Home Blog Page 2886

মোহাম্মদ নাসিম আর নেই

0

টানা ৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চির বিদায় নিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার (১৩ জুন) বেলা ১১ টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। নাসিমের ছেলে তানভীর শাকিল জয়ের কাছে এই খবর পেয়েছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১ জুন নিউমোনিয়াজনিত সমস্যা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসের পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। তবে সম্প্রতি মোহাম্মদ নাসিমের পরপর তিনটি করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ জুন ভোরে তার স্ট্রোক হয়। সেদিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে অস্ত্রোপচার হয়। এর আগেও তার একবার স্ট্রোক হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নিলেও অবস্থার অবনতি হওয়ায় এগোয়নি পরিবার। লাইফ সাপোর্টে রেখেই চিকিৎসা চালিয়ে গিয়েছিলেন চিকিৎসকেরা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিমের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে নাসিম সংসদে পঞ্চমবারের মতো সিরাজগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করছিলেন। এবার মন্ত্রিত্ব না পেলেও দলের সভাপতিমণ্ডলীতে থাকার পাশাপাশি ১৪ দলীয় জোটের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন নাসিম।

চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু

0

করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরও একজন চিকিৎসক মারা গেলেন। শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আরিফ হাসান নামে ওই চিকিৎসক মারা যান। এ নিয়ে করোনায় ও উপসর্গ নিয়ে চট্টগ্রামে ৪ চিকিৎসকের মৃত্যু হলো।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক আফতাবুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জাননা, ডা. আরিফের আগে করোনা পরীক্ষা করা হয়েছে কিনা সে বিষয়ে তারা জানেন না। কারণ এর আগে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আর মারা যাওয়ার পর এখনো নমুনা সংগ্রহণ করা হয়েছে কিনা সে বিষয়টিও তার জানা নেই।
ডা. আরিফ হাসান ঢাকা মেডিক্যাল কলেজের ৪৯তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি নগরীর কোতোয়ালি থানার আবেদিন কলোনি এলাকায় থাকতেন। ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতেন।
আফতাবুল ইসলাম বলেন, করোনার উপসর্গ নিয়ে এক সপ্তাহ ধরে ডা. আরিফ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে শুক্রবার তাকে চমেক হাসপাতালের আইসিইউ ইউনিটে আনা হয়। সেখানে আইসিইউ সাপোর্ট দেওয়ার আগেই তিনি মারা যান।

চীনে গত ২৪ ঘণ্টায় আবারও নতুন করোনা রোগী শনাক্ত

0

চীনে গত ২৪ ঘণ্টায় আবারও নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। নতুন আরও ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
বলা হয়েছে, নতুন সংক্রমিত ১১ জনের ৫ জন এসেছে বিদেশ থেকে। বাকি ৬ জন বেইজিংয়ের বাসিন্দা। তবে করোনায় মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি এদিন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৭৫।
আক্রান্তদের সংস্পর্শে আসা ৩ হাজার ১৯৭ জনকে মেডিকেল অবজার্ভেশনে রাখা হয়েছে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন ৭৪ জন। তবে এদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।
শুক্রবার সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আরও দু’জন। সব মিলিয়ে চীনে সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৩শতাধিক মানুষ; মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জনের।

