Home Blog Page 2866

সশরীরে ত্রাণকার্যে না যেতে ক্রিকেটারদের পরামর্শ বিসিবির

0

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ মনে করে, ক্রিকেটারদের জন্য একটি নির্দেশিকা প্রণয়নের এটিই সেরা সময়। তারা যেন সশরীরে ত্রাণ কাজে অংশ না নেয়। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী মনে করেন তিন ক্রিকেটার বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনায় আক্রান্ত হওয়ার পর এখন এই নির্দেশিকা প্রণয়ন অনিবার্য হয়ে পড়েছে।

সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। এরপর ওই ভাইরাসে আক্রান্ত হন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। ২০১৮ সালে জাতীয় দল থেকে ছিটকে পড়া অপু ফের দলে ফেরার চেষ্টায় আছেন। মাশরাফি জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে গেলেও অবসর গ্রহণ করেননি। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ওয়ানডে খেলায় অংশগ্রহণের ইচ্ছা এখনো আছে।

দেবাশিষ চৌধুরী আজ সাংবাদিকদের বলেন, ‘খেলোয়াড়দের প্রতি একমাত্র অনুরোধ তারা যেন ঘরেই থাকেন। নিতান্ত প্রয়োজন ছাড়া যেন বের না হন। মাশরাফির বিষয়টি সম্পুর্ণ আলাদা। তিনি শুধু খেলোয়াড় নন। একজন সম্মানিত সংসদ সদস্যও। তাই আইনপ্রণেতা হিসেবে নিজের এলাকায় তাকে ত্রাণ কার্যক্রমে অংশ নিতে হয়। কিন্তু অন্যান্য ক্রিকেটারদের ক্ষেত্রে সশরীরে গিয়ে ত্রাণ বিতরণের প্রয়োজন নেই।’

মানবিক কারণে অবশ্যই করোনাকালীন সময়ে সাহায্য সহযোগিতা করা যাবে। তবে সেটা সশরীরে নয়, বলে উল্লেখ করেন ডা. দেবাশিষ। তিনি বলেন, ‘মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটাররা মানুষকে সহায়তা করছেন। সশরীরে না গিয়ে ভিন্ন মাধ্যমে তারা এই মানবিক কাজ করছেন।’

করোনায় আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত নাজমুল ইসলাম অপু ও নাফিস ইকবাল নিজেরাই ত্রাণকার্যে অংশ নিয়েছেন। ফলে জাতীয় ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালের এই বড় ভাই সহ তার মা ও পরিবারের অন্য সদস্যরাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে অপুর বাবা-মা ও করোনায় আক্রান্ত হয়েছেন।

দেবাশিষ বলেন, ‘ক্রিকেটারদের ত্রাণ বিতরণ নিয়ে বিসিবির গাইডলাইন প্রণয়নের সময় এসে গেছে। মানুষকে সহায়তা করা মানবিক কাজ। স্বাভাবিক ভাবেই ক্রিকেটাররা তা করবে। তবে এ বিষয়ে বিসিবির কোনো নির্দেশিকা নেই। এখন সেটি করতে হবে। আশি ভাগ কোভিড আক্রান্ত মানুষ ঘরে চিকিৎসা নিয়েই ভাল হচ্ছে। বাকী ২০ ভাগ আশংকাজনক অবস্থায় হাসপাতালে যাচ্ছে। তাই খুব বেশি আতংকিত হওয়ার কিছু নেই। ঘরে অবস্থান করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

এক ম্যাচে খেলবে তিন দল : ক্রিকেটের অদ্ভুত ফরম্যাট অনুমতি পেল না

0

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে বিশ্ব ক্রিকেট থমকে আছে। তবে আগামী মাসে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আবারো ক্রিকেট ফিরছে। কিন্তু ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই ক্রিকেটকে মাঠে ফেরানোর নকশা করে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। আগামী ২৭ জুন স্বল্প পরিসরে অদ্ভুত এক টুর্নামেন্টের মাধ্যমে এই প্রত্যাবর্তনের নকশা তৈরি করা হয়। তবে করোনা পরিস্থিতির কারণে এখনই কোনো ধরণের ক্রিকেট শুরুর অনুমতি দেয়নি প্রোটিয়া সরকার।

এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানায়, ‘সলিডারিটি কাপ আয়োজনের জন্য কাজ করে যাচ্ছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, থ্রিটি ক্রিকেট এবং ব্রডকাস্টার সুপারস্পোর্ট। কিন্তু ও টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দেয়নি দক্ষিণ আফ্রিকা সরকার। এজন্য বাধ্যতামূলক স্থগিত করতে হলো তিন দলের এই টুর্নামেন্টটি।’

করোনার কারণে দর্শকশূন্য মাঠেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘সলিডারিটি কাপ’ নামের এই পরীক্ষামূলক তিন দলীয় ক্রিকেট ম্যাচ। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে তিন দলীয় ফরম্যাটের টুর্নামেন্টটি চ্যারিটি হিসেবে বিবেচিত হয়েছিল। ম্যাচগুলো থেকে প্রাপ্ত অর্থ করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ব্যয় করা হতো।

৩৬ ওভারের ম্যাচকে দুই ভাগে ভাগ করে খেলার নিয়ম। তিন দলে ৮ জন করে খেলোয়াড় খেলতে পারবে। প্রতি দল একে অন্যের বিপক্ষে ব্যাট করবে ১২ ওভার। রানের সংখ্যার এগিয়ে থাকা দলকে স্বর্ণ পদক, এরপর রৌপ্য এবং ব্রোঞ্জ পদক দেওয়া হবে পুরস্কার হিসেবে। এমনকী তিন দলের খেলোয়াড়দের নামও প্রকাশ করেছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছিল এবি ডি ভিলিয়ার্স, বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক কুইন্টন ডি কক ও পেসার কাগিসো রাবাদাকে।

কটরেলকে খোঁচা মারার জবাব পেলেন গম্ভীর

0

খোঁচাখুঁচিতে গৌতম গম্ভীরের জুড়ি মেলা ভার। একমাত্র পাকিস্তানের শহিত আফ্রিদির সঙ্গে তার তুলনা চলে। আফ্রিদি করোনা আক্রান্ত হওয়ায় আপাতত দুজনের ঝগড়া বন্ধ আছে। তবে গত ডিসেম্বরে ক্যারিবীয় পেসার শেলডন কটরেলকে নিয়ে মন্তব্য করার জবাব এতদিন পর তাকে শুনতে হলো। আইপিএলের নিলামে বাঁ-হাতি এই ক্যারিবিয়ানকে ৮.৫ কোটি রুপিতে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। কটরেলকে কেন নেওয়া হলো- তা নিয়ে খোঁচা মেরেছিলেন গম্ভীর।

আসলে কটরেলের ওপর ভরসা ছিল পাঞ্জাবের ডিরেক্টর অনিল কুম্বলের। সেই কারণেই কটরেলকে নেয় পাঞ্জাব। কিন্তু এর পরই প্রশ্ন উঠতে থাকে পাঞ্জাবের স্ট্র্যাটেজি নিয়ে। কটরেলের জন্য এত অর্থ ব্যয় করা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে শুরু হয় আলোচনা। এ বিষয়ে তখন গম্ভীর বলেছিলেন, ‘আমার মনে হয় হতাশা থেকেই অনিল কুম্বলে কটরেলকে নিয়েছিল। কারণ সে ক্রিস মরিস বা প্যাট কামিন্সকে পায়নি। যখন চাহিদা বেশি কিন্তু যোগান কম, তখন এমন ধরনের ঘটনা ঘটে।’

গম্ভীরের মতে, মরিস বা কামিন্সের মতো পেসারদের না পেয়েই কটরেলকে নিয়েছিল পাঞ্জাব। ভারতের সাবেক ওপেনারের মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে কটরেল বলেছেন, ‘গম্ভীর কি সত্যিই এটা বলেছে? আমি জানতাম না এই ব্যাপারে। আমার পারফরম্যান্সই আমার হয়ে কথা বলে। জানি না গম্ভীর কেন এমন কথা বলল…। কিংস ইলেভেন পাঞ্জাবের সদস্য হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি মনে করি, আইপিএলে যেকোনো দলের কাছেই আমি মূল্যবান।’

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

0

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৪৬০ কোটি ৯ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। করোনার মধ্যেও সম্পূর্ণ সরকারি অর্থায়নে এ প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।
আজ রবিবার (২১ জুন) বর্তমান সরকারের ৩৩তম একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। একনেক সভার সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনে এ সভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রী, সচিবরা সভায় অংশ নেন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, আমরা আজ একনেক সভা ভার্চুয়ালি করেছি। প্রধানমন্ত্রী ও আমি ছিলাম গণভবনে। আমাদের এনইসি ভবনে সংশ্লিষ্ট মন্ত্রী, সচিবরা ছিলেন। আমরা মোট ১০টি প্রকল্প একনেক সভায় পেশ করেছিলাম। সবই পাস হয়েছে। আজকে পাস হয়েছে ৯ হাজার ৪৬০ কোটি ৯ লাখ টাকা। এটি আনন্দের ব্যাপার আপনাদের জন্য, আমাদের জন্যও। সব টাকাই আমাদের নিজস্ব টাকা। কোনো ধারদেনা, তথাকথিত সহায়তা- এগুলো কিছুই নেই।
একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত)’ প্রকল্প; পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘মনু নদীর ভাঙন থেকে মৌলভীবাজার জেলার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলা রক্ষা’ প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প যথাক্রমে ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩’ প্রকল্প; ‘বৃহত্তর পটুয়াখালী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (পটুয়াখালী ও বরগুনা জেলা) (২য় সংশোধিত)’ প্রকল্প এবং ‘হাওড় অঞ্চলে টেকসই পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়ন’ প্রকল্প; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জামালপুর জেলা কারাগার পুনঃনির্মাণ’ প্রকল্প; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ২টি প্রকল্প যথাক্রমে ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (চট্টগ্রাম জোন) (১ম সংশোধিত)’ প্রকল্প এবং ‘টেকেরহাট-গোপালগঞ্জ (হরিদাসপুর)-মোল্লাহাট (ঘোনাপাড়া) আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প; রেলপথ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ রেলওয়ের ১০০টি মিটার গেজ যাত্রীবাহী ক্যারেজ পুনর্বাসন (২য় পর্যায়)’ প্রকল্প এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘বিএএফও বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ, যশোর (৩য় সংশোধিত)’ প্রকল্পটি ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেয়া হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

উন্নয়নের ধারা বজায় রাখতে প্রচেষ্টা চালাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার করোনা ভাইরাসের মধ্যেও উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।
প্রধানমন্ত্রী বলেন, আমরা জানি করোনা ভাইরাসের কারণে আমাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে। তার পরও অন্ততপক্ষে আমরা চেষ্টা করে যাচ্ছি যে, ধারবাহিকতটা বজায় রেখে উন্নয়নের মূল গতিটা ধরে রাখার। যে কারণে আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’
আজ রবিবার সকালে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির (একনেক) নিয়মিত সভার প্রারম্ভিক ভাষণে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভার সঙ্গে সংযুক্ত হন।
প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপার্সন শেখ হাসিনা সংক্ষিপ্ত ভাষণে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশবাসীর স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর ও পুনরায় গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দেশবাসীকে আমি এই অনুরোধ করবো যে, সবাই স্বাস্থ্যবিধিটা মেনে চলবেন। কারণ, জীবন চলতে থাকবে, এটি স্থবির থাকতে পারে না। তার পরও স্বাস্থ্যবিধিটা মেনে চলার জন্য সবাইকে আমি আহ্বান জানাব।’
প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বেই আজ এই সমস্যাটা চলছে। কাজেই এর হাত থেকে মুক্তি পেয়ে মানুষ যাতে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেটাই আমরা চাই।’
তার সরকারের মন্ত্রিপরিষদ সদস্য, সাবেক ও বর্তমান সাংসদসহ দেশে এবং প্রবাসে করোনা ভাইরাসের কারণে মৃত্যুবরণকারী বাংলাদেশীদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি এবং এর কবল থেকে সকলের মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
তিনি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে আমরা আমাদের মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্যসহ দেশে ও প্রবাসে অনেককে হারিয়েছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি, তিনি যেন আমাদেরকে এই করোনাভাইরাস থেকে মুক্তি দেন।’

মহাখালী ডিএনসিসি মার্কেটে আইসোলেশন সেন্টার পরিচালনা করবে সশস্ত্রবাহিনী

0

করোনা আক্রান্ত সাধারণ রোগীদের চিকিৎসার জন্য সশস্ত্র বাহিনী মহাখালির ছয়তলা বিশিষ্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মার্কেটে এক হাজার শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন সেন্টার পরিচালনা করবে।
ডিএনসিসি মার্কেটের গ্রাউন্ড ফ্লোর হতে পাচ তলা পর্যন্ত এই আইসোলেশন সেন্টারটি সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের সহায়তায় পরিচালিত হবে।
বিভিন্ন হাসপাতাল হতে রেফার হয়ে আসা করোনা পজেটিভ সাধারণ রোগীদের (মাইল্ড কেসেস) এই আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেয়া হবে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ভর্তিকৃত রোগীর অবস্থার অবনতি অথবা উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে নিকটস্থ বিশেষায়িত হাসাপাতালে স্থানান্তর করা হবে। ডিএনসিসির মেয়র এই হাসপাতালের কর্মকান্ড তত্ত্বাবধান করবেন। সেনাবাহিনীর এক জন ব্রিগেডিয়ার জেনারেল পদবীর কর্মকর্তা এ প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। এই আইসোলেশন সেন্টারের সু-ব্যবস্থাপনা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী ডাক্তার, স্বাস্থ্য সেবাকর্মী, এবং প্রশাসনিক কর্মকর্তার সমন্বয়ে একটি কোরগ্রুপ নিয়োগ করবে। আইসোলেশন সেন্টারটি পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও স্বাস্থ্য সেবাকর্মী স্বাস্থ্য অধিদপ্তর হতে নিয়োগ প্রদান করা হবে। সেন্টারের প্রশাসনিক ব্যবস্থা ও সার্বিক নিরাপত্তা সশস্ত্র বাহিনী নিশ্চিত করবে। পর্যায়ক্রমে এই আইসোলেশন সেন্টার চালু করার প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত গ্রহণ করা হচ্ছে।
ডিএনসিসি মার্কেটের ৬ষ্ঠ তলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৫০টি আইসিইউ বেডসহ ৩০০ শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হচ্ছে। এই হাসপাতাল হতে প্রয়োজনে সশস্ত্র বাহিনী পরিচালিত আইসোলেশন সেন্টারে প্যাথলজিক ল্যাব ও আইসিইউ সহায়তা প্রদান করা হবে।

করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৫৩১

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৪৬৪ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৫৩১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১২ হাজার ৩০৬ জন।
আজ রবিবার (২১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭১০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫৮৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৬ লাখ ১২ হাজার ১৬৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৫৩১ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১২ হাজার ৩০৬ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৯ জন। এ নিয়ে মোট মারা গেলেন ১ হাজার ৪৬৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৪ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৫ হাজার ৭৭ জন।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের পুরুষ ৩৫ জন এবং নারী ৪ জন। তাদের মধ্যে ০ থেকে ১০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের একজন, ত্রিশোর্ধ্ব ছয়জন, চল্লিশোর্ধ্ব ১২ জন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন, ষাটোর্ধ্ব চারজন, সত্তরোর্ধ্ব দুজন এবং ৮০ বছরের বেশি বয়সী একজন রয়েছেন। ৩৩ জন মারা গেছেন হাসপাতালে এবং ছয়জন বাসায়। এদের ১৬ জন ঢাকা বিভাগে, ১১ জন চট্টগ্রাম বিভাগে, চারজন খুলনা বিভাগে, দুজন রাজশাহী বিভাগে, চারজন বরিশাল বিভাগে এবং একজন করে রংপুর ও সিলেট বিভাগে মারা গেছেন।
রবিবারের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ৬৬ শতাংশ। আর এ পর্যন্ত রোগী শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে আরও ৬৩১ জনকে এবং এ পর্যন্ত আইসোলেশনে নেয়া হয়েছে ১৯ হাজার ৮১৪ জনকে। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৫৬ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন সাত হাজার ৬২৪ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১২ হাজার ১৯০ জন।
গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে দুই হাজার ৮১৯ জনকে এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে তিন লাখ ৩৯ হাজার ৫৮৩ জনকে। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ১৩২ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মোট ছাড় পেয়েছেন দুই লাখ ৭৬ হাজার ৩৭১ জন। বর্তমানে হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৩ হাজার ২০৫ জন।
বুলেটিনে ডা. নাসিমা সুলতানা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৯ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার। তবে সাড়ে ৪৭ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

0

মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসের এ পরিস্থিতিতে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, জীবন চলতে থাকবে, জীবন স্থবির থাকতে পারে না। তার পরও সবাইকে স্বাস্থ্যবিধিটা একটু মেনে চলার আহ্বান জানাচ্ছি।
আজ রবিবার গণভবনে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
এ সময় প্রধানমন্ত্রী বৈঠকে অংশগ্রহণকারী মন্ত্রী ও কর্মকর্তাদের উদ্দেশে বলেন, করোনাভাইরাসের কারণে আমাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে। কিন্তু তার পরও আমরা চেষ্টা করে যাচ্ছি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে। যতটুকু সম্ভব উন্নয়নের গতিটা ধরে রাখার চেষ্টা করছে সরকার।
তিনি বলেন, করোনার কারণে ইতোমধ্যে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যসহ অনেককে হারিয়েছি। দেশবাসীর কাছে এটুকু বলব, আসুন সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন এ মহামারী থেকে আমাদের মুক্তি দেন। এটি শুধু বাংলাদেশ বলে নয়, বিশ্বব্যাপী সমস্যা। মানুষ যেন করোনা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেটিই আমরা চাই।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয় একদিনে ৩ হাজার ২৪০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৩৭ জন। সব মিলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ আট হাজার ৭৭৫ জন। মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৪২৫ জনে। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪৩ হাজার ৯৯৩ জন।

অনুমাননির্ভর ওষুধ ও অক্সিজেন মজুদ করবেন না : কাদের

0

করোনার এ উদ্বেগের সময় অনুমাননির্ভর ওষুধ মজুদ না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এটি অপ্রয়োজনীয় এবং হিতে বিপরীত হতে পারে। চিকিৎসকদের পরামর্শ ছাড়া অক্সিজেন ব্যবহার ভয়ঙ্কর হতে পারে।
আজ রবিবার (২১ জুন) জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সিলিন্ডার মজুদ করে রেখে দেয়ার ফলে মৃত্যুপথযাত্রী রোগী অক্সিজেন থেকে বঞ্চিত হচ্ছেন। সলিন্ডার মজুদ করার মতো স্বার্থপর ভাবনার চেয়ে করোনা প্রতিরোধে সবার মনোনিবেশ করা উচিত।
করোনা টেস্ট করতে এবং রিপোর্ট পেতে মানুষ হয়রানির শিকার হচ্ছেন আবার কাউকে কাউকে দীর্ঘ অপেক্ষায় পড়তে হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের সমন্বয় বৃদ্ধির মাধ্যমে নমুনা গ্রহণ ও স্বল্পসময়ে রিপোর্ট প্রদানের কার্যকর ব্যবস্থা নিতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কিছু বেসরকারি হাসপাতাল কোভিড রোগীদের সেবায় প্রশংসনীয় কাজ করলেও এখনো অনেক হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পাওয়া যাচ্ছে। অন্যান্য রোগের চিকিৎসাও ঠিকমতো হচ্ছে না বলেও রিপোর্ট আছে। হাসপাতাল মালিক, চিকিৎসক ও সংশ্লিষ্টদের এ কঠিন সময়ে ব্যবসার চাইতে মানবিকতাকে ঊর্ধ্বে স্থান দেয়ার আহ্বান জানান মন্ত্রী।
করোনায় অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবীসহ বিশিষ্ট ব্যক্তিরা প্রাণ হারিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা অধিক সংখক মৃত্যুবরণ করেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশ ও জাতির এই কঠিন সময়ে আওয়ামী লীগই ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, দেশের যে কোনো সংকটে মাটি ও মানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাহসী সৈনিক, মুজিবাদর্শের যোদ্ধারা শেখ হাসিনার নির্দেশে ঝাঁপিয়ে পড়ে আর্ত-মানবতার সেবায় এবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
করোনার এ সংকটে মিডিয়া তথা গণমাধ্যমকর্মীদের বেতন-ভাতা অব্যাহত রাখার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

আজ থেকে সোনার বাংলা ও উপকূল এক্সপ্রেস বন্ধ

0

করোনা পরিস্থিতি বিবেচনা করে যাত্রী নিরাপত্তায় চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস এবং নোয়াখালী-ঢাকা রুটের উপকূল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন চলাচল আজ রবিবার (২১ জুন) থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে।
বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক ট্রাফিক ট্রান্সপোর্টেশন কালিকান্ত ঘোষ স্বাক্ষরিত নোটিশে জানানো হয়েছে, করোনাকালীন চলাচলরত আন্তঃনগর উপকূল এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে ট্রেন দুটি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া করোনা আতঙ্কে রেলের যাত্রী চলাচল আগের তুলনায় কমে এসেছে। এসব বিষয় বিবেচনা করেই দুটি ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
নোটিশে বলা হয়, ঢাকা-নোয়াখালী রুটে চলাচলকারী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ২০ তারিখ ঢাকা থেকে ওয়ার্ক করার পর আজ লাকসাম থেকে ঢাকা আসে। এর পর ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আর ঢাকা- চট্টগ্রাম রুটে চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি শনিবার সর্বশেষ ওয়ার্ক করার পর, আজ থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শুরু হয় ট্রেন চলাচল। বর্তমানে বিভিন্ন রুটে চলাচল করছে মোট ১৯ জোড়া যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন। করোনার কারণে শারীরিক দূরত্ব বজায় রাখতে রেলের অর্ধেক টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে।