Home Blog Page 2901

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন বাইডেন

0

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে লড়তে আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন জো বাইডেন। দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও সিনেটর দলটির প্রার্থী হতে প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন নিশ্চিত করেছেন।
শনিবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে ডেমস খ্যাত এই দলটির পক্ষ থেকে।
এদিকে বাইডেনের প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা সিএনএন জানায়, ডেমোক্র্যাট প্রার্থী হতে তার দরকার ছিল ১ হাজার ৯৯১ ডেলিগেট বা প্রতিনিধির সমর্থন।
গেল সপ্তাহে ডিসট্রিক্ট অব কলম্বিয়া এবং ৭টি অঙ্গরাজ্যের প্রাইমারি শেষে ১ হাজার ৯৯৫ ডেলিগেটের সমর্থন নিশ্চিত করেছেন ৭৭ বছর বয়সী বাইডেন।
এখন দলীয় কনভেনশনের জন্য অপেক্ষা করতে হবে বাইডেনকে। ডেমোক্র্যাটদের এই কনভেনশনে তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হবে।
গেল এপ্রিলে নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। এতে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে একক প্রার্থী হন বাইডেন।
বারাক ওবামা ক্ষমতায় থাকাকালে দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন জো বাইডেন।

গাজীপুরে ট্রেনের ধাক্কায় ২জন নিহত

0

গাজীপুরে পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) এ ঘটনা ঘটে। তাদের মধ্যে মাইনুল ইসলাম (৫৩) নামে একজনের পরিচয় পাওয়া গেছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন ফাঁড়ির এএসআই মহিউদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা অভিমুখে যাচ্ছিল। এ সময় রাজবাড়ী রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান টাইলস মিস্ত্রি মাইনুল ইসলাম। তিনি গাজীপুর মহানগরীর বিলাশপুর এলাকার বিশ্ব প্রামণিকের ছেলে।
তিনি আরও জানান, একইদিন সকালে গাজীপুর মহানগরীর বিলাশপুর এলাকার রেললাইন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তিনি ঢাকা-রাজশাহীগামী কোনো ট্রেনের ধাক্কায় আহত হয়ে মারা গেছেন। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তিনি মানসিক ভারসাম্যহীন বলে অনেকে দাবি করেছেন।

রাজবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

0

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে হানিফ গাজী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) ভোরে তার মৃত্যু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ করোনা পরীক্ষার জন্য ওই যুবকের নমুনা সংগ্রহ করেছে।
হানিফ গাজী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের লক্ষ্মী নারায়ণপুর গ্রামের বিল্লাল গাজীর ছেলে।
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার (৬ জুন) হানিফ গাজী রাজবাড়ী সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে তার মৃত্যু হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস জানান, করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে মারা যাওয়া ওই যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না।

করোনা আক্রান্তের সংখ্যায় স্পেনকে ছাড়াল ভারত

0

মাত্র একদিনের ব্যবধানেই করোনাভাইরাসে বিশ্বের সর্বোচ্চ আক্রান্ত দেশের তালিকায় ছয় থেকে পাঁচ নম্বরে উঠে এলো ভারত। গত শুক্রবার তারা ইতালিকে ছাড়িয়ে ছয়ে উঠেছিল। শনিবার ছাড়িয়ে গেছে স্পেনকেও।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ভারতে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬২২ জন। স্পেনে আক্রান্ত ২ লাখ ৪১ হাজার ৩১০ জন। আক্রান্তের হিসাবে এখন ভারতের ওপরে রয়েছে শুধু যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া ও যুক্তরাজ্য।
সংক্রমণ হু হু করে বাড়লেও কিছুটা আশার কথা, তালিকার অনেক দেশের তুলনায় ভারতে মৃত্যুহার কিছুটা কম। যেমন- ইতালিতে মারা গেছেন ৩৩ হাজারের বেশি, স্পেনে ২৭ হাজার, ব্রাজিলে ২৫ হাজার, যুক্তরাজ্যে ৪০ হাজার আর যুক্তরাষ্ট্রে মৃত্যুর ঘটনা এক লাখেরও বেশি। সেই তুলনায় ভারতে এ পর্যন্ত মারা গেছেন সাড়ে ৬ হাজারের মতো। এর মধ্যে শনিবার প্রাণ হারিয়েছেন ২৯৪ জন।
গতকাল ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটিতে নতুন করে ৯ হাজার ৮৮৭ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
ভারতে করোনা সংক্রমণের কেন্দ্রে রয়েছে মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাডু ও দিল্লি। সরকারি হিসাবে মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮০ হাজারের বেশি, তামিলনাড়ুতে ২৮ হাজার, দিল্লিতে ২৬ হাজার ও গুজরাটে আক্রান্ত ১৯ হাজার মানুষ।
তথ্যসূত্র : এনডিটিভি

করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার মৃত্যু

0

কুমিল্লার লাকসামের মুদাফরগন্জ (উত্তর) ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের পুলিশ কর্মকর্তা মো. ইকরামুল ইসলাম (৪৪) করোনা উপসর্গ নিয়ে আজ শনিবার (৬ জুন) চট্টগ্রামে মারা গেছেন। শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে নিজের বাসায় মারা যান।

লাকসাম থানা পুলিশ এবং ওই পুলিশ কর্মকর্তার পারিবারিক সূত্রে জানা গেছে, মো. ইকরামুল ইসলাম চট্টগ্রামের সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। গত ৮-১০দিন ধরে তিনি জ্বর, গলাব্যথাসহ করোনার উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ি সীতাকুন্ড থানা সংলগ্ন বাসায় থেকেই তিনি চিকিৎসা নিয়ে ওষুধ সেবন করছিলেন। কিন্তু সেখানেই ভোর বেলা প্রাণ হারান। পরে সেখানে তার নমুনা সংগ্রহ শেষে মরদেহ গ্রামের বাড়ি লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ (উত্তর) ইউনিয়নের কাঠালিয়া গ্রামে আনা হয়।

দুপুরে লাকসাম উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে লাকসাম পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর মো. আবদুল আলিম দিদারের নেতৃত্বাধীন একদল স্বেচ্ছাসেবী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলার একঝাঁক স্বেচ্ছাসেবীর সহযোগিতায় ওই পুলিশ কর্মকর্তার মরদেহ গোসলসহ দাফনের কাজ সম্পন্ন করা হয়।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী করোনা উপসর্গ নিয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইকরামুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার নমুনার রিপোর্ট পাওয়ার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না।

বগুড়ায় নতুন করে ৬০ জনের করোনা শনাক্ত

0

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। শনিবার (৬ জুন) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এনিয়ে বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ৬২৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। এখন চিকিৎসাধীন রয়েছে ৫৭০ জন।

বগুড়ায় নতুন করে ৬০ জন করোনায় শনাক্তদের মধ্যে পুরুষ ৩৯ জন, মহিলা ১৬ জন ও শিশু ৫ জন রয়েছেন। তাদের মধ্যে সদরের ৫০ জন, কাহালুর ৭ জন, শেরপুরের ২জন এবং শিবগঞ্জের একজন।

প্লাজমা সাপোর্ট সেন্টারের সফল যাত্রা

0

স্বেচ্ছায় রক্ত দাঁতাদের সংগঠন বাঁধন ও ৩০টি ইলেকট্রনিক মিডিয়া (টিভি) সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের যৌথ উদ্যোগে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, শেখ হাসিনা বার্ন ইনিস্টিটিইট, গাজী গ্রুপস ও ‘সবাই মিলে সবার ঢাকা’র সার্বিক সহযোগিতায় দেশে প্লাজমা থেরাপি নিয়ে কাজ শুরু করা ‘প্লাজমা সাপোর্ট সেন্টার’র সফলভাবে যাত্রা শুরু করেছে।

গত তিন দিন প্রায় পাঁচটি চাহিদার বিপরীতে পাঁচজন কভিড থেকে সুস্থ হওয়া রোগী স্বতঃস্ফূর্তভাবে প্লাজমা ডোনেশনে এগিয়ে এসেছেন। শুক্রবার দুজন এসেছিলেন নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে। তবে তাদের একজনের ভেইন জটিলতার কারণে রক্ত দিতে পারেননি এবং অন্যজন রোগীর রক্তের গ্রুপ ভুল থাকার কারণে। তবে তারা ভবিষ্যতে সাঁড়া দিতে প্রস্তুত।

এদিকে, শনিবার দুজন প্লাজমা ডোনার তাদের শরীর থেকে ৫ ইউনিট প্লাজমা ডোনেট করেছেন। যার দুটি ইউনিট এরই মধ্যে দুজন রোগীর জন্য ব্যবহার করা হয়েছে। বাকি তিন ইউনিট আরো তিনজন রোগীর প্রয়োজনে ব্যবহার করা হবে। করোনার এই মহামারির রুখতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও সম্পদের সর্বোচ্চ ব্যবহার। কভিড থেকে সুস্থ হওয়া রোগীরাই সেই সম্পদ। এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এগিয়ে যেতে চায় প্লাজমা সাপোর্ট সেন্টার।

যদিও সংগঠনটির কর্ম এলাকা দেশব্যাপী, কিন্তু ঢাকার বাইরে রক্তের সেল সেপারেশনের সুযোগ না থাকায় সেবা দেয়া সম্ভব হচ্ছে না। গতকাল একজন উপসচিব বগুড়ায় একব্যাগ বি-পজেটিভ প্লাজমার জন্য ফোন দিয়েছিলেন। কিন্তু ঢাকা থেকে প্লাজমা নেওয়া যাবে না আবার বগুড়াতেও প্লাজমা আলাদা করা যাবে না। তাই ডোনার থাকা সত্ত্বেও তাকে সহযোগিতা করা সম্ভব হয়নি।

যুক্তরাষ্ট্রে আটকে পড়া ১১২ বাংলাদেশিকে নিয়ে ঢাকার পথে বিশেষ ফ্লাইট

0

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে আটকে পড়া বাংলাদেশিদের দ্বিতীয় দলটিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছে কাতার ওয়ারওয়েজের বিশেষ বিমানটি। স্থানীয় সময় শনিবার সকাল ৯টায় নিউইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টের আট নম্বর টার্মিনাল থেকে বিমানটি উড্ডয়ন করে।

কেবল আটকে পড়া বাংলাদেশি নন, আসন ফাঁকা থাকা স্বাপেক্ষে গ্রিন কার্ড কিংবা আমেরিকার পাসপোর্টধারীদেরকেও ভ্রমণের সুযোগ দেয়া হয়। সেই হিসাবে সবমিলিয়ে ১১২ জন যাত্রী নিয়ে কাতার এয়ারওয়েজের কিউআর ৩৪৫৮ (QR3458) রওয়ানা হয়ে যায়। এসময় এয়ারপোর্টে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

দৈনিক কালের কণ্ঠকে তিনি বলেন, করোনা মহামারির এই সময়টায় নানাভাবে আমরা আটকে পড়া কিংবা প্রবাসী বাংলাদেশিদের পাশে থেকেছি। তারই অংশ হিসেবে এই নিয়ে দ্বিতীয় বিশেষ ফ্লাইট বাংলাদেশে গেলো। ভবিষ্যতে যদি প্রয়োজন হয়, তাহলে এমন আরও উদ্যোগ নেয়া হবে।

দোহা হয়ে ০৭ জুন রোববার বিকাল ৪:৪৫ টায় ফ্লাইটটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।

একই ফ্লাইটে বাংলাদেশে গেছেন নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফেরদৌস খন্দকার। করোনার সময়ে আলোচিত এই চিকিৎসক বলেন, দেখুন নিউইয়র্কে অবস্থান উন্নতি হচ্ছে। এখান থেকেই নানাভাবে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। সুযোগ খুঁজছিলাম কিভাবে দেশে গিয়ে মানুষের জন্যে কাজ করা যায়। এখন বাংলাদেশে করোনা পরিস্থিতির অনেকটাই অবনতি হয়েছে। আমি মনে করি এখনি সময় দেশে গিয়ে মানুষকে সেবা দেয়ার।

ডা. ফেরদৌস খন্দকার সঙ্গে করে মাস্ক, গ্লাভস, পিপিই, হ্যান্ড স্যানিটাইজারসহ বেশ কিছু সুরক্ষা সামগ্রী নিয়ে গেছেন। সেখানে গিয়ে মানুষকে স্বাস্থ্যসেবা দেয়ার বেশ কিছু পরিকল্পণা তার রয়েছে বলে জানিয়েছেন মাউন্ট সিনাই হাসপাতালের এই চিকিৎসক। নিউইয়র্কসহ বাংলাদেশেও তার চিকিৎসা দেয়ার লাইসেন্স রয়েছে বলে জানালেন ডা. ফেরদৌস খন্দকার।

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস, নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেস কনস্যুলেটের ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ওরিক্স অ্যাভিয়েশন লিমিটেড। গত ১৫ মে ওয়াশিংটন ডিসির ডুলেস এয়ারপোর্ট থেকে ২৪৭ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট বাংলাদেশে গিয়েছিল।

বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ছাড়লেন ১১০ আফগান শিক্ষার্থী

0

চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিও) এ আফগানিস্তান থেকে পড়তে আসা ১১০ আফগান শিক্ষার্থী নিজ দেশে ফিরে গেছেন। আজ শনিবার সকালে আফগান দূতাবাসের তত্ত্বাবধানে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কাম এয়ারের একটি বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফিরে যায় তারা।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর রেজিস্ট্রার ড. ডেভ ডোল্যান্ড জানান, করোনা সংক্রমণের কারণে ঝুঁকি এড়াতে আমাদের ১১০ আফগান শিক্ষার্থী নিজ দেশে ফিরে গেছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে আবার তাদের ফিরিয়ে আনা হবে। এ সংক্রান্ত সব ব্যয়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আফগান সরকার বহন করছে।

২০০৮ সালে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন চট্টগ্রামে যাত্রা শুরু করে। এ অঞ্চলে এটিই প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান যা আন্তর্জাতিক পর্যায়ে নারীদের শিক্ষা, নেতৃত্ব উন্নয়ন ও বিকাশে অবদান রাখছে।

করোনা প্রতিরোধে সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই : স্থানীয় সরকার মন্ত্রী

0

দেশে প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবেলায় সকল মন্ত্রণালয়, স্বায়ত্ত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টার কোন বিকল্প নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

শনিবার দেশের বর্তমান করোনা মহামারির সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনলাইনে এক ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

মোঃ তাজুল ইসলাম বলেন, করোনা প্রাদুর্ভাব ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের মানুষকে সাথে নিয়ে একযোগে কাজ করতে হবে।

মন্ত্রীবলেন, স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা দুই সিটি করপোরেশনের অধীনস্থ সকল ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন এবং উক্ত কমিটি ওই ওয়ার্ডকে ১০ ভাগে বিভক্ত করে সিটিকর্পোরেশনের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এনজিও প্রতিনিধির সমন্বয়ে আরও ১০টি উপ-কমিটি গঠনকরা সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

মোঃ তাজুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, এসব কমিটি গঠিত হলে করোনা মোকাবেলা, নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বা অসহায় ব্যক্তিদের সরকারি-বেসরকারি সহযোগিতাসহ নানা সামাজিক কর্মকাণ্ড আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব।

তিনি বলেন, দেশে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা-উপজেলার স্থানীয় প্রতিনিধিদের তৃণমূল পর্যায়ে সতর্ক অবস্থান নেয়ার পরামর্শ দেয়স্থানীয় সরকারবিভাগ।

মন্ত্রী বলেন, দেশে লকডাউন ঘোষণার পর থেকে গরীব, দুঃস্থ-অসহায় এবং ছিন্নমূল মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তি ও এনজিওকে সাথে নিয়ে একযোগে কাজ করে আসছে সরকার।

ত্রাণকার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গিয়ে যারা অনিয়মে যুক্ত হয়েছে তাদের বিরুদ্ধে তাঁর মন্ত্রণালয়ের কঠোর অবস্থান নেয়ার কথাও জানান স্থানীয় সরকারমন্ত্রী।

করোনাভাইরাস প্রতিরোধে স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে উল্লেখ করে মোঃ তাজুল ইসলাম বলেন, সাধারণ মানুষের জীবন-জীবিকার কথা মাথায় রেখেই এ ভাইরাস প্রতিরোধের কৌশল নেয়া উচিত।

ভিডিও কনফারেন্সে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ ফরহাদ হোসেন, ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ অংশ নেন।

এসময়, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক করোনার বিস্তার নিয়ন্ত্রণে করণীয় বিভিন্ন দিক নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।