তাদের বাসায় খাবার পৌঁছে দিয়েছি। যাতায়াতের ব্যবস্থা করেছি। তাদের ধান কাটার ব্যবস্থা করেছি। করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির আপনজনরা যখন কাছে আসেনি তখন আমরা তার দাফন এবং সৎকারের ব্যবস্থা করেছি। এটা আমাদের দায়িত্ব ছিল না, কিন্তু আমরা মানবিক দায়িত্ববোধ থেকে কাজটি করেছি।’
এ সময় তিনি বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশকে জনগণের কাছে নিয়ে যেতে ইউনিট প্রধানদের নির্দেশনা দেন। আইজিপি বলেন, ‘আমাদের দেশের প্রতিটি ইউনিয়নকে একেকটি বিটে ভাগ করে প্রতিটি বিটের দায়িত্বে একজন পুলিশ কর্মকর্তাকে নিয়োজিত করা হবে। ওই কর্মকর্তা নিয়মিত ওই ইউনিয়নের মানুষের সুযোগ-সুবিধা, সমস্যা ইত্যাদির খোঁজখবর করবেন। প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। তাৎক্ষণিকভাবে তাদের সমস্যার সমাধান করবেন এবং কাঙ্ক্ষিত সেবা দেবেন।’
ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে বিট পুলিশিংয়ের সাফল্য উল্লেখ করে আইজিপি বলেন, এসব এলাকায় বিট পুলিশিং সফল হয়েছে। আমরা সারাদেশে বিট পুলিশিং চালু করতে চাই, মানুষের কাছে যেতে চাই, মানুষের হৃদয় জয় করতে চাই।
আইজিপি বলেন, প্রধানমন্ত্রী এ অনবদ্য ভূমিকার জন্য পুলিশকে অভিনন্দন জানিয়েছেন। দেশবাসী অকুণ্ঠচিত্তে পুলিশের প্রশংসা করছেন। দেশের জ্ঞানী গুণী ব্যক্তিরা আমাদের পক্ষে কলম ধরেছেন। আমরা মানুষের মনে স্থান করে নিতে পেরেছি।
তিনি বলেন, ‘চাকরিরত অবস্থায় কোনো পুলিশ সদস্যের মৃত্যু হলে বা কঠিন রোগে আক্রান্ত হলে তাকে ও তার পরিবারকে আর্থিক প্রণোদনা দেওয়া হয়। আমরা চাকরিরত অবস্থায়ই পুলিশ কর্মকর্তা ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে চাই। তাদের সন্তানদের লেখাপড়া, চিকিৎসাসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে চাই, যাতে তারা নির্বিঘ্নে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে পারেন।’
প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ পুলিশকেও উন্নত দেশের উপযোগী পুলিশ হিসেবে তৈরি হতে হবে।

করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৮০

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৫০২ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৪৮০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জন।
আজ সোমবার (২২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ২৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫৫৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৬ লাখ ২৭ হাজার ৭১৯টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৪৮০ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মারা গেলেন ১ হাজার ৫০২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬৭৮ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৬ হাজার ৭৫৫ জন।
ডা. নাসিমা সুলতানা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বুলেটিনে।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৪ লাখ ৭১ হাজার প্রায়। তবে সাড়ে ৪৮ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

নিজের ও পরিবারের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তথ্যমন্ত্রীর

0

মানুষের মধ্যে অসচেতনতার কারণে করোনা সংক্রমণের হার বাড়ছে বলে জানিয়ে নিজের ও পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ সোমবার (২২ জুন) আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি’র আয়োজনে অনলাইনে কোভিড-১৯ বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ দ্বিতীয় পর্যায়ের কর্মশালায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে অনেক মানুষ আক্রান্ত হয়েছে সত্য; তবে আল্লাহ’র রহমতে, সরকারের আন্তরিক প্রচেষ্টায় এবং সবার সম্মিলিত প্রচেষ্ঠায় মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ থেকে ১ দশমিক ৩৬ শতাংশের মধ্যে ওঠানামা করছে। মৃত্যুর হারে অনেক দেশের তুলনায় আমরা ভালো অবস্থানে আছি। তবে আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন।’
অসচেতনতার কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে উল্লেখ করে তথ‌্যমন্ত্রী বলেন, ‘আমি যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি আমাকে অন্য কেউ সুরক্ষা দিতে পারবে না। আমার কাছে আমার পরিবারের সুরক্ষা জড়িত। সুতরাং এটি মাথায় রাখতে হবে। সবাইকে সচেতনভাবে জীবনযাপন করতে হবে।’
জনগণের জন্য কাজ করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনা আক্রান্ত এবং মৃত্যুবরণ করছে উল্লেখ করে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা, জনপ্রতিনিধিরা শুরু থেকে জনগণের পাশে ছিলেন, আছেন। সারাদেশে দলের ত্রাণ কমিটির পক্ষ থেকে স্বাস্থ্যসামগ্রী, ত্রাণ বিতরণ করা হচ্ছে। এই কাজ অন্যকোনো দল করেনি। ’
সরকার জীবন বাঁচানোর পাশাপাশি জীবিকা রক্ষার জন্য সীমিত আকারে সব খুলে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইউরোপের মৃত্যুর মিছিল না থামলেও জীবিকা রক্ষায় সবকিছু খুলে দেওয়া হয়েছে। আমেরিকায়ও খুলে দেওয়া হয়েছে। যেখানে খুলে দেওয়া হয়নি সেখানে বিক্ষোভ হচ্ছে। জীবন ও জীবিকা রক্ষার মধ্যে সমন্বয় রক্ষায় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার পাশে থাকতে হবে, তাকে সহযোগিতা করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন অংশ নেন। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
অনুষ্ঠানটি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে।

