Home Blog Page 2882

ফের বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

0

মহামারি করোনাভাইরাস সংক্রমণ বাড়ার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বৃদ্ধি করতে যাচ্ছে সরকার।
আগামীকাল সোমবার (১৫ জুন) এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।
রোববার (১৪ জুন) শিক্ষা মন্ত্রণালয় সূত্র থেকে জানা যায়, আগামীকাল শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৈঠক করবে। বৈঠকে আলোচনার মাধ্যমে ছুটি বৃদ্ধি করা হবে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, দেশে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। দিন দিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
তিনি বলেন, আগামীকাল দুই মন্ত্রণালয় আলোচনা করে কতদিন পর্যন্ত ছুটি বৃদ্ধি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত আগামী ৩০ জুন পর্যন্ত ছুটি বৃদ্ধি করার চিন্তা-ভাবনা হচ্ছে।
দেশে করোনাভাইরাসের প্রকোপের কারণে গত মার্চের মাঝামাঝি সময় থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কয়েক দফায় এ ছুটি বৃদ্ধি করে ১৫ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।

আত্মহত্যা করলেন জনপ্রিয় বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুত

0

ভারতের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রোববার মুম্বাইয়ে বান্দ্রার নিজ বাড়ি থেকে তার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
বিবিসি হিন্দি প্রতিবেদককে এই খবর নিশ্চিত করেছেন মুম্বাইয়ের অতিরিক্ত পুলিশ কমিশনার মনোজ কুমার শর্মা।
জানা গেছে, বাড়ির গৃহপরিচারিকা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
মি. সিং বেশ কিছুদিন ধরে মানসিক বিষণ্নতায় ভুগছিলেন বলে জানা গেছে। তার বয়স হয়েছিল ৩৪ বছর।
তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক জানিয়ে টুইট করেছেন। শোক প্রকাশ করেছেন বলিউড তারকা অক্ষয় কুমার, কারান জোহর, ঋত্বিক রোশান, অনুরাগ কাশ্যপসহ অনেকে।

শুরুতে ছোট পর্দার মাধ্যমে মিডিয়ে জগতে পা রাখলেও পরবর্তীতে চলচ্চিত্রে বেশ সফলতার পরিচয় দিয়েছেন সুশান্ত সিং রাজপুত।
২০১৩ সালে ‘কাই পো চে’ দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করা মি. সিং আমির খানের সুপারহিট ছবি ‘পিকেতে’ও কাজ করেছিলেন।
তবে তিনি সবার নজরে এসেছেন ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ বায়োপিক চলচ্চিত্রে মূখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে।
এছাড়া ‘ডিটেকটিভ বোমকেশ বক্সি’, ‘শুধ দেশি রোমান্স’ এবং ‘কেদারনাথ’ চলচ্চিত্রে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।
সবশেষ ‘ছিচোড়ে’ চলচ্চিত্রে অভিনয় করে বেশ খ্যাতি কুড়িয়েছেন তরুণ এই অভিনেতা। এই চলচ্চিত্রের মূখ্য বার্তাই ছিল আত্মহত্যার বিরুদ্ধে, জীবনের ইতিবাচক দিকগুলোর প্রতি মনোযোগ দেয়াকে ঘিরে।
১৯৮৬ সালের ২১শে জানুয়ারী ভারতের বিহার রাজ্যের পাটনায় এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন সুশান্ত সিং রাজপুত। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও অভিনয় ও নাচের প্রতি ঝোঁক থাকায় মাঝ পথেই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় ইতি টানেন।
ব্যক্তিগত আগ্রহ থেকেই মিডিয়া জগতে তিনি পা রেখেছিলের ব্যাকআপ নৃত্যশিল্পী হিসেবে।
এরপরে তিনি ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ নামে একটি সোপ অপেরায় প্রথম অভিনয়ের সুযোগ পান। এরপরে ‘পাবিত্রা রিশতা’ সিরিয়ালে মি. সিং-এর অভিনয় তাকে ছোটপর্দায় জনপ্রিয় করে তোলে।
পরবর্তীতে তিনি নৃত্যের রিয়েলিটি শো ‘জারা নাচে কে দিখা’ এবং ‘ঝালাক দিখলা জা’তেও অংশ নেন।
তবে বড় পর্দায় আসার পর তার ক্যারিয়ারের গ্রাফ ওপরের দিকেই যেতে থাকে।
ব্যক্তিগত সম্পর্ক
ক্যারিয়ারের প্রথমদিকে ‘পাবিত্রা রিশতা’ সিরিয়ালের সহ-অভিনেতা অঙ্কিতা লোখাণ্ডের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে পরে দুজনের মধ্যে বিচ্ছেদের খবর পাওয়া যায়।
মি. সিং চলচ্চিত্র জগতে সাফল্য অর্জনের পর থেকে দুজনের মধ্যে দূরত্ব বেড়ে যায় বলে মনে করা হচ্ছে।
এদিকে, কিছুদিন আগে সুশান্তের প্রাক্তন ম্যানেজার ২৮ বছর বয়সী দিশা স্যালিয়ানও একটি বহুতল ভবন থেকে নীচে পড়ে মারা যান। আগে বলা হয়েছিল যে তিনি আত্মহত্যা করেছেন কিন্তু পরে খবর পাওয়া যায় যে মিস স্যালিয়ান নেশাগ্রস্ত ছিলেন।
তার মৃত্যুতে মি. সিং ইনস্টাগ্রামে লিখেছিলেন, “এটি অত্যন্ত দুঃখজনক সংবাদ। দিশার পরিবার ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা। তোমার আত্মা শান্তি পাক।”
গত তেশরা জুন নিজের এক কোটি দুই লাখ ফলোয়ারের ইন্সটাগ্রামে তিনি তার প্রয়াত মা’কে নিয়ে সবশেষ পোস্টটি দিয়েছিলেন।

