Home Blog Page 2900

সিআরপিকে ১০ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রকে (সিআরপি) ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিআরপিকে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন, যাতে এটি ভালোভাবে পরিচালিত হতে পারে এবং জনগণকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাসহ অন্যান্য সেবা প্রদান করতে পারে।

পক্ষাঘাতগ্রস্ত মানুষের চিকিৎসা, সহযোগিতা এবং পুনর্বাসনের জন্য দেশে ১৯৭৯ সালে সিআরপি’র যাত্রা হয়।

ঢাকায় আনা হয়েছে কামরানকে : সিএমএইচে ভর্তি

0

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হচ্ছে। রোববার বিকেলে তার চিকিৎসক দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে বদর উদ্দিন আহমদ কামরানের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়।

এরপর তিনি সিলেট নগরীর ছড়ারপারের নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নেন। তবে এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শনিবার দুপুরে শহরের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।

ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক সুশান্ত কুমার মহাপাত্র দেশ রূপান্তরকে বলেন, বদরুদ্দিন আহমদ কামরানকে শনিবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়। তার ডায়াবেটিসের সমস্যা আছে। এ ছাড়া আরো কিছু জটিলতা আছে। তার রক্তচাপ স্বাভাবিক হচ্ছে না। উন্নত চিকিৎসার জন্য তাকে রোববার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার সিএমএইচে পাঠানো হয়।

বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানও দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন। তবে বর্তমানে তিনি সুস্থতার পথে।

বদর উদ্দিন আহমদ কামরান সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি দলের কেন্দ্রীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে সিলেট সিটি মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন বদর উদ্দিন আহমদ কামরান। করোনার সংকটের মধ্যে তিনি ব্যাপক ত্রাণ কার্যক্রমে অংশ নেন বলে দলীয় ও পারিবারিক সূত্র জানায়।

সন্ধ্যার পর লকডাউন হচ্ছে রাজধানীর তেজগাঁওয়ের ২ এলাকা

0

আজ রবিবার সন্ধ্যার পরে রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া ও আরজত পাড়া থেকে লকডাউন করা হচ্ছে। তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক মো. ইয়াসিন জানান, তেজগাঁওয়ের এই দুটি এলাকায় করোনা রোগী বেশি থাকায় সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে লকডাউন করার ব্যাপারে পুলিশকে চিঠি দিয়ে জানানো হয়েছে। সন্ধ্যার পর এলাকাদুটি লকডাউন করা হবে।

এদিকে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, রাজধানীর তেজগাঁও এলাকায় গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানাতেই ২৩ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এ ছাড়া তেজগাঁও এলাকায় মোট আক্রান্ত আড়াইশ’ ছাড়িয়েছে।

লকডাউন কার্যকর হলে অতি জরুরি প্রয়োজন ছাড়া এই এলাকার কেউ বাইরে বেড় হতে পারবেন না এবং বাইরে থেকে কাউকে ওই এলাকায় যেতেও দেওয়া হবে না।

পুলিশের ৬২০৬ সদস্য করোনায় আক্রান্ত, মৃত্যু ১৭

0

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ পুলিশের আরও ২০৭ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে বাহিনীটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ২০৬ জনে।

সর্বশেষ তথ্যানুযায়ী, দেশজুড়ে পুলিশ সদস্যের ৬ হাজার ২০৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর আক্রান্তদের মধ্যে ২ হাজার ৭৬৭ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পুলিশে একক ইউনিটের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সর্বোচ্চ ১৮২৮ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত পুলিশে কর্মরত মোট ১৭ জন সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন ২ হাজার ৭ সদস্য। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে রয়েছেন আরও ৬ হাজার ৪৫১ পুলিশ সদস্য।

পুলিশ সদর দপ্তর জানায়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশে অসুস্থ পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য গঠন করা হয়েছে ‘বিশেষ টিম’।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

চিকিৎসক, পুলিশ সদস্য, সশস্ত্র বাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং অন্যান্য সংস্থার সদস্যরা করোনাভাইরাসের সম্মুখ যোদ্ধা সারা দেশে দায়িত্ব পালনের সময় আক্রান্ত হচ্ছে। তারা ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে যৌথভাবে কাজ করছে।

এদিকে করোনাভাইরাস মহামারিতে রোববার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ৭৬৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৮৮ জনে।

করোনায় আরও ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৪৩

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৮৮৮ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৭৪৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫ হাজার ৭৬৯।
আজ রোববার (৭ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি ৫২টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১২ হাজার ৮৪২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৩ হাজার ১৩৬টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো তিন লাখ ৯৭ হাজার ৯৮৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৭৪৩ জনের দেহে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ৭৬৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪২ জন, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মৃত্যু হলো ৮৮৮ জনের। নিহতদের মধ্যে ৩৫ জন পুরুষ, সাতজন নারী।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৩ হাজার ৯০৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.১৪ শতাংশ।
নিহতদের মধ্যে ২৭ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের আটজন, সিলেটের দুইজন, রাজশাহী বিভাগের দুইজন, খুলনা বিভাগের দুই জন এবং ময়মনসিংহ বিভাগের একজন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাতজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে নয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়েছে। হাসপাতালে মারা যান ৩০ জন এবং বাসায় ১২ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৪৬৭ জনকে। বর্তমানে আইসোলেশনে আছে ৭ হাজার ৩৯৯ জন।

বরাবরের মতোই করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান ডা. নাসিমা।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম করোনা আক্রান্ত

0

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সারোয়ার আলম তার ফেইসবুকে এক পোস্টের মাধ্যমে এর সত্যতা নিশ্চিত করেন।
সারোয়ার আলম বলেন, শনিবার তার নমুনায় পরীক্ষায় করোনা পজেটিভ আসে। এছাড়া তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানান।
এছাড়া ফেইসবুক স্ট্যাটাসে সবার কাছে দোয়াও চান সারোয়ার আলম।

করোনা আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুর ঢাকা সিএমএইচে

0

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে বান্দরবান থেকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে।
আজ রবিবার (৭ জুন) বেলা সোয়া ১১টার দিকে বান্দরবান ক্যান্টনমেন্ট থেকে মন্ত্রীকে নিয়ে বিমান বাহিনীর হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। দুপুর পৌনে ১টায় হেলিকপ্টারটি ঢাকায় অবতরণ করে।
এর আগে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সহকারী একান্ত সচিব (এপিএস) সাদেক হোসেন চৌধুরী বলেন, মন্ত্রীর শারীরিক অবস্থা মোটামুটি ভালো। আগে থেকেই শ্বাসকষ্ট ছিল তার। তবে এখন শ্বাসকষ্ট আরও বেড়েছে। নেবুলাইজার মেশিনে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন তিনি। তার জ্বর ছিল না। আগে থেকেই একটু কাশি ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ার মতো কিছুই নেই। উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে নেয়া হয়েছে।
সাদেক হোসেন চৌধুরী বলেন, অসুস্থবোধ করলে মন্ত্রীর নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠান চিকিৎসকরা। শনিবার (৬ জুন) কক্সবাজার ল্যাবের পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। বেশ কিছু দিন ধরে মন্ত্রী নির্বাচনী এলাকায় করোনাকালীন ত্রাণ বিতরণ ও এ সংক্রান্ত কার্যক্রম তদারকি করছিলেন। এ সময়ে তিনি আক্রান্ত হয়েছেন।
টানা ছয়বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বীর বাহাদুর উশৈসিং। ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় ১৯৮৯ সালে স্থানীয় সরকার পরিষদের সদস্য নির্বাচিত হন বীর বাহাদুর। ১৯৯১ সালে বান্দরবান (৩০০ নম্বর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এর পর ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে জয়ের ধারাবাহিকতা ধরে রাখেন তিনি। চলতি মেয়াদে প্রতিমন্ত্রী থেকে তাকে পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।

সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক কাল

0

আসন্ন জাতীয় বাজেট অধিবেশন উপলক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠক ও সংসদ সচিবালয় কমিশনের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল সোমবার (৮ জুন)।
এদিন জাতীয় সংসদ সচিবালয়ে দুপুর ১২টায় মন্ত্রিসভার বিশষে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) সচিব মো. আব্দুল বারিক রবিবার (৭ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বর্তমান মন্ত্রিসভায় ৪৭ সদস্যের মধ্যে গুরুত্বপূর্ণ ১১ মন্ত্রীকে এ বিশেষ বৈঠকে ডাকা হয়েছে। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিবসহ ১০ জন সিনিয়র সচিব/সচিব উপস্থিত থাকবেন। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়।

দেশে করোনা ভাইরাস মহামারির কারণে বাজেট অধিবেশনও সীমিত পরিসরে হচ্ছে আগামী ১১ জুন। এ জন্য মন্ত্রিসভার বৈঠকেও সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়নি।

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘ এক মাস বিরতি দিয়ে সীমিত পরিসরে মন্ত্রিসভার সর্বশেষ নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয় গত ৭ মে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট মাত্র তিনজন মন্ত্রী অংশ নেন।

মশক নিধনে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে : মেয়র তাপস

0

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নগরবাসীকে গত বছরের মতো যেন মশার অত্যচার সহ্য করতে না হয়, সে লক্ষ্যে মশক নিধনে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।
আজ রবিবার (৬ জুন) মশক নিধনে ডিএসসিসির বছরব্যাপী কার্যক্রমের উদ্বোধনকালে মেয়র এ কথা বলেন।
নগরীর ২৩ নম্বর ওয়ার্ডসহ লালবাগ নবাবগঞ্জ পার্কে এ মশকমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
মেয়র শেখ তাপস বলেন, ‘পূর্বের মশক নিধনের লক্ষ্যে গতানুগতিক কার্যক্রম ওপর থেকে নিচ পর্যন্ত ঢেলে সাজানো হয়েছে। নতুনভাবে গৃহীত এ কর্মপরিকল্পনা বাস্তবায়ন আজ থেকে শুরু হলো। এটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে চলবে।’
প্রতি ওয়ার্ডে ৮ জন মশককর্মী সকাল ৯টা হতে শুরু করে দুপুর ১টা পর্যন্ত লার্ভিসাইডিং করবে। অন্যদিকে ওয়ার্ড প্রতি ১০ জন মশক ক্রু দুপুর আড়াইটা থেকে শুরু করে বিকেল সাড়ে ৬টা পর্যন্ত ফগিং কার্যক্রম চালাবে। ওয়ার্ড কাউন্সিলররা সরাসরি এসব কাজের সাথে সম্পৃক্ত থাকবেন। এ কার্যক্রম যথাযথভাবে চললে আশা করছি আগামী বছর থেকে মশার প্রজনন ব্যাপকভাবে হ্রাস পাবে।
তিনি বলেন, ‘নগরবাসী ডেঙ্গু/চিকুনগুনিয়ায় আক্রান্ত হোক তা আমরা চাই না। এ কারণেই করোনার এ মহামারীর মধ্যেও মশক নিধন কার্যক্রম বেগবান করা হয়েছে এবং ২৪ ঘন্টা একাজ চলবে।’
তিনি বলেন, ১৪ জুন থেকে জলাশয় এবং নর্দমা পরিস্কার করার কাজ শুরু হবে। জলাশয়গুলোতে তেলাপিয়া মাছ চাষের পাশাপাশি পাতি হাঁস পালন করার উদ্যোগ নেয়া হবে যাতে জলাশয়গুলো সচল থাকে এবং মশার লার্ভা থাকতে না পারে।
করোনা বিস্তাররোধে লকডাউন বজায় রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করা হবে বলে উল্লেখ করে মেয়র নগরবাসীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রেখে নিজে সুস্থ থাকা এবং অন্যদের সুস্থ রাখতে সহায়তাদানে এগিয়ে আসার আহবান জানান।
তিনি বলেন, মশক নিধন কার্যক্রমের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা-ঘাট নর্দমা সংস্কার, ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, যানজট নিরসন ইত্যাদি বিষয়েও গুরুত্ব দিয়ে কার্যক্রম নেয়া হচ্ছে।
উন্নত ঢাকা গড়ে তোলার লক্ষ্যে বিশিষ্ট নগর পরিকল্পনাবিদসহ বিশেষজ্ঞসহদের পরামর্শ অনুযায়ী দীর্ঘ পরিকল্পনা প্রণয়ন করে তার বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে বলেও মেয়র শেখ তাপস উল্লেখ করেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মকবুল হোসেনসহ পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলরগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাঙালির মুক্তির সনদ ৬-দফা

0

৭ই জুন ৬-দফা দিবস হিসেবে আমরা পালন করি। ২০২০ সাল বাঙালির জীবনে এক অনন্য বছর হিসেবে আবির্ভূত হয়েছে। আমাদের অর্থাৎ বাংলাদেশের জনগণের জন্য এ বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী প্রবাসী বাঙালিরাও প্রস্তুতি নিয়েছিলেন। ইউনেস্কো এ দিবসটি উদ্যাপনের সিদ্ধান্ত নেয় এবং জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলিও প্রস্তুতি নিয়েছিল। জাতিসংঘ ইতোমধ্যে একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেছে।
যখন এমন ব্যাপক আয়োজন চলছে, তখনই বিশ্বব্যাপী এক মহামারি দেখা দিল। করোনা ভাইরাস বা কোভিড-১৯ নামক এক সংক্রামক ব্যাধি বিশ্ববাসীকে এমনভাবে সংক্রমিত করছে যে, বিশ্বের প্রায় সব দেশই এর দ্বারা আক্রান্ত এবং অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক- সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বাংলাদেশও এ ভাইরাস থেকে মুক্ত নয়। এমতাবস্থায়, আমরা জনস্বার্থে সব কার্যক্রম বিশেষ করে যেখানে জনসমাগম হতে পারে, সে ধরনের কর্মসূচি বাতিল করে দিয়ে কেবল রেডিও, টেলিভিশন বা ডিজিটাল মাধ্যমে কর্মসূচি পালন করছি।
১৯৬৬ সালে বাঙালির মুক্তি সনদ ৬-দফা ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, শ্রদ্ধা জানাই আমার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুননেসাকে। ৭ই জুনের কর্মসূচি সফল করতে তিনি অনন্য ভূমিকা পালন করেছিলেন। স্মরণ করি, ১৯৭৫ সালের ১৫ই আগস্টে শাহাদাৎবরণকারী আমার পরিবারের সদস্যদের। শ্রদ্ধা জানাই জাতীয় ৪-নেতাকে এবং মহান মুক্তিযুদ্ধের সব শহীদ ও নির্যাতিত মা-বোনকে।
৬-দফা দাবির আত্মপ্রকাশ
১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি লাহোরে চৌধুরী মোহাম্মদ আলীর বাসভবনে কাউন্সিল মুসলিম লীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ আফজালের সভাপতিত্বে বিরোধীদলের সম্মেলন শুরু হয়। সাবজেক্ট কমিটির এই সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয়-দফা দাবি পেশ করেন। প্রস্তাব গৃহীত হয় না। পূর্ব বাংলার ফরিদ আহমদও প্রস্তাবের বিরোধিতা করেন।
৬ই ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের কয়েকটি পত্রিকা এ দাবি সম্পর্কে উল্লেখ করে বলে যে, পাকিস্তানের দুটি অংশ বিচ্ছিন্ন করার জন্যই ৬-দফা দাবি আনা হয়েছে। ১০ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব সাংবাদিক সম্মেলন করে এর জবাব দেন। ১১ই ফেব্রুয়ারি তিনি ঢাকায় ফিরে আসেন। বিমান বন্দরেই তিনি সাংবাদিকদের সামনে ৬-দফা সংক্ষিপ্তাকারে তুলে ধরেন।
৬-দফা দাবিতে পাকিস্তানের প্রত্যেক প্রদেশকে স্বায়ত্বশাসন দেওয়ার প্রস্তাব ছিল। কিন্তু পাকিস্তানের অন্যান্য রাজনৈতিক দল এ দাবি গ্রহণ বা আলোচনা করতেও রাজি হয়নি। বঙ্গবন্ধু ফিরে আসেন ঢাকায়। আওয়ামী লীগের কার্যকরী কমিটিতে ৬-দফা দাবি পাশ করা হয়। আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে এ দাবি গ্রহণ করা হয়। ব্যাপকভাবে এ দাবি প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত হয় দলের নেতৃবৃন্দ সমগ্র পূর্ব পাকিস্তান সফর করে জনগণের কাছে এ দাবি তুলে ধরবেন। ৬-দফা দাবির উপর বঙ্গবন্ধুর লেখা একটি পুস্তিকা দলের সাধারণ সম্পাদকের নামে প্রকাশ করা হয়। লিফলেট, প্যাম্ফলেট, পোস্টার ইত্যাদির মাধ্যমেও এ দাবিনামা জনগণের কাছে তুলে ধরা হয়।
কেন ৬-দফা দাবি
১৯৬৫ সালে পাকিস্তান ও ভারতের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সে যুদ্ধের সময় পূর্ববঙ্গ বা তদানীন্তন পূর্ব পাকিস্তানের জনগণ ছিল সম্পূর্ণ অরক্ষিত। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কাছে এ অঞ্চলের সুরক্ষার কোন গুরুত্বই ছিল না। ভারতের দয়ার উপর ছেড়ে দেওয়া হয়েছিল পূর্ব বাংলাকে। ভারত সে সময় যদি পূর্ববঙ্গে ব্যাপক আক্রমণ চালাত, তাহলে ১২শ মাইল দূর থেকে পাকিস্তান কোনভাবেই এ অঞ্চলকে রক্ষা করতে পারত না। অপরদিকে তখনকার যুদ্ধের চিত্র যদি পর্যালোচনা করি, তাহলে আমরা দেখি পাকিস্তানের লাহোর পর্যন্ত ভারত দখল করে নিত যদি না বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকেরা সাহসের সঙ্গে ভারতের সামরিক আক্রমণের মোকাবেলা করত।
পূর্ব পাকিস্তানে সেনা, নৌ ও বিমান বাহিনীর কোন শক্তিশালী ঘাঁটি কখনও গড়ে তোলা হয়নি। পাকিস্তান সেনাবাহিনীর ১৪ ডিভিশনের একটা হেড কোয়ার্টার ছিল খুবই দুর্বল অবস্থায়। আর সামরিক বাহিনীতে বাঙালির অস্তিত্ব ছিল খুবই সীমিত। ১৯৫৬ সালে দৈনিক ডন পত্রিকার এক প্রতিবেদনে বাঙালিদের অবস্থান তুলে ধরা হয়েছিল।
পদবী পশ্চিম পাকিস্তান পূর্ববঙ্গ
জেনারেল ৩ জন ০
মেজর জেনারেল ২০ জন ০
ব্রিগেডিয়ার ৩৪ জন ০
কর্নেল ৪৯ জন ১ জন
(বাংলা বলতেন না)
লে. কর্নেল ১৯৮ ২ জন
মেজর ৫৯০ জন ১০ জন
নৌ বাহিনী অফিসার ৫৯৩ জন ৭ জন
বিমান বাহিনী অফিসার ৬৪০ জন ৪০ জন
অর্থাৎ পাকিস্তান সামরিক বাহিনীতে সর্বোচ্চ পদে তা-ও লে. কর্নেল পদে মাত্র ২ জন বাঙালি অফিসার ছিলেন। অথচ যুদ্ধের সময় বাঙালি সৈনিকেরাই সব থেকে সাহসের পরিচয় দিয়েছিলেন। ঐ যুদ্ধের পর তাসখন্দে ভারত ও পাকিস্তানের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় যা তাসখন্দ চুক্তি নামে পরিচিত। সেখানেও পূর্ববঙ্গের স্বার্থের বা নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত হয়। একটু পিছন ফিরে তাকালে আমরা দেখি যে, বাঙালির বিরুদ্ধে সব সময় পাকিস্তানের শাসক চক্র বৈমাত্রীয়সুলভ আচরণ করেছে।
প্রথম আঘাত হানে বাংলা ভাষা যা আমাদের মাতৃভাষার উপর। মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত শুরু করে। রক্ত দিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করে বাঙালিরা। সে ভাষা আন্দোলন শুরু করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালে। মূলতঃ তখন থেকেই তিনি উপলব্ধি করেছিলেন পশ্চিম পাকিস্তানীদের শাসন-শোষণ ও বঞ্চনা থেকে মুক্তি পেতে হবে।
বাঙালিরা সব সময়ই পশ্চিমাদের থেকে শিক্ষা-দীক্ষা, সাংস্কৃতিক চর্চায় সমৃদ্ধ ছিল। পাকিস্তান সৃষ্টির আন্দোলনেও অগ্রণী ভূমিকা ছিল এ অঞ্চলের মানুষের। জনসংখ্যার দিক থেকেও সংখ্যাগরিষ্ঠ বাঙালি। ৫৬ ভাগ মানুষের বসবাস ছিল পূর্ববঙ্গে।
পূর্ববঙ্গের উপার্জিত অর্থ কেড়ে নিয়ে গড়ে তোলে পশ্চিম পাকিস্তান। বাঙালিদের উপর অত্যাচার করাই ছিল শাসকদের একমাত্র কাজ। ১৯৫৪ সালে আওয়ামী লীগের নেতৃত্বে অন্যান্য দল ঐক্যবদ্ধ হয়ে যুক্তফ্রন্ট গঠন করে নির্বাচনে জয়লাভ করে। মুসলীম লীগ শোচনীয়ভাবে পরাজিত হয়। কিন্তু ৯২ক ধারা অর্থাৎ ইমার্জেন্সি জারি করে নির্বাচিত সরকার বাতিল করে দেয়। পূর্ববঙ্গে চালু করে কেন্দ্রীয় শাসন। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে যখন ১৯৫৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে তখনও ষড়যন্ত্র থেমে থাকে না। ১৯৫৮ সালে আইয়ুব খান মার্শাল ল’ জারি করে। এভাবেই বার বার আঘাত আসে বাঙালিদের উপর।
৬-দফার প্রতি জনসমর্থন
আইয়ুব খানের নির্যাতন-নিপীড়নের পটভূমিতে যখন ৬-দফা পেশ করা হয়, অতি দ্রুত এর প্রতি জনসমর্থন বৃদ্ধি পেতে থাকে। আমার মনে হয় পৃথিবীতে এ এক বিরল ঘটনা। কোন দাবির প্রতি এত দ্রুত জনসমর্থন পাওয়ার ইতিহাস আর কোথাও খুঁজে পাওয়া যাবে না।
বঙ্গবন্ধু শেখ মুজিব সমগ্র পূর্ব বাংলা সফর শুরু করেন। তিনি যে জেলায় জনসভা করতেন সেখানেই তাঁর বিরুদ্ধে মামলা দেওয়া হত, গ্রেফতার করা হত। জামিন পেয়ে আবার অন্য জেলায় সভা করতেন। এভাবে পরপর ৮ বার গ্রেফতার হন মাত্র দুই মাসের মধ্যে। এরপর ১৯৬৬ সালের ৮ই মে নারায়ণগঞ্জে জনসভা শেষে ঢাকায় ফিরে আসার পর ধানমন্ডির বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়। ৯ই মে তাঁকে কারাগারে প্রেরণ করে। একের পর এক মামলা দিতে থাকে। একইসঙ্গে দলের নেতা-কর্মীদের গ্রেফতার করা শুরু হয়। সমগ্র বাংলাদেশ থেকে ছাত্রনেতা, শ্রমিক নেতাসহ অগণিত নেতাকর্মীকে গ্রেফতার করে মামলা দায়ের করে।
১৯৬৬ সালের ১৩ই মে আওয়ামী লীগ প্রতিবাদ দিবস পালন উপলক্ষে জনসভা করে। জনসভায় জনতা ৬-দফার প্রতি সমর্থন ব্যক্ত করেন। ৩০-এ মে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কার্যকরী কমিটির (ওয়ার্কিং কমিটি) সভা হয় ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী। ৭ই জুন প্রদেশব্যাপী হরতাল ডাকা হয় এবং হরতাল সফল করার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় আওয়ামী লীগের অনেক সভা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতে অনুষ্ঠিত হত।
৭ই জুনের হরতালকে সফল করতে আমার মা বেগম ফজিলাতুননেসা বিশেষ ভূমিকা পালন করেন। ছাত্র নেতাদের সঙ্গে গোপন বৈঠক করে তিনি দিক-নির্দেশনা দেন। শ্রমিক নেতা ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করে সব ধরনের সহযোগিতা করেছিলেন। পাকিস্তানী শাসকদের দমনপীড়ন-গ্রেফতার সমানতালে বাড়তে থাকে। এর প্রতিবাদে সর্বস্তরের মানুষ এক্যবদ্ধ হয়। ৬-দফা আন্দোলনের সঙ্গে পূর্ব বাংলার সকল স্তরের মানুষ – রিক্সাওয়ালা, স্কুটারওয়ালা, কলকারখানার শ্রমিক, বাস-ট্রাক-বেবিটেক্সি চালক, ভ্যান চালক, দোকানদার, মুটে-মজুর- সকলে এ আন্দোলনে শরিক হয়েছিলেন।
পাকিস্তানের সামরিক জান্তা ও রাষ্ট্রপতি আইয়ুব খান যে কোন উপায়ে এই আন্দোলন দমন করার সম্পূর্ণ দায়িত্ব দেয় পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানকে।
কিন্তু তাদের শত নির্যাতন উপেক্ষা করে বাংলাদেশের মানুষ ৭ই জুনের হরতাল পালন করে ৬-দফার প্রতি তাঁদের সমর্থন জানিয়ে দেন। পাকিস্তান সরকার উপযুক্ত জবাব পায়। দুঃখের বিষয় হল বিনা উসকানিতে জনতার উপর পুলিশ গুলি চালায়। শ্রমিক নেতা মনু মিয়াসহ ১১ জন নিহত হন। আন্দোলন দমন করতে নির্যাতনের মাত্রা যত বাড়তে থাকে, সাধারণ মানুষ ততবেশি আন্দোলনে সামিল হতে থাকেন।
৭ই জুন হরতাল সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ডায়েরিতে লিখেছেন: ‘‘১২ টার পরে খবর পাকাপাকি পাওয়া গেল যে হরতাল হয়েছে। জনগণ স্বতষ্ফূর্তভাবে হরতাল পালন করেছেন। তাঁরা ৬-দফা সমর্থন করে আর মুক্তি চায়। বাঁচতে চায়, খেতে চায়, ব্যক্তি স্বাধীনতা চায়, শ্রমিকের ন্যায্য দাবি, কৃষকদের বাঁচার দাবি তাঁরা চায়, এর প্রমাণ এই হরতালের মধ্যে হয়েই গেল’ (কারাগারের রোজনামচা পৃ: ৬৯)।
১৯৬৬ সালের ১০ ও ১১ই জুন ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় হরতাল পালনের মাধ্যমে ৬-দফার প্রতি সমর্থন জ্ঞাপন করায় ছাত্র-শ্রমিক ও সাধারণ জনগণকে ধন্যবাদ জানানো হয়। পূর্ববঙ্গের মানুষ যে স্বায়ত্বশাসন চায়, তারই প্রমাণ এই হরতালের সফলতা। এজন্য সভায় সন্তোষ প্রকাশ করা হয়। ১৭, ১৮ ও ১৯-এ জুন নির্যাতন-নিপীড়ন প্রতিরোধ দিবস পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। আওয়ামী লীগের সকল নেতাকর্মীর বাড়িতে বাড়িতে কালো পতাকা উত্তোলন এবং তিন-দিন সকলে কালো ব্যাচ পড়বে বলে ঘোষণা দেওয়া হয়।
হরতালে নিহতদের পরিবারগুলিকে আর্থিক সাহায্য এবং আহতদের চিকিৎসা দেওয়ার জন্য একটা তহবিল গঠন এবং মামলা পরিচালনা ও জামিনের জন্য আওয়ামী লীগের আইনজীবীদের সমন্বয়ে একটি আইনগত সহায়তা কমিটি গঠন করা হয়। দলের তহবিল থেকে সব ধরনের খরচ বহন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আন্দোলনের সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করারও নির্দেশনা দেওয়া হয়।
৬-দফা দাবির ভিত্তিতে স্বায়ত্বশাসনের আন্দোলন আরও ব্যাপকভাবে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য সভা, সমাবেশ, প্রতিবাদ মিছিল, প্রচারপত্র বিলিসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এই দাবির প্রতি ব্যাপক জনমত গড়ে তোলার কার্যক্রম শুরু হয়।
এদিকে সরকারি নির্যাতনও বৃদ্ধি পেতে থাকে। তবে যত বেশি নির্যাতন আইয়ুব-মোনায়েম গং-রা চালাতে থাকে, জনগণ তত বেশি তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন এবং সকল নিপীড়ন উপেক্ষা করে আরও সংগঠিত হতে থাকেন।
১৯৬৬ সালের ২৩ ও ২৪-এ জুলাই আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয় এবং আন্দোলন দ্বিতীয় ধাপে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এ আন্দোলন কেন্দ্র থেকে জেলা, মহকুমা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত ছড়িয়ে পড়ে, তীব্রতর হতে থাকে। সরকারও নির্যাতনের মাত্রা বাড়াতে থাকে।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বপ্রাপ্তদের একের পর এক গ্রেফতার করতে থাকে। অবশেষে একমাত্র মহিলা সম্পাদিকা অবশিষ্ট ছিলেন। আমার মা সিদ্ধান্ত দিলেন তাঁকেই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হোক। আওয়ামী লীগ সে পদক্ষেপ নেয়। আগরতলা ষড়যন্ত্র মামলা পাকিস্তান সরকার নতুন চক্রান্ত শুরু করল।
১৯৬৮ সালের ১৮ই জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা কুর্মিটোলা ক্যান্টনমেন্টে বন্দি করে নিয়ে যায়। অত্যন্ত গোপনে রাতের অন্ধকারে সেনাবাহিনীর দ্বারা এ কাজ করানো হয়। এরপর তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়, যা আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবে অধিক পরিচিতি পায়। এই মামলায় ১-নম্বর আসামি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সঙ্গে আরও ৩৪ জন সামরিক ও অসামরিক অফিসার ও ব্যক্তিদের আসামি করে।
অপরদিকে ৬-দফা দাবি নস্যাৎ করতে পশ্চিম পাকিস্তানের কিছু নেতা দিয়ে ৮-দফা নামে আরেকটি দাবি উত্থাপন করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। তবে এতে তেমন কাজ হয় না। উঁচুস্তরের কিছু নেতা বিভ্রান্ত হলেও ছাত্র-জনতা বঙ্গবন্ধুর ৬-দফার প্রতিই ঐক্যবদ্ধ থাকেন।
আগরতলা ষড়যন্ত্র মামলা অর্থাৎ রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান মামলার মূল অভিযোগ ছিল যে, আসামিরা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে অভ্যুত্থান ঘটিয়ে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। এ কারণে তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবের বক্তব্য ছিল:
আমরা পূর্ব পাকিস্তানের জনসংখ্যার ৫৬ ভাগ, সংখ্যাগুরু। আমরা বিচ্ছিন্ন হব কেন? আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই। যারা সংখ্যালগিষ্ঠ, তারা বিচ্ছিন্ন হতে পারে, সংখ্যাগরিষ্ঠরা নয়।
এই মামলা দেওয়ার ফলে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। বাংলার মানুষের মনে স্বাধীনতা অর্জনের আকাক্সক্ষা ও চেতনা শাণিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গড়ে তোলা হয়। ছাত্ররা ৬-দফাসহ ১১-দফা দাবি উত্থাপন করে আন্দোলনকে আরও বেগবান করে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা, মহকুমায় আন্দোলন ছড়িয়ে পড়ে।
ক্যান্টনমেন্টের ভিতরেই কোর্ট বসিয়ে মামলার কার্যক্রম পরিচালনা করা শুরু হয়। অপরদিকে জেল, জুলুম, গুলি, ছাত্র হত্যা, শিক্ষক হত্যাসহ নানা নিপীড়ন ও দমন চালাতে থাকে আইয়ুব সরকার।
পাকিস্তানী সরকারের পুলিশী নির্যাতন, নিপীড়ন ও দমনের বিরুদ্ধে সাধারণ মানুষ স্বতষ্ফুর্তভাবে প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে। তাঁরা রাস্তায় নেমে আসে। সরকারপন্থি সংবাদপত্র থেকে শুরু করে থানা, ব্যাংক, সরকারের প্রশাসনিক দপ্তরে পর্যন্ত হামলা চালাতে শুরু করে। সমগ্র বাংলাদেশ তখন অগ্নিগর্ভে পরিণত হয়।
‘আগড়তলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করো, জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো, শেখ মুজিবের মুক্তি চাই’ – এ ধরনের শ্লোগানে শ্লোগানে স্কুলের ছাত্ররাও রাস্তায় নেমে আসে। এরই এক পর্যায়ে ১৯৬৯ সালের ১৫ই ফেব্রুয়ারি এই মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে বন্দিখানায় হত্যা করা হয়। মানুষ ক্ষোভে ফেটে পড়ে। তাঁদের আশঙ্কা হয় এভাবে শেখ মুজিবকেও হত্যা করবে। সাধারণ মানুষ ক্যান্টনমেন্ট আক্রমণ করতে অগ্রসর হয়। জনতা মামলার বিচারক প্রধান বিচারপতির বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তিনি পশ্চিম পাকিস্তানে পালিয়ে যান।
প্রচার-গণআন্দোলনের মুখে ২১-এ ফেব্রুয়ারি আইয়ুব খান আগড়তলা মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। ২২-এ ফেব্রুয়ারি দুপুরে একটা সামরিক জিপে করে বঙ্গবন্ধু শেখ মুজিবকে ধানমন্ডির বাড়িতে পৌঁছে দেওয়া হয় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। অন্য বন্দিদেরও মুক্তি দেয়।
ভাষা আন্দোলন-স্বায়ত্বশাসন থেকে স্বাধীনতা:
৬ দফার সফলতা গণআন্দোলনে আইয়ুব সরকারের পতন ঘটে। ক্ষমতা দখল করে সেনাপ্রধান ইয়াহিয়া খান। ৬-দফার ভিত্তিতে ১৯৭০ সালের ৭ই ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। সমগ্র পাকিস্তানে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
১৯৭০ সালের ৫ই ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব ঘোষণা দেন পূর্ব পাকিস্তানের নাম হবে ‘বাংলাদেশ’। কিন্তু বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্রে লিপ্ত হয় পাকিস্তানী সামরিক জান্তা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক ঘোষণা দেন ‘এবারের সংগ্রাম আমাদের মুুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
অসহযোগ আন্দোলনের ডাক দেন বঙ্গবন্ধু। বাংলাদেশের মানুষ তা অক্ষরে অক্ষরে পালন করেন। অসহযোগ আন্দোলন থেকে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিজয় অর্জন করে বাঙালি জাতি। ২৫-এ মার্চ পাকিস্তানী সামরিক জান্তা গণহত্যা শুরু করে। বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৭১ সালের ২৬-এ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। ৯-মাসের যুদ্ধ শেষে ১৬ই ডিসেম্বর বাঙালি চূড়ান্ত বিজয় অর্জন করে। বাঙালিরা একটি জাতি হিসেবে বিশ্বে মর্যাদা পায়, পায় জাতিরাষ্ট্র স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ।