Home Blog Page 2878

ব্যাংক লেনদেনের সময়সূচিতে ফের পরিবর্তন

0

করোনা সংক্রমণ বাড়তে থাকায় ব্যাংক লেনদেনের সময়সূচিতে আবারও পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে সারাদেশে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংকের শাখা ৪টি পর্যন্ত খোলা রাখা যাবে। আর রেড জোনে সাধারণত শাখা বন্ধ থাকবে।

তবে মতিঝিল, দিলকুশা, আগ্রাবাদ ও খাতুনগঞ্জ রেড জোনের আওতাভুক্ত হলেও ২টা পর্যন্ত লেনদেন এবং ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।

সোমবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপরভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করেছে।

জানা গেছে, করোনা সংক্রমণ মাত্রার ওপর ভিত্তি করে বিভিন্ন এলাকাকে সরকার লাল (রেড), হলুদ (ইয়েলো) ও সবুজ (গ্রিন) জোনে ভাগ করছে। লাল ও হলুদ জোনে সাধারণ ছুটি থাকবে বলে ঘোষণা দিয়েছে সরকার। এ পরিপ্রেক্ষিতে ব্যাংক লেনদেনের সময়সূচিতে আবারও পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক।

রেড জোনগুলোতে সেনা টহল জোরদার

0

রেড জোনগুলোতে সরকারি নির্দেশাবলী যথাযথভাবে পালনের উদ্দেশ্যে সেনা টহল জোরদার করা হচ্ছে, আজ মঙ্গলবার সকালে আইএসপিআর’র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এরআগে করোনাভাইরাস সংক্রমণের মাত্রার ওপর ভিত্তি করে ঢাকাসহ সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে সরকার। এ লক্ষ্যে প্রাথমিকভাবে রাজধানীর পূর্ব রাজাবাজারকে লকডাউন ঘোষণা করা হয়।

গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ রেড ও ইয়েলো জোনে সাধারণ ছুটির নির্দেশনা দিয়েছে।

এছাড়া করোনা প্রতিরোধে গঠিত জাতীয় টেকনিক্যাল কমিটি ঢাকায় ৪৫টি এলাকাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা রেড জোন হিসেবে চিহ্নিত করে তা লকডাউনের সুপারিশ করেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৮টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭টি এলাকা রয়েছে। রয়েছে চট্টগ্রামের দশটি এলাকা।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

বাংলাদেশকে ১৭৩ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

0

চলমান করোনা প্রাদুর্ভাব মোকাবেলা ও করোনা পরবর্তী উন্নয়ন ও অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশকে সহায়তায় ১৭৩ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, ‘আমি আজ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের উন্নয়ন কর্মকা-কে জোরদার করতে এবং চলমান কোভিড-১৯ ছড়িয়ে পড়া ঠেকাতে যুক্তরাষ্ট্র সরকার ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড)-এর মাধ্যমে বাংলাদেশকে নতুন করে ১৭৩ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ সহায়তা দিচ্ছে।’
রাষ্ট্রদূত তার দূতাবাস থেকে এক যৌথ ভার্চুয়াল অনুষ্ঠানে একথা বলেন।
তিনি আরো বলেন, করোনা মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করতে ইউএসএইড ইতোমধ্যে যে ১৯ মিলিয়ন মার্কিন ডলারের বেশি সহায়তা দিয়েছে নতুন অর্থায়ন তার সাথে যুক্ত হবে। স্বাস্থ্য ও মানবিক সহায়তায় এই ১৭ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ দেয়া হচ্ছে।
কল্যাণপুর ও সাততলা বস্তির মতো নিম্ন আয়ের ১শ’ শহুরে মানুষের জন্য খাবারের পাশাপাশি বাজার ও কৃষকদের মাঝে পুনরায় বিপনন ব্যবস্থা স্থাপনের জন্য এই অতিরিক্ত সহায়তা দেয়া হয়েছে।
মিলার বলেন, ‘আমি বিশেষভাবে খুশি যে আমাদের ইউএসএইড অর্থায়নটি ঢাকার সুবিধাবঞ্চিত হাজার হাজার মানুষের জীবনরক্ষাকারী খাদ্য সহায়তায় ব্যয় হবে। ’
মার্কিন সরকার শুধু ইউএসএইডের মাধ্যমেই বাংলাদেশকে করোনা মোকাবেলায় প্রায় ৩৭ মিলিয়ান মার্কিন ডলার সহায়তা দিয়েছে। যুক্তরাষ্ট্র এই মহামারী মোকাবেলায় ১২০টি দেশকে যে ১ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে, এটা তার অংশ।
ইউএসএইড- ডিরেক্টোরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) প্রস্তাবিত কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি) ও কেস ম্যানেজমেন্টের ওপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে নতুন বাংলাদেশী চিকিৎসকদের সর্বশেষ ব্যাচের অংশ গ্রহণ উপলক্ষে আজকের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চলতি সপ্তাহের কোর্সে দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে নতুন ১ হাজার চিকিৎসক অংশ নিচ্ছেন।
বিনিময়ে, তারা বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে ৩ হাজার নতুন নিযুক্ত নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেবেন।
তিনি বলেন, ‘প্রকৃত বীর হচ্ছে এই মহামারী মোকাবেলায় সম্মুখ যোদ্ধা, বিশেষত স্বাস্থ্যকর্মীরা, যারা সরাসরি প্রাণঘাতী রোগটির সাথে লড়ে যাচ্ছেন।
আমদের অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিতে যতটা সম্ভব করতে হবে।’
তিনি আরো বলেন, মার্কিন সরকার এই সংকটময় মুহূর্তে কিভাবে বাংলাদেশী জনগণের পাশে দাঁড়িয়েছে এই প্রশিক্ষণ কর্মসূচিটি তার আরেকটি উদাহরণ।
রাষ্ট্রদূত বলেন, করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে ইউএসএইড এবং ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সক্রিয়ভাবে দেশব্যাপী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য কর্মকর্তা, হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সহায়তা করেছে।
১৯৭১ সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার ইউএসএইড-এর মাধ্যমে বাংলাদেশকে ৭ বিলিয়ন মার্কিন ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে।

দেশবাসীকে অন্তত ৩টি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

0

আওয়ামী লীগসহ এর সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রত্যেক নেতা-কর্মীকে অন্তত তিনটি করে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দেশবাসীকেও অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
সোমবার (১৫ জুন) বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কৃষকলীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগসহ এর সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, সারা বাংলাদেশে আমাদের বৃক্ষরোপণ করতে হবে। আমাদের যেখানে যত নেতা-কর্মী আছে মূল দল আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে সব সহযোগী সংগঠন; প্রত্যেক সংগঠনের প্রতিটি সদস্য তিনটি করে গাছ লাগাবে।
‘সেটা তার নিজের জায়গায় হোক অথবা নিজের জায়গা না পেলে আমি মনে করি যেখানেই হোক, রাস্তার পাশে হলেও গাছ লাগাতেই হবে।’
শেখ হাসিনা বলেন, এখানে উদ্বোধন করলে হবে না কে কয়টা গাছ লাগালো এবার সেটাও দেখতে চাই।

নেতাকর্মী ছাড়াও দেশবাসীকে গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটা নেতা-কর্মী এবং দেশবাসীকে আজকের দিনে আহ্বান জানাচ্ছি- পহেলা আষাঢ় আসুন সবাই মিলে গাছ লাগাই। গাছ লাগিয়ে দেশের পরিবেশ রক্ষা করি। আবার নিজেরা লাভবান হই, কারণ গাছ বিক্রির টাকা আপনাদেরই সংসারে কাজে দেবে।
‘আসুন মুজিববর্ষে আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করে আমাদের দেশকে রক্ষা করি। দেশের পরিবেশ রক্ষা করি, আর মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি।’
বেশি করে ফলগাছ লাগানোর ওপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, ব্যাপকভাবে ফলের গাছ লাগোনো দরকার। কারণ পুষ্টির যোগান ফল থেকে আসে।
উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী গড়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলগুলোতে সবুজ বেষ্টনী গড়তে হবে। যেগুলো মাটি ধরে রাখে, যেমন আমাদের ঝাউ গাছ, খেজুর গাছ, তালগাছ এগুলো আমাদের বিভিন্ন ভাবে লাগানো দরকার।
‘এই ব-দ্বীপটাকে (বাংলাদেশ) বাঁচাতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই।’
গাছের যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু গাছ লাগালেই হবে না, গাছ লাগানোর পর গাছের কিন্তু পরিচর্যা করতে হবে। গাছ লালনপালন করতে হয়।
‘নিজের সন্তানকে যেমন লালনপালন করতে হয়, একটা গাছ লাগালে তাকেও কিন্তু যত্ন করতে হবে, লালনপালন করতে হবে। তাহলে তো সে ফল দেবে। আমি ফল খাবো কিন্তু যত্ন করবো না এটা তো হয় না। আমি মনে করি সবাই গাছের যত্ন করবে।’
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী গণভবনে গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে কৃষকলীগ, যারা বেশি গাছ লাগাবে তাদের পুরস্কৃত করার কথা ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এসময় শেখ হাসিনা পুরস্কার দেওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে কৃষকলীগের ফান্ডে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বর্তমান কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, কৃষকলীগের সভাপতি সমীর চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।

বাজেট অধিবেশন আরও সংক্ষিপ্ত হচ্ছে

0

করোনাভাইরাসের মধ্যে বাজেট পাসের জন্য সংসদের অধিবেশন ডেকে তা ১২-১৫ দিন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এখন তা আরও সংক্ষিপ্ত করা হচ্ছে।
এদিকে সব মিলিয়ে এবার বাজেট অধিবেশন ৮-৯ কার্যদিবসে সীমাবদ্ধ হতে পারে। এক্ষেত্রে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার দিন ও ঘণ্টা কমছে।
সোমবার (১৫জুন) সরকারি দলের হুইপ ইকবালুর রহিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে পরিবর্তিত পরিকল্পনা অনুযায়ী সাধারণ বাজেটের ওপর আলোচনা হবে ২৩, ২৪ ও ২৯ জুন।
২৯ জুন অর্থ বিল পাশের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেটের সমাপনী আলোচনায় অংশ নেবেন।
৩০ জুন পাস হবে বাজেট। এরপর একদিন অধিবেশন চলতে পারে।

চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরলেন আল্লামা শফী

0

হেফাজত ইসলামের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী ৯ দিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরেছেন।
সোমবার (১৫ জুন) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে তিনি মাদ্রাসায় ফিরে আসেন। এর আগে চিকিৎসকরা তাকে ছাড়পত্র প্রদান করেন।
হেফাজত ইসলামের প্রচার সম্পাদক ও আল্লামা শফীর ছেলে মাওলানা আনাস মাদানী আল্লামা শফীর সুস্থতার বিষয়টি নিশ্চিত করে জানান, তার বাবা বর্তমানে সুস্থ আছেন। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মাদ্রাসায় ফিরে এসেছেন।
উল্লেখ্য, ১০৩ বছর বয়সী আল্লামা শফী গত ৭ জুন গুরুতর অসুস্থ হয়ে গেলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