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ২১ লাখ ছাড়িয়েছে

0

যুক্তরাষ্ট্রে আবারও সংক্রমণে পুরনো রূপ দেখাতে শুরু করেছে করোনা। আগের তুলনায় সুস্থতার হার বাড়লেও রেকর্ড আক্রান্তে সব অর্জন যেন বৃথা হয়ে যাচ্ছে। যার শিকার দেশটির ২১ লাখের বেশি মানুষ। এর মধ্যে বেঁচে ফিরেছেন প্রায় সাড়ে ৮ লাখ আমেরিকান।
বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্র গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যোগ হয়েছে ২৭ হাজার ২২১ জন। এতে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ১৬ হাজার ৯২২ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৭৯২ জনের। এ নিয়ে দেশটির ১ লাখ ১৬ হাজার ৮২৫ জন মানুষের মৃত্যু হলো করোনায়। যদিও সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮ লাখ ৪২ হাজার মানুষ।
এর মধ্যে সবচেয়ে শুধু নিউইয়র্কেই আক্রান্ত ৪ লাখ ৩ হাজার। যেখানে ৩০ হাজার ৮২৪ জনের মৃত্যু হয়েছে, যা সর্বোচ্চ সংক্রমণের অনেক দেশকেও ছাড়িয়ে গেছে।
দ্বিতীয় স্থানে থাকা নিউ জার্সিতে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে ভাইরাসটি। ইতিমধ্যেই সেখানে ১ লাখ সাড়ে ৬৮ হাজার ৮৪৮ জনের শরীরে ভাইরাসটি চিহ্নিত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৬০১ জনের মৃত্যু হয়েছে।
আক্রান্ত দেড় লাখ ছুঁই ছুঁই ক্যালিফোর্নিয়ায়। যেখানে প্রাণহানি ৫ হাজারের কাছাকাছি। ইলিনয়সে আক্রান্ত ১ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে। প্রাণ গেছে ৬ হাজার ২৬০ জনের।
সংক্রমণ ১ লাখ ৫ হাজারে ছাড়িয়েছে ম্যাসাসুয়েটসসে, যেখানে প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৫৩৮ জনের। আক্রান্তের সংখ্যা সাড়ে ৮৫ হাজার পেরিয়েছে টেক্সাসে। তবে, সেখানে প্রাণহানি কিছুটা কম। যার সংখ্যা ১ হাজার ৯৬৬ জন।
পেনসিলভেনিয়ায় সংক্রমণ ৮২ হাজার ৫৮২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রাণ গেছে সেখানে ৬ হাজার ২৪৮ জনের।

যুক্তরাজ্যকে টপকে প্রাণহানিতে দ্বিতীয় ব্রাজিল

0

মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আক্রান্ত ও প্রাণহানিতে সব দেশকে ছাড়াল লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। গত মাসেই সংক্রমণে শীর্ষ দুইয়ে ওঠে। প্রতিদিনের রেকর্ড মৃত্যুতে এবার প্রাণহানিতে যুক্তরাজ্যকেও টপকে গেল দেশটি।
করোনায় দিশেহারা ব্রাজিলে এখন অনেকটাই প্রকৃত তথ্য তুলে ধরছে স্বাস্থ্য বিভাগ। ফলে প্রতিদিনেই উঠে আসছে রেকর্ড আক্রান্ত আর মৃত্যুর মিছিলের খবর। টানা চতুর্থ দিনে রেকর্ড সংক্রমণে ভাইরাসটির ভুক্তভোগী দেশটির সোয়া ৮ লাখের বেশি মানুষ। যাতে প্রাণহানি ৪২ হাজার ছুঁই ছুঁই।
বাংলাদেশ সময় আজ শনিবার সকাল পর্যন্ত দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ২৫৩ জন মানুষের দেহে মিলেছে করোনার সংক্রমণ। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ লাখ ২৯ হাজার ৯০২জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ৮৪৩ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৪১ হাজার ৯০১ জনে ঠেকেছে।
আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।
সম্প্রতি প্রেসিডেন্ট জাইর বলসোনারো করোনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না বলে ঘোষণা দেন। তার ওই ঘোষণাার পরপরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে করোনার মহামারি সংক্রান্ত সব তথ্য সরিয়ে ফেলা হয়েছিল। এতে করে ফের কঠোর সমালোচনার মুখে পড়েন তিনি।
পরে দুদিনের মাথায় সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হন বলসোনারো। যুক্ত করা হয় নতুন একটি ওয়েবসাইট, যেখানে বিস্তারিত তথ্য তুলে ধরা হচ্ছে। যদিও প্রকৃত সংখ্যা তুলে ধরতে সরকার কারসাজি করছে বলে অভিযোগ করেছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞ ও গণমাধ্যমগুলো।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ধ্বংসযজ্ঞ চালানোর পর ভাইরাসটির এখন প্রধানকেন্দ্র ব্রাজিল, যা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও ব্যাপক প্রভাব ফেলেছে। যার ভয়াবহতার শিকার পেরু, চিলি ও মেক্সিকোর মতো দেশগুলো।

