Home Blog Page 2869

করোনাভাইরাসে আক্রান্ত নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে নিজ বাসায় আইসোলেশনে আছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফির বন্ধু বাবুল। তিনি জানান, মাশরাফী শারীরিকভাবে সুস্থ আছেন। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

জানা গেছে, জ্বর থাকায় গত ১৮ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষা হয়। গতকাল রিপোর্ট জানানো হয়। রিপোর্টে পজেটিভ হন এই সংসদ সদস্য। এর আগে, ১৫ জুন করোনা পজেটিভ হন মাশরাফীর শাশুড়ি হোসনেয়ারা সিরাজ।

করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩২৪০

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৪২৫ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ২৪০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন।
আজ শনিবার (২০ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৭৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৪ হাজার ৩২টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৫ লাখ ৯৬ হাজার ৫৭৯টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ২৪০ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮ হাজার ৭৭৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৪২৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৪৮ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৩ হাজার ৯৯৩ জন।
বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ০৯ শতাংশ। আর এ পর্যন্ত শনাক্ত রোগী বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৪৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।
বুলেটিনে ডা. নাসিমা সুলতানা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৪ লাখ ৬৩ হাজার হাজার প্রায়। তবে সাড়ে ৪৬ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

করোনা আক্রান্ত প্রবীণ সাংবা‌দিক কামাল লোহানী মারা গেছেন

0

প্রবীণ সাংবা‌দিক ও সাংস্কৃ‌তিক ব্যক্তিত্ব কামাল লোহানী মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ১০.৩০ দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ফুসফুস ও কিডনির জটিলতা ছাড়াও হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছিলেন ৮৬ বছর বয়সী প্রবীণ এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। গতকাল শুক্রবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। এরআগে গত ১৭ জুন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
সাংস্কৃ‌তিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কামাল লোহানীর প্রকৃত নাম আবু নাইম মো. মোস্তফা কামাল খান লোহানী। তিনি বাংলাদেশ বেতারের পরিচালক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন। ১৯৬২ সালে কামাল লোহানী ছায়ানটের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দৈনিক মিল্লাত দিয়ে সাংবাদিকতার শুরু, এরপর আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন তিনি।

ভ্যাকসিন ছাড়াই করোনা বিলীন হয়ে যাবে : ট্রাম্প

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, টিকা আবিষ্কার হোক বা না হোক করোনাভাইরাস বিলীন হয়ে যাবে। বুধবার (১৭ জুন) রাতে মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি। এর আগে গত মাসেও হোয়াইট হাউসে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেছিলেন, ভ্যাকসিন ছাড়াই করোনা বিদায় নেবে।
বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২২ লাখের কাছাকাছি। এর মধ্যে প্রাণ হারিয়েছে ১ লাখ ১৮ হাজারের বেশি মানুষ। করোনার টিকা আবিষ্কারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রেও টিকা আবিষ্কারের চেষ্টা চলছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন টিকা আবিষ্কার হোক বা না হোক করোনা এমনিতেই থাকবে না।
ফক্স নিউজকে তিনি বলেন, ‘আমরা একটি টিকা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছি, একটি থেরাপি আবিষ্কারেরও কাছাকাছি আছি আমরা, এটা সত্যিই খুব ভালো থেরাপি হবে। তবে সেটি না হলেও আমি এ নিয়ে (করোনাভাইরাস) কথা বলতে চাই না। কারণ এটি বিলীন হয়ে যাচ্ছে, এটি বিলীন হওয়ার পথে। তবে একটি টিকা আবিষ্কার হলে তা সত্যিই দারুণ হবে। আর সেটাই হতে যাচ্ছে।’
এর আগে গত মাসে হোয়াইট হাউসে ট্রাম্প বলেছিলেন, ‘নির্দিষ্ট কিছু সময়ের পর আমরা আর করোনা দেখতে পাব না। এটি বিদায় নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।’

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক করোনায় আক্রান্ত

0

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. ইকবাল কবীর। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোটভাই সাংবাদিক নজরুল কবীর।
নজরুল কবীর বলেন, ‘ইকবাল কবীর করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি তার বাসায় চিকিৎসাধীন আছেন। শারীরিকভাবে তার তেমন কোনো সমস্যা নেই। তিনি অনেকটাই সুস্থ ও ভালো আছেন।’
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ ব্রিফিংয়ে অংশ নিতে দেখা গেছে তাকে।
দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। আর প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছেন ১ হাজার ৩৮৮ জন।

লাদাখে চীনকে চরম শিক্ষা দেওয়া হয়েছে : মোদি

0

লাদাখে ২০ ভারতীয় সেনা নিহত হলেও চীনকে চরম শিক্ষা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার লাদাখ সীমান্তে সংঘর্ষের ঘটনায় সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আয়োজিত সর্বদলীয় বৈঠকে এ মন্তব্য করেন তিনি। ভার্চুয়াল এ বৈঠকে দেশটির গুরুত্বপূর্ণ প্রায় সব বিরোধী দলের নেতারা উপস্থিত ছিলেন। খবর এনডিটিভির।
বৈঠকে মোদি বলেন, ‘লাদাখে আমাদের ২০ জন বীর জওয়ান শহীদ হয়েছেন। কিন্তু, মৃত্যুর আগে তারা ভারত মাতার দিকে যারা চোখ তুলে তাকিয়ে ছিল তাদের চরম শিক্ষাও দিয়েছে।’
ভারতীয় ভূখণ্ডে চীনা সেনা ঢুকতেই পারেনি উল্লেখ করে মোদি বলেন, ‘আমাদের কোনো পোস্ট দখল হয়নি। কিংবা কেউ আমাদের সীমান্ত টপকে দেশের মধ্যে ঢুকেও পড়েনি।’
ভারতকে রক্ষা করার জন্য যা যা করার দরকার, তা ভারতীয় সেনাবাহিনী করেছে বলেও বৈঠকে মন্তব্য করেন মোদি। তিনি বলেন, জওয়ানদের ওপর পুরো ভরসা রয়েছে দেশের। আমি ওই বীর জওয়ানদের এ কথা বলতে চাই, পুরো দেশ আপনাদের সঙ্গে রয়েছে।
সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতিশ কুমার, মেঘালয়ের মুখ্যমন্ত্রী ও এনপিপি প্রধান কনরাড সাংমা, ডিএমকে নেতা স্ট্যালিন, বিজেডি নেতা পিনাকি মিশ্র। এ ছাড়া বিজেপি, এআইডিএমকে, টিআরএস, এলজেপি, বসপা, সপা, শিবসেনাসহ বিরোধী দলগুলোর নেতারা অংশ নেন। তবে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়নি আম আদমি পার্টি ও আরজেডিকে।
এক মাসেরও বেশি সময় ধরে লাদাখ সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনার পর গত ১৫ জুন (সোমবার) উভয় পক্ষ সংঘাতে জড়ায়। ওই সংঘাতে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার কথা জানায় দিল্লি। আহত সেনার সংখ্যা অন্তত ৭৬। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে, চীন কর্তৃক আটক ১০ ভারতীয় সেনা সদস্যকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। তবে চীনের পক্ষ থেকে হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি এবং আটকের কথা অস্বীকার করা হয়েছে।

দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী গ্রেফতার

0

করোনা মোকাবিলায় প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ কেনায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়াহ মোয়ো। দেশটির দুর্নীতি দমন কমিশনের (জেডিএসিসি) মুখপাত্র জন মাকামুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মোয়োকে হারারের রোডেসভাইল পুলিশ স্টেশনে রাখা হয়েছে। শনিবার আদালতে হাজির করা হবে তাকে।
সিজিটিএন আফ্রিকা জানিয়েছে, ড্রাক্স ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানকে অনিয়মের মাধ্যমে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় জরুরি ওষুধ ও ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) সরবরাহে ৪২ মিলিয়ন ডলারের কাজ পাইয়ে দেয়ার অভিযোগ উঠেছে জিম্বাবুইয়ান স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে। তবে বার্তা সংস্থা রয়টার্স এ অর্থের পরিমাণ ৬০ মিলিয়ন ডলার বলে জানিয়েছে।
সিজিটিএন বলছে, ড্রাক্স ইন্টারন্যাশনাল কোনও ফার্মাসিউটিক্যাল কোম্পানি নয়, বরং সাধারণ পরামর্শক প্রতিষ্ঠান জানা সত্ত্বেও স্বাস্থ্য উপকরণ সরবরাহের টেন্ডার তাদের পাইয়ে দিয়েছিলেন মোয়ো। জিম্বাবুয়ের ক্রয় নিবন্ধন কর্তৃপক্ষকে না জানিয়েই তিনি এ চুক্তি স্বাক্ষর করেছিলেন বলে জানিয়েছে আল জাজিরা।
রয়টার্সের তথ্যমতে, এ দুর্নীতির খবর প্রকাশ হতেই গত সপ্তাহে ওই চুক্তি স্থগিত করেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানগাওয়া। এ ছাড়া গ্রেফতার করা হয় ড্রাক্স ইন্টারন্যাশনালের স্থানীয় প্রতিনিধিকেও।

সাবেক সাংসদ আব্দুর রহমান বদি করোনায় আক্রান্ত

0

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে তার করোনা পজিটিভ ধরা পড়ে।
রাত ৮টার দিকে তার প্রেস সচিব হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার পথে রওয়ানা দিয়েছেন এমপি বদি। তবে তার স্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তারের শরীরে করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি। কিছু দিন আগে এমপি বদির শরীরে জ্বর ও মাথা ব্যাথাসহ করোনার উপসর্গ দেখা দেয়। পরে স্বপরিবারে বাড়িতে অবস্থান করে করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠান কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে। এতে তার করোনা পজিটিভ আসলেও স্ত্রী শাহিন আক্তারের নেগেটিভ আসে। তবে শাহিন আক্তারের শরীরে টাইফয়েড ধরা পড়ে।
হেলাল উদ্দিন জানান, আব্দুর রহমান বদি শারিরীকভাবে এখনো সুস্থ আসেন। এরপরও উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় কক্সবাজার থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে কোথায় এবং কোন হাসপাতালে চিকিৎসা নেবেন সে ব্যাপারে তিনি কিছুই জানাননি। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এক মাসে মোবাইলের সংযোগ কমেছে ২৪ লাখ

0

করোনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশে ইন্টারনেট সংযোগের বিস্ফোরণ ঘটেছিল গত মার্চ মাসে। ওই মাসে ১০ কোটির মাইলফলক অতিক্রমের পাশাপাশি নতুন সংযোগেরও রেকর্ড হয়। ইন্টারনেট সংযোগ বাড়ার সেই ধারাবাহিকতা অবশ্য বেশিদিন টিকে থাকেনি। এক মাস পেরুতেই অন্তত ২০ লাখ ইন্টারনেট সংযোগ কমে গেছে। একই সঙ্গে কমে গেছে মোবাইল ফোন ব্যবহারকারীও। এক মাসে কমেছে ২৪ লাখ সংযোগ।

গত মার্চে যেখানে দেশে প্রথমবারের মতো ৩২ লাখ ৬৯ হাজার নতুন ইন্টারনেট সংযোগ যুক্ত হয়েছে দেশের ব্রডব্যান্ড নেটওয়ার্কে। সেখানে এপ্রিলে নতুন সংযোগ খুব একটা যুক্ত হয়নি। শুক্রবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এপ্রিল মাসের হিসাব প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ১১ লাখ ৮৬ হাজারে। মার্চে ছিল ১০ কোটি ৩২ লাখ ৫৩ হাজার।

গত মার্চে সক্রিয় মোবাইল ফোনের সিমের সংখ্যা ছিল ১৬ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার। কিন্তু এক মাস বাদেই এপ্রিলে এই সংখ্যা কমে ১৬ কোটি ২৯ লাখ ২০ হাজারে নেমে এসেছে। অর্থাৎ এক মাসে সক্রিয় মোবাইল সিম সংখ্যা কমেছে ২৪ লাখ ১৭ হাজার। বিটিআরসির তথ্য অনুযায়ী, টানা ৯০ দিন কোনো সিম এক বারের জন্যও ব্যবহৃত না হলে ওই সংযোগ নিষ্ক্রিয় হিসেবে ধরা হয়। প্রায় ১০ লাখ গ্রাহক কমার পর গ্রামীণফোনের সক্রিয় সিমের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪৩ লাখে। ৯ লাখ গ্রাহক হারিয়ে রবির সক্রিয় সিম সংখ্যা ৪ কোটি ৮৮ লাখ। আর ৪ লাখ গ্রাহক কমার পর বাংলালিংকের গ্রাহক ৩ কোটি ৪৮ লাখ। টেলিটকও ৭৩ হাজারের মতো সংযোগ হারিয়েছে। তাদের সক্রিয় সিম সংখ্যা এখন ৪৮ লাখের কিছু বেশি।

ইন্টারনেট সংশ্লিষ্টরা বলছেন, কোনও দেশে ১০ কোটি ইন্টারনেট সংযোগ থাকা অবশ্যই অত্যন্ত বড় একটি অর্জন। খুব কম দেশই এমন ল্যান্ডমার্ক অর্জন করতে পেরেছে। এপ্রিলের শেষে দেশের কার্যকর ব্রডব্যান্ড সংযোগ এখন ৮০ লাখ ৮৪ হাজার। এই সময়ে দেশে মোবাইল ইন্টারনেট সংযোগ এক ধাক্কায় কমে যায়। দেশে এখন কার্যকর মোবাইল ইন্টারনেট সংখ্যা ৯ কোটি ৩১ লাখ। যা এক মাস আগে মার্চেই ছিল ৯ কোটি ৫১ লাখ।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশনের- আইএসপিএবি মহাসচিব ইমদাদুল হক বলেছেন, এপ্রিলে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমলেও ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কিন্তু কমেনি। বরং বেড়েছে। মূলত যারা আগে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতেন তাদের অনেকেই এখন বাসায় থাকেন। ফলে তারা ডাটা খরচ কমাতে এবং স্বাচ্ছন্দ্যে ঘরে বসেই অফিসের কাজ সারতে মোবাইলের পরিবর্তে ওয়াইফই ব্যবহার করে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেছেন।

রোহিঙ্গা : জাতিসংঘের সংস্থাগুলোকে ভাসানচর দেখার আমন্ত্রণ

0

মানবিক পরিস্থিতি এবং শরণার্থী জনগোষ্ঠীর যেকোনো তাৎক্ষণিক প্রয়োজনীয়তা নির্ধারণের জন্য ভাসানচর দ্বীপে একটি সুরক্ষা সফর করতে জাতিসংঘের অন্যান্য সংস্থাসহ ইউএনএইচসিআরকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।
জাতিসংঘ শরণার্থী সংস্থা মতে, এ সফরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে।
ইউএনএইচসিআর বলছে, ভাসানচরে যেকোনো শরণার্থীদের স্থানান্তর করার আগে পাঁচটি মূল বিষয়ের বিশদ ও স্বতন্ত্র মূল্যায়ন করা উচিত।
এগুলো হলো- সুরক্ষা ও স্থায়িত্ব, জাতিসংঘ ও মানবিক কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা, নিরাপত্তা, টেকসই জীবিকা ও প্রয়োজনীয় সরঞ্জাম এবং প্রবেশগম্যতা।
ইউএনএইচসিআর বলেছে, এখন পর্যন্ত এ মূল্যায়নগুলোর বাস্তবায়ন করা হয়নি।
ইউএনএইচসিআর জানিয়েছে, কয়েক সপ্তাহ সমুদ্রে থাকার পরে গত ২ মে প্রায় ৩০ রোহিঙ্গা বাংলাদেশে উপকূলে আসে। যাদের মধ্যে অনেক নারী ও শিশু ছিল। উদ্ধারের পরে তাদের ভাসানচরে পাঠিয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ।
১৭ মে সমুদ্র থেকে উদ্ধার করা ২৭৭ রোহিঙ্গাদের একটি দলকেও এ দ্বীপে পাঠানো হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে ১৪ মে প্রথম কোভিড-১৯-এ আক্রান্ত শনাক্ত করা হয়েছিল এবং মে মাসের শেষে মোট ২৯ জনের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতির ওপর ১ থেকে ৩১ মে পর্যন্ত পরিচালিত হালনাগাদ সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে।
ইউএনএইচসিআর কোভিড-১৯ আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসায় ২০০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ও চিকিৎসাকেন্দ্র স্থাপন করেছে। যেখানে কোভিড-১৯ ধরা পড়া রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
কোভিড-১৯ শনাক্ত হওয়া রোগীদের সংস্পর্শে আসাদের আইসোলেশনে রাখার জন্য চারটি পৃথক পৃথক কেন্দ্রও প্রতিষ্ঠা করেছে ইউএনএইচসিআর।