Home Blog Page 2892

‘পূর্ব-পশ্চিমে সংযোগ বাড়াতে হচ্ছে আরেকটি মেট্রোরেল রুট’

0

ঢাকা মহানগরীর পূর্ব-পশ্চিমে সংযোগ বাড়াতে আরো একটি মেট্রোরেল রুট নির্মাণ করতে যাচ্ছে সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

আজ বুধবার সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে মেট্রোরেল কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

হেমায়েতপুর হতে গাবতলী-মিরপুর ১০-কচুক্ষেত-বনানী-গুলশান ২ হয়ে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ রুটের বিস্তারিত নকশা প্রণয়ন ও নির্মাণকাজ তদারকির জন্য বুধবার পরামর্শক নিয়োগের চুক্তি সই হয়।

এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে নিজ বাসভবন থেকে যুক্ত হন ওবায়দুল কাদের। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি একইভাবে এ অনুষ্ঠানে যুক্ত হন।

অনুষ্ঠানে যুক্ত হয়ে সেতুমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে উড়াল ও পাতালসহ ছয়টি মেট্রোরেল রুট নির্মাণ করতে যাচ্ছে সরকার। হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত রুট-৫ এর নর্দার্ন অংশের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এরই মধ্যে শেষ হয়েছে।

তিনি বলেন, ২০ কিলোমিটার দীর্ঘ এ রুটে সাড়ে তের কিলোমিটার পাতাল এবং সাড়ে ছয় কিলোমিটার হবে উড়াল। এ রুটটি নির্মাণে প্রায় ৪১ হাজার কোটি টাকা ব্যয় হবে। এরমধ্যে জাপান সরকারের অর্থায়ন প্রায় ২৯ হাজার কোটি টাকা বলে মন্ত্রী জানান।

ওবায়দুল কাদের বলেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণাধীন মেট্রো রুট-৬ এর চলমান কাজের শতকরা ৪৫ ভাগ শেষ হয়েছে। সম্পতি কাজের গতি আরো বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে এ রুটে দশ কিলোমিটার ভায়াডাক্ট এবং এক কিলোমিটার রেল লাইন স্থাপন করা হয়েছে।

প্রায় এক হাজার ছয়শত কোটি টাকার চুক্তিপত্রে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এবং পরামর্শক প্রতিষ্ঠানসমূহের পক্ষে জাপানের নিপ্পন কোয়ে কম্পানির ভারপ্রাপ্ত পরিচালক কেন নিশিনো ও ওরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল কোম্পানির সভাপতি ঈজি ইওনেযাওয়া স্বাক্ষর করেন।

এ সময়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বাংলাদেশে জাইকা’র চীফ রিপ্রেজেন্টেটিভ ইউহো হায়াকাওয়াসহ মেট্রোরেলের বিভিন্ন রুটের প্রকল্প পরিচালক, প্রকৌশলী, কর্মকর্তা এবং পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

দেশে করোনায় মৃত্যু হাজার ছাড়াল, নতুন শনাক্ত ৩১৯০

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ১০১২ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩১৯০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪ হাজার ৮৬৫ জন।
আজ বুধবার (১০ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

জুনের মধ্যেই দিতে হবে গ্যাস-বিদ্যুতের বকেয়া বিল

0

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গ্যাস ও বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল জুন পর্যন্ত মওকুফ করা হয়েছিল। তবে ৩০ জুনের মধ্যে এসব বকেয়া বিল না দিলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ বুধবার (১০ জুন) বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
করোনা পরিস্থিতি এখন তো আরও খারাপ। তাই বিলম্ব ফি মওকুফের বিষয়টি আর বাড়ানো হবে কি-না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এটা আর মোটেও বাড়বে না। কারণ আমরা মনে করি, এখন আস্তে আস্তে (আমরা) স্বাভাবিক হয়ে যাচ্ছি। এটা বাড়ালে আবার আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সুতরাং, এ সময় সবার পার্টিসিপেট (অংশগ্রহণ) দরকার।
‘তিন মাসের বিল একসঙ্গে দেয়াটা তো বার্ডেন (বোঝা) হয়ে যাবে’-এমন প্রশ্নে নসরুল হামিদ বলেন, অবশ্যই বার্ডেন হবে। তবে এজন্য আমরা আগেই বলেছিলাম প্রস্তুত থাকতে হবে। গ্রাহকদের প্রতিমাসের বিল দেয়া হয়েছে। তবে আমরা বলেছিলাম পরের মাসে বিল দিলেও সার্চ চার্জ লাগবে না। কিন্তু আগামী ৩০ জুনের মধ্যে বিলগুলো পরিশোধ করতে হবে। এরপর একদিন পার হলেই সার্চ চার্জ দেয়া লাগবে।
‘৩০ জুনের পরেও কেউ যদি বিল দিতে না পারে তাহলে তাদের লাইন কেটে দেয়া হবে কি-না’ -জানতে চাইলে তিনি বলেন, যে নিয়ম আছে সে নিয়মই প্রয়োগ হবে।
অতিরিক্ত বিলের বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিতরণ কোম্পানিগুলো এটা সমন্বয় না করলে আমার বরাবর আবেদন করলেই হবে। আমি সব কোম্পানিকেই এগুলো সমন্বয় করতে বলেছি। গ্রাহক যাতে সন্তুষ্ট হয় সেভাবেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
‘এজন্য মন্ত্রীর নিকট আবেদন করা কতটুকু সম্ভব’- জানতে চাইলে তিনি বলেন, এটা জাস্ট বললাম। সবাই নিজের এলাকায় আবেদন করবেন। তারপরও যদি কেউ প্রতিকার না পান তাহলে তাদেরকে আমার নিকট আবেদন করতে বলা হচ্ছে।
জ্বালানি তেলের দাম কমছে কি-না?
বিশ্ববাজারে কমে যাওয়ায় দেশে জ্বালানি তেলের দাম কমানোর উদ্যোগ নেবেন কি-না, প্রশ্নে তিনি বলেন, আমরা এখনও ওই সুবিধার জায়গায় যেতে পারিনি। কারণ আমাদের আগের তেলগুলো এখনও বিক্রি করার সুযোগ পাইনি। আমাদের জ্বালানি ব্যবহার হয়নি। আমরা আশা করছি যদি জ্বালানির ব্যবহার দ্রুত করতে পারি এবং এখনকার সুবিধা অনুযায়ী জ্বালানি আনতে পারি তাহলে সরকার ভবিষতের কথা চিন্তা করে বিবেচনা করবে। কিন্তু এটা সরকারের ওপরে নির্ভর করছে।
তিনি বলেন, পুরনো তেল রয়ে গেছে। সেজন্য ব্যবহার বাড়াতে হবে। আমি চাই যতটা কমফোর্ট হওয়া যায় তেলে। কম দামে তেল এনে ব্যবহার করলে পাওয়ার প্ল্যান্ট চালু করলে বিদ্যুতের দাম কম হতো। কিন্তু কোভিড-১৯ এর কারণে ব্যবহার করা যাচ্ছে না। এই বছরে খুব বেশি সুবিধা হবে না।
বাজেট ৩০ হাজার কোটি টাকা
প্রতিমন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছরে বিদ্যুৎ বিভাগের বাজেট প্রস্তাবনা হলো ২৭ হাজার ৫৯৭ দশমিক ৭৩ কোটি টাকা। আর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জন্য তিন হাজার ১৩৮ দশমিক ৬৫ কোটি টাকা। মোট ৩০ হাজার ৭৩৬ দশমিক ৩৮ কোটি টাকা।
তিনি জানান, বিদ্যুৎ বিভাগের সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে বিতরণ ও সঞ্চালন লাইন এবং এরপরে কারিগরি ও উৎপাদনে। বাকি বরাদ্দ মেগা প্রকল্পে ব্যয় হবে। বিদুতের ক্ষেত্রে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, রাজাশাহী, রংপুর, খুলনা, বরিশাল বিভাগে শতভাগ বিদ্যুতায়নের জন্য অর্থ ব্যয় হবে। সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি পার্বত্য চট্টগ্রামে।
আর জ্বালানি বিভাগের গ্যাস ও সঞ্চালন প্রকল্পে বেশি ব্যয় করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