করোনার ভয়ে তো মানুষকে না খাইয়ে মারতে পারি না : প্রধানমন্ত্রী

0

করোনা মহামারীর মধ্যে বিধিনিষেধ তুলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখার যৌক্তিকতা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাস, এখন এটা তো বাস্তবতা। করোনার ভয়ে তো আমরা মানুষকে না খাইয়ে মারতে পারি না। তাদের বেঁচে থাকার ব্যবস্থাটা আমাদের নিতে হবে। যেসব এলাকায় সংক্রমণ বেশি সেখানে লকডাউন করে তা আটকানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ রোববার সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী করোনাভাইরাস সঙ্কট এবং সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন।
সংসদের নিয়ম অনুযায়ী চলতি সংসদের কোনো সদস্য মারা গেলে তার ওপর আনা শোক প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি মোহাম্মদ নাসিমের পাশাপাশি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহকেও স্মরণ করেন।
এসময় করোনা সংক্রমণের কথা তুলে ধরে তিনি বলেন, যখন আমরা একটি কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, দেশের দারিদ্র্যসীমা আমরা কমিয়ে এনেছি, দারিদ্র্যসীমা মাত্র ১০ বছরে ৪০ ভাগ থেকে আমরা ২০ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি, আমাদের জিডিপি বেড়ে গিয়েছিল। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিলাম। আমাদের আশা ছিল মুজিববর্ষ উদযাপন করবো। কিন্তু এসময় এক অদৃশ্য শক্তি, করোনা ভাইরাস যা কেউ চোখে দেখতে পারে না, বুঝতেও পারে না- সারা বিশ্বটাকে স্থবির করে দিল, সারাবিশ্বে যেন কেমন একটা অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করলো। একটা আতঙ্ক-ভয়-ভীতি, মৃত্যু আতঙ্ক যেন সারা বিশ্বকে পেয়ে বসেছে। এটাই হচ্ছে অদ্ভুত ব্যাপার। এ ধরনের পরিবেশ আগে আমরা আর কখনো দেখিনি।
এ সময় তাকে সংসদে আসতে অনেকেই নিষেধ করেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজকে আমি সংসদে আসবো কিন্তু আমাকে অনেক জায়গা থেকে নিষেধ করা হয়েছে। ভীষণভাবে বাধা দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘না, না আপনি যাবেন না, নেত্রী যাবেন না’। তাদের আমি বললাম হুমকি, বোমা, গ্রেনেড কত কিছুই তো মোকাবিলা করে করে এ পর্যন্ত এসেছি। এখন কী একটা অদৃশ্য শক্তি তার ভয়ে ভীত হয়ে থাকবো। আর পার্লামেন্টের মেম্বার, আমাদের আওয়ামী লীগ পরিবারের একজন সংসদ তাকে হারিয়েছি আর আমাদের ক্যাবিনেট সদস্য একজন তাকেও হারালাম আর সেখানে আমি যাবো না, এটা তো হয় না।
করোনা সংক্রমণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই আতঙ্কটা এমন পর্যায়ে চলে যাচ্ছে যেটা সত্যি খুব দুঃখজনক। করোনা ভাইরাসের ভীতিটা প্রতিনিয়ত সারা বিশ্বেই। এখানে উন্নত দেশ, অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশ, অস্ত্রের দিক থেকে শক্তিশালী, অর্থের দিক থেকে শক্তিশালী অথবা হয়তো দরিদ্র রাষ্ট্র- কোনো ভেদাভেদ নেই। সব যেন এক হয়ে গেছে এক করোনা ভাইরাসের ভয় এবং আতঙ্কে। সব জায়গায় কিন্তু একই অবস্থা। আমেরিকা থেকে শুরু করে উন্নত পশ্চিমা দেশ থেকে এসে আমাদের দক্ষিণ এশিয়ায় এই ওয়েবটা চলছে।
করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি- আপনারা অন্তত একটু স্বাস্থ্যবিধি মেনে চলেন। এটা খুব সাংঘাতিক একটা সংক্রামক ব্যাধি। এই সংক্রমণটা যাতে না হয়। সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করা। রক্ষা করার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দেশবাসীকে বলছি। আমরা ঠিক করেছি, কোন কোন এলাকায় বেশি দেখা যাচ্ছে, সেটা লকডাউন করা হবে। সেটা আমরা আটকাচ্ছি। সেখান থেকে যেন সংক্রমণ না হয়। সাথে সাথে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো যেন সচল থাকে সেজন্য ব্যবস্থা নিয়েছি। আমরা একটা বাজেটও দিতে সক্ষম হয়েছি। এই কাজগুলো যখন করছি সেটা এক ধরনের যুদ্ধ। সেই সময় যাদের আমরা সবসময় কাছে পেয়েছি তাদের দুজনকে হারানো অত্যন্ত কষ্টকর।
প্রধানমন্ত্রী সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে স্মরণ করেন। তুলে ধরেন তাদের রাজনৈতিক জীবনের বিভিন্ন অবদানের কথা।
করোনা ভাইরাস পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, নেতাকর্মীদের মৃত্যুতে পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। কিন্তু করোনা সংক্রমণের কারণে সেটা সম্ভব হচ্ছে না। আমরা আওয়ামী লীগের যেকোনো একজন কর্মী মারা গেলে ছুটে গিয়েছি। জানাজায় অংশ নেওয়া, ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, পরিবারের সঙ্গে দেখা করা সবই করেছি। কিন্তু এখন এমন একটা অস্বাভাবিক পরিবেশ সেটা আর করতে পারছি না। পরিবারের সদস্যদের সঙ্গে একটু দেখা করা, তাদের একটু সান্তনা দেওয়া সেই সুযোগটা পেলাম না কেন, এটা সবথেকে কষ্টকর।

ইতালিতে ফের বেড়েছে করোনায় মৃতের সংখ্যা

0

করোনাভাইরাসে শনিবার (১৩ জুন) ইতালিতে ৭৮ জনের মৃত্যু হয়েছে, যা আগের দিনের চেয়ে ২২ জন বেশি। এমনটাই জানিয়েছে দেশটির গণসুরক্ষা সংস্থা।
শুক্রবার দেশটিতে ৫৬ জনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার মারা গিয়েছিল ৫৩ জন। শনিবার সেটা আরও বেড়েছে। তাতে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪ হাজার ৩০১ জন, যা বিশ্বের মধ্যে চতুর্থ সর্বোচ্চ।
মোট মৃতের সংখ্যায় ইতালির সামনে আছে কেবল যুক্তরাজ্য, ব্রাজিল ও মার্কিন যুক্তরাষ্ট্র। ১ ফেব্রুয়ারি ইতালিতে করোনাভাইরাসে প্রথম মৃত্যু হয়। ১৩ জুনের মাথায় সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৩৪ হাজারের অধিক।
শনিবার ইতালিতে আক্রান্ত হয়েছে ৩৪৬ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬৫১ জন। যা বিশ্বের মধ্যে সপ্তম সর্বোচ্চ। ইতালির চেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, স্পেন, যুক্তরাজ্য ও ভারতে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে ৭৮ লাখ ৫৫ হাজার ৪৩১ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ লাখ ৩১ হাজার ৭২৮ জন। সেরে উঠেছে ৪০ লাখ ২০ হাজার ৫৭৭ জন।

মৌসুমি বায়ু সক্রিয়, রয়েছে উত্তর বঙ্গোপসাগরের মাঝারি

0

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। গতকাল শনিবার মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় ছিল।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। অন্যদিকে মৌসুমি বায়ু বিস্তার লাভ করায় দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ,চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আগামী ৭২ ঘণ্টায় দেশের আবহাওয়া পরিস্থিতিতে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।

স্পেনকে কৃষিশ্রমিক নেওয়ার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

0

কৃষিক্ষেত্রে বাংলাদেশ ও স্পেনের মধ্যে ব্যাপক সহযোগিতার সুযোগ আছে উল্লেখ করে স্পেনকে বাংলাদেশ থেকে কৃষিশ্রমিক নেওয়ার অনুরোধ করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
সম্প্রতি স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আরানচা গনজালেজ লায়ার সাথে ফোনে আলাপকালে তিনি এ অনুরোধ করেন।
ড. মোমেন বলেন, বাংলাদেশ পৃথিবীর চতুর্থ ধান ও ৫ম সবজি উৎপাদনকারী দেশ। সে কারণে করোনাপরবর্তী পরিস্থিতিতে কৃষিকাজে স্পেন বাংলাদেশের কৃষি শ্রমিকদের কাজে লাগাতে পারবে। এ ছাড়া স্পেনকে এদেশ থেকে তৈরি পোশাকের পাশাপাশি চিংড়ি, জাহাজ, পাটজাত পণ্য, ওষুধ, পিপিইসহ বিভিন্ন সামগ্রী আমদানি করারও অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।
আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার মো. তৌহিদুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশের রেলওয়ের উন্নয়ন ও সংযোগ বাড়ানোর ক্ষেত্রে স্পেনের বিনিয়োগের সুযোগ আছে বলেও জানান ড. মোমেন। বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতারা যাতে বাংলাদেশের তৈরি পোশাক খাতে ক্রয়াদেশ বাতিল না করে সে বিষয়েও তিনি স্পেনের সহয়োগিতা কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী। আরানচা গনজালেজ লায়ার করোনা পরবর্তী পরিস্থিতিতে অথনৈতিক ক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।
বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, এদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করলে স্পেনের কোম্পানিগুলো যে কোনো দেশের তুলনায় লাভবান হবে। এতে বাংলাদেশিদেরও কর্মসংস্থান হবে।
তিনি বলেন, বাংলাদেশে বিপুল সংখ্যক তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনগোষ্ঠীকে এসব কোম্পানি কাজে লাগাতে পারবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা পরবর্তী অথনৈতিক সমস্যা মোকাবেলায় বিভিন্ন দেশের অংশীদারিত্ব ও সহয়োগিতা প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের অনেক দেশ করোনার চেয়ে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়তে পারে। এখনই এ বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন। ১ মিটার সমুদ্রসীমা বৃদ্ধি পেলে বাংলাদেশের এক-চতুর্থাংশ পানির নিচে চলে যেতে পারে। এর ফলে এ দেশে ৩৫ থেকে ৪০ মিলিয়ন মানুষ তাদের বাসস্থান হারাতে পারে। বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) এর সভাপতি হিসেবে জলবায়ু বিষয়ে স্পেনের সহায়তা চান। এ বিষয়ে স্পেনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আরানচা গনজালেজ লায়া আশ্বস্ত করেন।
ড. মোমেন বলেন, বাংলাদেশ মানবিক কারণে মিয়ানমারের ১১ লাখ জোরপূর্বক বাস্তচ্যুত রোহিঙ্গাকে সাময়িকভাবে আশ্রয় দিয়েছে। মিয়ানমার সরকার তাদের জনগোষ্ঠীকে ফিরিয়ে নিতে চাইলেও গত তিন বছরে মিয়ানমার তাদের নিরাপদ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি করেনি এবং কোনো রোহিঙ্গাকে ফেরত নেয়নি।
রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে তিনি স্পেনের সহযোগিতা কামনা করেন। স্পেন নিরাপদ প্রত্যাবাসনের ওপর জোর দেয় বলে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।
স্পেনে কর্মরত তিন শতাধিক বাংলাদেশি দেশে এসে করোনার কারণে আটকা পড়ে। তাদের চাটার্ড ফ্লাইটে স্পেনে ফেরার বিষয়ে সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চান ড. মোমেন। আরানচা গনজালেজ লায়া এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

