Home Blog Page 2905

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১২৩ কর্মকর্তা

0

সরকার একশ ২৩ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে। শুক্রবার (৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১১৭ জন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য সরকারি দপ্তরে কর্মরত আছেন। আর ছয়জন বিদেশে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে কর্মরত আছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পদোন্নতির পর যুগ্ম সচিবের মোট সংখ্যা হলো ৭৩৯ জন। যুগ্ সচিবের নিয়মিত পদের সংখ্যা ৪১১টি। এর আগে গত বছরের ১৬ জুন ১৩৬ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।

বিমানে ওঠার আগে নেগেটিভ, অবতরণের পর করোনা আক্রান্ত

0

দোহা থেকে একটি বিমানে যাত্রীরা অ্যাথেন্সে আসার পর করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার জেরে কাতারের সঙ্গে সব ধরনের বিমানের ফ্লাইট বাতিল করে দিয়েছে গ্রিস।

জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি বিমানে ৯১ জন যাত্রী গ্রিসে আসার পর পরীক্ষা করে ১২ জনই করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

গ্রিক সিভিল প্রটেকশন অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, মহামারি বিবেচনা করে কাতারের সঙ্গে সব ধরনের বিমান যাওয়া-আসা ১৫ জুন পর্যন্ত স্থগিত করা হলো।

তবে কাতার এয়ারওয়েজ বলছে, অ্যাথেন্সে অবতরণের আগে দোহা থেকে বিমানে তোলা সকল যাত্রী করোনা মুক্ত ছিল। ফ্লাইটের আগে সকল যাত্রীকে পরীক্ষা করেই তোলা হয়েছে।

কাতার বলছে, আক্রান্ত ১২ ব্যক্তি দোহায় করোনা সংক্রমিত হয়নি। এদিকে সিভিল প্রটেকশন অথরিটি বলছে, জাপান থেকে একজন গ্রিক নাগরিক এসেছে, অস্ট্রেলিয়া থেকে এসেছে দুজন গ্রিক নাগরিক এবং নয়জন পাকিস্তানি নাগরিক এসেছে গুজরাট থেকে; তাদের সবারই গ্রিসের পাসপোর্ট আছে। আক্রান্তদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা আছে।

যারা আক্রান্ত হয়নি, তাদেরও সাতদিনের জন্য কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তারপর তাদের পরীক্ষা করে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র : মিরর

মৃত্যু ৩০, শনাক্ত ২৮২৮

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন। এনিয়ে মোট মারা গেলেন ৮১১ জন। এছাড়া একই সময়ে আরও ২৮২৮ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬০,৩৯১ জন।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৫০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৪,৬৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং ১৪,০৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১২,৬৯৪টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ২,৪২৩ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৫৭,৫৬৩ জন। আর গতকাল আরও ৩৫ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ৭৮১ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ৫৭১ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১২,১৬১ জন।

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

অতিরিক্ত ভাড়া আদায় এবং বেশি যাত্রী উঠানো প্রতিশ্রুতি ভঙ্গের শামিল

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় এবং অর্ধেক আসনের বেশী যাত্রী উঠানো সংশ্লিষ্টদের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল ।

মন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবন থেকে আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি কর্তৃক অনলাইনে কভিড-১৯ বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে এ মন্তব্য করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির আহবায়ক অধ্যাপক হোসেন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আব্দুস সবুরসহ উপ-কমিটির নেতৃবৃন্দ।

ওবায়দুল কাদের বলেন, উন্নত বিশ্বের দেশগুলো অর্থনীতির শক্তভীত এবং স্বাস্থ্যখাতের সক্ষমতা নিয়েও করোনা ব্যবস্খাপনা ও চিকিৎসায় হিমশিম খাচ্ছে।

তিনি সকলকে মনে সাহস রাখার আহবান জানিয়ে বলেন, আক্রান্ত হলে চিকিৎসার পাশাপাশি মনোবল ধরে রাখতে হবে। মনের শক্তি এবং প্রতিরোধক্ষমতা বাড়লে রোগের শক্তি কমে যায়।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের অবনতিশীল পরিস্থিতিতে আক্রান্তদের সঠিক সেবা প্রদানের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরে মানুষের মধ্যে করোনা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি, পরিবার ও কর্মক্ষেত্রে সুরক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ জরুরি।

বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ঝুঁকি মুক্তভাবে কাজ-কর্ম চালিয়ে যাবার পাশাপাশি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকেও স্বেচ্ছাসেবীরা প্রশিক্ষণ দিতে পারবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

