Home Blog Page 2894

পুলিশের সেই যুগ্ম কমিশনারকে বদলি

0

ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে ‘ঘুষ’র প্রস্তাব দেওয়া ডিএমপির সেই যুগ্ম পুলিশ কমিশনার মো. ইমাম হোসেনসহ একই পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার (৯ জুন) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস) মো. ইমাম হোসেনকে যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) হিসেবে, যুগ্ম কমিশনার (পিওএম) অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মোহা. আবদুল মালেককে যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) ও বদলি করা হয়েছে। এছাড়া একই আদেশে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) মঈনুল হককে যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস) হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

এরইমধ্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে (ডিএমপি) ‘ঘুষ’ দিতে চাওয়ার অভিযোগ ওঠে যুগ্ম কমিশনার ইমাম হোসেনের বিরুদ্ধে। পরে তাঁকে ‘দুর্নীতির’ কারণে বদলি করতে আইজিপি বরাবর চিঠি পাঠান ডিএমপি কমিশনার। এ নিয়ে পুলিশের উর্ধ্বতনদের মধ্যে তোলপাড় শুরু হয়। ওই চিঠি কী করে ফাঁস হলো, তার তদন্ত চলছে। সেইসঙ্গে ডিএমপি কমিশনারের সহকর্মী মো. ইমাম হোসেনের বিরুদ্ধে তোলা অভিযোগ পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ তদন্ত করবেন বলেও জানা গেছে।

এ বিষয়ে গত ৩০ মে পুলিশ মহাপরিদর্শকের কাছে একটি চিঠি পাঠান শফিকুল, যাতে ডিএমপির যুগ্ম কমিশনার (লজিস্টিকস) মো. ইমাম হোসেনকে ‘দুর্নীতিপরায়ণ’ আখ্যায়িত করে তাঁকে জরুরি ভিত্তিতে বদলির সুপারিশ করা হয়। চিঠিতে বলা হয়, ‘ডিএমপির বিভিন্ন কেনাকাটায় তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তদুপরি তিনি ডিএমপির কেনাকাটায় স্বয়ং পুলিশ কমিশনারের কাছে ‘পার্সেন্টেজ’ গ্রহণের প্রস্তাব উপস্থাপন করেছেন। ফলে ওই কর্মকর্তাকে ডিএমপিতে রাখা সমীচীন নয় মর্মে প্রতীয়মান হয়েছে।

তাঁর ওই চিঠি নিয়ে এরই মধ্যে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ‘ঘুষের প্রস্তাব’ পেয়ে সহকর্মীর বদলি চেয়ে ডিএমপি কমিশনারের চিঠি দেওয়ার কথা স্বীকার করে শফিকুল ইসলাম গত শনিবার বলেন, ‘বিষয়টি একবারেই অভ্যন্তরীণ বিষয়। তবে অফিসিয়াল গোপনীয় এই প্রতিবেদন কীভাবে মিডিয়ার কাছে গেছে, সে ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।’

অভিযোগের বিষয়ে ইমাম হোসেনকে একাধিকবার ফোন করলেও তা ধরেননি তিনি।

২০১২ সালে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হিসেবে যোগ দেন ইমাম হোসেন। পরে ডিএমপির উপ-কমিশনার (অর্থ) ও উপ-কমিশনার (লজিস্টিকস) পদে দায়িত্ব পালন করেন তিনি। পদোন্নতি পেয়ে এখন যুগ্ম কমিশনার হিসেবে লজিস্টিকস বিভাগে কর্মরত এই কর্মকর্তা।

বসুন্ধরা হাসপাতালকে মাস্ক দিল বুয়েট-৯৬ ফাউন্ডেশন

0

করোনা ভাইরাস চিকিৎসায় অস্থায়ীভাবে নির্মিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হাসপাতালের ডাক্তার ও সাপোর্ট স্টাফদের ব্যবহারের জন্য ‘থ্রিএম-এন৯৫’ মাস্ক দিয়েছে বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) ৯৬ ফাউন্ডেশন।

সোমবার (০৮ জুন) হাসপাতাল চত্বরে মাস্ক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসিবির চিফ অপারেটিং অফিসার এমএম জসীম উদ্দীন।

বুয়েট-’৯৬ ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এরশাদুল হক ও সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম জাহিদ বসুন্ধরা কোভিড-১৯ হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান ও মো. আবুল বাসারের কাছে মাস্কগুলো হস্তান্তর করেন।

চলতি বছরের ১৭ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় বসুন্ধরা কোভিড-১৯ আইসোলেশন হাসপাতাল। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাকে দুই হাজার শয্যার করোনা হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এ হাসপাতালে সেবা কার্যক্রম শুরু হয়েছে এরইমধ্যে।

ঘুরে ঘুরেও আইসিইউ পাননি চিকিৎসক, শেষে মৃত্যু

0

করোনার উপসর্গ নিয়ে বরিশালের বেসরকারি রাহাত-আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার হোসেন মারা গেছেন হারিয়েছেন। আজ মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি বরিশালের আধুনিক রাহাত-আনোয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বরিশাল ক্লিনিক অ্যান্ড ডায়াগস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বরিশালের আজকালের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। তাকে পরিবারিক গোরস্থানে মা মরহুমা হালিমা বেগমের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।

ডা. মো. আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে অ্যাজমায় ভুগছিলেন। গতকাল সোমবারও তার প্রতিষ্ঠিত হাসপাতালে রোগী দেখেন ডা. আনোয়ার হোসেন। এর আগে রবিবারও তার হাসপাতালে রোগীদের অস্ত্রোপচার করেন তিনি। করোনার প্রকোপ শুরুর পর নগরীর স্বনামধন্য চিকিৎসকরা লাপাত্তা হলেও একদিনের জন্যও রোগী সেবায় পিছপা হননি তিনি। সামনের সারিতে নিজের প্রতিষ্ঠিত হাসপাতালে রোগীদের সেবা দেন ডা. আনোয়ার।

গত সোমবার সকাল ৮টার দিকে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়। নির্বিচারে রোগী দেখায় করোনায় আক্রান্ত হতে পারেন আশঙ্কায় নিজে থেকেই করোনা পরীক্ষার কথা বলেন সহকর্মীদের। উন্নত চিকিৎসার জন্য ওইদিন বিকেলেই এয়ার এ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়া হয়।

রাহাত-আনোয়ার হাসপাতালের পরিচালক অ্যাডভোকেট লস্কর নুরুল হক জানান, অক্সিজেন লাগানো অবস্থায় সোমবার রাতে এ্যাম্বুলেন্সে প্রথমে তাকে ঢাকার এ্যাপোলো, পরে স্কয়ার এবং আনোয়ার খান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে আইসিইউ সুবিধা না পাওয়ায় রাত ৩টার দিকে নিয়ে যাওয়া হয় রাজধানীর বাড্ডা এলাকার এএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে না ফেরার দেশে চলে যান ডা. আনোয়ার হোসেন।

আজকালের খবর পত্রিকার বার্তা সম্পাদক খান স্বপন জানান, ঢাকায় হাসপাতাল খুঁজতে খুঁজতে এ্যাম্বুলেন্সের অক্সিজেন শেষ হয়ে যায়। অক্সিজেনের অভাবে মারা যায় ডা. মো. আনোয়ার হোসেন। ডা. আনোয়ার করোনায় আক্রান্ত হতে পারেন বলে নিজে থেকেই তার সন্দেহ ছিল। তবে তার নমুনা পরীক্ষা করা হয়নি।

গতকাল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এছাড়া তার পরিবারের সদস্য ও তার সংস্পর্শে যাওয়া ব্যক্তিদের নমুনাও সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।

আগামীকাল শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন

0

একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামীকাল ১০ জুন শুরু হচ্ছে। সংসদে বাজেট পেশের ইতিহাসে এবার সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে বর্তমান জাতীয় সংসদের এ অষ্টম অধিবেশন শুরু হচ্ছে। বুধবার বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হবে।

করোনা মহামারির বর্তমান পরিস্থিতিতে সংসদ সচিবালয় থেকে এবার সম্পূর্ণ নতুনভাবে এমনকি অনেক ক্ষেত্রে বিধি নিষেধ ও কড়াকড়ি আরোপ করে বাজেট অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর মধ্যে গণমাধ্যমকর্মীদের সংসদে না গিয়ে সংসদ বাংলাদেশ টেলিভিশন থেকে বাজেট অধবেশনের সংবাদ সংগ্রহ করার পরামর্শ দেয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকির বিবেচনায় বাজেট উত্থাপনের দিন বিভিন্ন দেশের কূটনীতিক, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে বাজেট প্রত্যক্ষ করার আমন্ত্রণ জানানো হয়নি।

করোনা পরিস্থিতির কারণে এবার বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের উপস্থিতিও সীমিত করা হয়েছে। ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে তালিকা করে ৮০ থেকে ৯০ জনকে অধিবেশনে যোগদানের জন্য বলা হবে। এরই মধ্যে তালিকা করে হুইপদের পক্ষ থেকে ওই সব সংসদ সদস্যকে বৈঠকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। যারা একটু বয়স্ক সংসদ সদস্য তাদের সংসদে আসতে নিরুৎসাহিত করা হয়েছে।

অধিবেশন পরিচালনার জন্য সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আসাও সীমিত করা হয়েছে। শুধুমাত্র যাদের প্রয়োজন হবে তারাই আসবেন। আর যেসব কর্মকর্তা-কর্মচারী করোনা পজিটিভ তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে।
করোনা সংক্রমণ রোধে সংসদে আসন বিন্যাসেও পরিবর্তন আনা হয়েছে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর আশপাশের বেশ কয়েকটি আসন ফাঁকা রাখা হবে।

একইভাবে অন্যদের আসনও ফাঁকা রেখে বিন্যাস করা হবে। সংসদে যোগদানকারী সংসদ সদস্যদের অবশ্যই স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক। এছাড়া টানেলের ভিতর স্থাপন করা জীবাণুমক্তকরণ চেম্বারের ভেতর দিয়ে সব সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের প্রবেশ করতে হবে।

এছাড়া করোনা পরিস্থিতির কারণে এবার বাজেট অধিবেশন খুবই সংক্ষিপ্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে। জানা গেছে ১২ কার্যদিবস চলবে এবারের অধিবেশন। এরইমধ্যে বাজেট অধিবেশন নিয়ে সংসদ সচিবালয় একটি সূচি তৈরি করা হয়েছে।
আগামীকাল বুধবার সংসদের অধিবেশন শুরুর পরদিন ১১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিকেল ৩টায় ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন। এবারের বাজেটের আকার হতে পারে ৫ লাখ ৬০ হাজায় কোটি টাকারও বেশি। বাজেট পেশের পর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি অধিবেশনের মুলতবি থাকবে। ১৪ ও ১৫ জুন ২০১৯-২০২০ অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা এবং সম্পূরক বাজেট পাস করা হতে পারে।

এর পরদিন ১৬ জুন প্রস্তাবিত (২০২০-২০২১ অর্থ বছরের) সাধারণ বাজেটের ওপর আলোচনা শুরু হবে। ২৯ জুন সোমবার বাজেটের ওপর সমাপনী আলোচনা হবে। এদিনই পাস হবে অর্থবিল। ৩০ জুন মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাস করা হবে। ক্যালেন্ডার অনুযায়ী, অধিবেশন শুরু ও বাজেট পেশের দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ১০টায় সংসদের বৈঠক শুরু করে একটানা দুপুর দেড়টা পর্যন্ত চালানোর কথা রয়েছে।

গুজব বা অপপ্রচার ছড়ানো শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘করোনা ভাইরাসসহ যে কোনো বিষয়ে গুজব বা অপপ্রচার ছড়ানো শাস্তিযাগ্য ফৌজদারি অপরাধ এবং জনস্বার্থ রক্ষায় সরকার এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

হাছান মাহমুদ আজ দুপুরে রাজধানীতে সচিবালয়ে নিজ দপ্তর থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে ১০০ শয্যার কোভিড ইউনিট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ড. হাছান বলেন, ‘করোনার প্রাদুর্ভাবের শুরুতে সারা পৃথিবীতে ভেন্টিলেশন ইউনিটের সংকট ছিল। একারণে ইউরোপ-আমেরিকার দেশগুলোতে ৬৫ বা তদূর্ধ্ব বয়সের মানুষের চেয়ে অপেক্ষকৃত তরুণদের ভেন্টিলেশন ইউনিটের মাধ্যমে চিকিৎসার অগ্রাধিকার দেয়া হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসের সামনে ও অন্যান্য অঙ্গরাজ্যে পিপিই’র জন্য বিক্ষোভ হয়েছে। কানাডায় ও ইউরোপের বিভিন্ন দেশে মাস্কের সংকট ছিল। আমাদের দেশে এধরনের সংকট হয়নি। বরং দু’দিন আগে নাইজেরিয়া বিমান পাঠিয়ে বাংলাদেশ থেকে ঔষধ, পিপিই ও অন্যান্য চিকিৎসাসামগ্রী নিয়ে গেছে। আমরা এসকল সুরক্ষাসামগ্রী মালদ্বীপেও পাঠিয়েছি।’

