Home Blog Page 2902

পরিসংখ্যান বলছে গতি বেড়েছে করোনার, প্রতিদিন লাখের উপরে সংক্রমণ!

0

নভেল করোনাভাইরাসের সংক্রমণের গতি আগের তুলনায় অনেক বেড়েছে। সপ্তাহখানেক ধরে বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে এক লাখেরও বেশি মানুষের শরীরে এ ভাইরাস শনাক্ত হচ্ছে। কিন্তু গত এপ্রিলে পুরো মাসজুড়ে একদিনও শনাক্তের সংখ্যা লাখের ঘরে পৌঁছায়নি।

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির আপডেট পরিসংখ্যান দেওয়া যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে অনুযায়ী, ২১ মে থেকে এ পর্যন্ত মাত্র পাঁচদিন বিশ্বে দৈনিক করোনা শনাক্তের সংখ্যা এক লাখের নিচে ছিল। আর গত ৩ জুন একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ছিল এক লাখ ৩০ হাজার ৪০০ জন।

বিভিন্ন দেশের করোনা পরীক্ষার সক্ষমতা বাড়ায় সংগত কারণেই আক্রান্তের সংখ্যাও বেড়েছে। তবে পৃথিবীর বহু দেশে এখনো করোনার প্রকৃত চিত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত সংখ্যক পরীক্ষার ব্যবস্থা নেই।

জনস হপকিন্স ইউনিভার্সিটির গবেষকদের বরাতে সিএনএন জানিয়েছে, করোনা শনাক্তের সংখ্যা হ্রাস-বৃদ্ধির এ হার একেক দেশে একেক রকম। চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও ফ্রান্সের মতো ব্যাপকভাবে আক্রান্ত দেশগুলোতে নতুন করে শনাক্তের সংখ্যা কমছে। অন্যদিকে দক্ষিণ আমেরিকা, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মতো অঞ্চলগুলোতে সংক্রমণের হার বাড়ছে।

লিবিয়া, ইরাক, উগান্ডা, মোজাম্বিক ও হাইতিতে প্রতি সপ্তাহে শনাক্তের সংখ্যা দ্বিগুণ বাড়ছে। ব্রাজিল, ভারত, চিলি, কলাম্বিয়া ও দক্ষিণ আফ্রিকায় প্রতি দুই সপ্তাহে শনাক্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটার-এর হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৬৮ লাখ ৮৫ হাজার ৬০৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৯৯ হাজার ০৯ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৩৩ লাখ ৭৫ হাজার ৭১৩ জন।

সূত্র- সিএনএন।

করোনা মোকাবেলায় ইরানের যুগান্তকারী উদ্ভাবন

0

করোনাভাইরাস মোকাবেলায় যুগান্তকারী উদ্ভাবন করেছে ইরান। ওজোনাইজার নামের একটি বিশেষ ধরনের যন্ত্র তৈরি করেছে দেশটি। ইরানের আমির কাবির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এটি তৈরি করেছে।

এই যন্ত্রে বাইরে থেকে কোনো ধরনের কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ দিতে হবে না। এটি বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে সেটাকে ওজোনে পরিণত করবে। এই ওজোন ব্যবহার করেই পরিবেশকে জীবাণুমুক্ত রাখা যাবে।

ইরান বাসা-বাড়ি, অফিস-আদালত, হাসপাতাল, বন্দর ও টার্মিনালসহ বিভিন্ন স্থান জীবাণুমুক্ত করতে এই প্রযুক্তি ব্যবহার করবে বলে জানা গেছে। ওজোন অক্সিজেনেরই একটি প্রকারভেদ। তবে এটি বিষাক্ত। ওজোন পরিবেশকে জীবাণুমুক্ত করতে সাহায্য করে।

গত ফেব্রুয়ারিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে ইরান এই ভাইরাস মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শনাক্তকরণ কিট, ভেন্টিলেটর ও মেডিক্যাল রোবট থেকে শুরু করে ব্যাপক সংখ্যায় মাস্ক ও পিপিই তৈরিতে সফল হয়েছে ইরান।

সূত্র: ইরান প্রেস।

নিবিড় পর্যবেক্ষণে মোহাম্মদ নাসিম

0

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন। তার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

আজ শনিবার বিকেল মোহাম্মদ নাসিমের ব্যাক্তিগত সহকারী আশরাফুল আলম মিন্টু গণমাধ্যমকে জানান, বোর্ড মিটিংয়ে তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত হয়েছে।

তিনি জানান, মোহাম্মদ নাসিমের চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়াকে প্রধান করে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। অপারেশনের পর চিকিৎসকরা মোহাম্মদ নাসিমকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখেন। এবার তা বাড়িয়ে ৭২ ঘণ্টা করা হয়েছে।

করোনায় আক্রান্ত হওয়ার পর গত সোমবার থেকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোহাম্মদ নাসিম। গত বৃহস্পতিবার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের কথা ছিল। কিন্তু শুক্রবার ভোর সাড়ে ৫টায় স্ট্রোক করায় অবস্থার অবনতি ঘটে।

পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার নাসিমের ছেলে তানভীর শাকিল জয় এবং অস্ত্রোপচারকারী চিকিৎসক অধ্যাপক ডা. রাজিউল হককে ফোন করে সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ-খবর নেন।

গতকাল অস্ত্রোপচারের পর মোহাম্মদ নাসিমের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় কালের কণ্ঠকে বলেছিলেন, ‘আব্বুর অপারেশন সফল হয়েছে। তাঁকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। আগামী দুদিন তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। প্রধানমন্ত্রী ফোনে ডাক্তার ও আমার সঙ্গে কথা বলেছেন। তিনি খোঁজখবর রাখছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন।’

১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম কয়েক দশক ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা। তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলেরও মুখপাত্র।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় মোহাম্মদ নাসিম কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি স্বরাষ্ট্র, ডাক, তার ও টেলিযোগাযোগ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিগত সরকারের তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে টানা পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন।

মায়ের জ্বর-শ্বাসকষ্ট, গোপনে ঢামেকের গেটে ফেলে গেল ছেলে

0

মায়ের শরীরে জ্বর। আছে শ্বাসকষ্ট। মায়ের করোনা হয়েছে সন্দেহে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের গেটের সামনে ফেলে রেখে গেছেন তার এক ছেলে। এমন ঘটনা ঘটেছে আজ শনিবার ঢাকা মেডিক্যাল কলেজের গেটের সামনে।

পরে ঘটনা জানাজানি হলে হাসপাতাল ক্যাম্পের পুলিশ উদ্ধার করে মনোয়ারা বেগম (৫০) ওরফে মনিরা নামের ওই নারীকে ঢামক করোনা ইউনিটের নতুন ভবনের ৭০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, দুপুরে জানতে পারি এক নারী হাসপাতালের নতুন ভবনের সামনে পড়ে আছেন। তার ছেলে করোনা সন্দেহে তাকে ফেলে রেখে গেছেন। পরে তাকে উদ্ধার করে করোনা ইউনিট নতুন ভবনে ভর্তি করা হয়।

তিনি আরো জানান, ওই নারীর স্বামীর নাম শাহজাহান মিয়া। স্থায়ী ঠিকানা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জয়রামপুর গ্রামে। ঢাকায় পরিবার নিয়ে মিরপুর কমার্স কলেজের পাশের একটি বস্তিতে সালাম নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন।

ভুক্তভোগী মনিরার বরাত দিয়ে আব্দুল খান জানান, ওই নারীর শ্বাসকষ্ট দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে বাড়িওয়ালা সালাম তার সন্তানদের বলেন, তাকে ওই বাড়ি থেকে অন্য কোথাও নিয়ে যেতে। যেহেতু তার করোনার উপসর্গ দেখা দিয়েছে, তা বস্তিতে অন্যদের মাঝেও ছড়িয়ে পড়তে পারে।

এরপর ছেলে মোজাম্মেল সরকার ও বাড়িওয়ালা সালাম দুইদিন আগে মনিরাকে ঢামেকের নতুন ভবনের সামনে ফেলে রেখে যান। তখন থেকে ঝড়-বৃষ্টিতে ভিজে এ নারী এখানেই পড়ে আছে বলে জানান আশপাশের অ্যাম্বুলেন্স চালকরা। পরে ঢামেকের পুলিশ খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসকের বরাত দিয়ে ক্যাম্প ইনচার্জ আব্দুল খান জানান, ওই নারীর অবস্থা বেশি ভালো নয় বলে জানিয়েছেন ডাক্তাররা।

হাসপাতাল থেকে রোগী ফেরত দেওয়া মানবতাবিরোধী আচরণ

0

‘করোনার এ সময়ে সুযোগসুবিধা থাকা সত্ত্বেও হাসপাতাল থেকে রোগী ফেরত দেওয়া মানবতাবিরোধী আচরণ’ উল্লেখ করে এ সময়ে যারা চিকিৎসা দিচ্ছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম ৭ আসনের এমপি ড. হাছান মাহমুদ।

তিনি আজ শনিবার দুপুরে রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে করোনা ইউনিট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী ও চট্টগ্রাম ১৩ আসনের এমপি সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম ৯ আসনের এমপি ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন।

ড. হাছান মাহমুদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে অত্যন্ত দ্রুততার সাথে ৫০ বেডের কভিড ইউনিট স্থাপনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আজ মা ও শিশু হাসপাতাল যেভাবে এগিয়ে এসেছে, তা অন্যদের জন্য উদাহরণ তৈরি করেছে।

তিনি বলেন, আজকের পত্রিকায়ও আমরা দেখছি, হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরে ভর্তি হতে না পেরে স্ত্রীর সামনে অসহায়ভাবে স্বামীর মৃত্যু ঘটেছে। এ ধরণের মর্মান্তিক ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।

‘কোনো হাসপাতাল থেকে রুগীকে এভাবে ফেরত দেওয়া মানবতাবিরোধী কাজ এবং যেসব হাসপাতাল এটি করছে, তারা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কাছ থেকে শিক্ষা নেবে’ বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

সেইসাথে তিনি জানান, সরকার এগুলো পর্যবেক্ষণ করছে এবং সময়মতো কঠোর ব্যবস্থা নেবে। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরকে করোনার সম্মুখযোদ্ধা হিসেবে উল্লেখ করে তাদের এসময় কাজে আসতে না চাওয়াটা কোনোভাবে সমীচীন নয়।

তিনি বলেন, ‘তারা মানুষকে চিকিৎসা ও সেবাদানের জন্যই লেখাপড়া করেছেন। তাদের হাত গুটিয়ে নেওয়া যুদ্ধের ময়দান থেকে সৈন্য পলায়নের মতো।’ এ সময় পুলিশবাহিনীর উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, মৃত ব্যক্তির পরিবার যেখানে এগিয়ে আসেনি, পুলিশ ও প্রশাসন সেখানে সৎকারের ব্যবস্থা করেছে।

তথ্যমন্ত্রী এ মহামারি পরিস্থিতিতে গুজব ও আতঙ্ক ছড়ানো প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের অব্যাহত ভূমিকার প্রশংসা করেন ও সবাইকে অহেতুক সমালোচনা পরিহার করে মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। চট্টগ্রামে অন্যান্য হাসপাতালও মা ও শিশু হাসপাতালের মতো দ্রুত এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যেসব ডাক্তার ও স্বাস্থ্যকর্মী এ সময় কাজে আসতে অপারগতা জানিয়েছেন তাদের তালিকা তৈরি করতে বলেন।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, এই ইউনিট চালুর ফলে চট্টগ্রামে করোনা চিকিৎসা একধাপ এগিয়ে গেলো।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের ভাইস প্রেসিডেন্ট এস এম মোর্শেদ হোসেনের সভাপতিত্বে এতে চট্টগ্রামের করোনা পরিস্থিতির সমন্বয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, পরিষদ সদস্য ও করোনা ইউনিট উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী এবং ট্রেজারার রেজাউল করিম আজাদও বক্তব্য রাখেন।

ডেমোক্রেট দলের প্রার্থী বাইডেন, এবার ট্রাম্পকে হারানোর লড়াই

0

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট ও সিনেটর জো বাইডেন। ডেমোক্রেটিক দলের প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক প্রতিনিধির সমর্থন নিশ্চিত করেছেন তিনি।

এর আগে গত এপ্রিল মাসে প্রতিদ্বন্দ্বীতা থেকে সরে দাঁড়ান সমাজতান্ত্রিক ধ্যান ধারণার বার্নি স্যান্ডার্স। ফলে তখনই জো বাইডেনের দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত হয়ে যায়। তবে প্রয়োজনীয় সংখ্যক প্রতিনিধির সমর্থন নিশ্চিত হওয়ার পর শনিবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এলো।

ডেমোক্রেট প্রার্থী হতে জো বাইডেনের দরকার ছিল ১,৯৯১ জন প্রতিনিধির সমর্থন। গত সপ্তাহে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া এবং ৭টি অঙ্গরাজ্যের প্রাইমারি শেষে সাবেক এই ভাইস প্রেসিডেন্টের ঝুলিতে ১,৯৯৫ প্রতিনিধির সমর্থন রয়েছে। গতকাল শুক্রবারই এ প্রাইমারিগুলোর ফল প্রকাশিত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এখন তাকে দলীয় কনভেনশনের জন্য অপেক্ষা করতে হবে। ওই কনভেনশনেই তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হবে। এরপরই তিনি নামবেন প্রচারণায়। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান মার্কিন প্রেসিডেন্ট রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন যে বাইডেন আর ট্রাম্পের লড়াইয়ে পরিণত হতে যাচ্ছে, এপ্রিলে স্যান্ডার্সের সরে দাঁড়ানোর পরই তা স্পষ্ট হয়ে যায়। ডেমোক্রেটদের প্রথম দিককার প্রাইমারিতে এগিয়ে ছিলেন স্যান্ডার্সই। তবে সুপার টুয়েসডেতে স্যান্ডার্সকে হারিয়ে এগিয়ে যান বাইডেন। স্যান্ডার্স ছিলেন শক্ত প্রগতিশীল। ফলে তার ভোট বেশ কয়েকভাগে ভাগ হয়ে যায়। এতেই হার মানতে বাধ্য হন স্যান্ডার্স।

এদিকে প্রেসিডেন্ট পদে প্রার্থীতা নিশ্চিত হওয়ার পর ট্রাম্পকে হারাতে ডেমোক্রেট দলের সবাইকে এক হয়ে লড়ার আহবান জানিয়েছেন জো বাইডেন।

সূত্র- সিএনএন।

বিয়ের অনুষ্ঠান থেকে নতুন করে করোনা ছড়াল ইরানে

0

শনিবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরানে একটি বিয়ের অনুষ্ঠান থেকে নতুন ভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। তবে তিনি জানান যে, দ্বিতীয় সংক্রমণের (সেকেণ্ড ওয়েভ) ঝুঁকি সত্ত্বেও অর্থনীতি সচল রাখা ছাড়া অন্য কোনো উপায় নেই।

ইরানে করোনাভাইরাসের সংক্রমণ কমায় মধ্য এপ্রিল থেকে লকডাউন শিথিল করা শুরু হয়।

সম্প্রতিক দিনগুলোতে ইরানে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে।

ইরানে বৃহস্পতিবার ৩ হাজার ৫৭৪ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয়। দেশটিতে ফেব্রুয়ারিতে প্রাদুর্ভাব শুরুর পর এটাই সর্বোচ্চ সংখ্যা।

ইরানের রাষ্ট্রীয় টিভিতে দেয়া বক্তব্যে রুহানি বলেন, আমরা একটি এলাকায় করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পেতে দেখেছি। একটি বিয়ের অনুষ্ঠান থেকে এ সংক্রমণ ছড়িয়েছে।

তিনি বলেন, এই বিষয়টি জনগণ ও স্বাস্থ্যকর্মীদের জন্য সমস্যা সৃষ্টি করেছে।এতে অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করেছে।

বিয়ের অনুষ্ঠানটি কোথায় হয়েছিল, তা বলেননি হাসান রুহানি।

ইরানে শুক্রবার ২ হাজার ৮৮৬ জন কভিড-১৯ রোগী শনাক্ত করা হয়। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ১৫৬।আর মারা গেছেন ৮ হাজার ১৩৪ জন।

সূত্র : রয়টার্স

ডাক্তার ও নার্সদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পিপিই ও গগল বিতরণ

0

করোনাভাইরাস সংক্রমণ মোকবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার ও নার্সরা নিরন্তর কাজ করে যাচ্ছে। তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির নিজস্ব অর্থায়নে পিপিই ও গগল বিতরণ করা হয়েছে।

করোনা আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে-এ অবস্থায় আজ শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শাহরিয়ার আলম এমপির পক্ষে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বাঘা ও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানদের হাতে প্রতিরোধমূলক এক কাটুন পিপিই ও এক কাটুন গগল তুলে দেন।

বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আক্তারুজ্জামান বলেন, ‘বৈশ্বিক মহামারির সময়ে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে জরুরি ভিত্তিতে পিপিই সরবরাহ প্রয়োজন। করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্স এবং স্বাস্থ্যকর্মীরাই সম্মুখ সারিতে রয়েছে। এ মহামারির সময় সকল ধরনের সহযোগিতার জন্য এই সঙ্কটকালীন সময়ে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এই করোনাভাইরাস মোকাবেলায় সবার সম্মিলিত প্রয়াস অত্যন্ত জরুরি। তবে স্বাস্থ্য সেবা দাতাদের আত্মবিশ্বাসের সাথে সেবা দেওয়ার জন্য সঠিক ও গুণগত মানের পণ্য সহায়তা দেওয়ার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম বলেন, এ মহামারির প্রভাবে এক অভুতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে মানুষ। এ অবস্থায় মানসম্পন্ন পিপিই, গগল এবং অন্যান্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর নিশ্চিত করা খুবই গুরুত্পূর্ণ। এ মহামারি মোকাবেলায় প্রয়োজনীয় সরঞ্জামের সুযোগ নিশ্চিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছে। তবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহকে এ পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন হাসপাতালে ভর্তি

0

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিতসহ বিভিন্ন রোগে ভুগছেন তিনি।

আজ শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে সাহারা খাতুনের শারীরিক অবস্থা ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর নিয়েছেন। তাকে আরো কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে। দলের ত্যাগী প্রবীণ এ নেতার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

২৪ ঘণ্টায় মৃত্যু আরো ৩৫, শনাক্ত ২৬৩৫

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৩৫ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৪৬ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ৬৩ হাজার ২৬ জন।

আজ শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এঁরা ২৮ জন পুরুষ এবং সাতজন নারী। এঁদের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে দুইজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৯ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৪৬ জনের।

জানানো হয়, নতুন যে ৩৫ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ২০ জন, চট্টগ্রাম বিভাগের আটজন, সিলেট বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের তিনজন এবং বরিশাল বিভাগের দুইজন। হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাসায় ৯ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় একজনকে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২৫ জন।

ডা. নাসিমা জানান, আজ শনিবার করোনা পরীক্ষায় আরেকটি ল্যাব যুক্ত হয়েছে। এটি হচ্ছে বগুড়ার টিএমএমএস মেডিক্যাল কলেজ ও রাফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৯০৯টি। পরীক্ষা হয়েছে ১২ হাজার ৪৮৬টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে দুই হাজার ৬৩৫ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৩ হাজার ২৬ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে তিন লাখ ৮৪ হাজার ৮৫১টি।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৩১৪ জনকে। একইসময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন সাত হাজার ১৬২ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ৯৪৫ জন।

বুলেটিনে জানানো হয়, ঢাকাসহ সারা দেশে মোট আইসোলেশন সংখ্যা ১৩ হাজার ২৮৪টি। বর্তমানে ঢাকা মহানগরীতে সাত হাজার ২৫০টি এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে আইসোলেশন শয্যার সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৩৪টিতে।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন এক হাজার ৭৮৯ জন। একইসময় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ৮১১ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট দুই লাখ ৯৯ হাজার ২২২ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই লাখ ৪২ হাজার ৯২৫ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫৬ হাজার ২৯৭ জন।

সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত ৬২৯টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩১ হাজার ৯৯১ জনকে সেবা প্রদান যায় বলে জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে এক লাখ ৭৪ হাজার ৯৭৩টি। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত হটলাইনে ৯৭ লাখ ৮২ হাজার ৫৬১ জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা বেড়েছে আরো পাঁচজন। এ নিয়ে এখন মোট প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ২৭৯ জনে। এ ছাড়া বর্তমানে স্বেচ্ছাসেবক হিসেবে হটলাইনে চার হাজার ২১৭ জন চিকিৎসক স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানানো হয় বুলেটিনে।