Home Blog Page 2898

দুর্দিনে শ্রমিক ছাঁটাই না করার আহ্বান ওবায়দুল কাদেরের

0

করোনা সংকটের এই দুর্দিনে শ্রমিকদের ছাঁটাই না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, শ্রমিকরা সুদিনে মালিকদের মুনাফা এনে দিয়েছে। দেশের এই সংকটকালে ছাঁটাইয়ের মতো অসন্তোষ উদ্রেককারী সিদ্ধান্তের খবর মড়ার উপর খাঁড়ার ঘার মতো অবস্থা হবে।
আজ সোমবার (৮ জুন) সরকারি বাসভবন থেকে অনলাইন ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, শুধু ব্যবসা নয়, অসহায় মানুষগুলোর প্রতি সহমর্মী হয়ে ছাঁটাই না করার জন্যও মালিকদের প্রতি অনুরোধ জানাই।
গণপরিবহনে দূরপাল্লায় অভিযোগ না থাকলেও শহর এলাকায় ভাড়া বাড়ানোর কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মালিক-শ্রমিকদের পাশাপাশি যাত্রীদেরও এ বিষয়ে সচেতন হতে হবে।
তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও যাত্রীদের থেকে বাড়তি ভাড়া না নিতে মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে সুরক্ষা ও সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। এ সংকট মোকাবিলা করে আমরা চিরচেনা সজীবতায় ফিরে আসবো এবং সংকটের মেঘ অচিরেই কেটে যাবে সবার সম্মিলিত প্রচেষ্টায়।
মন্ত্রী সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরতদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, করোনা এবং অন্য রোগীর সেবায় মানবিক হোন। ইতোমধ্যে চিকিৎসা না পেয়ে হাসপাতাল ঘুরে ঘুরে অনেকের মৃত্যুবরণের মতো ঘটনাও ঘটেছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে মানবিক আচরণ ও সহানুভূতিশীল হতে হবে।

সারাদেশে আইসিইউর সংখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট

0

দেশের সব হাসপাতালের আইসিইউর সংখ্যা এবং করোনা রোগীদের জন্য হাসপাতালের কয়টি আইসিইউ বেড রয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সারাদেশের আইসিইউর সেন্ট্রাল মনিটরিং ব্যবস্থা রয়েছে কিনা তাও জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবারের (১০ জুন) মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের এসব তথ্য জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।
এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার (৮ জুন) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব নির্দেশনা দেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইয়াদিয়া জামান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
এর আগে রবিবার (৭ জুন) করোনাকালীন দেশের সব বেসরকারি হাসপাতালের আইসিইউগুলো সরকারের তত্ত্বাবধানে অধিগ্রহণের প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। একই সঙ্গে রিটে আইসিইউর বেডগুলো পর্যালোচনায় রাখতে অনলাইনের মাধ্যমে ‘সেন্ট্রাল বেড ব্যুরো’ চালুরও নির্দশনা চাওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনের পক্ষে অ্যাডভোকেট ইয়াদিয়া জামান এ রিট করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ও চট্টগ্রামের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ছয়জনকে এ রিটে বিবাদী করা হয়েছে।
এ ছাড়া বেসরকারি হাসাপাতালের আইসিইউগুলো সরকার অধিগ্রহণ করলে তা পর্যবেক্ষণের জন্য ‘সেন্ট্রাল বেড ব্যুরো’ চালু করতেও রিটে নির্দেশনা চাওয়া হয়।

মোহাম্মদ নাসিমের অবস্থা স্থিতিশীল

0

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আজ সোমবার বিকালে তার বিষয়ে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত দেবেন। পারিবারিক সূত্রে এ কথা জানা গেছে।
এর আগে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘এখনো কোনো সাড়া নেই নাসিমের। তার অবস্থা অপরিবর্তিত।’
তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ওনার হার্ট বন্ধ না হয় বা অন্য কিছু না হয় ততক্ষণ পর্যন্ত তার চিকিৎসা চলবে।’
মোহাম্মদ নাসিমের সিটি স্ক্যান করা হয়েছে কিনা এমন প্রশ্নে ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘তিনি কোমায় আছেন। সিটি স্ক্যান করার মতো অবস্থায় তিনি নেই। সিটিস্ক্যান করতে গেলেও ঝুঁকি। অবস্থার উন্নতি হলে সিটি স্ক্যান করা হবে।’
তিনি আরও জানান, সাবেক স্বাস্থ্যমন্ত্রীর পালস আগে যে রকম ছিল এখনো সে রকম আছে। তিনি এখনো ভেন্টিলেশনে আছেন। শ্বাস-প্রশ্বাস আগে যে রকম ছিল এখনো সে রকমটাই আছে।
তবে মোহাম্মদ নাসিম সংকটাপন্ন অবস্থায় আছেন জানিয়ে কনক কান্তি বড়ুয়া বলেন, ‘তিনি কোনো সাড়া দিচ্ছেন না এবং এ মুহূর্তে গভীর কোমায় আছেন।’
গত ১ জুন শ্বাসকষ্ট নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের। শুক্রবার ভোরে তিনি ব্রেন স্ট্রোক করেন। পরে তার অপারেশন হয়।

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

0

কারোনায় বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য মারা গেছেন। তার নাম আলমগীর হোসেন (৫৫)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অধীনে হাজারীবাগ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, করোনা পজিটিভ হওয়ায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। রবিবার (৭ জুন) রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন তিনি মারা যান।
পুলিশ কর্মকর্তারা জানান, কনস্টেবল আলমগীরের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার মাজারদিয়া গ্রামে। বাংলাদেশ পুলিশের উদ্যোগে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রসঙ্গত, করোনায় এ পর্যন্ত পুলিশের ১৯ সদস্যের মৃত্যু হয়েছে।

স্পেনের সব মসজিদে নামাজ পড়ার অনুমতি

0

করোনা বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে সেই আগের কর্মচাঞ্চল্যে ফিরে যেতে শুরু করেছে স্পেন। দীর্ঘ তিন মাস পর সরকারের দ্বিতীয় ধাপে ঘোষণার পর দোকানপাট খুলতে শুরু করেছে। দোকানপাট খোলার পর এবার আজ (৮ জুন) থেকে মসজিদে নামাজ পড়ার জন্য সরকার অনুমতি দিয়েছে। শর্তসাপেক্ষে মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন। এ দফায় একসঙ্গে ১৫০ মুসল্লি নামাজ পড়ার সুযোগ পাবেন।
মসজিদে অবশ্যই একজন অন্যজন থেকে এক মিটার দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে হবে। মসজিদগুলোতে নিরাপত্তার স্বার্থে অবশ্যই স্যানিটাইজিং করে নিজস্ব জায়নামাজ ও মাস্ক ব্যবহার করে প্রবেশ করতে হবে।
গত ২৫ মে থেকে স্পেনে ছোট ছোট প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। ফলে রাস্তায় এখন অনেক মানুষের চলাচল দেখা যায়। পাবলিক বাসগুলোও আগের তুলনায় অহরহ পাওয়া যাচ্ছে। করোনা-সংকট উত্তরণে স্পেন সরকার কর্তৃক চার ধাপের দ্বিতীয় ধাপে চলে আসায় এসব প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হয়। তবে এখনও নিয়ম মেনেই সবকিছু পরিচালনা করতে হচ্ছে সবাইকে।
দেশটির মুসলমানরা মসজিদের দরজা খুলে দেয়ার প্রত্যাশায় ছিলেন। অবশেষে সীমিত পরিসরে হলেও এ দেশের মুসলমানদের জন্য খুলে দেয়া হয়েছে মসজিদগুলো। স্পেন সরকারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, সোমবার (৮ জুন) থেকে দেশটির ৭০ ভাগ অঞ্চল চলে আসবে দ্বিতীয় ধাপে। আর সে কারণেই দেশটির মুসলিম জনগোষ্ঠী সীমিত পরিসরে অনুমতি পেয়েছেন মসজিদে গিয়ে সালাত আদায়ের।
গত ৫ জুন দেশটির দ্বিতীয় বৃহৎ শহর ও পর্যটন নগরী বার্সেলোনায় বিভিন্ন মসজিদ সরকারের নির্দেশনা মেনে শান্তিপূর্ণ এবং পর্যাপ্ত নিরাপত্তা বিধান মেনেই পড়া হয়েছে পবিত্র জুমার নামাজ। মসজিদ কর্তৃপক্ষ আগেই নির্দেশনা দিয়েছিল সবাইকে মাস্ক পরে আসার জন্য, অন্যথায় ভেতরে প্রবেশ করতে দেয়া হবে না। সঙ্গে সঙ্গে সবাইকে নিজ নিজ জায়নামাজ নিয়ে আসার জন্য উৎসাহিত করা হয়েছিল। শহরটির বেশির ভাগ মসজিদে অজুখানা বন্ধ রাখা হয়েছিল, সবাইকে বাসা থেকে অজু করে আসার কথা বলা হয় আগেই।

চীনের মেডিকেল বিশেষজ্ঞ দল ঢাকায়

0

করোনাভাইরাস মোকাবিলায় সহযোগিতার অংশ হিসেবে চিকিৎসা সরঞ্জাম নিয়ে ঢাকায় পৌঁছেছে চীনের একটি মেডিকেল বিশেষজ্ঞ দল।
আজ সোমবার (৮ জুন) বেলা ১১টায় চীনের হাইনান এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এইচইউ-৪৫১) তাদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, চীনা রাষ্ট্রদূত লি জিমিংসহ অন্যরা।
এর আগে গত ৩ জুন রাতে এক বিজ্ঞপ্তিতে ঢাকায় চীন দূতাবাস জানায়, দলে মূলত চীনের হাইনান প্রদেশের ১০ জন অভিজ্ঞ চিকিৎসক থাকবেন। বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে।
এ সময়ে তারা নির্দিষ্ট কয়েকটি হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার, পরীক্ষাকেন্দ্র পরিদর্শন ও সেগুলোতে কাজ করা ছাড়াও কন্টেইনমেন্ট ও চিকিৎসা বিষয়ে কারিগরি পরামর্শ দেবেন।
গত ২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপে করোনা মোকাবিলায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শেখ হাসিনা বিষয়টিতে রাজি হন। দুপক্ষের আগ্রহের ভিত্তিতে চীনের প্রতিনিধি দলটি বাংলাদেশে এলো।

বন্দি বিনিময়ের ক্ষেত্রে আমেরিকার সঙ্গে সরাসরি কোনো আলোচনা হয় নি: ইরান

0

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, বন্দি বিনিময়ের ক্ষেত্রে আমেরিকার সঙ্গে তেহরান সরাসরি কোনো আলোচনা করে নি। বরং এ কাজে সুইজারল্যান্ড দূতাবাসকে ব্যবহার করা হয়েছে। ইরানে আমেরিকার স্বার্থ দেখাশুনা করে সুইস দূতাবাস।
গতরাতে দেয়া এক বিবৃতিতে আব্বাস মুসাভি সাম্প্রতিক বন্দী বিনিময়ের ব্যাপারে গণমাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে তা নিশ্চিত করে বলেন, মার্কিন কারাগার থেকে ইরানি বিজ্ঞানী ডক্টর মাজিদ তাহেরি মুক্তি পেয়েছেন। মিথ্যা অভিযোগে এক বছরের বেশি সময় ধরে তিনি মার্কিন কারাগারে আটক ছিলেন। সাইয়েদ আব্বাস মুসাভি মার্কিন কারাগারে আটক অন্যসব বন্দিকে মুক্তি দেয়ার আহ্বান জানান। তিনি মার্কিন কারাগারে আটক ইরানি নাগরিকদেরকে ‘পণবন্দি’ বলে মন্তব্য করেন।
বিজ্ঞানী তাহেরির দীর্ঘদিন ধরে আমেরিকার ফ্লোরিডাতে বসবাস করে আসছিলেন। ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের মিথ্যা অজুহাতে তাকে আটক করা হয়। ইরানের এ বিজ্ঞানীকে মুক্তির বিনিময় তেহরানও একজন মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে।

শাহানারা আব্দুল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

0

আবুল হাসানাত আবদুল্লার স্ত্রী, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লার মা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বেগম শাহানারা আব্দুল্লাহ হৃদক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (৭ জুন) রাতে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজান হোসেন শাহানারা আব্দুল্লাহর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বেগম শাহানারা আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে শাহানারা আব্দুল্লার প্রথম জানাজায অনুষ্ঠিত হয়েছে। এ সময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান জয় উপস্থিত ছিলেন।

আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী শাহান আরা আর নেই

0

বরিশাল ১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মা, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য শাহান আরা আব্দুল্লাহ মারা গেছেন।
গতকাল রোববার রাত সাড়ে ১১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি স্বামী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। শাহান আরা আব্দুল্লাহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে মিন্টো রোডের বাড়িতে হত্যাকাণ্ডের অন্যতম স্বাক্ষী। ওই রাতে ঘাতকদের বুলেটে শহীদ হন তার শিশু সন্তান সুকান্ত বাবু। তিনি নিজেও গুলিবিদ্ধ হয়েছিলেন।

লকডাউনে লাভ অভিজাতদের, গরীবরা পথে বসবে : ইমরান খান

0

দিন দিন খারাপ হচ্ছে পাকিস্তানের করোনাভাইরাসে পরিস্থিতি। এরই মধ্যে আক্রান্ত হয়েছেন প্রায় এক লাখ মানুষ। প্রতিদিনই সংক্রমণ বাড়ছে রেকর্ড সংখ্যক হারে। তা সত্ত্বেও পাকিস্তানে ফের লকডাউন জারি করতে রাজি নন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। লকডাউন বিষয়ে পাক প্রধানমন্ত্রীর দাবি, ‘এ সবই অভিজাতদের ধারণা। তাঁর মতে, ফের লকডাউনের ফলে পাকিস্তানের অর্থনীতি ধসে পড়বে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে দারিদ্র।’

প্রধানমন্ত্রী ইমরান খানের দাবি, ‘লকডাউন অভিজাতদের পক্ষেই সুবিধাজনক। তাতে সবচেয়ে বেশি অসুবিধায় পড়বেন দেশের গরীবরাই।’ ইমরান বলেন, ‘লকডাউন চাইছেন— অভিজাতরা যাদের বিশাল বাড়ি রয়েছে, সেই সমস্তদের আয়ে লকডাউনের প্রভাব পড়বে না। তবে লকডাউনের ফলে অর্থনীতি ধসে পড়বে এবং গরীব দেশে দারিদ্র আরো বাড়বে। গরীব মানুষকে ধ্বংস করে দেবে, ঠিক যেমনটা মোদীর ভারতে হয়েছে।’

লকডাউনের সম্ভাবনাকে নাকচ করলেও করোনা রুখতে কৌঁশলে এগোনোর পথ বেছে নিতে চান ইমরান খান। দেশের মানুষকে করোনা নিয়ে সচেতন করায় জোর দিয়েছেন তিনি। সেই সঙ্গে তাঁর দাওয়াই, সংক্রমণের হাত থেকে বাঁচতে আদর্শ আচরণবিধি (স্য়ান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি) মেনে চলতে হবে মানুষজনকে।

শনিবার এ নিয়ে একাধিক টুইট করেছেন ইমরান। তার একটি টুইটে তিনি লিখেছেন, ‘গোটা বিশ্বই স্মার্ট লকডাউনের পথ খুঁজে নিয়েছে। যাতে রয়েছে এসওপি মেনে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া।’

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পাকিস্তানে স্মার্ট লকডাউন প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন ইমরান খান। তাঁর কথায়, ‘এ ধরনের পথ বেছে নেওয়ার ক্ষেত্রে আমরাই অন্যতম। আমি সমস্ত নাগরিক সমাজ, মিডিয়া, উলামা এবং আমাদের টাইগার ফোর্সকে অনুরোধ করব যাতে কভিড-১৯ নিয়ে জনমানসে সচেতনতার প্রসার করে। এবং যথাযথ ভাবে এসওপি মেনে চলার প্রয়োজনীয়তার কথা বলে।’

পাকিস্তান জুড়ে কভিড-১৯ পজিটিভের মোট সংখ্যা ৯৮ হাজার ৯৪৩। সে দেশে মৃত্যু হয়েছে ২ হাজারেরও বেশি। সেই সঙ্গে আশঙ্কা বাড়িয়েছে প্রতি দিনে সংক্রমিতের সংখ্যাও। পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য পরিষেবা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সে দেশে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৬০ জন।

সূত্র- দ্য ডন।