করোনায় আরও ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৪১

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ১১৭১ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩১৪১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৭ হাজার ৫২০ জন।
আজ রবিবার (১৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৬৯০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ৫০৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৫ লাখ ১ হাজার ৪৬৫টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ১৪১ জনের মধ্যে। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৫২০ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩২ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ১৭১ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৮ হাজার ৩৩১ জন।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের ২৭ জন পুরুষ এবং ৫ জন নারী। ১৬ জন ঢাকা বিভাগের, ১১ জন চট্টগ্রাম বিভাগের, দুজন সিলেট বিভাগের এবং একজন করে বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের। ২০ জন মারা গেছেন হাসপাতালে, ১১ জন বাসায় এবং একজনকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব ১০ জন, ষাটোর্ধ্ব ৯ জন, সত্তরোর্ধ্ব দুজন এবং ৮০ বছরের বেশি বয়সী তিনজন রয়েছেন।
ডা. নাসিমা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বুলেটিনে।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৮ লাখ ৮৪ হাজারেরও বেশি। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৩২ হাজার। তবে সাড়ে ৪০ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

সিনিয়র সচিব হলেন মোহসীন চৌধুরী

0

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীকে সিনিয়র সচিব করেছে সরকার। তাকে পদোন্নতি দিয়ে আজ রবিবার (১৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
সিনিয়র সচিব করার পর তাকে আগের কর্মস্থল অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। সিনিয়র সচিবের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবের মাঝামাঝি। এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ১৩ জন।
আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চলতি বছরের ১২ জানুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন।
১৯৮৫ সালের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোহসীন। ১৯৬৩ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জন্ম নেওয়া মোহসীন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে বিএসসি (সম্মান) ও এমএসসি করেন। পরে ঢাকার নর্দার্ন বিশ্ববিদ্যালয় থেকে গভর্নেন্স স্টাডিজে এমএ ডিগ্রি নেন তিনি।

একই দিনে দুজনের মৃত্যু অত্যন্ত কষ্টকর : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত দুই নেতাকে স্মরণ করে বলেছেন, একই দিনে পরপর দুজনের মৃত্যু অত্যন্ত কষ্টকর। আমাদের এই সংসদে বারবার শোক প্রস্তাব আনতে হচ্ছে। আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করি।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে আজ রবিবার (১৪ জুন) সংসদে শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। এর আগে সব প্রস্তাবের ওপর সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকজন সংসদ সদস্য আলোচনায় অংশ নেন। এ সময় তিনি এসব কথা বলেন।
দুই নেতাকে স্মরণ করে শেখ হাসিনা বলেন, আমি দেশে ফেরার পর পদে পদে আমাকে বাধার সম্মুখীন হতে হয়েছে। এসময় যে দুজনকে আমি সব সময় পাশে পেয়েছি একই দিনে তাদের হারালাম।
মোহাম্মদ নাসিম ওয়ান ইলেভেনের সময় কারাগারে থাকা অবস্থায় স্ট্রোক করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওই সময় কারাবন্দি সালমান এফ রহমানের জন্য একটি অ্যাম্বুলেন্স সব সময় জেলগেটে তার পরিবারের পক্ষ থেকে রাখা থাকত। ওই অ্যাম্বুলেন্সে করে মোহাম্মদ নাসিমকে হাসপাতালে নেওয়া সম্ভব হয় বলে তিনি সেই যাত্রায় বেঁচে যান। তবে ওই সময় তার শরীরের একপাশ প্যারালাইজড হয়ে যায়।
করোনাভাইরাসের কারণে আজ রবিবার সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেতে বাধা দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেছেন, সংসদে আসব অনেক জায়গা থেকে কিন্তু আমাকে ভীষণভাবে বাধা দেয়া হয়েছে, নিষেধ করা হয়েছে। বলেছে-নেত্রী আপনি যাবেন না। আমি বললাম গুলি, বোমা, গ্রেনেড কত কিছুই তো মোকাবিলা করে করে এ পর্যন্ত এসেছি। আর একটা অদৃশ্য শক্তি তার ভয়ে ভীত হয়ে থাকব?
প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্যের হার মাত্র ১০ বছরের মধ্যেই আমরা কমিয়ে এনেছি। আমাদের জিডিপি বেড়ে গিয়েছিল। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিলাম। কিন্তু এমন একটা অদৃশ্য শক্তি করোনাভাইরাস সারাবিশ্বটাকে স্থবির করে দিয়েছে। সারাবিশ্বটাতে কেমন একটা অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করল। আমাদের কোনো নেতাকর্মী মারা গেলেও আমরা ছুটে গেছি তার জানাজায়, কবরে ফুল দেয়া ও পরিবারের সঙ্গে দেখা করার জন্য। এখন এমনই অস্বভাবিক পরিবেশ যে আমরা এবার সেটা করতে পারলাম না। সেটাই হলো সবচাইতে বড় কষ্টকর। একটা আতঙ্ক, ভয়-ভীতি যেন সারাবিশ্বকে পেয়ে বসেছে।
তিনি বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি অন্ততপক্ষে দেশের মানুষ যেন স্বাস্থবিধি মেনে চলে। পাশাপাশি করোনার ভয়ে মানুষগুলোকে তো না খেয়ে মারতে পারি না। এটা হলো বাস্তবতা। তাদের বেঁচে থাকার ব্যবস্থা তো আমাদের নিতে হবে। তাদের জীবনযাত্রা যেন চলে সেই ব্যবস্থাতো আমাদের করতে হবে। অথচ এই আতঙ্কটা এমন পর্যায়ে চলে যাচ্ছে যেটা সত্যি খুব দুঃখজনক। তবে আমরা ঠিক করেছি কোন কোনো এলাকায় বেশি করোনাভাইরাস দেখা যাচ্ছে সেটা লকডাউন করা। যাতে সেখান থেকে কোনোরকম আর সংক্রমিত না হয়। সাথে সাথে যেন আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল থাকে সেদিকেও আমরা ব্যবস্থা নিয়েছি। এটা এক ধরনের যুদ্ধ।

ই-নথি কার্যক্রমে তৃতীয়বারের মতো শীর্ষে পাইকগাছা উপজেলা

0

আবারো ই-নথি কার্যক্রমে সারাদেশের মধ্যে তৃতীয়বারের মতো শীর্ষ স্থান ধরে রেখেছে খুলনার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়।
আইসিটি বিভাগের এটুআই এর এপ্রিল ২০২০ মাসের ই-নথি কার্যক্রমের প্রকাশিত ফলাফলে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় শীর্ষস্থানের এ কৃতিত্ব অর্জন করে।
দেশের সকল উপজেলার মধ্যে তৃতীয়বারের মতো দেশ সেরা কৃতিত্ব অর্জন করায় ইউএনও জুলিয়া সুকায়নাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহল।
বর্তমান উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না যোগদান করার পর তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ই-নথি কার্যক্রমকে গতিশীল করেন। যার অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রায় সকল কাজ ই-নথির মাধ্যমে সম্পাদন করেন।
এছাড়াও প্রশাসনের অন্যান্য দপ্তরের কার্যক্রমও ই-নথি কার্যক্রমের আওতায় আনেন।
উপজেলা নির্বাহী অফিসারের গতিশীল দক্ষ নেতৃত্বে দেশের সকল উপজেলার মধ্যে ৩ বার ই-নথি কার্যক্রমে শীর্ষস্থান অর্জন করেছে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়।
তৃতীয়বারের মত কৃতিত্ব অর্জন করায় ইউএনও জুলিয়া সুকায়নাকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেকুজ্জামান, শিব্সা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি ও হাঁটার সাথী সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনসহ বিভিন্ন মহল।