কাদের বলেন, দেশরত্ন শেখ হাসিনা আমাদের আশার বাতিঘর। তিনি সবার পাশে আছেন। তাঁর হাতকে শক্তিশালী করতে তিনি আওয়ামী লীগ নেতা-কর্মীদের সামাজিক দুরত্ব বজায় রেখে সমন্বয়ের মাধ্যমের মানুষের পাশে থাকার আহবান জানান।

উল্লেখ্য, দেশের স্বনামধন্য চিকিৎসকগণ ও অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ এ কোর্সে প্রশিক্ষণ দিচ্ছেন। এক’শ জন প্রশিক্ষনার্থী অংশ নিচ্ছেন চারদিনের এ প্রশিক্ষণে। পরবর্তীতে এ প্রশিক্ষণ বিভাগীয় পর্যায়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির।

করোনায় এবার ঢাকার চেয়ে চট্টগ্রামে মৃত্যু বেশি

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও জনের ৩০ মৃত্যু হয়েছে, যাদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১২ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ১১ জনও রয়েছেন এ মৃত্যুর তালিকায়।

আজ শুক্রবার দুপুরে দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টার ৩০ জন নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৮১১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২৮২৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৯১ জনে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন। মোট করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন। মোট করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের বিভাগভিত্তিক পরিসংখ্যান প্রকাশ করে তিনি জানান, ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, সিলেট বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে দুজন, বরিশাল বিভাগে একজন ও রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে পুরুষ ২৩ জন ও নারী সাতজন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ১৭ জন এবং বাড়িতে মারা গেছেন ১৩ জন।

৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে নাসিম, অস্ত্রোপচার সফল

0

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের পর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে অস্ত্রোপচারের পর ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে।

আজ শুক্রবার ভোরে স্ট্রোক করেন মোহাম্মদ নাসিম। পরে জরুরিভাবে তার অস্ত্রোপচার করা হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন।

এর আগে সোমবার সকালে করোনা উপসর্গ নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আলীবাবা-জ্যাক মা ফাউন্ডেশনের সুরক্ষা সামগ্রী দিল বিকাশ

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে করোনা প্রতিরোধ ও চিকিৎসায় চীনের আলীবাবা ফাউন্ডেশন এবং জ্যাক মা ফাউন্ডেশনের দেওয়া ৫০টি ভেন্টিলেটরসহ ডিটেকশন কিট, ইলেকট্রনিক লেজার থার্মোমিটার, মাস্ক, প্রটেকটিভ ক্লোদিং, ফেস শিল্ড, গ্লাভস এর মতো সাড়ে ছয় লাখ জরুরি স্বাস্থ্য সামগ্রী হস্তান্তর করেছে বিকাশ। উল্লেখ্য, চীনা জায়ান্ট আলীবাবা গ্রুপের অ্যাফিলিয়েট অ্যান্ট ফিনান্সিয়াল দেশীয় প্রতিষ্ঠান বিকাশের মালিকানার অন্যতম অংশীদার।

আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাঁর কার্যালয়ে মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর কাছে বিকাশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এসব জরুরি স্বাস্থ্য সামগ্রী হস্তান্তর করেন।

ক্রান্তিকালীন এই সময়ে এসব স্বাস্থ্যসামগ্রী জরুরী কাজে আসবে উল্লেখ করে সন্তুষ্টি প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় আরো উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.)।

বিশেষ এই পরিস্থিতিতে বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা এবং করোনা প্রতিরোধী কার্যক্রমকে আরো কার্যকরী করতে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এর উদ্যোগে এবং বিকাশের ব্যবস্থাপনায় মানবিক সহায়তা হিসেবে গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যসামগ্রী পাঠানো হয়েছে।

৫০টি ভেন্টিলেটরসহ এই তালিকায় রয়েছে ২০ হাজার কভিড-১৯ ডিটেকশন কিট, ৬০ হাজার কেএন-৯৫ মাস্ক, ৩ লাখ ফেস মাস্ক, ২ লাখ ইন্সেপেকশন্স গ্লাভস, ১৫ হাজার ফেস শিল্ড, ১৫ হাজার প্রটেক্টিভ ক্লোদিং, ৮০টি ইলেকট্রনিক লেজার থার্মোমিটার, ২০ হাজার নিউক্লিয়িক এসিড আইসোলেশন এবং ২০ হাজার স্যাম্পল প্রিজারভেশন সল্যুশন্স।

দেশে কভিড-১৯ আক্রান্ত গুরুতর শ্বাসকষ্টে ভোগা রোগীদের চিকিৎসায় অতি জরুরি ভেন্টিলেটরের চাহিদার প্রেক্ষাপটে আলীবাবার দেয়া এই ভেন্টিলেটরগুলো করোনা চিকিৎসা সেবাকে আরো ত্বরান্বিত এবং কার্যকরী করবে বলে আশাবাদ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, আমরা আনন্দিত বাংলাদেশের মানুষের জন্য আলীবাবা ফাউন্ডেশন এবং জ্যাক মা ফাউন্ডেশন এইসব স্বাস্থ্যসামগ্রী পাঠিয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বিনিয়োগের মাধ্যমে অংশগ্রহণই কেবল নয়, এদেশের মানুষের ভালো থাকাও নিয়েও জ্যাক মা এবং তাঁর প্রতিষ্ঠান দুটি সচেতন। তাই জরুরি মুহূর্তে তারা এই সহায়তা পাঠিয়েছেন।

ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন, বিশ্ব ব্যাংক গ্রুপের অর্ন্তগত ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়ালের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ, ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের অবস্থার অবনতি

0

করোনায় আক্রান্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতী হয়েছে। গত রাতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করার পর এখন তার অপারেশন চলছে। এমন পরিস্থিতিতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদ নাসিমের ব্যক্তিগত সহকারি ও বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন।

তিনি বলেন, করোনায় আক্রান্ত মোহাম্মদ নাসিম রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে হাসপাতালের আইসিইউতে তার স্ট্রোক হয়। এখন তিনি অপারেশন থিয়েটারে আছেন। সিএমএইচ এর অ্যাম্বুলেন্স এসেছিল। কিন্তু রোগীর অবস্থা খারাপ হওয়ায় নেয়া যায়নি। তাকে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালেই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে অপারেশন চলছে।

এর আগে, গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের।

বাজেট অধিবেশন: সংসদের কর্মকর্তা-কর্মচারীরা থাকবেন কোয়ারেন্টিনে

0

করোনা পরিস্থিতির কারণে সংসদের বাজেট অধিবেশনকে সামনে রেখে কঠোর সতর্কতা অবলম্বন করা হচ্ছে। অধিবেশনে স্বাস্থ্যবিধি শতভাগ অনুসরণের উদ্যোগ নেওয়া হয়েছে। যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের অধিবেশন চলাকালে পুরোটা সময় সংসদ সচিবালয়ের ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর অধিবেশনের আগে তাদের নমুনা পরীক্ষার মাধ্যমে করোনাভাইরাস নেগেটিভ প্রমাণিত হতে হবে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদ অধিবেশনে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ইতোমধ্যে সংসদ সচিবালয়ের ৯৩ জন কর্মকর্তা-কর্মচারীর করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী দু-একদিনের মধ্যে বাকিদেরও পরীক্ষা সম্পন্ন করা হবে। সংসদ ভবনের মেডিক্যাল সেন্টারের মাধ্যমে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। এই টেস্টে নেগেটিভ আসা কর্মকর্তা-কর্মচারীরা অধিবেশনে দায়িত্ব পালন করবেন। আর তারা যাতে করোনাভাইরাসে আক্রান্ত কোন ব্যক্তির সংস্পর্শে না যেতে পারে সে জন্যেই তাদের কোয়ারেন্টিন নিশ্চিত করা হবে।

সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা জানান, ঝুঁকি এড়াতে শারীরিকভাবে অসুস্থ ও বয়স্ক সংসদ সদস্যদের অধিবেশনে যোগ দিতে নিরুৎসাহিত করা হচ্ছে। রোস্টার করে তাঁদের অধিবেশনে যোগদান নিশ্চিত করা হবে। কোরাম পূর্ণ হওয়ার জন্য ৬০ জনের উপস্থিতি নিশ্চিত করা হবে। তবে উপস্থিতি যাতে কোনভাবেই তিন অংকে না পৌঁছায় সেদিকে সতর্ক থাকা হবে।

অধিবেশন কক্ষের আসন বিন্যাসও আগের মতো থাকছে না। সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীর আশপাশের বেশ কয়েকটি আসন ফাঁকা রাখা হবে। সংসদ সদস্যরা সকলেই পাশের আসন ফাঁকা রেখে বসবেন। অংশগ্রহণকারী সকলের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। আর সকলকে ডিসইনফেকশন চেম্বার দিয়ে প্রবেশ করতে হবে। মূল ভবনে প্রবেশের ক্ষেত্রে থার্মাল স্ক্যানারে তাপমাত্রা মেপে নিতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণের স্বার্থে প্রতিবছরের মতো এবার বাজেট অধিবেশনে সকলের প্রবেশের সুযোগ থাকছে না। রোস্টার সংসদ সদস্যরা অধিবেশনে অংশ নিবেন। অধিবেশনে দূরত্ব বজায় রেখে বসবেন। এছাড়া নির্ধারিত সংখ্যক কর্মকর্তা-কর্মচারী অধিবেশনে দায়িত্ব পালন করবেন। অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব থাকছে না। অধিবেশন খুবই সংক্ষিপ্ত হবে। অধিবেশনে বাজেট সংক্রান্ত বিলের বাইরে গুরুত্বপূর্ণ কোনো বিল পাসের সম্ভাবনা নেই।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে জানিয়ে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, বর্তমান প্রেক্ষাপটে যে কেউ আক্রান্ত হতে পারেন। তবে সংসদ সচিবালয়ের প্রস্তুতিতে কোনও ঘাটতি থাকছে না। করোনা নেগেটিভ নিশ্চিত হয়েই সংশ্লিষ্ট সকলে অধিবেশনে দায়িত্ব পালন করবেন। তারপরও যিনি ঝুঁকিপূর্ণ, তিনি অধিবেশনে যোগ দিবেন না বলে আমরা আশা করি।

উল্লেখ্য, আগামী ১১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব উত্থাপন করবেন। এর আগে ১০ জুন বিকেল ৫টায় চলতি সংসদের অষ্টম (বাজেট) অধিবেশন শুরু হবে। ওই দিন বিকেল ৪টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কর্মসূচী চূড়ান্ত হবে। তবে করোনা পরিস্থিতির কারণে এবারের অধিবেশন খুবই সংক্ষিপ্ত হবে। যা ৭ থেকে ১০ দিন চলতে পারে। এর আগে গত ১৮ এপ্রিল সংসদের সপ্তম অধিবেশন একদিনের জন্য বসেছিলো। নিয়মরক্ষার ওই অধিবেশনটি সোয়া ঘণ্টায় শেষ হয়। কিন্তু বাজেট অধিবেশনে তেমনটি করার সুযোগ নেই। কারণ প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শেষে ৩০ জুন তা পাসের রেওয়াজ রয়েছে।

জাতিসংঘের অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়

0

মর্যাদাপূর্ণ ‌”ইউনাইটেড ন্যাশন্স পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০” জয় করল বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমাকে একটি চিঠির মাধ্যমে এ পুরস্কারের কথা জানিয়েছেন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের (ডেসা) আন্ডার সেক্রেটারি-জেনারেল লিউ ঝেনমিন।

‘ই-মিউটেশন’উদ্যোগ বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে “স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি প্রতিষ্ঠানের বিকাশ” ক্যাটেগরিতে এই অ্যাওয়ার্ড অর্জন করল ভূমি মন্ত্রণালয়। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিকে লেখা চিঠিতে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল উল্লেখ করেন, “জনস্বার্থে সেবার ক্ষেত্রে মন্ত্রণালয়টির অসামান্য অর্জন শ্রেষ্ঠত্বের দাবিদার। আমার দৃঢ় বিশ্বাস, ভূমি মন্ত্রণালয়ের এই উদ্যোগ আপনার দেশে জনপ্রশাসনের উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে। প্রকৃতপক্ষে, এই কাজ জনসেবায় ব্রতী হতে অন্যান্যদেরকে অনুপ্রেরণা ও উৎসাহ যোগাবে।”

পুরস্কার জয়ের এই চিঠি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূত ফাতিমা বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এ ধরনের সাফল্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’বিনির্মাণের দূরদর্শী উদ্যোগেরই ফসল”।

অসামান্য এই অর্জনের জন্য ভূমি মন্ত্রণালয়কে অভিনন্দন জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

স্থানীয়, জাতীয় ও বৈশ্বিক সম্প্রদায়ের জন্য দেয়া সেবার গুণগত মান ও উৎকর্ষ উদযাপনের উদ্দেশ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ রেজুলেশন ৫৭/২৭৭ এর মাধ্যমে ২৩ জুনকে ‘জাতিসংঘ পাবলিক সার্ভিস দিবস’হিসেবে ঘোষণা করে। প্রতিবছর ২৩ জুন, যথাযোগ্য আনুষ্ঠানিকতার সাথে জাতিসংঘ দিবসটি উদযাপন করা হয়। এ সময় বিশ্বজুড়ে সরকারি খাতে নেয়া বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগসমূহকে পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেয়া হয়।

বিশ্বব্যাপী কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে জাতিসংঘ এবারের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান স্থগিত করেছে। তবে জাতিসংঘ এর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নমুখী প্রচার কার্যক্রমের মাধ্যমে এই পুরস্কার বিজয়ের বিষয়টি তুলে ধরার পরিকল্পনা গ্রহণ করেছে।