Home Blog Page 2899

লকডাউন উঠে গেলেও ইতালিতে জমে উঠেনি ব্যবসা-বাণিজ্য

0

দীর্ঘ প্রায় তিন মাস পর লকডাউন তুলে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, আদালত, কলকারখানা ও পরিবহন চালু করে দেওয়া হলেও জমে উঠেনি ব্যবসা-বাণিজ্য। এ অবস্থায় ইতালিতে প্রায় ৮০ ভাগ প্রবাসী কর্মহীন হয়ে আছে।

করোনাভাইরাসের কারণে ইতালিতে প্রায় তিন মাস লকডাউন থাকার পর পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় গত ৩ জুন হতে লকডাউন উঠিয়ে নিয়ে সমস্ত ব্যাবসা-বাণিজ্য, অফিস, আদালত, কলকারখানা ও পরিবহন স্বাভাবিক নিয়মেই খুলে দেওয়া হয়েছে ইতালিতে। কিন্তু রাস্তায়, বাস-ট্রেন ও সুপার মার্কেটগুলোতে আগের নিয়মেই যাতায়াত করতে হচ্ছে, দূরত্ব বজায় রেখে, মাক্স ও হ্যান্ডগ্লাভস পরিধান করে।

বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, রেস্তোরাঁ, বার ও মানি এক্সচেঞ্জগুলো খুললেও নেই তেমন কোনো ক্রেতা বা অর্থ প্রেরণকারী।

ইতালির পর্যটন নগরীগুলোতে পর্যটক না আশায় সেখানকার আবাসিক হোটেল, রেস্তোরাঁ, বার ও গিফট আইটেমের দোকানিরা পড়েছেন বিপাকে। অনেকেই তাদের ব্যবসা-প্রতিষ্ঠান খুলে আবার বন্ধ করে দিয়েছেন কোনো প্রকার বিক্রি না হওয়ায়। আবার কেউ কেউ খোলা রেখেছেন যদি কিছু বিক্রি করা যায়। এ অবস্থায় কাজ না থাকায় প্রায় ৮০ ভাগ প্রবাসী কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

পর্যটননির্ভর ইতালির ভেনিস কবে প্রাণ ফিরে পাবে, পর্যটকদের পদচারণায় কবে মুখরিত হবে সেই আশায় পথ চেয়ে আছে এখানকার ব্যবসায়ীরা। আর ইতালির রাজধানী রোমের কোলচ্ছিয়াম, মিলান শহরের দোমো ও ভেনিসের পিয়াচ্ছা সান মার্কো চত্বরসহ বিভিন্ন স্থানে বিদেশি পর্যটন না থাকলেও দীর্ঘ লকডাউনে থাকা ঘরবন্দি মানুষগুলোকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তবে স্থানীয়দের একটাই চাওয়া সব কিছু কাটিয়ে উঠে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে ইতালির পর্যটন শহরগুলো ও ব্যবসা-প্রতিষ্ঠান।

ইতালিতে পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলেও ইতালির বাইরে অন্য কোনো দেশের পর্যটকদের দেখা মিলছে না। বিভিন্ন ট্যুরিজম কম্পানির লোকজন স্টেশনের বাইরে প্লেকার্ড হাতে দাঁড়িয়ে থেকেও পাচ্ছে না কোনো পর্যটক।

এদিকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য প্রতিটি স্টেশনে দাঁড়ানোর জন্যও বাস, ট্রেনে দূরত্ব বজায় রেখে বসার জন্য চিহ্ন একে দেওয়া হয়েছে। যা মেনেই সবাই যাতায়াত করছেন।

৪০ মিনিটে করোনা শনাক্ত ঢাবির আরটি-ল্যাম্প টেস্ট কিটে

0

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সার্স কোভ-২ আরএনএ ভাইরাস সফলভাবে শনাক্ত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনাভাইরাসের স্যাম্পল পরীক্ষা করে সার্স কোভ-২ আরএনএ ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। শনাক্তকরণে তারা র‌্যাপিড কলোরোমেট্রিক টেস্টের প্রক্রিয়া অনুসরণ করেছেন, যেটি আরটি-ল্যাম্প টেস্ট কিট নামে বহুল প্রচলিত।

শনাক্তকরণ প্রক্রিয়াটি একটি সাধারন ইনকিউবেটর বা তাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করে মাত্র ৩০-৪০ মিনিটে সম্পন্ন করা সম্ভব হয়েছে। পরীক্ষায় করোনা পজিটিভ স্যাম্পলের ক্ষেত্রে হলুদ এবং নেগেটিভ স্যাম্পলের ক্ষেত্রে গোলাপি রঙ প্রদর্শন করে।

এই আরটি ল্যাম্প টেস্ট পরীক্ষা পদ্ধতি কভিড-১৯ রোগীদের দ্রুত শনাক্তকরণ এবং তাদের দ্রুত পৃথকীকরণ করতে সাহায্য করে। এটি অত্যন্ত সহজ একটি ডায়াগনসিস পদ্ধতি যা দেশের প্রবেশ পথগুলোতে এবং উপজেলা পর্যায়ে খুব সহজেই প্রতিষ্ঠিত করা সম্ভব।

ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং ‘বায়োটেক কনসার্ন যৌথভাবে বিএসএমএমইউ তে এই পরীক্ষাটির কার্যকারিতা পরীক্ষার জন্য আবেদন করেছে। পরবর্তীতে ড্রাগ এডমিনিস্ট্রেশন বোর্ডে অনুমতির জন্য আবেদন করা হবে।

প্রসঙ্গত, এই কিটটি আমেরিকান মলিকিউলার বায়োলজি রিএজেন্ট এবং কিট উৎপাদনকারী প্রতিষ্ঠান নিউ ইংল্যান্ড বায়োল্যাবস দ্বারা উৎপাদিত এবং বাংলাদেশে ‘বায়োটেক কনসার্ন’ এর একমাত্র পরিবেশক।

আল্লামা আহমদ শফী আইসিইউতে

0

হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী আল-জামিয়াতুল দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

আজ রবিবার (৭ জুন) রাত সাড়েটার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

হেফাজত ইসলামের নেতা ও আল্লামা শাহ আহমদ শফির ছেলে মাওলানা আনাস মাদানী গণমাধ্যমকে বলেন, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার থেকে তিনি অসুস্থতাবোধ করছিলেন।

১০৩ বছরের বেশি বয়সী আল্লামা শাহ আহমদ শফী এর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যায় ভুগছেন।

যুক্তরাষ্ট্র থেকে ফিরলেন ১২৯ বাংলাদেশি

0

করোনাভাইরাসে কারণে লকডাউনে আটকে পড়া ১২৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। আজ রবিবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করেছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ উল আহসান।

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়, নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা এবং কনস্যুলেটের কর্মকর্তারা বিমানবন্দরে তাদের বিদায় জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতার এয়ারওয়েজের বিমানটি (কিউ আর ৩৪৫৮) স্থানীয় সময় শনিবার সকাল ৯টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। দোহা বিমান বন্দরে প্রায় ৪ ঘণ্টা যাত্রা বিরতি করে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী, উচ্চতর ডিগ্রি নিতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষক, দর্শনার্থী, পেশাজীবী ও ব্যবসায়ী রয়েছেন এই যাত্রীদের মধ্যে।

জানা গেছে, এর আগে গত ১৫ মে যুক্তরাষ্ট্রে আটকে থাকা ২৪২ বাংলাদেশিকে নিয়ে কাতার এয়ারওয়েজের প্রথম বিশেষ ফ্লাইট ওয়াশিংটন থেকে ঢাকা পৌঁছায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করলেও টিকিটের দাম যাত্রীরা পরিশোধ করেছেন। যারা ফিরছেন, তাদের চিকিৎসকের ছাড়পত্র (করোনা-নেগেটিভ) নিয়ে ঢাকা এসেছেন বলে বিমানবন্দর সূত্র জানায়।

ঢামেকে ২৪ ঘণ্টায় করোনা ও উপর্সগ নিয়ে ১৮ জনের মৃত্যু

0

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনায় ও করোনা উপর্সগ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল থেকে আজ রবিবার বিকেল এদের মৃত্যু হয়। যাদের মধ্যে ৪ জন করোনা পজিটিভ পাওয়া গেছে।

হাসপাতাল সূত্র জানায়, নারায়ণগঞ্জের শরিফ (১১), রাজধানীর মো. আমানত (৭০), সুজন কুমার (৫০) ও গাজীপুরের আবুল কাশেম (৪৫) করোনা পজিটিভ পাওয়া গেছে। এ ছাড়া নারায়ণগঞ্জের মিসির আলী (৬৫), সাতক্ষীরার আবুল কাশেম (৫৬), ডেমরার নুরুল আমিন (৫৭), মিজানুর রহমান (৪৩), রাজধানীর সঞ্জিব (৩৫), ময়মনসিংহের ফখরুল (৪৭), রাজধানীর শাহানারা (৫৮), রুমা (৩০), মুন্সীগঞ্জের শিখা ঘোষ (৪১), আব্দুর রব (৫৯), মোস্তফা কামাল (৯৮), রাজধানীর কদমতলীর হাজী আহম্মেদ উল্লাহ (৭৫), বংশালের আব্দুস সালাম (৭০) ও শাহানা (৬৮)।

৬ দফা দাবি বাঁচার অধিকার হিসেবে লুফে নিয়েছিল মানুষ : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর দেয়া ৬ দফা দাবি এমনভাবে বাঙালি লুফে নিয়েছিল যে পৃথিবীতে এর আর কোনো নজির দেখা যায়নি। সব বাঙালি এটাকে তাদের বাঁচার অধিকার হিসেবে নিয়েছিল।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উত্থাপনের পর এদেশের মানুষের জেগে ওঠে। ৬ দফা প্রচার করার জন্য ৩৫ দিনের মধ্যে তিনি ৩২টি জনসভা করেছিলেন বঙ্গবন্ধু । জনগণকে এই ৬ দফার সঙ্গে সম্পৃক্ত করতে পেরেছিলেন তিনি।
আজ রোববার (৭ জুন) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজিত অনলাইন আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘ছয় দফা কেন দেয়া হয়েছিল? আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য এই দাবি উথাপন করেছিলেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ছয় দফা দাবিটা জনগণ এমনভাবে লুফে নিয়েছিল, আমি জানি না পৃথিবীর কোনো দেশে কোনো দাবি এত দ্রুত এত বেশি জনপ্রিয়তা পেয়েছে কি না। কারণ বাংলার মানুষ এটা নিয়েছিল তাদের বাঁচার অধিকার হিসেবে। এটা মূলতই তাই ছিল। তার কারণ আমরা বাঙালিরা পাকিস্তান নাম দেশ হওয়ার পর আমরা দেখেছি বাঙালিদের অধিকার কেড়ে নেয়ার যে চেষ্টা।’
ছয় দফা দাবির পটভূমি তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, ‘এর একটা পটভূমি আছে। ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধ হয়। আমরা পূর্ববঙ্গ অর্থাৎ তদানিন্তন পূর্ববঙ্গ সম্পূর্ণ অরক্ষিত। একটা প্রদেশ পাকিস্তানের তাকে রক্ষার করার কোনো ব্যবস্থাই পাকিস্তানি শাসকরা নেয়নি। সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় যেন মনে হলো ভারতের দয়ার ওপর আমরা পড়ে আছি। এই যুদ্ধের পর একটি গোলটেবিল বৈঠক ডাকা হয় লাহরে। সর্বদলীয় বিরোধী দল এই গোলটেবিল বৈঠক ডাকে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সেই গোলটেবিল বৈঠকে জাতির পিতা আওয়ামী লীগের প্রতিনিধি তাদের সঙ্গে নিয়ে সেখানে যান। সেখানে তিনি এই ছয় দফা দাবি উত্থাপন করেন। যে দাবির মূল বক্তব্য ছিল যে প্রদেশ হিসেবে এই দেশের, আমাদের দেশের মানুষকে সুরক্ষিত করা। অর্থনৈতিকভাবে সাবলম্বি করা। এই অঞ্চলের আর্ত-সামাজিক উন্নতি করা এবং প্রতিরক্ষার দিক থেকে এই অঞ্চলকে সুরক্ষিত করা। সেই সাথে সাথে বাঙালির যে অস্তিত্বের দাবি সে দাবিটা তুলে ধরা।’
শেখ হাসিনা বলেন, ‘পাকিস্তান ভারত তাসখন্দ চুক্তি করলো সেখানেও আমাদের পূর্ববঙ্গ ছিল সম্পূর্ণ উপেক্ষিত। তারপর ছয় দফা যখন দেয়া হলো তখন এদেশের মানুষ জেগে উঠলো। এটাই ছিল সবচেয়ে বড় বিষয়।’
‘এদেশের মানুষ এত দ্রুত ছয় দফাকে শুধু সমর্থনই করেনি তারা স্বায়ত্বশাসনের দাবিকে নিজের দাবি হিসেবে গ্রহণ করলো। বাংলার মানুষের মুক্তির দাবি হিসেবে এই ছয় দফা দাবি উদ্ভাসিত হলো।’
সরকারপ্রধান বলেন, ‘এটা যে পাকিস্তানের প্রতিটি প্রদেশের স্বায়ত্বশাসনের দাবি ছিল সে বিষয়টি স্পষ্ট করে তুলে ধরেন। এটা শুধু আমাদের না, প্রতিটি প্রদেশই এই সুবিধা পাবে।’
ছয় দফা দাবি আদায়ের আন্দোলন দমনে তৎকালীন পাকিস্তান সরকারের নির্যাতনের কথা তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘পাকিস্তানি শাসকরা থেমে থাকেনি। যখনই প্রতিবাদ হয়েছে অগণিত নেতা-কর্মী, সাধারণ মানুষকে গ্রেপ্তার করেছে, অত্যাচার করেছে। কারাগারের রোজনামচা বইটা পড়লে দেখবেন সেখানে কীভাবে অত্যাচার নির্যাতন চলেছিল।’
দমন-নিপীড়নে ছয় দফা দাবি আরও জোরালো হওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এই আন্দোলন সংগ্রামের পথ ধরে যখন বাংলাদেশের মানুষ এগিয়ে যাচ্ছে তখন আওয়ামী লীগে যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পাচ্ছেন তাকেই গ্রেপ্তার করা হচ্ছে। এভাবে অত্যাচার নির্যাতন চলেছে। কিন্তু সাথে সাথে বাংলাদেশের মানুষ আরও বেশি সচেতন হচ্ছে, আরও বেশি সুসংগঠিত হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে। অবশ্যই কিছু দালাল ছাড়া। সব সময় কিছু দালাল থাকে এটাই সমস্যা।’
‘এই দাবি যখন সেই সভায় তুলে ধরতে যান তখনও অনেকেই বাধা দেয়। দুঃখজনক হলো আমাদের বাংলাদেশের একজন নেতা অন্য দলের বাধা দিয়েছিল।’
প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৬৮ সালে ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হলো এবং তার বিরুদ্ধে একটি মামলা দেয়া হলো আগরতলা ষড়যন্ত্র মামলা নামে এই মামলা পরিচিতি পেয়েছিল। আসলে মামলাটা ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিব। সেখানে বঙ্গবন্ধুকে এক নম্বর আসামি করে এবং সামরিক-বেসামরিক ৩৪ জনকে মামলার আসামি করা হয়। … এই মামলা যখন শুরু হলো দেশের মানুষ আবার বিক্ষোভে ফেটে পড়লো। এক পর্যায়ে আইয়ুব খান মামলা প্রত্যাহার করে সবাইকে মুক্তি দিতে বাধ্য হয়। শেখ মুজিব মুক্তি পেয়ে জনতার কাছে ফিরে এলেন।’
ছয় দফা দাবি আদায়ের আন্দোলনের পথ ধরে বাংলাদেশ স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ছয় দফার ভিত্তিতে ৭০ এর নির্বাচন। যে নির্বাচনে সমগ্র পাকিস্তানে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যা ঘরিষ্ঠতা পায়। ছয় দফা এবং ৭ জুন এটা আমাদের, এই যে স্বাধীনতা আমরা অর্জন করেছি এর জন্য এই দিবসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
‘কারণ আমরা দেখেছি ১৯৫২ সালে রক্ত দিয়ে আমাদের রক্তের অক্ষরে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে হয়েছে। আবার আমাদের স্বায়ত্বশাসনের আন্দোলন সেখানেও রক্ত দিয়ে লিখে যেতে হয়েছে আমরা আমাদের স্বাধিকার চাই।’
পাকিস্তানিদের শোষণ-বঞ্চনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিকভাবে এই অঞ্চল থেকে সমস্ত অর্থ উপার্জন হতো কিন্তু তার সিংহভাগ ব্যয় হতো ওই পশ্চিম পাকিস্তানে। … তাদের উন্নতি হচ্ছে অথচ আমরা অবহেলিত বঞ্চিত। এই বঞ্চনার কথা তিনি বার বার তুলে ধরেছেন।’
ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রামে শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘বাংলা ভাষায় কথা বলার অধিকারটা কেড়ে নেয়া হয়েছিল। ১৯৪৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখনই তিনি উদ্যোগ নিলেন এবং বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার আন্দোলন তিনি শুরু করলেন। সেই আন্দোলনের পথ ধরে বার বার দেখেছি আমাদের সাংস্কৃতিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। প্রতিবাদে তিনি (বঙ্গবন্ধু) সব সময় সংগ্রাম করেছেন।’
অনলাইনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। সঞ্চালনা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতেই মুজিববর্ষের থিম সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর বঙ্গবন্ধুর ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সুপেয় পানির আওতায় আসছে ঢাকার ৪০ লাখ মানুষ : এলজিআরডি মন্ত্রী

0

ঢাকা ওয়াসার পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার প্লান্ট থেকে ঢাকা শহরের ৪০ লাখ নগরবাসী সুপেয় পানি পেতে যাচ্ছে।
ঢাকা শহরের ক্রমবর্ধমান খাবার পানির চাহিদা মেটানোর জন্য পদ্মা নদীর উৎস হতে পানি সরবরাহের লক্ষ্যে পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার নির্মাণ প্রকল্প (ফেজ-১) এর আওতায় ‘মেইন লাইন নির্মাণ ও শক্তিশালীকরণ’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করে ঢাকা ওয়াসা। এই প্রকল্পে অর্থায়নের জন্য ঢাকা ওয়াসা বিনিয়োগের জন্য বিদেশি উন্নয়ন সহযোগীর অপেক্ষায় ছিল।
আজ রবিবার স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের সাথে ডেনমার্ক সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল হেমনিটি উইনথার ডেনমার্ক থেকে এক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ প্রকল্পে অর্থায়নে ড্যানিশ সরকারের সম্মতির কথা জানান।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা শহরে পুরান ঢাকা, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় সুপেয় পানির বর্ধিত চাহিদা পূরণ করতে পারবে। সরবরাহ করা সম্ভব হবে।
এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এই প্লান্টটিতে দৈনিক ৪৫০ মিলিয়ন লিটার পানি পরিশোধন করার সক্ষমতা রয়েছে। পুরোনো ডিস্ট্রিবিউশন লাইন সংস্কার এবং নতুন লাইন স্থাপনের মাধ্যমে নগরবাসীর বর্ধিত চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করা সম্ভব হবে।
এই প্রকল্পটিকে লাভজনক উল্লেখ করে মো. তাজুল ইসলাম বলেন, ডেনিশ সরকারের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে যেমন ঢাকাবাসী সুপেয় পানি পাবে অন্যদিকে ইনকাম জেনারেটর হবে।
পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার থেকে ঢাকায় পানি সরবরাহের জন্য ডিস্ট্রিবিউশন লাইনের দৈর্ঘ্য হবে প্রায় ১৪১ কি.মি.। এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৩৩ কোটি টাকা।
এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা দ্রুততম সময়ে নিয়ন্ত্রণ করতে রাজধানীতে মিনি ফায়ার স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটি স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ডেনমার্ক সরকার মিনি ফায়ার স্টেশন নির্মাণে সাহায্য করার আগ্রহ প্রকাশ করায় রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান তিনি। ভিডিও কনফারেন্সে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম অংশ নেন।
এর আগে তিনি ডেনমার্কে করোনা পরিস্থিতির খোঁজ-খবর নেন এবং বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেন।

গভীর কোমায় মোহাম্মদ নাসিম

0

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের অবস্থা এখনও সংকটাপন্ন। তিনি ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন। এ পর্যবেক্ষণ সোমবার (৮ জুন) দুপুরে শেষ হবে।

শুক্রবার ভোরে করোনা ভাইরাস আক্রান্ত অবস্থায় স্ট্রোক করেন মোহাম্মদ নাসিম। পরে জরুরিভাবে তার অপারেশন করা হয়।

অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে থাকা নাসিমের শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া। তিনি জানান, উনি ডিপলি কোমায় (গভীর কোমায়) আছেন। ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না।

এর আগে ১ জুন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম।

জাতির মনন তৈরিতেই ৬ দফা ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু: তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘স্বাধীনতার জন্য জাতির মনন তৈরির লক্ষ্যেই ৬ দফা ঘোষণা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
আজ রোববার ৬ দফা দিবস উপলক্ষে সকালে রাজধানীতে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে দিবসটি উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আজ ঐতিহাসিক ৬ দফা দিবস। ১৯৬৬ সালের এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৬ দফা প্রস্তাব পেশ করেছিলেন। প্রকৃতপক্ষে যার লক্ষ্য ছিল ধাপে ধাপে যাতে জাতি স্বাধীনতার দিকে যায়, সেজন্য জাতির মনন তৈরি করা।’
‘এই ৬ দফার পক্ষে বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব বাংলার মানুষ অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন এবং ৬ দফার ভিত্তিতেই ১৯৭০ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল’ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘এদেশের মানুষের নিরঙ্কুশ সমর্থনে জাতির পিতা বঙ্গবন্ধু পাকিস্তানের জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভ করেছিলেন। কয়েকটি বাদে পূর্ব বাংলার প্রায় সব ক’টি আসনেই তিনি জয়লাভ করেন।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৩তম জন্মদিনে ১৯৭২ সালে পত্রিকায় প্রকাশিত প্রখ্যাত রাজনীতিক কমরেড মনি সিংহ’র বক্তব্য উদ্ধৃত করে ড. হাছান মাহমুদ বলেন, ‘১৯৫১ সালেই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার পরিকল্পনা করেছিলেন। সেসময়ই বঙ্গবন্ধু তাঁর চিঠিতে মনি সিংহকে লিখেছিলেন যে, তিনি স্বাধীনতার পরিকল্পনা করছেন। এতে তার সমর্থন আছে কি না, তাও জানতে চেয়েছিলেন।’
ইতিহাসের দিকে তাকিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বহু আগে, পাকিস্তান সৃষ্টির পর থেকেই বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন যে, আসলে এই পাকিস্তানের মধ্যে বাঙালিদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। বাঙালিরা সবসময় নিষ্পেষিত হবে, নির্যাতিত হবে। সেজন্য বহু আগেই তিনি স্বাধীনতার পরিকল্পনা করেছিলেন। নানা আন্দোলন, সংগ্রাম পরিকল্পনার ধারাবাহিকতায় ১৯৬৬ সালে ৬ দফা ঘোষণা করেছিলেন জাতির মনন তৈরি করার লক্ষ্যে, স্বাধীনতা অর্জনের লক্ষ্যে।’
একইসাথে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসময় আক্ষেপ করে বলেন, ‘তবে স্বাধীনতার প্রায় ৫০ বছর পরও এটি দুঃখজনক যে, রাজনৈতিক দল বিএনপি এখনো স্বাধীনতাবিরোধীদের পৃষ্ঠপোষকতা করে, তাদের দলের মধ্যেও বহু স্বাধীনতাবিরোধী আছে এবং এখনো স্বাধীনতার পক্ষ-বিপক্ষের শক্তি নিয়ে আমাদের কথা বলতে হয়। স্বাধীনতার প্রায় ৫০ বছর পর এটি অত্যন্ত দুঃখজনক।’

করোনাভাইরাস: স্কয়ার হাসপাতালের আইসিইউ প্রধান মারা গেছেন

0

করোনাভাইরাস (কোভিড-১৯) এর সঙ্গে প্রায় একমাস লড়াই করে শেষ পর্যন্ত মারা গেলেন স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. মির্জা নাজিম উদ্দিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রবিবার বিকেলে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্কয়ার হাসপাতালে কর্মরত তার স্ত্রী গাইনী চিকিৎসক ডা. খালেদা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান: ডা. মির্জা একমাস আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে আইসিইতে চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।