ট্রাম্পকে ফের বাঙ্কারে লুকিয়ে পড়তে বললেন সিয়াটলের মেয়র

0

গত ২৫ মে মিনিয়াপোলিস শহরে পুলিশি নিষ্ঠুরতায় জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গের মৃত্যু হয়। তারপর ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়েছে আমেরিকাজুড়ে। এর মধ্যে একদিন হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ হয়। সিক্রেট সার্ভিস এজেন্টরা ট্রাম্পকে হোয়াইট হাউসের মধ্যে এক গোপন জায়গায় নিয়ে যান। সিয়াটলের মেয়র সেই ঘটনার কথা উল্লেখ করে ট্রাম্পকে ফের বাঙ্কারে লুকিয়ে পড়তে বললেন।

বিক্ষোভকারীরা সিয়াটলের ‘পুলিশমুক্ত’ এলাকার নাম রেখেছেন ‘ক্যাপিটল হিল অটোনমাস জোন’। ট্রাম্প সিয়াটলের মেয়রকে কঠোর ভাষায় বলেছিলেন, শহরের জমি পুনরুদ্ধার করুন। না হলে আমি হস্তক্ষেপ করব। বিক্ষোভকারীদের তিনি বলেন, ‘ডোমেস্টিক টেররিস্ট’ অর্থাত্‍ দেশি সন্ত্রাসবাদী। প্রেসিডেন্ট টুইট করে বলেন, ‘দিস ইজ নট এ গেম। কুত্‍সিত নৈরাজ্যবাদীদের থামাতেই হবে। এখনই থামাতে হবে। যা করার তাড়াতাড়ি করুন। মুভ ফাস্ট।’

এরপরেই জেনি ডার্কেন পালটা টুইট করেন, ‘আপনি বাঙ্কারে ফিরে যান’। ওয়াশিংটন স্টেটের গভর্নর জে ইনসলে টুইট করেন, যে ব্যক্তি প্রশাসন চালানোর পক্ষে সবচেয়ে অযোগ্য, তার কোনো ব্যাপারে নাক গলানো উচিত নয়। প্রেসিডেন্ট টুইট করা বন্ধ করুন।

নির্বাচনে ‘চুরি’ করার চেষ্টা করবেন ট্রাম্প : বাইডেন

0

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প চুরি করার চেষ্টা করবেন বলে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন। বলেছেন,’আমার গভীর উদ্বেগ হচ্ছে যে এই প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প চুরি করার চেষ্টা করবেন। এমনকি হেরে গেলেও অফিস ছাড়বেন না।’

বুধবার রাতে সম্প্রচার হওয়া ‘দ্য ডেইলি শো’তে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।

বাইডেনের শঙ্কা, জর্জিয়াসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোটাররা যেন ভোট দিতে না পারে সেই চেষ্টা করা হচ্ছে। তবে বাইডেনের এই মন্তব্যকে ষড়যন্ত্র তত্ত্ব বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউজ।

শোতে ট্রাম্পের নির্বাচন সংক্রান্ত এক মন্তব্য নিয়ে ৭৭ বছর বয়সী সাবেক ভাইস প্রেসিডেন্ট বলেছেন, এই মানুষ বলেছিলেন, মেইল ইন ব্যালটে জালিয়াতি হবে।

ট্রাম্প যদি পরের নির্বাচনে না জেতেন, তাহলে কি অফিস নাও ছাড়তে পারেন বলে মনে করছেন বাইডেন? সঞ্চালকের এমন প্রশ্নে হ্যাঁ-সূচক উত্তর দেন সাবেক ভাইস প্রেসিডেন্ট। তবে তার বিশ্বাস, প্রয়োজনে সামরিক বাহিনী ব্যবহার করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কেইলেঘ ম্যাকএনানি বাইডেনের এই মন্তব্যকে ‘অদ্ভুত’ আখ্যা দিয়ে বলেছেন, ‘ডেমোক্র্যাটরা তাদের মতো করে কাজ করতে পারে। এগুলো হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব।’

সূত্র- এনডিটিভি।

পশ্চিমবঙ্গে এই প্রথম আটক মহিলা জঙ্গি, আরবি নিয়ে এমএ পড়তেন

0

পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের জালে ধরা পড়ল তানিয়া পরভিন নামের এক মহিলা জঙ্গি। এই প্রথম কোনো মহিলা জঙ্গি ধরা পড়ল পশ্চিমবঙ্গে। গোয়েন্দারা দীর্ঘদিন ধরে তাকে নিয়ে তদন্ত করে। এরপর আজ কলকাতার অদূরে উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় অভিযান চালিয়ে আটক করা হয় লস্কর-ই-তৈবার এই নারী জঙ্গিকে।

পুলিশ জানিয়েছে, কলকাতায় একটি বিশ্ববিদ্যালয়ে আরবি নিয়ে এমএ পড়ছিলেন ২২ বছরের এই তরুণী। তিনি কথাবার্তায় বেশ চতুর। কম্পিউটার ও স্মার্টফোন ব্যবহারেও বেশ পারদর্শী। হানিট্র্যাপ করে সেনাবাহিনীর জওয়ানদের ফাঁসিয়ে তথ্য পাচার করত সে। এমনকি রাজ্যে জঙ্গি নিয়োগের দায়িত্বেও ছিল তানিয়া পারভিন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম ভারতের এক সেনা জওয়ানের সঙ্গে এরই মধ্যে ফোনে চ্যাট করে ঘনিষ্ঠতা তৈরি করেছিল সে। সেখান থেকে সেনাবাহিনীর বেশ কিছু তথ্য সংগ্রহ করে সেগুলো পাচার করেছিল তানিয়া। এমনই জানতে পেরেছে গোয়েন্দারা।

কিছু ক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে জঙ্গি নিয়োগের ব্যাপারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল তানিয়া। এমনই তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। কলেজছাত্রী হওয়ায় সহজে গোয়েন্দাদের স্ক্যানারে না আসায় তানিয়াকে বিভিন্ন কাজে ব্যবহার করত লস্করের প্রথম সারির জঙ্গিরা।

বাদুড়িয়ায় গ্রেপ্তার তরুণী লস্কর জঙ্গিকে হেফাজতে চেয়ে আবদন করেছে ভারতের তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তাকে জেরা করে সেনাবাহিনীর জওয়ানদের হানিট্র্যাপ করার ছক সম্পর্কে আরো তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

ভারতের চাপে ‘নতুন মানচিত্র’ বদলাব না, সাফ জানিয়ে দিল নেপাল

0

ভারতের প্রবল আপত্তি অগ্রাহ্য করে নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে হিমালয়ের কোল ঘেষে দাঁড়িয়ে থাকা নেপাল। অপেক্ষাকৃত ছোট্ট এ দেশটি নয়াদিল্লিকে সাফ জানিয়ে দিয়েছে, ভারতের চাপের মুখে তারা কিছুতেই মানচিত্রে বদলাবে না। শুক্রবার নেপালের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার।

নতুন এই মানচিত্রে ভারত-নেপাল সীমান্তের লিমপিয়াধুরা, কালাপানি ও লিপুলেখকে নেপালের অংশ বলে দাবি করা হয়েছে। কিন্তু ভারতের দাবি, ওই তিনটি অংশই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং উত্তরাখণ্ড রাজ্যের পিথোরাগড় জেলার অন্তর্ভূক্ত। এ নিয়ে ভারতের সঙ্গে সীমান্ত বিবাদে জড়িয়ে পড়েছে নেপাল।

গত মে মাসে ওই বিতর্কিত মানচিত্র প্রকাশ করে নেপাল। তা নিয়ে দু’দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গয়ালি সংবাদমাধ্যমে বলেন, ‘জম্মু-কাশ্মীর নিয়ে গত ২ নভেম্বর নিজেদের মানচিত্র বদল ঘটায় ভারত। তারপরই আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিই। এটা স্থায়ী সিদ্ধান্ত কারণ ওই এলাকাগুলো নেপালের মধ্যেই পড়ে। এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তবে কোন এলাকা নেপালের মধ্যে পড়ছে, তা নিয়ে আলোচনা হওয়া দরকার।’

