Home Blog Page 2881

উন্নত অনেক দেশের চেয়ে বাংলাদেশে আক্রান্ত-মৃত্যুর হার কম : প্রধানমন্ত্রী

0

বাংলাদেশে আক্রান্ত-মৃত্যুর হার কম বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত ও যথাযথ পদক্ষেপের কারণে মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে উন্নত অনেক দেশের তুলনায় বাংলাদেশে আক্রান্ত, মৃত্যুর হার অনেক কম। আমাদের এই মুহূর্তের সর্বোচ্চ অগ্রাধিকার এই প্রাণঘাতী ভাইরাস সংক্রমণ প্রতিহত করা এবং অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখা। দুর্যোগ মোকাবিলায় আমি ৩১ দফা নির্দেশনা দিয়েছি এবং ব্যক্তিগতভাবে মাঠপর্যায়ে এর বাস্তবায়ন তদারকি করছি।
সোমবার (১৫ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাসের কারণে যে গভীর আঁধারে নিমজ্জিত এই পৃথিবী, সে আঁধার ভেদ করে আমরা নিশ্চয়ই বেরিয়ে আসব এক নতুন দিনের সূর্যালোকে। মনে রাখতে হবে, দুর্যোগেই হয় মনুষ্যত্বের পরীক্ষা। এ ভাইরাস মোকাবিলাও একটি যুদ্ধ। এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধে আমরা জয়লাভ করবই, ইনশাআল্লাহ।’
২০২০ সালে আমাদের জন্য একটি তাৎপর্যপূর্ণ বছর উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এ বছর আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপন করছি। এই মহান নেতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করি। তবে আমাদের দুর্ভাগ্য যে, প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে আমরা পরিকল্পনামাফিক অনুষ্ঠানসমূহ উদযাপন করতে পারছি না। জনগণের সার্বিক কল্যাণের কথা বিবেচনা করে জনসমাগম হয় এমন অনুষ্ঠান আমরা স্থগিত করেছি। টেলিভিশন, বেতার এবং ডিজিটাল মাধ্যমে কিছু কিছু অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। তবে আমি সুনিশ্চিতভাবে বলতে পারি, জাতির পিতার জন্মশতবার্ষিকীতে আমরা তারই আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের দায়িত্ব পালন করে যাব।’
তিনি বলেন, ‘করোনাভাইরাসজনিত বৈশ্বিক মহামারির ফলে সমগ্র বিশ্বই আজ বিপর্যস্ত। এই মহামারি গোটা বিশ্বের অর্থনীতি, সমাজব্যবস্থা, রাজনীতিসহ সকল বিষয়ে ব্যাপক প্রভাব ফেলেছে। আমাদের দেশও এই বিপর্যয় থেকে মুক্ত নয়। এই কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’
শেখ হাসিনা বলেন, ‘আমি চাই আমাদের মানুষের মধ্যে যেন একটা আস্থা থাকে, বিশ্বাস থাকে, সেই বিশ্বাস-আস্থাটা ধরে রাখতে হবে। আমরা হার মানবো না, মৃত্যু তো হবে, মৃত্যু যেকোনো সময় যেকোনো কারণে হতে পারে। কিন্তু তার জন্য ভীত হয়ে হার মানতে হবে? এ ধরনের একটা অদৃশ্য শক্তির কাছে এটাতো না। সেজন্য আমাদেরও সেভাবে প্রচেষ্টা চালাতে হবে।’
তিনি বলেন, ‘সেজন্য আমি দেশবাসীকে বলবো- স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা নির্দেশনা সেগুলো মেনে চলে নিজের জীবনকে চালাতে হবে। কিন্তু নিজেকে সুরক্ষিত রাখা, অপরকেও সুরক্ষিত রাখা সেটাকেও মাথায় রাখতে হবে। সেটা যেন সবাই করে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘একদিকে মানুষকে বাঁচানো, আবার মানুষের খাবারের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা সেগুলো যাতে ঠিক থাকে সেদিকেও আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। আমি বার বার মানুষের মধ্যে যাই এ কারণে। আজকে ডিজিটাল পদ্ধতি আছে বলে আমি যেতে পারছি, কথা বলতে পারছি।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা ইতোমধ্যে দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছি। যার মধ্যে মানবিক সহায়তা প্রদান, অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখাসহ নানা আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা ও সামাজিক সুরক্ষা কার্যক্রম অন্যতম।’
এসএসএফের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, সুযোগ্য নেতৃত্বে সঠিক দিক-নির্দেশনা এবং এই বাহিনীর প্রত্যেক সদস্যের পেশাদারিত্ব এবং আন্তরিকতার মাধ্যমে এসএসএফের উত্তরোত্তর উন্নতি অব্যাহত থাকবে। শৃঙ্খলা, আনুগত্য এবং পেশাগত মান বিচারে এই বাহিনী হয়ে উঠুক একটি আদর্শ নিরাপত্তা বাহিনী। ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আমি এই প্রত্যাশা করছি।’