৩০ জুন পর্যন্ত ভার্চ্যুয়ালি চলবে আপিল বিভাগের চেম্বার কোর্ট

0

ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশব্যাপী করোনা ভাইরাস রোগ এর সংক্রমণ রোধকল্পে ও শারীরিক উপস্থিতি ব্যতিরকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর‌্যন্ত ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার শুধু ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বাংলাদেশের প্রধান বিচারপতি মহোদয়ের সদয় অনুমোদনক্রমে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান মহোদয়কে মনোনয়নপূর্বক গত ৩১ মে তারিখের ৫৭৬/২০২০ এসসি(এডি) স্মারকমূলে ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রচার করা হয়।
‘বিচারপতি মো. নূরুজ্জামান মহোদয় আগামী ১৬, ২৩ ও ৩০ জুন তারিখে সকাল সাড়ে ১১টা থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।’
গতকাল মঙ্গলবার (৯ জুন) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

রেড জোন কার্যকরে বান্দরবানে লকডাউন শুরু

0

রেড জোন কার্যকর করতে বান্দরবানে লকডাউন শুরু হয়েছে। বুধবার (১০ জুন) বেলা ১২টার বাজার সঙ্গে সঙ্গে বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে জনসাধারণকে সরিয়ে ঘরে ফেরত যেতে নির্দেশনা দেয় পুলিশের সদস্যরা।
এর আগে করোনা সংক্রমণ প্রতিরোধে বান্দরবান সদর উপজেলা, পৌরসভা এলাকা ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে।
এদিকে, লকডাউন শুরুর পর থেকেই জেলা সদরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। অন্যদিকে সব যাত্রীবাহী যান ও দোকান বন্ধ হয়ে যায় শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া।
বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭১ জন। আর ১৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছে। হোম কোয়ারেন্টিনে এ পর্যন্ত এক হাজার ৬৭ জন ছিল তার মধ্যে ৯৮০ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১১০ জন ছিল। এর মধ্যে ৯৯ জনকে ছাড় দেওয়া হয়েছে।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, এই পর্যন্ত বান্দরবানে নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৫০৮ জনের। এর মধ্যে রিপোর্ট মিলেছে ৯৬৬ জনের।এদের মধ্যে ৭১ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।
তিনি আরও জানান, জেলায় করোনার উপর্সগ নিয়ে একজনের মৃত্যু হয়েছে এবং তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ পাওয়া গেছে।
বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী জানান, রেড জোন ঘোষিত এলাকায় কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। তবে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, চিকিৎসক, মানবিক সহায়তা-ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন, জরুরি ওষুধ, চিকিৎসা উপকরণ, কৃষি উপকরণ ও পন্যবাহী যানবাহন চলাচল করতে পারবে।
তিনি আরও বলেন, আমরা বান্দরবানবাসীর সুরক্ষার জন্য আজ থেকে বান্দরবান সদর উপজেলা, পৌরসভা এলাকা ও রুমা উপজেলাকে লকডাউন ঘোষণা করেছি। পরর্বতী নিদের্শ না দেওয়া পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে।

জাজিরা প্রান্তের শেষ স্প্যানটি বসছে আজ

0

পদ্মা সেতুর ৩১তম স্প্যান বসছে আজ বুধবার (১০ জুন)। এটিই জাজিরা প্রান্তের শেষ স্প্যান। এটি বসে গেলে মাওয়া প্রান্তে আর মাত্র ১০টি স্প্যান বসানো বাকি থাকবে। যা ভরা বর্ষায়ও স্প্যানের ওপর বসাতে কষ্ট পেতে হবে না।

তবে ৩১তম স্প্যানটি বসানো জটিল হওয়ায় এটি বুধবারই পিলালের ওপর বসাতে চায় ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কম্পানি।

এসব তথ্য দিয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, ৩১তম স্প্যানটি আগামী ১১ জুন বসানোর পরিকল্পনা ছিল। কিন্তু ১১ জুন থেকে ১৩ জুন পর্যন্ত অবহাওয়া খারাপ থাকার আশঙ্কা করা হচ্ছে। তাই একদিন আগে আজ বুধবার (১০ জুন) এটি বসানোর পরিকল্পা করা হয়েছে। তাছাড়া নদীতে দিন দিন পানি বাড়ছে। সেইসঙ্গে বাড়ছে রাতেও।

স্প্যানটি বসানো হবে জাজিরা প্রান্তের ২৫ ও ২৬ নম্বর পিলারের ওপর। এটি জাজিরা ও মাওয়া প্রান্তের সংযোগস্থল। যেখানে একটি নৌ চ্যানেল দিয়ে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল করে। ওইদিন এ চ্যানেল দিয়ে এসব নৌযান চলাচল করলে স্প্যানটি পিলারের ওপর বসাতে মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এইসময় নৌযান বন্ধ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। জনসাধারণকে অনুরোধ করা হয়েছে আজ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট পরিহার করে ঢাকা-পাটুরিয়া-ভাঙ্গা রুট ব্যবহার করার জন্য।

শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি’র এজিএম মো. শফিকুল ইসলাম বলেন, বিআইডাব্লিউটিসি’র চেয়ারম্যানকে দেওয়া সেতু কর্তৃপক্ষের একটি চিঠির অনুলিপি আমার হস্তগত। আজ বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হবে।

এদিকে সেতু বিভাগের উপ প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার যাত্রাবাড়ী-মাওয়া-ভাঙ্গা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প রুটে চলাচলের পরামর্শ দেওয়া দয়েছে। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিমুলিয়া-কাঁঠালবাড়ি চ্যানেল দিয়ে ফেরি, লঞ্চ, স্পিডবোট, ট্রলারসহ সব ধরনের জলযান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক সিরাজুল কবির জানান, সকাল ১০টা থেকে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হবে এ নৌরুটে। ১১টার আগেই এসব নৌযান চলে যাবে গন্তব্যে। ফলে ১১টার পর নৌরুটে আর জলযান চলাচল করবে না। তাই সেতুর কাজের কোনো সমস্যা হবে না।

ভোগান্তি এড়াতে বুধবার ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প রুটে (ঢাকা-পাটুরিয়াা-ভাংগা) চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। মহাসড়ক এবং জলপথ ব্যবহারকারীদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সেতু বিভাগ।

এর আগে গত ৩১ মে পদ্মা সেতুর ৩০তম স্প্যান পিলারের ওপর বসানো হয়। স্প্যানটি জাজিরা প্রান্তের ২৬ ও ২৭ নম্বর খুঁটির ওপর স্থাপন করা হয়। এতে দৃশ্যমান হয় সেতুর ৪৫০০ মিটার বা সাড়ে ৪ কিলোমিটার। আর ৩১তম স্প্যানটি বসে গেলে পদ্মা সেতু দৃশ্যমান হবে চার হাজার ৬৫০ মিটার। গত ৩০ এপ্রিল পর্যন্ত মূল সেতুর কাজের অগ্রগতি হয়েছে ৮৭ ভাগ। নদী শাসনের কাজের অগ্রগতি হয়েছে ৭১ ভাগ। আর সেতুর সার্বিক কাজের অত্রগতি হয়েছে ৭৯ ভাগ।

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি দ্বিতল হবে, যার ওপর দিয়ে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ। সেতুর এক খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব প্রায় ১৫০ মিটার। একেকটি খুঁটি ৫০ হাজার টন লোড নিতে সক্ষম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় নিজস্ব অর্থায়নে ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের ‘সিনো হাইড্রো করপোরেশন’।

২৬৯ রোহিঙ্গা ফেরতের মালয়েশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান বাংলাদেশের

0

মালয়েশিয়ায় প্রবেশের সময় ২৬৯ জন রোহিঙ্গা বোঝাই একটি নৌকা আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। আটক রোহিঙ্গাদের সেদেশে জায়গা দিতে নারাজ মালয়েশিয়ার সরকার। তারা রোহিঙ্গাদের বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে এ প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন গত রাতে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) টেলিফোনে বলেন ‘বাংলাদেশ তাদের (রোহিঙ্গাদের) নেবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাধ্য নয়, সে অবস্থাও নেই।’

কোনো রোহিঙ্গা যদি মালয়েশিয়ার ভূখণ্ডে যায় এবং আটক হয় তাহলে বাংলাদেশের কিছু করার নেই বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয়, বরং তারা কয়েক শতাব্দী ধরে মিয়ানমারে বসবাস করছে।’

এর আগে ওই রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে না পাঠিয়ে বাংলাদেশে পাঠাতে চান মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। মঙ্গলবার তিনি জানিয়েছেন, বাংলাদেশকে এসব রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বলা হবে।

ইসমাইল সাবরি ইয়াকুব মঙ্গলবার সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের জানা উচিত, তারা এখানে (মালয়েশিয়া) আসলেও থাকতে পারবে না।’ তিনি জানান, যদি জানা যায় আটক হওয়া অভিবাসীরা বাংলাদেশের কক্সবাজারের আশ্রয় শিবির থেকে পালিয়ে থাকে তাহলে তাদের ফিরিয়ে নিতে ঢাকাকে অনুরোধ জানাবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত সোমবার মালয়েশিয়ার লঙ্কাউই দ্বীপের একটি নৌকা থেকে ২৬৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়। সেই সঙ্গে এক নারীর মৃতদেহও উদ্ধার করা হয়। ইসমাইল সাবরি বলেন, আটক করা এসব রোহিঙ্গাদের ভাসান চরে পাঠাতে বাংলাদেশকে অনুরোধ করবে মালয়েশিয়া। এছাড়া রোহিঙ্গাদের তৃতীয় কোনো দেশে আশ্রয় দিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে বলা হবে বলেও জানান তিনি। সূত্র : বাসস।

ফিচের রেটিংয়ে আবার ‘বিবি মাইনাস’ পেল বাংলাদেশ

0

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান ফিচ বাংলাদেশের আন্তর্জাতিক ঋণমানকে ‘বিবি মাইনাস’ অভিহিত করেছে। ‘বিবি মাইনাস’ রেটিং-এর মানে হলো দেশি ও আন্তর্জাতিক মুদ্রায় ঋণগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা স্থিতিশীল। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে রবিবার ফিচের পক্ষ থেকে এ তথ্য দেওয়া হয়।

এর আগেও একাদিকবার বাংলাদেশকে এ মান দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ফিচের এই ঋণমান নির্ণয়ের ক্ষেত্রে চলমান করোনা ভাইরাসের প্রভাব বিবেচনায় নেওয়া হয়নি বলে জানা গেছে।

প্রসঙ্গত, ঋণদাতারা ঋণের ঝুঁকি কতটা তা বুঝতে পারে এই ঋণমান থেকে। কোনো দেশের ঋণমান কমে গেলে ঋণদাতারা ঋণের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে ওঠে।

আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা ফিচের প্রতিবেদনে উল্লেখিত বেশিরভাগ শেষ দিকের। এতে স্থিতিশীল ঋণমানের অন্যতম কারণ হিসেবে ভালো জিডিপি প্রবৃদ্ধি এবং স্বস্তি দায়ক বৈদেশিক মুদ্রার রিজার্ভের কথা তুলে ধরা হয়েছে।

এছাড়া বৃহৎ ও তরুণ জনসংখ্যার দেশ হিসেবে তুলনামূলক কম মজুরি দিয়ে কাজ করানোর সুযোগ এবং সাম্প্রতিক বছরগুলোতে সময় মতো ঋণ পরিশোধের কথা বলা হয়েছে।

খারাপ দিকের অন্যতম হিসেবে দুর্বল ব্যাংক খাতের কথা উঠে এসেছে। বিশেষ করে ব্যাংক খাতে সুশাসনের ঘাটতির কারণে নানা কেলেঙ্কারি এবং উচ্চ খেলাপি ঋণের কথা তুলে ধরা হয়েছে। আর ব্যবসায়িক পরিবেশের দুর্বল অবস্থা, রাজনৈতি ঝুঁকির কথা উঠে এসেছে। এছাড়া রপ্তানি প্রবৃদ্ধিতে ধীর গতি, রাজস্ব আদায়ে খারাপ অবস্থার কারণে বাজেট ঘাটতিসহ নানা দুর্বলতা তুলে ধরেছে সংস্থাটি।

সংস্থার প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের বাজেটে সরকারের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্র ৮ দশমিক ১০ শতাংশ ধরা হলেও ফিচ পূর্বাভাস দিয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ। আর আগামী অর্থবছর তা ৭ দশমিক ২০ শতাংশ হবে। যদিও করোনা ভাইরাসের প্রভাবের ফলে বাংলাদেশ বাংক মনে করে চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ১২ শতাংশের মতো অর্জিত হতে পারে।

প্রতিবেদনে গতবছরের নভেম্বরের বৈদেশিক মুদ্রার রিজার্ভের তথ্য উল্লেখ করে এটিকে স্বস্তিদায়ক বলা হয়। তখন রিজার্ভ ছিল ৩১ দশমিক ৭০ বিলিয়ন ডলার। বর্তমানে রিজার্ভ ৩৪ দশমিক ৩১ বিলিয়ন ডলার।

পুলিশ-আনসার-ফায়ার সার্ভিসে করোনা আক্রান্ত ৭ হাজার ৫৮৩

0

দেশের প্রথম সারির সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকারী পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর ৭ হাজার ৫৮৩ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একক পেশা হিসেবে পুলিশে সর্বোচ্চ ৭ হাজার ২১ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর বাইরে দ্বিতীয় সর্বোচ্চ আনসারে আক্রান্ত হয়েছে ৪২১ জন। এছাড়া ১১ কর্মকর্তাসহ ফায়ার সার্ভিসে আক্রান্ত হয়েছে ১৪১ জন সদস্য। মঙ্গলবার (৯ জুন) তিন বাহিনীর সদর দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সদর দপ্তরর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে পুলিশের ৪০৯ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত পুলিশের মোট ৭ হাজার ২১ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

গত সোমবার এই সংখ্যা ছিল ৬ হাজার ৬১২ জন। চলমান এ যুদ্ধে পুলিশে কর্মরত ও সংযুক্ত মোট ১৯ সদস্য মৃত্যুবরণ করেছেন। যার মধ্যে ১৮ জন পুলিশ কর্মকর্তা এবং বাকি একজন সিভিল কর্মকর্তা।

সূত্র আরো জানায়, সারাদেশে করোনায় আক্রান্ত পুলিশের সদস্যদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১ হাজার ৮৫০ জন সদস্য আক্রান্ত হয়েছেন। সুচিকিৎসা ও সুনিবিড় পরিচর্যায় ৩ হাজার ৪৯ জন সদস্য করোনা জয় করে সুস্থ হয়েছেন।

পুলিশে গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট ২ হাজার ৯১৩ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছে। আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে রয়েছেন ৮ হাজার ৯০ জন পুলিশ কর্মকর্তা।

ফায়ার সার্ভিস সদর দপ্তর সুত্র জানায়, ১১ কর্মকর্তাসহ ১৪১ ফায়ার সার্ভিসের সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২ জন কর্মকর্তাসহ ৫৪ জন সুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৮ জনকে হোম কোয়ারেন্টিনে বাকি ৭৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে রাখা হয়েছে এবং ১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ ৫৪ জন আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন। আক্রান্ত সবার ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে। কারো যদি স্বাস্থ্যের অবনতি হয় তাহলে হাসপাতালে ভর্তি করাসহ তাৎক্ষণিকভাবে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।

আনসার ও ভিডিপি সদর দপ্তর সূত্র জানায়, আজ পর্যন্ত ৪২১ জন আনসার করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৪৪ জন সদস্য সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৫৮ শতাংশ। করোনায় প্রাণ হারিয়েছেন আনসারের ২ সদস্য। হোম কোয়ারেন্টিনে আছেন ৪৭ জন। ৯৮ জন সদস্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৭৭ জন সদস্য।

ভর্তি নেয়নি কোনো হাসপাতাল, গাড়িতেই আ.লীগ নেতার মৃত্যু

0

বুকে ব্যথা নিয়ে হাসপাতালের পর হাসপাতাল ঘুরেও কোথাও মেলেনি চিকিৎসা। যথাসময়ে চিকিৎসা না পেয়ে গাড়িতেই মারা গেলেন চট্টগ্রামের বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম ছগীর।
তার স্বজনেরা জানিয়েছেন, মঙ্গলবার (৯ জুন) সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে একটি মাইক্রোতে করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে সেখানে ‘চিকিৎসার পরিবেশ’ না পেয়ে তাকে নগরের ওআর নিজাম রোডের চট্টগ্রাম মেডিকেল সেন্টারে নিয়ে যান স্বজনেরা। বেসরকারি ওই প্রতিষ্ঠানের চিকিৎসকেরা করোনা রোগী সন্দেহে তাকে ভর্তি নিতে অস্বীকৃতি জানান। এরপর ছগীরকে পাশের চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও তাকে ফিরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতাল কর্তৃপক্ষও ভর্তি না নিয়ে ফিরিয়ে দেন তাকে।
এই সময় ছগীরের স্বজনেরা জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর শাহেদ ইকবাল বাবুর সহায়তা চেয়ে তাকে ফোন দেন। কাউন্সিলর বাবু মুঠোফোনে বিষয়টি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে জানান। মেয়রের নির্দেশনায় ফের পার্কভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয় শফিউল আলম ছগীরকে। সেখানে মেয়রের হস্তক্ষেপে ভর্তির কার্যক্রম শুরু হলে চিকিৎসকেরা জানান, শফিউল আলম ছগীর আর বেঁচে নেই। তিনি মৃত্যুবরণ করেছেন।
এ ব্যাপারে কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু জানান, তিনটি বেসরকারি হাসপাতাল ঘুরেও চিকিৎসা না মেয়ে ছগীর ভাইয়ের ছেলে আমাকে ফোন দেন। আমি মেয়র মহোদয়কে বিষয়টি জানাই। তার হস্তক্ষেপে পার্কভিউ হাসপাতাল দ্বিতীয়বারে ছগীর ভাইকে ভর্তি নিতে সম্মত হলেও ততক্ষণে তিনি মারা যান।
এ ব্যাপারে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে কোভিড (করোনা) ও নন কোভিড আক্রান্তদের চিকিৎসা প্রদান সংক্রান্ত সার্ভিল্যান্স টিমের আহ্বায়ক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. মিজানুর রহমান জানান, বিষয়টি দুঃখজনক। হাসপাতালে সিট খালি রেখে রোগী ভর্তি নেবে না। এটা হতে পারে না।
বেসরকারি হাসপাতালগুলোর অমানবিক এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের সঙ্গে ভিডিও কনফারেন্সে আয়োজিত এক বৈঠকে তিনি বলেন, মঙ্গলবার সকালে আমাদের থানা আওয়ামী লীগের এক সেক্রেটারি স্ট্রোক করেছিলেন। তাকে ৩-৪টি হাসপাতালে নেওয়া হলেও সিট খালি নেই- এমন অজুহাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।
‘পরে যখন পার্কভিউ হাসপাতালে নেওয়া হলো তখন চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন তিনি আর বেঁচে নেই। এভাবে তো চলতে পারে না। হাসপাতালগুলোকে রোগী ভর্তি নিতেই হবে।’