Home Blog Page 2871

করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩২৪৩

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৩৮৮ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ২৪৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন।
আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৩২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৪৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৫ লাখ ৮২ হাজার ৫৪৮টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ২৪৩ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫ হাজার ৫৩৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩৮৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৮১ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪২ হাজার ৯৪৫ জন।
শুক্রবারের বুলেটিনে বলা হয়, এ পর্যন্ত শনাক্ত রোগী বিবেচনায় সুস্থার হার ৪০ দশমিক ৬৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।
বুলেটিনে বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৫ লাখ ৯৪ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে চার লাখ ৫৬ হাজার। তবে সাড়ে ৪৫ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

করোনা নিয়ে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করেছে : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনার আয়ুষ্কাল নিয়ে স্বাস্থ্য বিভাগের কোনো কোনো কর্মকর্তার অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করেছে।
তিনি বলেন, ‘সরকার যখন দিনরাত পরিশ্রম করে মানুষের মনোবল চাঙা রাখার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে, ঠিক তখন স্বাস্থ্যবিভাগের কোনো কোনো কর্মকর্তার করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশ তৈরি করেছে।’
আজ শুক্রবার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এ ধরনের সমন্বয়হীন,অযাচিত বক্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানান।
এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ থেকে করোনাভাইরাস সহসাই যাচ্ছে না। এটি আরও ২-৩ বছর থাকতে পারে।
তিনি বলেন, ‘জীবন ও জীবিকার ভারসাম্য রক্ষার জন্য সরকারকে কাজ করতে হবে … বিভিন্ন দেশ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞের অভিজ্ঞতা অনুসারে করোনভাইরাসটির প্রাদুর্ভাব এক, দুই বা তিন মাসের মধ্যেই শেষ হবে না। এটি দুই থেকে তিন বছর বা তার বেশি সময় ধরে চলবে। তবে সংক্রমণের হার এত বেশি নাও হতে পারে।’
রাজধানীর মহাখালী থেকে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত ব্রিফিংয়ের শুরুতে এ কথা বলেন ডা. আবুল কালাম আজাদ।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, মানুষ সচেতন না হলে করোনাভাইরাস খুব সহজে যাবে না।
ডা. আজাদ বলেন, ‘বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ এবং করোনভাইরাসটি অত্যন্ত সংক্রামক। সুতরাং, মানুষ যদি সাবধানতা অবলম্বন না করে এবং স্বাস্থ্যবিধি না মানে, তবে করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলা করা কঠিন হতে পারে।’
করোনার এই সংকটে সম্মুখভাগের যোদ্ধাদের অনেকেই দেশ-জাতির সেবায় নিজেকে উৎসর্গ করেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই পরিস্থিতিতে খুলনায় একজন চিকিৎসক হত্যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।
তিনি এ হত্যার তীব্র নিন্দা এবং নিহত চিকিৎসকের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সংকটে চিকিৎসকসহ সম্মুখযোদ্ধা ও সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারনের আহ্বান জানিয়ে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘শেখ হাসিনা সরকার অন্যায়কে প্রশ্রয় দেয় না,অন্যায়কারী যত ক্ষমতাবানই হোক তার রেহাই নেই।’
সংক্রমণের বর্তমান পর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে দলীয় নেতা-কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনকে সহযোগিতা করারও আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমাদের আশার শেষ ঠিকানা, চেতনার বাতিঘর, সংকটে দৃঢ় আস্থা শেখ হাসিনা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তার সিদ্ধান্ত বাস্তবায়নে দলীয় নেতা-কর্মীরা সাহসী ও মানবিক ভূমিকা পালন করবেন।’
ওবায়দুল কাদের বলেন, জোন ভিত্তিক লকডাউন সিদ্ধান্ত পাওয়ার পর পরই দ্রুত এবং কার্যকরভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে সুসমন্বয়।
যে সকল এলাকা লকডাউন করা হবে, সেসব এলাকায় জনসাধারণকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলারও আহ্বান জানান তিনি।
কাদের দৃঢ় কণ্ঠে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলের সহযোগিতায় এ সংকট কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ।’

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে অ্যাডভোকেট সাহারা খাতুন

0

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন গুরুতর অসুস্থ। তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। বেশকিছু দিন তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
আজ শুক্রবার (১৯ জুন) সকালে তাকে আইসিইউতে নেওয়া হয় বলে জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এর আগে জ্বর, অ্যালার্জিসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার উন্নতি হলে বেডে দেওয়া হয়েছিল। কিন্তু বৃস্পতিবার (১৮ জুন) অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়।
বিপ্লব বড়ুয়া আরও জানান, ওনার লিভারে ইনফেকশন আছে। হার্টে পানি এসেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
হাসপতালে থাকা সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান বলেন, সকালে ওনার পরিস্থিতি আরও অবনতি হলে বেলা সাড়ে ১১টার দিকে আইসিইউতে নেওয়া হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

মাদ্রিদ গেলেন ২৭৩ জন প্রবাসী বাংলাদেশি

0

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আগে বাংলাদেশে এসে আটকে পড়া ২৭৩ জন বাংলাদেশিকে নিয়ে স্পেনের মাদ্রিদে গেল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।
শুক্রবার (১৯ জুন) সকাল ৮ টা ৩৫ মিনিটে বিশেষ এই ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমান বাংলাদেশ সূত্রে জানা গেছে, ফ্লাইটের যাত্রীরা স্পেনের রেসিডেন্ট কার্ড পাওয়া প্রবাসী বাংলাদেশি। ছুটি শেষ হওয়ায় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরার আবেদন করেন। মন্ত্রণালয়ের দেওয়া তালিকা অনুযায়ী তাদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়। বিশেষ এই ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে মাদ্রিদে অবতরণ করবে।

শারীরিক অবস্থার উন্নতি, আতঙ্কের কিছু নেই: আফ্রিদি

0

গত ১৩ জুন টুইটারে শাহিদ আফ্রিদি নিজেই জানিয়েছিলেন যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপরই আফ্রিদির শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন শুরু হয়ে যায়। শেষমেশ আফ্রিদি আবার নিজেই জানালেন তার বর্তমান শারীরিক অবস্থা কথা।
ফেসবুকে এক ভিডিও বার্তায় আফ্রিদি জানান, প্রথম কয়েকদিন ভীষণ অস্বস্তিতে ছিলেন। আপাতত তিনি ভালো রয়েছেন।
আফ্রিদি বলেন, গত কয়েকদিনে আমার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আতঙ্কের কিছু নেই।
তবে শারীরিকভাবে ভালো থাকলেও আফ্রিদিকে কষ্ট দিচ্ছে নিজের সন্তানদের কাছে টেনে নিতে না পারা। এই পাক তারকা বলেন, ‘আমার কাছে সবথেকে কষ্টের বিষয় হল সন্তানদের খেয়াল রাখতে না পারা। তাদের বুকে জড়িয়ে ধরতে না পারা। আমি সন্তানদের অভাব টের পাচ্ছি।
আফ্রিদি আরও বলেছেন, আমি জানতাম আক্রান্ত হতে পারি। প্রত্যন্ত এলাকায় গিয়ে কাজ করেছি। তবে আগে আক্রান্ত হলে দুস্থ মানুষদের সাহায্য করতে পারতাম না।

রাশিয়ায় করোনাভাইরাসে প্রায় ৫০০ স্বাস্থ্যকর্মীর মৃত্যু

0

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাশিয়ায় প্রায় ৫০০ স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। রাশিয়ার স্বাস্থ্য বিষয়ক একটি সংস্থা বিবিসিকে এই তথ্য জানিয়েছে।
সংস্থাটি বলছে, সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪৮৯ জন স্বাস্থ্যকর্মী মারা গেছে।
সর্বশেষ হিসেবে বলা হচ্ছ, গত মাসে যেখানে মারা যাওয়া স্বাস্থ্যকর্মীর সংখ্যা ছিল মাত্র ১০১ জন, সেখানে এক লাফে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৯ তে।
রাশিয়ার স্বাস্থ্য বিষয়ক তদারক সংস্থা রসড্রাভনাডজরের প্রধান আলা সামোইলোভা বলেন, প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দিতে না পারা এর অন্যতম কারণ।
সংক্রমণের সংখ্যার দিক থেকে বিশ্বে রাশিয়ার অবস্থান এখন তিন নম্বরে। সেখানে এপর্যন্ত ৫ লাখ ৬১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সরকারিভাবে মৃত্যুর সংখ্যা ৭ হাজার ৭৬০ জন বলে উল্লেখ করা হচ্ছে