সম্প্রতি লিপুলেখ গিরিপথ থেকে কৈলাস-মানস সরোবরে যাওয়ার পথ পর্যন্ত একটি রাস্তার উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাতে প্রতিবাদ জানায় নেপাল সরকার। তারপরই ওই বিতর্কিত মানচিত্র প্রকাশ করে তারা। তা নিয়ে তীব্র আপত্তি জানায় ভারত। এমনকি এর পিছনে চীনের উস্কানি থাকতে পারে বলেও ইঙ্গিত দেয় ভারত। তাতে দু’দেশের মধ্যে উত্তাপ আরো বাড়ে।

এরপর গত ৮ জুন পররাষ্ট্র সচিব পর্যায়ে দু’দেশের মধ্যে আলোচনার প্রস্তাব দেয় নেপাল। কিন্তু এ নিয়ে এখনো পর্যন্ত নেপালকে কিছু জানায়নি মোদি সরকার। তা নিয়েও ক্ষোভ প্রকাশ করে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গয়ালি বলেন,’পররাষ্ট্র সচিব স্তরে আলোচনা চালাতে ভারতকে চিঠি দিয়েছিলাম আমরা। কিন্তু এখনো পর্যন্ত তার জবাব পাইনি। কূটনৈতিক স্তরে আলোচনা চালাতে দু’দেশের দূতাবাসের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে।’

উল্লেখ্য, ভারত-নেপাল সম্পর্কে টানাপড়েন চলছে গত কয়েক মাস থেকেই। কয়দিন আগেই ভারতের তীব্র বিরোধিতা সত্ত্বেও বিতর্কিত ভূখণ্ডকে মানচিত্রে অন্তর্ভুক্ত করে সংবিধান সংশোধনের অনুমোদন দিয়েছে নেপাল সরকার।

সূত্র- আনন্দবাজার।

সংক্রমণে দৈনিক ও সাপ্তাহিক বৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বে দশম: ডব্লিউএইচও

0

করোনাভাইরাস আক্রান্তের ক্ষেত্রে দৈনিক এবং সাপ্তাহিক বৃদ্ধিতে বাংলাদেশ এখন বিশ্বে দশম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ডব্লিউএইচও,র ওয়েবসাইটে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টার মধ্যে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল ২৪ ঘণ্টার মধ্যে ৩২ হাজার ৯১৩টি নতুন সংক্রমণ নিয়ে প্রথম স্থান অর্জন করেছে।

যুক্তরাষ্ট্র ২০ হাজার ৩১৫টি আক্রান্ত নিয়ে দ্বিতীয়, নয় হাজার ৯৯৬টি নিয়ে ভারত তৃতীয় ও আট হাজার ৭৭৯ নিয়ে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে।

পাঁচ হাজার ৮৩৪টি নতুন আক্রান্ত নিয়ে পাকিস্তানকে পঞ্চম স্থানে দেখানো হয়েছে। আর চিলি ষষ্ঠ, পেরু সপ্তম, মেক্সিকো অষ্টম, সৌদি আরব নবম এবং তিন হাজার ১৯০টি আক্রান্ত নিয়ে বাংলাদেশ দশম অবস্থানে রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক রিপোর্টে বৃহস্পতিবার পর্যন্ত গত সাত দিনে ১৯ হাজার ৭২৫ সংক্রমণ নিয়েও বাংলাদেশ দশম অবস্থানে রয়েছে।

সাপ্তাহিক সংক্রমণের রিপোর্টে ব্রাজিল প্রথম, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় এবং দক্ষিণ এশিয়ার দেশ ভারত গত সাত দিনে ৬৯ হাজার ৬৬০ সংক্রমণ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

এদিকে, শুক্রবার দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক দিনে সর্বোচ্চ তিন হাজার ৪৭১ জন। সেই সাথে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুবরণ করেছেন ৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান, এখন পর্যন্ত দেশে করোনার শিকার হয়েছেন ৮১ হাজার ৫২৩ জন। আর মোট মারা গেছেন এক হাজার ৯৫ জন।