‘স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনা মেনে জীবন চালাতে হবে’

0

ঢাকা: নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি অপরের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা নির্দেশনা সেগুলো মেনে চলে নিজের জীবনকে চালাতে হবে।’

সোমবার (১৫ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আমি চাই আমাদের মানুষের মধ্যে যেন একটা আস্থা থাকে, বিশ্বাস থাকে, সেই বিশ্বাস-আস্থাটা ধরে রাখতে হবে। আমরা হার মানবো না, মৃত্যু তো হবে, মৃত্যু যেকোনো সময় যেকোনো কারণে হতে পারে। কিন্তু তার জন্য ভীত হয়ে হার মানতে হবে? এ ধরনের একটা অদৃশ্য শক্তির কাছে এটাতো না। সেজন্য আমাদেরও সেভাবে প্রচেষ্টা চালাতে হবে।’

‘সেজন্য আমি দেশবাসীকে বলবো- স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা নির্দেশনা সেগুলো মেনে চলে নিজের জীবনকে চালাতে হবে। কিন্তু নিজেকে সুরক্ষিত রাখা, অপরকেও সুরক্ষিত রাখা সেটাকেও মাথায় রাখতে হবে। সেটা যেন সবাই করে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘একদিকে মানুষকে বাঁচানো, আবার মানুষের খাবারের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা সেগুলো যাতে ঠিক থাকে সেদিকেও আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি।’

‘আমি বার বার মানুষের মধ্যে যাই এ কারণে। আজকে ডিজিটাল পদ্ধতি আছে বলে আমি যেতে পারছি, কথা বলতে পারছি।’

সিসিকের সাবেক মেয়র কামরান আর নেই

0

বদর উদ্দিন আহমদ কামরান

সিলেট: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান আর নেই।

রোববার (১৪ জুন) দিনগত রাত পৌনে ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি….. রাজিউন)।

ভোররাত পৌনে ৪টার দিকে বদর উদ্দিন আহমদ কামরানের এপিএস বদরুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পৌনে ৩ টার দিকে (২টা ৪৫ মিনিট) তিনি (স্যার) ইন্তেকাল করেছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে তার সঙ্গে রয়েছেন বড় ছেলে ডা. আরমান আহমদ শিপলু।

গত ০৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে কামরানের করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিন রাত থেকে প্রথমে বাসায় আইসোলেশনে রাখা হলেও ৬ জুন সকালে বমি আর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। পরে অবস্থা সংকটাপন্ন হওয়াতে রোববার (০৭ জুন) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

চিকিৎসকরা প্রাথমিক পর্যবেক্ষণে তাকে প্লাজমা থেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেন। তার দেহে করোনাজয়ী কারো ‘এ’ পজিটিভ রক্তের সংগৃহীত প্লাজমা থেরাপি দেওয়া হয়।

তার স্বজনরা জানান, হাসপাতালে প্লাজমা থেরাপি দেওয়ার পর পরই বদর উদ্দিন আহমদ কামরান কিছুটা সুস্থ হয়ে ওঠেন। রোববার মধ্যরাতে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান।

এর আগে, গত ২৭ মে কামরানের স্ত্রী আসমা কামরানেরও করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

বিএনপির ৭ দফার চেয়ে অনেক বেশি পদক্ষেপ নিয়েছে সরকার: কাদের

0

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে যে ৭ দফা সুপারিশ করেছেন সরকার করোনায় সৃষ্ট সংকট মোকাবিলায় অনেক বেশি পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, করোনা সংকট মোকাবিলায় প্রত্যেকটি পর্যায় বিচার-বিশ্লেষণ করে সরকারের গৃহীত পদক্ষেপ চলমান রয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার নির্দিষ্ট কোনো দফায় সীমাবদ্ধ না থেকে সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার দল বিএনপি এই সংকটময় মুহূর্তে জনগণের পাশে না দাঁড়িয়ে রাজনীতিতে যে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন তা জাতীয় মেমোরিতে দীর্ঘদিন ক্ষতের চিহ্ন বহন করবে। নিজেদের ব্যর্থতা ঢাকতে সমালোচনার নামে সরকারের সমালোচনাই বিএনপির একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে।

সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রত্যেক জেলায় করোনা শনাক্তকরণ ও চিকিৎসাসেবা দ্রুত সম্প্রসারণের দাবি জানিয়েছেন। মির্জা ফখরুল ইসলামের উত্থাপিত দাবির অনেক আগে থেকেই সরকার সারাদেশে করোনা শনাক্তকরণ ও চিকিৎসাসেবা সম্প্রসারণের কাজ করে চলেছে। এবারের বাজেটে এজন্য আলাদা বরাদ্দও রাখা হয়েছে। করোনার বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক খাতগুলোর জন্য ১৯টি প্যাকেজের মাধ্যমে ১ লাখ ৩ হাজার ১১৭ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, করোনা দুর্যোগের এই সময়ে প্রান্তিক-গরীব-অসহায়-দুস্থ মানুষের কল্যাণে এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতেও বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। সরকারি ত্রাণ ও অর্থ বিতরণে অনিয়মে জড়িত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে প্রশাসন কার্যকরি ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ দলীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থাও নিয়েছে। কিন্তু ত্রাণ ও অর্থ বিতরণে অনিয়মে জড়িত বিএনপির জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেয়নি।

সম্পূরক বাজেটের ওপর আলোচনা চলছে, পাস সোমবারই

0

ঢাকা: জাতীয় সংসদে চলতি ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা চলছে। আলোচনা শেষে সোমবারই (১৫ জুন) এই সম্পূরক বাজেট পাস হবে।

সোমবার সকাল সাড়ে ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এরপর সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু করা হয়।

রোববার (১৪ জুন) সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরুর কথা থাকলেও চলতি সংসদের সদস্য সিরাজগঞ্জ-১ আসনের মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনা এবং নিয়ম অনুযায়ী ওই দিনের অধিবেশন মুলতবি করার কারণে আলোচনা সম্ভব হয়নি। এ কারণে একদিনের মধ্যে আলোচনা শেষ করে আজই সম্পূরক বাজেট পাস করতে হবে।

গত ১১ জুন জাতীয় সংসদে আসন্ন ২০২০-২১ অর্থবছরের সাধারণ বাজেট পেশ করা হয়। একইসঙ্গে পেশ হয় চলতি ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেটও। সংসদ সচিবালয় থেকে পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী ১৫ জুন সম্পূরক বাজেট এবং ৩০ জুন সাধারণ বাজেট পাস হওয়ার কথা।

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে এবার বাজেট অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। যে কারণে বাজেটের ওপর আলোচনার ঘণ্টাও অন্যান্য অর্থবছরের তুলনায় কমানো হয়েছে। সংসদের বৈঠকেও এমপিরা রোস্টার অনুযায়ী অংশ নিচ্ছেন। সে অনুযায়ী প্রতিদিন উপস্থিত হবেন ৮০ থেকে ৯০ জন।

করোনা সংক্রমণ বাড়ছে গাজীপুরে, আসছে রেড জোনের আওতায়

0

গাজীপুরে বেড়েই চলছে করোনায় আক্রান্তের সংখ্যা। সে কারণেই জেলার সব উপজেলার বিভিন্ন এলাকা রেড জোনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে জেলার বিভিন্ন এলাকা রেড জোনের আওতায় আনা হচ্ছে এবং সে জন্য প্রস্তুতি নিতেও বলা হয়েছে।
তবে কোন কোন এলাকা রেড জোনের আওতায় আনা হচ্ছে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে এখনও জানানো হয়নি কিংবা নির্দেশনা দেয়া হয়নি বলে জানান জেলা প্রশাসক।
এদিকে, জেলার কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড শনিবার থেকেই রেড জোনের আওতায় আনা হয়েছে।
গাজীপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, রবিবার জেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে অরও ৯০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৩৩ জনে। এছাড়া মোট ২৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বাবা-মা’র কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ধর্ম প্রতিমন্ত্রী

0

গোপালগঞ্জে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (১৪ জুন) বাদ আসর জানাজা শেষে সদর উপজেলার কেকানিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তার লাশ দাফন করা হয়।
এর আগে কেকানিয়া মাদরাসা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গার্ড অব অনার প্রদান শেষে আল মারকাজুল ইসলামের প্রশিক্ষিত কর্মীরা তার দাফন সম্পন্ন করেন।
জানাজা ও দাফনে স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খানসহ অন্যান্য নেতা, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, পুলিশের পদস্থ কর্মকর্তা ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল সোয়া ৪টার দিকে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে তার মরদেহ গ্রামের বাড়ি পৌঁছলে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিমন্ত্রীর মরদেহে শ্রদ্ধা জানানো হয়।

গণস্বাস্থ্যের কিটের প্রতিবেদন শিগগিরই : বিএসএমএমইউ

0

শিগগিরই গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনাভাইরাসের অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
রবিবার বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ইউএনবিকে বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনাভাইরাসের অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়াও, আমরা এর ডেটা প্রক্রিয়াকরণ শেষ করেছি এবং চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করেছি।’
‘আগামী ১৬ জুনের মধ্যে কার্যকারিতা পরীক্ষার প্রতিবেদন ঔষধ প্রশাসন অধিদপ্তরে জমা দেয়া হবে বলে আশা করছি,’ যোগ করেন তিনি।
অধ্যাপক কনক বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনাভাইরাসের অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য গঠিত কমিটির প্রধান অধ্যাপক শাহিনা তাবাসসাম তাকে জানিয়েছেন যে তারা দু-একদিনের মধ্যে প্রতিবেদনটি ওষুধ প্রশাসন অধিদপ্তরে জমা দেবেন।
তিনি আরও বলেন, গত ২ জুন গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনাভাইরাস-পরীক্ষার অ্যান্টিজেন কিট তুলে নেয়ায় এ কিট নিয়ে বিএসএমএমইউ কোনও প্রতিবেদন তৈরি করবে না।
গণস্বাস্থ্য কেন্দ্র অ্যান্টিজেন কিটের পারফরম্যান্স ট্রায়েলের জন্য পুনরায় তাদের কিটের নমুনা জমা দিলে তা পরীক্ষা করা হবে কীনা জানতে চাইলে উপাচার্য বলেন, ‘তাদের এ ধরনের পদক্ষেপ নেয়ার সম্ভাবনা খুব কম।’
’গত২০ মে গণস্বাস্থ্য কেন্দ্র তাদের কিট জমা দিয়েছিল এবং পরে ২ জুন তা আবার প্রত্যাহার করে নিয়েছে। আমরা অনির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে পারি না,’ যোগ করেন তিনি।
গণস্বাস্থ্য কেন্দ্রের তথ্যমতে, এর অ্যান্টিবডি কিট দিয়ে মানুষ অতীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল কিনা এবং তাদের দেহে অ্যান্টিবডি বা প্রতিরোধ ক্ষমতা উপস্থিতি আছে কিনা তা শনাক্ত করতে সহাযয়তা করবে। যারা সেরে উঠেছেন তাদের প্লাজমা সংগ্রহ করতেও এ কিট সহায়তা করবে।
গত ২ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে, বিএসএমএমইউ কর্তৃপক্ষকে নমুনা সংগ্রহের পদ্ধতিতে কিছু অসঙ্গতি শনাক্ত হওয়ার কারণে এর করোনাভাইরাস-পরীক্ষার অ্যান্টিজেন কিটের কর্যক্ষমতা পরীক্ষা স্থগিত করার জন্য অনুরোধ করেছিল গণস্বাস্থ্য কেন্দ্র।

নিম্নআদালতে করোনা আক্রান্তদের তথ্য চান হাইকোর্ট

0

নিম্নআদালতের করোনাভাইরাসে আক্রান্ত বিচার বিভাগীয় কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তা-কার্মচারীদের তথ্য চেয়ে সার্কুলার জারি করেছে হাইকোর্ট প্রশাসন।
আজ রোববার (১৪ জুন) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো.গোলাম রব্বানী স্বাক্ষরিত সার্কুলারে এ তথ্য চাওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়, ‘উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হলে অধস্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাগণের তথ্য বিবরণী ১ নম্বর ছক মোতাবেক এবং সহায়ক কর্মকর্তা/কর্মচারীগণের তথ্য বিবরণী ২ নম্বর ছক মোতাবেক মেইলযোগে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।’
সব জেলা জজ, মহানগর দায়রা জজ, সব বিভাগীয় স্পেশাল জজ/স্পেশাল জজসহ সংশ্লিষ্ট দফতরে এ স্মারকের অনুলিপি পাঠানো হয়েছে।

‘কার্যকর পদক্ষেপ নিলে ইউনাইটেডে রোগীদের বাঁচানো যেতো’