করোনাযুদ্ধে জয়ী হলেন ৫ হাজারের বেশি পুলিশ সদস্য

0

জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে করোনায় আক্রান্ত হওয়া ৫ হাজার ১৩৩ পুলিশ সদস্য সুস্থ হয়ে অনেকেই কর্মস্থলে যোগদান করেছেন। তদের মধ্যে কয়েকজন বাড়ি ফিরেছেন।
আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, রবিবার পর্যন্ত পুলিশের ৩০ জন গর্বিত সদস্য করোনাযুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জীবন উৎসর্গ করেছেন। তাদের মৃত্যুতে সহকর্মী হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশ সেবার দৃপ্ত শপথ বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে পুলিশ।
রবিবার পর্যন্ত সারাদেশে প্রায় ৮ হাজার পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোতে উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবায় সুস্থতার হার দ্রুততার সাথে বাড়ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রামণ ঝুঁকি কমাতে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরণের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রƒষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সকল পুলিশ হাসপাতালে উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশ আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি সুস্থতার হারও দ্রুততার সাথে বাড়ছে।
মাঠ পর্যায়ের প্রধান অগ্রসেনানী পুলিশের করোনাযুদ্ধে অনেক ঘাত-প্রতিঘাত মোকাবেলা করতে হচ্ছে। তবুও একবিন্দু দমে না গিয়ে শক্ত মনোবল আর পূর্ণ উদ্যমে এগিয়ে চলছে পুলিশ।
পুলিশ সর্বদাই জনগণের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

করোনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

0

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শেখ ফরিদ উদ্দিন সোয়াদ।
আজ সোমবার সকা‌লে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শেখ ফরিদ উদ্দিন সোয়াদ ২০১০ ব্যাচে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন । মৃত্যুর আগে রাজধানির মিরপুরের বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা সিদ্দিকুর রহমান সুমন এ তথ্য নিশ্চিত করে জানান, শেখ ফরিদ উদ্দিন সোয়াদের করোনা পজিটিভ ছিল।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, যুগ্ম পরিচালক ফরিদ উদ্দিন আজ সকালে হলি ফ্যামিলি হাসপাতালে মারা গেছেন। তবে উনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা এটি আমি নিশ্চিত নই। তার ডেথ সার্টিফিকেট পেলে এটি জানানো যাবে।
সোয়াদের পারিবারিক সূত্র জানায়, গত ১২ জুন করোনা উপসর্গ দেখা দেয় সোয়াদের। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুন তাকে হলি ফ্যামিলি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। ১৮ জুন তাকে প্লাজমাও দেওয়া হয়েছিল।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার বছ‌রের এক ছেলে সন্তান রেখে গেছেন।