‘এসত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে অনেক সময় নানা গুজব ও অপপ্রচার দেখা যায়’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাসসহ যে কোনো বিষয়ে গুজব, আতংক বা অপপ্রচার ছড়ানো ফৌজদারি অপরাধ, যা শাস্তিযোগ্য। ইতোমধ্যে এধরনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে এবং ভবিষ্যতে ঘটলেও সরকার ব্যবস্থা নেবে’ ।

চট্টগ্রামের করোনা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০০, জেনারেল হাসপাতালে ১০০, ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে ১০০, মা ও শিশু হাসপাতালে ৫০ ও বেসরকারি হাসপাতালগুলোতে ৫০টি বেড ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে, চট্টগ্রামে করোনা সংক্রমণ সংখ্যানুপাতে বৈশ্বিক নিয়মানুসারে ১০ভাগ রোগীকে হাসপাতালে ভর্তির জন্য যা পর্যাপ্ত। এর বাইরে ফিল্ড হাসপাতাল ও চট্টগ্রাম সিটি কমিউিনিটি সেন্টারও প্রস্তুত হচ্ছে।’

একইসাথে আগাম সতর্কতা হিসেবে চট্টগ্রামের আরো কয়েকটি কমিউিনিটি সেন্টারকে স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তরের জন্য সিটি মেয়রকে অনুরোধ জানান মন্ত্রী। মন্ত্রী এসময় করোনা ইউনিট চালুর জন্য ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষকে অভিনন্দন জানানও ইউএসটিসি’র প্রতিষ্ঠাতা প্রয়াত জাতীয় অধ্যাপক নুরুল ইসলামকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
সদ্যস্থাপিত ১০০ শয্যার কোভিড ইউনিটটি পুলিশ ও সাংবাদিকদের অগ্রাধিকারসহ সর্বসাধারণের চিকিৎসার জন্য উন্মুক্ত থাকবে।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এসময় চট্টগ্রামের হাসপাতালগুলোতে স্বাস্থ্যউপকরণ ও বাইরে ঔষধালয়গুলোতে প্রয়োজনীয় ঔষধের যোগান নিশ্চিত করার ওপর জোর দেন।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে সাংবাদিকদের সহায়তা চান।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, পুলিশের ইনসপেক্টর জেনারেল বেনজীর আহমেদ ও ইউএসটিসি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের পক্ষে ট্রাস্টি বোর্ড সদস্য প্রকৌশলী নূর ই জান্নাত আয়েশা ইসলাম দীনা ভিডিও কনফারেন্সে যুক্ত হন।

করোনামুক্ত হলো তানজানিয়া

0

এবার করোনামুক্ত হওয়ার ঘোষণা দিল তানজানিয়া। প্রেসিডেন্ট জন মাগুফুলি তার দেশকে করোনামুক্ত ঘোষণা করেছেন।
সৃষ্টিকর্তার উদ্দেশে প্রার্থনার কারণে করোনার এই মহামারি পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।
মুসলিম ও খ্রিষ্টান অধ্যুষিত দেশ তানজানিয়ার জনগণ বহুদিন ধরেই রোজা, নামাজ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এই মহামারি থেকে মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আসছেন।
তানজানিয়ার জামভি টিভিতে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট মাগুফুলি বলেন, এমন একটি দেশের নেতা হিসেবে এটা আমাকে উচ্ছ্বসিত করছে যে, আমরা সৃষ্টিকর্তাকে সবচেয়ে প্রাধান্য দেই, সৃষ্টিকর্তাও তানজানিয়াকে ভালোবাসেন।
তিনি বলেন, তানজানিয়ায় শয়তানের কর্মকাণ্ড সব সময়ই পরাজিত হয়েছে কারণ এদেশের মানুষ সৃষ্টিকর্তাকে ভালোবাসেন। সে কারণেই করোনাকেও পরাজিত করতে সক্ষম হয়েছে তানজানিয়া।
তানজানিয়ার আগে করোনামুক্তির ঘোষণা দিয়েছে আরও ৯ দেশ। এগুলো হলো: নিউজিল্যান্ড, মন্টেনিগ্রো, ইরিত্রিয়া, পাপুয়া নিউ গিনি, সিশেলস, হলি সি, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ফিজি এবং পূর্ব তিমুর। এসব দেশে আর একজনও করোনা রোগী নেই।
এদিকে, ইউরোপের কিছু দেশে উন্নতি হলেও বিশ্বব্যাপী মহামারি পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

লিবিয়ায় বাংলাদেশি হত্যা: দেশের ২০ মানবপাচারকারী গ্রেপ্তার

0

লিবিয়ায় ২৬ বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হওয়ার পরপরই ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় দায়ের করা ২২ মানবপাচার সম্পর্কিত মামলায় ২০ সন্দেহভাজন মানবপাচারকারীকে রবিবার পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ।

লিবিয়ায় মানবপাচারকারীরা ২৮ মে ২৬ বাংলাদেশি নাগরিকসহ ৩০ অভিবাসী শ্রমিককে হত্যা করে। লিবিয়ার ত্রিপোলি শহরের দক্ষিণ-পশ্চিমে ঘড়িয়ান অঞ্চলের মরুভূমি শহর মিজদাহে মানবপাচারের কাজে ব্যবহৃত এক গুদামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ হামলায় আরও ১১ জন আহত হন।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ লিবিয়ায় বাংলাদেশি অভিবাসীদের হত্যার জন্য দায়ী মানবপাচারকারী সিন্ডিকেটের সাথে জড়িত প্রত্যেক সদস্যকে খুঁজে বের করার জন পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানদের নির্দেশ দেন। আইজিপি গত ১ জুন পুলিশ সদরদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এ আদেশ দেন।

মানবপাচারকারী সিন্ডিকেটের সাথে জড়িত প্রতিটি সদস্যকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার কথা উল্লেখ করে পুলিশের আইজিপি বলেন, প্রতারণার মাধ্যমে যারা বাংলাদেশি নাগরিকদের বিদেশে পাঠিয়েছেন, যারা এ ঘটনার জন্য দায়ী তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।

পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) (মিডিয়া) মো. সোহেল রানা বলেন, আইজিপির দেয়া কঠোর নির্দেশের পরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (পিবিআই) পুলিশের সংশ্লিষ্ট সব বিভাগ দ্রুত অভিযান চালায়।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় ঢাকা, মাদারীপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন থানায় ২২টি মামলা দায়ের করা হয়েছে।

আইজিপির নির্দেশে অপরাধীদের চিহ্নিত করতে এবং তাদের গ্রেপ্তারের জন্য একটি বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।

এআইজি (মিডিয়া) জানান, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট ইতোমধ্যে দায়ের করা মামলায় ৭ জুন পর্যন্ত সন্দেহভাজন ২০ মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে এবং জড়িত অন্য মানবপাচারকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ভারতীয় নাবিকদের ফিরিয়ে নিতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

0

কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে আটকা পড়া ভারতীয় নাবিকদের ফিরিয়ে নিতে বুধবার ঢাকা-দিল্লিতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, ফ্লাইটটি বন্দরনগরী চট্টগ্রামে অবস্থান করা ৪৫ ভারতীয় নাবিককে নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দিল্লিতে যাবে।

তিনি জানান, আটকা পড়া নাবিকদের ফিরিয়ে নিতে ঢাকার ভারতীয় হাইকমিশন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় বিদেশ মন্ত্রণালয়, বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ভারতীয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের এ ফ্লাইটটি আগামীকাল স্থানীয় সময় সকাল ৯টায় ঢাকা থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় দিল্লীতে অবতরণ করবে।

মুম্বাই ভিত্তিক সি ডগস মেরিন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ৪৫ ভারতীয় নাবিককে ফিরিয়ে নেয়ার বিষয়টির সার্বিক তত্ত্বাবধান করছে। ৭২ আসনের ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হবে, বলেন কামরুল ইসলাম।

ইউএস-বাংলা কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে চেন্নাই ও ব্যাংককে আটকা পড়া ৩,০০০ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনতে এবং ২৮ জন তাইওয়ানের নাগরিককে ফিরিয়ে নিতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

বাংলাদেশ সিভিল এভিয়েশন নির্দেশিত সামজিক দূরত্বসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই ঢাকা থেকে দিল্লিতে বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানায় ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বিশ্বের সেরা দুই হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি

0

বিশ্বসেরা দুই হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১ হাজার ৭৯৪তম স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার (৮ জুন) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংস্থা সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তাদের ওয়েবসাইটে র‌্যাঙ্কিংয়ের ২০২০-২১’ শীর্ষক তালিকায় (সিডব্লিউইউআর) এ তথ্য প্রকাশ করেছে।

বাংলাদেশের আর কোনো বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পায়নি। তবে ভারতের ৬৪টি ও পাকিস্তানের ১০টি বিশ্ববিদ্যালয় এ তালিকায় স্থান পেয়েছে। ২০১২ সাল থেকে প্রতিবছর বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের এ র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে সংস্থাটি৷

মোট সাতটি সূচকে বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক মান যাচাই করে থাকে সিডব্লিউইউআর। এগুলো হলো শিক্ষার মান (কোয়ালিটি অব এডুকেশন), প্রাক্তন শিক্ষার্থীদের পেশাগত অবস্থান (অ্যালামনাই অ্যামপ্লয়মেন্ট), শিক্ষকদের মান (কোয়ালিটি অব ফ্যাকাল্টি), গবেষণার সংখ্যা (রিসার্চ আউটপুট), উচ্চমানসম্পন্ন প্রকাশনা (হাই-কোয়ালিটি পাবলিকেশন), গবেষণা-প্রভাব (ইনফ্লুয়েন্স) ও গবেষণা-উদ্ধৃতি (সাইটেশনস)৷ এই সাত সূচকের মোট স্কোর ১০০-র মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর ৬৬ দশমিক ৬। আর ১০০-তে ১০০ স্কোর অর্জন করে এ র‌্যাঙ্কিংয়ে টানা নবমবারের মতো বিশ্বের এক নম্বর বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জন করেছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের ১৬টি ও পাকিস্তানের ২টি বিশ্ববিদ্যালয় সিডব্লিউইউআরের এই র‌্যাঙ্কিংয়ে সেরা ১০০০-এর মধ্যে রয়েছে। সার্কের অন্য ৫টি দেশের কোনো বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পায়নি।

সিডব্লিউইউআরের এ র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের ৮টিই মার্কিন যুক্তরাষ্ট্রে। দুই হাজার বিশ্ববিদ্যালয়ের পুরো তালিকায় ৩৫৭টি বিশ্ববিদ্যালয় (পোয়ের্তো রিকোসহ) নিয়ে প্রথম অবস্থানে রয়েছে দেশটি। তালিকায় চীনের ২৬৭টি (হংকং ও ম্যাকাওসহ) ও জাপানের ১২৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এ ছাড়া এই র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা দুই হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় যুক্তরাজ্যের ৯৫টি, ফ্রান্সের ৮২টি ও রাশিয়ার ৪৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে।

আজ রাত থেকে পূর্ব রাজাবাজার ‘রেড জোন’ হিসেবে লকডাউন

0

আজ রাত ১২টা থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকাকে ‘রেড জোন’ হিসাবে লকডাউন করা হচ্ছে। প্রাথমিকভাবে ১৪ দিনের জন্য এই লকডাউন কার্যকর করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।

করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় রাজধানীর ৩৮টি এলাকাকে সংক্রমণের হার ভেদে লাল, সবুজ ও হলুদ এলাকা ভাগ করার প্রস্তাবনা দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এমন প্রস্তাব পেয়ে এলাকাগুলোতে লকডাউন ঘোষণার সব প্রস্তুতি নিয়ে রেখেছিল দুই সিটি করপোরেশন। সেই ভিত্তিতেই প্রাথমিকভাবে পূর্ব রাজাবাজারকে রেড জোন ঘোষণা করা হয়।

নির্দেশনা অনুযায়ী, লাল চিহ্নিত এলাকায় কোনো ধরনের যানবাহন চলাচল করবে না। সর্বসাধারণের চলাচল নিষিদ্ধ থাকবে। ওষুধ ও জরুরি খাদ্য ছাড়া সবধরনের দোকান বন্ধ রাখতে হবে। কেন্দ্রীয় একটি কমিটির অধীনে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের নেতৃত্বে পুলিশ, স্বাস্থ্য অধিদপ্তর ও সিটি করপোরেশনের প্রতিনিধিসহ স্থানীয়দের সম্পৃক্ত করে কমিটি গঠনের মাধ্যমে লকডাউন বাস্তবায়ন হবে।