Home Blog Page 2874

ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ চার জনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

0

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে পাঁচ রোগীর মৃত্যুর ঘটনায় ওই হাসপাতালের শীর্ষ চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা দেওয়া শীর্ষ কর্মকর্তারা হলেন, ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান মো. হাসান মাহমুদ রাজা, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রহমান খান, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাইজুর রহমান ও পরিচালক (চিফ ক্লিনিক্যাল গভার্নেন্স) ডা. আবু সাঈদ এম এম রহমান।

গত ২৭ মে রাতে ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে অগ্নিকাণ্ডে রিয়াজুল আলম (৪৫), খাদেজা বেগম (৭০), এ্যান্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫) ও মো. মাহাবুব এলাহী চৌধুরী হিরো (৫৭) নিহত হন।

এ ঘটনার পর ৩ জুন নিহত এ্যান্থনী পলের মেয়ের স্বামী রোনাল্ড নিকি গোমেজ বাদী হয়ে ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে দণ্ডবিধি ৩০৪(ক) ও ১০৯ ধারায় একটি মামলা করেন। মামলায় হাসপাতালের চেয়ারম্যান, এমডি, প্রধান নির্বাহী, পরিচালক, দায়িত্বরত চিকিৎসক-নার্স, নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীদের আসামি করা হয়।

মামলা তদন্তের অগ্রগতি জানতে চাইলে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘মামলার তদন্তের স্বার্থে হাসপাতালের চার শীর্ষ কর্মকর্তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের তদন্ত কমিটির প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। এখন অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলার তদন্ত চলছে। আসামিরা যতই প্রভাবশালী হোক কাউকে রেহাই দেওয়া হবে না। অপরাধ ও দায়িত্বে অবহেলা করলে আইনের মুখোমুখি হতে হবে।’

করোনা মোকাবিলায় সব দেশের পারস্পারিক সহযোগিতা দরকার: পররাষ্ট্রমন্ত্রী

0

করোনাভাইরাস এখন বৈশ্বিক সমস্যা এবং তা মোকাবিলায় সব দেশের পারস্পারিক সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ বুধবার বাংলাদেশে সফররত চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সঙ্গে সিলেট ও চট্রগ্রামের চিকিৎসকদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষত্রে বাংলাদেশ ও চীন করোনা মোকাবিলায় পারস্পারিক সাহায্য অব্যাহত রেখেছে। বাংলাদেশে সফররত চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপকৃত হচ্ছেন।’
ড. মোমেন বলেন, ‘চীনের উহান প্রদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে সারা বিশ্ব অত্যন্ত কঠিন সময় পার করছে। চীন সর্বপ্রথম করোনাভাইরাসের ভয়াবহতার শিকার হয়। করোনার ভয়াবহতা মোকাবিলায় চীনের সফলতা সারা বিশ্বে রোল মডেল হিসেবে কাজ করবে। চীন করোনা মোকাবিলায় জরুরি হাসপাতাল নির্মাণ, কঠোরভাবে কোয়ারেন্টিন মেনে চলাসহ দ্রুত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে উদাহরণ সৃষ্টি করেছে।’
চীন সরকার এবং সেদেশের বেসরকারি সংস্থা আলিবাবা এবং জ্যাকমা ফাউন্ডেশনকে বাংলদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানান। পররাষ্ট্রমন্ত্রী এ সহযোগিতাকে বাংলাদেশের প্রতি চীনের জনগণ ও সরকারের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উল্লেখ করেন। এ সময় তিনি করোনা পরিস্থিতিতে উহান প্রদেশসহ চীনের বিভিন্ন অংশে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রদের সহযোগিতার জন্য চীন সরকার ও সেদেশের জনগণকে ধন্যবাদ জানান।
বাংলাদেশকে কারোনা চিকিৎসায় সহযোগিতা করার জন্য চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল গত ৮ জুন ঢাকায় এসেছেন। তারা আগামী ২২ জুন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।
ভিডিও কনফারেন্সে সিলেট এম. এ. জি. ওসমানি মেডিকেল কলেজের পরিচালক এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সংযুক্ত ছিলেন।

বেইজিংয়ে নতুন করে সংক্রমণ, লকডাউনে ২৭ মহল্লা

0

প্রায় দুই মাস পর নতুন করে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় চীনের রাজধানী বেইজিংয়ের লাখ লাখ মানুষ আবারো লকডাউনের কব্জায় আটকা পড়েছেন। রাজধানী ২৭টি মহল্লার মানুষকে বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বেইজিং থেকে ১২০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। ৯ই জুলাই পর্যন্ত ট্রেন সার্ভিস অনেক কমিয়ে দেওয়া হয়েছে।

রাজধানীর প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ হয়ে গেছে সুইমিং পুল, জিম এবং অনেক রকম খেলাধুলো।

বুধবার বেইজিংয়ে নতুন করে ৩১ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৭।

নতুন দফা এই সংক্রমণের আগে টানা ৫৭ দিন ধরে বেইজিংয়ের বাসিন্দাদের মধ্যে কোনো করোনা পজিটিভ রোগী পাওয়া নি।

ধারণা করা হচ্ছে বেইজিংয়ের শিনফানদি নামে বিশাল এক পাইকারি খাদ্যের বাজার থেকে নতুন করে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। এই বাজার থেকে বেইজিংয়ের ৮০ শতাংশ মাংস এবং সবজি সরবরাহ হয়।

নতুন দফা বিধিনিষেধের শর্ত

চীনের রাজধানীর কমপক্ষে ২৭টি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে ২৬টিতে ঝুঁকির মাত্রা মাঝারি, আর একটি এলাকা উঁচু মাত্রার ঝুঁকিপূর্ণ।

এই ২৭টি এলাকার বাসিন্দারা বেইজিংয়ের বাইরে যেতে পারবেনা। এমনকি কম ঝুঁকিপূর্ণ এলাকার মানুষজনকেও রাজধানীর বাইরে যেতে গেলে ভাইরাসের পরীক্ষা করে দেখাতে হবে তারা সংক্রমিত নন।

তবে বেইজিংয়ে এখন ভাইরাস পরীক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তিনটি টেস্টিং সেন্টার বিবিসিকে জানিয়েছে তাদের কাছে এত মানুষ আসছে যে জুলাইয়ের আগ পর্যন্ত তারা নতুন কারো কাছ থেকে নমুনা সংগ্রহ করতে পারবে না।

অন্যান্য কেন্দ্রের সামনেও পরীক্ষার জন্য লম্বা লাইন চোখে পড়ছে। নতুন করে নানা বিধিনিষেধ চালু করা হলেও, রাস্তা-ঘাট খোলা রয়েছে। কল-কারাখানা খোলা।

বেইজিংয়ে বিবিসির সংবাদদাতা স্টিভেন ম্যাকডোনেল বলছেন, গত ৫০ দিনেরও বেশি সময় ধরে চীনের রাজধানীতে নতুন কোনো সংক্রমণ না হওয়ায় রেঁস্তরা-পানশালাগুলো গমগম করে চলছিল, ট্রেনগুলো সকাল-বিকাল যাত্রীতে ভর্তি থাকতো।

“কিন্তু সেই প্রায়-স্বাভাবিক অবস্থা হঠাৎ করে যেন উধাও। একটি বাজার থেকে ছড়িয়ে পড়া সংক্রমণে আবার বেইজিংকে বিধিনিষেধের বুদবুদে ঢুকে পড়তে হচ্ছে।“

সংবাদদাতা জানাচ্ছেন, একেকটি মহল্লাকে এমনভাবে নজরদারি করা হচ্ছে, নিয়ন্ত্রণ করা হচ্ছে যেন সেগুলো শহরের ভেতর আরেক শহর। তিনি বলছেন, ফেব্রুয়ারির লকডাউনের সাথে নতুন করে চাপানো এই লকডাউনের মূল পার্থক্য যে সরকারি অফিস এবং কল-কারখানা এখনো খোলা।

নতুন সংক্রমণের শুরু যেভাবে

চীনা মিডিয়াগুলো বলছে, শহরের শিনফানদি পাইকারি বাজারে আমদানি করার স্যামন মাছ কাটার একটি বোর্ডের ওপর প্রথম ভাইরাস শনাক্ত হয়।

ঐ বাজারের জেনারেল ম্যানেজারকে বরখাস্ত করা হয়েছে। ঐ বাজারে কাজ করতেন বা গিয়েছিলেন এমন অনেক মানুষকে শহর ছাড়তে নিষেধ করা হয়েছে।প্রতিদিন বেইজিংয়ের এই পাইকারি বাজারে লাখ লাখ মানুষের সমাগম হয়।

বাকি চীনের পরিস্থিতি কী

চীন গত মাসগুলোতে সাফল্যের সাথে ভাইরাসের সংক্রমণ বাগে আনতে সক্ষম হয়েছে। মার্চের প্রথম দিকে শনাক্ত রোগীর সংখ্যা ৮০,০০০ ছাড়িয়ে গিয়েছিল, কিন্তু তারপর গত সাড়ে তিন মাসে নতুন করে মাত্র ৩২০০ জন শনাক্ত হয়েছে। মঙ্গলবার সারাদেশে নতুন করে ৩২জন সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ২৭ জনই বেইজিংয়ের চারটি মহল্লার বাসিন্দা

‘জাতীয় দলের ক্যাম্পে ডাকা সবার করোনা পরীক্ষা হবে’

0

ইংলিশ কোচ জেমি ডে’র সঙ্গে দুই বছরের নতুন চুক্তির পরদিনই সভায় বসেছিল বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের যে চারটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের সেগুলো সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি কবে শুরু হবে, কীভাবে হবে- এসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে ওই সভায়।
বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত ওই সভা শেষে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, ‘আমরা আগস্টের প্রথম সপ্তাহ থেকেই ক্যাম্পের প্রক্রিয়া শুরু করব। এবারের প্রেক্ষাপট ভিন্ন। তাই ধাপে ধাপে খেলোয়াড় ডেকে তাদের সবাইকে করোনা ভাইরাস টেস্ট করানো হবে। এজন্য আমরা ৪৪ জন খেলোয়াড় ডাকব। তারপর সবার টেস্ট করে দ্রুততম সময়ের মধ্যে ৩৫ বা ৩০ জনে দল নামিয়ে আনা হবে।’
কোচের সঙ্গে দুই বছরের চুক্তি শুরু হবে ১৬ আগস্ট থেকে। তিনি আগস্টের মাঝামাঝিতেই আসবেন। কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘কোচ আসলে তাকেও এক সপ্তাহ আইসোলেশনে থাকতে হবে। ২০-২২ আগস্ট আমাদের ক্যাম্প শুরু হয়ে যাবে। ঢাকা বা ঢাকার আশপাশে আমরা আবাসিক ক্যাম্পের স্থান ঠিক করব।’
জেমি ডে’র প্রস্তাব ছিল দেশের বাইরে কোথাও ক্যাম্প করার। এ বিষয়ে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘ক্যাম্প দেশের বাইরে হওয়াটা নির্ভর করছে ওই সময়ের সার্বিক অবস্থার ওপর। আমরা কোন দেশে ক্যাম্প করতে চাইলে সেই দেশ আমাদের নেবে কি না, আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ও আছে- এসব কিছু বিবেচনা করেই দেশের বাইরে ক্যাম্প হবে কি না- সে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি বলেন, ‘প্র্যাকটিস ম্যাচের বিষয়টাও তাই। কোন দলকে আমন্ত্রণ করলে তারা বাংলাদেশে এসে প্র্যাকটিস ম্যাচ খেলবে কি না, আমাদের হোস্ট কর বে কিনা তার ওপর নির্ভর করবে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে প্র্যাকটিস ম্যাচ সম্ভব কি না।’

সরকারি অর্থ ও চাল আত্মসাত: মোট ১০০ জনপ্রতিনিধি বরখাস্ত

0

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেয়া প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা, চাল আত্মসাত, তালিকা প্রণয়নে স্বজনপ্রীতি ও অনিয়মসহ বিভিন্ন অভিযোগে বুধবার এক চেয়ারম্যান এবং ১০ জন ইউনিয়ন পরিষদ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বুধবার স্থানীয় সরকার বিভাগ হতে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ১০০ জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

বরখাস্ত হওয়া জনপ্রতিনিধিদের মধ্যে- ৩০ জন ইউপি চেয়ারম্যান, ৬৪ জন ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য, ৪ জন পৌর কাউন্সিলর এবং একজন উপজেলা ভাইস-চেয়ারম্যান রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচীর সুবিধা ভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম মিয়া এবং জেলার সদর উপজেলার বুধল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য ফরিদা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এছাড়া, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র জনসাধারণের জন্য বরাদ্দ দেয়া চাল আত্মসাৎ, উপকারভোগীদের তালিকা প্রণয়নে অনিয়মসহ বিভিন্ন কারণে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম ও ৮নং ওয়ার্ডের আসো মো. আবুল কালাম, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ৮নং নহাটা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য কাঞ্চন মিয়া, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলাধীন ৪নং কুমারগাতা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মো. মফিজুল ইসলাম, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলাধীন রাজিবপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য রইছ উদ্দিন, জয়পুরহাট জেলার সদর উপজেলাধীন বম্বু ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য পারভীন আক্তার ও ২নং ওয়ার্ডের সদস্য মো. লোকমান হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোসা মুসলেমা বেগম এবং নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন ৬নং চরকিং ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মো. ইকবালকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

অপরাধমূলক কার্যক্রম জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী তাদের স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

সাময়িকভাবে বরখাস্তকৃত সদস্যদের পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে কেন তাদেরকে চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

0

দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং মহামারি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধানমন্ত্রী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ পর্যন্ত গৃহীত ব্যবস্থা, চিকিৎসাসামগ্রী সংগ্রহ পরিকল্পনা এবং আগামী দিনেও কোভিড-১৯ মোকাবিলায় গৃহীত উদ্যোগ পর্যালোচনা করেন।

‘শেখ হাসিনা কোভিড-১৯ মোকাবিলায় প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম।

সভায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক আবু হেনা মোরশেদ জামান উপস্থিত ছিলেন।

গত ৩০ মে প্রধানমন্ত্রী দেশে কোভিড-১৯ মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির সাথে বৈঠকে করোনাভাইরাস মোকাবিলায় সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন আরও বড় পরিসরে সম্পৃক্ত করার নির্দেশনা দিয়েছিলেন।

এর আগে, দেশে কোভিড-১৯ ছড়িয়ে পড়া ঠোকাতে ১৯ এপ্রিল সরকার ১৭ সদস্যের জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি গঠন করে।

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে দেশে বুধবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জন মারা গেছেন এবং ৪০০৮ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন আক্রান্তসহ এখন পর্যন্ত দেশে করোনার শিকার হয়েছেন ৯৮ হাজার ৪৮৯ জন। আর মোট মারা গেছেন এক হাজার ৩০৫ জন। করোনায় নতুন যে ৪৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী ১৫ জন।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৯২৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ১৮৯ জন।

বিশ্ব পরিস্থিতি: জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ লাখ ৪১ হাজার ৪৩৯ জনে। এছাড়া, প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ লাখ ৫২ হাজার ৮৮৫ জন।

জেএইচইউর তথ্য অনুসারে, বুধবার পর্যন্ত ব্রাজিল ও রাশিয়া যথাক্রমে ৯ লাখ ২৩ হাজার ১৮৯ জন এবং ৫ লাখ ৪৪ হাজার ৭২৫ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে উঠে এসেছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনার ওষুধ ডেক্সামেথাসনকে স্বাগত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0

করোনায় জীবন রক্ষাকারী ওষুধ ডেক্সামেথাসনের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাথমিক ফলাফলকে স্বাগত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সস্তা ও সহজলভ্য এই ওষুধটিকে করোনায় জীবন রক্ষাকারী প্রথম ওষুধ বলে দাবি করেন ব্রিটিশ বিজ্ঞানীরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়েসাস জানান, ডেক্সামেথাসনই প্রথম ওষুধ যেটা করোনাভাইরাসে গুরুতর অসুস্থ রোগীদের জীবন বাঁচাতে সক্ষম। এ ঘটনাকে করোনা চিকিৎসায় বড় ধরনের অগ্রগতি বলে জানান তিনি। পাশাপাশি ট্রায়ালের চূড়ান্ত ফলাফলের ব্যাপারে আশা প্রকাশ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
কম ডোজের এই স্টেরয়েডটি ভেন্টিলেটরে থাকা করোনা রোগীদের মৃত্যুর হার এক-তৃতীয়াংশ কমিয়ে আনতে পারে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এছাড়া, অক্সিজেন সাপোর্টে থাকা রোগীদের মৃত্যুহার এক-পঞ্চমাংশ কমার কথাও জানিয়েছেন তারা।

করোনা পরিস্থিতিতে সরকারের ত্রাণ সহায়তা অব্যাহত

0

করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৬ জুন পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ১১ হাজার মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৭৬ হাজার ৩৮৯ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ৫৪ লাখ ৬০ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা ছয় কোটি ৭৮ লাখ ২৬ হাজার।
নগদ বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ১২৩ কোটি টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার টাকা এবং বিতরণ করা হয়েছে ৮২ কোটি ৭৭ লাখ ৫৪ হাজার টাকা।
শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৭ কোটি ১৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২২ কোটি ৮৪ লাখ ৭৪ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা সাত লাখ ৩৭ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা ১৫ লাখ ৪৬ হাজার ৪৬৫ জন।

সুশান্তের আত্মহত্যা : করণ, সালমানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

0

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জেরে এখন দুইভাগে ভাগ হয়ে গেছে বলিউড। একদল সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের ‘প্রিভিলেজড ক্লাব’ সদস্যদের দায়ী করেছেন। বলিউডের স্বজনপোষণই দায়ি সুশান্তের মৃত্যুর জন্য-এমনই দাবি উঠছে খোদ বলিপাড়ার অন্দরমহল থেকেই। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেবে কোনও উল্লেখযোগ্য সূত্র এখনও অধরা মুম্বাই পুলিশের।
এবার বিহারের মুজফফরপুরে সিজিএম আদালতে করণ জোহর, সালমান খান, একতা কাপুর, সঞ্জয় লীলা বানশালিসহ আট বলিউড ব্যক্তিত্বের বিরুদ্ধে মামলা দায়ের করলেন সুধীর কুমার ওঝা নামের এক আইনজীবী। আত্মহত্যায় প্ররোচনা দেওয়া সহ ভারতীয় দণ্ডবিধির ,১০৯,৫০৪,৫০৬ নম্বর ধারায় মামলা দায়ের করেছেন আইনজীবী, খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে।

আইনজীবীর তার অভিযোগের প্রতিলিপিতে জানিয়েছেন, সুশান্তকে সাতটি ছবি থেকে চক্রান্ত করে বার করে দেওয়া হয়েছে এবং বেশ কিছু ছবি মুক্তি পায়নি। এই পরিস্থিতি ও ওকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে’।
প্রসঙ্গত সুশান্তের মৃত্যুর পর প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম দাবি করেন, ‘ছিছোড়ে’ হিট হওয়ার পর সুশান্ত সিং রাজপুত ৭টি ছবি সাইন করেছিল, কিন্তু ছয় মাসে ওর হাত থেকে এক এক করে প্রতিটা ছবি বেরিয়ে যায়। এর মাঝেই ঘরের ছেলের মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে মঙ্গলবার পথে নামে পাটনাবাসী। পোড়ানো হয় সালমান খান, করণ জোহরদের কুশপুতুল, কোথাউ মোমবাতি নিয়ে মৌনমিছিল করেন বিহারবাসী।

সুশান্ত যে ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন তা নিশ্চিত করেছে পুলিশ। মঙ্গলবার সুশান্ত সিং রাজপুতের বাবা কেকে সিং এবং তার দুই দিদির বয়ান রেকর্ড করেছে পুলিশ। ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর,সুশান্তের বাবা পুলিশকে জানিয়েছেন তার ছেলে অবসাদগ্রস্ত ছিল না জানতেন না তিনি। হ্যাঁ,মাঝেসাঝে মন খারাপের কথা বলত,ব্যাস ওইটুকুই। সুশান্তের মৃত্যুর জন্য কারুর দিকে সন্দেহের আঙুল তোলেনি প্রয়াত অভিনেতার পরিবার,জানিয়েছেন মুম্বই পুলিশের এক সিনিয়ার অফিসার।

যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা আছে : মোদীর হুমকি

0

সীমান্তে ভারত-চীন সংঘর্ষ নিয়ে ক্রমশ চাপ বাড়ছিল ভারত সরকারের। কার্যত বাধ্য হয়েই অবশেষে নীরবতা ভাঙলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কড়া শব্দও প্রয়োগ করলেন। তবে একবারও চিনের নাম নিলেন না।
করোনাভাইরাস এবং লকডাউন পরিস্থিতির ভবিষ্যৎ কৌশল নির্ধারণ নিয়ে প্রথম দফায় ১৫ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করছেন মোদী। রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বৈঠক শুরুর আগে মোদী বলেন, ‘আমি দেশবাসীকে আশ্বাস দিতে চাই যে আমাদের জওয়ানদের আত্মবলিদান বৃথা যাবে না। আমাদের কাছে দেশের ঐক্য এবং সার্বভৌমতা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ভারত শান্তি চায়। কিন্তু প্ররোচিত করলে যে কোনও পরিস্থিতিতে যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা আছে ভারতের। আমাদের বীর শহিদ জওয়ানদের প্রসঙ্গে বলছি, দেশ গর্বিত হবে যে ওঁরা (বিপক্ষকে) মারতে মারতে শহিদ হয়েছেন।’