0

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুনে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) ও রাজউকের দেওয়া তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে।
রোববার (১৪ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার এই তদন্ত প্রতিবেদনগুলো তুলে ধরেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, ‘ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে অগ্নি দুর্ঘটনা চলাকালে আগুন নেভাতে কার্যকর পদক্ষেপ নিলে রোগীদের জীবন বাঁচানো সম্ভব হতো।’
পাঁচ সদস্যের কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে কর্মরত ব্যক্তিবর্গ ৪ টন শীতাতপ যন্ত্র থেকে ধোঁয়া দেখামাত্র প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা, ইমাজেন্সি অ‌্যালার্ম বাজানো, রোগী অপসারণ ও হাসপাতালের অগ্নি নির্বাপন দলকে উপস্থিত হতে জরুরি অনুরোধ করলে এ ধরনের অগ্নিকাণ্ড ও রোগীদের মৃত্যুরোধ করা সম্ভব হতো। এছাড়া উক্ত এসি হতে আগুনের স্ফুলিঙ্গ নির্গত হতে দেখেও কর্মরত উপস্থিত ব্যক্তিদেরকে (ডাক্তার, ৩ জন নার্স ও পরিচ্ছন্নতা কর্মী) আগুন নেভানোর ব্যাপারে ফায়ার এক্সটিংগুইশার বা অন্যান্য আগুন নেভানোর সরঞ্জামাদি ব্যবহারে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। ফলে অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে উপস্থিত ব্যক্তিবর্গের গাফিলতির কারণে ঘটনাটি ঘটে বলে তদন্ত কমিটি মনে করে।’
ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘অগ্নিকাণ্ডের সময় অগ্নি নিরাপত্তা অফিসার উপস্থিত ছিল না। হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকল্পে সার্বক্ষণিক ফায়ার সেফটি অফিসার ও অগ্নি নির্বাপনকারী দলের সদস্যদের উপস্থিত থাকা বাঞ্ছনীয় ছিল। আইসোলেশন সেন্টারে সকল প্রকারের অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা দরকার ছিল। ইউনাইটেড হাসপাতাল স্পর্শকাতর এলাকায় অবস্থিত। সেখানে দেশি-বিদেশি গণ্যমাণ্য ব্যক্তিরা চিকিৎসা নিতে আসেন। এ ধরনের স্পর্শকাতর এলাকায় সেবাপ্রদানে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছাড়া এ ধরনের আইসোলোশন সেন্টার নির্মাণ ঠিক হয়নি। অস্থায়ী সরঞ্জামাদি দ্বারা তৈরি না করে স্থায়ী অথবা অগ্নি প্রতিরোধ যোগ্য নির্মাণ সামগ্রী দ্বারা এ ধরনের আইসোলোশন সেন্টার তৈরি করা উচিত ছিলো।’
ডিএমপির প্রতিবেদনে বলা হয়েছে, ‘অগ্নিকাণ্ড সংঘটন ও তা প্রতিরোধে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ছিল। এছাড়া তিন সরকারি সংস্থাই তাদের প্রতিবেদনে বলেছেন, অগ্নিনির্বাপণ সরঞ্জামাদির বেশিরভাগই ছিল মেয়াদোত্তীর্ণ ও অকেজো।’
হাইকোর্টে দাখিল করা রাজউকের রিপোর্টে বলা হয়েছে, ‘স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি নিয়ে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ আইসোলোশন সেন্টার নির্মাণ করে। কিন্তু রাজউকের কোনো ধরনের অনুমোদন তারা নেয়নি। ’
অগ্নিকাণ্ড প্রতিরোধে সুপারিশ: ইউনাইটেড হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকল্পে সার্বক্ষণিক ফায়ার সেফটি অফিসার, কার্যকরী অগ্নিনির্বাপণকারী দলের সদস্যদের সরঞ্জামসহ উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। নিয়মিত অগ্নিনির্বাপন প্রশিক্ষণ ও ফায়ার অ‌্যান্ড ইভাকুয়েশন ড্রিল করা এবং যথাযথভাবে রেজিস্ট্রার রক্ষণাবেক্ষণ করার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
এছাড়া হাসপাতালে কর্মরত ব্যক্তিদের মধ‌্যে যারা রোগীর সঙ্গে অবস্থান করে তাদের থেকে ২৫ ভাগ জনবলকে অগ্নি নির্বাপন বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। এছাড়া বিএনএসবির আলোকে ভবনের বেজমেন্টে কোনো স্থাপনা যেমন-অফিস, স্টোর, কিচেন, ডাইনিং ইত্যাদি স্থাপন করা থেকে বিরত থাকতে হবে। বেজমেন্ট শুধুমাত্র গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহার করা যাবে বলে কমিটির সুপারিশে বলা হয়েছে।
গত ২৭ মে রাতে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুনে পাঁচ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তিন সরকারি সংস্থার তদন্ত প্রতিবেদন দাখিল করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ হাইকোর্ট। একইসঙ্গে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।
রোববার হাসপাতালের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান আদালতে বলেন, তদন্ত রিপোর্টগুলো দেখে আমরা আমাদের ব্যাখ্যা দাখিল করতে চাই। এরপরই আদালত তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশনা দিয়ে ২২ জুন এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করেন।