আন্তর্জাতিক ফ্লাইট চালু: কাতারের ফ্লাইট মঙ্গলবার, লন্ডনে ২১ জুন

0

করোনার কারণে দীর্ঘ ৮৬ দিন পর বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে নিষেধাজ্ঞা উঠতে যাচ্ছে।
আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) থেকে মধ্যপ্রাচ্যের কাতার ও ইউরোপের যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করা যাবে।
তবে নিষেধাজ্ঞা ওঠার দিনই ফ্লাইট পরিচালনা করতে পারছে না রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান মূলত ঢাকা থেকে লন্ডন রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করতো। তবে ওইদিন ঢাকা-দোহা রুটে একটি ফ্লাইট পরিচালনা করবে কাতার এয়ারওয়েজ।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সবধরনের আনুষ্ঠানিকতা শেষ করে যাত্রীদের ফ্লাইটে ওঠা ও দেশে প্রবেশের অনুমতি দেবেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) থেকে জানানো হয়েছে, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই ফ্লাইট পরিচালনার অনুমিত দেওয়া হবে।
এ বিষয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান বলেন, মঙ্গলবার মধ্যরাত ২টায় কাতারের দোহা থেকে একটি ফ্লাইট ঢাকায় আসবে। এক ঘণ্টা অবস্থানের পর ৩টায় যাত্রী নিয়ে কাতার ফিরে যাবে। বেবিচকের নির্দেশনা অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্যবিধি অনুযায়ী পুরো বিমানবন্দরকে জীবাণুমুক্ত করা হয়েছে। বোর্ডিং ব্রিজসহ বিভিন্নস্থানে যাত্রীদের বসার চেয়ারগুলোতে স্টিকার লাগানো হয়েছে। যাত্রীদের ওয়েটিং থেকে শুরু করে বোর্ডিং গেট পর্যন্ত একসিট ফাঁকা রেখে বসার ব্যবস্থা করতে হবে।
ঢাকা থেকে লন্ডন রুটে নিষেধাজ্ঞা উঠলেও ফ্লাইট স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তারা প্রথম ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা করবে ২১ জুন থেকে। বিষয়টি বিমানের দায়িত্বশীল এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
এছাড়া ২১ জুনের ঢাকা থেকে লন্ডন রুটের টিকিট বিক্রির জন্য ট্রাভেল এজেন্টদের চিঠিও পাঠিয়েছে বিমান। সেখানে উল্লেখ করা হয়েছে, ২১ জুনের পর সপ্তাহের প্রতি রোববার ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট চলবে।
প্রসঙ্গত, করোনার কারণে গত ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এরপর আরেকটি আদেশে চীন ছাড়া সব দেশের সঙ্গে ৭ এপ্রিল পর্যন্ত উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়।
তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১ জুন থেকে প্রথমে অভ্যন্তরীণ রুটে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, সৈয়দপুর এবং পরে যশোর রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক। এ চার রুটে প্রথম দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার ফ্লাইট পরিচালনা করলেও যাত্রী সংকটের কারণে পরের দিন থেকে ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া শুরু করে বিমান। এরপর এ চার রুটে ফ্লাইট শুরু করতে পারেনি রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি।

সিদ্ধান্ত বদল, শুধু ‘রেড’ জোনে সাধারণ ছুটি

0

করোনা সংক্রমণের ভিত্তিতে রেড, ইয়েলো ও গ্রিন জোনে বিভক্ত এলাকার মধ্যে শুধু রেড জোন সাধারণ ছুটির আওতায় পড়বে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগ আজ সোমবার (১৫ জুন) দুপুরে জারি করা নির্দেশনা রাতে সংশোধিত আকারে প্রকাশ করে। তাতে শুধু রেড জোনে সাধারণ ছুটির কথা বলা হয়েছে। যদিও আগের নির্দেশনায় রেড ও ইয়েলো জোনে সাধারণ ছুটির কথা বলা ছিল।
নির্দেশনায় বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর প্রণীত ‘বাংলাদেশ রিস্ক জোন বেজড কোভিড-১৯ কনটেইনমেন্ট ইমপ্লিমেন্টেশন স্ট্রাটেজি/গাইড’ অনুসরণ করে সংক্রমণের ভিত্তিতে সংক্রামক রোগ প্রতিরাধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর কর্তৃত্ব অনুযায়ী এখতিয়ারবান কর্তৃপক্ষ লাল অঞ্চল (রেড জোন), হলুদ অঞ্চল (ইয়োলো জোন), সবুজ অঞ্চল (গ্রিন জোন) হিসেবে ভাগ করে জেলা/উপজেলা/এলাকা/বাড়ি/মহল্লাভিত্তিক জন চলাচল/জীবনযাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে।
এই হলুদ ও সবুজ অঞ্চলের ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে নতুন নির্দেশনায় বলা হয়েছে।
প্রত্যেকটি লাল জোনের জন্য কোভিড নমুনা পরীক্ষা, কোভিড-ননকোভিড স্বাস্থ্যসেবা প্রটোকল, কোয়ারেন্টিন/আইসোলেশন, অ্যাম্বুলেন্স সার্ভিস, জন চলাচল, যান চলাচল, অর্থনৈতিক কর্মকাণ্ড, খাবার ও ওষুধ সরবরাহ, দরিদ্র লোকদের জন্য মানবিক সহায়তা প্রদান, মসজিদ-মন্দির-অন্য ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মচর্চা, জনসচেতনতা তৈরি, আইন-শৃঙ্খলঅ রক্ষা, ব্যাংকিং সুবিধাসহ আর্থিক প্রতিষ্ঠান/শিল্পপ্রতিষ্ঠান/বাণিজ্যিক প্রতিষ্ঠান ইত্যাদি পরিচালনার বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরি করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
সিটি করপোরেশন এলাকায় অঞ্চলভিত্তিক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন করার সার্বিক দায়িত্ব থাকবে সিটি করপোরেশনের। সিটি করপোরেশন এলাকার বাইরে জেলা প্রশাসন সার্বিক সমন্বয় করবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান, জেলা/উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, আইন-শৃঙ্খলা বাহিনীসহ অন্য সংশ্লিষ্ট দপ্তর সমন্বিতভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে। এ কার্যক্রমে সংসদ সদস্যসহ অন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, স্বেচ্ছাসেবীসহ অন্যদের সম্পৃক্ত করতে হবে।
লাল অঞ্চলে (আগে ছিল লাল ও হলুদ) অবস্থিত সামরিক বা অ-সামরিক সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বা বেসরকারি দপ্তর এবং লাল ও হলুদ অঞ্চলে বসবাসকারী বর্ণিত দপ্তরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
হলুদ ও সবুজ অঞ্চলে (আগে ছিল সবুজ) সব সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসনিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকবে। উক্ত নিষেধাজ্ঞাকালে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না। ঝুঁকিপূর্ণ, অসুস্থ কর্মচারী এবং সন্তানসম্ভবা নারীরা কর্মস্থলে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন। এক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের জন্য স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা ১৯ দফা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। জরুরি ও অত্যাবশকীয় ক্ষেত্র ব্যতীত সব সভা ভার্চ্যুয়াল উপস্থিতিতে আয়োজন করতে হবে।
স্বাস্থ্যসেবা বিভাগের অনুরোধ অনুসারে মন্ত্রিপরিষদ বিভাগ জোন সংক্রান্ত বিষয়াদি সমন্বয় করবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
তবে এখনও আনুষ্ঠানিকভাবে জোনভিত্তিক ভাগ করে তালিকা প্রকাশ করা হয়নি। রেড জোন হিসেবে ঢাকা শহরের ৪৫টি এলাকার একটি খসড়া তালিকা করেছে করোনা ভাইরাস প্রতিরোধে কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটি। ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রামের যেসব এলাকায় প্রতি ১ লাখ লোকের মধ্যে গত ১৪ দিনে ৬০ জন আক্রান্ত হয়েছে, সেসব এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঢাকার বাইরে এই অনুপাত ১ লাখে ১০ জন।
জোনভিত্তিক এলাকার তালিকা আনুষ্ঠানিক ঘোষণার আগে ছুটির ঘোষণা আসায় বিভ্রান্তিও তৈরি হয়েছে যে কবে থেকে সেই ছুটি কার্যকর হবে। আর কোন এলাকার কতটুকু অংশ রেড জোনের মধ্যে পড়বে তা নিয়েও চলছে আলোচনা।

