Home Blog Page 2872

সুপ্রিমকোর্ট আইনজীবীদের করোনা চিকিৎসায় ৩ হাসপাতালকে চিঠি

0

সুপ্রিমকোর্টের আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের করোনা চিকিৎসায় তিন হাসপাতালকে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল তিনটি হচ্ছে- রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতাল, আনোয়ার খান মর্ডান হাসপাতাল ও উত্তরায় জাপান ইষ্ট ওয়েষ্ট হাসপাতাল।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক শাখাসমূহ) ডা: মো: আমিনুল হাসান স্বাক্ষরিত চিঠির কপি আজ হাসপাতালগুলোর কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, সুপ্রিমকোর্টের আইনজীবী ও তাদের পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে সময়মত ভর্তি ও চিকিৎসা নিতে পারছেননা। বিষয়টি উল্লেখ করে দেয়া সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষে সম্পাদকের আবেদনের গুরুত্ব বিবেচনা করে তিন হাসাপাতালকে এই চিঠি দেয়া হয়েছে।
চিঠিতে ওই তিন হাসাপাতাল কর্তৃপক্ষকে করোনা আক্রান্ত সুপ্রিমকোর্টের আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদানে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

হাইকোর্টে মাই কোর্ট ওয়েব পোর্টালে করতে হবে আবেদন

0

ভার্চুয়াল বিচারে হাইকোর্টে নির্ধারিত অধিক্ষেত্রে মাই কোর্ট ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন করতে বলেছে সুপ্রিমকোর্ট প্রশাসন।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো: গোলাম রাব্বানী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
এতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে ও শারীরিক উপস্থিতি ছাড়া তথ্য-পপ্রুক্তি ব্যবহার অধ্যাদেশ ও প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালিত হচ্ছে।
ভার্চুয়াল বিচারে প্রধান বিচারপতি সুনির্দিষ্ট এখতিয়ার দিয়ে বেঞ্চ গঠন করে দিয়েছেন। গঠিত এসব বেঞ্চে নির্ধারিত অধিক্ষেত্রে মাই কোর্ট ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

সরকারের অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে বিএনপি নেতৃবৃন্দ উদভ্রান্ত : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সরকারের অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে বিএনপি নেতৃবৃন্দ উদভ্রান্তের প্রলাপের মতো বক্তব্য রাখছে’।
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নির্বাহী পরিষদের সভার শুরুতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি গত ১১ বছরে কোনো বাজেটের প্রশংসা করতে পারে নাই। প্রতিবারেই তারা বাজেটকে উচ্চাকাঙ্খী ও বাস্তবায়নযোগ্য নয় বলেছেন। দেশের আরও কিছু প্রতিষ্ঠানও বিএনপির সাথে একই সুরে কথা বলেন। কিন্তু তাদের সমস্ত শঙ্কা, বিশেষজ্ঞতা ও বিরূপ মতামত ভুল প্রমাণ করে বাংলাদেশে গত ১১ বছর সব বাজেট বাস্তবায়িত হয়েছে। বাজেট বাস্তবায়নের হার উন্নয়ন বাজেটসহ ৯৩ থেকে ৯৭ শতাংশ।’
তথ্যমন্ত্রী এসময় সাংবাদিকদের করোনাভাইরাসের সম্মুখযোদ্ধা হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘ইতোমধ্যে দেশে প্রায় ৩০০ সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছে। বেশ কজন সাংবাদিক মারা গেছেন। এসমস্ত প্রতিকূলতার মধ্যেও তারা কাজ চালিয়ে যাচ্ছেন।’
‘কিন্তু এই পরিস্থিতিতেও দুঃখজনকভাবে অনেক মিডিয়া হাউজ সঠিক সময়ে বেতন ভাতা দেননি। অনেক হাউজে অনেক সাংবাদিক চাকুরিচ্যুতির শিকার হয়েছেন,’ যোগ করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, এই প্রেক্ষাপটে দুস্থ, অসহায় হয়ে পড়া সাংবাদিকদেরকে যাতে আমাদের মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তা দেয়া হয়, সেই লক্ষ্যে আমরা পূর্বের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভায় যারা চাকুরিচ্যুত, দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না এ ধরণের যারা অসহায় অবস্থায় নিপতিত সাংবাদিকদের এককালীন ১০ হাজার টাকা করে অনুদান দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম।
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আজকে সেই অনুদানের প্রথম পর্যায়ে যারা সহায়তা পাবেন তাদের তালিকাটি চূড়ান্ত করবো। এই তালিকাটি সাংবাদিক নেতৃবৃন্দই চূড়ান্ত করেছেন।’
এসময় তথ্যসচিব কামরুন নাহার, প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ, নির্বাহী কমিটি সদস্যদের মধ্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন -বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, ঢাকা সংবাদিক ইউনিয়ন -ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু প্রমুখ।

ডেক্সামেথাসনের ব্যবহার নিয়ে সরকারের সতর্কতা

0

মহামারি করোনা ভাইরাসের চিকিৎসায় সহায়ক ওষুধ হিসেবে ব্যবহৃত ডেক্সামেথাসনের ব্যবহার নিয়ে সাধারণ জনগণ এবং ফার্মেসিগুলোকে সতর্ক করছে সরকার।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রে বাংলাদেশে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেক্সামেথাসন ব্যবহার হয়ে আসছে। ডেক্সামেথাসন একটি স্টেরয়েড জাতীয় ওষুধ। বাংলাদেশে করোনা ভাইরাসের চিকিৎসায় প্রণীত জাতীয় নির্দেশিকায় ওষুধটি ব্যবহারের কথা বলা হলেও এটি করোনা ভাইরাসের চিকিসার মূল ওষুধ নয়।
করোনা চিকিৎসায় এটি সহকারী ওষুধ হিসেবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের চিকিৎসায় সহকারী ওষুধ হিসেবে এটি ব্যবহৃত হয়। আক্রান্ত হলে এবং হাসপাতালে ভর্তি হলে শুধু গুরুতর অসুস্থ রোগীদের ক্ষেত্রেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধ ব্যবহার করা হয়, অন্য ক্ষেত্রে নয়।
ডেক্সামেথাসন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া উল্লেখ করে এতে বলা হয়, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবনবিধি এবং মাত্রা না মেনে ওষুধটি সেবন করলে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এরমধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাড়ক্ষয়, আলসার, অতিরিক্ত ওজন বৃদ্ধিসহ অন্যান্য রোগীর ক্ষেত্রে মৃত্যুঝুঁকিও রয়েছে। ওই ওষুধ অপ্রয়োজনে ব্যবহার করলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। এতে করে আবার মানুষের করোনা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, ফার্মেসি থেকে প্রেসক্রিপশন ছাড়া ডেক্সামেথাসন ওষুধটি বিক্রি করা হচ্ছে এবং জনসাধারণ বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ ছাড়া ব্যবহারের উদ্দেশে ওষুধটি মজুদ করছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া ডেক্সামেথাসন ওষুধটির প্রয়োগ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওষুধ বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ডেক্সামেথাসন প্রেসক্রিপশন ছাড়া বিক্রি না করার জন্য নির্দেশ দেওয়া হলো। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট ফার্মেসির লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে ডেক্সামেথাসন ওষুধটি প্রেসক্রিপশন ছাড়া কেনা এবং সেবন করা থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরাধ করা হয়েছে।

করোনায় মারা গেলেন ইউসিবি ব্যাংক পরিচালক

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) পরিচালক ও ইউসিবির রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য ফরিদ উদ্দিন আহমেদ।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭২ বছর।
ইউসিবি পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পর্ষদ ও ইউসিবি পরিবারের সদস্যরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
ফরিদ উদ্দিন আহমেদ ১৯৬৯ সালে প্রখ্যাত বহুজাতিক ওষুধ শিল্প সংস্থা গ্ল্যাক্সোস্মিথক্লাইনে কস্ট ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যোগদান করেন। গ্ল্যাক্সোস্মিথক্লাইনে ৩৯ বছরের কর্মজীবনে ফরিদ অ্যাকাউন্টস বিভাগ, ইন্টারনাল অডিট বিভাগ এবং সাপ্লাই চেইন বিভাগের প্রধান হিসাবে দায়িত্বরত ছিলেন। এছাড়া, তিনি প্রায় দুই দশক আইসিএমএবি এর কোর্স প্রশিক্ষক এবং দুই মেয়াদে আইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে চার লাখ ছাড়ালো

0

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। এখন পর্যন্ত করোনাভাইরাস মহামারিতে মৃত্যুর সংখ্যা সাড়ে চার লাখ ছাড়িয়েছে।

বিশ্বে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫২৬৪ জনের এবং আক্রান্ত হয়েছেন এক লাখ ৪১ হাজারের বেশি মানুষ। এ তথ্য জানিয়েছে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫১ হাজার ২৬৩ জনে এবং আক্রান্তের সংখ্যা ৮৪ লাখ ১২৯ জন। অপরদিকে ৪৪ লাখ ১৪ হাজার ৯৯১ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালিয়েছে করোনাভাইরাস। এখন এর কেন্দ্রবিন্দু হয়ে উঠছে রাশিয়া, ব্রাজিল। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৩৪ হাজার ৪৭১ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৯ হাজার ৯৪১ জনের। সুস্থ হয়েছেন ৯ লাখ ১৮ হাজার ৭৯৬ জন।

আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৬০ হাজার ৩০৯ জন, মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৬৬৫ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৩ হাজার ৩০১ জন, মৃত্যু হয়েছে ৭৪৭৮ জনের।

আক্রান্তের দিক দিয়ে চতুর্থ অবস্থানে চলে এসেছে প্রতিবেশী দেশ ভারত। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ২৬৪ জন এবং মৃত্যু হয়েছে ১২ হাজার ২৬২ জনের।

কোনো কোনো দেশে আরোপ করা হয়েছে সম্পূর্ণ লকডাউন, কোথাও কোথাও আংশিকভাবে চলছে মানুষের দৈনন্দিন কার্যক্রম। তবে এরই মধ্যে কিছু দেশে করোনার প্রভাব কমে যাওয়ায় লকডাউন শিথিল ও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

করোনায় মৃত্যু আরো ৩৮, শনাক্ত ৩,৮০৩

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন তিন হাজার ৮০৩ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৩৪৩ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন এক লাখ দুই হাজার ২৯২ জন।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এঁরা ৩১ জন পুরুষ এবং সাতজন নারী। এঁদের বয়স ০ (শূন্য) থেকে ১০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৩৪৩ জনের।

জানানো হয়, নতুন যে ৩৮ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের ১৮ জন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগে দুইজন, বরিশাল বিভাগের একজন, ময়মনসিংহ বিভাগের একজন এবং রংপুর বিভাগের একজন। হাসপাতালে মারা গেছেন ২৪ জন এবং বাসায় ১৪ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৭৫ জন। এ নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৬৪ জন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ৩৪৯টি। একই সময় পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৬ হাজার ২৫৯টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে তিন হাজার ৮০৩ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন এক লাখ দুই হাজার ২৯২ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে পাঁচ লাখ ৬৭ হাজার ৫০৩টি। গত ২৪ ঘণ্টায় দেশের ৬১টি ল্যাবের মধ্যে ৫৯টি ল্যাবে নমুনা পরীক্ষার ফলে এই তথ্য এসেছে বলে জানান তিনি।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৬৭৪ জনকে। একইসময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪০০ জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন ১৭ হাজার ৮৭১ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ছয় হাজার ৮৪৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ২৬ জন।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ৮২১ জন। একইসময় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ৬০৫ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট তিন লাখ ৩২ হাজার ৬৪১ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই লাখ ৬৯ হাজার ৯৩৫ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৬২ হাজার ৭০৬ জন।

সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত ৬২৯টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩১ হাজার ৯৯১ জনকে সেবা প্রদান যায় বলে জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে দুই লাখ দুই হাজার ৭২৫টি। এ নিয়ে এ পর্যন্ত হটলাইনে এক কোটি ১৮ লাখ ৬২ হাজার ৫৯৪ জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা বেড়েছে আরো আটজন। এ নিয়ে এখন মোট প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৩৭০ জনে। এ ছাড়া বর্তমানে স্বেচ্ছাসেবক হিসেবে হটলাইনে চার হাজার ২১৭ জন চিকিৎসক স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানানো হয় বুলেটিনে।

আগামী বছর বাংলাদেশে ৭.৫ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে : এডিবি

0

করোনাভাইরাস সংকটের মধ্যে চলতি বছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে ৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি পেতে পারে এবং আগামী বছর তা বেড়ে ৭ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আজ বৃহস্পতিবার প্রকাশিত তাদের প্রতিবেদন এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে বলা হয়েছে, ২০২১ সালে বাংলাদেশের অর্থনীতি ক্ষতি কাটিয়ে উঠতে পারে।
বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী এবং বাংলাদেশে এর প্রকোপে চলতি অর্থবছরের শেষ প্রান্তিকে অর্থনৈতিক কর্মকাণ্ড যে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এডিবির এ প্রতিবেদনেও তা এসেছে।
২০১৮-১৯ অর্থবছরে ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা বাংলাদেশ চলতি অর্থবছরের জন্যও ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছিল। কিন্তু মহামারীর মধ্যে দুই মাসের লকডাউন আর বিশ্ববাজারের স্থবিরতায় তা বড় ধাক্কা খায়। মহামারীতে রপ্তানি আয় তলানিতে ঠেকায় এবং রেমিটেন্সে কাঙ্ক্ষিত মাত্রায় না বাড়ায় চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য সংশোধন করে ৫ দশমিক ২ শতাংশে নামিয়ে আনা হয়।
তবে এডিবি চলতি বছরের ক্ষেত্রে আরও কিছুটা কম প্রাক্কলন ধরে ৪ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির আভাস দিয়েছে। আর নতুন অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে ক্ষতি সামলে বাংলাদেশ ২০২১ সালে ৭ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি পেতে পারে বলে প্রতিবেদনে প্রাক্কলন করা হয়েছে।
এডিবি বলেছে, ভাইরাসের বিস্তার শুরুর তিন মাসের মধ্যে মহামারী নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আবার সচল করা যাবে ধরে নিয়ে এই প্রাক্কলন করেছে তারা।
মহামারী নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ, ক্ষতি কাটাতে ঘোষিত প্রণোদনা এবং অর্থনৈতিক উদ্যোগগুলোও বিবেচনা করা হয়েছে প্রতিবেদনে।
বাংলাদেশ সরকার আগের বারের মতোই ৮ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির বড় লক্ষ্য ধরেছে নতুন অর্থবছরের বাজেটে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘অতীতের অর্জনের ধারাবাহিকতায়’ জিডিপির এই লক্ষ্য তারা ঠিক করেছেন।
এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ এক বিবৃতিতে বলেছেন, বিশ্ব অর্থনীতির ক্ষতি কাটিয়ে ওঠা, বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ, দেশের ভেতরে কর্মসংস্থান সৃষ্টি, কৃষক, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের ঋণপ্রাপ্তি সহজ করা হলে অর্থনৈতিক কর্মকাণ্ড দ্রুত সচল করা যাবে।
বাংলাদেশের মানুষের দুর্যোগে টিকে থাকার ক্ষমতারও প্রশংসা করেছেন মনমোহন পারকাশ।
বিবৃতিতে বলা হয়েছে, জরুরি এই পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং আর্থ-সামাজিক ক্ষেত্রে মহামারীর প্রভাব মোকাবেলায় এডিবি ইতোমধ্যে বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ এবং ১৪ লাখ ডলার অনুদান দিয়েছে। আগামী অর্থবছরও এডিবির সহায়তা অব্যাহত থাকবে।
অবশ্য বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে, আগামী বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ১ শতাংশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ বলেছে, আগামী বছর তা ৫ দশমিক ৬ শতাংশ হতে পারে।

আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কারো সঙ্গে বৈরিতা নয়। বঙ্গবন্ধুর এ নীতিতে আমরা বিশ্বাসী।
আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বানৌজা ‘সংগ্রাম’র কমিশনিং অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা বিশাল সমুদ্রসীমা অর্জন করেছি। সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে আমরা দেশের উন্নয়ন করতে চাই। তিনি আশা করেন এ ক্ষেত্রে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রধানমন্ত্রী বলেন, নৌবাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী হিসেবে গড়ে উঠতে হবে। আমরা আরও সুযোগ-সুবিধা দেব। বিশ্বের উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে নৌবাহিনীর সদস্যদের টেকনোলজি জানতে হবে।
তিনি বলেন, আগামীতে আমরাও যেন এমন যুদ্ধজাহাজ তৈরি করতে পারি সে চিন্তা আমাদের করতে হবে। এ ছাড়া আমাদের নিজেদের প্রয়োজন ছাড়াও এ ধরনের জাহাজ যেন আমরা বিদেশে রফতানি করতে পারি সেভাবে আমাদের কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, আমাদের প্রবৃদ্ধি ক্রমান্বয়ে বাড়ছিল, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি এসে সব উন্নয়ন অগ্রগতি স্তব্ধ করে দিয়েছে। উন্নত ও খুব শক্তিশালী এবং অতি দরিদ্র সকলের একই অবস্থা সৃষ্টি করেছে এই অদৃশ্য শক্তি। এর বিরুদ্ধে কেউ লড়তে পারছে না। তিনি নৌবাহিনীর সব সদস্যকে সুরক্ষিত থেকে তাদের দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান।
করোনার ভাইরাস থেকে দেশ এবং বিশ্ব একদিন মুক্তি পাবেই; এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে বাংলাদেশ জয়ী হবেই- এমন প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন।

করোনায় আক্রান্ত রানা দাশগুপ্ত

0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তিনি নিজেই এতথ্য জানিয়েছেন।
চট্টগ্রাম থেকে তিনি জানান, আমি আশাই করিনি আমার করোনা পজিটিভ হবে। আমি মনে করেছিলাম এটা ফ্লু। কিন্তু বুধবার (১৭ জুন) রাতে আমার রিপোর্ট পজেটিভ আসে। শরীরটা এখন দুর্বল। আমি এখন জিইসি মেডিক্যাল সেন্টারে যাচ্ছি। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।