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে বদলি

0

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড-১৯ বিষয়ক মিডিয়া সেলের প্রধান ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খানকে বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে মো. হাবিবুর রহমান খানকে কৃষি মন্ত্রণালয়ের ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে (বারটান) প্রেষণে নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খানকে আহ্বায়ক করে অতিরিক্ত সচিব রীনা পারভীন, যুগ্মসচিব নিলুফার নাজনীন, মন্ত্রণালয়ের সিস্টেম অ্যানালিস্ট আহমেদ লতিফুল হোসেন ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধানকে সদস্য করে কোভিড-১৯ বিষয়ক মিডিয়া সেলের কমিটি গঠন করা হয়।

এসপি পদমর্যাদার ২১৫ কর্মকর্তার বদলি ও পদায়ন

0

বিসিএস (পুলিশ) ক্যাডারের ‌পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২১৫ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের কাউকে বদলি এবং কাউকে পদায়ন করা হয়েছে।

এসব পুলিশ কর্মকর্তা বিসিএস ২৫ ব্যাচের কর্মকর্তা। তারা পদোন্নতি পেলেও পদ না থাকায় ইনসিটো হিসেবে স্ব স্ব জায়গায় কর্মরত ছিলেন। জনস্বর্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

মেসিকে ২০২৩ পর্যন্ত নতুন চুক্তির প্রস্তাব দিচ্ছে বার্সা

0

লিওনেল মেসিকে ২০২৩ সাল পর্যন্ত রেখে দিতে চায় বার্সেলোনা। আর এজন্য আর্জেন্টাইন এই সুপারস্টারকে নতুন চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে কাতালান এ জায়ান্ট ক্লাব। এমন খবরই ছড়িয়ে পড়েছে স্প্যানিশ গণমাধ্যমে।

ন্যু ক্যাম্পে মেসির বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে আর মাত্র এক বছর। তবে বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে চুক্তি নবায়ন নিয়ে দুপক্ষের মধ্যে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনাই হয়নি।

বর্তমান চুক্তির একটি ধারা বলছে, আগামী বছরের ১০ জুন চুক্তির মেয়াদ শেষে বার্সা ছাড়তে পারবেন মেসি। তবে মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, এখন বার্সা কর্তৃপক্ষ নতুন শর্তাবলীর চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে দলের প্রাণভোমরাকে।

নতুন চুক্তি হয়ে গেলে ২০২৩ সাল পর্যন্ত মেসিকে দলে রেখে দিতে পারবে বার্সা। তবে সেক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে চুক্তি বাতিল করতে পারবেন এ তারকা স্ট্রাইকার। ঠিকানা খুঁজে নিতে পারবেন নতুন কোনো ক্লাবে।

বার্সা অপেক্ষায় এখন মেসির বাবা জর্জের জন্য। তার বাবা আর্জেন্টিনা থেকে স্পেনে ফিরলেই চূড়ান্ত আলোচনার জন্য বৈঠকে বসবে দুপক্ষ। তবে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শেষ হওয়ার পরই এই বৈঠকে বসতে চায় তারা।

এর আগে গুঞ্জন রটেছিল ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা সাবেক শিষ্য মেসিকে নিজের দলে টানতে চান। সন্দেহ নেই নতুন চুক্তি স্বাক্ষর সেই গুঞ্জনে জল ঢেলে দেবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

0

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোহসীনকে পদোন্নতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার।
আজ বৃহষ্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ খবর জানানো হয়।
এছাড়াও অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতিকুল হক।
আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. নজরুল আনোয়ারকে বাংলাদেশ স্ট্যার্ন্ডাস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
এই দুই কর্মকর্তাকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে দুই প্রতিষ্ঠানের ডিজি নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।