একদিন করোনা থাকবে না, তখনও এমন সেবা দেবে পুলিশ

0

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, করোনার সময় জনগণকে আমাদের কাছে আসতে হয়নি। আমরা জনগণের কাছে গিয়েছি, তাদের পাশে থেকেছি, তাদের করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে গিয়ে নিজেরা আক্রান্ত হয়েছি, জীবন বিলিয়ে দিয়েছি। একদিন করোনা থাকবে না, তখনও মানুষের আস্থা, ভালোবাসা ধরে রাখার জন্য আমাদের নিরন্তর প্রয়াস অব্যাহত থাকবে।
রবিবার রাতে পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সদরদপ্তর থেকে ভিডিও কনফারেন্সে বিভিন্ন নির্দেশনা প্রদানকালে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, এমন একটি ব্যবস্থা চালু করতে চাই, যাতে জনগণকে পুলিশের কাছে আসতে না হয়, বরং পুলিশই জনগণের কাছে সেবা নিয়ে যাবে।
আইজিপি বলেন, আমাদের দেশের প্রতিটি ইউনিয়নকে একেকটি বিটে ভাগ করে প্রতিটি বিটের দায়িত্বে একজন পুলিশ কর্মকর্তা‌কে নি‌য়োজিত করা হবে। তিনি নিয়মিত ওই ইউনিয়নের মানুষের সুযোগ-সুবিধা, সমস্যা ইত্যাদির খোঁজ রাখবেন, প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ করবেন, তাদের মতামত জানবেন। তাৎক্ষণিকভাবে তাদের সমস্যার সমাধান করবেন এবং কাঙ্ক্ষিত সেবা দেবেন।
বর্তমান করোনাকালে পুলিশের সেবার কথা উল্লেখ করে আইজিপি বলেন, করোনার সময় জনগণকে আমাদের কাছে আসতে হয়নি। আমরা জনগণের কাছে গিয়েছি, তাদের পাশে থেকেছি, তাদের করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে গিয়ে নিজেরা আক্রান্ত হয়েছি, জীবন বিলিয়ে দিয়েছি। তাদের বাসায় খাবার পৌঁছে দিয়েছি, যাতায়াতের ব্যবস্থা করেছি, তাদের ধান কাটার ব্যবস্থা করেছি, করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির আপনজনরা যখন কাছে আসেনি তখন আমরা তার দাফন এবং সৎকারের ব্যবস্থা করেছি।
এসব আমাদের দায়িত্ব ছিল না, কিন্তু আমরা মানবিক দায়িত্ববোধ থেকে কাজটি করেছি। প্রধানমন্ত্রী এ ভূমিকার জন্য আমাদের অভিনন্দন জানিয়েছেন। দেশবাসী আমাদের প্রশংসা করছেন। দেশের জ্ঞানী গুণী ব্যক্তিরা আমাদের পক্ষে কলম ধরেছেন। আমরা মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিতে পেরেছি।
আইজিপি বলেন, মানুষকে সর্বোচ্চ সেবা দিতে, তাদের কল্যাণ নিশ্চিত করতে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তা ও ফোর্সেরও সার্বিক কল্যাণ নিশ্চিত করা হবে। বর্তমানে কোনো পুলিশ সদস্য চাকরিরত অবস্থায় নিহত হলে অথবা কঠিন রোগে আক্রান্ত হলে তাকে ও তার পরিবারকে আর্থিক প্রণোদনা দেওয়া হয়। আমরা চাকরিরত অবস্থায়ই পুলিশ কর্মকর্তা ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে চাই। তাদের সন্তানদের লেখাপড়া, চিকিৎসাসহ অন্য সুবিধা নিশ্চিত করতে চাই, যাতে তারা নির্বিঘ্নে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে পারেন।

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

0

শারীরিকভাবে সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। গতকাল রোববার রাতে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ঢাকাস্থ মিন্টো রোডের বাসায় ফেরেন তিনি।
এরআগে গত ১২ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু। পরের দিন ১৩ জুন রাতে মন্ত্রী ও তার স্ত্রী সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হন।
এছাড়া মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন।

ওয়াসার বিল ২৫ শতাংশ বৃদ্ধির ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

0

আগামী ১০ আগস্ট পর্যন্ত ওয়াসার বিল ২৫ শতাংশ বৃদ্ধির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।
আজ সোমবার (২২ জুন) সকালে এক রিটের শুনানিতে এই আদেশ দেন বিচারপতি ইনায়েতুর রহিম এর হাইকোর্ট ভার্চুয়াল বেঞ্চ।
আদালতে ওয়াসার পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মাহবুবে আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক ও রিটকারী আইনজীবী তানভীর আহমেদ।
এর আগে গত ১৫ জুন ওয়াসার পানির দাম ২৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ জনস্বার্থে রিটটি দায়ের করেন।
রিটকারী আইনজীবী তানভীর আহমেদ করোনা পরিস্থিতি ওয়াসার বিল বৃদ্ধির অযৌক্তিকতা তুলে ধরেন। তিনি বলেন, আর্থিক ভোগান্তির মধ্যে এটি মড়ার ওপর খাঁড়ার ঘা।
পরে তানভীর আহমেদ বলেন, আবেদনটির শুনানি শেষে ওয়াসা কর্তৃপক্ষের বর্ধিত যে ২৫ ভাগ বিল, সেটার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন ১০ আগস্ট পর্যন্ত।
২৫ শতাংশ বাড়ানো ওই দামের ওপর নিষেধাজ্ঞা চেয়ে ১৫ জুন এ আবেদন করেন আইনজীবী মো. তানভীর আহমেদ।
আবেদনে স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, ঢাকা ওয়াসা, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
স্থানীয় সরকার বিভাগ থেকে গত ২৬ ফেব্রুয়ারি পানির দাম বাড়িয়ে একটি অফিস আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহ করা প্রতি এক হাজার লিটার পানির দাম ১১ টাকা ৫৭ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা ৪৬ পয়সা করা হয়েছে।
এছাড়া বাণিজ্যিক সংযোগে প্রতি হাজার লিটার পানির দাম ৩৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে।