Home Blog Page 2868

ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়া অপু এবার করোনায় আক্রান্ত

0

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন জাতীয় দলের তারকা স্পিনার নাজমুল ইসলাম অপু। সরকারি ছুটিতে কাজ হারিয়ে বিপদে পড়ে যাওয়া শ্রমজীবী মানুষকে খাবার পৌঁছে দিয়েছেন এই ক্রিকেটার। তার নিজ হাতে খাবার প্যাকেট করার দৃশ্য সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছিল। সেই নাজমুল ইসলাম অপু এবার করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু তিনি নন, তার বাবা-মাও এই ভাইরাসে আক্রান্ত।

তিনি বলেন, ‘গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলাম। ওখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। বুধবার করোনা পরীক্ষা করিয়েছি। আজ দুপুরেই রেজাল্ট পেয়েছি। পজিটিভ এসেছে। এখন বাসায় আলাদা রুমে আছি।’

বাংলাদেশের ক্রিকেটে ‘নাগিন নাচ’ এর জন্য বিখ্যাত হয়ে আছেন অপু। যদিও তার এই নাচ নেচে ক্রিকেটবিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিলেন মুশফিকুর রহিম। সেই অপু করোনা সংক্রমণের মাঝে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। ত্রাণ নিয়ে ছুটছেন মানুষের দ্বারে দ্বারে। তার ত্রাণ ব্যবস্থাপনার ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছিলেন তামিম ইকবাল। যিনি নিজেও অপুর এই কার্যক্রমে আর্থিক অনুদান দিয়েছেন।

তামিম লিখেছিলেন, ‘নারায়ণগঞ্জে করোনার এই ক্রান্তিকাল শুরুর সময় থেকেই অপু নিরলসভাবে কাজ করে চলেছে। নিজে যতটুকু পেরেছে ও অন্যদের সহায়তা নিয়ে দিনের পর দিন দুঃস্থদের খাদ্য সহায়তা দিয়ে চলেছে। আমি সাধ্যমতো চেষ্টা করেছি ওকে সহায়তা করার। আরও অনেকে করেছেন। এই প্রবল দুর্যোগের সময় দেশজুড়ে আরও অসংখ্য মানুষ এভাবে অসহায়দের পাশে দাঁড়িয়েছে আজ। অপুর যে দিকটি আমার খুব ভালো লেগেছে, সে উদ্যোগ নিয়েছে তো বটেই, নিজেই সবকিছু জোগাড় করে, মেপে, প্যাকেট করে, মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছে। একবার-দুবার নয়, বারবার….।’

মালিঙ্গাকে ছাড়া অনুশীলন শুরু করছে শ্রীলঙ্কা

0

টি-টোয়েন্টি দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গাকে ছাড়াই দ্বিতীয় দফায় আবাসিক অনুশীলন ক্যাম্প শুরু করতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগামী ২২ জুন থেকে ক্যান্ডির পাল্লেকেল্লেতে শুরু হবে ২৪ ক্রিকেটারের আবাসিক অনুশীলন ক্যাম্প। এ ব্যাপারে শ্রীলঙ্কার প্রধান কোচ মিকি আর্থার বলেন, ‘করোনাভাইরাসের পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসার পর যাতে জাতীয় দল সেরা প্রস্তুতি নিয়ে তৈরি থাকতে পারে, সে জন্যই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।’

আবাসিক অনুশীলন ক্যাম্পে মালিঙ্গার না থাকার ব্যাপারে কিছুই জানায়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বা কোচ আর্থার। ২৪ সদস্যের ক্রিকেট দলের খেলোয়াড়দের সাথে আরও থাকবে ৬ সদস্যের কোচিং স্টাফ এবং অন্যান্য সাপোর্ট স্টাফরা। এর আগে, চলতি মাসের শুরুতে কলম্বোয় প্রথম একটি ক্যাম্পের আয়োজন করেছিল শ্রীলঙ্কা। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি ও সরকারী দিক-নির্দেশনা মেনেই আয়োজন করা হয় ক্যাম্পটি। প্রথম ক্যাম্পের সকল নিয়মকে অনুসরণ করে পাল্লেকেল্লেতে হবে দ্বিতীয় ক্যাম্পটি।

এ মাসের শেষের দিকে ভারতের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিলো শ্রীলঙ্কার। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শ্রীলঙ্কা সফরে না যাবার সিদ্বান্ত নিয়েছে। আগামী মাসে শ্রীলঙ্কা সফরের কথা বাংলাদেশ দলের। কিন্তু বাংলাদেশ সফরও অনিশ্চিয়তার দোলাচলে দুলছে। সম্ভাবনা নেই বললেই চলে।

দ্বিতীয় দফায় আবাসিক অনুশীলন ক্যাম্পের শ্রীলঙ্কা স্কোয়াড :
দিমুথ করুনারত্নে, দিনেশ চান্ডিমাল, লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথুজ, থিসারা পেরেরা, দানুষ্কা গুনাতিলকা, কুশল পেরেরা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমাল, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, দাসুন শানাকা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ, ইসুরু উদানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লক্ষ্মণ সান্দাকান, লাসিথ এম্বুলদেনিয়ে, ওসাদা ফার্নান্দো, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস ও ভানুকা রাজাপাকসে।

ভবিষ্যতে চীনের স্পনসর না আনার প্রতিশ্রুতি বিসিসিআইয়ের

0

সম্প্রতি লাদাখে ভারত-চীন সীমান্তে দুই দেশের নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ হয়। এতে ২০ জন ভারতীয় সৈনিক নিহত হয়। চীনের সৈনিকও মারা গেছে। এই সংঘর্ষের ফলে চাইনিজ পণ্য ব্যবহার ও বন্ধের ঘোষণা দিয়েছে ভারতীয়রা। এদিকে, এই ঘটনায় আগামী সপ্তাহে জরুরি বৈঠক ডেকেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ গভর্নিং কাউন্সিল। কারণ আইপিএল টাইটেল স্পন্সর চাইনিজ স্মার্টফোনভিত্তিক প্রতিষ্ঠান ভিভো।

ভিভোর সাথে ২০২২ সালের ৩১ জুলাই পর্যন্ত চুক্তি রয়েছে আইপিএলের। ২০১৮ সালে দুই হাজার একশত নয় কোটি রুপির বিনিময়ে পাঁচ বছরের জন্য আইপিএলের টাইটেল স্পন্সর কিনে নেয় চাইনিজ প্রতিষ্ঠান ভিভো। সংঘর্ষের ঘটনার পর এই স্পন্সরশিপ বাতিল করার জন্য বিসিসিআইকে অনুরোধ করেছে ক্রিকেটপ্রেমীরা। এই নিয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম গরম করে ফেলেছে। তাই আগামী সপ্তাহে জরুরি বৈঠকে কথা জানান বিসিসিআইয়ের কোষাধাক্ষ অরুণ ধুমাল।

তিনি বলেন, ‘আমাদের ভবিষ্যত যেকোনো চুক্তির ক্ষেত্রে আমরা দেশ ও মানুষের মনের কথাকে বিশেষ গুরুত্ব দেব। দেশের জনগনের মতো আমরাও চাইনিজ পণ্য বয়কটের ব্যাপারে একমত। বিসিসিআই এখন থেকে চীনের পরিবের্ত ভারতীয় কম্পানিগুলোর দিকে নজর দেবে। ভবিষ্যতে কোনো চাইনিজ প্রতিষ্ঠানের সাথে কোনো চুক্তিতে যাবে না বিসিসিআই। তবে বর্তমানে ভিভোর সাথে যে চুক্তি রয়েছে তা আপাতত ভাঙ্গা যাবে না।’

সেলফি পোস্ট করে সবাইকে আশ্বস্ত করলেন মাশরাফি

0

বাংলাদেশে ভয়াবহ রূপ ধারণ করেছে করোনাভাইরাসের সংক্রমণ। মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে আরও আগেই। করোনা হানা দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনেও। ইতোমধ্যেই সাবেক ওপেনার নাফিস ইকবাল ও তার পরিবার এবং বরেণ্য অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা করোনায় আক্রান্ত হয়েছেন। ম্যাশের করোনা আক্রান্তের খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। প্রিয় অধিনায়কের জন্য ভক্তরা প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যায়।

অবশেষে মাশরাফি নিজেই আজ সন্ধ্যায় সোশ্যাল সাইটে সেলফি পোস্ট করে সবাইকে আশ্বস্ত করেন। সেইসঙ্গে তিনি লিখেন, ‘আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।’

উল্লেখ্য, গত ১৫ জুন মাশরাফির শাশুড়ি হোসনে আরা ও শ্যালিকা রিপার মেয়ে আগামীর করোনা পজিটিভ হওয়ার খবর এসেছিল। তাঁরাও বর্তমানে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবালও করোনায় আক্রান্ত। তিনি একা নন, স্ত্রী-সন্তান এবং তার মা-ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

করোনা নিয়ন্ত্রণে এলেই এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী

0

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শনিবার বিকেলে ভার্চুয়াল মাধ্যমে শিক্ষকদের অনলাইনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা-ভর্তি এক বিশাল কর্মযজ্ঞ। এর সঙ্গে জড়িত বিশাল সংখ্যক মানুষের স্বাস্থ্যকে তো আমরা ঝুঁকির মুখে ফেলতে পারি না। কাজেই এ মুহূর্তে কোনোভাবেই আমরা বলতে পারছি না যে এইচএসসি পরীক্ষা কবে নাগাদ নেওয়া সম্ভব। যখন আমাদের এ পরীক্ষা নেওয়ার মতো স্বাস্থ্য ঝুঁকিবিহীন পরিবেশ তৈরি হবে, আমরা তখনই কেবল পরীক্ষাটি নিতে পারব।

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের কলেজে ভর্তি নিয়ে উদ্বিগ্ন না হতে আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, যারা এসএসসি পরীক্ষায় পাস করেছে কলেজে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছে তাদের অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি বলব যে এ নিয়ে একেবারেই উদ্বিগ্ন হবে না।

অনলাইনে শিক্ষা নিতে এবং পাঠদান করাতে শিক্ষক-শিক্ষার্থীদের যাতে ইন্টারনেট খরচ নিয়ে ভোগান্তিতে পড়তে না হয় সে বিষয়টি নিয়ে আমরা চিন্তাভাবনা করছি উল্লেখ করে তিনি আরো বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের স্বল্পমূল্যে বা বিনামূল্যে ইন্টারনেট সেবা দিতে মোবাইল কম্পানিগুলোর সাথে আলোচনা চলছে বলে জানান তিনি।

১৫ এমপি ও ৯৪ সংসদ কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত

0

জাতীয় সংসদের ১৫ জন সংসদ সদস্য ও ৯৪ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, সংসদ সচিবালয়ের উদ্যোগে প্রতিদিনই কর্মকর্তা-কর্মচারীদের করোনা টেস্ট করা হচ্ছে। এতে এখন পর্যন্ত সর্বমোট ৯৪ কর্মকর্তা-কর্মচারীর কভিড-১৯ শনাক্ত হয়েছে। এদের মধ্যে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংসদ ভবনের কর্মকর্তা-কর্মচারীরাও রয়েছেন।

এ বিষয়ে জানেতে চাওয়া হলে জাতীয় সংসদ সচিবালয়ের ডেন্টাল সার্জন ডা. তামিম গণমাধ্যমকে বলেন, আমরা যাদের টেস্ট করেছি এখন পর্যন্ত (১৮ জুন) ৯৪ জন শনাক্ত হয়েছেন। শনিবার থেকে এমপিদেরও করোনা টেস্ট করা শুরু হয়েছে। যারা পরবর্তী বৈঠকগুলোতে অংশ নেবেন তাদের টেস্ট করা হচ্ছে।

এদিকে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে তিন মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ১৫ সংসদ সদস্য রয়েছেন। এদের মধ্যে একজন সাবেক চিফ হুইপ রয়েছেন।

আক্রান্তরা হলেন- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

এদের মধ্যে, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ গত ১৩ জুন মারা যান। সাবেক মন্ত্রী এবং সিরাজগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম করোনা আক্রান্তের পর ব্রেন স্টোক করে মারা যান।

এছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী খন্দোকার মোশাররফ হোসেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরফি বিন মর্তুজা, সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, সিলেট থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য বোকাব্বির খান, সাবেক হুইপ ও নওগাঁ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সদস্য শহীদুজ্জামান সরকার।

বাংলাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা অনেক কম : স্বাস্থ্যমন্ত্রী

0

বাংলাদেশে করোনায় মৃত্যু এখনো অনেক কম বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত চিকিৎসা ব্যবস্থা করায় এখনো মৃত্যুর সংখ্যা অনেক কম আছে বলা যায়।

আজ শনিবার বিকেলে ৫০ শয্যা বিশিষ্ট জয়নুল হক সিকদার উইমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালকে ‘কভিড-১৯ হাসপাতাল’ হিসেবে অনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারিভাবে আমাদের হাসপাতালগুলো করোনা রোগীদের জন্য প্রস্তুত করেছি। প্রত্যেক হাসপাতাল এখন করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছে। অনেক প্রাইভেট মেডিক্যাল কলেজ হাসপাতালগুলো এগিয়ে এসেছে করোনা রোগীদের চিকিৎসা দিতে। আমরা খুশি হলাম যে সিকদার গ্রুপের সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালটি আজকে করোনা চিকিৎসায় যুক্ত হলো।

এ হাসপাতালে কভিভ, নন-কভিড রোগীরা যেন ভালো চিকিৎসা পায় সেটা খেয়াল রাখতে হবে জানিয়ে তিনি বলেন, রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা যেন পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী পায়। তারা যদি আক্রান্ত হয়ে যায় তাহলে কারা চিকিৎসা দেবে সেটাও খেয়াল রাখতে হবে।

এ সময় তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা প্রয়োজন আমরা তা করব। আশা করি সবাই মিলে কাজ করলে করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। আমরা করোনায় মৃত্যুর সংখ্যা কমিয়ে শূন্যের কোঠায় নিয়ে আসতে পারবো।

তিনি বলেন, পৃথিবীর প্রায় থেমে গেছে। মানুষ কাজ করতে পারছে না। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। মানুষ মানুষকে দেখে ভয় পাই। এই পরিস্থিতি থেকে আমরা তাড়াতাড়ি বের হয়ে আসবো। আমরা প্রতিনিয়ত প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করি। তিনি বিভিন্ন নির্দেশনা দেন। আজকে আরো একটি বেসরকারি হাসপাতাল যুক্ত হওয়ায় আমাদের শক্তি আরো বৃদ্ধি পেল বলেও উল্লেখ করেন তিনি।

ডিএমপির ২৮ ডিসির বদলি

0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ২৮ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ শনিবার (২০ জুন) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

আদেশে বলা হয়, ডিএমপির ডিসি প্রটেকশন আ.স.ম মাহতাব উদ্দিনকে সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটির ডিসি হিসেবে বদলি করা হয়েছে। ট্রাফিক দক্ষিণের ডিসি জয়দেব চৌধুরীকে ট্রাফিক রমনায়, ট্রাফিক উত্তরের ডিসি সাইফুল ইসলামকে ডিসি ট্রাফিক উত্তরায়, ডিসি ট্রাফিক পূর্ব সাহেদ আল মাসুদকে ডিসি ট্রাফিক তেজগাঁওয়ে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) মো. মশিউর রহমানকে ডিসি ডিবি গুলশানে, ট্রাফিক পশ্চিমের ডিসি মো. জসীম উদ্দিনকে ডিসি ট্রাফিক মিরপুরে, ডিএমপির ডিসি এইচ এম আজিমুল হককে ডিসি ডিবি রমনায়, ডিএমপির ডিসি শাহ ইফতেখার আহমেদকে ডিসি ওয়ারী, ডিএমপির ডিসি গোলাম মোস্তফা রাসেলকে ডিসি ডিবি তেজগাঁও, তারিক বিন রশিদকে ডিএমপির সিটি অ্যাডামিন অ্যান্ড লজিস্টিক বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া ডিএমপির ডিসি মানস কুমার পোদ্দারকে ডিসি ডিবি মিরপুরে, মো. সাইফুল ইসলামকে কাউন্টার টেরোরিজম ইনভেশটিগেশনে, আবদুল আহাদকে ডিসি ডিবি ওয়ারী, মো. রবিউল ইসলামকে ডিসি ট্রাফিক গুলশানে, মো. মাহফুজুল ইসলামকে ট্রান্সন্যাশনাল ক্রাইমের ডিসি, মো. রাজিব আল মাসুদকে ডিসি ডিবি লালবাগ, ওয়াহিদুল ইসলামকে ডিসি ট্রাফিক মতিঝিলে, মো. আব্দুল মান্নানকে স্পেশাল অ্যাকশন গ্রুপে, কাজী শফিকুল ইসলামকে ডিবি উত্তরে, মুহাম্মদ হাবীবুন নবী আনিছুর রশিদকে সিটি রিসার্চ এন্ড ডেভোলাপমেন্টে, মুহাম্মদ শরীফুল ইসলামকে আইসিটিতে, মো. সাইদুল ইসলামকে ট্রাফিক ওয়ারীতে, মাছুম আহমেদ ভূঁঞাকে ডিসি ক্রাইমে, মোহা. মেহেদী হাসানকে লালবাগে, মো. মোর্শেদ আলমকে সচিবলায়ের নিরাপত্তা, আ.ফ.ম আল কিবরিয়াকে সিটি-সাইবার ক্রাইম ইনভেশটিগেশনে, মিশু চাকমাকে সিটি-ইন্টিলেজেন্স এনালাইসেসে এবং মো. আসাদুজ্জামানকে ডিবি মতিঝিলে বদলি করা হয়েছে।

অনির্দিষ্টকালের জন্য বাড়ল সাময়িক এনআইডির মেয়াদ

0

যেসব সাময়িক জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মেয়াদ ইস্যুর তারিখ হতে ২ বছর ছিল, সেগুলোর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এসব সাময়িক এনআইডি দিয়ে সব সেবা গ্রহণ বা প্রয়োজনীয় কাজ মেটানোর সুযোগ বাড়ল।

আজ শনিবার নির্বাচন কমিশনের (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশন বলছে, সব সেবাদানকারী প্রতিষ্ঠান সেবা গ্রহীতার কার্ড এনআইডি সিস্টেম হতে চেক করে প্রয়োজনীয় সেবা দিতে পারবেন। মেয়াদের কারণে সেবা গ্রহীতাকে কোন সেবা প্রদান থেকে বঞ্চিত না করার জন্য অনুরোধ করা হলো।

এ ছাড়া যাদের জাতীয় পরিচয়পত্রের পেছনে মেয়াদ উল্লেখ আছে তারা প্রয়োজনে https://services.nidw.gov.bd লিংকে রেজিস্ট্রেশন করে ডাউনলোড অপশন হতে বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র (মেয়াদ উল্লেখ ব্যতীত ও অফিস হতে প্রাপ্ত কার্ডের মতো রঙ্গিন) ডাউনলোড করে মুদ্রণ ও লেমিনেটিং করে ব্যবহার করতে পারবেন।

জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুযায়ী, মেয়াদ শেষ হলে নির্দিষ্ট অর্থ পরিশোধ করে এনআইডি নবায়নের বিধান রয়েছে। অনেকের এনআইডির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। ফলে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা পাওয়া থেকেও বঞ্চিত হচ্ছিলেন। তাই আপাতত নবায়নের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে।

এ ছাড়া সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে মেয়াদোত্তীর্ণজনিত কারণে কাউকে সেবা প্রদান থেকে বিরত না থাকার নির্দেশনাও দিয়েছে নির্বাচন কমিশন।

কানাডা গেলেন মাহবুব উল আলম হানিফ

0

পরিবারের সঙ্গে দেখা করতে কানাডার উদ্দেশে রওয়ানা হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শুক্রবার (১৯ জুন) রাত ৪টার দিকে কানাডার উদ্দেশে দেশ ছাড়েন তিনি।

জানা গেছে, আওয়ামী লীগের এই নেতা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা গেছেন। ট্রানজিট যাত্রী হিসেবে কানাডা যাওয়ার কথা। কানাডায় বসবাসরত অসুস্থ বড় ভাইকে দেখতে গেছেন মাহবুব উল আলম হানিফ। সেখানে তার ১০ থেকে ১৫ দিন থাকার কথা রয়েছে।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কানাডা যাওয়ার বিষয়টি জানিয়েছেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম টুটুল কানাডা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন মাহবুবুল আলম হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তার আরো আত্মীয়স্বজন রয়েছেন। তাদের সঙ্গে দেখা করতে সেখানে গেছেন তিনি।