ফিলিস্তিনের পাঁচশো বছরের পুরনো কবরস্থানে ইহুদিদের বসতি স্থাপন

0

ফিলিস্তিনের বন্দর নগরী জাফার একটি প্রাচীন কবরস্থান গুড়িয়ে দিয়ে সেখানে বসতি গড়ার কাজ শুরু করেছে ইসরাইলিরা।
সোমবার আল-আসাফ নামে ওই মুসলিম কবরস্থানটি দখল করে তারা। অটোমান সাম্রাজ্যের আমলে গড়ে উঠে এই কবরস্থানটি। ১৯৪৮ সালে আরব-ইসরাইল যুদ্ধের পর থেকে জাফার কর্তৃত্ব ইসরাইলের হাতে চলে যায়।
এর আগে নগরীতে জুমার নামাজের ওপর বিধিনিষেধ আরোপ এবং পরবর্তীতে কবরস্থানটি ভেঙে ফেলার নোটিস জারির পর থেকে গত এক সপ্তাহ ধরে ওই বন্দর নগরী ফিলিস্তিনিদের বিক্ষোভে উত্তাল হয়ে আছে। সোমবার সকাল থেকে কবরস্থানটি দখলদার ইসরাইল বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে থাকে। শত শত কবর মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়।

করোনা সামলাতে চীনের চেয়ে ভালো যুক্তরাষ্ট্র : জরিপ

0

করোনাভাইরাস মহামারির ফলে সারাবিশ্বে চীনের প্রভাব কতটা বেড়েছে আর যুক্তরাষ্ট্র কতটা সমর্থন হারাচ্ছে তার নমুনা দেখা গেল আরও একবার। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, অর্ধ শতাধিক দেশের মধ্যে মাত্র তিনটি দেশের মানুষ মনে করছেন, চীনের চেয়ে যুক্তরাষ্ট্র ভালোভাবে করোনা মোকাবিলা করছে।
সম্প্রতি জার্মান জরিপ প্রতিষ্ঠান ডালিয়া রিসার্চ ৫৩টি দেশের প্রায় ১ লাখ ২০ হাজার মানুষের মতামত নিয়ে এ জরিপ পরিচালনা করে। এতে সহযোগিতা করেছে সাবেক ন্যাটো মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন পরিচালিত অ্যালায়েন্স অব ডেমোক্রেসিস ফাউন্ডেশন। তাদের এ জরিপেই পরিষ্কার হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রতি সারাবিশ্বে ক্রমবর্ধমান অসন্তোষ।
জরিপে দেখা গেছে, করোনা মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপে জনগণের সন্তুষ্টির হিসাবে সবচেয়ে এগিয়ে গ্রিস। দেশটিতে জরিপে অংশ নেয়া ৮৯ শতাংশ জনতা মনে করে, তাদের সরকার ভালোভাবে করোনাভাইরাস প্রতিরোধ করছে। এরপর রয়েছে তাইওয়ান (৮৭ শতাংশ), আয়ারল্যান্ড (৮৭ শতাংশ), দক্ষিণ কোরিয়া, (৮৬ শতাংশ), অস্ট্রেলিয়া (৮৬ শতাংশ) ও ডেনমার্ক (৮৬ শতাংশ।)
এই তালিকায় সবার নিচে রয়েছে ব্রাজিল, ফ্রান্স, ইতালি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
জরিপে অংশগ্রহণকারী দেশগুলোর মাত্র এক তৃতীয়াংশ মানুষ মনে করে, মার্কিন সরকার ঠিকঠাক করোনা নিয়ন্ত্রণ করছে। বিপরীতে, ৬০ শতাংশ মনে করে, এ কাজে চীন ভালো করছে। মাত্র তিনটি দেশ- তাইওয়ান (চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল), যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ মানুষ মনে করে, করোনা মোকাবিলায় চীনের চেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র।
ইউরোপের এক তৃতীয়াংশ মানুষ মনে করে, যুক্তরাষ্ট্র বৈশ্বিক গণতন্ত্রের জন্য উপকারী। বিপরীতে অর্ধেক মানুষই বলেছে, যুক্তরাষ্ট্র গণতন্ত্রের জন্য ক্ষতিকর।
ইউরোপের ১৫টি দেশেই বেশিরভাগ মানুষ মনে করছে, যুক্তরাষ্ট্র বৈশ্বিক গণতন্ত্রের ক্ষতি করছে। জার্মানিতে এমন বিশ্বাস রাখা মানুষ সবচেয়ে বেশি- প্রায় ৪০ শতাংশ।