Home Blog Page 2880

৬ আগস্ট পর্যন্ত বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি

0

প্রাণসংহারি ভাইরাস করোনার সংক্রমণ রোধে স্কুল-কলেজের ছুটি ফের বাড়ানো হয়েছে। আগামী ৬ আগস্ট পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি করোনার কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে কয়েক দফায় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছে। আজ সোমবার ছুটি শেষ হওয়ার কথা থাকলেও নতুনভাবে তা দীর্ঘায়িত করা হয়েছে। আগামী ৬ আগস্ট পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।
এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে তখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। শিক্ষার্থীদের আমরা বিপদের মুখে ঠেলে দিতে পারি না। শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য দেয়া হচ্ছে।’
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ভাইরাসটির সংক্রমণ বাড়তে থাকায় ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। গত ৩১ মে থেকে সীমিত আকারে অফিস-আদালত খোলা হলেও শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ আছে।

করোনায় চিকিৎসাহীন কেউ মারা গেলে তা ফৌজদারী অপরাধ : হাইকোর্ট

0

করোনাকালীন হাসপাতাল বা ক্লিনিকে আসা সাধারণ রোগীদের চিকিৎসা দিতে অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালত বলেছেন, কোনো হাসপাতালে চিকিৎসা ছাড়া হয়ে কেউ মারা গেলে তা হবে ফৌজদারি অপরাধ।
আজ সোমবার (১৫ জুন) সাধারণ রোগীদের চিকিৎসা সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে গত ১১ মে দেশের সব হাসপাতাল ও ক্লিনিকে আসা রোগীদের ফেরত না পাঠিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে নির্দেশনা জারি করা হয়েছে তা বাস্তবায়নে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও জানতে চেয়েছেন আদালত।
এর আগে করোনাকালীন হাসপাতাল-ক্লিনিকে আসা সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারি নির্দেশনার বাস্তবায়ন চেয়ে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের চার আইনজীবী অ্যাডভোকেট এএম জামিউল হক, মো. নাজমুল হুদা, মোহাম্মাদ মেহেদী হাসান এবং ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এ রিট দায়ের করেন।
একই বিষয়ে জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন আরেকটি রিট দায়ের করেন।

এবারের বাজেট অর্থনীতির পাশাপাশি মানবিকও : অর্থমন্ত্রী

0

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এবারের বাজেট সবার বাজেট। একদিকে যেমন অর্থনীতির, অন্যদিকে এটা মানবিক বাজেটও।
আজ সোমবার (১৫ জুন) একাদশ জাতীয় সংসদের ৮ম অধিবেশনে সম্পূরক বাজেটের ওপর সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকালে এ অধিবেশন শুরু হয়।
এসময় তিনি বলেন, আমরা বাজেট তৈরি করেছি দেশের মানুষকে সামনে রেখে। এবার বাজেটে দেশের সব মানুষ প্রাধিকার পাচ্ছে। দেশের মানুষকে বাঁচাতে হবে। তাদের এ করোনাভাইরাস থেকে রক্ষার চেষ্টা থাকবে।
অর্থমন্ত্রী বলেন, অন্য বার রেভিনিউ (রাজস্ব) অর্জন করি এবং রেভিনিউ (রাজস্ব) খরচ করি। আমি এবার রাজস্ব খরচ করবো, তারপর রাজস্ব অর্জন করবো। পে অ্যাজ ইউ আর্ন। এখন যদি খরচ না করি, মানুষ বাঁচবে কেমন করে। আর মানুষকে যদি বাঁচাতে না পারি, দেশ কার জন্য, দেশের বাজেট কার জন্য? ঐক্যমত্যের ভিত্তিতে এ বাজেটটি ঘোষণা করেছি। করোনা দুর্যোগ মোকাবিলা সবাইকে নিয়ে করতে হবে, সবাইকে নিয়েই এ কাজটি করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের গ্রামে যেতে বলেছেন। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার কথা বলেছেন। যারা গ্রামের দোকানদার তাদের সবাইকে রক্ষা করতে হবে। তাদের নিয়েই এ বাজেট করেছি। অন্য বার রাজস্ব অর্জন করি এবং রাজস্ব খরচ করি। আমি এবার রাজস্ব খরচ করব, তারপর রাজস্ব অর্জন করব।

করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৯৯

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ১২০৯ জন।
একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩০৯৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯০ হাজার ৬১৯ জন।
আজ সোমবার (১৫ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ২৩৭ জন। গত ২৪ ঘণ্টা যারা সুস্থ হয়েছেন তাদের মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৪ হাজার ২৭ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৫ হাজার ৭৩৩ জনের। সারা দেশে ৫৮টি ল্যাবে ১৫ হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ১৬ হাজার ৫০৩ জনের। মৃত্যুদের মধ্যে ৩২ জন পুরুষ, ৬ জন নারী। মৃতদের মধ্যে ১৮ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগে ১২ জন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের ৬ জন এবং রংপুর বিভাগের একজন মারা গেছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন।
এছাড়া হাসপাতালে ২৫ জন আর বাসায় ১১ জন মারা গেছেন। মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে দুইজনকে। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৫৩৬ জনকে। বর্তমানে আইসোলেশনে রয়েছে ১৫ হাজার ৮৪৪ জন।
বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

হার মানবো না, স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনা মেনে জীবন চলবে : প্রধানমন্ত্রী

0

করোনা থেকে নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি অপরের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ‘স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা নির্দেশনা সেগুলো মেনে চলে নিজের জীবনকে চালাতে হবে।’
আজ সোমবার স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গণবভনে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
করোনাভাইরাস সংকটে সারাবিশ্বের অসহায়ত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি চাই, আমাদের মানুষের ভেতর যেন একটি আস্থা- বিশ্বাস থাকে। সেই বিশ্বাস-আস্থাটা ধরে রাখতে হবে। কারণ আমরা হার মানব না। মৃত্যু তো হবেই। মৃত্যু যে কোনো মুহূর্তে যে কোনো কারণে হতে পারে। কিন্তু তার জন্য ভীত হয়ে হার মানতে হবে, এটা তো কাম্য না। সেজন্য আমাদেরকেও প্রচেষ্টা চালাতে হবে।
বিশ্বজুড়ে করোনাভাইরাস যে আঁধার সৃষ্টি করেছে তা ভেদ করে নতুন আলোতে বেরিয়ে আসতে হবে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে যে গভীর আঁধারে নিমজ্জিত এই পৃথিবী, সেই আঁধার ভেদ করে আমরা নিশ্চয়ই বেরিয়ে আসব এক নতুন দিনের সূর্যালোকে। মনে রাখতে হবে, দুর্যোগেই হয় মানুষ্যত্বের পরীক্ষা। এই ভাইরাস মোকাবেলাও একটি যুদ্ধ। এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধে আমরা জয়লাভ করবোই ইনশাআল্লাহ।
শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসজনিত বৈশ্বিক মহামারির ফলে সমগ্র বিশ্বই আজ বিপর্যস্ত। এই মহামারি গোটা বিশ্বের অর্থনীতি, সমাজ ব্যবস্থা, রাজনীতিসহ সকল বিষয়ে ব্যাপক প্রভাব ফেলেছে। আমাদের দেশও এই বিপর্যয় থেকে মুক্ত নয়। এই কঠিন পরিস্থিতি মোকাবেলায় আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়েছি। আমাদের সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত ও যথাযথ পদক্ষেপের কারণে মহান আল্লাহতায়ালার অশেষ রহমতে উন্নত অনেক দেশের তুলনায় বাংলাদেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার অনেক কম।
সরকারপ্রধান বলেন, আমাদের এই মুহূর্তের সর্বোচ্চ অগ্রাধিকার এই প্রাণঘাতী ভাইরাস সংক্রমণ প্রতিহত করা এবং অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখা। এই লক্ষ্যকে সামনে রেখে দুর্যোগ মোকাবেলায় আমি ৩১ দফা নির্দেশনা দিয়েছি এবং ব্যক্তিগতভাবে মাঠ পর্যায়ে এর বাস্তবায়নে তদারকি করছি।
এসএসএফের প্রশংসা করে বঙ্গবন্ধুকন্যা বলেন, সরকারের অন্যান্য সংস্থার মতো এসএসএফও এই দুর্যোগময় পরিস্থিতিতে একই কর্মদ্যোগ, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলছে। আমি দেখেছি এই কঠিন পরিস্থিতির মধ্যেও এই বাহিনীর প্রতিটি সদস্য অত্যন্ত আন্তরিকতার ও সাহসিকতার সাথে অকুণ্ঠচিত্তে নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন। এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান, স্বাধীনতা বিরোধী অপশক্তিসহ দেশি-বিদেশি চক্রান্ত, রাজনৈতিক প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিষয়সমূহ বিবেচনায় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি বর্তমানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই অতি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতার দায়িত্ব পালনের ক্ষেত্রে এসএসএফের প্রতিটি সদস্য প্রতিনিয়ত তাঁদের নিষ্ঠা, আনুগত্য এবং পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপনে সমর্থ হয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফকে সশস্ত্র বাহিনী, পুলিশ এবং আনসার বাহিনীর পেশাদার দক্ষ ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে একটি চৌকস বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ অভ্যাগত বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধানগণের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি একদিকে যেমন গুরত্বপূর্ণ, অন্যদিকে অত্যন্ত স্পর্শকাতর। এসএসএফের সকল সদস্য তাদের কর্মদক্ষতা এবং সুনিপুণ পেশাদারিত্বের মাধ্যমে এ দায়িত্ব পালন করে যাচ্ছে। বাংলাদেশে এখন পর্যন্ত যে সকল রাষ্ট্র ও সরকারপ্রধান ভ্রমণ করেছেন, তারা সকলেই এসএসএফের কর্মদক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন। যা এই বাহিনীর প্রধান হিসেবে আমাকেও করেছে আনন্দিত ও গর্বিত। আমার বিশ্বাস ভবিষ্যতেও এই বাহিনীর সদস্যগণ এই ধারাবাহিকতা বজায় রেখে তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাবেন।
শেখ হাসিনা বলেন, ২০২০ সাল আমাদের জন্য তাৎপর্যপূর্ণ বছর। এই বছর আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’উদযাপন করছি। তবে আমাদের দুর্ভাগ্য যে প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে আমরা পরিকল্পনা মাফিক অনুষ্ঠানসমূহ উদযাপন করতে পারছি না। জনগণের কল্যাণের কথা বিবেচনা করে আমরা জনসমাগম হয় এমন অনুষ্ঠানর স্থগিত করেছি। টেলিভিশন, বেতার এবং ডিজিটাল মাধ্যমে কিছু অনুষ্ঠানের আয়োজন করছি। আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকীতে তারই আদর্শে উজ্জীবিত হয়ে নবউদ্যমে আমাদের স্ব স্ব দায়িত্ব পালন করে যাব।
প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির উৎকর্ষে এই যুগে বৈশ্বিক সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পূর্বের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জিং। যার ফলে নিরাপত্তা বাহিনীর প্রতিটি সদস্যকে অত্যন্ত সতর্কভাবে তাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। এসএসএফের সকল সদস্যকে সকল বাঁধা-বিঘ্ন অতিক্রম করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে এবং প্রযুক্তি নির্ভর প্রস্তুতি নিয়ে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সদা সতর্ক থাকতে হবে। এসএসএফের সক্ষমতা বৃদ্ধিতে অত্যাধুনিক সরঞ্জাম সংযোজন করা হয়েছে, যা এই বাহিনীর কর্মদক্ষমতাকে আরও বৃদ্ধি করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
এসএসএফের জন্য নতুন প্রযুক্তি সরবরাহের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবিলায় এই বাহিনীতে সংযোজিত হয়েছে রোবটিক সারভেইল্যান্স সুবিধাসহ অত্যাধুনিক কমাণ্ড ভেহিকেল, লেভেল ৩ এবং লেভেল ৪ বুলেটপ্রুফ শিল্ড, ব্লাস্টিক ব্লাংকেট, ক্রিমসন লেজার পিস্তল গ্রিপ, পিটার ব্যারিয়ার, করোনাভাইরাস জীবানুমুক্তকরণের জন্য হেলিয়াস অল্ট্রাভায়োলেট জীবানুমুক্তকরণ রোবট, অত্যাধুনিক ৪র্থ প্রজন্মের ভেহিকেল মাউন্টেড ও পের্টেবল জ্যামিং সিস্টেম, ড্রোন গান ও এন্টি ড্রোন সিস্টেম এবং দুইটি ১৮০০ সিসির হোন্ডা ফ্লাগশিপ মোটরসাইকেল যা এই বাহিনীরে সক্ষমতাকে আরও বৃদ্ধি করবে বলে আমার বিশ্বাস।
সরকারপ্রধান বলেন, সুষ্ঠু ও যুগোপযোগী প্রশিক্ষণ নিশ্চিত করার জন্য এসএসএফের জন্য একটি আধুনিক ট্রেনিং গ্রাউন্ড নির্মাণ করা হয়েছে। পাশাপাশি কার্যকর ফায়ারিং প্রশিক্ষণদানের জন্য একটি অত্যাধুনিক ত্রিমাত্রিক ফায়ারিং রেঞ্জ ইতিমধ্যে একনেক এ অনুমোদিত হয়েছে। আশা করব এই বাহিনীর সদস্যগণ অত্যাধুনিক সরঞ্জাম ও গ্যাজেটসমূহের ব্যবহার পদ্ধতি দ্রুত আয়ত্ব করবেন এবং সেগুলোর যথোপযুক্ত ব্যবহারে যত্নশীল হবেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার ঘোষিত ভিআইপিগণের নিরাপত্তা প্রদানে আপনারা দৃঢ় প্রতিজ্ঞ। এমনকি নিজের জীবনের বিনিময়ে হলেও সে দায়িত্ব পালনে আপনারা অকুণ্ঠচিত্ত। এই গুরুদায়িত্ব পালনে আপনাদের পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূজও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার জন্য সকল সহযোগী সংস্থার সঙ্গে সুসম্পর্ক, নিবিড় যোগাযোগ ও সমন্বয় রাখতে হবে। একই সঙ্গে ভিআইপিদের জনসংযোগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখতে হবে। সকলকে মনে রাখতে হবে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের প্রতিটি কার্যক্রম জনকল্যাণে প্রণীত ও বাস্তবায়িত হয়। জনবিচ্ছিন্ন থেকে জনসেবা নিশ্চিত করা যায় না। জনপ্রতিনিধি হিসেবে আমরা জনগণের কাছে দায়বদ্ধ। এই সকল বিষয়সমূহ বিবেচনায়, আপনাদের কোন আচরণে সাধারণ জনগণ যেন কষ্ট না পায়, সেদিকেও সবসময় দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন, আমি জানি, দায়িত্ব পালনের ক্ষেত্রে এ বাহিনীর প্রতিটি সদস্য অকুতোভয় এবং কর্তব্যনিষ্ঠ। আপনাদের স্ব-স্ব দায়িত্ব পালন এবং জনগণের প্রত্যাশা, এ দুইয়ের মধ্যে সর্বক্ষেত্রে সমন্বয় করতে হবে। জনগণ থেকে দুরত্ব দৃষ্টি করে নয়, বরং জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখেই পেশাদারিত্বের পরিচয় দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই হবে আপনাদের কৃতিত্ব।

১০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন এডিবির

0

গ্রামীণ সড়ক উন্নয়ন করতে বাংলাদেশকে সহজ শর্তে ১০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
পল্লী সংযোগ উন্নয়ন প্রকল্পের আওতাধীন ১ হাজার ৭০০ কিলোমিটার গ্রামীণ সড়ককে ২ হাজার ৬৩০ কিলোমিটারে উন্নীত করা হবে এই অর্থায়নের মাধ্যমে। ২০১৭ সালের বন্যায় চলাচলের অযোগ্য হয়ে যাওয়া ২১ জেলার পল্লী এলাকার সড়কগুলো সংস্কারের আওতায় এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সাংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পল্লী সংযোগ উন্নয়ন প্রকল্পের আওতাধীন ১ হাজার ৭০০ কিলোমিটার গ্রামীণ সড়ককে ২ হাজার ৬৩০ কিলোমিটারে উন্নীত করা হলে ৪০ দশমিক ২ মিলিয়ন মানুষ উপকৃত হবে।
এতে আরও জানানো হয়, পাঁচ বিভাগের ৩৪ জেলার মোট ১৮০ উপজেলায় প্রকল্পটি বাস্তবায়নের করা হচ্ছে। ২ হাজার ২১০ কিলোমিটার উপজেলা সড়ক সংস্কার করা হবে। সংস্কারের আওতায় আসবে ৪৯৫ কিলোমিটার ইউনিয়ন সড়ক। বৃক্ষরোপণ করা হবে ২৫০ কিলোমিটার সড়কে। ২০২৩ সালের মধ্যে এর কাজ শেষ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
এ বিষয়ে এডিবির পানিসম্পদ বিশেষজ্ঞ অলিভিয়ার ড্রিউ বলেন, ‘পল্লী সংযোগ উন্নয়ন প্রকল্প সম্প্রসারণের ফলে বাংলাদেশের মানুষ আরও বেশি অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত হতে পারবেন।’

সেনবাগে শিশু ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

0

নোয়াখালীর সেনবাগে শিশু ধর্ষণ মামলার আসামি মিজান ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
নিহত মিজানুর রহমান সোনাইমুড়ী নাওতলা এলকার বাসিন্দা।
রোববার দিনগত রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, রোববার রাত সোয়া দুইটার দিকে সেনবাগের ছাতার পাইয়া পূর্ব বাজার এলাকায় কানা শহীদের আস্তানায় আটক করা হয় মিজানুর রহমানকে। পরে তাকে নিয়ে ঘটনাস্থলে অস্ত্র উদ্ধারে গেলে তার অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে মিজান পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে বেকারির এক শিশু শ্রমিককে ধর্ষণের ঘটনায় বেকারির মালিক থানায় অভিযোগ করেন।

মাশরাফির শাশুড়ির করোনা পজিটিভ

0

জাতীয় সংসদের নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার শাশুড়ি হোসনেয়ারা সিরাজের করোনাভাইরাস (কভিড-১৯) পজিটিভ হয়েছে।

আজ সোমবার সকালে নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তিনি সুস্থ আছেন এবং নড়াইলের নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন।

এ নিয়ে জেলায় ৮ জন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশের সদস্যসহ মোট ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর মধ্যে ৮ চিকিৎসকসহ ২৩ জন সুস্থ হয়েছেন এবং দুইজন মারা গেছেন

কামরান গণমানুষের হৃদয়ে বেঁচে থাকবেন : প্রধানমন্ত্রী

0

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার শেখ হাসিনা এক শোক বিবৃতিতে বলেন, স্বীয় কর্মের মাধ্যমে আওয়ামী লীগ নেতা কামরান গণমানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

প্রধানমন্ত্রী মরহুম কামরানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে কামরান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

দেশ একজন নিবেদিতপ্রাণ নেতা হারাল : রাষ্ট্রপতি

0

সিলেটের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার (১৫ জুন) এক শোকবার্তায় তিনি বলেছেন, প্রথম নির্বিাচিত মেয়র হিসবে সিলেটের উন্নয়নে বদর উদ্দিন আহমদ কামরান যে অবদান রেখেছেন সেজন্য মানুষ তাকে সবসময় মনে রাখবে। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ নেতা হারাল।
রাষ্ট্রপতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কামরানের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ জুন) ভোর রাতে কামরানের মৃত্যু হয় বলে তার ছেলে আরমান আহমেদ শিপলু জানান।
গত ৫ জুন সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৯ বছর বয়সী কামরানের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তার আগে ২৭ মে তার স্ত্রী আসমা কামরান কোভিড-১৯ আক্রান্ত হন।