Home Blog Page 2876

চিন-ভারত সংঘর্ষ: হিমাচল সীমান্তে সতর্কতা জারি

0

৪৫ বছর পর ফের উত্তপ্ত চিন-ভারত সীমান্ত। রক্তক্ষয়ী হামলায় শহিদ হয়েছে ২০ ভারতীয় জওয়ান। পালটা মারে চীনেরও ৪৩ জন সেনা নিহত হয়েছেন বলে খবর। দেশের উত্তর ও উত্তর-পূর্ব প্রান্তে চিন সীমান্তে বাড়তে থাকা উত্তেজনায় সতর্ক ইনটালিজেন্স বিভাগ। একইসঙ্গে সীমান্ত লাগোয়া হিমাচল প্রদেশের একাধিক এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। সীমান্ত লাগোয়া এলাকায় চক্কর কাটছে চিনা কপ্টার। সবমিলিয়ে দুদেশের সীমান্তে চূড়ান্ত উত্তেজনা রয়েছে।
জানা গেছে, হিমাচল প্রদেশের কিন্নর, লাহুল-স্পিতি এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। পাশাপাশি সেই সমস্ত এলাকা থেকে তথ্য সংগ্রহ করছে ইনটালিজেন্স দপ্তরও। রাজ্যের বিভিন্ন গোয়েন্দা শাখাকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে হিমাচলের এসপি কুশল শর্মা জানিয়েছেন, “লাদাখে ভারতীয় সেনা-চিনের লাল ফৌজের মুখোমুখি সংঘর্ষের জেরে কিন্নর, লাহুল-স্পিতি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতামূলক একাধিক পদক্ষের জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে। একইসঙ্গে রাজ্যের ইনটালিজেন্স বিভাগও সতর্ক রয়েছে।”
এদিকে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ সেনা জওয়ানের মৃত্যুতে শোকাতুর দেশবাসী। টুইট করে শোক প্রকাশ করেছেন কংগ্রেস সভানেত্রীও। মঙ্গলবার রাতেই টুইট করেন সোনিয়া গান্ধী। নিহত সেনা জওয়ানদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সোমবার রাতে ভারতীয় বাহিনীর উপর হামলা চালায় লাল ফৌজ। পালটা জবাব দেয় ভারতীয় সেনা। সেই সংঘর্ষে অন্তত বিশ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন অনেকেই, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য। গালওয়ান উপত্যকায় চিনা আগ্রাসনের বিরুদ্ধে কড়া বার্তা দিল ভারত। মঙ্গলবার বিবৃতি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি ফেরানোর জন্য সামরিক এবং কূটনৈতিক স্তরে আলোচনা চালাচ্ছে দুই দেশ।

করোনায় জীবন রক্ষাকারী প্রথম ওষুধ ডেক্সামেথাসোন : দাবি বিশেষজ্ঞদের

0

করোনা সংক্রমণের শিকার হয়ে গুরুতর অসুস্থ হওয়া রোগীদের জীবন রক্ষায় সহায়তা করতে পারে স্বল্পমূল্যের ও সহজে পাওয়া ওষুধ ডেক্সামেথাসোন। যুক্তরাজ্যের একদল বিশেষজ্ঞের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে মঙ্গলবার এতথ্য জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রাণঘাতি এই ভাইরাসের বিরুদ্ধে অভবানীয় সাফল্য এনে দিয়েছে ডেক্সামেথাসোন। রোগীদের চিকিৎসায় স্বল্প মাত্রায় এটির ব্যবহার ভালো ফল দিয়েছে।
ভেন্টিলেটর ব্যবহারযোগ্য রোগীদের তিন ভাগের এক ভাগ এবং অক্সিজেন দেওয়া রোগীদের পাঁচ ভাগের এক ভাগের মৃত্যুঝুঁকি কমায় ডেক্সামেথাসোন।
করোনার বিরুদ্ধে বিশ্বজুড়ে যেসব ওষুষের পরীক্ষামূলক প্রয়োগ হচ্ছে এগুলোর মধ্যে এই ডেক্সামেথাসোনও রয়েছে।
গবেষকদের মতে, মহামারি করোনার প্রাদুর্ভাবের শুরুতে যদি এই ওষুধ ব্যবহার করা হতো, তবে পাঁচ হাজারের বেশি জীবন বেঁচে যেত। দামে সস্তা হওয়ায় বেশি আক্রান্ত গরিব দেশগুলো ডেক্সামেথাসোন ব্যবহার করে অনেক বেশি ফল পেতে পারে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক করোনা রোগীদের ওপর ডেক্সামেথাসোনের ব্যবহার নিয়ে গবেষণা চালান। হাসপাতালে থাকা দুই হাজার রোগীর ওপর এই ওষুধ প্রয়োগ করেন তারা; এরপর এই ওষুধ প্রয়োগ করা হয়নি এমন চার হাজার রোগীর সাথে তাদের তুলনা করে দেখা হয়।
গবেষক দলের প্রধান তদন্তকারী অধ্যাপক পিটার হর্বি বলেন, করোনায় মৃত্যুহার কমাতে এটিই কার্যকরী ও একমাত্র ওষুধ। অভাবনীয় সাফল্য।
করোনায় রোগীদের ওপর ডেক্সামেথাসোন ব্যবহার নিয়ে চালানো গবেষণার নেতৃত্ব দেওয়া অধ্যাপক মার্টিন ল্যান্ড্রেই বলেন, আর দেরি না করে হাসপাতালে চিকিৎসকের এই ওষুধ ব্যবহার করা উচিত। তবে কেউ এটি কেনার জন্য বাইরে যাবেন না বা বাড়িতে ওষুধ কিনে এনে তা ব্যবহারের দরকার নেই।

সুনির্দিষ্ট ম্যাপিং পাওয়ার ২-৩ দিনের মধ্যে লকডাউন : মেয়র তাপস

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘সুনির্দিষ্ট এলাকা চিহ্নিত করার পর ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আমরা লকডাউন করতে পারবো। কিন্তু এর আগে আমাদেরকে সুনির্দিষ্ট ম্যাপিং পেতে হবে। আমরা আশা করছি আগামী দু’তিনদিনের মধ্যে নির্দিষ্ট কোন এলাকা লকডাউন করতে হবে তার তালিকা পেয়ে যাবো। ’
আজ মঙ্গলবার (১৬ জুন) নগর ভবনে কোভিড-১৯ নিয়ন্ত্রণে জোনিং সিস্টেম বাস্তবায়ন বিষয়ক ডিএসসিসির কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে এলাকা চিহ্নিত করে দেবে, আর সেখানে কাউন্সিলরদের সম্পৃক্ত করে এলাকাবাসীর যে কোনো ধরনের সমস্যা না হয়, সেভাবে আমরা বাস্তবায়ন করবো। সেখানকার অসহায় মানুষদের খাবার পৌঁছানোর ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ সেখানে আছে। সুনির্দিষ্ট এলাকায় আমরা মাইকিং করে, জনগণকে সচেতন করে এরপর লকডাউন করবো। যে কারণে নির্দিষ্ট এলাকার তালিকা পাওয়ার পর আমাদের আরও ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লাগবে।’
মেয়র আরও বলেন, ‘আমরা চেষ্টা করবো লকডাউন হওয়া নির্দিষ্ট সেসব এলাকার মানুষদের যেন কোনো ধরনের সমস্যা না হয়। আসলে সবার সহযোগীতা, সচেতনতাই পারে এই কার্যক্রম সফল করতে। সবাই যদি সচেতন এবং নিজ নিজ দায়িত্ব পালন করি তবেই সব কার্যক্রম সফল হবে। আমরা আমাদের জায়গা থেকে প্রস্তুতি নিচ্ছি’।
এর আগে করোনাভাইরাসে আক্রান্তের হার বিবেচনায় রেড, ইয়েলো ও গ্রিন জোনে চিহ্নিত করে করোনা প্রতিরোধে গঠিত জাতীয় টেকনিক্যাল কমিটির ঢাকা দক্ষিণ সিটিতে রেড জোনের জন্য সুপারিশ করা এলাকার মধ্যে আছে- যাত্রাবাড়ী, ডেমরা, মুগদা, গেন্ডারিয়া, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, আজিমপুর, বাসাবো, শান্তিনগর, পল্টন, কলাবাগান, রমনা, সূত্রাপুর, মালিবাগ, কোতোয়ালি, টিকাটুলি, মিটফোর্ড, শাহজাহানপুর, মতিঝিল, ওয়ারী, খিলগাঁও, পরীবাগ, কদমতলী, সিদ্ধেশ্বরী, লক্ষ্মীবাজার, এলিফ্যান্ট রোড ও সেগুনবাগিচা।

যে ৪০ এমপিকে সংসদে যেতে মানা

0

জাতীয় সংসদে ৪০ জন সংসদ সদস্যকে যোগ দিতে না করার অনুরোধ করা হয়েছে। মূলত করোনাভাইরাস সংক্রমণের কারণে চলতি অধিবেশনে বিষয়টি বিবেচনা করে সংসদের হুইপের দফতর থেকে ফোন করে তাদের সংসদে যোগ না দিতে নিরুৎসাহিত করা হয়।

স্বাস্থ্যঝুঁকির কারণে যেসব সংসদ সদস্যকে অধিবেশনে না আসতে অনুরোধ করা হয়েছে তারা হলেন—বিরোধীদলীয় নেতা ও ময়মনসিংহ-৪ আসনের এমপি রওশন এরশাদ, সংসদ উপনেতা ও ফরিদপুর-২ আসনের সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ঝালকাঠী-২ আসনের আমির হোসেন আমু, সরকারদলীয় সিনিয়র সংসদ সদস্য ভোলা-১ আসনের তোফায়েল আহমেদ, গোপালগঞ্জ-২ আসনের শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা-১৮ আসনের অ্যাডভোকেট সাহারা খাতুন, চট্টগ্রাম-১ আসনের ইঞ্জিনিয়ার মোশররফ হোসেন, ফরিদপুর-৩ আসনের খন্দকার মোশাররফ হোসেন, বরিশাল-১ আসনের আবুল হাসনাত আবদুল্লাহ, নওগাঁ-৪ আসনের ইমাজ উদ্দিন প্রামাণিক, জামালপুর-১ আসনের আবুল কালাম আজাদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ঢাকা-৮ আসনের রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) সভাপতি ও পিরোজপুর-২ আসনের আনোয়ার হোসেন মঞ্জু, সরকারি দলের সংসদ সদস্য শেরপুর-৩ আসনের একে এম ফজলুল হক, পাবনা-৩ আসনের মকবুল হোসেন, ময়মনসিংহ-৬ আসনের মোসলেম উদ্দিন, পটুয়াখালী-১ আসনের মো. শাহজাহান মিয়া, ঠাকুরগাঁও-২ আসনের মো. দবিরুল ইসলাম, সরকারি দলের হুইপ ও খুলনা-১ আসনের পঞ্চানন বিশ্বাস, সংরক্ষিত আসনের শেখ এ্যানী রহমান ও জিন্নাতুল বাকিয়া এবং বিএনপির সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার। এছাড়া সংরক্ষিত আসনের সদস্য ও রাশেদ খান মেননের স্ত্রী লুৎফুন নেসা খানকেও অনুরোধ করা হয়েছে অধিবেশনে যোগ না দিতে।

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল), রাজবাড়ী-১ আসনের কাজী কেরামত আলী, যশোর-৩ আসনের কাজী নাবিল আহমেদ ও টাঙ্গাইল-৬ আসনের আহসানুল ইসলামকে (টিটু) অধিবেশনে যোগ না দিতে অনুরোধ করা হয়েছে। বাগেরহাট-২ আসনের শেখ তন্ময়কেও অধিবেশনে যোগ না দিতে অনুরোধ করা হয়েছে। বাগেরহাট-১ আসনের এমপি ও শেখ তন্ময়ের বাবা শেখ হেলাল উদ্দিনকে আগেই অনুরোধ করা হয়েছে এবারের অধিবেশনে যোগ না দিতে।

জানা গেছে, বয়স ও শারীরিক অসুস্থতার কারণে যেসব সংসদ সদস্য ঝুঁকিপূর্ণ, যেসব সদস্য বা তাদের পরিবারের কারও করোনা পজিটিভ হয়েছে এবং করোনা আক্রান্তের সংস্পর্শে গেছেন, তাদের সংসদে না যেতে অনুরোধ করা হয়েছে।

জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের সংক্রমণ বেড়েছে

0

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক। নতুন করে এন্টিবায়োটিক দিতে হচ্ছে। শরীর খুবই দুর্বল। নিয়মিত কিডনি ডায়ালাইসিস করছেন।
গণস্বাস্থ্য হাসপাতালে অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের বরাত দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
অক্সিজেন প্রয়োজন হয় না তবে গলার ব্যাথার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। তাই ইশারায় আর লিখে তিনি কথার উত্তর দেন। চিকিৎসকগন তাঁকে কথা বলতে নিষেধ করেছেন। তার শরীরে করোনাভাইরাস ইনফেকশন নাই তবে ভ্যাকটোরিয়া ইনফেকশন অনেক বেশি। তাকে আরো বেশ কিছুদিন দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে। তবে তিনি মানসিকভাবে অনেক উজ্জীবিত।”
আমি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তার চিকিৎসক কাছ থেকে তার শারীরিক অবস্থা জানতে পারি।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে তাঁর নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
প্রসঙ্গত, গত ২৪ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হন। ১৩ জুন সকালে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটে পরীক্ষা করে তাঁর করোনা নেগেটিভ পাওয়া গেছে। এদিকে গতকাল (সোমবার) পিসিআর ল্যাবের পরীক্ষাতেও তাঁর করোনা নেগেটিভ এসেছে। কিন্তু এখন তিনি নিউমোনিয়াজনিত জটিলতায় ভুগছেন।

এমপি মোকাব্বিরের করোনা পজিটিভ

0

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য (এমপি) ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খানের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

সোমবার শ্বাসকষ্ট নিয়ে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হওয়ার পর তার নমুনা পরীক্ষা হয়।

মঙ্গলবার মোকাব্বিরের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানান গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

তিনি বলেন, মোকাব্বির খান নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রয়েছেন। আজ তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

গণফোরামের এই নেতার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ড. রেজা কিবরিয়া।

ঢাকায় উবারের পার্সেল ডেলিভারি সার্ভিস ‘উবার কানেক্ট’ চালু

0

করোনাভাইরাসের প্রার্দুভাবে মধ্যে গ্রাহকদের সুবিধায় মঙ্গলবার থেকে পার্সেল ডেলিভারি সার্ভিস ‘উবার কানেক্ট’ চালু করছে উবার।

এই সার্ভিসের মাধ্যমে ঢাকাবাসীরা বাসায় নিরাপদে থেকে ঢাকার অভ্যন্তরে বসবাসরত তাদের প্রিয়জনের কাছে বিভিন্ন জিনিস পাঠাতে ও গ্রহণ করতে পারবেন। এছাড়াও এই সার্ভিসের মাধ্যমে ঢাকাবাসীরা ঢাকার অভ্যন্তরে অবস্থিত দোকানগুলো থেকে বিভিন্ন পণ্য অর্ডার করতে পারবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উবার কানেক্টে সব পার্সেল হবে দুই চাকার গাড়িতে বহনযোগ্য যা ওজনে ৫ কেজির বেশি হবে না এবং সিল করা থাকবে। কোনো ধরনের নিষিদ্ধ পণ্য যেমন- অ্যালকোহল, মাদকদ্রব্য ও বিপজ্জনক কিংবা অবৈধ জিনিস পাঠানো যাবে না। এই ডেলিভারি সার্ভিসটি শুধুমাত্র পার্সেল পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, যাত্রী পরিবহনের জন্য নয়।

রাইডশেয়ারিংয়ের ট্রিপগুলোর মতোই গ্রাহকরা পার্সেল পিকআপ থেকে শুরু করে পণ্য রাস্তায় থাকার সময় এবং ডেলিভারি পাওয়া পর্যন্ত ট্রিপের অগ্রগতি পুরোটাই পর্যবেক্ষণ করতে পারবেন। গ্রাহকরা প্রাপকের সাথেও পার্সেলের ডেলিভারি স্ট্যাটাস শেয়ার করতে পারবেন।বাংলাদেশ ও পূর্ব ভারতের উবার প্রধান রাতুল ঘোষ বলেন, ‘এই সঙ্কটপূর্ণ সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রাহকদের চাহিদা মেটাতে আমরা আমাদের প্ল্যাটফর্মটিকে যেভাবে প্রয়োজনের সাথে সাথে হালনাগাদ করেছি তারই এক উৎকৃষ্ট উদাহরণ উবার কানেক্ট। এটি আমাদের চালকদের নতুন উপার্জনের সুযোগ করে দেয়ার চলমান প্রয়াসেরও একটি অংশ।’

অর্থ পাচার মামলায় বরখাস্তকৃত জেলার সোহেল রানার জামিন

0

অর্থ পাচারের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় চট্রগ্রাম কারাগারের বরখাস্তকৃত জেলার সোহেল রানাকে জামিন দিয়েছেন হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ।

মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল বেঞ্চ অর্থপাচারের এক মামলায় আসামি সোহেল রানার জামিন মঞ্জুর করেন।

আজ দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

রানার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নাহিদ সুলতানা জ্যুতি ও শাকিলা রওশন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক জানান, আদালত পাসপোর্ট জমা রাখার শর্তে চার্জশীট দাখিল করা পর্যন্ত রানার জামিন মঞ্জুর করেছেন।

২০১৮ সালের ২৭ অক্টোবর ভৈরব রেলওয়ে স্টেশনে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের একটি বগি থেকে সোহেল রানাকে একটি ব্যাগসহ আটক করে রেল পুলিশ। পরে ওই ব্যাগে তল্লাশি করে ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, আড়াই কোটি টাকার তিনটি এফডিআরের কাগজ, এক কোটি ৩০ লাখ টাকার তিনটি ব্যাংক চেক, পাঁচটি চেক বই ও ১২ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা পুলিশকে বলেছিলেন, ওই টাকার মধ্যে পাঁচ লাখ তার নিজের, বাকি টাকা অন্যদের। পরে তার বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় অর্থপাচার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন রেল পুলিশের উপপরিদর্শক আশরাফ।

অর্থ পাচার মামলাটি তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোহেল রানা বর্তমানে কিশোরগঞ্জ কারাগারে আছে।

রেড জোনে’ জোরদার হচ্ছে সেনা টহল: আইএসপিআর

0

করোনাভাইরাস সংক্রমণ রোধে ‘রেড জোন’ এলাকায় টহল জোরদার করবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করোনাভাইরাস সংক্রমণ রোধে ঢাকা দুই সিটি করপোরেশনের বেশ কিছু এলাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলার কিছু এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ রোধে এবং পরিস্থিতির উন্নতির লক্ষ্যে সরকার জনগণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে কিছু নির্দেশনাও জারি করেছে।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা জারি করেছে যা ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। সাপ্তাহিক ছুটির দিনেও এ নির্দেশনা অন্তর্ভুক্ত থাকবে।
নির্দেশনায় বলা হয়, রেড জোন বা লাল অঞ্চলে অবস্থিত সামরিক বা অ-সামরিক সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত বা বেসরকারি দপ্তরসমূহ এবং বসবাসকারী সংশ্লিষ্ট কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবে।
স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক প্রদত্ত রেড জোন ঘোষিত জেলা/উপজেলা/এলাকা/বাড়ি/মহল্লার জন চলাচল/জীবনযাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
জরুরি কাজ (জরুরি ক্রয়, কাজের জায়গা, ওষুধ কেনা, চিকিৎসা এবং সমাধি প্রক্রিয়া) ব্যতীত কাউকে সকাল ৮টা থেকে বিকেল৬ পর্যন্ত বাড়ির বাইরে যেতে দেয়া হবে না।
জরুরি কাজে বেরোনোর সময় লোকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।
এই সময়ে স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রদত্ত নির্দেশাবলী সকলকে মেনে চলতে হবে।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৮৬২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। মারা গেছেন সর্বোচ্চ ৫৩ জন।
কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তার দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১৭ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নতুন আক্রান্তসহ এখন পর্যন্ত দেশে করোনার শিকার হয়েছেন ৯৪ হাজার ৪৮১ জন। আর মোট মারা গেছেন ১ হাজার ২৬২ জন।
করোনায় নতুন যে ৫৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৪৭ জন এবং নারী ছয়জন। আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২৩৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ২৬৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮ দশমিক ৩৮ শতাংশ।
বিশ্ব পরিস্থিতি
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিশ্বে ৪ লাখ ৩৬ হাজার ৩২২ জন মারা গেছেন বলে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে দেয়া তথ্যে জানা গেছে।
এছাড়া, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৮০ লাখ ১৫ হাজার ৫০২ জনে। পাশাপাশি কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ৩৮ লাখেরও বেশি মানুষ।

৩ মাস পর আন্তর্জাতিক ফ্লাইট চালু

0

করোনাভাইরাস মহামারীতে ৩ মাস ব্ন্ধ থাকার পর বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
রাজধানীর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান জানান, মঙ্গলবার প্রথম প্রহরে রাত ২টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ৩৩ যাত্রী নিয়ে ঢাকায় আসে। এর পর রাত ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে ২৭৪ যাত্রী নিয়ে দোহার উদ্দেশে ছেড়ে যায় কাতার এয়ারওয়েজের উড়োজাহাজ।
তিনি বলেন, কাতার এয়ারওয়েজ আপাতত এভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। ২১ জুন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন রুটে ফ্লাইট চালাবে।
করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। পরে অন্যান্য দেশের সঙ্গেও ফ্লাইট বন্ধ রাখা হয়।
বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চলাচল হয় এমন ১৭টি দেশের মধ্যে কেবল চীনের সঙ্গেই প্যাসেঞ্জার ফ্লাইট চালু রাখা হয় সীমিত পরিসরে।
কয়েক ধাপে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পর ১ জুন থেকে দেশের ভেতরে উড়ান শুরু হয়। তবে আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট চলাচলে ১৫ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা থাকে।
এখন আন্তর্জাতিক রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হলেও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বেঁধে দেওয়া স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনেই কাজ চালাতে হবে এয়ারলাইন্সগুলোকে।